পনেরো
খোকন ভুরু কুঁচকে যুবকটির দিকে তাকালো। কী রে ভাই, আপনে কে?
যুবক হাসিমুখে বলল, আমার নাম নীলু।
নীলু তো বুজলাম, আমাগ গাড়িতে উইঠা বইসা রইছেন ক্যান?
নীলুর স্বভাব হচ্ছে যে যে-রকম ভাষায় কথা বলে সেও সে-রকম ভাষায় তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। কয়েকটি ক্ষেত্রে একটু অসুবিধা হয়। যেমন সিলেট নোয়াখালি চিটাগং এই তিনটি এলাকার ভাষা সে তেমন বলতে পারে না। বরিশালেরটা কিছু কিছু পারে। খাস ঢাকাইয়া ভাষাটাও মোটামুটি পারে। ঢাকা বিক্রমপুর মানিকগঞ্জ ফরিদপুর এসব এলাকার যে একটা কমন ভাষা আছে সেটা বেশ ভালোই পারে। খানিক আগে ফিলিং স্টেশানের কর্মচারী দুজনের সঙ্গে সেই ভাষায়ই কথা বলেছে। এখানকার এই ভদ্রলোকের ভাষাও ফিলিং স্টেশানের কর্মচারী দুজনের মতোই। অনায়াসেই নীলু তার সঙ্গে ওই ভাষাটা চালিয়ে যেতে পারে। কিন্তু ভদ্রলোকের সঙ্গে আরেকজন ভদ্রলোক এবং বেশ মিষ্টি ধরনের একটি যুবতী মেয়ে আছে। মেয়েটির শাড়ি পরার ভঙ্গিটি খুবই সুন্দর। শাড়ি তো সব মেয়েই পরে, কিন্তু সবাই সুন্দর করে পরতে পারে না। এই যুবতীটি অতি সুন্দর করে পরেছে। শাড়ি সুন্দর করে পরার কারণে যতটা সে মিষ্টি, তাকে দেখাচ্ছে তারচে অনেক বেশি মিষ্টি। অনেক-বেশি বাঙালি মেয়ে মনে হচ্ছে তাকে।
এরকম একটি মেয়ের সামনে ওরকম ভাষায় কথা বলতে ইচ্ছে করল না নীলুর। একপলক মেয়েটির দিকে তাকিয়ে খোকনকে বলল, আমিও আপনাদের সঙ্গে যাবো।
খোকন তার নিজের ভাষায়, রুক্ষভঙ্গিতে বলল, কই যাইবেন আমগ লগে?
মাওয়া।
আমরা মাওয়া যামু জানলেন কেমনে?
বেলাল ভাই বলেছেন। আপনারা যখন ভেতরে বসে কোল্ড ড্রিংকস খাচ্ছিলেন তখন আমি বেলাল ভাইয়ের সঙ্গে কথা বলেছি। জিজ্ঞেস করেছিলাম গাড়িটা কোনদিকে যাবে, উনি বললেন, মাওয়ার দিকেই যাবে।
আর লগে লগে আপনে উইঠা বসলেন?
