॥ ১৫ ॥
ঝুপড়ির চায়ের দোকানটার সামনে বেশ কয়েকজন লোক জড়ো হয়েছে এত সকালেই।
নার্সিং হোমটা বেশ বড়, অনবরত লোকজন যাওয়া-আসা করে, কোনো সংকটাপন্ন রুগির আত্মীয়স্বজন সারারাত জেগে সামনে বসে থাকে। এ চায়ের দোকানের ভবিষ্যৎ উন্নতি আটকায় কে?
একটা কেটলিতে গরম জল ফুটছে, কাপ-প্লেট সাজাচ্ছে এক মহিলা। কাছেই একটি লোক, সম্ভবত ওর স্বামী, একটা খাটিয়ার ওপর ঘুমোচ্ছে। একটা সসপ্যান ভর্তি ঘন দুধ, ওপরে সর পড়ে আছে।
তাইয়েব সেই মহিলাকে বললো, এ মাইয়া, কাপগুলো গরম পানিতে আচ্ছা করকে ধুয়ে নাও!
মহিলাটি বললো, সব আভি আভি ধোলাই করকে রাখা।
তাইয়েব বললো, দুধটা ছেঁকে নেবে। সর যেন না পড়ে।
আমি বললাম, চিনি দেবে না।
মহিলাটি এবার মুখ তুলে আমাদের একবার দেখে নিল। তার দৃষ্টিতে খানিকটা বিস্ময়, খানিকটা বিরক্তি। আপন মনে বিড়বিড় করে বললো কী যেন!
কোনো কোনো খদ্দের যে চিনি নিতে চায় না, এইসব ছোটখাটো দোকানিরা সে-ব্যাপারটা ঠিক বোঝে না। একই তো দাম দিতে হবে, তবু চিনি খাবে না কেন? এরা বোকা।
ভাঁড়ে চুমুক দেবার আগে তাইয়েব আবার বললো, দো ঠো নামকিন বিস্কিট দেও।
আমি বললাম, আমার বিস্কুট লাগবে না, তুমি নাও।
তাইয়েব বললো, তুমি শুধু চা খাও? শোনো, ডোন্ট ডু দ্যাট। সারারাত পেটটা বিশ্রাম নেয়। সকালবেলা হঠাৎ খানিকটা গরম জিনিস পেটে গেলে লিভারটা চমকে ওঠে। সেটা ক্ষতিকর।
তাইয়েবের উপদেশ দেওয়ার অভ্যেস আছে। আমার চেয়ে বয়েসে কিছুটা ছোটই হবে, কিন্তু ও ছোট-বড় মানে না, অনেককেই নানা বিষয়ে উপদেশ দিয়ে ফেলে।
বিনা আপত্তিতে আমি একটা বিস্কুট নিলাম।
চায়ের স্বাদটা বেশ ভালোই লাগছে, একটু আদা মিশিয়ে দিয়েছে বোধহয়। কিন্তু আজকাল চায়ের ভাঁড় এত ছোট হয়ে গেছে যে, এক ভাঁড়ে ঠিক জুত হয় না।
মহিলাটিকে বললাম, আরও দুটো চা দাও।
তাইয়েব মহিলাটিকে বললো, ওই যে লোকটা শুয়ে আছে, ও তোমার আদমি? ওকে তুলে দাও। তুমি একা কাজ করবে, আর ও ঘুমোবে, এটা ঠিক নয়।
মহিলাটি বললো, উ বহুত রাত তক কাম করে।
কী কাম করে?
মিস্তিরি কা কাম।
রাত্তিরে আবার মিস্তিরিদের কী কাজ থাকে?
