কে তোকে এনেছে এখানে বল্ বাণিজ্য-বালিকা! সারা গায়ে সমসৃণ পরিমার্জনার ছাপ, চোখে দাঁতে কামনার মদির বিলাপ, শরীর যতটা ঢাকা তার ঢের বেশি না-ঢাকা সুষমা, দুই হাতে দশ হাতে নিজেকে বিক্রয় করো নিজেকে বিলাও, রাত বেশ গাঢ় হলে ঘরে ফিরে আসো পরিশ্রান্ত নিঃস্ব বিকিয়ে-যাওয়া মেয়ে, নিজের ঘরের দিকে ফেরো সেইখানে জন্মদাত্রী অপেক্ষায় আছে, প্রতীক্ষায় রাত জাগে অক্ষম প্রৌঢ় পিতা ছোট বোনটিও রাত জাগে তোর জন্য।
ঘরে আসো, চেনা ঈষৎ ময়লা ঘর, মফস্বলবাসিনীর মায়া জেগে ওঠে চোখে মুখে, রঙ ধোও, আটপৌরে পোশাকটিকে পরো তারপর রাতের সামান্য আহার সেরে নিদ্রাতুরা হও। স্বপ্নপরী নেমে আসে তোমার মাথায়, স্বপ্নের ভিতরে আসে শ্বেত অশ্ব আর অশ্বারোহী তুমুল তরুণ তোমাকে ডাকে ডাকে ডাকে তুমি বেরুতে পারো না, কেননা তোমার চারিপাশে ততক্ষণে বেজে উঠেছে বাণিজ্য বাজনা আর বিক্রয়ের গান… ঐ ডাক ঐ অপরূপ ডাক তুমি আর শুনতে পাও না…

Leave a Reply
You must be logged in to post a comment.