নীলু আবার হাসল। না, ঠিক সঙ্গে সঙ্গে উঠে বসিনি। বেলাল ভাইকে আমার সমস্যাটার কথা বললাম, শুনে উনি বললেন, এই গাড়িতে জায়গা আছে। সাহেবরা যদি নিয়ে যায় আপনি যেতে পারবেন।
লালুবাবু এবং জয়িতা অবাক হয়ে নীলুকে দেখছিল, নীলুর কথাবার্তা শুনছিল। লালুবাবু খেয়াল করেছেন কী না কে জানে, জয়িতা খেয়াল করছিল, নীলুর কথা বলার ভঙ্গি খুব সুন্দর। ভয়েসও ভালো। সুন্দর উচ্চারণে কথা বলে সে। কথা বলার সময় মুখটা থাকে হাসি হাসি। দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। নীলু বেশ ম্যানলি, বেশ স্মার্ট। বসে থাকার পরও বোঝা যাচ্ছে সে বেশ লম্বা, শরীরের গড়ন সুন্দর। গায়ের রং শ্যামলা। শ্যামলা না বলে ডার্ক বললেই যেন বেশি মানাবে। অর্থাৎ ডার্ক হ্যান্ডসাম বলতে যা বোঝায় নীলু তাই। এই ধরনের পুরুষ জয়িতার বেশ ভালো লাগে। কিন্তু নীলু একবারের বেশি তার দিকে তাকায়নি, খোকনের মুখের দিকে তাকিয়ে কথা বলছিল।
খোকন তখন নীলুকে ছেড়ে বেলালকে নিয়ে পড়েছে। এই মিয়া, তুমি তারে গাড়িতে উঠতে কইছো?
বেলাল কাঁচুমাচু গলায় বলল, না সাব, গাড়িতে উঠতে আমি কই নাই। আপনেরা ভিতরে যাওনের পর ভাইয়ে আইসা আমারে কইলো তারে ফালাইয়া বাস চইলা গেছে। বাসে তার একখান ব্যাগ রইয়া গেছে। মাওয়া যাওনের আর কোনও বাস সে পায় নাই। যুদি এই গাড়িতে আমরা তারে একটু নিয়া যাই তয় তার খুব উপুকার হয়। আমি কইছি, আপনে খাড়ান। সাহেবরা আইলে তাগো আমি বইলা দেখুমনে। তার আগেই সে গাড়িতে উইঠা বইছে।
নীলু আগের মতোই হাসিমুখে খোকনের দিকে তাকাল। আমার এভাবে উঠে বসার আসল কারণটা আমি বলি। আপনি একটু মন দিয়ে আমার কথা শুনবেন। যে সমস্যাটা আমার হয়েছে, এই ধরনের সমস্যায় আপনাদের মতো ভদ্রলোকদের উচিত আমাকে হেলপ করা। এবং আই য়্যাম সিওর আপনারা তা করবেন, এই করণেই আমি গাড়িতে উঠে বসেছি। এইট সিটার মাইক্রোবাস, ড্রাইভার নিয়ে আপনারা লোক মাত্র চারজন। আমি ইজিলি আপনাদের গাড়িটায় যেতে পারি। অন্য কারও কোনও অসুবিধা হবে না, সামান্য অসুবিধা শুধু আপনার হতে পারে। আপনি আগে এই সিটটায় বসেছিলেন, এখন আপনাকে বসতে হবে পেছনের সিটে। অবশ্য আপনি যদি চান আপনি এই সিটটায়ও বসতে পারেন। আমি পেছনে গিয়ে বসলাম।
নীলু এই গাড়িতে উঠে বসে আছে, দৃশ্যটা ততোক্ষণে বসির আর মতির চোখেও পড়েছে। তারা দুজনও এসে দাঁড়িয়েছে মাইক্রোবাসের সামনে। নীলুর কথাবার্তা শুনে খোকন-জয়িতারা যেমন হতভম্ব, বসির- মতির অবস্থাও তেমন। এই ধরনের মানুষ তো তারা কখনও দেখেনি। বিপদ-আপদে পড়লে মানুষ মানুষের সাহায্য চাইতেই পারে, আর গাড়িতে লিফট চাওয়ার একটি নিয়ম তো মানুষের সমাজে আছেই। কিন্তু এ তো লিফট চাইছে না, এই গাড়িতেই সে যাবে এমন একটা সিদ্ধান্ত নিয়ে কাউকে কিছু না বলে গাড়িতে উঠে বসে আছে।
অন্য কোনও মতলব নেই তো?
