থিয়েটার উৎসব-২০০৪ সম্মাননা, মুক্তি ও অন্যান্য প্রযোজনায় সমুজ্জ্বল

উদ্বোধন ও সম্মাননা পর্ব

থিয়েটার উৎসব বরাবরই ঢাকার নাট্যামোদীদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় বিষয়। নাটকের উৎসব তো হরহামেশাই হয়, তবে থিয়েটার গোষ্ঠী আয়োজিত থিয়েটার উৎসব অন্য সব উৎসব থেকে অবশ্যই কিছুটা আলাদা এবং বিশিষ্ট। আমরা স্মরণ করতে পারি ভারতের মধ্যপ্রদেশের পদ্মশ্রী তীজন বাঈয়ের অসাধারণ ছত্তিশগড়ি একক পারফরমেন্স পাণ্ডবাণীর কথা কিংবা কলকাতার নাট্যদল নান্দীকারের শিল্পী গৌতম হালদারের একক অভিনীত কাব্যনাটক মেঘনাদবধ কাব্যের অভিনব পারফরমেন্সের কথা কিংবা কলকাতার থিয়েটার ওয়ার্কশপের বেলা-অবেলার গল্প, আলীবাবা প্রভৃতি নাটকের কথা, যা বিভিন্ন সময়ে ‘থিয়েটার উৎসবে’ প্রদর্শিত হয়েছে। আমাদের নাট্যদর্শনের ভাণ্ডার-সমৃদ্ধিতে থিয়েটারের অবদান অনস্বীকার্য। গত কয়েক বছর ধরে থিয়েটার তাদের উৎসব-আয়োজনে যুক্ত করেছে নতুন একটি বিষয়। থিয়েটার উৎসবের আয়োজন করা হয় এদেশের আধুনিক নাট্যচর্চার পথিকৃৎ পুরুষ মুনীর চৌধুরীর জন্মদিন-উপলক্ষে। ১৯৮৯ সাল থেকে থিয়েটার মুনীর চৌধুরী সম্মাননা প্রদান করে আসছে নিয়মিতভাবে। নাটকের ক্ষেত্রে এদেশে বেসরকারিভাবে যতগুলো পদক, সম্মাননা বা পুরস্কার চালু রয়েছে মুনীর চৌধুরী সম্মাননা সেসবের শ্রেষ্ঠতম। এ বছর মুনীর চৌধুরী সম্মাননায় ভূষিত হয়েছেন বিশিষ্ট নাট্যজন আলী যাকের। থিয়েটার গত আট বছর যাবৎ চালু করেছে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক। মুনীর চৌধুরী সম্মাননা যেমন একজন বিশিষ্ট প্রবীণ নাট্যজনকে প্রদান করা হয় তাঁর সুদীর্ঘ নাট্যজীবনের সামগ্রিক অবদানের জন্যে, তেমনি মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক জোটে অপেক্ষাকৃত তরুণ নাট্যজনদের ভাগ্যে, যারা ইতোমধ্যেই তাদের নাট্যকর্মের দ্বারা বিশিষ্ট একটি অবস্থান করে নিতে পেরেছেন আমাদের নাট্যাঙ্গনে। এবারে জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন মাসুম রেজা।

২৭ নভেম্বর ২০০৪ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় কৃতী দুনাট্যজনের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক ও অর্থ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক সরদার ফজলুল করিম। অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে ‘আঙ্গিকে বৈচিত্র্য’ শীর্ষক থিয়েটার উৎসবের উদ্বোধন করতে গিয়ে সরদার ফজলুল করিম তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে মানবিক মূল্যবোধের পরিচর্যায় নাটকের বিশিষ্ট অবদানের কথা তুলে ধরেন। রামেন্দু মজুমদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতির ভাষণের মাধ্যমে।

মুক্তি আলোয় আলোয়

উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় থিয়েটারের নতুন নাটক মুক্তি। মার্কিন নাট্যকার লি ব্লেসিংয়ের ইনডিপেনডেন্স নাটকের ভাবানুবাদ করেছেন মিজারুল কায়েস। নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। মুক্তি নাটকের মাধ্যমে নির্দেশক হিসেবে অভিষিক্ত হলেন ত্রপা মজুমদার। সম্ভবত ওই সন্ধ্যাই মুক্তি নাটকেরও উদ্বোধনী মঞ্চায়ন-সন্ধ্যা।

