আমাদের চারপাশে জীবনের প্রায় প্রতি ক্ষেত্রে যে-দুর্দশা, যে-অবক্ষয় দেখা দিয়েছে তার মাঝে কারো গুণাবলির কথা বলতে গেলে এই ভেবে ভয় হয়, পাছে কেউ সেগুলোকে রূপকথার গল্পকাহিনী বলে মনে করে বসে।
একটি গাছে ফল ধরতে এমনকী একটি ফুল ফুটতেও অনেক সময় লাগে। আর সেজন্য চাই যত্ন-পরিচর্যা, অপেক্ষা অর্থাৎ ধৈর্য। কিন্তু আমাদের বর্তমানে ডট কম সভ্যতার যুগে সবকিছুতে এবং সবকাজে আছে অদ্ভুত এক দ্রুতগতি, যেন সবার সময়ের বড়ই অভাব। দ্রুততাই যেন সব কাজের একমাত্র মাননির্ধারক। এর ফলে আমাদেরও স্বভাব হয়ে গেছে অস্থির আর এই অস্থিরতার ব্যাপক প্রভাব পড়েছে জীবনের নানা কাজে। আক্রান্ত হয়েছে ললিতকলা, যেমন সংগীত। সবাই মিলে সংগীতকে আমরা রূপান্তরিত করেছি শুধুমাত্র এক-দেখার বস্তুতে।
এই প্রেক্ষাপটে নীলুফার ইয়াসমীনের স্মৃতিচারণ সংগীতের এক মূর্ত প্রতীকের সঙ্গেই যেন আলাপচারিতা। নীলার ভেতরে যে-এক বিশাল সংগীতপ্রতিভা ঘুমিয়েছিল, তা সঠিক উপলব্ধি করতে পেরেছিলেন আমার দু-বড়বোন ফরিদা ইয়াসমীন ও ফওজিয়া ইয়াসমীনের সংগীতের গৃহশিক্ষক শ্রী দুর্গাপ্রসাদ রায়, যিনি ছিলেন ঢাকা বেতারের একজন স্বনামখ্যাত সেতার শিল্পী। উনি ছোটবেলায় নীলার গান শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, পরবর্তীকালে চব্বিশ পরগনা থেকে ফরিদা ইয়াসমীনের রেডিওতে গান শুনে একটি পোস্টকার্ডে চিঠি লিখেন। তাতে নীলার কথা উল্লেখ করে বলেন যে, তোমার ছোটবোনটাকে (নীলাকে) ক্লাসিক্যাল সংগীত শিখিও, ও খুব ভালো শিল্পী হবে।
আমার বেশ মনে আছে যে, মাত্র ছয় বছর বয়সে নীলা নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন কট্ন মিলসের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজে হারমোনিয়াম বাজিয়ে ‘আমি ভয় করবো না ভয় করবো না’ রবীন্দ্রসংগীতটি গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে দিয়েছিল। আশ্চর্য হলেও সত্য যে,ওর গাওয়া ওই প্রথম গানের প্রথম পঙ্ক্তিই তার পরবর্তী জীবনে প্রতিটি পদক্ষেপে চালিকাশক্তি হয়ে রইল। যেন বুনে দিল মনে সাহসের বীজ। আর ওই বীজই রূপ নিল এক মহীরুহে, যা ২০০৩ সালের ১০ মার্চের রাতের প্রথম প্রহর পর্যন্ত তাকে জীবনের সঙ্গে যুদ্ধ করতে শক্তি জোগালো।
সংগীতে নীলার ছিল একাগ্রতা এবং অপরিসীম ভক্তি। এখনকার শিল্পীদের মতো নামের মোহের জন্য ছোটাছুটি করা ছিল ওর কল্পনার বাইরে। গ্ল্যামার যে একজন সংগীতসাধকের জীবনে একেবারেই অপ্রয়োজনীয়, তা ও প্রমাণ করে গেছে। তাই শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গের সংগীতসমাজেও তার আছে এক উচ্চস্থান। নিজে গান শিখে, গান শিখিয়ে এবং গান গেয়ে লাভ করত পরিতৃপ্তি। পঞ্চকবির গানে সে এনে দিয়েছিল এক শুদ্ধ স্বাদ। নজরুলের শ্যামাসংগীত এবং কীর্তনকে চিনিয়েছিল শ্রোতাদের মাঝে।
অন্যের গুণের প্রশংসায় নীলা ছিল একান্তভাবে উদার, তা সে যে-কোনো দিককার হোক না কেন। কলকাতায় কোনো-এক অনুষ্ঠানে অমর্ত্য সেনের বক্তৃতা শুনে এসে উচ্ছ্বসিত হয়ে আমাকে সে-কথা বলেছিল। অন্যদিকে কেউ তার সামনে বা আড়ালে তার প্রশংসা করলে, সে লজ্জায় অধোবদন হয়ে শুধু মৃদু হাসত। বিনয় এবং বিনম্রতা ছিল তার চরিত্রের বহু গুণের মধ্যে প্রধান দুটি। ঠিক একইভাবে অন্যের কষ্টে সহমর্মিতায় আপ্লুত হয়ে যেত। নিজের শরীরের যখন খুব করুণ অবস্থা, তখনো কার