এই প্রশ্নটা প্রথম এলো ফিলিং স্টেশানের কর্মচারী মতির মাথায়। নীলুর চোখের দিকে তাকিয়ে সে বলল, ভাই, আপনের কথাবার্তা সুবিদার লাগতাছে না।
মতির দিকে তাকিয়েও হাসল নীলু। সুবিধার লাগছে না মানে কী? আমাকে কি গুণ্ডাপাণ্ডা মাস্তান কিংবা ছিনতাইকারী মনে হচ্ছে? কিছুদূর গিয়েই কি কোমড় থেকে রিভলবার বের করে গাড়ি থামাব, যার যা কিছু আছে নিয়ে রাস্তায় নেমে যাবো? আমার চেহারা কি সে-রকম?
ডানহাতে দাড়ি চুলকাতে চুলকাতে বসির বলল, চেহারা দেইখা আইজ কাইল আর লোক চিনা যায় না। আপনের থিকাও কত ভালো চেহারার ছ্যাচরা চোর দেখছি আমি।
শুনে জয়িতা খিলখিল করে হেসে উঠল। তার হাসি দেখে সবাই হাসল। নীলুর ঠোঁটেও হাসি। বলল, কথাটা মন্দ বলেননি। কিন্তু আমার প্রবলেমটা আপনারা দুজনেই জানেন। তারপরও কেন আমাকে এরকম ভাবছেন বুঝতে পারছি না।
মতি বলল, সেইটাও আপনে সত্য বলছেন কিনা কে জানে। হইতে পারে বাস থিকা আপনে ইচ্ছা কইরাই নাইমা গেছেন। ব্যাগ বোগ কিছুই আপনার লগে আছিল না। পুরাটাই বানাইনা গল্প। আবার এমুনও হইতে পারে যেই বাসের কথা কইলেন সেই বাসেই আপনে আসেন নাই। অন্য কোনও দিক দিয়া আইসা আপনে আমাগ বাথরুমে ঢুইকা গেছেন।
তারপর বানাইয়া বানাইয়া গল্প কইরা আমাগ এখানে বইয়া রইছিলেন এইরকম কোনও মতলবে।
আপনার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। কোন রকম মতলবের কথা বলছেন?
এই যে এইভাবে যেই গাড়ি পাইবেন সেই গাড়িতে উইঠা বসবেন।
তাতে আমার লাভ কী?
বসির বলল, কী লাভ বোঝেন নাই? খারাপ মতলব থাকলে সেই লাভ?
এবার বুঝেছি। তাহলে আপনারা একটা কাজ করুন, আমার বডি সার্চ করুন। দেখুন আমার সঙ্গে কোনও অস্ত্রটস্ত্র আছে কী না। তবে আবারও বলছি, আমি আপনাদের সঙ্গে একটিও মিথ্যে কথা বলিনি আই য়্যাম নট দ্যাট টাইপ।
গাড়ি থেকে নামল নীলু, দুহাত তুলে দাঁড়াল। সার্চ করুন আমাকে। তবে আমি কিন্তু ভাই এই গাড়িতেই যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে। বিকেলের মধ্যে মাওয়া না পৌঁছালে আমার একটু অসুবিধা হবে।
হাত তুলে দাঁড়াবার ফলে নীলুকে যেন আরও ম্যানলি লাগছে। জয়িতা দেখল তার অনুমানই ঠিক। বেশ লম্বা নীলু। প্রায় ছ’ফিট। জয়িতা মুগ্ধ হয়ে নীলুর দিকে তাকিয়ে রইল।
মতি বলল, খোকন ভাই, চেক করুমনি?