মুক্তি নাটকের আখ্যানে উপস্থাপিত হয়েছে তিন কন্যা ও তাদের মায়ের কাহিনী। প্রতিটি চরিত্রের মাঝে মনস্তাত্ত্বিক টানাপোড়েনই এই নাটকের প্রধান উপজীব্য। বড়মেয়ে মায়ের সঙ্গে থাকে না। দূরে একাকী থাকে সে। সেও মায়ের কারণেই। চার বছর পর সে বাড়ি ফিরেছে মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ মা ও দুবোনকে দেখতে। বড়বোন রজনীর বাড়ি ফেরার মধ্য দিয়ে শুরু হয় নাটক। বাড়ি ফেরার পরপরই পারস্পরিক কুশল-বিনিময়ের কথকতার মধ্য দিয়ে আবার শুরু হয়ে যায় পুরানো টানাপোড়েন। মায়ের সঙ্গে মেয়েদের দ্বন্দ্ব, বোনদের নিজেদের মাঝে দ্বন্দ্বের মধ্য দিয়ে নাটক এগিয়ে যায়। মেজো বোন দামিনীই তার মায়ের সেবাযত্ন করে। দামিনী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মায়ের মনে হতে থাকে সে বিয়ে করে স্বামীর বাড়ি চলে যাবে। এ নিয়ে মা ও মেয়ের মাঝে সম্পর্কের অবনতি ঘটে। অনুবাদ নাটক কিংবা ভাবানুবাদ নাটকের কনটেকস্ট আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে সবসময়ে সংগতি রাখতে পারে না। পাশ্চাত্যে যেটি খুব স্বাভাবিক ঘটনা, আমাদের এখানে সেটি অকল্পনীয়ও হতে পারে। যে-দামিনীকে আমরা দেখি রবীন্দ্রনাথের গান গুনগুনিয়ে গাইতে, তার মাঝে নিশ্চয়ই আমরা বাঙালি সহজাত নারীর মননই খুঁজতে যাবো, সেটিই স্বাভাবিক। কিন্তু দামিনী অন্তঃসত্ত্বা হওয়ার পর সে-ঘটনা নিয়ে কোনো টেনশন তৈরি না হয়ে দামিনী বিয়ে করে এ বাড়ি ছেড়ে চলে যাবে Ñ এই ভাবনার মধ্যে নাটকীয়তা-তৈরি কতটা যৌক্তিক, অন্তত আমাদের এই দেশে, আমাদের এই সমাজে সেটি ভাববার বিষয়। ভাবানুবাদক মিজারুল কায়েস কি বিষয়টি নিয়ে একটু ভেবে দেখবেন?

মুক্তি নাটকের কাহিনী-উপস্থাপনের মাঝে সহজিয়া একটি ভঙ্গি রয়েছে। সংলাপ সরলরৈখিক অথচ দারুণ দ্যোতনা রয়েছে। প্রতিটি চরিত্রের মুখের সংলাপ যেন সত্যিকারের কথা হয়ে উঠেছে। শুরু থেকে শেষ পর্যন্ত নাটকের মাঝে এক ধরনের গতি দেখতে পাই, যা দর্শককে ভালো লাগার অনুভূতিতে স্পন্দিত করে। কখনোই ছন্দপতন ঘটে না। নাটক তা যেমনই হোক, পুরো নাটক যদি ছন্দপতন ছাড়া এগিয়ে যায় তবেই সে-নাটক সার্থক। মুক্তি সে-অর্থে অবশ্যই সার্থক নাটক। আর নাটকে এই ছন্দ-বাঁধনের কাজটি যিনি করেন তিনি আর কেউ নন, তিনি নির্দেশক। মুক্তি নাটকের নির্দেশক ত্রপা মজুমদার তার প্রথম নাটকেই সেই সাফল্য দেখাতে সক্ষম হয়েছেন।

মুক্তি নাটকের পাণ্ডুলিপি পড়া না থাকার ফলে বিশদ আলোচনায় যাওয়া গেল না। তবে নাটকের দেহে-মনে যতটা দেখতে পাই সেখানে মুক্তির আকাক্সক্ষাটা খুব প্রবলভাবে ধরা দেয়নি একমাত্র দামিনীর চরিত্র ছাড়া। রজনী যে মুক্তি চায় সেটি আসলে দায়িত্ব এড়ানোর নামান্তর। আর ছোটবোন সোহিনীর মুক্তি চাওয়াটা অনেকটা ফ্যান্টাসির মতোই। ফলে দুয়ের মাঝে পড়ে মুক্তির ধারাটিই যেন কিছুটা দুর্বল হয়ে পড়েছে।