লোকটি এইসময় চোখ মেলে তাকালো। চোখদুটো টকটকে লাল। রাত্তিরে প্রচুর গাঁজা খেয়েছে। আহা বেচারির কাঁচা ঘুম ভাঙানো হলো।
সব ব্যাপারেই তাইয়েবের পুলিশি-কৌতূহল। আমি সরে গেলাম একটু দূরে। আস্তে আস্তে আলো ফুটছে। এরই মধ্যে সাইকেল নিয়ে ছুটতে শুরু করেছে খবরের কাগজের হকাররা। একটা দুধের ভ্যান এসে থামলো কাছেই।
একবার কি স্বাতী আর রঞ্জার সঙ্গে দেখা করে আসা উচিত? এইরকম সময়ে কোনো সান্ত্বনার ভাষা আমার জানা নেই। অন্য কারুর কান্না আমি সহ্য করতে পারি না। শ্রেয়া মেয়েটা চলে গেল?
তাইয়েব কাছে এসে বললো, সুনীল, তুমি মর্নিং ওয়াক করো?
আমি মাথা নাড়লাম দুদিকে?
যোগ ব্যায়াম-ট্যায়াম করো?
না।
ইউ শুড ডু সামথিং। অন্তত কুড়ি-পঁচিশ মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ।
আবার উপদেশ!
এত সকাল সকাল সিগারেট ধরালে?
বাঃ, চা খেলে তারপর সিগারেট টানতে হবে না?
তুমি, রশিদ, শক্তি, তোমরা সিগারেট খেয়েও বেঁচে আছো কী করে? আমি জীবনে একটাও সিগারেট খাইনি। নেভার টাচ্ড অ্যালকোহল। খুব বন্ধু কিংবা ফ্যামিলি ছাড়া আর কারুর সঙ্গে কক্ষনো কোনো হোটেল-রেস্তোরাঁয় খেতেও যাই না।
তুমি দৈত্যকুলে প্রহ্লাদ।
তার মানে।
এটা একটা হিন্দু মাইথোলজির গল্প। তুমি জানো না বোধহয়। দেবতা আর দৈত্যরা তো সবসময়ে মারামারি করে। এক দৈত্যরাজার দেশের নাম প্রহ্লাদ, সে আবার দেবতাদের রাজা হরির খুব ভক্ত, দৈত্যদের মধ্যে ওনলি এক্সেপ্শান। সেই রকমই তুমি। পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের যা ইমেজ আছে, তুমি তার একেবারেই ব্যতিক্রম। তুমি কাজ নিয়ে সবসময়ে ব্যস্ত থাকো, অথচ তোমার শত্রুরাও জানে, তুমি কখনো এক পয়সাও ঘুস খাও না। কোনো উপহারও নাও না কারুর কাছ থেকে।
তাইয়েব গম্ভীরভাবে বললো, সেটি এক্সেপ্শান নয়। দ্যাট শুড বি দ্য রুল।
তারপর হঠাৎ পকেট থেকে রুমাল বের করে ও চোখে চেপে ধরলো।
কাঁদছে? এ কী ব্যাপার, একজন জবরদস্ত পুলিশ অফিসারের চোখে জল? আমি অজান্তে ওকে কোনো আঘাত দিয়েছি?