খোকন বিরক্ত গলায় বলল, আমার কাম কী এরে চেক করার? আমার সাফা কথা এই গাড়িতে অচেনা কোনও মানুষজন আমি নিমু না।
নীলু বলল, এখন তো আমি ভাই আপনাদের আর অচেনা না। এতক্ষণ ধরে একসঙ্গে আছি, এত কথা বলছি, নিজেকে সার্চ করাবার জন্য রেডি হয়ে আছি, এত কিছুর পর মানুষ মানুষের অচেনা হয় কী করে? আর যাবোও তো আমরা এক জায়গায়ই। মাওয়া।
না মাওয়া আমরা যামু না। আমরা যামু কুমারবুগ।
কিন্তু বেলাল ভাই যে বলল মাওয়া যাবেন।
বেলাল মিনমিনে গলায় বলল, কুমারবুগ যাইতে হইলে মাওয়া চৌরাস্তা হইয়া যাইতে হয়।
আমাকে তাহলে চৌরাস্তায়ই নামিয়ে দেবেন। সেখান থেকে ইলিশ কোম্পানির কাউন্টার খুঁজে বের করব আমি। দেখব ব্যাগটা পাওয়া যায় কী না!
জয়িতা খেয়াল করল চন্দ্রবিন্দুর উচ্চারণ পর্যন্ত ঠিকমতো করছে নীলু। এটা বেশ রেয়ার ঘটনা। নীলু কি কালচারাল ফিল্ডের লোক নাকি? কবিতা আবৃত্তি করে, নাকি অভিনয়। নাকি প্রোগ্রাম প্রেজেন্টার, মুম্বাইয়ের লোকরা যাকে বলে ভি জে!
আর খোকনের সন্দেহ হলো, নীলু মাওয়া এলাকাটা ঠিক চেনে না। বোধহয় এই প্রথম যাচ্ছে।
কথাটা সে জিজ্ঞেস করল। আপনে কি আগে কোনও দিন মাওয়া গেছেন?
নীলু বলল, তার আগে হাতদুটো নামাই ভাই। বুঝে গেছি সার্চফার্চ আপনারা করবেন না। অযথা আমি হাত তুলে দাঁড়িয়ে আছি।
কথা বলার ফাঁকেই হাত নামিয়ে ফেলেছে নীলু। খোকনের দিকে তাকিয়ে আবার তার সেই লোকপটানো হাসিটা হাসল। আপনার নামটা আমি এতক্ষণে জেনে ফেলেছি। খোকন। খোকন নামের দারুণ একটা সুবিধা আছে ভাই। এই নামের লোকরা কোনও দিন বড় হয় না। তারা সবসময়ে খোকাই থাকে।
শুনে জয়িতা ঠোঁট টিপে হাসল। হাসিটা খেয়াল করল নীলু। কিন্তু ওই নিয়ে কথা বলল না। খোকনের দিকে তাকিয়ে বলল, সারাজীবন খোকা থাকা বিরাট ভাগ্যের ব্যাপার । আপনি সেই সৌভাগ্যবান লোক খোকন ভাই। ভাববেন না আপনাকে তেল দিচ্ছি। আমি আমার ফিলিংসটা বললাম। যাহোক আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে। আমি আগে কোনও দিন মাওয়া যাইনি। এই প্রথম। তবে মাওয়া জায়গাটা খুবই ভেজালের মনে হচ্ছে। আমার জন্য খুবই আনলাকি। ব্যাগ রয়ে গেল বাসে, নিজে পড়ে রইলাম তালুকদার ফিলিং স্টেশানে। এইটুকু রাস্তা যাওয়ার জন্য কত কথা খরচ করতে হচ্ছে। ছোটখাট অপমান পর্যন্ত সহ্য করছি।
খোকন বলল, আপনে মাওয়াই যাইবেন না অন্য কোনো গ্রামে? কোন গ্রামে, কার কাছে যাইবেন কন তো?
