মুক্তিযুদ্ধের সাহিত্য

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় জীবনে অপরিমেয় ত্যাগ, প্রতিবাদ, বিক্ষোভ ও সাফল্যের সূর্যোদয়ে গৌরবময়। ইতিহাসের যে-গতিশীল ও দ্বন্দ্বময় ধারা পলাশীর বিপর্যয় (১৭৫৭), সিপাহি বিদ্রোহ (১৮৫৭), কংগ্রেস ও মুসলিম লীগের প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিভেদের রাজনীতি, পাকিস্তান-আন্দোলন, ১৯৪৭-এর অসংগত রাজনৈতিক মীমাংসা, ভাষা-আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান প্রভৃতি ঘটনাক্রমের মধ্য দিয়ে প্রবাহিত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালি-জীবনে সেই ঐতিহাসিক নিয়মেই চরম পরীক্ষা। এই পরীক্ষায় সামূহিক অস্তিত্বের প্রশ্নে সমগ্র জাতি এক অভিন্ন বিন্দুতে মিলিত হয় এবং নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি তার আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতাকে করতলগত করে। সুদীর্ঘকালের ঔপনিবেশিক শাসন-শোষণ ও নিপীড়নের ফলে জাতির সৃষ্টিশীল চেতনায় যে-ক্ষোভ, প্রতিবাদ, রক্তক্ষরণ, সংগ্রামশীল জীবনদৃষ্টি এবং ভবিষ্যৎস্পর্শী কল্পনার জন্ম হয়েছিল, যুদ্ধের রক্তাক্ত অভিজ্ঞতা ও সাফল্যে তার গঠনমূলক রূপান্তরের পথ সুপ্রশস্ত হয়।স্বাভাবিকভাবেই যুদ্ধোত্তরকালে বাংলাদেশের সামগ্রিক জীবনকাঠামোতে গুণগত পরিবর্তন ছিল প্রত্যাশিত, প্রয়োজনীয়; কিন্তু রক্তাক্ত যুদ্ধের অভিজ্ঞতায় সমৃদ্ধ জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তনের গতি অল্প কিছুকালের মধ্যেই হয়ে পড়ল অবরুদ্ধ, রক্তাক্ত। কেবল পরিমাণগত পার্থক্য ছাড়া পাক-আমলের আর্থ-সামাজিক কাঠামোর কোনো গুণগত পরিবর্তন জাতীয় জীবনে ঘটেনি। স্বাধীনতা-উত্তর কয়েক বছরের মধ্যেই, ১৯৭৫-পরবর্তীকালে, জাতিশোষণ রূপ নিল শ্রেণীশোষণে, পরিবর্তিত কৌশলে সামরিক শাসন নিয়ন্ত্রণ করল রাষ্ট্রযন্ত্র, স্তব্ধ করা হলো সত্যকণ্ঠ। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা জাতির চিন্তা-চেতনায়, মন ও মননে গভীর প্রভাব বিস্তার করেছিল নিঃসন্দেহে। বাঙালির প্রত্যাশার দিগন্ত হয়েছিল সুবিস্তৃত। কিন্তু যুদ্ধোত্তর কয়েক বছরের মধ্যেই জাতীয় চৈতন্যে প্রকাশ পেতে থাকল পরাজয়ক্লিষ্টতা। মনে হলো, ‘অতীত যেন বিদ্রƒপ করছে, বর্তমান হয়ে উঠেছে পাণ্ডুর, নির্ভর-অযোগ্য। জাতিসত্তা পুনরায় নিক্ষিপ্ত হলো অতীত গর্ভে, বারুদ দিয়ে উড়িয়ে দেয়া হলো মূল্যবোধের স্তম্ভগুলি, গণতন্ত্র হলো সমরাস্ত্রশাসিত, জাতিশোষণ রূপান্তরিত হলো শ্রেণীশোষণে, সহস্র কোটিপতির রসদ-সরবরাহে আমাদের অস্তিত্বমূল শুকিয়ে গেল। রাজনৈতিক মঞ্চে আবির্ভূত হলো ছিন্নমূল সব ভাড়াটে কুশীলব, ছদ্মবেশের আড়ালে দেখা গেল তাদের অতীত কঙ্কাল।’ জাতীয়    অস্তিত্বের এই বিবর্ণ পটভূমিতে বাংলাদেশের সৃষ্টিশীল জীবনস্পর্শী চেতনালোক হয়েছে ক্ষতবিক্ষত, রক্তাক্ত। ফলে, স্থূল-অর্থে স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশে সাহিত্যে বিভাগোত্তর কাল অপেক্ষা একটি নতুন বিষয় সংযোজিত হয়েছে। সে-বিষয়টি হলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। কিন্তু গভীরতর অর্থে, চেতনার পরিমাপে মুক্তিযুদ্ধ একটি ব্যাপক এবং বহুমাত্রিক রূপ ও স্বরূপে স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাহিত্যে অভিব্যক্ত হয়েছে।

দুই

উনিশশ একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের কবিতার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন-সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, এটা স্বাভাবিক ও প্রত্যাশিত ছিল। দীর্ঘ রক্তাক্ত সংগ্রামের অভিজ্ঞতা, স্বাধীন মানচিত্র, নিজস্ব পতাকা সর্বোপরি সমাজের গুণগত পরিবর্তনের সমূহ সম্ভাবনায় সংবেদনশীল কবিচৈতন্য স্বভাবতই নবতর কাব্যবস্তু সন্ধানে তৎপর হবে। কিন্তু বিস্ময়ের সঙ্গে আমরা লক্ষ করলাম, বাংলাদেশের কাব্যস্বভাবে সূচিত হয়েছে এক জটিল জঙ্গম, যুদ্ধের অভিজ্ঞতায় পূর্ববর্তী সময়-পরম্পরায় কবিগোষ্ঠীসমূহ কাব্যোপকরণের প্রশ্নে প্রায় অভিন্ন বিন্দুতে এসে মিলিত হয়েছে। একটা সামাজিক চরিত্রও বাংলাদেশের কবিতা এ-সময়ে অর্জন করে। ভাষা-আন্দোলনের অব্যবহিত পরে অনেকটা এইরূপ পরিস্থিতির সৃষ্টি হলেও ব্যক্তিসত্তার নব্যবিকাশের সম্ভাবনায় অনেক কবিই সামাজিক বক্তব্যপ্রকাশের প্রশ্নে ব্যক্তিরুচিকেই প্রাধান্য দিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সংরক্ত চেতনা, গণতন্ত্রায়ন ও শিল্পায়নের অবাধ বিকাশের সম্ভাবনায় নবগঠিত রাষ্ট্রসত্তায় ব্যক্তির আকাশচুম্বী স্বপ্ন একটা সামষ্টিক চরিত্র নিয়ে আত্মপ্রকাশ করে। ফলে ষাটের দশকের শেষার্ধে উদ্ভূত অনেক কবি এবং সমকালীন সামাজিক রাজনৈতিক জঙ্গমতার মধ্যে আত্মপ্রকাশকামী তরুণ কবিদের মধ্যে কখনো কখনো চেতনাগত ঐক্য সুস্পষ্ট হয়ে ওঠে। যুদ্ধোত্তরকালের নবোদ্ভূত কবিদের রক্তিম জীবনাবেগ, সদ্য স্বাধীন দেশের বাস্তবতায় সীমাতিরিক্ত প্রত্যাশা ও অবশ্যম্ভাবী ব্যর্থতাবোধ, প্রেম ও নিসর্গভাবনায় প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসার প্রবণতা প্রভৃতি একটা সামাজিক রূপ লাভ করে। ষাটের দশকের অনেক কবি স্ব-উদ্ভাবিত পরিণত আঙ্গিকে অভিন্ন কাব্যবস্তুকেই যেন প্রকাশ করলেন। ফলে তরুণ কবিদের স্বতন্ত্র কাব্যস্বর অনেকের কাছেই অনুক্ত থেকে গেল। এমনকী, পঞ্চাশের দশকের শামসুর রাহমান, হাসান হাফিজুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরী এবং ষাটের দশকের অধিকাংশ কবিই নিজস্ব কাব্য-অবয়বে সমকালের সংরক্ত চেতনা ধারণ করলেন। ষাটের দশকের শেষদিকে আবির্ভূত বেশ কয়েকজন কবি এ-সময়ে আত্মপ্রকাশের তীব্রতায়, ব্যক্তি ও সমষ্টির নির্বাধ আবেগজীবন উন্মোচনের ঐকান্তিকতায় এবং দেশপ্রেমের জনরঞ্জক কাব্যকলা-সৃষ্টিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেন।

  বাংলাদেশ ভূখণ্ডে আধুনিক কবিতার সূত্রপাত বিশ শতকের চল্লিশের দশকে। কলকাতা কেন্দ্রিক মধ্যবিত্তের আবেগ-জীবনের যে-তীব্র আত্মপ্রকাশ তিরিশের দশকের বাংলা কবিতায় লক্ষ করি, সেখানে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সমাজ-চৈতন্য ও ব্যক্তি-অস্তিত্বের পাশাপাশি কলোনিয়াল মধ্যবিত্তের ব্যর্থতাবোধ পালন করেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। রূপান্তরহীন সমাজ-কাঠামোতে ব্যক্তির আত্মপ্রকাশ যে কতটা বেদনাদীর্ণ, নিঃসঙ্গ ও আত্মরতিপ্রবণ হতে পারে, তিরিশের দশকের অনেকের কবিতায় তা সুস্পষ্ট। ঐতিহ্য, পুরাণ, নিসর্গলোক প্রভৃতির মধ্যে তিরিশের কবিরা আত্মরোমন্থনের ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। তবে বাংলা কবিতার ইতিহাসে দুই বিশ্বযুদ্ধ-মধ্যবর্তী সময়কে মানবীয় সংবেদনের এক চিরায়ত বৈশিষ্ট্যের শিল্প-ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা যায়। এর কারণ ঔপনিবেশিক সমাজের মধ্যবিত্তের ব্যর্থতাবোধ, ব্যক্তিক ও সামষ্টিক আত্মমুক্তির আকাক্সক্ষা এই সময়ের কবিতায় শতধারায় উৎসারিত হয়েছিল। জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে এবং অমিয় চক্রবর্তী অভিন্ন সময়ের গর্ভ থেকে স্বতন্ত্র ব্যক্তিসত্তা ও শিল্পরুচির জন্ম দিয়েছিলেন। রবীন্দ্রোত্তর বাংলা কবিতার এই আয়োজন পরবর্তী কাব্যধারায় দূরসঞ্চারী ভূমিকা পালন করে। সময়ের বিবর্তনে এইসব কবির কাব্যবস্তুর পরিবর্তন চল্লিশের দশকের সমর সেন, সুভাষ মুখোপাধ্যায় এবং সুকান্ত ভট্টাচার্যের সমাজ ও রাজনৈতিক চেতনানির্ভর কবিতা-নির্মাণের পটভূমি হিসেবে কাজ করেছে।

