সম্ভ্রমহানির আগে ও পরে
বিশ্বজিৎ চৌধুরী
আগামী প্রকাশন,
ঢাকা, ২০০৪
৭০ টাকা
বিশ্বজিৎ চৌধুরীর সাম্প্রতিক সম্ভ্রমহানির আগে ও পরে পড়বার পর আবার নতুন করে মুখোমুখি হতে হলো বেশকিছু পুরনো প্রশ্নের। গ্রন্থর্ভুক্ত প্রতিটি গল্পই সুলিখিত। একটি পড়ার পর দীর্ঘ বিরাম ছাড়া পরেরটিতে প্রবেশ করা সহজ হচ্ছিল না। কারণটি অবশ্যই বিশ্বজিতের গল্প-বলার চূড়ান্ত দক্ষতার মধ্যেই খুঁজে পাওয়া সম্ভব। দু-একটি ছাড়া প্রায় প্রত্যেকটি গল্পেই বিশ্বজিৎ পাঠককে পরিচয় করিয়ে দিয়েছেন নতুন এক-একটি অনাবিষ্কৃত ভূখণ্ডের সঙ্গে। সেখানে পা রাখলে পাঠকের হৃদয়ে জন্ম হয় একজন কলম্বাসের অথবা সত্যিকার মহৎ সৃষ্টিকে প্রত্যক্ষ করার তীব্র অচেনা এক অনুভূতির। বিশ্বজিতের নিটোল নির্মেদ এই গল্পগুলোর প্রসঙ্গে যাবার আগে একটু চোখ ফেরানো যেতে পারে পূর্বে উল্লিখিত বেশকিছু প্রশ্নের দিকে। গত কয়েক দশক ধরেই আলোচিত এই প্রশ্নগুলো পাঠককে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এমনকী একটু একটু করে তাদের মনোজগতে গল্পের যে-আবহমান ছবিটি ধরা ছিল, তাকে খানিকটা নাড়িয়েও দিয়েছে। রবীন্দ্রনাথের ‘বৌঠাকুরানীর হাট’ বা ‘ঘাটের কথা’ থেকে শহিদুল জহিরের ‘মনজগতের কাঁটা’ পর্যন্ত বাংলা ছোটগল্প যে-বিচিত্র পথ ধরে এগিয়ে গিয়েছে সে-পথের ভেতর অজস্র যে-বাঁক রয়েছে, যে-বিবর্তন রয়েছে, তা খুঁটিয়ে লক্ষ করলে আমাদের ছোটগল্পের আত্মানুসন্ধানের বিষয়টি চোখে না পড়ার কথা নয়। এই আত্মানুসন্ধানের মূলে রয়েছে দেশকালের পটভূমির সঙ্গে বাংলা ছোটগল্পকে আরো নিবিড়ভাবে যুক্ত করার একটি মরিয়া প্রচেষ্টা। আর তার ফলে উঠেছে অভিযোগ, প্রশ্নের পর প্রশ্ন। আমরা কি আমাদের গল্প বলতে পারছি? যে-ভাষায় গল্প বলত আমাদের মা-মাসিরা অথবা পুঁথি-পালাকাররা কোথায় বা হারিয়ে গেল সেই ভাষা? মোপাসাঁ, অ্যালান পো, ওয়াল্টার স্কট, বালজাক হয়ে হেমিংওয়ে, জয়েস ছাড়িয়ে এমনকী সাম্প্রতিক সময়ের লাতিন আমেরিকা ও আফ্রিকার কথাসাহিত্যও বাংলা ছোটগল্পের সঙ্গে যেন পরিধানের সূক্ষ্ম সুতোর মতো জড়িয়ে আছে।
বাংলা ছোটগল্প সম্পর্কে প্রতি এই অভিযোগ তাই কেউ তুলতেই পারেন যে, আমাদের গল্প আমরা তৈরি করিনি। সমগ্র কথাসাহিত্যের ক্ষেত্রেও এই অভিযোগ উঠেছে। দেবেশ রায়ের মতো কেউ কেউ ভাবতেও চেয়েছিলেন, উপনিবেশের চাপে আমাদের নিজস্ব গল্প তৈরি করার রীতি বদলে না-গেলে হয়তো অন্যরকম একটা কিছু ঘটা সম্ভব ছিল। কিন্তু মাঝে মাঝে আমরা যেসব দেশের কথা উল্লেখ করি, ভুলে যাই যে, তাদের বাস্তবতা ও আমাদের বাস্তবতা পুরোপুরি এক নয়। একথা কিছুটা হলেও সত্যি যে, উপনিবেশকে আমরা ঔপনিবেশিকদের চোখ দিয়ে দেখেছি, তার ভেতরে ঢুকে পড়েছি এবং শেষে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছি যে, এখন আমাদের মাঝেই তাদের ছায়া দেখতে পাওয়া সম্ভব। আফ্রিকা বা লাতিন আমেরিকার
বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভিন্ন বলেই আর সবকিছুর মতো সাহিত্যও তাদের লড়াইয়ের হাতিয়ার হয়ে উঠেছে।
আফ্রিকার কথাসাহিত্যের পথিকৃৎ চিনুয়া আচেবের উদ্ধৃতি থেকেও সেটি স্পষ্ট হয়। আফ্রিকার নতুন ধরনের গল্প-প্রসঙ্গে তাঁর বক্তব্য হলো, ‘আফ্রিকার ছোটগল্প আমাদের
