বিভাগপূর্ব বাংলায় ঢাকাকেন্দ্রিক থিয়েটারচর্চা

বাঙালির নাট্যচর্চার ইতিহাস যেমন বিচিত্র তেমনি প্রাচীন। চর্যাপদেই নাটক ও অভিনয়ের তথ্য মেলে। তার থেকে বলা যায়, বাংলার নাট্যচর্চার ইতিহাস হাজার বছরের পুরানো। এই ইতিহাস একটি বিতর্ককে উসকে দেয়। বিতর্কটি হলো, বাঙালি কি কাব্যচর্চার পূর্বেই নাট্যচর্চায় আগ্রহী হয়? আপাতত এই বিতর্কের প্রসঙ্গ মুলতুবি থাক। আমরা আসি বাঙালির আধুনিককালের নাট্যচর্চার প্রসঙ্গে। বলাবাহুল্য, এই চর্চা কলকাতাকেন্দ্রিক।

কলকাতাকে ইংরেজরা তাদের প্রধান কর্মস্থলে পরিণত করে পলাশীর যুদ্ধের আগেই। কর্মদিবসের অবসানে তারা মনোরঞ্জনের উপকরণ খুঁজতে গিয়ে নাট্যাভিনয়ের ব্যবস্থা করে। ১৭৫৩ খ্রিষ্টাব্দেই তাদের উদ্যোগে স্থাপিত হয় প্রথম বিদেশী রঙ্গালয় ‘ওল্ড প্লে হাউস’। কলকাতার লালবাজারেই এই রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়। তারপর কলকাতার বিভিন্ন অঞ্চলে ইংরেজরা আরো বেশকিছু রঙ্গালয় স্থাপন করে। অবশ্য ওইসব রঙ্গালয়ে অভিনীত হতো ইংরেজি নাটক এবং এইসব নাটকের অভিনয়ের কুশীলব ছিলেন ইংরেজ নট-নটী।

ইংরেজদের দেখাদেখি কলকাতার ধনীগৃহে বঙ্গসন্তানদের আগ্রহে একের পর এক প্রতিষ্ঠিত হয়েছে রঙ্গালয়। এইসব রঙ্গালয়ের চাহিদাপূরণের জন্য নাটক-রচনার আগ্রহ প্রবল হওয়ায় আবির্ভাব ঘটে নাট্যকারদের, যাঁদের তালিকায় আছেন রাম নারায়ণ তর্করত্ন, মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র প্রমুখ নাট্যব্যক্তিত্ব।

উনিশ-শতকের দ্বিতীয়ার্ধের শুরুতে মৌলিক নাটক-রচনার শুরুর অব্যবহিত পূর্বে রচিত হয় বেশকিছু অনুবাদ নাটক। মূলত উইলিয়াম শেক্সপিয়র এবং কালিদাস Ñ এই দুই নাট্যকারের নাট্যরচনার অনুবাদের প্রতিই অনুবাদকদের নজর পড়ে। এইসব অনুবাদ নাটকের মধ্য দিয়ে নাটক-রচনার আদর্শ রচিত হয়। বিদ্যায়তনগুলোতেও ইংরেজি নাটক পঠন-পাঠনের ফলে ইংরেজি নাট্যসাহিত্য সম্পর্কে তীব্র কৌতূহল তৈরি হয়। কলকাতার বিভিন্ন ধনীগৃহের পৃষ্ঠপোষকতায় শৌখিন রঙ্গালয়-প্রতিষ্ঠা এবং সেই সঙ্গে বাঙালি নাট্যকারদের আবির্ভাব ওই কৌতূহলেরই ফল।

১৮৭২ খ্রিষ্টাব্দে কলকাতায় স্থাপিত হয় প্রথম পেশাদারি রঙ্গালয়। তার নাম ন্যাশান্যাল থিয়েটার। এই রঙ্গালয়ের দেখাদেখি কলকাতার বিডন স্ট্রিট এলাকায় প্রতিষ্ঠিত হতে থাকে আরো পেশাদারি রঙ্গালয়। এইসব রঙ্গালয়ের জন্যে লেখা হলো অসংখ্য নাটক। আবির্ভাব ঘটল নতুন নাট্যকারদের, যাঁদের তালিকায় উল্লেখযোগ্য নাম গিরিশচন্দ্র ঘোষ, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অমৃতলাল বসু, রাজকৃষ্ণ রায়, অমরেন্দ্রনাথ দত্ত প্রমুখ।

কলকাতা ব্রিটিশ-ভারতের রাজধানী হওয়ায় শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মূলকেন্দ্রে পরিণত হয়। তাতে নাট্যচর্চার যাবতীয় বাধা দূরীভূত হয়। বাঙালির আবহমানকালের ইতিহাস, ধর্ম, পুরাণ, আচার ও জীবনাদর্শের নাট্যরূপ বাংলা রঙ্গালয়ের অভিনয়-তালিকাপুষ্ট করে তোলে।

কলকাতা যখন নিত্যনবীন নাট্যঅর্ঘ্য সাজিয়ে জন-মনোরঞ্জনের বিপুল ব্যবস্থাপনায় ব্যস্ত, তখন পূর্ববাংলার তথা ঢাকার নাট্যচর্চার ইতিহাস সম্পর্কে কৌতূহল জাগে স্বাভাবিক কারণেই।

উনিশ-শতকে যখন কলকাতা ‘কল্লোলিনী তিলোত্তমা’, তখন ঢাকা নিতান্তই মফঃস্বল শহর। তৎকালীন পূর্ববাংলার প্রাকৃতিক পরিবেশও তদ্রƒপ। কিন্তু শিক্ষা ও সংস্কৃতির চর্চা পূর্ববাংলার মানুষ অবহেলা করেননি। পূর্ববাংলায় নাট্যচর্চার আদি ইতিহাস হাতড়ালে দেখা যাবে, ঢাকা নয় বরিশালেই প্রথম নাট্যচর্চা শুরু হয় ১৮৫৫ খ্রিষ্টাব্দে। তখন সেখানে সরকারি চিকিৎসালয়ের ডাক্তার ছিলেন ডা: দুর্গাদাস কর। তাঁর সুযোগ্য চিকিৎসক-সন্তানের নাম ডা: রাধাগোবিন্দ কর, যাঁর নামে কলকাতার একটি হাসপাতালের নাম আর জি কর হাসপাতাল। রাধাগোবিন্দ নিজে ছিলেন একজন নাট্যানুরাগী এবং অভিনেতা। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ছিলেন তাঁর বন্ধু। তাছাড়া রাধাগোবিন্দের মধ্যম ভ্রাতা রাধামাধব কর ছিলেন নট, নাট্যকার ও নাট্যনির্দেশক। দুর্গাদাস কর বরিশালে অবস্থানকালে একটি নাটক লেখেন। তার নাম স্বর্ণশৃঙ্খল। এটি একখানি ভক্তিরসাত্মক পৌরাণিক নাটক। পঞ্চাঙ্ক এই নাটকের বিষয় আহৃত হয়েছে মহাভারতের কাহিনী থেকে। দ্রৌপদীর বস্ত্রহরণের কাহিনী নিয়ে রচিত স্বর্ণশৃঙ্খল নাটকটি প্রথম বরিশালে মঞ্চস্থ হয় ১৮৫৫ খ্রিষ্টাব্দে। ঘটনাটি নানা কারণে কৌতূহলোদ্দীপক। তখনো ঢাকায় রঙ্গালয় স্থাপিত হয়নি।

স্বর্ণশৃঙ্খল নাটকটি ঢাকায় প্রকাশিত হয় ১৮৬৩ খ্রিষ্টাব্দে। নাটকটির অভিনয়-সংবাদ পরিবেশিত হয়েছে প্রকাশকের বিজ্ঞাপনে। স্বর্ণশৃঙ্খল নাটকের অভিনয়ের দুই বছর পরে ঢাকায় প্রতিষ্ঠিত হয় ইংরেজি রঙ্গালয়। এখানে অভিনীত হয় ইংরেজি নাটক। সেইদিক থেকে বলা যায়, ঢাকায় নাট্যচর্চার ইতিহাস শুরু হয়েছে ১৮৫৭ খ্রিষ্টাব্দেই। ঢাকা এবং পূর্ববাংলার অন্যত্র তখন ব্যাপকভাবে প্রচলিত ছিল লোকনাট্যের অভিনয়। যাত্রা, পাঁচালি প্রভৃতি ছিল জনসমাদৃত। এই পরিবেশে ইংরেজি নাট্যাভিনয় জনমনে তোলে সুগভীর আলোড়ন। ঢাকার সঙ্গে জড়িয়ে আছে একটি নাম দীনবন্ধু মিত্র। তিনি বাংলা সাহিত্যের বিশ্রুতকীর্তি নাট্যকার। তিনি ডাকবিভাগের উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন। ঢাকায় যখন ইংরেজরা রঙ্গালয় স্থাপন করে অভিনয়ের আসর বসানো নিয়ে     ব্যস্ত, তার কিছু পরে সেখানে বদলি হন দীনবন্ধু মিত্র। নীলকর সাহেবদের অত্যাচারের কথা তখন তিনি অবগত ছিলেন। ঢাকায় বসেই তিনি রচনা করেন নীলদর্পণ নাটক।

