বিষণ্নতা খেলা করে আগুন ও বৃষ্টির ভেতরে
কী সুন্দর দূরগামী ট্রেনে চড়ে তুমি চলে যাচ্ছো অতীত গ্রামে
পুড়ে যায় নিত্য মন। স্রোতের ডালে ভিন্ন সুরে গান করে
অচিন পাখি। কীর্তিনাশার কূলে কে নির্জনতার গান গায়?
মেঘের শরীর থেকে ভেসে যায় অনন্ত স্মৃতি, হু হু ক্রন্দন
ঘনঘোর বর্ষায় কোথাও কেউ নেই
একথা সত্য একদা তুমি ছিলে
আমার একান্ত ভাবনার ভেতরে দৃশ্যায়িত হতে থাকে
বরফের চূড়া আর নীল পাহাড়ে নৃত্যরত
সবুজ বালক। আমার কোথাও যাওয়া হয় না
পথগুলো ভীষণ ভারি এবং অন্ধকার
সারাদিনমান স্মৃতির কিরিচ আমাকে বিদ্ধ করে
বড় বেশি নিঃসঙ্গ করে তোলে
বয়ে যায় ফাল্গুনের হাওয়া
নির্জনতার বনে হু হু করে নীরবতা ঝরে পড়ে
আমার অন্তর জুড়ে এত ক্রন্দন এত দুঃখ এত অপেক্ষা
জমা হয়েছিল বুঝিনি আগে
নিদ্রার ভেতরে অনবরত অসংখ্য খেলনা গাড়ির বিচিত্র শব্দ
আমাকে নিদ্রাহীন করে সারারাত জানালার গ্রিলে দাঁড় করিয়ে রাখে
ভোরের হাওয়ায় ভাসে ডানার উল্লাস
ডিমের ভেতর থেকে উড়ে গেছে প্রিয় দোয়েল পাখি
হে আশ্চর্য শহর
কেবলি দিলে অর্কিড জীবন, দু’দণ্ড শান্তি দিলে না
হায় ভালোবাসা!
মানুষের প্রতি আমার এত ভালোবাসা!
সবই বিভ্রম বটে
মনের মধ্যে মন জ্বলে ধিকি ধিকি
হাঁটতে হাঁটতে বড় একা হয়ে যাই
একাকী মানুষ আমি ক্রমশ শূন্যতার দিকে উড়তে থাকে
রথের সংসার আর আমার গন্তব্য

Leave a Reply
You must be logged in to post a comment.