কয়েক মুহূর্ত পরেই নিজেকে সামলে নিয়ে চোখ মুছে ফেললো তাইয়েব।
আমার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে বললো, প্রত্যেকদিন ব্যায়াম করি। সিগারেট-মদ খাই না। চাকরিতে সবসময় কারেক্ট থাকার চেষ্টা করেছি। সারাজীবনে অন্য কোনো মানুষের ক্ষতি করিনি। কিন্তু তাতে লাভটা কী হলো? আমার ছেলেটা… আমার ছেলেটা…।
আমার শরীরটা যেন খানিকটা হিম হয়ে গেল।
ঘটনাটা ঘটেছিল বছরখানেক আগে। তাইয়েবের ছেলে, যেমন সুন্দর স্বাস্থ্য, তেমনই চমৎকার ব্যবহার, সে একটা বিদেশি জাহাজ কোম্পানিতে চাকরি পেয়েছিল। কিছুদিনের জন্য পোস্টিং হয়েছিল চট্টগ্রামে। হঠাৎ ছেলেটি সেখানে খুন হয়। অমন একটি শান্ত, ভদ্র ছেলে কেন হঠাৎ খুন হলো, তা সঠিক জানা যায়নি। চট্টগ্রামের পুলিশ জানাতে পারেনি, এদিককার পুলিশের পক্ষেও খোঁজ নেওয়া সম্ভব নয়।
খবরের কাগজে এরকম খুন-টুনের কথা প্রায়ই থাকে। কিন্তু নিজের পরিবারে কিংবা ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে এরকম কিছু ঘটলে তা সহ্য করা যায় না।
একটু উপদেশ দেওয়ার অভ্যেস থাকলেও তাইয়েব মানুষটা খুবই সৎ, সবাই তাকে পছন্দ করে। এমন একজন মানুষের এমন আকস্মিক কঠিন শোক কেন প্রাপ্য হবে? জলজ্যান্ত যুবক সন্তান, প্রথম চাকরিতে যোগ দিতে গেল, আর ফিরলো না! তাইয়েবের ধর্মাচরণেও কোনো ফাঁক নেই, শুধু পারিবারিক ধর্ম নয়, মানবধর্মও পালন করে যাচ্ছে নিষ্ঠার সঙ্গে। তবু কেন… এ-প্রশ্নের কি কোনো উত্তর আছে?
নিরাসক্তভাবে, আবেগবর্জিত হয়ে হয়তো অনেক কিছু বলা যেতে পারে, আমার সে-যোগ্যতা নেই।
তাইয়েব বললো, বিনায়কের অনেক দোষ আছে আমি জানি, কতবার বকাঝকা করেছি, কিন্তু ছেলেমেয়েদের ব্যাপারে ও খুবই দুর্বল। একদিন আমার সামনেই, ওদের বাড়িতে, বিনায়ক মাতলামি শুরু করেছিল, শ্রেয়া এসে ধমক দিয়ে বললো, বাবা, তুমি আর খাবে না! বিনায়ক সঙ্গে সঙ্গে আধ-গেলাশ মদ ফেলে দিল। শ্রেয়ার মতন একটা ব্রিলিয়ান্ট মেয়ে…
তুমি কার কাছে খবর পেলে, তাইয়েব?
এই নার্সিং হোমের মালিক আমার চেনা। শ্রেয়া শেষনিশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে সে আমাকে ফোন করেছে। শোনামাত্র আমার মনে পড়লো নিজের ছেলের কথা। সেদিনও ভোররাতে ফোন এসেছিল চিটাগং থেকে। একটুক্ষণ ঝিম হয়ে বসে থাকার পর ভাবলাম, এখন একমাত্র আমিই বিনায়ককে সান্ত্বনা দিতে পারি। কিংবা মুখে কিছু বলতেও হবে না, ওর পাশে দাঁড়ালেই চলবে।
বিনায়ক এখন আকাশে।
খুকুমা এখনো বাড়ি পৌঁছোয়নি, আরও দশ-পনেরো মিনিট লাগবে। আনোয়ারা এর মধ্যে জেগে উঠলেও খুকুমা সবদিক সামলে নেবে। আমার এই শ্যালিকাটি খুবই কাজের মেয়ে।
আমি তাইয়েবকে জিজ্ঞেস করলাম, তুমি চাকরি ছেড়ে দেবে বলেছিলে না?
হ্যাঁ। ভেবেছিলাম, চাকরি ছেড়ে, কলকাতা শহর ছেড়েও চিরকালের মতন চলে যাবো। এখানে আমাদের বাড়িতে, চতুর্দিকে ছেলেটার স্মৃতি ছড়ানো। আমি অনেকটা মেনে নিলেও মালেকা কিছুতেই অ্যাডজাস্ট করে নিতে পারছে না। বেরুতেই চায় না বাড়ি থেকে। অনেকটা ওর জন্যই ঠিক করেছিলাম লখনৌতে গিয়ে সেট্ল করবো। জানো তো, আমরা ওরজিনালি আওধের লোক।
তাই নাকি?