দীনবন্ধু যখন ঢাকায় নীলদর্পণ লিখছেন, তখন পূর্বোক্ত ডাক্তার-নাট্যকার দুর্গাদাস কর ঢাকায় বদলি হন। তার স্বনামধন্য অভিনেতা-পুত্র রাধামাধব কর তাঁর আত্মকথায় (দ্র: পুরাতন প্রসঙ্গ, বিপিন বিহারী গুপ্ত সম্পাদিত) লিখেছেন, ‘দীনবন্ধু মিত্র তখন ঢাকায় ডাকঘরের ইন্স্পেক্টর, আমার পিতাঠাকুর ছিলেন সরকারী ডাক্তার; এ. সিম্পসন ছিলেন সিবিল সার্জন; তারকনাথ ঘোষ ছিলেন সদরালা; ভোলানাথ পাল, ঢাকা কলেজের অন্যতম শিক্ষক। দীনবন্ধু বাবুর সঙ্গে বাবার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। ঢাকার একটি ছাপাখানায় নীলদর্পণ মুদ্রিত হইতেছিল। প্রত্যহ রাত্রি ৯/১০টার সময় দীনবন্ধুবাবু আমাদের বাসায় আসিতেন; বাবা তাঁহাকে লইয়া নিজের শয়ন ঘরের দ্বার রুদ্ধ করিয়া দিয়া দুজনে নীলদর্পণের প্রুফ সংশোধন করিতেন।’

নীলদর্পণ ঢাকার মঞ্চে প্রথম অভিনীত হয় ১৮৬১ খ্রিষ্টাব্দে। অভিনয়ের আয়োজনে ছিল পূর্ববঙ্গ রঙ্গভূমি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, ‘পূর্ববঙ্গ রঙ্গভূমি’র প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দীনবন্ধুর। ঢাকার ইতিহাসে পূর্ববঙ্গ রঙ্গভূমি তাই যুগান্তকারী ঘটনা। এইপ্রথম এখানে বাঙালির নাট্যসাধনার ভিত্তি স্থাপিত হয়েছে। পূর্ববঙ্গ রঙ্গভূমি প্রতিষ্ঠিত হয় উনিশ-শতকের ষাটের দশকের শুরুতে। তার বছর দশেক পরে স্থাপিত হয় ঢাকায় আরেকটি নাট্যালয়। তার নাম পূর্ববঙ্গ নাট্যসমাজ। ইংরেজিতে একে বলা হতো ইস্টবেঙ্গল ড্রামাটিক হল। পূর্ববঙ্গ তথা ঢাকায় নাট্যাভিনয়ের ব্যাপারে প্রাথমিক উদ্যোগের যাবতীয় দায় পালন করেছে ওইসব নাট্যপ্রতিষ্ঠান। তার ফলে ঢাকা ও তৎসন্নিহিত অঞ্চলে গড়ে উঠেছে আরো বহুতর নাট্যপ্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানের যেসব নাম মেলে, সেগুলো হলো Ñ প্রাইড অব বেঙ্গল থিয়েটার, নবাবপুর এমেটিয়ার থিয়েটার কোম্পানি, তাঁতিবাজার এ্যামেচার থিয়েটার, নবাবপুর ইলিশিয়াম থিয়েটার, সনাতন নাট্যসমাজ, ক্রাউন থিয়েটার প্রভৃতি। ক্রাউন থিয়েটার স্থাপিত হয় পূর্ববঙ্গ রঙ্গভূমির প্রেক্ষাগৃহটি ভেঙে ফেলে। এই সমস্ত থিয়েটার প্রতিষ্ঠিত হয় উনিশ-শতকের শেষার্ধে। বিশ-শতকের শুরুতে ঢাকায় স্থাপিত হয় একটি রঙ্গালয়। তার নাম লায়ন থিয়েটার। এর দেখাদেখি পূর্ববঙ্গের নানা স্থানে গড়ে ওঠে রঙ্গালয়। পাবনা, টাঙ্গাইল, বিক্রমপুর, নেত্রকোনা, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর, বগুড়া, যশোর, ময়মনসিংহ, রংপুর, ফরিদপুর, চট্টগ্রামের শহরে-গ্রামে গড়ে ওঠে বিদেশী রঙ্গালয়ের আদলে নাট্যপ্রতিষ্ঠান। ঢাকার রঙ্গালয়ে পেশাদারিভাবে টিকিট বেচে নাট্যাভিনয়ের ব্যবস্থা গৃহীত হয়। অবশ্য এই ব্যবস্থাগ্রহণ ছিল সাময়িক কালের জন্য।

সুপ্রসিদ্ধ নট ও নাট্যকার তুলসী লাহিড়ীর বাড়ি ছিল রংপুরে। সেখানকার রংপুর ইনস্টিটিউট ক্লাবে ছিল ড্রামাটিক সেকশন। এখানেই তুলসীর অভিনয়-জীবনের হাতেখড়ি। শৌখিন নাট্যশিক্ষক তারাপ্রসন্ন সান্যাল ছিলেন তুলসীর উৎসাহদাতা। রংপুর ইনস্টিটিউটের ড্রামাটিক ক্লাবের প্রযোজনায় অভিনীত হয় নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের পরপারে নাটক। এই নাটকের ভবানীপ্রসাদের ভূমিকায় অবতীর্ণ হন তুলসী লাহিড়ী। এখানে অভিনীত হয়েছে বরদাপ্রসন্ন দাশগুপ্তের মিশর

কুমারী, শরৎচন্দ্রের দত্তা উপন্যাসের নাট্যরূপ, রবীন্দ্রনাথের চিরকুমার সভা প্রভৃতি।

ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন বিখ্যাত নট ও নাট্যসংগঠক মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্য। তিনি জ্ঞান হওয়ার পর থেকে দেখতে থাকেন তাঁর গ্রামে এবং অন্যত্র নাট্যাভিনয়ের প্রবল উৎসাহ। বিক্রমপুরের কামারখাড়া গ্রামের সন্তান ছিলেন মনোরঞ্জন। তাঁর গ্রামে ১৮৯৬ খ্রিষ্টাব্দে স্থাপিত হয় একটি রঙ্গমঞ্চ। তার নাম নেপচুন থিয়েটার। থিয়েটারটিকে ভেঙে আরেকটি থিয়েটার স্থাপিত হলে তার নাম দেওয়া হয় শ্যামসুন্দর পার্টি। মনোরঞ্জন তাঁর বাল্যবয়সে ওইসব থিয়েটারে নানা নাটকের অভিনয় দেখেছিলেন। বয়স বাড়তেই তিনি অভিনয় শুরু করেন। মনোরঞ্জনের শুভানুধ্যায়ী ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক যোগেন্দ্রনাথ গুপ্ত। তিনি তাঁর মনোরঞ্জনের স্মৃতিকথা রচনায় মনোরঞ্জনের অভিনয়-জীবনের বর্ণনা-প্রসঙ্গে লিখেছেন, ‘তখন মূলচরে নাট্যসমাজ সুপ্রতিষ্ঠিত। আমরা স্থির করিলাম Ñ আনন্দমঠ অভিনয় করব। আমি নাট্যরূপ দিলাম। মনোরঞ্জন পরম আগ্রহের সঙ্গে এই অভিনয়ে যোগদান করে। আমার মনে পড়ে ১৯০৭-১৯০৮ সালে (বাংলা ১৩১৪-১৩১৫) বৈশাখ মাসের শেষ সপ্তাহে এই অভিনয় হয়। মনোরঞ্জন জীবানন্দের ভূমিকা গ্রহণ করে। … মনোরঞ্জনের এই প্রথম অভিনয়। সন্ধ্যা, ঢাকা প্রকাশ প্রভৃতি কাগজে এ-অভিনয়ের বিষয় ছাপা হয়েছিল।’ মূলচরের ওই রঙ্গমঞ্চে অভিনীত হয় রবীন্দ্রনাথের রাজা ও রানী নাটক। এই অভিনয়ে মনোরঞ্জনের ছিল কুমার সেনের ভূমিকা।