এখানে অনেকটা সময় নষ্ট হয়ে গেল। চলুন গাড়িতে উঠি। যেতে যেতে সব কথা বলি। আপনার নাম নিয়ে ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স আছে আমার। শুনতে সবারই ভালো লাগবে।
এই প্রথম লালুবাবু কথা বললেন। খোকন রে, দাদা, লইয়া লও। পোলা খারাপ মনে হইতাছে না।
নীলু হাসল। লালুবাবুর সঙ্গে গলা মিলিয়ে ঠিক তাঁর ভাষায় তাঁর মতো করে বলল, হ হ খোকন ভাই, আমি পোলা খারাপ না।
নীলুর কথা বলার ভঙ্গিতে জয়িতা তো আছেই, খোকন পর্যন্ত তার যাবতীয় রাগ গাম্ভীর্য ভুলে হেসে ফেলল। না রে ভাই, আপনের লগে পারা যাইবো না। আপনে কঠিন জিনিস। ওঠেন গাড়িতে ওঠেন।
নীলু সত্যি সত্যি তাদের সঙ্গে যাচ্ছে এতে সবচে বেশি খুশি হলো জয়িতা।
নীপেশ তালুকদার এমন একজন মানুষ, যাকে দেখলেই মন ভালো হয়ে যায়।
ওয়াদুদ খানেরও মন ভালো হয়ে গেল। বাংলাদেশ বিমানের কলকাতা-ঢাকার এই ফ্লাইটটা প্রায়ই ডিলে করে। আজ করেছে পঞ্চাশ মিনিট। যে-সময়ে ল্যান্ড করার কথা ওয়াদুদ খান এয়ারপোর্টে এসেছে তার মিনিট বিশেক আগে। হুমায়ূন হাফিজ কাস্টমসের প্রভাবশালী অফিসার। সে ব্যবস্থা করে রেখেছে, লালুবাবু আর জয়িতা যেভাবে গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে এসেছে নীপেশ তালুকদার আর তাঁর স্ত্রীও সেভাবেই বেরিয়ে আসবেন।
কিন্তু প্লেন পঞ্চাশ মিনিট ডিলে। এদিকে বিশ মিনিট আর ওদিকে পঞ্চাশ, মোট সত্তর মিনিট। অর্থাৎ একঘণ্টা দশ মিনিট, তার ওপর গ্রিন চ্যানেল হোক আর যে চ্যানেলই হোক আরও বিশ-তিরিশ মিনিট তো লাগবেই বেরিয়ে আসতে। সব মিলিয়ে দেড়-পৌনে দুঘণ্টার ফ্যার। তারপর এয়ারপোর্ট থেকে পুরানা পল্টন, গ্র্যান্ড আজাদ হোটেল। কমপক্ষে একঘণ্টা। যানজট নামের দৈত্যটা তো আছেই। বিকেল শেষ হয়ে যাবে। হোটেলে গিয়ে ফ্রেসট্রেস হয়ে বিকেলের চা-নাশতা খেয়ে তারপর আবার গাড়িতে ওঠো, চলো বিক্রমপুর। রাত কটা বাজবে পৌঁছাতে কে জানে। কিন্তু পৌঁছাতে হবে আজকেই। কাল সকাল থেকে প্রোগ্রাম। আজ গ্রামে গিয়ে না থাকলে সকালবেলা ভজঘট লেগে যাবে। ফজরের আজানের সঙ্গে সঙ্গে হুড়াহুড়ি করে ওঠো, গোসল ইত্যাদি সারতে সারতে বেলা উঠে যাবে। না, সেই রিস্ক কিছুতেই নেয়া যাবে না। ওয়াদুদ খানের কাঁধে অনুষ্ঠানের একটা বড় দায়িত্বও আছে। কলকাতা থেকে যেসব গেস্ট এসেছেন অনুষ্ঠানের শুরুতেই তাঁদের সবাইকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দিতে হবে। ওয়াদুদ খান মঞ্চের লোক নন। একটু প্রিপারেশান নিতে হবে। কতটা ভালোভাবে করা যাবে কাজটা, যদি ভালোভাবে প্রেজেন্ট করা না-যায় লোকে হাসাহাসি করবে। সামনা সামনি না হোক আড়লে-অবডালে তো করবেই। তিনি এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি। তাঁর বাবা হাকিম