নাট্যনির্মাণে ত্রপা মজুমদার বেশ সতর্ক ছিলেন, যে-কারণে সাবলীল ভঙ্গিতে বিন্যস্ত হয়েছে নাটকটি। নাটকের শুরু এবং আরো দু-একটি জায়গায় নির্দেশক তিন মেয়ের কাল্পনিক (ছায়া) সত্তা উপস্থাপন করেছেন সাদা পোশাকে আবৃতা তিন কন্যার কোরিওগ্রাফির মাধ্যমে। নাট্যনির্মাণের পুরোটা রাস্তায় এই একটি বিষয়ই যেন নাটকের শরীরে একটুখানি মেদ হয়ে দেখা দিয়েছে। ছায়াসত্তার এই ধরনের উপস্থাপন এতটাই পরিচিত যে, ত্রপা মজুমদারের মতো গুণী মানুষের কাছ থেকে তা পেয়ে আমাদের মন তৃপ্ত হতে চায় না। নতুন কোনো মাত্রায় বিষয়টি উপস্থাপন করবার কৌশল তিনি ইচ্ছে করলেই আমাদের উপহার দিতে পারবেন বলে আমাদের বিশ্বাস।

ফেরদৌসী মজুমদারের মতো শিল্পীকে যে শারীরিক কোনো সমস্যা ব্যাহত করতে পারে না তার প্রমাণ তিনি আরো একবার রাখলেন মুক্তি নাটকে। সুদক্ষ অভিনয়-কৌশলে দর্শকদের সম্মোহন করে রাখলেন প্রায় দেড়-পৌনে দুঘণ্টা। সোহিনী-চরিত্রে তানভীন সুইটির অভিনয় বেশ সাবলীল। দামিনী-চরিত্রে তানজুম আর পল্লীর অভিনয়-      নিস্তরঙ্গতার আবরণে প্রবল স্রোতস্বিনী জলধারার মতো। রজনী-চরিত্রে তামান্না ইসলামকে আরো সচেতন হতে হবে। পুনঃপুনঃ ব্যবহারে ছোটখাট চারিত্রিক অভিব্যক্তিগুলো ক্লিশে হয়ে ওঠে। ক্যারেকটারের পারসোনালিটি দাঁড় করানো না গেলে অভিনয় স্টেরিও টাইপড       হয়ে পড়ে।

প্রথমেই বলার চেষ্টা করেছি মুক্তি একটি সহজ-সরল নাটক। সহজ-সরলের মাঝে যে-সৌন্দর্য থাকে তা অত্যন্ত গভীরভাবে আমাদেরকে স্পর্শ করে যায়। এ-নাটকের মঞ্চ, আলো কিংবা সংগীত নিয়ে আলাদাভাবে বলবার প্রয়োজন হয় না। নির্দেশক যে-সহজিয়া তাল-লয়-ছন্দে নাটকটি বাঁধবার চেষ্টা করেছেন, অন্যরা তাকে সুন্দরভাবে সংগত করেছেন। কারো কোনো বাড়াবাড়ি নেই। চমৎকার সমন্বয়ই সার্থক শিল্পসৃষ্টির অন্যতম শর্ত। সে-শর্ত পূরণ হয়েছে মুক্তি নাটকে।

অন্য আলোয় অন্যান্য

থিয়েটার উৎসবে আমন্ত্রিত হয়ে অন্য যারা নাটক করেছে, তারা হলো আরণ্যক নাট্যদল, ঢাকা থিয়েটার, পদাতিক নাট্য সংসদ, উত্তরাধিকার (চট্টগ্রাম) ও নাগরিক নাট্য সম্প্রদায়। উৎসবের শেষ দিনেও ছিল থিয়েটারের নাটক। শেষ দিন অর্থাৎ ৩ ডিসেম্বর মঞ্চায়িত হয় রামেন্দু মজুমদারের নির্দেশনায় মাধবী। ‘আঙ্গিকে বৈচিত্র্য’ শীর্ষক এ নাট্য-উৎসবে যে-নাটকগুলো মঞ্চস্থ হয়েছে তার সবগুলোই যে আঙ্গিক বৈচিত্র্যের কারণে সমাদৃত তা নয়। আঙ্গিকে বৈচিত্র্য না থাকলেও ভালো নাটক হিসেবে সমাদর রয়েছে।

উৎসবের দ্বিতীয় দিন মঞ্চস্থ হয় মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় রাঢ়াঙ। ২০০০ সালে নওগাঁয় আলফ্রেড সরেনের নেতৃত্বে সাঁওতালদের ভূমির জন্যে লড়াই এবং সরেনের আত্মত্যাগের কাহিনী উঠে এসেছে এ নাটকে। নাট্যকার মামুনুর রশীদ এ নাটকের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দেন বিভিন্ন আন্দোলনে বীর সাঁওতালদের বীরত্বের কথা। বিশাল সংখ্যক অভিনয়-শিল্পীর সমন্বয়ে রাঢ়ঙের টিমস্পিরিট লক্ষ করার মতো।