মনোরঞ্জনের গ্রাম কামারখাড়ায় একটি রঙ্গালয় স্থাপিত হয় ১৯১৬ খ্রিষ্টাব্দে। তার নাম ছিল ‘কামারখাড়া সারস্বত নাট্যসমাজ’। এখানে ছিল স্থায়ী রঙ্গমঞ্চ। এই মঞ্চে অভিনীত হয়েছে গিরিশচন্দ্রের পাণ্ডবের অজ্ঞাতবাস, অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের কর্ণার্জুন, যোগেশ চৌধুরীর সীতা প্রভৃতি। এইসব অভিনয়ে মনোরঞ্জন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতেন।

মনোরঞ্জন ঢাকার ক্রাউন ও লায়ন থিয়েটারেও অভিনয় করেছেন। ক্রাউন থিয়েটারে অভিনীত হয় বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর। নাম-ভূমিকায় অভিনয় করেন মনোরঞ্জন। তৎকালীন ঢাকার বিভিন্ন সংবাদপত্রে ওই অভিনয়ের প্রশংসাসূচক মন্তব্য প্রকাশিত হয়। একথা জানিয়েছেন যোগেন্দ্রনাথ গুপ্ত তাঁর পূর্বোক্ত স্মৃতিকথায়। চন্দ্রশেখরের ভূমিকায় অভিনয় করে মনোরঞ্জন একশত পঞ্চাশ টাকা উপার্জন করেন। চন্দ্রশেখরের পর ক্রাউন মঞ্চে অভিনীত হয় দ্বিজেন্দ্রলালের চন্দ্রগুপ্ত। এই অভিনয়েও ছিল মনোরঞ্জনের নাম-ভূমিকা।

উনিশ-শতকের শেষার্ধ থেকে ১৯৪৭ খ্রিষ্টাব্দের দেশভাগ পর্যন্ত ঢাকাকেন্দ্রিক বাংলা রঙ্গালয়-প্রতিষ্ঠার ব্যাপারে প্রচণ্ড উৎসাহ পরিলক্ষিত হয়। নাট্যামোদী জনগণের মধ্যেও জাগে বিপুল সাড়া। তার ফলে কলকাতার পেশাদারি থিয়েটারের বিভিন্ন দলকে আমন্ত্রণ জানানো হতো। সেই দলগুলোও এখানে এসে অভিনয়ের আসর বসিয়ে এ-অঞ্চলের মানুষের নাট্যোৎসাহ বাড়িয়ে দিয়ে যেতেন।

দুই

কলকাতা থেকে প্রথম যে-দল ঢাকায় অভিনয়ের জন্য গমন করে, তার নাম হিন্দু ন্যাশান্যাল থিয়েটার। ১৮৭২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত প্রথম পেশাদারি থিয়েটার হলো ন্যাশান্যাল থিয়েটার। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই অন্তর্দ্বন্দ্বের ফলে দলটিতে ভাঙন দেখা দেয়। সেই ভেঙে যাওয়া দলের অন্যতম হলো হিন্দু ন্যাশান্যাল থিয়েটার। কলকাতার লিন্ডসে স্ট্রিটের অপেরা হাউস ভাড়া নিয়ে সেখানে এই দলের প্রযোজনায় অভিনীত হয় বিভিন্ন প্যান্টোমাইম এবং তারপর মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা। অভিনয়-তারিখ ছিল ৫ এপ্রিল ১৮৭৩। তারপর এই দল অভিনয় করে আরো কয়েকটি নাটক। ১৮৭৩ খ্রিষ্টাব্দের মে মাসের গোড়ায় দলটি ঢাকায় চলে যায় অভিনয়ের জন্য। দলটির ঢাকা-গমনের সংবাদ প্রকাশিত হয় ১৫ মে ১৮৭৩ তারিখের অমৃতবাজার পত্রিকায়। সংবাদটি নিম্নরূপ : ‘কলিকাতার হিন্দু ন্যাশান্যাল থিয়েটার কোম্পানী অভিনয়ার্থ ঢাকায় গমন করিয়াছেন।’

ঢাকার পূর্ববঙ্গ রঙ্গভূমিতে হিন্দু ন্যাশান্যালের অভিনয় অনুষ্ঠিত হয়। বিশিষ্ট অভিনেতা রসরাজ অমৃতলাল বসু তাঁর স্মৃতিকথায় (দ্র. পুরাতন প্রসঙ্গ দ্বিতীয় পর্যায়) ঢাকার ওই অভিনয়-প্রসঙ্গে লিখেছেন : ‘ঢাকা যাইবার প্রস্তাব হইল। আমাদের সকলেরই খুব উৎসাহ। অর্ধেন্দু, আমি, নগেন, কিরণ, ক্ষেত্র গাঙ্গুলী, বেলবাবু, বিহারী বসু প্রভৃতি সকলেই বিদেশে যাইতে প্রস্তুত। মেয়ে সাজিবার জন্য মহেন্দ্র সিংহ নামে একটি সুন্দর ছেলে পাওয়া গেল। ঢাকার মোহিনী মোহন দাসের নামে একখানি পত্র বলাই সিংহ মহাশয়ের নিকট হইতে লইয়া ১৮৭৩ খ্রীষ্টাব্দের জ্যৈষ্ঠ মাসের গোড়ায় কলিকাতা পরিত্যাগ করিলাম।

‘তখন সপ্তাহে একদিন মাত্র স্টিমার গোয়ালন্দ হইতে ছাড়িত। জাহাজে আহারাদির অসুবিধা হইয়াছিল বটে; কিন্তু ঢাকায় যে

রাঁধুনি বামুন পাওয়া যাইবে না তাহা আমরা পূর্বে কল্পনাও করি নাই। শেষে দলের মধ্যে যাহারা বেচারা ব্রাহ্মণ ছিলেন, তাঁহাদের উপর রন্ধনশালার ভার অর্পিত হইল। সংস্কৃত কলেজের শিক্ষক কালিবাবু আমাদের সঙ্গে ছিলেন; ইনি পরে ঈডন্ হিন্দু হোস্টেলের সহকারী সুপারিন্টেন্ডেন্ট হইয়াছিলেন।

‘ঢাকার আতিথ্য-সৎকার আমি কখনও বিস্মৃত হইব না। মোহিনীবাবুর হাতে চিঠি দেওয়া হইলে তৎক্ষণাৎ তিনি একটি প্রকাণ্ড বাগানবাড়ি আমাদের জন্য ছাড়িয়া দিলেন; সেই বাগানবাড়িটি বুড়িগঙ্গার তীরে অবস্থিত। বুড়িগঙ্গা তখন কূলে কূলে প্রবাহিত। বড় বড় স্টিমার ঢাকা শহরের কিনারায় গিয়া লাগিত। রবিবার দিনে প্রাতে কলিকাতা হইতে স্টিমার ছাড়িলে পরদিন বৈকালে উহা ঢাকায় গিয়া পৌঁছাত।

‘ঢাকা শহরে একটি বাঁধা স্টেজ ছিল। বেশি কাল বিলম্ব না করিয়া আমরা সেই স্টেজে নীলদর্পণ লইয়া অবতীর্ণ হইলাম; নবাববাড়ির ব্যান্ড ও মোহিনী বাবুর কনসার্ট আমাদিগকে সাহায্য করিল; শহরের ছোটবড় সকলেই আমাদের অভিনয় দেখিতে আসিলেন Ñ কালীপ্রসন্ন ঘোষ, অভয় দাস, ডাক্তার কেদারনাথ ঘোষ, জয়েন্ট ম্যাজিস্ট্রেট রাম্পীনী, পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ওয়েদারল্ ও অন্যান্য অনেকে আসিলেন। একরাত্রেই আমরা কিস্তিমাৎ করিয়া দিলাম।’

‘প্রায় একমাস আমরা ঢাকায় রহিলাম। অনেকগুলি নাটকের অভিনয় করিলাম। অর্ধেন্দুকে লইয়া সমস্ত শহর উন্মত্ত হইয়া উঠিল। আমাদের দেশের থিয়েটারের জন্য কোনো অভিনেতাকে অমন করিয়া আর কেহ ষরড়হরংব করিয়াছে কিনা জানি না। বেঙ্গল টাইমস পত্রিকায় আমাদের অভিনয়ের বিদ্রƒপাত্মক সমালোচনা বাহির হইল। আমি একটি ছোটখাটো ফার্স রচনা করিয়া পরদিন সন্ধ্যার পর মুদ্রিত বেঙ্গল টাইমস কাগজে পেন্টুলান, কোট, টাই প্রভৃতি রচনা করিয়া তদ্বারা আপাদমস্তক আবৃত করিয়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া প্রাণ খুলিয়া কেম্প সাহেবকে বিদ্রƒপ করিলাম। মজা এই যে, ম্যাজিস্ট্রেট রাম্পীনী ও পুলিশ সুপারিন্টেন্ডেন্ট ওয়েদারল্, বাঙালী দর্শকবৃন্দের হাস্যতরঙ্গে যোগ দিয়াছিলেন।’