চল্লিশের দশকে বাংলাদেশ ভূখণ্ডের যে নবতর অভিযাত্রার সূত্রপাত, সেখানেও ব্যক্তির স্বাবলম্বী আত্মপ্রকাশের তীব্রতা মুখ্য হয়ে উঠেছে। আহসান হাবীব, ফররুখ আহমদ, আবুল হোসেন, সৈয়দ আলী আহসান প্রমুখ কবি চেতনা ও সৃষ্টিতে নতুন কাব্যবস্তুর ধারক হওয়া সত্ত্বেও তাঁদের সৃজন-মননের ভিত্তি প্রস্তুত হয়েছিল উপনিবেশিত মধ্যবিত্তের সাংস্কৃতিক রাজধানী কলকাতায়। বাঙালি মুসলিম মধ্যবিত্তের স্বাবলম্বী ও অহংবোধসম্পন্ন যে-কাব্যযাত্রার দিকনির্দেশনা নজরুল ইসলাম থেকে সূচিত হয়, বাংলাদেশ ভূখণ্ডের কবিতায় অনিবার্যভাবেই তার অন্তরঙ্গঅঙ্গীকার সুষ্পষ্ট হয়ে ওঠে। কিন্তু বোধ-বোধি এবং শিল্পরীতি এক জিনিস নয়। নজরুলের অভিন্ন বোধকেই চল্লিশের কবিরা সময়োপযোগী কাব্যবস্তুর উপযোগী করতে সক্ষম হলেন। আহসান হাবীবের কবিতায় প্রাধান্য পেল সমাজের মাত্রা, আবুল হোসেনের কবিতায় ব্যক্তির মাত্রা, ফররুখ আহমদ রোম্যান্টিক ঐতিহ্যলোকে সন্ধান করলেন সমকালের উজ্জীবনমন্ত্র এবং সৈয়দ আলী আহসানও অনেকটা পুঁথি সাহিত্যের লোকায়ত অনুভূতিগুলোকে সমকালীন সমাজমানসের অনুকূলে বিন্যস্ত করলেন। উনিশশ সাতচল্লিশ সালের দেশ-বিভাগ এইসব কবির মানসজগতে স্বাভাবিকভাবেই এক স্বপ্নময় প্রত্যাশার জন্ম দিয়েছিল। কিন্তু পাকিস্তানের নয়া ঔপনিবেশিক শাসন-শোষণ-নিপীড়ন বাংলাভাষা ও সাহিত্যের প্রতি অশ্রদ্ধা অতি দ্রুত মোহভঙ্গের কারণ হয়ে ওঠে। উনিশশ আটচল্লিশ সাল থেকে সূচিত ভাষা-আন্দোলন ও তার রক্তাক্ত পরিণতি বাংলাদেশের কবিতাকে বাংলা কবিতার প্রচলিত ধারা থেকে স্বতন্ত্র ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে। এভাবেই ভাষা-আন্দোলন বাংলাদেশের কবিতার স্বতন্ত্র, স্বাবলম্বী এবং অস্তিত্বময় পটভূমি প্রস্তুত করে দেয়।

 ষাটের দশকের কবিদের মধ্যে সিকদার আমিনুল হক, রফিক আজাদ, মোহাম্মদ রফিক, মহাদেব সাহা, আবদুল মান্নান সৈয়দ, নির্মলেন্দু গুণ, আবুল হাসান প্রমুখ পঞ্চাশের দশকের কবিতার বিপ্রতীপ এক নতুন ধারার সৃষ্টি করলেন। পঞ্চাশের কবিরা যেখানে সমকালীন জীবনাবেগ রূপায়ণের প্রতি ঐকান্তিক এবং সমাজ ও সমষ্টি-সংলগ্ন, সেখানে ষাটের দশকে উদ্ভূত কবিরা সমকালের আন্দোলন-সংঘাত-রক্তপাত ও উজ্জীবনের পটভূমিতে বিস্ময়করভাবে বহির্জগত-বিমুখ, আত্মমগ্ন এবং পলায়নপর। মনে রাখা প্রয়োজন, ষাটের দশকের কবিদের সামনে স্ব^প্ন অথবা পলায়ন – এ-দুয়ের কোনো বিকল্প ছিল না। তাঁদের চারপাশে ছিল বন্দিমুহূর্ত, অলঙ্ঘ্য দেয়াল, অবরুদ্ধ সমাজ এবং সমাজ-গঠনের জটিলতম রূপ। ফলে সময়ের নখরবিক্ষত এসকল কবি কবিতার পূর্বতন ধারা থেকে বেরিয়ে এসে এক নতুন জগৎসৃষ্টিতে মনোযোগী হলেন। ষাটের দশকের উপান্তে নির্মলেন্দু গুণের সমাজ ও রাজনীতিমনস্কতা, আবুল হাসানের ব্যক্তির আত্মরতি, নৈঃসঙ্গ্য ও আত্মহননেচ্ছা এবং মোহাম্মদ নূরুল হুদার ঐতিহ্যমনস্কতা সমাজ-চৈতন্যের ত্রিমুখী প্রান্তকে অভিন্ন বিন্দুতে সমন্বিত করার প্রবণতায় বিশিষ্ট। কিন্তু চল্লিশ, পঞ্চাশ এবং ষাটের দশকের কবিদের মধ্যে গঠনমান মধ্যবিত্তের আত্মপ্রতিষ্ঠার তীব্র প্রচেষ্টার প্রতিফলন ঘটেছিল। ফলে প্রত্যেক কবির মধ্যেই এক ধরনের স্বাবলম্বী কাব্যবস্তু-নির্মাণের প্রয়াস সুস্পষ্ট হয়ে ওঠে। আমরা জানি, প্রত্যেক কবিরই একটা নিজস্ব দর্শন থাকে, সামাজিক অঙ্গীকার থাকে। সময়ের বিবর্তন-পরম্পরার মধ্য দিয়ে তার দর্শন ও সামাজিক অঙ্গীকারকে কবিতায় প্রকাশ করেন। ষাটের দশকের কবিরা তাঁদের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, কাব্যরুচি ও কাব্যভাষা নিয়ে পূর্বতন কবিদের দর্শন ও সামাজিক অঙ্গীকারকে অতিক্রম করতে চেয়েছিলেন। এখানে উল্লেখ্য যে, কাজী নজরুল ইসলামের সামাজিক অঙ্গীকার এবং জীবনানন্দ দাশের স্মৃতি, নিসর্গলোক এবং বিমূর্ত প্রেমাকাক্সক্ষার স্পন্দন পঞ্চাশের দশকের কবিতার দুই প্রধান প্রবাহ হিসেবে গৃহীত হয়েছিল। এ সত্ত্বেও এ-সময়ের কবিরা স্ব-সমাজ ও জীবনের অভিজ্ঞতা থেকে কবিতার জন্য নতুন ভূমিতল ও অনিবার্য প্রকরণসৃষ্টিতে সচেষ্ট হয়েছিলেন। বায়ান্নর ভাষা-আন্দোলনের মধ্য দিয়ে কবিদের সামাজিক দায়বদ্ধতা রাজনীতিক সচেতনতায় রূপান্তরিত হয়েছিল। ষাটের দশকের কবিরা পূর্বসূরিদের প্রচলিত পথ ও পন্থাকে সচেতনভাবে অতিক্রম করতে চেয়েছিলেন। শৃঙ্খলিত সমাজ, উত্তরণ সম্ভাবনাহীন জীবন ও জীবিকা, প্রেমের প্রথাগত ধ্যান-ধারণায় অবিশ্বাস এবং স্মৃতি ও স্বপ্নের জগতে বসবাসের নিরাপত্তাবোধ এ-সময়ের কবিকে নতুন বিষয়-সন্ধানে উদ্যোগী করে তোলে। ষাটের দশকের শেষার্ধে আবির্ভূত বেশ কয়েকজন কবি স্বাধীনতাযুদ্ধের অব্যবহিত আগে ও পরে আত্মপ্রকাশের তীব্রতায়, ব্যক্তি ও সমষ্টির আবেগ-জীবন উন্মোচনের ঐকান্তিকতায় এবং দেশপ্রেমের জনরঞ্জক কাব্যকলাসৃষ্টিতে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেন। তাঁদের মধ্যে আসাদ চৌধুরী, মাহমুদ আল জামান, হুমায়ুন কবির, হুমায়ুন আজাদ, সানাউল হক খান, হাবীবুল্লাহ সিরাজী, জাহিদুল হক, অসীম সাহা, সাজ্জাদ কাদির, মাহবুব সাদিক, হেলাল হাফিজ প্রমুখ উল্লেখযোগ্য। এইসব কবির মুক্তিযুদ্ধ-পূর্ববর্তী কবিতায় আমরা লক্ষ করব সমাজসত্তা ও ব্যক্তিসত্তার টানাপোড়েন, আত্মকেন্দ্রিকতার আতিশয্য, ব্যক্তিত্ববর্জিত আত্মরতি ও আত্ম-কুণ্ডলায়ন। তবে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত এই বোধগুলো যুদ্ধের অব্যবহিত পরে গৌণ হয়ে পড়ে তাঁদের কবিতায়। এ-সময়ে তাঁদের যে-স্বভাবধর্ম সুস্পষ্ট হতে থাকে, তা হলো – সঙ্ঘচেতনা ও সংগ্রামের প্রশ্নে সমষ্টিলগ্ন মানসিকতা, নাগরিক অনুভূতি প্রকাশের ক্ষেত্রে দ্বিধা এবং প্রায়শই স্মৃতি, নস্টালজিয়া, নিসর্গ ও গ্রামজীবনের প্রতি আকর্ষণ। এইসব বহুমুখী বোধের আলোড়ন এ-সময়ে দু-একজন ছাড়া সকলকেই একটা উৎকেন্দ্রিক কাব্যস্বভাবে চিহ্নিত করে। বরং রফিক আজাদ, মোহাম্মদ রফিক, নির্মলেন্দু গুণ এবং আবুল হাসান যুদ্ধের অব্যবহিত পরে সমাজ, রাজনীতি এবং ব্যক্তিস্বভাবের বহুমুখী সত্যকে যেভাবে কবিতায় রূপদান করলেন, মুক্তিযুদ্ধোত্তর সংরক্ত চেতনা ও জীবনাবেগের জঙ্গমতায় তার ভূমিকা সুদূরপ্রসারী। এমনকী, চল্লিশের দশকের আহসান হাবীব, পঞ্চাশের শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক এবং শহীদ কাদরীও যুদ্ধোত্তরকালে কবিতার ভাব ও রূপের অনিবার্য রূপান্তর সম্পর্কে সচেতন হলেন। সংগত কারণেই পূর্বসূরিদের পরিণত, প্রাজ্ঞবোধের রূপান্তর মুক্তিযুদ্ধ-পরবর্তী কাব্যচেতনার ভূমিতলকে যে-পরিপুষ্টতা দান করল, যুদ্ধোত্তর-পর্বের নতুন কবিদের স্বাবলম্ব কাব্যযাত্রার স্বীকৃতির ক্ষেত্র তাতে বহুলাংশে বাধাগ্রস্ত হয়। কিন্তু এ-সময়ের অধিকাংশ তরুণ কবিই যুদ্ধের সংরক্ত বাস্তব অভিজ্ঞতায় ঋদ্ধ, ধাতব অস্ত্রের ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতন, প্রেম ও সংগ্রামের দ্বৈরথকে অভিন্ন চৈতন্যের মর্মমূলে স্থাপন করতে সক্ষম ছিলেন। অথচ এ-সময়ের অনেকেই একটি সত্য-অনুধাবনে ব্যর্থতার পরিচয় দিলেন, তা হলো – কবিতার যুগান্তরের মানদণ্ড যতটা বিষয়নির্ভর তার চেয়ে অনেক বেশি প্রকরণগত। যুদ্ধোত্তর চেতনার জঙ্গমতা ও বহুমাত্রিকতার রূপায়ণে কবিতার চধৎধফরমস-এর যে-পরিবর্তন বাঞ্ছিত ছিল, অসংখ্য মৌলিক উচ্চারণে-বিশিষ্ট হওয়া সত্ত্বেও কোনো কবিই তাকে পুরোপুরি স্পর্শ করতে ব্যর্থ হলেন। যা অনুধাবন করতে সমর্থ হয়েছিলেন রফিক আজাদ, নির্মলেন্দু গুণ এবং আবুল হাসান। তবুও আমাদের মনে রাখতে হবে, একটা যুদ্ধবিধ্বস্ত, সংগ্রামক্লান্ত এবং স্বজন হারানোর মর্মন্তুদ বেদনার অভিজ্ঞতা ও স্মৃতির বিদীর্ণ মনোভূমি নিয়েও এইসব কবি সংবেদনময় আত্মপ্রকাশের দুর্মর আকাক্সক্ষা লালন করেছেন।