উৎসবের তৃতীয় দিনে মঞ্চস্থ হয় সেলিম আল দীনের রচনায় ও নাসিরউদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকা থিয়েটারের নাটক প্রাচ্য। সেলিম আল দীন ও নাসিরউদ্দীন ইউসুফের নাটকে সবসময়েই যেটি থাকে তাহলো বাঙালির শিল্পরীতিতে এপিকের সন্ধান করা। সাপের কামড় এবং সাপ-সন্ধানের মধ্য দিয়ে কাহিনী পরিসমাপ্তির দিকে এগোয়। আপাতদৃষ্টিতে যা অত্যন্ত মামুলি, তার মাঝে বৃহত্তর কিছুর সন্ধান আমরা দেখতে পাই এই নাটকে। তাই মহাকাব্যিক উপাখ্যানের মুখোমুখি দাঁড়িয়ে যায় প্রাচ্য।

উৎসবের তৃতীয় দিন মঞ্চস্থ হয় মাসুম রেজার রচনায় এবং শামসুল আলম বকুলের নির্দেশনায় পদাতিক নাট্য সংসদের নাটক জলবালিকা। যুগ যুগ ধরে চলে-আসা নারীর প্রতি পুরুষের বৈষম্যমূলক আচরণের কথা নতুন করে নতুনভাবে তুলে ধরা হয় এই নাটকে। যে-মেয়ের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখে বাবা জয় বাউল, যাকে নারী নয় মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সমাজের বিপরীত স্রোতে দাঁড়ায় একা, সেই বাবাই চূড়ান্ত জন্ম-মৃত্যুর প্রশ্নে প্রচণ্ডভাবে পুরুষতান্ত্রিক হয়ে ওঠে। মেয়েকে বিসর্জন দেয় বানের জলে। জলবালিকা নাটকে আলোক, মঞ্চ, সংগীত ও কোরিওগ্রাফি পরিকল্পনা করেছেন যথাক্রমে নাসিরুল হক খোকন, সেলিম শামসুল হুদা চৌধুরী, নাসির উদ্দিন শেখ ও রুবায়েদ হোসেন।

উৎসবের চতুর্থ দিনে উত্তরাধিকার, চট্টগ্রাম মঞ্চায়িত করে সাম্পাননাইয়া। আমিনুর রহমান মুকুলের রচনা ও মোসলেম উদ্দিন সিকদারের নির্দেশনায় এ নাটকটি ঢাকার দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। চট্টগ্রামের উপকূল-অঞ্চলের জেলেদের জীবন-জীবিকা উপজীব্য করে এ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। জেলেদের জীবনের স্বপ্ন, সংঘাত, সংগ্রাম নাটকীয় কাব্যময়তায় উপস্থাপিত হয়েছে এ নাটকে। সাম্পাননাইয়া নাটকটি দেশজ বাংলা নাটকের আঙ্গিকে নির্মিত হয়েছে। এ নাটকের আলো, মঞ্চ ও কোরিওগ্রাফি বেশ চমকপ্রদ। কাজগুলো করেছেন অসীম দাস, আমিনুর রহমান মুকুল ও নির্দেশক মোসলেম উদ্দিন সিকদার।

পঞ্চম দিনে মঞ্চস্থ হয় নাগরিক নাট্য সম্প্রদায়ের রক্তকরবী। রবীন্দ্রনাথের এ নাটকটির নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। রবীন্দ্রনাথের এ রূপক নাটকটি বক্তব্যের তীক্ষèতার কারণে সকল কালের দর্শকের জন্য সমান আগ্রহের।

উৎসবের সমাপ্তি ঘটে থিয়েটারের নাটক মাধবীর মাধ্যমে। মহাভারতের কাহিনী অবলম্বনে মূল নাটকটি রচনা করেছেন ভীসম সাহানী। বাংলায় অনুবাদ করেছেন আশীষ গোস্বামী। আর নির্দেশনা দিয়েছেন রামেন্দু মজুমদার। থিয়েটার উৎসব শীত-মৌসুমের শুরুতে নাট্যামোদী মহলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে মুনীর চৌধুরী, জাকারিয়া স্মৃতিপদক প্রদানের জন্য এবং অনেকগুলো ভালো নাটক একসঙ্গে দর্শকদের সামনে উপস্থাপন করবার জন্য। থিয়েটারের জয় হোক।