ঢাকায় হিন্দু ন্যাশান্যাল থিয়েটার আয়োজিত নীলদর্পণের অভিনয় দর্শক সাধারণের দ্বারা

উচ্চ প্রশংসিত হয়েছিল। ২২ মে ১৮৭৩ তারিখের অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত বিবরণ থেকে সে-কথা জানা যায়। অমৃতবাজার পত্রিকায় লেখা হয় :

‘সংবাদ। … ঢাকার হিন্দু ন্যাশান্যাল থিয়েটার কোম্পানীর নীলদর্পণ নাটক অভিনয় সম্বন্ধে একজন দর্শক আমাদিগকে এইরূপ লেখেন Ñ

গত শনিবার ঢাকার পূর্ববঙ্গ রঙ্গভূমিতে কলিকাতার হিন্দু ন্যাশান্যাল থিয়েটারের সভ্যগণ নীলদর্পণ নাটকের অভিনয় করিয়াছেন। অভিনয় যে কতদূর সুন্দর হইয়াছিল বলা যায় না। ঢাকাস্থ সমুদয় ভদ্রসমাজ ও ইংরাজগণ অভিনয় দর্শনার্থ উপস্থিত ছিলেন। রঙ্গভূমি লোকাকীর্ণ হইয়াছিল। চারিঘণ্টাকাল অভিনয় দর্শন করিয়া আমাদের মনের যে কতদূর পরিবর্তন হইয়াছিল বলাবাহুল্য। আমরা সমস্ত ঢাকাবাসী অভিনয় সন্দর্শন করিয়া যে কতদূর সন্তুষ্ট হইয়াছি লিখিয়া শেষ করিতে পারি না।’

ঢাকাতে শুধু নীলদর্পণ অভিনীত হয়নি। রাম নারায়ণ     তর্করত্ন রচিত নবনাটকও হিন্দু ন্যাশান্যাল থিয়েটার কর্তৃক মঞ্চস্থ হয়। এই অভিনয় দেখে ঢাকার জনদশেক দর্শক অমৃতবাজার পত্রিকায় যে-পত্র প্রেরণ করেন, সেটি প্রকাশিত হয় ৪ সেপ্টেম্বর ১৮৭৩ তারিখে। পত্রখানি নিম্নরূপ :

‘ঢাকা থিয়েটার কোম্পানীর নবনাটকের অভিনয়। গত বৎসর ঢাকা নগরীতে, কৃতবিদ্যগণের উদ্যোগে রামাভিষেক নাটক অভিনীত হয়। … হিন্দু নেসনেল থিয়েটর নামক নট সম্প্রদায় আসিয়া যে অভিনয় দেখাইয়া গিয়াছেন তাহা আর আমরা জন্মেও ভুলিতে পারিব না। তাঁহাদিগের প্রথম দিবসের অভিনয় দেখিয়া বাস্তবিক চমৎকৃত হইলাম, এবং বলিতে লাগিলাম যে পৃথিবীতে এইরূপ উৎকৃষ্ট অভিনয় থাকতে জঘন্য রামাভিষেকের অভিনয় দেখতে কার প্রবৃত্তি জন্মে? বাস্তবিক মহাশয় সেই অত্যুৎকৃষ্ট অভিনয় দর্শন করে ঢাকার অভিনয়ের প্রতি ঘৃণা জন্মিল। … একরাত্রি নবনাটক অভিনয় করিবেন বলিয়া বিজ্ঞাপন দেন ঢাকা থিয়েটার। কোম্পানীর মেম্বারগণ ইহা শুনিয়া রাগান্বিত হইয়া বলিলেন যে ‘নবনাটক কখনও অভিনয় করিতে পারিবে না।’ … যখন হিন্দু নেসন্যাল কোম্পানী এবং ঢাকা থিয়েটার কোম্পানী নাটকাভিনয় লইয়া গোলযোগ করেন সেই সময় শেষোক্ত কোম্পানী বলিয়াছিলেন জন্মাষ্টমীর সময় অভিনয় দেখাইবেন কারণ সেই সময় গ্রাম হইতে বিস্তর লোক তামাসা দেখিতে ঢাকাতে আগমন করে। … দর্শকমাত্রেই অসন্দিহান চিত্তে স্বীকার করিয়াছেন যে ঢাকা কোম্পানীর নবনাটক অভিনয় হিন্দু নেসন্যাল থিয়েটারের শতাংশের একাংশও হয় নাই, এমনকি কলেজিয়েট স্কুলের ছাত্রবর্গও ইহা হইতে ভাল অভিনয় করিয়াছে, এবং শ্রীনগর থিয়েটারের কতকাংশ ইহা হইতে উত্তম হইয়াছিল।’

ঢাকায় হিন্দু ন্যাশান্যাল থিয়েটার একমাসের মতো অবস্থান করে কলকাতায় ফিরে আসে। তারপর ন্যাশান্যাল থিয়েটারের আর একটি ভাঙা দল (তাদের নামও ন্যাশান্যাল থিয়েটার) ঢাকায় গমন করে। তারা ঢাকায় অভিনয় করে দর্শক সাধারণের কাছে সমাদর পায়নি। গিরিশচন্দ্রের সহচর অবিনাশ চন্দ্র গঙ্গোপাধ্যায় তাঁর গিরিশচন্দ্র গ্রন্থে (প্রথম প্রকাশ ১৯২৭) ওই প্রসঙ্গে যে-বর্ণনা লিপিবদ্ধ করেছেন, তা নিম্নরূপ :

‘ঢাকায় হিন্দু ন্যাসান্যাল থিয়েটারের অভিনয় খুব জমিয়াছিল। তথায় সম্প্রদায়ের বিশেষ স্থান এবং অর্থ লাভের সংবাদ কলিকাতায় আসিয়া পৌঁছিলে ‘ন্যাসান্যাল থিয়েটার’ সম্প্রদায় চঞ্চল হইয়া উঠিলেন। রাজেন্দ্রলাল বাবু, ধর্মদাসবাবু প্রভৃতি সম্প্রদায়স্থ সকলেই ঢাকা যাইতে মনস্থ করিলেন। শোভাবাজার রাজবাটির নাট্যমন্দিরে ১০ই মে শনিবার কপালকুণ্ডলা ও ভারতসঙ্গীত শেষ অভিনয় করিয়া গিরিশবাবু ব্যতীত থিয়েটারের আর সকলেই ঢাকায় যাত্রা করিলেন। গিরিশবাবু সেসময়ে জন অ্যাটকিন্সন অফিসের বুককিপার ছিলেন।

‘যাহা হউক, কলিকাতা হইতে প্লাকার্ড ও হ্যান্ডবিল ছাপাইয়া লইয়া মহাসমারোহে ও বিপুল উদ্যমে ‘ন্যাসান্যাল থিয়েটার’ ঢাকায় গিয়া প্রথমেই বিজ্ঞাপন প্রচারিত করিলেন, Ñ ‘The genuine National Theatre arrivedÕ অর্থাৎ কলিকাতা হইতে প্রথমে যে থিয়েটার ঢাকায় আসিয়া অভিনয় করিতেছে সে থিয়েটার সুবিখ্যাত ‘ন্যাসান্যাল থিয়েটার’ নহে, Ñ প্রকৃত ‘ন্যাসান্যাল থিয়েটার’ এইবার আসিল। যত শীঘ্র সম্ভব, স্টেজ বাঁধিয়া ও থিয়েটার সংক্রান্ত যাবতীয় বিষয়ের ব্যবস্থা করিয়া ‘ন্যাসান্যাল’ সম্প্রদায় অভিনয় ঘোষণা করিলেন।