মুক্তিযুদ্ধোত্তরকালে যে-সকল নতুন কবি আবির্ভূত হলেন, দ্বিধাহীন আত্মপ্রকাশ-আকাক্সক্ষা, সমাজ ও রাষ্ট্রের বস্তুগত পটপরিবর্তনের সুখবোধ এবং আনন্দানুভূতি অনেকের স্বপ্নলোককেই করে তুলল বস্তুসম্পর্করহিত। প্রেম ও সংগ্রামের দ্বৈরথ অগ্রজদের কারো কারো মতো এঁদেরকে আলোড়িত করেনি। বরং যুদ্ধোত্তর কয়েক বছরের মধ্যে জাতীয় জীবনের বিপর্যয়, মুক্তিযুদ্ধ-অর্জিত চেতনার ক্রমবিলীয়মান রূপ, পাকিস্তানি আমলের পরাজিত দৃষ্টিভঙ্গির পুনরুত্থান, সেনাতন্ত্রের বিকৃত মুখচ্ছবি, গণতন্ত্রের পরিবর্তে স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা, পরাজিত সাম্প্রদায়িকতার পুনরুজ্জীবনচেষ্টা এবং সংবিধানের মূলস্তম্ভগুলোর অপসারণ জাতীয় চৈতন্যকে নিক্ষেপ করে গভীর অন্ধকার ও অনিশ্চয়তা-গহ্বরে। এই পরিস্থিতিতে সংবেদনশীল কবিচৈতন্যের যে-প্রতিক্রিয়া, সমাজ ও সময়ের অন্তঃস্বর-অনুধাবনে তার তাৎপর্য অপরিসীম। এ-সময়ের কবিতায় প্রধানত যে-লক্ষণগুলো সুস্পষ্ট, তা হলো, রক্তাক্ত যুদ্ধের অভিজ্ঞতার সমান্তরালে ব্যক্তির আত্মপ্রকাশ ও আত্মপ্রতিষ্ঠার প্রতিযোগিতা। বৃহৎ ত্যাগের অনুভবে আত্মমুগ্ধ অবসন্ন চৈতন্যের বাস্তবতা-অতিরেক স্বপ্ন-কল্পনা। ব্যর্থতাবোধের দ্রুত সম্প্রসারণ। এ ব্যর্থতাবোধ ষাটের দশকীয় ব্যক্তিকেন্দ্রিক নয়, মূলত সমাজনির্ভর। প্রত্যাশা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গের নতুন চারিত্র্য। সংগ্রামী জীবনাকাক্সক্ষার নবতর মাত্রা। শ্রেণীবৈষম্য সম্পর্কে সজাগতা ও শ্রেণীসাম্য-প্রতিষ্ঠার আকাক্সক্ষা এবং এজন্য নবতর সংগ্রামের প্রস্তুতি। যতটা সরলরেখায় লক্ষণগুলো উপস্থাপিত হলো, কবিতায় তার রূপায়ণ অবশ্যই ততটা সরল-বক্ররেখায় চিহ্নিত নয়। যুদ্ধোত্তর প্রথম পর্বের কবিদের মধ্যে আবেগ ও যন্ত্রণার যে-তীব্রতা, সেখানে নিকট-অতীতের সংগ্রামশীল সংরক্ত চেতনা বিস্ময়করভাবে অনুপস্থিত। মনে হয়, সমাজ ও জীবনের অব্যাহত ভাঙন কবিতার সংহত নিপুণ অবয়বেও এনে দিয়েছে বিস্রস্ত, এলোমেলো ভাব। জীবনের এক পাড় ভেঙে অন্য পাড় গড়ে উঠবে, সভ্যতা শিল্পের ইতিহাসে এ-রূপ দেখে আমরা অভ্যস্ত। কিন্তু বাংলাদেশের সমাজ-বৈগুণ্য কেবল ভাঙনের অব্যাহত প্রক্রিয়াকেই ত্বরান্বিত করছে। সংগ্রামের ফল ব্যর্থতার কালো রঙে অবগুণ্ঠিত, প্রেম ও নারী সান্নিধ্যে নেই স্বস্তি – চিরপরিচিত নিসর্গলোকের শুশ্রƒষার পরিবর্তে ক্ষুণ্নিবৃত্তির সর্বগ্রাসী ছোবল মানুষকে টেনে নিচ্ছে উদ্বাস্তু স্বপ্নের মোহে।

স্বাধীনতা-উত্তর বিগত প্রায় তিন যুগের বাংলাদেশের কবিতা কেবল সামাজিক-রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করেই বিকাশ লাভ করেনি। ব্যক্তিসত্তা বিকাশের সম্ভাবনাময় ক্ষেত্রগুলোর উন্মোচন, মানবঅস্তিত্বের বহুমুখী সংকট আবিষ্কার, নব্য ঔপনিবেশিকতা ও পুঁজিবাদী বিশ্বের ছদ্মবেশী আগ্রাসনের বিরুদ্ধে শিল্প-প্রতিরোধ রচনা এবং গণতন্ত্র ও মুক্তচেতনা প্রতিষ্ঠার সংগ্রামে বিগত তিন যুগে আমাদের কবিরা যে-দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার তাৎপর্য অপরিসীম। কাব্যভাষার ব্যক্তিত্বচিহ্নিত প্রয়োগ কবির আত্মপ্রকাশকে করেছে স্বাবলম্বী।

ব্যক্তির অহং ও আত্মকেন্দ্রিকতার শব্দরূপ-নির্মাণে আমাদের কবিরা সবকালেই আত্মনিয়োগ করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের কবিতাকে বারবার ফিরে আসতে হয়েছে সমষ্টিজীবনের আঙিনায়। রাষ্ট্রীয় ও সামাজিক বাস্তবতাই প্রতিনিয়ত অনিবার্য করে তুলেছে আত্মসন্ধান ও সত্তাসন্ধানের প্রাসঙ্গিকতা। ইতিহাস পর্যালোচনা করলে বাংলাদেশের কবিতার যে মূল লক্ষণ সুস্পষ্ট হয়ে ওঠে, তা হলো, সামূহিক জীবনজিজ্ঞাসা। প্রত্যাশা, ব্যর্থতা কিংবা যন্ত্রণাও এখানে সমষ্টিলগ্ন। এর সঙ্গে যুক্ত হয়েছে স্বাধীনতা-উত্তর সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের বহুমুখী ভাঙা-গড়া, উত্থান-পতন।

ভাষা-আন্দোলনের চেতনাবীজ থেকে যে-কাব্যধারার সংরক্ত অভিযাত্রার সূত্রপাত, উনিশশ একাত্তরেও শেষ হলো না তার সংগ্রামী পথচলা। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, প্রগতি ও শ্রেণীসাম্যের প্রতিষ্ঠা এবং সকল প্রকার অপশাসন থেকে মুক্তির সম্ভাবনা নিয়ে যে-কবিতার যাত্রা সূচিত হয়েছিল, স্বাধীনতার এতকাল পরেও বাঙালি জীবনে সেইসব প্রত্যাশার বাস্তবায়ন হলো না। এই ট্র্যাজিক বাস্তবতাই বাংলাদেশের কবিতাকে তার মৌল স্বভাবে বারবার জাগ্রত করেছে। ফলে, আমাদের কবিতার রক্তাক্ত ও সংগ্রামী পথচলা এখনো অব্যাহত। বর্তমানে কাব্যভাষা ও রূপকল্পে বাংলাদেশের কবিতা যে-সম্পন্নতা অর্জন করেছে, তার ফলে বাঙালির শিল্প-সংগ্রামের চরিত্র হয়ে উঠেছে আরো তীব্র, তীক্ষè, গভীর ও ব্যঞ্জনাময়।

তিন

অগ্নিময় ও রক্তরঞ্জিত পশ্চাৎভূমি আর সম্ভাবনাদীপ্ত সম্মুখকল্পনা – যার মাঝখানে তরঙ্গমুখর জাতীয় পরিস্থিতির বিচিত্রমাত্রিক ক্রিয়া-প্রতিক্রিয়া। জীবনাবেগের এই সংরক্ত, তীব্র ও গভীর অন্তর্লক্ষণকে ধারণ করার মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্যকর্মের সাফল্যসূত্র। বিশেষ করে, কথাসাহিত্য বিবেচনার ক্ষেত্রে এই মূল্যমান অবশ্য প্রযোজ্য। কেননা, উপন্যাসের ক্ষেত্রে জীবনবোধের যে সমগ্রতাস্পর্শী স্বরূপসত্য প্রত্যাশিত, ছোটগল্পে সেখানে মাত্রা-প্রযুক্তির তারতম্য ঘটলেও জীবনাবেগ ও শিল্পাবেগের সমন্বয়ে সৃষ্ট এক সংহত নিপুণ শিল্পরূপ গল্পকারের অন্বিষ্ট। এই অন্বেষণ অবশ্যই জাতীয় জীবনের অন্তর্লীন বিবর্তনের নিগূঢ় নিয়মের সঙ্গে সম্পর্কযুক্ত। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র বাঙালির জাতীয় ইতিহাসের এক মহত্তম প্রাপ্তি। একজন মহৎ শিল্পীর কাছে সেই মানচিত্র বঙ্কিম-সরলরেখা ও কিছু নামের সমষ্টিমাত্র নয়, সামূহিক     অস্তিত্বের বিরলদৃষ্ট সংগ্রাম, আত্মত্যাগ, রক্তক্ষরণ এবং সাফল্যের চৈতন্যময় প্রকাশ।