নবাব ওয়াজির আলি শাহকে ইংরেজরা যখন কলকাতায় নির্বাসন দেয়, তখন তাঁর সঙ্গে আমার গ্রেট গ্র্যান্ডফাদারও এসেছিলেন, একটা বড় দল এসেছিল।
হ্যাঁ, শুনেছি ওয়াজির আলি শাহ তাঁর চিড়িয়াখানাটাও সঙ্গে এনেছিলেন।
রাইট। আমার গ্রেট গ্র্যান্ডফাদার মেটিয়াবুরুজে সেট্ল করে গেলেন, আর ফিরে যাননি। আমার বাবাও ছিলেন পুলিশ অফিসার। আমরা এখন প্র্যাকটিক্যালি বাঙালি, আমি তো রশিদের মতন রোজ রাত্তিরে মদ খাই না, কিন্তু রাত্তিরে একটা-দুটো রবীন্দ্রসংগীত না শুনলে আমার ঘুম হয় না। তবে বাড়িতে এখনও আমরা উর্দুকথাও বলি।
রশিদরাও তো বাইলিঙ্গুয়াল। বাড়িতে উর্দু আর বাংলা দুটোই বলে।
সুনীল, তুমি যাই-ই ভাবো, রশিদ তোমার বন্ধু হতে পারে, কিন্তু ওর উর্দু মোটেই পাক্কা নয়। ও উর্দুতে যেসব কবিতা লেখে, সেগুলো কি ঠিক কবিতা?
দ্যাখো ভাই, উর্দু আর ফরাসি, এই দুটো ভাষা নিয়ে কে বেশি জানে, কে কম জানে, এই নিয়ে অনেকের মধ্যে রেষারেষি হয়। কিন্তু আমি তো কিছু মতামত দিতে পারবো না, কারণ ও-দুটো ভাষার কোনোটাই আমি জানি না। যাই হোক, লখনৌতে গিয়ে কী হলো?
ওখানে গিয়ে দু’একজন আত্মীয়কে খুঁজেও পেলাম। আই পি এস ট্রেইনিংয়ের সময়ে আমাদের ব্যাচের কয়েকজন ওখানে অফিসার, তাদের সঙ্গেও যোগাযোগ ছিল। শহরের আউটস্কার্টে একটা সুন্দর দোতলা বাড়ি পছন্দও হয়ে গেল, দামও রিজ্নেব্ল, সেটা কিনতে গিয়েও কিনলাম না। শেষ পর্যন্ত মনে হলো, এখানে আমাদের মন বসবে না।
কেন?
ওখানে যাদের সঙ্গে আলাপ-পরিচয় হলো, তাদের সঙ্গে অনেক ব্যাপারেই আমাদের মিল আছে। প্রথমত, আমাদের ধর্ম এক, আমি রশিদের মতন নাস্তিক নই, আমি আল্লার বান্দা। ভাষাতেও মিল আছে। আমার উর্দু শুনে কেউ ভুরু কোঁচকায়নি। খাদ্যের ব্যাপারে, ওরা মাছটাছ তেমন খায় না বটে, কিন্তু কাবাব-বিরিয়ানি তো আমরাও পছন্দ করি। এসবই ঠিক আছে, কিন্তু ওদের সঙ্গে কথা বলবো কী নিয়ে? মানসিক ওয়েভ লেংথে কোনো মিল নেই। পাঁচ মিনিট কথা বলার পর আর কোনো সাবজেক্ট খুঁজে পাইনি। আসলে রবীন্দ্রনাথ আমাদের সর্বনাশ করে গেছেন। এমন একটা কালচার আমাদের মর্মে গেঁথে দিয়েছেন, তার থেকে আর মুক্তি নেই। ওখানে ওরা যেসব গজল-টজল শুনে আহা আহা করে, তা খানিকক্ষণ বাদে আমার বোরিং লাগে। রবীন্দ্রনাথের কবিতার বাণীর যে-গভীরতা, যেমন, ‘আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়’, এখানে সর্বনাশের পর আশা কথাটা ইউজ করা হয়েছে, এর মর্ম তো ওরা বুঝবে না। উর্দুভাষা ছাড়িনি বটে, কিন্তু বাংলার কালচার আমাদের গ্রাস করে ফেলেছে, আবু সায়ীদ আইয়ুবের যেমন হয়েছিল। ফিরে এসে ভালোই হয়েছে।
মালেকা, তোমার স্ত্রী, সে কী বললো? সেও থাকতে চাইলো না ওখানে?