‘প্রথম দুই-এক রাত্রি যথেষ্ট বিক্রয় হইলেও ক্রমশঃ ন্যাসান্যালের বিক্রয় হ্রাস পাইতে লাগিল। ‘হিন্দু ন্যাসন্যাল’ সম্প্রদায় পূর্ব হইতেআসিয়াই নীলদর্পণ, সধবার একাদশী, কৃষ্ণকুমারী, নবীন তপস্বিনী প্রভৃতি উৎকৃষ্ট নাটক ও প্রহসনাদি অভিনয়ে বিশেষ রূপ প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। কিন্তু ‘ন্যাসান্যাল থিয়েটার’ আসিয়া ইহার উপর আর কিছু একটা নূতনত্ব দেখাইতে পারিলেন না। গিরিশবাবু আসিলে হয়তো তিনি অভিনয় চাতুর্যে পুরাতন নাটকেও নবসৌন্দর্য ফুটাইয়া দর্শক আকর্ষণ করিতে পারিতেন কিম্বা এই সঙ্কটাবস্থায় নূতন কোনও একটা উপায় উদ্ভাবন করিতেন। ফলতঃ প্রতিভাশালী পরিচালক অভাবে দিনদিন ইহারা ক্ষতিগ্রস্ত হইতে লাগিলেন। অবশেষে ‘হিন্দু ন্যাসান্যাল’ সম্প্রদায়ের নিকট স্টেজ বাঁধা রাখিয়া তথাকার ঋণ পরিশোধপূর্বক কলিকাতায় ফিরিয়া আসেন। হিন্দু ন্যাসান্যাল থিয়েটার সম্প্রদায়ও ক্রমশঃ আয় কম হইতে থাকায় অল্পদিন পরেই ঢাকা হইতে কলিকাতায় প্রত্যাগমন করেন।’

ঢাকা থেকে উল্লিখিত দুটি দল কলকাতায় ফিরে এলে কিছুদিনের মধ্যে রাজশাহী জেলার দীঘাপতিয়ার জমিদার তাঁর পুত্র প্রমদানাথ রায়ের অন্নপ্রাশন-উপলক্ষে তাঁর বাড়িতে অভিনয়ের জন্য কলকাতার ন্যাসান্যাল থিয়েটারকে আহ্বান জানান। কলকাতাস্থিত তাঁর আমমোক্তার ঈশ্বর চন্দ্র বসু তখন ন্যাসান্যাল থিয়েটারের কর্তাব্যক্তিদের খোঁজ করে অভিনয়ের জন্য বায়না করেন। ঘটনাটি ঐতিহাসিক। ন্যাসান্যাল দল বায়না গ্রহণ করে দীঘাপতিয়ায় গমন করেন। এই দলে ছিলেন না গিরিশচন্দ্র। বলাবাহুল্য, দীঘাপতিয়া যাওয়ার সময় ন্যাসান্যাল ও হিন্দু ন্যাসান্যাল দলদুটি একসঙ্গে মিলে যায়। তখন নাম হয় ন্যাসান্যাল থিয়েটার। গিরিশচন্দ্র ছাড়া দীঘাপতিয়ায় যাননি অমৃতলাল বসু, নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আরো কেউ কেউ। অর্ধেন্দু শেখর মুস্তাফী দীঘাপতিয়ায় গিয়েছিলেন। দীঘাপতিয়ার রাজবাড়িতে ন্যাসান্যাল দলের অভিনয় দেখেছিলেন স্বনামধন্য ঐতিহাসিক অক্ষয়কুমার মৈত্রেয়। তিনি তাঁর ‘অর্ধেন্দু শেখর’ শীর্ষক নিবন্ধে ওই অভিনয় দেখার বর্ণনা-প্রসঙ্গে লিখেছিলেন :

‘বঙ্গ রঙ্গভূমির জন্মলাভের অব্যবহিত পরে দিঘাপতিয়ার বর্তমান রাজা বাহাদুরের অন্নপ্রাশন উপলক্ষে কলিকাতা হইতে ন্যাসান্যাল থিয়েটার নামক সম্প্রদায় রাজশাহীতে অভিনয় করিতে আসিয়াছিলেন। যাহারা সে অভিনয় দর্শন করিয়াছিলেন, তাঁহারা অনেকেই পরলোকগত। সুতরাং তাহার কথা যাহা স্মরণ আছে, লিখিতেছি। তাহার বিলাতী নামের মধ্যে জাতীয় ভাব ছিল না, তথাপি তাহাতে অর্ধেন্দু শেখর যেরূপ অভিনয়-নৈপুণ্যের পরিচয় প্রদান করিয়াছিলেন, তাহা অনন্য সাধারণ-চিরস্মরণীয়-উল্লেখযোগ্য-উপাদেয়। সেরূপ অভিনয় যে কোনও দেশের রঙ্গমঞ্চকেই গৌরবান্বিত করিতে পারিত।

‘নবীন তপস্বিনীতে জলধরের এবং কৃষ্ণকুমারীতে ধনদাসের ভূমিকা গ্রহণ করিয়া অর্ধেন্দু শেখর যে সকল অভিনয় কৌশলের অবতারণা করিয়াছিলেন, তাহা একালের পক্ষে দিন দিন দুর্লভ হইয়া পড়িয়াছে।’

অক্ষয়কুমারের উল্লিখিত ‘অর্ধেন্দু শেখর’ রচনাটি প্রকাশিত হয় ১০ জ্যৈষ্ঠ ১৩৩১ তারিখের সচিত্র মোশিয় পত্রিকায়।

ন্যাশান্যাল ও হিন্দু ন্যাশান্যাল থিয়েটারের পর প্রখ্যাত নাট্যকার রাজকৃষ্ণ রায় ঢাকায় গমন করেন ১৮৮৮ খ্রিষ্টাব্দে। তিনি কলকাতার মেছুয়াবাজারে একটি রঙ্গালয় স্থাপন করেন নিজের উদ্যোগে। তার নাম বীণা থিয়েটার। এই থিয়েটারের উদ্বোধন ঘটে ১ ডিসেম্বর ১৮৮৭। ওইদিন সেখানে অভিনীত হয় রাজকৃষ্ণের নাটক চন্দ্রহাস। কিন্তু কয়েক মাসের মধ্যেই রাজকৃষ্ণ ঋণগ্রস্ত হওয়ায় ২২ ফেব্রুয়ারি ১৮৮৮ তারিখের অভিনয়ের পর তিনি থিয়েটার বন্ধ করে দেন। তারপরই তিনি চলে যান ঢাকায়। সেখানে বীণা থিয়েটারে কোন কোন নাটকের অভিনয় অনুষ্ঠিত হয় তা অজানা। রাজকৃষ্ণের একটি ভক্তিমূলক নাটকের নাম হরিদাস ঠাকুর। এই নাটকের আনুষ্ঠানিক প্রকাশ ঘটে ১৭ জুন ১৮৮৮। কিন্তু নাটকটির ভূমিকা থেকে জানা যায়, ‘হরিদাস ঠাকুর রাজকৃষ্ণ রচনা করেন ১৮৮৮ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে। রচনার পরই নাটকটি ঢাকায় অভিনীত হয়।’

রাজকৃষ্ণের বীণা থিয়েটারের কথা পূর্ববাংলায় ব্যাপক পরিচিতি লাভ করে। বীণার অভিনয়-সাফল্যে উৎসাহিত হয়ে পূর্ববাংলার কিছু ধনাঢ্য ব্যক্তি রাজকৃষ্ণকে আর্থিক সাহায্য করেন। তার মধ্যে আছেন রংপুরের তাজহাটের জমিদার রাজা গোবিন্দলাল রায় এবং কুচবিহারের মহারানি। ২৪ ফেব্রুয়ারি ১৮৮৮ তারিখের সুলভ সমাচার ও কুশদহ পত্রিকায় প্রকাশিত নিম্নলিখিত সংবাদপাঠে উপরোক্ত তথ্যের সমর্থন মিলবে Ñ ‘বাবু রাজকৃষ্ণ রায়ের বীণা রঙ্গভূমিতে রঙ্গপুর তাজহাটের জমিদার রাজা গোবিন্দলাল রায় ২৫০্ এবং কুচবিহারের মহারানী ২০০্ টাকা দান করিয়া রাজকৃষ্ণ বাবুকে উপকৃত করিয়াছেন।’