 ১৯৭১ সালে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সমাজ সংগঠনে যে-রূপান্তর সাধিত হয়েছে, জাতীয় চেতনার গুণগত বিকাশের ক্ষেত্রে তার ভূমিকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আর্থ-সামাজিক কাঠামো এবং চেতনার এই বিবর্তনের পটভূমিতেই বিবেচ্য আমাদের কথাসাহিত্যের গতি-প্রকৃতি, স্বভাবধর্ম। একটা প্রলয়ঙ্করী পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষিত শিল্পীর পক্ষেই কেবল সম্ভব মুক্তিযুদ্ধের রক্তোজ্জ্বল চেতনার শিল্পরূপ নির্মাণ, কিন্তু মর্মন্তুদ হলেও সত্য যে, যুদ্ধরত সমগ্র জাতিসত্তার প্রাণস্পন্দনকে শিল্পমণ্ডিত করতে গেলে যে-গভীর জীবনাশক্তি এবং শৈল্পিক নিরাসক্তি প্রয়োজন, দু-একটি ব্যতিক্রমব্যতীত আমাদের সাহিত্যে সেই অনিবার্য সমন্বয় তেমন লক্ষ করা যায় না।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাসের সংখ্যা প্রচুর। কিন্তু অভিজ্ঞতা, অভিজ্ঞান ও জীবনবোধের সংশ্লেষ সেখানে দুর্লক্ষ্য। সম্ভবত বাস্তব অভিজ্ঞতার দৈন্য অথবা সমধ্যবিত্তের যুদ্ধোত্তর স্বপ্ন ও স্বপ্নভঙ্গ এই সীমাবদ্ধতার অন্যতম কারণ। তবে ঔপন্যাসিকের জীবনচেতনা ও সমাজবোধের গভীরতা কোনো কোনো উপন্যাসকে তীব্র, তীক্ষè, গূঢ়ভাষী শিল্পকর্মে পরিণত করেছে।

শহীদ আনোয়ার পাশার (১৯২৮-১৯৭১) রাইফেল রোটি আওরাত (১৯৭৩) আত্মজৈবনিক অভিজ্ঞতার বস্তুনিষ্ঠ শিল্পরূপ। উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন মাস। উপন্যাসের নায়ক সুদীপ্ত শাহীন প্রকৃতপক্ষে আনোয়ার পাশারই আত্মপ্রতিভাসের প্রতিচিত্র। পঁচিশে মার্চের সেই কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াল, নির্মম, জান্তব নখরাঘাতে ক্ষত-বিক্ষত সময়ের অনুপুঙ্খ উপস্থাপন ঘটেছে এই উপন্যাসে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে যে-অমানুষিক বর্বরতার তাণ্ডবলীলা চলেছিল, আনোয়ার পাশা বাস্তববাদী শিল্পীর নিরাসক্তিতে তাকে রূপদান করেছেন। সুদীপ্ত শাহীনের অভিজ্ঞতায় সেই বীভৎস, দীর্ণ নগ্নরূপ পাঠককে আতঙ্কিত ও শিহরিত করে বটে, কিন্তু প্রত্যক্ষ-অবলোকনের অবিকল উন্মোচন আমাদেরকে জীবনের এক বস্তুসত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের সংখ্যা চার : জাহান্নম হইতে বিদায় (১৯৭১), নেকড়ে অরণ্য (১৯৭৩) , দুই সৈনিক (১৯৭৩) এবং জলাঙ্গী (১৯৭৬)। যে-ব্যাপক, গভীর ও সমগ্রতাস্পর্শী জীবন-অনুধান উপন্যাস নির্মিতির মৌল শর্ত, মুক্তিযুদ্ধ-আশ্রয়ী উপন্যাসে শওকত ওসমান সে-শর্ত পূরণে যেন অমনযোগী। জাহান্নম হইতে বিদায় উপন্যাসে মুক্তিযুদ্ধ সংঘটিত হওয়ার প্রথম পর্যায়ে স্বদেশভূমি থেকে পলায়নপর মানসিকতা রূপায়িত হয়েছে। দুই সৈনিক ও নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধকালীন বিছিন্ন ঘটনার গ্রন্থ মাত্র। দুই সৈনিক উপন্যাসে মখদুম মৃধার পাক হানাদার বাহিনীর প্রতি আনুগত্য সত্ত্বেও তার দুই কন্যা পাকিস্তানি সৈনিকের লালসার শিকারে পরিণত হয় এবং পরিণামে মখদুম মৃধা আত্মহত্যা করে। জলাঙ্গীতে মুক্তিযোদ্ধার ভীরুতা ও কাপুরুষতাই শওকত ওসমানের বিবেচ্য প্রসঙ্গ।

শওকত আলীর যাত্রা (১৯৭৬), রশীদ হায়দারের খাঁচায় (১৯৭৫) ও অন্ধ কথামালা (১৯৮১) মাহমুদুল হকের জীবন আমার বোন (১৯৭৬), সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড (১৯৭৬), সুকান্ত চট্টোপাধ্যায়ের জীবনতরু, রাবেয়া খাতুনের ফেরারী সূর্য (১৯৭৪) আমজাদ হোসেনের অবেলায় অসময় (১৯৭৫), মিরজা আবদুল হাইয়ের ফিরে চলো (১৯৮১) প্রভৃতি মুক্তিযুদ্ধের উপকরণনির্ভর উল্লেখ্যযোগ্য উপন্যাস। গ্রাম এবং নগরজীবনের পটভূমিকায় মুক্তিযুদ্ধকালীন সময়ের বিচিত্র প্রসঙ্গ উল্লিখিত উপন্যাসসমূহে বিন্যস্ত হয়েছে। যাত্রা উপন্যাসে ২৫ মার্চ-পরবর্তী কয়েকদিনের ঘটনার উপস্থাপন ঘটেছে। অস্তিত্ব-প্রশ্নে শঙ্কিত শহর থেকে গ্রামের দিকে ধাবমান জনস্রোতের অন্তর-বাহির অনেকটা সার্থকতার সঙ্গে রূপায়িত হয়েছে এ-উপন্যাসে। অধ্যাপক রায়হান তার স্ত্রী বিনু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান, ছাত্রী লীলা এবং আরো কয়েকটি চরিত্রের মধ্য দিয়ে যুদ্ধকালীন সময়ের তীব্র উত্তেজনা ও অস্থিরতা রূপায়িত হয়েছে। রায়হানের মধ্যে আত্মসুখসন্ধান এবং তজ্জনিত গ্লানিবোধ থাকলেও হাসানের চরিত্র আশাবাদী এবং মীমাংসিত। যুদ্ধজয়ের সুতীব্র আকাক্সক্ষায় তার উচ্চারণ – ‘এখন আমাদের জীবনের আরেক নাম হয়ে উঠেছে স্বাধীনতা।’ রশীদ হায়দারের খাঁচায় স্বাধীনতা যুদ্ধচলাকালীন অবরুদ্ধ নগরজীবনের আলেখ্য। ঢাকা শহরে অবরুদ্ধ ও শঙ্কিত জাফরের মানস-প্রতিক্রিয়ার চিত্র : ‘সমস্ত অনুভূতি নিষ্ক্রিয় হয়ে রাস্তার মতো হয়ে গেছে, যুদ্ধে জড়িয়ে পড়েছে আমেরিকা, খাঁচাটা আরো সঙ্কুচিত হয়ে আসছে, খাঁচার চারপাশে উদ্যত মারণাস্ত্র।’ বাইরের জগতে নিষ্ক্রিয় কিন্তু অন্তর্জগতের ক্রিয়াশীলতায় এ-উপন্যাসের অধিকাংশ চরিত্রই যুদ্ধকালীন সময়ের একটা অবস্থাকে অভিব্যক্ত করেছে। অন্ধ কথামালা উপন্যাসের নায়ক বেলাল হোসেন একজন শিক্ষিত গ্রামীণ যুবক। একাত্তরের পঁচিশ মার্চের নিকটবর্তী সময়ে কয়েকজন বন্ধু মিলে পাকিস্তানি হানাদারদের প্রতিরোধ করার পরিকল্পনা গ্রহণ করে। তাদের এলাকার সঙ্গে বাইরের প্রধান যোগসূত্র একটি ব্রিজ ধ্বংস করে শত্রুর গতিরোধের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পূর্বে অপারেশনের উদ্যোগ নেয়ার নির্দিষ্ট সময়েই তার ঘনিষ্ঠ বন্ধু মোকসেদ শত্রুপক্ষের কাছে ধরিয়ে দেয় বেলাল হোসেন বেলটুকে। এই বন্দি, অনিশ্চিত ভবিষ্যৎ ও মৃত্যুতাড়িত বেলাল হোসেনের স্মৃতিগুচ্ছ ও অনুভবরাশি এ-উপন্যাসে বিন্যস্ত হয়েছে। সময়ের দিক থেকে কয়েক ঘণ্টার এই কাহিনী। কিন্তু বেলাল নামক ব্যক্তির প্রতিক্রিয়ায় জাগ্রত স্মৃতি ও অনুভবের মধ্যে রশীদ হায়দার একটা জনপদ, তার অন্তর্গত ব্যক্তি ও সমাজ, ব্যক্তির প্রত্যাশা অপ্রাপ্তি, সঙ্কট ও যন্ত্রণার যে-প্রতিচ্ছবি তুলে ধরেছেন, তা বাঙালি জীবনের সমগ্রতার স্পর্শ শিহরণে উজ্জ্বল।

সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধকালীন গ্রামীণ জীবনের আবেগী শিল্পরূপ। তবে, বুড়ির মাতৃ-ইমেজ হলদি গাঁয়ের সীমাবদ্ধ পরিসর থেকে সমগ্র বংলাদেশেই প্রসারিত করে দেয় যুদ্ধের চেতনাকে। গ্রামীণ জীবনকাঠামো, যুদ্ধের প্রতিক্রিয়ায় তার রূপ-     রূপান্তর, চরিত্রসমূহের বাস্তবানুগ ক্রিয়াশীলতা এবং সর্বোপরি বুড়ির আত্ম-উজ্জীবন এ-উপন্যাসের জীবনদর্শনকে সমগ্রতাস্পর্শী করেছে। উপন্যাসের পরিণামে চিত্র, ঘটনা ও তার প্রতিক্রিয়ার রূপায়ণে সেলিনা হোসেনের শিল্পদৃষ্টি তীক্ষè, সঙ্কেতময় ও গূঢ়ভাষী।