খান পাকিস্তান আমলের বড়লোক, নামকরা লোক। তাঁরা প্রতিটি ভাইই পয়সাঅলা এবং নামকরা। সুতরাং নাম নষ্ট করবার কোনও অবকাশ নেই। আজ আবার সঙ্গেও কেউ নেই ওয়াদুদ খানের। লালুবাবু আর জয়িতাকে নিতে আসার সময় খোকন ছিল সঙ্গে, প্লেনও ডিলে করেনি। সময়টা ভালো কেটে গেছে। আজ সঙ্গে কেউ নেই। লালুবাবুদের নিয়ে খোকন চলে গেছে বিক্রমপুরে। জামাল খান হুমায়ূন হাফিজ কিংবা ডালুকে, দেলোয়ার হোসেন খান ডালুকে যে সঙ্গে আনবেন সেই উপায়ও নেই। একেকজন ব্যস্ত হয়ে আছে একেক কাজে। হুমায়ূন হাফিজ গেস্টদের ক্রেস্ট আর উদ্যাপন কমিটির সদস্যদের ব্লেজারের দায়িত্বে। সংকলনের জন্য প্রচুর বিজ্ঞাপনও জোগাড় করে দিয়েছে। অসাধারণ কাজের লোক। সৎ সিনসিয়ার পরিশ্রমী। আরেক পরিশ্রমী যুবক দেলোয়ার হোসেন ডালু। মাস দুয়েক ধরে নিজের ব্যবসা-বাণিজ্য সব ফেলে স্কুলের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে আছে। সব কাজেই আছে ডালু। এই কাজির পাগলা চলে যাচ্ছে, এই ওটা করছে। দেদারসে খরচা করছে নিজের পকেটের পয়সা। কোনও দিকে তাকাচ্ছে না। জামাল খান তো দুবার কলকাতাই গেল প্রতিষ্ঠাতা পরিবারের লোকজনদেরকে দাওয়াত করতে। শেষবার ওসমান গণী তালুকদার, আবুল বাসার, ওয়াদুদ খান তিনজন কালনা পর্যন্ত গেল জলধর ডাক্তারকে দাওয়াত করতে। ওদিকে আবদুর রহমান, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন কে এম নজিব, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ চৌধুরী, লিয়াকত হোসেন, নুরুদ্দিন ভাই, বাহনদা, নূরী আবদুর রহমান, জি এম কাদের, মুস্তাফিজুর রহমান, মোস্তাক নামে একটা ছেলে, ইস কী যে পরিশ্রম সবাই করছে। নিজ এলাকার একটি স্কুলের জন্য এত মায়া কে কবে কোথায় দেখেছে কে জানে। আর আলী আহমেদ তো ইমদাদুল হক মিলনকে নিয়ে নাওয়া খাওয়া স্কুলের চাকরি সব বাদ দিয়ে সংকলন ছাপা নিয়েই আছে। চাররাত নাকি বাড়িই ফেরেনি। পুরানা পল্টনের মিচুয়্যাল গ্রাফিক স্কেনে বসে সংকলনের কাজ করেছে।
আজ বিকেলের মধ্যে গেস্টরা সব পৌঁছাবে বলে এত ব্যস্ততার মধ্যেও একেকজন একেকদিকে চলে গেছে তাঁদেরকে রিসিভ করতে। একটা বড়দল গত দুদিন ধরে কাজির পাগলা গিয়ে পড়ে আছে। স্টেজ লাইটিং প্যান্ডেল ওসব নিয়ে ব্যস্ত। মমতাজ আসবে গান গাইতে শোনার পর ভয়াবহ উৎসাহ তৈরি হয়েছে সারা বিক্রমপুরে। দ্বিতীয় দিন হাজার বিশেক লোক হবে অনুমান করছে সবাই। আল্লাই জানে কীভাবে সামাল দেয়া যাবে। তার ওপর আছে লোকাল পলিটিক্স। আওয়ামী লীগ বিএনপি। সিকিউরিটির ব্যাপার আছে। প্রশাসনের ওপর লেবেল পর্যন্ত ইনফর্ম করা আছে। দেখা যাক।
ইস এই জায়গাটা আবার নো স্মোকিং জোন। একটা সিগ্রেট খেতে পারলে ভালো হতো। টয়লেটে গিয়ে খেয়ে আসবে নাকি!