পূর্ববাংলার মানুষের নাট্যানুরাগ যে কত আন্তরিক ছিল তা ওই সংবাদ থেকে স্পষ্ট হয়।

বীণা থিয়েটারের পর কলকাতায় আরেকটি পেশাদারি রঙ্গালয় ঢাকায় গমন করে। রঙ্গালয়টি হলো মিনার্ভা থিয়েটার। তখন মিনার্ভার মালিক ছিলেন নট ও নাট্যকার অমরেন্দ্রনাথ দত্ত। ১৯০৪ খ্রিষ্টাব্দের ১ ফেব্রুয়ারি মিনার্ভা ঢাকায় যায় ঢাকার নবাব বাহাদুর সলিমুল্লা সাহেবের আহ্বানে। রমাপতি দত্ত তাঁর রঙ্গালয়ে অমরেন্দ্রনাথ গ্রন্থে ওই প্রসঙ্গে জানিয়েছেন Ñ ‘অমরেন্দ্রনাথ ঢাকায় পঁহুছিলে অন্যান্য সম্মানিত ও বিশিষ্ট অতিথির মত তাঁহার বাসের জন্য বিশেষ ও পৃথক বন্দোবস্ত করা হয়, ফলে তিনি দলের অন্যান্য লোকেদের নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া পড়েন। তাহা ছাড়া নিজের বংশ ও পদমর্যাদা অনুযায়ী তাহাকে বড় বড় সম্মিলনে যোগদান করিতে হইত।’ অমরেন্দ্রনাথ পনেরো দিনের জন্য ঢাকায় আমন্ত্রিত হন। কিন্তু দলের অন্তর্কলহের জন্য তাঁকে একমাস ঢাকায় অবস্থান করতে হয়। তিনি ঢাকা থেকে কলকাতায় ফেরেন মার্চ (১৯০৪) মাসের গোড়ায়। কিন্তু কলকাতা প্রত্যাবর্তনের দিন পনেরো পরে পুনরায় অমরেন্দ্রনাথ তাঁর ক্লাসিক থিয়েটারের অভিনেতা-অভিনেত্রী নিয়ে ঢাকায় যান। এবার সেখানে গিয়ে তিনি সুখ্যাতির সঙ্গে অভিনয় করেন। একথা জানা যায় রমাপতি দত্তের পূর্বোক্ত গ্রন্থ থেকে।

হেমেন্দ্রনাথ দাশগুপ্ত তাঁর ভারতীয় নাট্যমঞ্চ, দ্বিতীয় খণ্ড গ্রন্থে জানিয়েছেন অমরেন্দ্র নাথ তাঁর মিনার্ভার দল ঢাকায় নিয়ে গিয়ে ঢাকার নবাব সলিমুল্লা সাহেবের গৃহপ্রাঙ্গণে অভিনয় করেন। তাছাড়া ঢাকার আরমানিটোলাতেও মঞ্চ বেঁধে তিনি অভিনয়ের ব্যবস্থা করেন। অমরেন্দ্রনাথ তাঁর ক্লাসিক থিয়েটার নিয়ে দ্বিতীয়বার ঢাকায় যান ১৯০৪ খ্রিষ্টাব্দের মার্চ মাসে। সেখানে চার রাত্রি অভিনয় হয়। অভিনয়-তারিখ হলো ১৯০৪ খ্রিষ্টাব্দের ৩০ মার্চ ও ২, ৩, ৬ এপ্রিল। ২ এপ্রিল ১৯০৪ তারিখের বেঙ্গলী পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানা যায় – ‘The compaû is playing at Dacca on special arrangement, hence the theatre is closed to the public on Saturday, the 2nd and 3rd April 1904.’ ১৯০৫ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর কলকাতার ৯ বিডন স্ট্রিটের রয়্যাল বেঙ্গল থিয়েটারের বাড়িতে স্থাপিত ন্যাশান্যাল থিয়েটারে অভিনীত হয় অদৃষ্ট নামের একটি নাটক। এই থিয়েটার ১৩ ফেব্রুয়ারি ১৯০৭ তারিখে খুলনায় যায় অভিনয়ের জন্য। এখানকার এগজিবিশন-মঞ্চে অভিনয়ের ব্যবস্থা হয়। এখানে এই নাট্যদল অভিনয় করে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ ফেব্রুয়ারি ১৯০৭ তারিখের বেঙ্গলী পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে জানানো হয় :

‘Invited by the collector of Khulna, the party has been performing at the exhibition there so the theatre will remain closed this week at Calcutta. JOHURLAL DUTT, Manager.’

ন্যাশান্যাল থিয়েটার পুনরায় বগুড়ার উদ্দেশে বেরিয়ে পড়েকলকাতায় ৩ মার্চ ১৯০৭ তারিখের অভিনয়ের শেষে। বগুড়ায় তখন চলছিল ইন্ডাস্ট্রিয়াল এগজিবিশন। ১৩ মার্চ ১৯০৭ পর্যন্ত দলটি ওই এগজিবিশন-মঞ্চে অভিনয় করে। ৬ মার্চ ১৯০৭ তারিখের বেঙ্গলী পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনে জানানো হয় :

‘Being invited by collector of Bogra, the party is at present holding its performances in the Bogra Industrial exhibition. The Calcutta performances are stopped untill further notice. JOHURLAL DUTT, Manager.’

কলকাতার হাতিবাগানস্থিত স্টার থিয়েটারও ঢাকায় থিয়েটার করতে চলে গিয়েছিল ৭ এপ্রিল ১৯০৭ খ্রিষ্টাব্দে নিজ-মঞ্চে অভিনয়ের পর। ঢাকায় গমন-উপলক্ষে স্টার থিয়েটার বন্ধ ছিল ১৯ এপ্রিল ১৯০৭ পর্যন্ত। তার পরদিন স্টারে অভিনয় শুরু হয় নিয়মিতভাবে। ১৯০৮ খ্রিষ্টাব্দের ১৯ ফেব্রুয়ারি স্টার থিয়েটার চলে যায় খুলনায় অভিনয়ের বায়না থাকায়। ১ মার্চ ১৯০৮ তারিখের অভিনয়ের পর স্টার পুনরায় পূর্ববাংলায় চলে যায়। এবার তাদের গন্তব্যস্থল ছিল রাজশাহীর দীঘাপতিয়ার রাজবাড়ি। সেখান থেকে অভিনয় সেরে দল কলকাতায় ফিরে এসে পুনরায় ১৪ মার্চ ১৯০৮ থেকে নিয়মিত অভিনয় শুরু করে।

নটসূর্য অহীন্দ্র চৌধুরী নিজেরে হারায়ে খুঁজি দ্বিতীয়পর্ব গ্রন্থে তাঁর পূর্ববাংলায় অভিনয়ের বিবরণ লিপিবদ্ধ করেছেন। তিনি তখন ছিলেন রঙমহলে। কিন্তু নাট্যভারতীতেও তাঁকে অভিনয় করতে হতো। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৮ মে অহীন্দ্র তাঁর রঙমহল থিয়েটারের দলবলের সঙ্গে চলে যান পাবনায়। সেখানে তাঁরা অভিনয় করলেন দ্বিজেন্দ্রলালের সাজাহান। অহীন্দ্র তাঁর পূর্বোক্ত স্মৃতিকথায় লিখেছেন, ‘স্থানীয় টাউন হলে অভিনয় হলো সাজাহান। অভিনয়ের সঙ্গে সঙ্গেই আবার কলকাতা ফেরার পালা।’ অহীন্দ্র রঙমহল দলের সঙ্গে অভিনয়ের বায়না নিয়ে যান ফরিদপুর। তিনি এই প্রসঙ্গে তাঁর পূর্বোক্ত স্মৃতিচারণায় লিখেছেন, ‘এদিকে রঙমহলে ভোলামাস্টার অভিনীত হলো ৪ঠা জানুয়ারি। ভালই হয়েছে সবদিক থেকে। এই সময়েই ফরিদপুর থেকে আমন্ত্রণ এসেছে রঙমহলের কাছে। সে আমন্ত্রণ গ্রহণ করেছে রঙমহল। যদিও আমি প্রথমে ফরিদপুর যেতে যাইনি। পরে অবশ্য রাজি না হয়ে পারিনি।’

রঙমহল ফরিদপুর যায় ২২ জানুয়ারি ১৯৪৪। এখানে অভিনীত হয় সাজাহান, কর্ণার্জুন ও ভোলামাস্টার। ফরিদপুরে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গণের বাঁধা মঞ্চে অভিনয় হয়। এই অভিনয়ের স্মৃতি বর্ণিত হয়েছে অহীন্দ্র চৌধুরীর নিজেরে হারায়ে খুঁজি দ্বিতীয়পর্ব গ্রন্থে। অহীন্দ্র লিখেছেন :

‘২২ জানুয়ারি আমাদের ফরিদপুর রওনা হবার পূর্বনির্ধারিত দিন। ঐদিন ঢাকা মেলযোগে আমরা রওনা হলাম। এ-যাত্রায় আমার ভৃত্য নিলু আমার সঙ্গেই ছিল। আমি আর শরৎ একটি প্রথম শ্রেণীর কামরায় ছিলাম। অন্য যাত্রীরা অপর কামরায়। কোন রিজার্ভেশন ছিল না।

