দুই কিশোরী

কিশোরীর নাঙা পায়ে ইট-কাদা-বালি

কিশোরীর রাঙা পায়ে ঘাসের মিতালী

কিশোরীর ক্ষিপ্র হাতে মারণাস্ত্র প্রীতি

কিশোরীর কচি হাতে নীল প্রজাপতি

কিশোরীর রুক্ষ চুলে ছিন্নভিন্ন ছবি

কিশোরীর খোলা চুলে মেঘের পৃথিবী

কিশোরীর লাল চোখে ক্ষুধা তৃষ্ণা ত্রাস

কিশোরীর কালো চোখে সৃষ্টির উল্লাস

কিশোরীর ধ্বস্ত ঠোঁটে নিষ্পাপ পতিতা

কিশোরীর নম্র ঠোঁটে নিটোল কবিতা

কিশোরীর তপ্ত বুকে মৃত্যু অশ্রু ঝড়

কিশোরীর উপ্ত বুকে স্বপ্ন দিনভর

কিশোরীর ম্লান মুখে নক্ষত্রের ছল

কিশোরীর হাসি মুখে জোছনার ঢল

কিশোরীর খর্ব দেহে বিষ হলাহল

কিশোরীর সর্ব দেহে রোদ বৃষ্টি জল

Published :


Comments

Leave a Reply