তিন-চারদিন পরেই মালেকা ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। ওর কারণটা অন্য। ও বলতে লাগলো, আমাদের বাচ্চু আর নেই, কিন্তু বাচ্চুর বন্ধুরা মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে। ওদের দেখলেই মনে হয়, ওরাও তো আমার বাচ্চুরই মতন। লখনৌতে থাকা মানে আমরা যেন ইচ্ছে করে বাচ্চুর স্মৃতি মুছে ফেলতে চাইছি। নাঃ, আমাদের জীবনটা এই শহরেই কাটবে।
তাইয়েব, তুমি যে এত রবীন্দ্রসংগীত ভালোবাসো, তা আগে জানতাম না।
তোমরা তো মনে করো, তোমাদের রশিদই একমাত্র গান-বাজনা বোঝে!
রশিদ রবীন্দ্রনাথের গান তেমন পছন্দ করে না। তোমার রশিদের ওপর এত রাগ কেন?
মোটেই রাগ নেই। হি ইজ আ লাভেব্ল ক্যারেকটার। আমি ওকে অনেকভাবে হেল্প করার চেষ্টা করি। সার্ভিসে থাকতে গেলে কতকগুলো ডিসিপ্লিন তো মানতেই হয়, রশিদ তা কিছুতেই শুনবে না। তোমরাও ওকে খুব কবি-কবি বলে তোল্লা দাও। সেদিন দেখি যে, একটা কাগজে ও ইন্টারভিউ দিতে গিয়ে বলেছে, আমি পুলিশ নই, আমি কবি। পুলিশে চাকরি করে আমি পুলিশ নই বলাটা… ও সাসপেন্ড হতে পারতো, নেহাৎ চিফ মিনিস্টার ওকে প্রশ্রয় দেন।
হঠাৎ প্রসঙ্গ পালটে তাইয়েব জিজ্ঞেস করলো, শ্রেয়া কেন আত্মহত্যা করলো, কোনো নোট রেখে গেছে কিনা, তুমি জানো?
আমি দুদিকে মাথা নাড়লাম।
তাইয়েব বললো, সেটা জানতেই হবে। আমি পার্সোনালি ইনভেস্টিগেট করবো। যদি দেখি কোনো বয়ফ্রেন্ড ওকে বিট্রে করেছে কিংবা দারুণ আঘাত দিয়েছে, তাহলে সে-ছোকরাকে আমি গুলি করে মারবো।
যতরকম সাঙ্ঘাতিক কারণই থাক, আত্মহত্যা ব্যাপারটা কোনোক্রমেই সমর্থন করা যায় না। যে আত্মহত্যা করে, সব দোষ তার। শ্রেয়া চলে গিয়ে কতজন মানুষের মন ভেঙে দিয়ে গেল বলো তো!