সারারাত আমাদের জেগে কাটাতে হলো। ভোর ছ’টায় ফরিদপুর পৌঁছলাম। তখনও অন্ধকার ছিল।

ফরিদপুর শহরের একান্তে, কিছুটা জনকোলাহলের বাইরে আমাদের জন্যে আশ্রয় নির্দিষ্ট হয়েছে। সেখানে গেলাম। সারাদিনটা বিশ্রামের মধ্যেই কাটল। ঐ দিনেই আমাদের সাজাহান অভিনয় করতে হবে মেলা-প্রাঙ্গণে।

প্রথমদিনের নাটক ছিল সাজাহান, দ্বিতীয় দিনের জন্য নির্দিষ্ট ছিল দুটি নাটক। প্রথম নাটক কর্ণার্জুন, অভিনীত হলো বিকেল তিনটায়। নাটকে তেমন দর্শক সমাগম হয়নি। দ্বিতীয় নাটক ভোলামাস্টার মঞ্চস্থ হলো রাত আটটায়। অজস্র দর্শক হয়েছিল। তিল ধারণের জায়গা ছিল না কোথাও। ফরিদপুরে এরপরের দুদিনের অনুষ্ঠানে আরো দুটি নাটক অভিনীত হয়েছিল। মাটির ঘর এবং বিজয়া। শেষের দিন মেয়েরা মঞ্চে নৃত্যও পরিবেশন করেছিল। ফরিদপুরের অনুষ্ঠানশেষে আবার কলকাতায় ফেরার পালা। যথাদিনে ট্যাক্সি নিয়ে রাজবাড়ী স্টেশনে এলাম। আমাদের প্রত্যাবর্তনের ট্রেন গোয়ালন্দ প্যাসেঞ্জার।’

১৯৪৪ খ্রিষ্টাব্দের ২৪ অক্টোবর কলকাতার শ্রীরঙ্গম মঞ্চে

ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় অভিনীত হয় নাট্যকার বিজন ভট্টাচার্যের নবান্ন। এই নাটকে ১৯৪৩ খ্রিষ্টাব্দের কুখ্যাত মন্বন্তরের নাট্যচ্ছবি আঁকা হয়েছে। এই নাটকের অভিনয় যশোরেও অনুষ্ঠিত হয় বিভাগ-পূর্বকালে।

তিন

কলকাতার পেশাদারি থিয়েটার যেমন কলকাতা থেকে অভিনয়ের জন্যে ঢাকা এবং পূর্ববঙ্গের অন্যত্র গমন করে, তেমনি ঢাকাতেও স্থাপিত হয় বিভিন্ন পেশাদারি রঙ্গালয়। পূর্বকথিত পূর্ববঙ্গ রঙ্গভূমি বা পূর্ববঙ্গ নাট্যসমাজের প্রতিষ্ঠা ঘটেছিল পেশাদারি থিয়েটারের আদর্শেই।

পূর্ববঙ্গ নাট্যসমাজ ১৮৭২ খ্রিষ্টাব্দেই মঞ্চস্থ করে রামাভিষেক নাটক। এই তথ্য পরিবেশিত হয়েছে ২৮ নভেম্বর ১৮৫৫ তারিখের ঢাকাপ্রকাশ পত্রিকা থেকে। এই অভিনয়ের জন্যে টিকিট বিক্রি হয়েছিল। টিকিটের হার ছিল চার, দুই ও এক টাকা। এই অভিনয় সম্পর্কে ১৮ মার্চ ১৮৭২ তারিখের অমৃতবাজার পত্রিকায় নিম্নরূপ

মন্তব্য করা হয় :

‘ঢাকার সুশিক্ষিত যুবকেরা সম্প্রতি রামাভিষেক নাটক অভিনয়ে ব্যাপৃত হইয়াছেন। …যুবকেরা চাঁদা দ্বারা বিস্তর অর্থ সংগ্রহ করিয়াছেন। একটি রঙ্গভূমি প্রস্তুত করিয়াছেন, কলিকাতা হইতে চিত্রকর লইয়া

গিয়া উত্তম উত্তম চিত্র চিত্রিত হইয়াছে। অভিনেত্রীগণের মধ্যে ঢাকার প্রধান প্রধান ব্যক্তিরা আছেন। পাছে উহার দ্বারা কোনো অমঙ্গল হয়, এই নিমিত্ত তাঁহারা উহাতে স্কুলের কোন ছাত্রকে প্রবেশ করিতে

দেন নাই। … ঢাকার অভিনয়ে সেটি হইবে না। অভিনয় কর্তারা

উহার নিমিত্ত টিকিট বিক্রয় করিবেন, টিকিট চারি দুই এবং

এক টাকা মূল্যে থাকিবে। অভিনয় উৎপন্ন টাকা দ্বারা তাঁহারা দেশের সৎ কার্যানুষ্ঠান করিবেন।’

রামাভিষেকের অভিনয়ের সংবাদে প্রকাশ হলো একটি প্রাসঙ্গিক তথ্য। সেটি হলো কলকাতার আগে ঢাকাতেই প্রথম পেশাদারি থিয়েটারের পত্তন হয়। ৭ ডিসেম্বর ১৮৭২ তারিখে কলকাতায় প্রথম স্থাপিত হয় পেশাদারি থিয়েটার, তার নাম ন্যাশান্যাল থিয়েটার।

রামাভিষেক নাটকের অভিনয় দেখতে আসেন বিস্তর লোক যাঁদের মধ্যে আছেন বহু মুসলমান, ঢাকার ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট, পোগোজ সাহেব এবং অনেক খ্রিষ্টান।

১৮৯০-এর দশকে ঢাকায় প্রতিষ্ঠিত হয় আরো দুটি পেশাদারি থিয়েটার। তাদের নাম ‘ক্রাউন’ ও ‘ডায়মন্ড জুবিলী’। পূর্ববঙ্গ রঙ্গভূমির ভাঙা দল নিয়ে গড়ে ওঠে ‘ক্রাউন’। এই থিয়েটারে অভিনয় হতো সোম, বুধ ও শনিবার। প্রথমদিকে এই থিয়েটারে অভিনয় হতো সারারাত ধরে। তৎকালীন ব্রাহ্মসমাজ ও শিক্ষিত সম্প্রদায়ের আপত্তিতে ঢাকার ম্যাজিস্ট্রেটের আদেশে অভিনয়ের সময়সীমা ছিল রাত্রি ১১টা পর্যন্ত। ক্রাউন থিয়েটারে অভিনেত্রী নিয়োগ করা হয়। ২১ মে ১৮৯৩

তারিখের ঢাকাপ্রকাশ পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গিরিশচন্দ্রের পূর্ণচন্দ্র নাটকের অভিনয়ে নায়িকার ভূমিকায় অবতীর্ণ হন দুনিয়া নামের এক অভিনেত্রী। বলতে দ্বিধা নেই, এই অভিনেত্রী ছিলেন একজন বারবনিতা।

থিয়েটারে বারবনিতার অভিনয় নিয়ে তখন জনসমাজে বিস্তর আলোড়ন জেগেছিল। এই আলোড়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য ২১ মে ১৮৯৩ তারিখের ঢাকাপ্রকাশ পত্রিকায় নিম্নলিখিত মন্তব্য করা হয় : ‘মনোহারিণী বারবনিতাগণ অভিনয় করে বলিয়া যাঁহারা আপত্তি করেন তাঁহারা এই নাট্যাভিনয়ের সুখসৌন্দর্যে বঞ্চিত হইতে পারেন; কিন্তু সর্বসাধারণে যখন তাহাদের ভদ্রমহিলাগণের নৃত্যগীতাদি

দর্শনে শ্রবণে সমর্থ নহে… অপিচ এই অভাববশত লোককে যখন

বাই খেমটাওয়ালার নৃত্যগীতে যোগ দিতেই হয় তখন তাহা অপেক্ষা বহুগুণে শ্রেষ্ঠ এই নাটক অভিনয় দর্শন আমরা কাহারও পক্ষে অন্যায় মনে করি না।’