  মাহমুদুল হকের জীবন আমার বোন সমাজসত্তাবিচ্ছিন্ন ব্যক্তির যুদ্ধকালীন জীবনযন্ত্রণার রূপায়ণ। নাগরিক মধ্যবিত্তের পলায়নপর ও আত্মসুখসন্ধানী মানসিকতাই খোকা চরিত্রের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে। মার্চের সেই ভয়াল রক্তাক্ত, ছিন্ন-ভিন্ন সময়প্রবাহে প্রতিবাদ ও দ্রোহের পরিবর্তে রতি বা লিপিডোই মুখ্য হয়ে উঠেছে খোকার চৈতন্যে। ‘পলায়ন ছাড়া কোনো ভূমিকা নেই’ – খোকার এই অনুভব পরিণামে স্থূল শরীরী চিত্রকল্পে পরিণত হয়। তবে সময়ের অনিবার্য পরিবর্তনপরম্পরা খোকার সমষ্টি-বিচ্ছিন্ন চেতনাকেও একসময় আলোড়িত করে। তার মনে হয় – ‘ঢাকার রাস্তায় মারমুখী জনতা থৈ-থৈ করে।’ এবং ‘কি দ্রুত বদলে যাচ্ছে মানুষের মুখের আদল, কি দ্রুত বদলে যাচ্ছে যাবতীয় দৃশ্যপট, দ্রুত, দ্রুত এবং ধাবমান, গ্লেসিয়ারের মতো ধাবমান, দুর্দম নৃত্যের মতো, চলমান গ্লেসিয়ার। মানুষ! মানুষ! আর মানুষ। আকাশে আকাশে ধ্রুবতারায় কারা বিদ্রোহে পথ মাড়ায়… গা ছমছম করতে থাকে খোকার… শস্যক্ষেত, উঁইঢিবি, বাঁশঝাড়, সাঁকো, শহর-বন্দর গণিকালয় সবকিছু অপ্রতিরোধ্য জলরাশিবিমর্দিত তোড়ের মুখে অকাতরে ভেসে চলেছে। এ কোন নূহের প্লাবন ভিতরে ভিতরে টাল খায়, তার মাথা দপ দপ করে।’ যুদ্ধে যোগদানের প্রশ্নে মধ্যবিত্তের দোদুল্যমান এবং সময়ের ভয়াবহতার কাছে অনিচ্ছুক আত্মসমর্পণই শেষ পর্যন্ত মুখ্য হয়ে ওঠে এ-উপন্যাসের চরিত্র-পাত্রদের জীবনে। জীবনবোধের প্রশ্নে সুকান্ত চট্টোপাধ্যায়ের জীবন-তরু তূলনামুলকভাবে সফল সৃষ্টি। এ-উপন্যাসের শ্যামল মধ্যবিত্তের মানসিকতা থেকে দূরবর্তী, পিতা-মাতার অজ্ঞাতেই সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। তারুণ্য, আবেগ, উদ্দামতা, ঐকান্তিকতা এবং মৃত্যুঞ্জয়ী জীবনচেতনা অতিক্রম করে যায় শ্যামলের মৃত্যুকে। একটা আশাবাদী মীমাংসায় জীবন-তরু উপন্যাস যুদ্ধকালীন সময়ের মর্মমূলকে স্পর্শ করেছে। আমজাদ হোসেনের অবেলায় অসময় উপন্যাসেও ভীতসন্ত্রস্ত মানুষের নিষ্ক্রিয় আত্মরক্ষার প্রচেষ্টাই প্রাধান্য লাভ করেছে। যুদ্ধরত একটি জাতির সংগ্রামশীল আকাক্সক্ষার সঙ্গে এ-উপন্যাসের চরিত্র-পাত্ররা সংযোগহীন।

আমাদের ঔপন্যাসিকদের মুক্তিযুদ্ধ-অবলোকনের একটা বৈশিষ্ট্য তাৎপর্যবহ। যুদ্ধ-পরবর্তীকালে আবেগের দ্রুততায় যাঁরা উপন্যাস রচনা করেছেন, তাঁদের অধিকাংশই নাগরিক মধ্যবিত্তের জীবনবলয়ের মধ্যেই আর্তিত য়েছেন। গ্রাম-জীবনবাস্তবায়তায় যুদ্ধকালীন ক্রিয়া-প্রতিক্রিয়ার রূপায়ণের প্রশ্নে যাঁরা মনোযোগী, তাঁদের চরিত্র-পাত্ররা, মধ্যবিত্তের দোলাচল ও আত্মপরায়ণতা থেকে অনেকাংশে ম্ক্তু। হাঙর নদী গ্রেনেড, জীবনতরু এবং অন্ধকথামালায় যুদ্ধে অংশগ্রহণের প্রশ্নে নির্দ্বন্দ্ব সক্রিয়তা যুদ্ধকালীন সময়ের সত্য-স্বরূপকেই অভিব্যক্ত করে। রশীদ করিমের আমার যত গ্লানি (১৯৭৩) এবং মাহবুব তালুকদারের অবতার (১৯৭৩) মুক্তিযুদ্ধকালীন মধ্যবিত্তের জীবনযন্ত্রণারই শিল্পরূপ।

উপন্যাস হিসেবে ততটা সাফল্যস্পর্শী না হলেও ঝর্ণা দাশ পুরকায়স্থের বন্দি দিন বন্দি রাত্রি (১৯৭৬) চেতনা ও বক্তব্যে মুক্তিযুদ্ধের মৌল আবেগের সঙ্গে সম্পর্কযুক্ত। হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া (১৯৭৩), সৌরভ (১৯৮৪) এবং ‘১৯৭১’ (১৯৮৬) উপন্যাসে মুক্তিযুদ্ধকালীন বিবিধ প্রসঙ্গ বিন্যস্ত হয়েছে। শ্যামল ছায়ায় চারজন মুক্তিযোদ্ধার আত্মকথন যে-অভিজ্ঞতালোক উন্মোচন করে, সেখানে বহির্বাস্তবতার ফ্রেমটি গুরুত্বহীন হয়ে পড়ে। পরিবার-বিচ্ছিন্ন এক তরুণীর আত্মজীবন সৌরভের উপজীব্য হলেও যুদ্ধ নয়, আত্মমগ্ন চেতনাই সেখানে মুখ্য। ১৯৭১-এর কাহিনী অনেকটা সরলরেখায় উপস্থাপিত। রফিকের পরিণাম বাস্তবস্পর্শী হলেও মেজর বখতিয়ারের প্রতিক্রিয়া পাক হানাদার বাহিনীর স্বভাববিরোধী।

  মুক্তিযুদ্ধ ও যুদ্ধের অনুষঙ্গবাহী সার্থক উপন্যাস-রচয়িতা হিসেবে যাঁর নাম স্বতন্ত্রভাবে উল্লেখযোগ্য, তিনি সৈয়দ শামসুল হক । চেতনার মৌল স্বভাবে অন্তর্মুখী ও মনোবিশ্লেষণপ্রবণ হওয়া সত্ত্বেও তাঁর উপন্যাসে যুদ্ধকালীন ও তার পরবর্তী জীবনের বিশেষ রূপ বিন্যস্ত হয়েছে। নিষিদ্ধ লোবানে রতি-চেতনার (ষরনরফড়) আধিক্য থাকলেও বিলকিসের পরিণাম ইতিবাচক সম্ভাবনাময় উজ্জ্বল। তার দেহের আগুনে আকৃষ্ট মেজরকে সে বাধ্য করে প্রদীপে দাহের আয়োজন করতে। অতঃপর –

‘মেজর এসে বিলকিসকে বলে, এরপর কি?

বিলকিস সাড়া দেয় না।

তার পেছনে নদীর জল হঠাৎ কুঞ্চিত হয়ে ওঠে।

পোড়া মাংসের গন্ধে পেটের ভেতর থেকে সব উল্টে আসতে চায়, সে সৈনিক হওয়া সত্ত্বেও। আগুনের প্রবল হলকা অনুভব করে। নাক-মুখ ঢাকবার চেষ্টা করে মেজর প্রাণপণে বিলকিসকে আকর্ষণ করে।

ঠিক তখন বিলকিস তাকে আলিঙ্গন করে। সে আলিঙ্গনে বিস্মিত হয়ে যায় মেজর। পরমুহূর্তেই বিস্ফোরিত দুই চোখে সে আবিষ্কার করে, রমণী তাকে চিতার ওপরে ঠেসে ধরেছে, রমণীর চুল ও পোশাকে আগুন ধরে যাচ্ছে, তার নিজের পিঠ বিদীর্ণ হয়ে যাচ্ছে। রমণীকে সে ঠেলে ফেলে দিয়ে লাফিয়ে ওঠার চেষ্টা করতে পারত। কিন্তু রমণীকে আগুন দিয়ে নির্মিত বলে এখন তার মনে হয়। তার স্মরণ হয়, মানুষ মাটি দিয়ে এবং শয়তান আগুন দিয়ে তৈরি। জাতিস্মর-আতঙ্কে সে শেষবারের মতো শিউরে ওঠে।

মশালের মতো প্রজ্বলিত সমস্ত শরীর দিয়ে ঠেসে ধরে রাখে বিলকিস।’

জালেশ্বরীর প্রতীকে সমগ্র বাংলাদেশকেই যেন এ-উপন্যাসে ধারণ করেছেন ঔপন্যাসিক। পঁচিশে মার্চ-পরবর্তী ঘটনাপ্রবাহ, ব্যক্তি ও সমষ্টির উত্তেজনা, নিরস্তিত্বের যন্ত্রণা এবং অস্তিত্বময় জীবন-অভীপ্সারতির তীব্রতাকে শেষ পর্যন্ত ম্লান করে দেয়। নীল দংশনে নজরুল ইসলামের চরিত্রভাবনায় সৈয়দ শামসুল হক বিদ্রোহী কবির সত্তারূপকে জাতীয় চৈতন্যের সমগ্রতায় স্থাপন করেন। তাঁর দ্বিতীয় দিনের কাহিনী (১৯৮৪) বিষয় ও আঙ্গিকে এ-ধারার অন্যতম শ্রেষ্ঠ শিল্পকর্ম। শিক্ষক তাহেরের স্মৃতিচারণা ও আত্মোপলব্ধি মুক্তিযুদ্ধের পরিসরকে ব্যাপ্তসমগ্র ও দূরসঞ্চারী চেতনায় উদ্ভাসিত করে। বৃষ্টি ও বিদ্রোহীগণ (১৯৮৯-৯০) উপন্যাসে মুক্তিযুদ্ধের চেতনা মহাকাব্যিক আয়তনে রূপায়িত হয়েছে। যুদ্ধের অনুষঙ্গবাহী এক যুবকের ছায়াপাত (১৯৮৭) উপন্যাসের নামও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। নিষিদ্ধ লোবান থেকে বৃষ্টি ও বিদ্রোহীগণ পর্যন্ত উপন্যাসসমূহ বিশ্লেষণ করলে কেবল সৈয়দ হকের শিল্পীসত্তার নয়, বাঙালি জাতিসত্তার ক্রমরূপান্তরের ইতিহাসও অনেকটা সুস্পষ্ট হয়ে ওঠে। রতির অন্ধকার থেকে তিনি আমাদেরকে আকর্ষণ করেন রক্তকরোজ্জ্বল, প্রাগ্রসর চেতনার দিকে, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ অভিন্ন বিন্দুতে মিলিত।