সেটাও ঠিক। যে যায়, সে তো চলেই গেল, আর যারা রইলো…
আবার গলায় বাষ্প জমে গেল তাইয়েবের।
এইসময় নার্সিং হোমের মালিক গেটের বাইরে এসে তাকালেন এদিক-ওদিক। তাইয়েবকেই খুঁজছেন। দেখতে পেয়ে কাছে এসে বললেন, স্যার, আপনি অনেকক্ষণ ধরে বাইরেই দাঁড়িয়ে আছেন, চলুন, চলুন, ভেতরে গিয়ে বসবেন। আপনার গাড়ি দেখতে পাইনি, তাই ভেবেছিলাম, আপনি এখনো আসেননি। এইমাত্র একজন খবর দিলো।
তাইয়েব আমার দিকে তাকিয়ে বললো, চলো, ভেতরেই বসা যাক।
আমার সঙ্গে সে আলাপ করিয়ে দিল নার্সিং হোমের মালিকের।ভেতরের অফিসঘরে এসে তাইয়েব ব্যস্ত হয়ে পড়লো টেলিফোন নিয়ে। আমি পড়তে লাগলাম টাটকা খবরের কাগজ।
এরই মধ্যে একসময় তাইয়েব বললো, সুনীল, তোমার একটা ফোন এসেছে।
প্রথমে আমি হকচকিয়ে গেলাম। আমি যে এইসময়ে একটা নার্সিং হোমের অফিসঘরে বসে থাকবো, তা পৃথিবীতে কারুর তো জানার কথা নয়। এটা কি কোনো অলৌকিক ডাক? একটু আগেও তো দাঁড়িয়ে ছিলাম রাস্তায়।
উঠে দাঁড়াতেই মনে পড়লো, একমাত্র খুকুমাই ফোন করতে পারে এখানে।
ঠিক তাই। খুকুমা বললো, সুনীলদা, আপনাদের ফ্ল্যাটে এসে দেখি সেই ভদ্রমহিলা একা একা বসে কাঁদছেন। আমাকে দেখে কান্না থামালেন, আর কোনো কথার উত্তরই দিতে চান না। আমি সব ব্যাপারটা বুঝিয়ে বললাম, তবু চুপ করে রইলেন। মেজদি যতদূর মনে হচ্ছে, বিকেলের আগে ফিরতে পারবে না। এখন কী করবো? আমি চা তৈরি করে দিয়েছি, তাও খেলেন না।
আমি বললাম, তোমার বাড়িতে নিয়ে যাও। স্বাতী কখন ফিরতে পারবে, কোনো ঠিক নেই। আমিও ঠিক বলতে পারছি না।
খুকুমা বললো, আমার বাড়িতে নিয়ে যাবার কথা তো বলেছি। উনি তো কোনো কথাই বলছেন না। যদি যেতে না চান, জোর করে নিয়ে যাবো কী করে? আপনি বরং একটু বুঝিয়ে বলুন।
আমার কথা শুনবে না।
তাহলে মেজদিকে ডাকুন। আমি তো আর কী করবো বুঝতে পারছি না।
ঠিক আছে। নার্সিং হোমের ফোন বেশিক্ষণ আটকে রাখা যায় না। আমি স্বাতীকে ডেকে একটু পরে ফোন করছি। তুমি ছেড়ে দাও, আর কিছুক্ষণ থাকো।
অপারেশন টেব্ল থেকে সরিয়ে এনে শ্রেয়াকে রাখা হয়েছে একটা ক্যাবিনে। সেখানে বসে আছে রঞ্জা আর স্বাতী ছাড়াও কয়েকজন মহিলা।
সেই ক্যাবিনে না ঢুকে একজন ওয়ার্ডবয়কে দিয়ে স্বাতীকে ডেকে পাঠালাম।
স্বাতীর এখন চোখে জল নেই, শান্ত মুখ। তাকে সব বুঝিয়ে বললাম। আমার সঙ্গে একলা ফ্ল্যাটে থাকতে যে আনোয়ারা ভয় পাচ্ছে, তাও বলতে হলো।
অফিসঘরে এসে আবার ফোন করে পাওয়া গেল খুকুমাকে। সে বললো, আমি কর্ডলেসটা ওকে দিচ্ছি।
স্বাতী বললো, আনোয়ারা, আমি কোথায় আছি, আমার বোনের কাছে শুনেছো নিশ্চয়ই। আমি আজ ফিরবো না, তুমি আমার বোনের বাড়ি চলে যাও। কাছেই বাড়ি, ওখানে তোমার কোনো অসুবিধে হবে না। আমার বোন তোমাকে চা বানিয়ে দিয়েছে, তুমি খাওনি কেন? ব্রেকফাস্ট খেয়ে নাও। আনোয়ারা, শুনতে পাচ্ছো আমার কথা? কোনো সাড়াশব্দ দিচ্ছো না কেন? আনোয়ারা, আনোয়ারা, আমি স্বাতীদি বলছি!