ক্রাউন থিয়েটারে কলকাতা থেকে এসে অভিনয় করেছেন অর্ধেন্দু শেখর মুস্তাফী। কিন্তু এই থিয়েটারের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি যোগ দেন ডায়মন্ড জুবিলীতে। ডায়মন্ড জুবিলীর প্রতিষ্ঠাতা ছিলেন জুবিলী স্কুলের প্রতিষ্ঠাতা কিশোরীলাল রায় চেীধুরী। ১৮৮৭ খ্রিষ্টাব্দে মহারানি ভিক্টোরিয়ার শাসনকালের ষাট বছর পূর্তি-উপলক্ষে কিশোরীলাল তাঁর প্রতিষ্ঠিত থিয়েটারের নাম রাখেন ডায়মন্ড জুবিলী থিয়েটার। এটির প্রতিষ্ঠা হয় একটি টিনের বাড়িতে। এই থিয়েটারেও নিয়োগ করা হয়েছিল নারী অভিনেত্রী। এমনকী কলকাতা থেকেও নট-নটী আনা হতো এইখানে। ডায়মন্ড জুবিলীতে অভিনীত হয়েছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী ও দেবী চৌধুরাণী, গিরিশচন্দ্রের বিল্বমঙ্গল, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের আলিবাবা, দীনবন্ধু মিত্রের নবীন তপস্বিনী প্রভৃতি।

ক্রাউন থিয়েটারে অভিনীত নাটকের তালিকায় আছে চৈতন্যলীলা, নলদময়ন্তী, জনা, কেদার রায়, মীরাবাঈ, রাজাবাহাদুর প্রফুল্ল প্রভৃতি।

দেখা যাচ্ছে, ঢাকার পেশাদারি রঙ্গালয়ে বেশি অভিনীত হয়েছে পৌরাণিক ও ভক্তিমূলক নাটক। তার কারণ আর কিছুই নয়, ঢাকা ও তার সন্নিহিত অঞ্চলে যাত্রার ব্যাপক প্রভাব।

কলকাতার পেশাদারি রঙ্গালয় আসে শৌখিন রঙ্গালয়-প্রতিষ্ঠার চল্লিশ বছর পর। এইসব শৌখিন রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতার ধনীগৃহের বাবুদের উদ্যোগে। কিন্তু ঢাকার পেশাদারি রঙ্গালয়ের উদ্ভব ঘটেছিল মধ্যবিত্তশ্রেণির উদ্যোগে। তাই ঢাকার রঙ্গালয়ের পরিবেশ ছিল অনেকখানি গণতান্ত্রিক।

চার

ঢাকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ-শতকেই নাট্যাভিনয়ে উৎসাহী হতে থাকেন। এই রকম এক উৎসাহী ছাত্রের নাম বুদ্ধদেব বসু। তিনি তাঁর ছাত্রজীবন থেকেই নাট্যসচেতনতা অর্জন করেন। তিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অনার্সের প্রথম বার্ষিক শ্রেণিতে ভর্তি হন ১৯২৭ খ্রিষ্টাব্দের জুলাই মাসে। তখনই তাঁর সম্পাদিত প্রগতি সাহিত্যপত্র প্রকাশিত হয়েছে।

বুদ্ধদেব তখন থাকতেন ঢাকার পুরানা পল্টনে। এখানে থাকার সময় তিনি জনৈকা সদ্যযৌবনা প্রতিবেশিনীকে কেন্দ্র করে রচনা করেন একটি একাঙ্ক। তার নাম একটি মেয়ের জন্য। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন বিশিষ্ট ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার। তাঁর অনুমতিক্রমে বুদ্ধদেবের ওই একাঙ্ক অভিনীত হয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। এই অভিনয়ে নায়ক-নায়িকার ভূমিকায় ছিলেন যথাক্রমে পরিমল রায় ও বুদ্ধদেব বসুর বৈমাত্রেয় ভাই সুদেবচন্দ্র বসু।

বুদ্ধদেব তাঁর আমার যৌবন গ্রন্থে ওই অভিনয়ের স্মৃতিতে লিখেছেন, ‘উপস্থাপনা বোধহয় ভালোই হয়েছিল, লোকেরা নিন্দে করেনি, মাঝে মাঝে প্রেক্ষাগৃহ থেকে হাসির শব্দও শোনা গিয়েছিল।’

ওই অভিনয়ের পরের বছরও বুদ্ধদেবের আরেকটি একাঙ্ক জগন্নাথ হলে মঞ্চস্থ হয়। পরপর দুটি একাঙ্ক জগন্নাথ হলে মঞ্চস্থ হলে পরম উৎসাহে বুদ্ধদেব নিবিড়ভাবে নাট্যরচনায় মনোনিবেশ করেন। এমনকী বুদ্ধদেবের বিবাহও সংঘটিত হয় তাঁরই উপন্যাসের নাট্যরূপদানের ঘটনার মাধ্যমে। এই নাট্যরূপদাত্রী ছিলেন তাঁর ভাবী স্ত্রী প্রতিভা সোম। যে-উপন্যাসটির নাট্যরূপ দেওয়া হয়েছিল, তার নাম যেদিন ফুটল কমল। এই নাট্যরূপটি মঞ্চস্থ হয় ঢাকার নর্থব্রুক হলে। এই অভিনয়ে নারী-ভূমিকায় অবতীর্ণ হন অভিনেত্রীরা। বুদ্ধদেব তাঁর

আমার যৌবন গ্রন্থে ওই অভিনয়ের প্রসঙ্গে লিখেছেন, ‘আমার যেদিন ফুটল কমল উপন্যাসটাকে নাট্যরূপ দিয়ে সে (প্রতিভা বসু) মঞ্চস্থ করেছিল ঢাকার নর্থব্রুক হলে তার বন্ধু-বান্ধবীর দল থেকে কুশীলব জুটিয়ে, স্ত্রী-পুরুষের মিশ্রিত শৌখিন অভিনয় ঢাকার ইতিহাসে সেই বোধহয় প্রথম।’

ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় ১৯২১ খ্রিষ্টাব্দে। তার পরপরই গড়ে ওঠে বিভিন্ন ছাত্রাবাস। এইসব ছাত্রাবাসে তৈরি হয় নানা

হলঘর। এইগুলোর নাম ঢাকা হল, জগন্নাথ হল, নর্থব্রুক হল, সলিমুল্লা হল প্রভৃতি। এইসব হলকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে জাগে নাট্যাভিনয়ের আগ্রহ।

এছাড়া ঢাকার বিভিন্ন অঞ্চল বা পাড়ায় জাগে প্রবল নাট্যোৎসাহ। ফলে গড়ে ওঠে বিভিন্ন নাট্যদল। সেই নাট্যদলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো Ñ উয়ারি ড্রামাটিক ক্লাব, টিকাটুলি ড্রামাটিক ক্লাব, গেন্ডারিয়া ড্রামাটিক ক্লাব প্রভৃতি। এইসব ড্রামাটিক ক্লাবে অভিনীত নাট্যতালিকার সন্ধান পাওয়া আজ আর সম্ভব নয়।

বিভাগপূর্ব ঢাকাকেন্দ্রিক থিয়েটারচর্চার মূলে ছিলেন মধ্যবিত্ত হিন্দুসমাজ। তাঁদের মধ্যেই প্রথম জাগে আধুনিকতার চেতনা। তার ফলে সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে পদচারণায় তাঁদের ছিল অগ্রণীর ভূমিকা। থিয়েটারচর্চা তারই সমৃদ্ধ ফল। বলাবাহুল্য, এই থিয়েটারচর্চায় ছিল কলকাতাকেন্দ্রিকতা। কলকাতার মঞ্চে অভিনীত নাটকই গৃহীত হতো ঢাকার থিয়েটারে। এমনকী অভিনয়শৈলীতেও ছিল কলকাতার অভিনয়-ধারার অনুসরণ। কিন্তু ১৯৪৭ খ্রিষ্টাব্দের দেশভাগের পর মধ্যবিত্ত হিন্দুরা ভারতে চলে যান। ভারত তথা পশ্চিমবঙ্গ         থেকে আসতে থাকেন মধ্যবিত্ত-উচ্চবিত্ত শিক্ষিত আধুনিক    মননজীবী মুসলমান সম্প্রদায়। ধীরে ধীরে পূর্ববাংলার মুসলমান সমাজ শিক্ষা ও সংস্কৃতির জগতে স্বাধিকার-প্রতিষ্ঠায় এগিয়ে আসেন। তখন নবজাগরণ ঘটল পূর্ববাংলায়। এই নবজাগরণের কেন্দ্রভূমি হলো ঢাকা। কারণ ঢাকা হলো পূর্ববাংলার রাজধানী। তারপর, ঢাকায় থিয়েটারচর্চায় আসে নবযুগ। সেই নবযুগের ইতিহাস-রচনার সময় বিভাগপূর্ব বাংলার ঢাকাকেন্দ্রিক থিয়েটারচর্চার পটভূমিকাকে বিস্মৃত হওয়া সম্ভব নয়।