হারুন হাবীবের প্রিয়যোদ্ধা, প্রিয়তম (১৯৮২) উপন্যাসের উপকরণ নির্বাচনের পটভূমি স্বতন্ত্র। বাংলাদেশ এবং যুগোস্লাভিয়ার মুক্তি-সংগ্রাম এ-উপন্যাসে অভিন্নবোধের কেন্দ্রে মিলিত, মুক্তিযুদ্ধের আদর্শ, বিজয়ের উল্লাস আর ত্যাগের মহিমা যেমন ছড়িয়ে আছে, তেমনি আছে হাসান ইয়াসমিনের রোম্যান্টিক প্রেমের প্রতীকে শাশ্বত বিশ্বজনীনতা। ‘একাত্তরের মৃত অথবা জীবিত স্বাধীনতা সংগ্রামী আবুল হাসানরাই বাংলাদেশ’, অথবা ‘বায়ান্ন থেকে সত্তরের যে-ইতিহাস সেই ইতিহাসই বাংলাদেশ’ প্রভৃতি উচ্চারণে স্বাধীনতা-যুদ্ধের মৌল সত্যই অভিব্যক্ত। হরিপদ দত্তের অজগর (প্রথম খণ্ড ১৯৮৯, দ্বিতীয় খণ্ড ১৯৯১) উপন্যাসের ঘটনাক্রম বিভাগোত্তর কাল থেকে স্বাধীনতা-উত্তরকাল পর্যন্ত প্রসারিত। স্বাধীনতা-সংগ্রামের আদি-অন্তকে নিরাসক্ত দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছেন ঔপন্যাসিক। সমগ্র জনগোষ্ঠীর জীবন-পরিক্রমায় মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর সময়ের ক্রিয়া-প্রতিক্রিয়া বস্তুনিষ্ঠ একাগ্রতায় উন্মোচিত হয়েছে। বাঙালি জীবনে মুক্তিযুদ্ধের চেতনা বর্তমানেও যে অনিঃশেষ, জয়নালের জীবনধারা ও পরিণামী উচ্চারণে সে-সত্যই প্রতিফলিত।

আবু জাফর শামসুদ্দীনের (১৯১১-১৯৮৮) শেষ ও শ্রেষ্ঠতম সৃষ্টি দেয়াল (১৯৮৬) মুক্তিযুদ্ধের ইতিবাচক চেতনার শিল্পরূপ। ব্যক্তিজীবন-রূপায়ণের অনুষঙ্গে ঔপন্যাসিক সমগ্র জনগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি ও তার রূপ-রূপান্তরকে বিন্যস্ত করেছেন উপন্যাসে। উপন্যাসের সূচনা ১৯৭১ সালের সেই ভয়াল কালো রাতের আরণ্যক, হিংস্র অন্ধকারে। অতঃপর ফ্লাসব্যাক-পদ্ধতিতে লেখক উপন্যাসে বিধৃত জীবনের অন্তর্লোক ও বহির্লোক উন্মোচন করেছেন। আবদুল্লাহ সাহেবের ব্যক্তিজীবনের ভাঙাগড়া ও রূপান্তরের ছকে       এ- উপন্যাসের কাহিনী রূপায়িত হয়েছে। সারাজীবন পাকিস্তানি         আদর্শের বশংবদ আবদুল্লাহর জীবনে পঁচিশে মার্চের ঘটনা নতুন তাৎপর্য নিয়ে দেখা দেয়। তার জীবনের আদর্শবোধ ও সাধনা       নিক্ষিপ্ত হয় ব্যর্থতার অন্ধকারে। পঁচিশে মার্চের কালরাত্রির পর পাকিস্তানি প্রশাসনে দায়িত্বপালনকালে তার স্ত্রী ও কিশোরী কন্যা পাকসেনাদের ঘৃণ্য লালসার শিকারে পরিণত হয় ও মৃত্যুবরণ করে। এই মর্মন্তুদ অভিজ্ঞতার ফলে আবদুল্লাহ সাহেবের চেতনা ও কর্মের রূপান্তর হয় অনিবার্য। একজন ব্যক্তির জীবনকথা-রূপায়ণের অনুষঙ্গে আবু জাফর শামসুদ্দীন সময়, সমাজ ও জীবনসত্যের মর্মমূল স্পর্শ করেছেন।

চার

যুদ্ধক্ষত সময়ের রক্তাক্ত অনুভূতিপুঞ্জের সামগ্রিক অঙ্গীকার সত্ত্বেও যা জীবন্ময়; শত ব্যর্থতা, আত্মত্যাগ ও রক্তরঞ্জিত স্মৃতিযন্ত্রণার মধ্যেও যা এক অন্তর্লীন আশাবাদে সম্মুখসঞ্চারী – সেই অনিঃশেষ বৈচিত্র্যে গতিশীল চেতনার শিল্পপ্রয়াসের মধ্যেই মুক্তিযুদ্ধ-বিষয়ক ছোটগল্পের গৌরবময় স্বাতন্ত্র্য। সংখ্যাগত দিক থেকে বাংলাদেশে মুক্তিযুুদ্ধের পটভূমিতে রচিত গল্প নিঃসন্দেহে প্রাচুর্যের সাক্ষাৎবাহী। মনে করা সংগত যে, কবিতা কিংবা উপন্যাস অপেক্ষা ছোটগল্পের অবয়বেই বাংলাদেশের কথাশিল্পীরা মুক্তিযুদ্ধের অনিবার্য শিল্পরূপ-নির্মাণে বেশিমাত্রায় সমর্থ হয়েছেন। এর কারণ সম্ভবত জীবনের পূর্ণরূপ অপেক্ষা খণ্ডরূপের প্রতি শিল্পী-চৈতন্যের অধিকতর আকর্ষণ। অবশ্য এ- কথাও সত্য যে, ছোটগল্পের সীমিত আয়তনে যে জীবন প্রতিবিম্বিত হয় তা খণ্ড খণ্ড হলেও সমগ্রের অংশ – ব্যক্তির স্বতন্ত্র শিল্প-অন্বেষা সেখানে সামগ্রিক জীবন-চৈতন্যের অন্তর্ময় অণু-পরমাণু। এজন্যেই বলা যায়, জাতীয় চৈতন্যের খণ্ড খণ্ড শিল্প-রূপায়ণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধেরএক অখণ্ড চেতনাকে নির্মাণ করেছেন আমাদের গল্পকাররা।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল আবদুল গাফ্ফার চৌধুরী-সম্পাদিত বাংলাদেশ কথা কয় (১৯৭১) সংকলন। সংগত কারণেই মুক্তিযুদ্ধের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার তীব্র, তীক্ষè, রক্তাক্ত অনুভবই সংকলনভুক্ত গল্পসমূহের বৈশিষ্ট্য। প্রসঙ্গত সম্পাদকের মন্তব্য স্মরণ্য, ‘ভাষা আন্দোলন থেকে উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় পর্যন্ত বাংলাদেশের সাহিত্য নানা মোড় ফিরেছে, সমৃদ্ধ হয়েছে, জনমানসের প্রতিরোধ চেতনাকে বিস্তারলাভে আরো সাহায্য করেছে। বর্তমানে জাতীয় মুক্তিযুদ্ধেও বাংলাদেশের গল্প ও কবিতার ভূমিকা তাই গৌণ নয়। বাংলাদেশ কথা কয় গ্রন্থে সন্নিবেশিত বাংলাদেশের কয়েকজন তরুণ ও প্রবীণ কথাশিল্পীর লেখা গল্পগুলো তাই নিছক যুদ্ধ-সাহিত্য নয়, বরং বাঙালি জাতীয় মানসের বর্তমান বিপ্লবী প্রতিরোধ চেতনার কয়েকটি রূপরেখা।’ গ্রন্থ-অন্তর্ভুক্ত ষোলটি গল্পের সবগুলোই যে সাফল্যস্পর্শী হয়েছে, তা বলা যাবে না। তবে সময়ের তীব্র টান প্রতিটি গল্পেই বিধৃত। গল্পগুলোর তালিকা নিম্নরূপ: ‘সাদা কফিন’ (বিপ্রদাশ বড়ুয়া), ‘শেষ যাত্রা নয়’ (নির্মলেন্দু গুণ), ‘লাল পল্টন’ (আবদুল হাফিজ), ‘বুলি তোমাকে লিখছি’ (সুব্রত বড়ুয়া), ‘চরিত্র’ (ফজলুল হক), ‘রক্ত প্রজন্ম’ (আসফ-উজ-জামান), ‘সোলেমান ভাই’ (বুলবন ওসমান), ‘নীল নকশা’ (কামাল মাহবুব) ‘শব্দতাড়িত’ (অনু ইসলাম), ‘কমলা রঙের রোদ’ (আসাদ চৌধুরী), ‘পরীবানুর কাহিনী’ (সত্যেন সেন), ‘অন্যের ডায়েরি থেকে (ইলিয়াস আহমদ), ‘সময়ের প্রয়োজনে’ (জহির রায়হান),‘শেষ বাজি’ (কায়েস আহমেদ), ‘আলোক-অন্বেষা’ (শওকত ওসমান) এবং ‘রোদের অন্ধকারে বৃষ্টি, (আবদুল গাফ্ফার চৌধুরী)। প্রত্যক্ষ জীবনাভিজ্ঞতায় সমৃদ্ধ গল্পসমূহের অধিকাংশ অনুভূতির নিঃসঙ্কোচ রূপায়ণে বিশিষ্ট। সত্যেন সেন পরীবানুর মধ্য দিয়ে নারীত্বের যে স্বরূপ-উম্মোচন করেছেন, তা মুক্তিযুদ্ধের অকথিত কাহিনীর জীবন্ময় খণ্ডাংশ। প্রচলিত সংস্কার এবং নারীত্বের স্বেচ্ছা-বিসর্জনের মধ্যে পরীবানু এক জাতিসত্তার উজ্জীবন প্রত্যক্ষ করে। তার আত্মবিসর্জন এ-কারণে গৌরবময় যে, পাক হানাদার বাহিনীর রক্তে পরীবানুর হাত রঞ্জিত হয়েছে। ‘মেঝেতে পুডিং-এর মত জমাট রক্ত’ – এই অভিজ্ঞতা জহির রায়হানের ‘সময়ের প্রয়োজনে’ গল্পের কথক পুরুষের। মৃত্যুভীতি, যুদ্ধভীতি যার দৈনন্দিন জীবনের অংশ ছিল, রক্তদর্শনের আকস্মিকতায় তার জীবননীতির মৌল স্বরূপ রূপান্তর লাভ করে। এই রূপান্তর যুদ্ধকালীন সময়ের অনিবার্য প্রয়োজনেই সংঘটিত।

বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গল্পগ্রন্থের সংখ্যা উল্লেখযোগ্য। ‘আমাদের গল্পকারদের অনেকে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ নয়মাসব্যাপী মুক্তিযুদ্ধের সময়ে পাক হানাদার বাহিনীর নির্বিচার পীড়ন, নির্যাতন ও গণহত্যার মধ্যে বাঙালির সশস্ত্র প্রতিরোধ ও যুদ্ধ ছিল আমাদের গল্পকারদের অনুপ্রেরণার উৎস।’ প্রবীণ-নবীন – উভয় ধারার গল্পকাররাই মুক্তিযুদ্ধ ও যুদ্ধ-অনুষঙ্গবাহী প্রচুর গল্প রচনা করেছেন এবং শিল্পমানের দিক থেকেও উল্লেখযোগ্যসংখ্যক গল্প কালোত্তর মহিমায় অভিষিক্ত। কেবল মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প সংকলনের সংখ্যাও কম নয়। যেমন বশীর আল হেলালের প্রথম কৃষ্ণচূড়া (১৯৭২), হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন (১৯৭৫), শওকত ওসমানের ‘জন্ম যদি তব বঙ্গে’ (১৯৭৫), আবু জাফর শামসুদ্দীনের রাজেন ঠাকুরের তীর্থযাত্রা (১৯৭৭), আবুবকর সিদ্দিকের মরে বাঁচার স্বাধীনতা (১৯৭৭), সাদেকা সফিউল্লাহর যুদ্ধ অবশেষে (১৯৮০) খালেদা সালাহউদ্দিনের যখন রুদ্ধশ্বাস (১৯৮৬), এহসান চৌধুরীর একাত্তরের গল্প (১৯৮৬), সৈয়দ ইকবালের একদিন বঙ্গবন্ধু ও অন্যান্য গল্প (১৯৮৬), সৈয়দ শামসুল হকের জলেশ্বরীর গল্পগুলো (১৯৯০) বিপ্রদাস বড়ুয়ার যুদ্ধ জয়ের গল্প (১৯৮৫), সাদা কফিন (১৯৮৪) ও মুক্তিযোদ্ধারা (১৯৯১), কাজী জাকির হাসানের যুদ্ধের গল্প (১৯৯১) সেলিনা হোসেনের পরজন্ম মুক্তিযুদ্ধকালীন জীবন ও তৎসংলগ্ন চেতনার বিচিত্রমাত্রিক অনুভবের শব্দরূপ। এছাড়াও সৈয়দ শামসুল হকের প্রাচীন বংশে নিঃস্ব সন্তান (১৯৮১), বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মণ্ডুহীন মহারাজ (১৯৭৪), শওকত আলীর লেলিহান সাধ (১৯৭৭), রাবেয়া খাতুনের মুক্তিযোদ্ধার স্ত্রী (১৯৮৬), রশিদ হায়দারের তখন (১৯৮৭), হারুন হাবীবের বিদ্রোহী ও আপন পদাবলী (১৯৮৫) প্রভৃতি গ্রন্থে মুক্তিযুদ্ধ-আশ্রয়ী গল্প অন্তর্ভুক্ত হয়েছে। আবুল হাসনাত-সম্পাদিত মুক্তিযুদ্ধের গল্প (১৯৮৩) হারুন হাবীব-সম্পাদিত মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প (১৯৮৫) এবং মুক্তিযোদ্ধার গল্প (১৯৯১) গ্রন্থের প্রবীণ ও নবীন গল্পকারদের মুক্তিযুদ্ধ-আশ্রয়ী জীবনচেতনার বিন্যাস ঘটেছে। বিষয় ও ভাবের দিক থেকে বাংলাদেশের ছোটগল্পে যেমন মুক্তিযুদ্ধের প্রতিফলন ঘটেছে, তেমনি ভাষা-ব্যবহার এবং অলংকার-সৃজনেও মুক্তিযুদ্ধের অনুষঙ্গ উপস্থিত। ছোটগল্পে মুক্তিযুদ্ধের প্রতিফলন ঘটেছে বিভিন্নভাবে। কখনো সরাসরি যুদ্ধকে অবলম্বন করে ছোটগল্প রচিত হয়েছে, কখনো-বা ছোটগল্পের মৌলভাব সৃষ্ট হয়েছে মুক্তিযুদ্ধে চেতনায় সমৃদ্ধ হয়ে। কোনো কোনো ছোটগল্পে স্বাধীনতার স্বপক্ষীয়দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং বিপক্ষীয়দের প্রতি ঘৃণাবোধ উচ্চারিত হয়েছে। আবার কোথাও-বা ছোটগল্পের বহিরঙ্গে লেগেছে মক্তিযুদ্ধের স্পর্শ। মুক্তিযুদ্ধের উপাদানপঞ্জ ব্যবহার করে বাংলাদেশের প্রায় সব গল্পকারই রচনা করেছেন ছোটগল্প।

 আবু জাফর শামসুদ্দীনের ‘কলিমদ্দি দফাদারে’ (রাজেন ঠাকুরের তীর্থযাত্রা) জীবনের বর্ণনাধর্মী উপস্থাপন সত্ত্বেও সময়ের বস্তুনিষ্ঠ অনুভব এ গল্পকে করেছে বৈশিষ্ট্যমণ্ডিত। শওকত ওসমানের ‘দুই ব্রিগেডিয়ার’ গল্পের সয়ীদ ভূঁইয়ার পরিণতির মধ্যে এক রক্তাক্ত প্রশ্নবোধক চিহ্ন পঁচিশে মার্চের সেই আরণ্যকে রাত্রির যন্ত্রণাদায়ক স্মৃতির ইঙ্গিতবাহী। মানবিক দায়িত্বচেতনা এবং পৈশাচিকতার মাত্রাভেদ গল্পের উপজীব্য হলেও একটা মানবিক জিজ্ঞাসার লেলিহান রক্তশিখা অনিঃশেষ বেদনায় থাকে অম্লান। সত্যেন সেনের পরীবানুর মধ্যে মুক্তিযুদ্ধকালে জাতিসত্তার যে-উজ্জীবনকে প্রত্যক্ষ করি, কলিমদ্দি দফাদারে তাই ভিন্নতর অবয়বে প্রকাশিত। আলাউদ্দিন আল আজাদের ‘রূপান্তর’ (আমার রক্ত স্বপ্ন আমার) মুক্তিযুদ্ধভিত্তিক শিল্পসফল গল্পসমূহের মধ্যে অন্যতম। যুদ্ধের আকস্মিতায় নাগরিক তারুণ্যের রক্তাক্ত জাগরণকে সমগ্রতার পটভূমিতে স্থাপন করেছেন গল্পকার। জীবনের ক্ষত-বিক্ষত, রক্তাক্ত, বিচূর্ণ অনুভূতিপুঞ্জের অনুষঙ্গেই এ গল্পের বাক্যবিন্যাস ছেঁড়া-ছেঁড়া ক্রমভঙ্গ। একজন মুক্তিযোদ্ধার স্বগত কথনের মধ্যে যুদ্ধকালীন জীবনের অন্তর্গত ও বহির্গত – উভয় রূপই বিন্যস্ত হয়েছে। ফ্যান্টাসিধর্মী হলেও ‘স্বপ্নে আমার’ মুক্তিযুদ্ধকালে নিহত এক নারীর মনোবেদনা ও ইতিবাচক জীবনাকাক্সক্ষার গল্পরূপ।

হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন গ্রন্থের প্রতিটি গল্পই বিষয় ও আঙ্গিকের অন্তর্বয়নে মুক্তিযুদ্ধভিত্তিক জীবনচেতনার সার্থক শিল্পরূপ। ‘কৃষ্ণপক্ষের দিন’ গল্পে মুক্তিযোদ্ধাদের অপরিমেয় জীবনীশক্তির বিন্যাস ঘটেছে। ‘ঘরগেরন্থি’ গল্পে যুদ্ধোত্তরকালের জনজীবনের অনিশ্চিত বর্তমান ও ভবিষ্যতের স্বরূপ হয়ে উঠেছে ইঙ্গিতময়। সর্বহারা রামশরণ ও ভানুমতির বাস্তুভিটায় প্রত্যাবর্তন প্রকৃতপক্ষে এক রক্তাক্ত স্মৃতিলোক থেকে আর এক হা-হা শূন্যতাময় ভবিষ্যতে অভিযাত্রা। জীবন ও শিল্পবোধের ইতিবাচক-অন্বেষায় লেখক এক নির্বিশেষ সত্যের পটভূমি নির্দেশ করেছেন গল্পের সমাপ্তিতে! ‘কিন্তু লঞ্চে যাবে না রামশরণ। লঞ্চ ধরে কোথাও যাবার নেই তার । তবে কোথাও সে নিশ্চয়ই যাবে।’ আবদুল গাফ্ফার চৌধুরীর ‘কেয়া আমি এবং জারমান মেজর’ (মুক্তিযুদ্ধের গল্প) গল্পটি প্রতীকী তাৎপর্যে ব্যঞ্জনাময়। বাস্তব পরিস্থিতি এবং সংলাপের সমান্তরাল বিন্যাসে যুদ্ধকালীন তীব্র উত্তেজনা ও বুদ্ধিবৃত্তিক অনুভবরাশি গল্পের পটভূমিকে বিস্তৃত আয়নতবদ্ধ করছে। যুদ্ধরত সময়ের সংরক্ত আবেগ ও সচেতন অনুভবের প্রকাশরূপ হিসেবে গল্পটি তুলনারহিত।

সৈয়দ শামসুল হকের গল্পে মুক্তিযুদ্ধের অন্তর-বাহির নগরজীবন-গ্রামজীবন, দেহী ও বিদেহী – বিবিধমাত্রিক বিন্যাস ঘটেছে। অবরুদ্ধসময়ের বিপন্ন অস্থিরতা ‘কথোপকথন : তরুণ দম্পতির’ গল্পের উপজীব্য। যাদের কাছে স্বাধীনতা স্বপ্নের মতো মোহময়। যাদের একজন উচ্চারণ করে, ‘স্বাধীন বাংলায় শুনে শুনে আমার ইচ্ছা করে একটা ট্রেঞ্চের ভেতরে রাইফেল হাতে বসে থাকতে, এমবুশ শব্দটা আমার ভারী ভালো লাগে, তারপর ক্যামুফ্লাজ – কি সুন্দর না?’ কিন্তু সেই স্বপ্নাচ্ছন্ন মোহময় অন্ধকারে স্বামীর সম্মুখেই তার স্ত্রী হানাদারদের পৈশাচিক শক্তির হিংস্র থাবার শিকারে পরিণত হয়। জলেশ্বরীর গল্পগুলো গ্রন্থের অধিকাংশ গল্পই মু্িক্তযুদ্ধের নিগূঢ় চেতনার গল্পরূপ। ‘ভালো করে কিছুই দেখা যাচ্ছে না’ গল্পে উচ্চারিত হয় – ‘কন বাহে, শুনি হামারা । মুক্তিযুদ্ধ কি ফির শুরু হয়া গেইছে।’ যুদ্ধোত্তর জীবনের শূন্যতা ও অনিশ্চয়তাবোধ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ‘ঘরে ফেরা’ (মুণ্ডুহীন মহারাজ) গল্পের উপজীব্য। জীবনবোধের আলোকোজ্জ্বল, ইতিবাচক রূপ প্রতিফলিত হয়েছে সুচরিত চৌধুরীর ‘নিঃসঙ্গ নিরাশ্রিত’ (মুক্তিযুদ্ধের গল্প) গল্পে। মুক্তিযুদ্ধ যে অনেক প্রেমকে করেছে রক্তাক্ত এবং রেখে গেছে এক অনিবার্য অচরিতার্থ সম্মুখভূমি – শওকত আলীর ‘কোথায় আমার ভালোবাসা’ (লেলিহান সাধ) তার অন্তর্ময় শিল্পরূপ। ব্যক্তিগত প্রতিশোধস্পৃহা সমষ্টিগত জীবনলগ্ন হয়ে প্রকাশ পেয়েছে ‘পুনর্বার বেয়নেট’ গল্পে। আবদুল হাফিজের ‘লাল পল্টন’ গল্পে (মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প) এক সাধারণ শ্রমিকের মুক্তিযোদ্ধায়     রূপান্তর ঘটেছে। পরিস্থিতির অনিবার্যতাই এ রূপান্তরের কার্যকারণ। আবুবকর সিদ্দিকের ‘খতম’ (মরে বাঁচার স্বাধীনতা) গল্পে যুদ্ধকালীন সময়ের অন্যতর রূপ উন্মোচিত। শ্রেণীসংগ্রাম বনাম জাতীয় মুক্তি-আন্দোলনের দ্বন্দ্বময় পরিস্থিতি রূপায়ণের মধ্য দিয়ে তিনি জনবিচ্ছিন্ন কিছুসংখ্যক তরুণের হঠকারী সিদ্ধান্ত ও তার পরিণাম নির্দেশ করেছেন।

পঁচিশে মার্চের কালো রাতের ঢাকা নগর অন্তবর্তী, অবরুদ্ধ ও উদ্বেগাকুল জীবনের চিত্র রশিদ হায়দারের ‘প্রথম দিনে’ (তখন, ১৯৮৭) গল্পে প্রতিবিম্বিত। ‘এ কোন ঠিকানা’ (উত্তরকাল, ১৯৮৭) গল্পের পরিণামী সংলাপে শিল্পী-চৈতন্যের মৌল সংরাগ বিধৃত :

‘তোমাদের বাসার সামনে যুদ্ধ হয়েছিল?