ওদিকে কোনো শব্দ নেই।
স্বাতী তাকালো আমার দিকে। ধীর গলায় বললো, ও আসবার পর থেকে আমার সঙ্গেও ভালো করে কথা বলেনি। এখন তো কোনো উত্তরই দিচ্ছে না।
আমি বললাম, খুকুমা তো ওকে জোর করে ধরে নিয়ে যেতে পারবে না। আর আমাদের একা একা রাখাটাও…
তাইয়েব বললো, কী ব্যাপার জানতে পারি?
আমি বললাম, আনোয়ারা নামে বাংলাদেশের একটি মেয়ে…
তাইয়েব বললো, ও সেই মেয়েটি, যাকে তুমি অনেক খোঁজাখুঁজি করেছিলে কয়েকমাস আগে?
আমি বললাম, আমাদের ধারণা ওকে সৌদি আরবে চালান করে দেওয়া হয়েছিল, সে কাল ফিরেও এসেছে আমাদের বাড়ি, কোনো কথা বলতে চাইছে না।
তাইয়েব জিজ্ঞেস করলো, মেয়েটি সৌদি আরেবিয়া যাবার আগে বাংলাদেশ থেকে তোমাদের বাড়িতে এসেছিল, আবার ফেরার সময় ঢাকায় না গিয়ে তোমাদের বাড়িতেই… তোমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠতা আছে বুঝি?
তা ঠিক নয়। ঢাকাতে ওদের বাড়ি বেশ কয়েকবার গেছি, ওর স্বামীকেও চিনি। আনোয়ারা আমাদের বাড়ি আগে কখনো আসেনি। এবারে সৌদি আরবে যাবার আগে ও একগাদা গয়না রেখে গেছে স্বাতীর কাছে। বোধহয় ঢাকায় কারুর কাছে বিশ্বাস করে রেখে আসতে পারেনি। এবার নিশ্চয়ই গয়নাগুলো ফেরত নেবার জন্যই এসেছে।
আনোয়ারার গয়নার কথা তৃতীয় কোনো ব্যক্তিকে এই প্রথম জানালাম। তাইয়েবকে জানানো যায়।
তাইয়েব মাথা নেড়ে বললো, দ্যাট মেক্স সেন্স। সৌদি আরেবিয়াতে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল, যেজন্য মেয়েটি এখন ট্রমার মধ্যে রয়েছে। কথা বলতেও পারছে না। এরকম হতেই পারে। এখন ওকে খুব সাবধানে রাখা দরকার। একলা রাখা তো উচিতই নয়।
কিন্তু খুকুমা কতক্ষণ থাকবে? ওকে অফিস যেতে হবে, জানোই তো ওরা কয়েকজন বন্ধু মিলে একটা নতুন ট্রাভ্লিং এজেন্সি খুলেছে, খুব খাটতে হয়।
তাহলে, সুনীল, তুমি এক কাজ করো। স্বাতী তো এখানে রইলেনই, তুমি বরং ফিরে যাও। বিনায়ক এলে আমি ম্যানেজ করবো। এখানে আরও ফর্মালিটিজ আছে। তোমার আর থাকার দরকার নেই।
আমি স্বাতীর মুখের দিকে একপলক তাকিয়ে আবার তাইয়েবের দিকে ফিরে বললাম, শোনো, তাতেও একটা প্রবলেম আছে। আনোয়ারা আমাকে আগে বেশ ভক্তি-শ্রদ্ধা করতো, এখন এমন বদলে গেছে, আমাকেও ভয় পাচ্ছে। যেন আমি একটা বাঘ, ওকে খেয়ে ফেলবো। কাল রাত্তিরে ও এমন একটা কথা বলেছে, তারপর আর আমি ওই ফ্ল্যাটে ওর সঙ্গে একা থাকতে রাজি নই!
