এটা তিন হাজার উনত্রিশ খ্রিষ্টাব্দ
আজ থেকে প্রায় হাজার বছর আগে,
কোলকাতা নামে একটি শহর ছিল
সে-কথা এখন ভেবেই অবাক লাগে!
কোলকাতা সেই যেখানে একসময়
সেখানে এখন ভেঙে পড়া ইট-কাঠ –
জ্যোৎস্না পড়েছে পুরোনো ধ্বংসস্তূপে,
ভাঙা ঘর পাশে পরিত্যক্ত মাঠ।
কোলকাতা নিয়ে কিংবদন্তি আছে
রটেছে নানান ভৌতিক উপকথা,
ধ্বংসপ্রাপ্ত জনহীন প্রান্তরে
কোনো রাতে নাকি জেগে ওঠে কোলকাতা।
যেখানে শহর ছিল সেই প্রান্তরে
আজকেও নাকি নগরবাসীরা আসে –
ভুলতে পারেনি শরীর মিলিয়ে গেছে
বাতাসে তাদের ফিসফিস কথা ভাসে।
এ-দৃশ্য নাকি অনেকেরই চোখে দেখা
যে-রাতে ভীষণ বিদ্যুৎ ঝলকায় –
তারা যেন খুব অট্টহাস্য করে
দলবেঁধে যেন কারা হাঁটে পায়ে পায়ে।
অথবা কখনো দারুণ শীতের রাতে
ভগ্নস্তূপে যেন আলো জ্বলে ওঠে,
দেশলাই জ্বলে গয়নার মৃদু শব্দ
ভাঙা সিঁড়ি দিয়ে কারা যেন এসে ওঠে;
আগাছায় ঘেরা একটি জীর্ণ মঞ্চে
মঞ্চের ওপর কারা অভিনয় করে?
ভাঙাচোরা এক শিক্ষাকেন্দ্রে যেন
কোনো কোনো ঘরে টেবিল-চেয়ার নড়ে।
হেলে থাকা এক প্রাসাদকক্ষে রাতে
মদ্যপান বা আমোদ-প্রমোদ চলে,
ধসে যাওয়া এক নন্দন কেন্দ্রেও
গভীর রাত্রে কে যেন কবিতা বলে।
যেসব রাত্রে ঝড় ওঠে বাজ পড়ে
শুভ্র পোশাকে কে যেন মিলিয়ে যায়,
ফের জেগে ওঠে ঘুমন্ত জনপদ
ঘোর বর্ষণ বিদ্যুৎ চমকায়!
আসলে এসব অধিকাংশই গল্প
যা রটেছে সব মানুষের মুখে মুখে –
কোলকাতাবাসী এখনো ভুলতে পারেনি
কেটে গেছে কত দিন-রাত সুখে-দুখে।
তবুও এখনও তারা আসে জেগে ওঠে
কোনো কোনো দিন গভীর অন্ধকারে –
ওরা নিজেদের মতো ওইখানে থাকে
ধ্বংসপ্রাপ্ত জনহীন প্রান্তরে।

Leave a Reply
You must be logged in to post a comment.