এসময় মোবাইল বাজলো। একটা কিছু কাজ পাওয়া গেছে দেখে ব্যস্ত ভঙ্গিতে কোটের পকেট থেকে লুকিয়ে মোবাইল সেট বের করলেন ওয়াদুদ খান। স্ক্রিনে দেখলেন ওসমান গণী তালুকদারের নাম। মুখটা হাসিতে ভরে গেল তাঁর। একটু উচ্চস্বরে কথা বলার স্বভাব। বললেন, গণীদা, আপনে কই?
কন তো কই?
কেমতে কমু? বাড়িত গেছেন গা নি?
আরে নারে দাদা। কমলাপুর বাস টার্মিনালে আইসা বইসা রইছি। দিপালী নাগ আর তার গানের দল আইবো না? তাগো রিসিভ করতে আইছি।
দুইজন তো তাইলে একই কামে আছি। আমি আইছি এয়ারপোর্টে। ওই যে নীপেশদা আইবো।
জানি। এখনও আসে নাই।
নারে ভাই। প্লেন ডিলে করতাছে।
হইছে কাম। আমার বাসও তো ডিলে।
আল্লায়ই জানে কপালে আইজ কী আছে। টাইম মতন বাড়িত যাইতে পারুমনি?
এত চিন্তা কইরেন না! দেখবেন সবই ঠিকটাক মতন হইয়া যাইবো আল্লার রহমতে। এত মানুষের পরিশ্রম কোনও দিন বিফল হয় না। দেরি হোক আর যাই হোক আইজ রাইতেই বিক্রমপুর গিয়া পৌঁছাইতে হইবে। নইলে সকালবেলা কেলেংকারি হইয়া যাইবো।
শোনেন লালুদা আর তার নাতিনরে আপনের বাড়িতে পাঠাইয়া দিছি। নীপেশ তালুকদার আর বউদি থাকবো মেদিনী মণ্ডল, আউয়াল তালুকদারের বাড়িতে। শ্যামলাল থাকবো আমগ বাড়িতে, কুসুমকান্তিও আউয়াল তালুকদারের বাড়িতে। দিপালী নাগ তার দলবল নিয়া আপনের বাড়িতে। বাসারগ বাড়িতেও থাকবো অনেকে।
আরে এইগুলি জানি। ওই যে কইলকাতার বাস আইসা পড়ছে। আমি দিপালী নাগরে নিয়া হোটেলে গেলাম। আপনে আসেন।
এসবের কিছুক্ষণ পর নীপেশ তালুকদারও এসে পড়লেন। পরনে গাঢ় নীল ব্লেজার আর বিস্কিট রঙের প্যান্ট। আকাশি রঙের শার্টের সঙ্গে মেরুনের ওপর সাদা বুটিদার টাই, পায়ে চকচকে কালো জুতো। মাথার কোঁকড়ানো চুল এই বয়েসেও ঈর্ষণীয় ঘন। তবে নব্বই ভাগই সাদা। টকটকে ফর্সা গায়ের রং, মাঝারি হাইটের মানুষ। সৌম্য, ব্যক্তিত্বময়। স্ত্রী রত্নও তাঁর সঙ্গে বেশ মানানসই। চমৎকার জুটি। ওয়াদুদ খানকে দেখেই বিনম্র ভঙ্গিতে নমস্কার করলেন দুজনে ওয়াদুদ খানের মন ভালো হয়ে গেল। প্লেনে কোনও অসুবিধা হয় নাই তো দাদা।
না। ওই একটু ডিলে আর কী! আপনার বউদি বলছিলেন, আপনারা এসে এয়ারপোর্টে ওয়েট করছেন, আপনাদের কষ্ট হচ্ছে।
ওয়াদুদ খান হাসলেন। আমার লগে কেউ নাই। আমি একলা।
বউদি বললেন, তবে তো আরও কষ্ট। একা একা ওয়েট করা যায় নাকি?