কথা যেন বলতে বলতে যোগ করেছিল যে, সবারই কিছু-না-কিছু কষ্ট আছে। আমি তো ওর সামনে বসে একথা শুনে হতবাক। নীলার জীবনে আমি ছিলাম ওর বন্ধু, অভিভাবক – যার ওপরে যে-কোনো ধরনের সমস্যায় বা কাজে ও নিশ্চিন্তে নির্ভর করতে পারত। মনে হতো যেন আমার ওপর ওর বিশেষ অধিকার আছে, সেখানে কোনো বাধারই স্থান নেই। ওর অত্যন্ত কঠিন শারীরিক অবস্থায় আমি সবসময়ে আক্ষরিক অর্থেই ওর পাশে ছিলাম। ওর নাম ধরে শেষ ডাকও ডেকেছি আমিই, বারডেম হাসপাতালে। ওর বাঁ-কানের খুব কাছে মুখ নিয়ে গিয়ে চতুর্থবার ডাকার পর উঁ বলে উত্তরও দিয়েছিল আমাকে।
নীলা চলে যাবার পরে কয়েকটি অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছিল আমার, যেগুলো বুদ্ধি বা যুক্তি দিয়ে খণ্ডন করা কঠিন। এতে আমার এক বিচিত্র মিশ্র অনুভূতি হয়েছিল। কিছুটা অস্থির হয়ে একজনকে ব্যাখ্যা করতে বলায় আমার ওই বিশেষ বন্ধু বললেন যে, এসবের তো সঠিক কোনো ব্যাখ্যা নেই। তবে বলা যায় যে, তোমরা দুজনে ংড়ঁষ সধঃব ছিলে এবং এখনো আছ। ভাবলাম হয়তো-বা তাই।
অনেক বছর একটানা বিদেশে থাকার কারণে নীলার সংগীত সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। প্রথম প্রথম এসে একদিন কোনো কারণ ছাড়াই টিভি খুলে দেখি ও গাইছে নজরুলগীতি, বৈশাখের ওপরে। খুব আনন্দমিশ্রিত এক আবেগে আশ্চর্যও হয়ে গেলাম দু-কারণে। এক, এর আগে কোনোদিন নজরুলের লেখা বৈশাখের গান শুনিনি, বৈশাখকে নিয়ে লেখা গান বলতে রবিঠাকুরের গানগুলোর কথাই জানা ছিল। আরেক, নীলা যে এমন দরদী গায়িকা যার সুরে প্রকাশভঙ্গি এমনই যে, আমার মনে হচ্ছিল, গায়িকা বাণী ও সুরে অবগাহন করেছে নিজের অস্তিত্বকে সম্পূর্ণ ভুলে গিয়ে। উপলব্ধি করলাম, বহুকালের নিরলস সাধনার ফলই ওর এই গাওয়া।
ওর বাইরের শান্তশ্রীর সঙ্গে মিলিয়ে সংগীতের কারণেই ও নিজের মনমেজাজের প্রশান্তিও বজায় রাখত বহু প্রতিকূলতা সত্ত্বেও। শুধু এর সঙ্গে অমিল ছিল ওর ভেতরের সুরসিক মনটার অর্থাৎ বাইরে থেকে বোঝার উপায় ছিল না যে, ও কত আনন্দ করতে পারে, লোকজনকে হাসাতে পারে। একবার আমাদের পাঁচবোনকে নিয়ে টিভিতে একটা প্রোগ্রামের পরিকল্পনা হচ্ছিল, তখন আমরা কেউ কেউ চিন্তা করছিলাম যে, এ ধরনের অনুষ্ঠানের উপযুক্ত নাম কী হতে পারে। শান্ত চেহারায় অনেকক্ষণ চুপ করে থেকে নীলা বলে উঠল, ‘সহজ, নাম হতে পারে পাঁচ ফোড়ন।’ সবাই অট্টহাসিতে ফেটে পড়েছিল। এ ধরনের রসিকতায় নীলা বেশ দক্ষ ছিল। কে কী হাসির কথা বলল, কেমন করে বলল – এসব ঘটনা ওর স্টকে অনেক ছিল।
সবাইকে খুব অল্পসময়ে আপন করে নেয়ার ওর এক আশ্চর্য ক্ষমতা ছিল। ওর কলকাতার বন্ধুরা এবারও সেদিন ২৩ ফেব্রুয়ারির বেঙ্গল ফাউন্ডেশনের অনুষ্ঠানে তাদের নীলার সঙ্গে প্রথম আলাপের স্মৃতি রোমন্থন করে সে-কথাই আবার বলে গেল। আমাদের এখানেও ওর এই চারিত্রিক গুণাবলির ভক্তের অভাব নেই। গুণী, নিরহঙ্কারী মানুষটা রেখে গেছে একজন সংগীতশিল্পী এবং উচ্চ বোধসম্পন্ন ব্যক্তির এক আদর্শরূপ। নীলা ওর ছ-সাত বছর বয়সে ওই নারায়ণগঞ্জেই এক সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিঠাকুরের ডাকঘর নাটকে সুধার চরিত্রে চমৎকার অভিনয় করেছিল। অমলকে জানিয়ে দিতে বলেছিল যে, সুধা তাকে ভোলেনি। নীলুফার ইয়াসমীন শিল্পীকে এবং মানুষটাকে কেউ ভোলেনি, ভুলবেও না।

Leave a Reply
You must be logged in to post a comment.