মৃদু হেসে জবাব দেয় বাসেন, আপনিই বলুন, দেশের কোথায় যুদ্ধ হয়নি? মনে করে দেখুন তো।’

যুদ্ধোত্তর জাতীয় পটভূমির সামগ্রিক অসংগতি, মুক্তিযোদ্ধার বিবর্ণ পরিণাম, হানাদার বাহিনীর সহযোগী রাজাকার-আলবদরদের সামাজিক ও বৈষয়িক প্রতিষ্ঠা, মুক্তিযোদ্ধার বিলুপ্তপ্রায় অস্তিত্বের সাহসী পুনরুত্থান প্রভৃতি বিন্যস্ত হয়েছে সেলিনা হোসেনের ‘ভিটেমাটি’ গল্পে। স্বাধীনতা-উত্তরকালে বিপর্যস্ত অনিশ্চিত এবং অবসাদগ্রস্ত জাতীয় চৈতন্যের পুনরুজ্জীবনের মধ্যেই যে পরবর্তী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিহিত, ‘ভিটেমাটি’তে তারই অভিজ্ঞানমণ্ডিত ইঙ্গিত দেয়া হয়েছে। ‘যুদ্ধজয়’ গল্পে সেলিনা হোসেন সম্ভাবনাময় ভবিষ্যৎ, বিপন্ন চেতনার শুশ্রƒষার বাণী রূপায়িত করেছেন। আখতারুজ্জামান ইলিয়াসের ‘অপঘাত’ গল্পে যুদ্ধকালীন জীবনের তীব্র আর্তি ও যন্ত্রণা শব্দরূপ পেয়েছে। উত্তরবঙ্গের নিস্তরঙ্গ জনপদে হানাদার বাহিনীর অবস্থান ও অমানবিক কার্যক্রম, এজন্য মুক্তিযোদ্ধার মৃত্যু এবং অন্য এক স্বাভাবিক মৃত্যুর সমান্তরাল অন্তর্ময় বিন্যাস প্রভৃতি প্রসঙ্গকে নিরাবেগ সততায় উম্মোচন করেছেন তিনি। ‘অপঘাত’ গল্পের প্রাণশক্তির মূলে রয়েছে মোবারক আলীর আত্ম-উন্মোচন। মুক্তিযুদ্ধে শহীদ-পুত্রের খবর জনসম্মুখে প্রকাশ পেলে অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কায় যে সন্ত্রস্ত, সেই মোবারক আলীই গোপন সংবাদের সরল ঘোষণার মধ্য দিয়ে উত্তীর্ণ হয় এক দ্বিধাহীন, আলোকোজ্জ্বল অনুভবলোকে। কায়েস আহমেদের ‘আসন্ন’ যুদ্ধের বস্তুনিষ্ঠ গল্পরূপ, রবিউল হাসানের ‘মাটির মেডেল’ এবং বিপ্রদাশ বড়ুয়ার ‘সাদা কফিন’ যুদ্ধকালীন সংরক্ত অনুভবের বাক্সময় প্রকাশ। তাপস মজুমদারের ‘মাটি’, সিরাজুল ইসলামের ‘যাত্রার নায়ক’, আহমদ বশীরের ‘অন্য পটভূমি’ এবং ইমদাদুল হক মিলনের ‘প্রস্তুতিপর্ব’ গল্পে অভিজ্ঞতার রূপায়ণই মুখ্য। তবে আহমদ বশীরের গল্পের উপজীব্য মুক্তিযুদ্ধ নয়, যুদ্ধ অপেক্ষা ভয়াবহ জীবনযুদ্ধের অনিশ্চিত সম্মুখভূমি। মাহবুব তালুকদারের ‘শরণার্থী’ দেশত্যাগী তারুণ্যের বিভ্রম ও আত্মজয়ের শব্দরূপ।

যুদ্ধোত্তর বিপন্ন হতাশাগ্রস্ত তারুণ্য, মুক্তিযোদ্ধার বহুমুখী চেতনা, যুদ্ধকালীন জীবনের বিকৃত অবস্থার অবলম্বন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ের পটভূমিতে রচিত অধিকাংশ গল্পের প্রধান উপজীব্য। অবশ্য সৈয়দ ইকবালের একদিন বঙ্গবন্ধু অন্যান্য গল্প জাতীয় চৈতন্যের রক্তাক্ত আত্মপীড়নের সার্থক শিল্পরূপায়ণ। একটি মৃত্যুর মধ্যে স্বাধীনতাবিরোধী চক্রের পুনরুত্থান প্রত্যক্ষ করেছেন তিনি। এক উলঙ্গ পাগলির আচরণে জাতীয় অস্তিত্বের সেই আত্মক্ষয়ের গ্লানিময় অবস্থাই যেন প্রতীকায়িত। ঘাতকের হাতে পিতার মৃত্যুর দুঃসহ স্মৃতি শ্রমজীবী মালেককে কীভাবে এক অসাধারণ মুক্তিযোদ্ধায় পরিণত করে এবং একজন রাজাকারের প্রতি হঠাৎ-জাগ্রত সমবেদনা সেই স্মৃতির অনিবার্য রক্তঋণে পুনরায় হয়ে ওঠে নির্মম ক্ষমাহীন – মাহবুব সাদিকের ‘জন্মান্ধ-যোদ্ধা’ গল্পে জীবনের উক্ত স্বরূপসত্য বিন্যস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের প্রশ্নে সেই নির্মম, ক্ষমাহীন অথচ কল্যাণ-প্রত্যাশী চেতনার অঙ্গীকারই সচেতন শিল্পীর আরাধ্য হওয়া উচিত।

পাঁচ

সমবায়ী শিল্পমাধ্যম নাটকে মুক্তিযুদ্ধ বিচিত্র রূপে অভিব্যক্ত। যুদ্ধের অব্যবহিত আগেই আমাদের নাট্যকাররা চেতনা প্রসারিত করেছিলেন রক্তগর্ভা সময়ের বেদিমূলে। যুদ্ধকালীন সময়ে রচিত মমতাজউদ্দীন আহমদের নাটকের বিষয় ও প্রকরণে সময়স্বভাব গভীরভাবে বিধৃত হয়েছে। তাঁর এ-সময়ে (১৯৭১) রচিত নাটকগুলো হচ্ছে স্বাধীনতা আমার স্বাধীনতা, এবারের সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম। ১৯৭২ সালে তিনি রচনা করেন বর্ণচোর। তাঁর এইসব নাটকে যুদ্ধের নির্মম বস্তুময় সত্য চরিত্র-পাত্রের আচরণ ও সংলাপে রূপায়িত হয়েছে। কি চাহ শঙ্খচিল (১৯৮৫) নাটকে পাক হানাদারদের নারী-নির্যাতনের মর্মন্তুদ চিত্র রূপায়িত হয়েছে। এ-ধারার উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে আলাউদ্দিন আল আজাদের নিঃশব্দ যাত্রা (১৯৭২) ও নরকে লাল গোলাপ ( ১৯৭৪), জিয়া হায়দারের সাদা গোলাপে আগুন (১৯৮২) ও পঙ্কজ বিভাস (১৯৮২), নীলিমা ইব্রাহিমের যে অরণ্যে আলো নেই (১৯৭৪) প্রভৃতি উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধ-অবলম্বী মঞ্চসফল কাব্যনাট্য সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় (১৯৭৬)। মুক্তিযুদ্ধের সংরক্ত চেতনাবাহী কয়েকটি উল্লেখযোগ্য নাটক হচ্ছে : কল্যাণ মিত্রের জল্লাদের দরবার (১৯৭২), সাঈদ আহমদের প্রতিদিন একদিন (১৯৭৮), আল মনসুরের হে জনতা আরেক বার (১৯৭৪) এবং রণেশ দাশগুপ্তের ফেরী আসছে প্রভৃতি।

  মুক্তিযুদ্ধের প্রতিবাদী ও সংরক্ত চেতনা আমাদের নাটকের ক্ষেত্রে যে যুগান্তকারী পালাবদল ঘটিয়েছে, সাহিত্যের অন্যান্য আঙ্গিক   অপেক্ষা তার প্রভাব অনেক বেশি দূরসঞ্চারী এবং ইতিবাচক। আবদুল্লাহ আল মামুন, মামুনুর রশীদ, সেলিম আল দীন, হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন প্রমুখ সেই ধারাকেই পরিপুষ্ট ও সমৃদ্ধ করে চলছেন। মুক্তিযুদ্ধ বাঙালির জাতীয় চেতনার যে-বিকাশের পথকে উন্মুক্ত করেছিল, তা আজ গতিচ্যুত। সেই গতির অনিঃশেষ যাত্রাপথের দ্বার আজ খুলতেই হবে। যুদ্ধোত্তর সাহিত্যকর্মে শিল্পীমনের যে আলো-অন্ধকারের দোদুল্যমানতা প্রতিফলিত, সামূহিক অস্তিত্বের শিল্পপ্রকাশ হিসেবেই তা বিবেচ্য। ব্যক্তির খণ্ডিত শিল্প-অন্বেষার ইতিবাচকতাকে সমষ্টিগত চেতনার সমধর্মী করে দেখার নেপথ্যে এক ধরনের আত্মপ্রসাদ সক্রিয় বটে, কিন্তু শিল্পের বিষয় হিসেবে মুক্তিযুদ্ধ এখনো আমাদের চেতনায় সর্বাপেক্ষা গৌরবময় অনুষঙ্গ। সেই মুক্তিযুদ্ধের চেতনা যখন বিচিত্র শক্তির ষড়যন্ত্রে অবরুদ্ধপ্রায়, তখন মুক্তিযুদ্ধের শৈল্পিক অভিব্যক্তির মধ্যেই জাতিকে সন্ধান করতে হবে উজ্জীবনের প্রাণ-কণিকা, সামনে এগিয়ে যাওয়ার শিল্পশক্তি।