কী করুম কন? কেউরে পাই নাই। সবাই ব্যস্ত। চলেন।
গাড়ির কাছে আসতে আসতে ওয়াদুদ খান বললেন, আপনেগ উপরেও চাপ কম পড়ব না। কলকাতা থিকা ঢাকা আইসা নামনের পর পরই আবার রওনা দিতে হইব।
নীপেশ তালুকদার বললেন, মানে?
আইজই বিক্রমপুর চইলা যামু আমরা।
কতক্ষণ লাগবে যেতে?
বেশি না। ঘণ্টাখানি।
ও এ আর এমন কী?
বউদি বললেন, তাহলে আমাদের ব্যাপারটা দাঁড়াল দিল্লি কলকাতা, কলকাতা ঢাকা, ঢাকা বিক্রমপুর।
ওয়াদুদ খান চমকালেন। আপনেরা আইজই দিল্লি থিকা আইছেননি?
নীপেশ তালুকদার স্নিগ্ধ ভঙ্গিতে হাসলেন, হ্যাঁ। কোনও অসুবিধে নেই। আমি জার্নি করে অভ্যস্ত। সারাজীবন বিদেশে কাজ করেছি। সতেরো আঠারো বছর ছিলাম রিয়াদে। এখন রিটায়ার লাইফ। দিল্লিতে ছোট্ট একটা বাড়ি করেছি। ছেলেমেয়ে দুটোও সঙ্গে থাকে না। আছি শুধু আমি আর আপনার বউদি। একেবারেই ব্যস্ততাহীন জীবন। সুতরাং হঠাৎ হঠাৎ ব্যস্ত হতে ভালোই লাগে।
নীপেশ তালুকদারের কথা শুনে এই দম্পতির দিল্লির জীবনটা যেন চোখের সামনে দেখতে পেলেন ওয়াদুদ খান। ছোট্ট দোতলা একটা বাড়ি। নিচে ড্রয়িং রুম, ডাইনিং রুম। ওপরে দুতিনখানা শোবার ঘর। একটি ঘরে স্বামী-স্ত্রী থাকেন, অন্য ঘরগুলো খালি পড়ে আছে। ছেলেমেয়েরা এলে থাকে। বাড়িতে মধ্যবয়সী একজন কাজের লোক। তাও পুরুষমানুষ। সে একাই বাড়ির পুরো কাজ সামলাচ্ছে। বাজার করছে, রান্না করছে, জামা-কাপড় নিয়ে লন্ড্রিতে ছুটছে, ঘর ঝাঁট দিচ্ছে, চা করছে। আর দুজন মানুষের কোনও কাজ নেই। তারা দুজন খাচ্ছে, ঘুমাচ্ছে। কোনও কোনওদিন কোথাও বেড়াতে যাচ্ছে। অতি একঘেয়ে এবং ক্লান্তিকর জীবন। এরকম জীবন কি ওয়াদুদ খানের কখনও হবে? ওরকম একঘেয়ে ক্লান্তিকর জীবন কি তিনি মেনে নিতে পারবেন? তাঁর মতো ব্যবসায়ীর জীবনে কি রিটায়ারম্যান্ট বলে কিছু আছে?
এসব ভাবতে ভাবতে নিজের শেষজীবনের একটা ছবি কল্পনায় দেখার চেষ্টা করলেন ওয়াদুদ খান। কিছুই দেখতে পেলেন না। (চলবে)

Leave a Reply
You must be logged in to post a comment.