তাইয়েব এক হাতের তালুতে নিজের থুতনি ঘষতে ঘষতে বললো, এটা কিসের চিহ্ন জানো? একটু একটু মাথার গন্ডগোলের। এইসময় পুরোনো সম্পর্কগুলো মনে থাকে না। সেইজন্যই খুব সাবধানে ব্যবহার করতে হয় এদের সঙ্গে। একা থাকলে… ধরো যদি হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার হারিয়ে যায়, দ্যাট উইল বি আ শেইম! কিংবা তোমাদের বাড়িতেই যদি সুইসাইড অ্যাটেম্ট করে…
আমি এবারে একটু বিরক্ত হয়ে বললাম, তাইয়েব, তুমি কোনো সমস্যার কথা বলতে পারছো না, নতুন নতুন সমস্যার কথা তুলছ। আমরা এখন কী করতে পারি, সেটাই বলো -।
আমার মনে হয়, সুনীল, তোমাকে তো আমরা চিনি। ইউ আর আ সিভিলাইজ্ড পার্সন। ফ্ল্যাটে অন্য একটি মেয়ে থাকলেই যে তুমি তার গায়ে হাত-টাত দেবে, এটা আমরা বিশ্বাস করি না। স্বাতীও নিশ্চয়ই তোমাকে চেনেন। তুমি ফিরে যাও, আস্তে আস্তে মেয়েটির ভয় ভাঙাবার চেষ্টা করো।
না, আমি তাতে রাজি নই। মেয়েটি যদি চ্যাঁচামেচি শুরু করে? পাশের ফ্ল্যাটের লোকজন শুনতে পাবে। এইসব ব্যাপারে মেয়েরা কোনো অভিযোগ করলে সবাই প্রথমে বিশ্বাস করে ফেলে। আমি ওসব ঝঞ্ঝাটে যেতে চাই না।
তুমি নিজের বাড়িতে ফিরে যেতে ভয় পাচ্ছো?
হ্যাঁ, পাচ্ছি!
স্বাতী এবার মৃদু গলায় আমাকে বললো, তুমি ফিরেই যাও। তোমার ওষুধ খেতে হবে। তোমার কাছে তো প্রায়ই সকালে অনেক লোকজন আসে। তুমি সে-রকম দু’একজনকে ডেকে নাও!
খুকুমাকে বলা হলো, আরও অন্তত মিনিট চল্লিশেক অপেক্ষা করতে।
সুবোধ আর মল্লিকার আজ সকালে আসবার কথা আছে, কী একটা ইন্টারভিউয়ের ব্যাপারে। কিন্তু সে-তো এগারোটার সময়। এখন বাজে মাত্র সাড়ে সাতটা।
শ্যামল প্রায়ই কৃত্তিবাস পত্রিকার লেখাটেখা দেখাতে আসে, কিন্তু সে ঘুম থেকে ওঠে অনেক দেরিতে। তবু ফোন করলাম তাকে। আশ্চর্য ব্যাপার, আজই সে ভোরবেলা চলে গেছে হলদিয়ায়।
আমি যতদূর সম্ভব নম্বর মনে করে করে ফোন করতে লাগলাম বিভিন্ন মানুষকে। (ক্রমশ)

Leave a Reply
You must be logged in to post a comment.