সন্তানদের বাঁচিয়েছে অন্ধ ভিখিরি হয়ে ক্যাকটাসের বেড়ার কাঁটার ওপর মুখ থুবড়ে পড়ার হাত থেকে। গল্প আমাদের রক্ষা করবে। এটি ছাড়া আমরা অন্ধ। অন্ধের কি নিজেকে রক্ষা করার ক্ষমতা আছে? না, আমরা তো পারিনি বরং গল্পই তা করে দেখিয়েছে, এ-ই হলো আমাদের গল্প যা আমাদের পথপ্রদর্শক।’ ক্ষুধা ও যুদ্ধপীড়িত আফ্রিকার ওরাল ট্র্যাডিশনের ধারাবাহিকতায় সংগতকারণেই জন্ম হয়েছিল আচেবে কিংবা টুটুওলার। বাস্তবতাকে ভেঙেচুরে নিজের মতো করে দেখতে চেয়েছেন তাঁরা। অবশ্যই তাঁদের বাস্তবতা আর ঔপনিবেশিকদের
বাস্তবতা ভিন্ন বলেই। তাই যখন বাংলা ছোটগল্পের ক্ষেত্রেও
জাদুবাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজমের অত্যাবশ্যকীয় উপস্থিতি অনেকেই দাবি করেন, তাঁরা এই ভুলটা করেন যে, এখানেও কেবল অন্ধের মত নেয়া হচ্ছে। ফিরে তাকাবার অবকাশ মিলছে না নিজের পায়ের নিচের মাটির দিকে। সে-কারণে আজকাল গায়ের জোরে একটি প্রত্যাখ্যান-প্রবণতা তৈরি হয়েছে দুইদিক থেকে। একতরফ থেকে যাঁরা লিখেছেন, আরেক তরফ থেকে যাঁরা পড়ছেন অর্থাৎ পাঠকদের দিক থেকে। বাংলা গল্পের স্বাভাবিক প্রবহমানতাকে ভেঙেচুরে নিরীক্ষার এই চাপ কতটুকু গ্রহণ করতে প্রস্তুত আমাদের নিজেদের জল-হাওয়া, তাও যেন তলিয়ে দেখার অবকাশ মিলছে না। স্বাভাবিকভাবেই তাই গল্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে পাঠকসমাজ। তৈরি হচ্ছে একদিকে কেবল জনপ্রিয় শস্তা ছেলে-ভুলানো গল্প, যা লোকে খায় আর অন্যদিকে গায়ের জোরে চাপানো, আমদানি করা নতুন এক ভাষা, যা পাঠকের সঙ্গে কোনোভাবেই যেন সেতু রচনা করতে পারছে না, পৌঁছাতে পারছে না তাদের হৃদয়ে। অভাবটা হয়তো মেধা বা শক্তির নয়, হয়তো দৃষ্টিভঙ্গিগত একটা ভুল কোথাও রয়ে গেছে।
এই দীর্ঘ বাকবিস্তার অহেতুক এবং অবশ্যই ইতোমধ্যে তা বাসি হয়ে পড়েছে। কিন্তু কথাগুলো বিশ্বজিৎ চৌধুরীর গল্পের আনাচে-কানাচে যেন উঁকি দিচ্ছিল। তাঁর গল্পের কাহিনীর চূড়া বা খাদ থেকে যেন ঝরে পড়ছিল নতুন এক সম্ভাবনার ইশারা। বিশ্বজিৎ চৌধুরী অন্তত এটি প্রমাণ করতে পারবেন – গল্প শিল্পোত্তীর্ণ হলেও তার পক্ষে পাঠকপ্রিয়তা অর্জন করা হয়তো অসম্ভব নয়। তাঁর গল্পে উঠে এসেছে গাঁও-গেরামের বৈঠকখানার অলস গাছাড়া সহজ ভাষা। সে-ভাষায় সমাজের সবচেয়ে উচ্চশ্রেণির মানুষ থেকে সেলুনের নাপিতের জীবনের ব্যাপ্তিও এঁটে যায়। এই ভাষা বিশ্বজিৎকে জোর করে তৈরি করতে হয়নি, বরং নিজের পরিপার্শ্ব থেকে হৃদয় ও মননের সাহায্যে আলতো করে যেন তুলে এনেছেন। ৯৬ পৃষ্ঠার মোট আটটি গল্পে উঠে এসেছে বর্ণবাদ বা জাতিভেদ-প্রথার শিকার নিম্নবিত্তের মানুষের জীবনের টানাপোড়েন থেকে শুরু করে বর্তমান সময়ের প্রেম ও প্রেমহীনতা, সামাজিক অবক্ষয় এবং ব্যক্তি-মানুষের জীবনের নিরাপত্তাহীনতা। বিশ্বজিৎ হালের প্রবণতার কাছে নতিস্বীকার না-করে লিখে গেছেন নিজের বিবেচনাকে সামনে রেখে। অহেতুক ফেনানো অস্বচ্ছ দুর্বোধ্য বর্ণনারীতি যা আজকাল কম-বেশি সমকালীন গল্পগুলোতে চোখে পড়ে, তা বিশ্বজিতের গল্পে আমরা দেখি না। বিশ্বজিৎ নিজের অন্তর্গত জীবন-দর্শনকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে এই পরিপার্শ্বের মানুষের জীবন সম্পর্কে তার বলবার কথা অনেক বেশি তীব্র ও স্পষ্ট বলে মনে হয়। সত্যিকার লেখক তো বলবার এই প্রচণ্ড চাপের কারণেই অপ্রকাশের ভার থেকে মুক্ত হন এবং সাহিত্যকর্ম কেবল আর তৈরি করার, গড়ে তোলার ব্যাপারও থাকে না তখন, হয়ে-ওঠে একটা বড় ধরনের নির্ভরতাও। সম্ভ্রমহানির আগে ও পরে পড়তে পড়তে বারবার পাঠকের সেই কথাই মনে হবে। আটটি গল্পের মধ্যে উল্লেখ করার মতো বেশ কটি গল্পই আছে। তবে একটি গল্প ‘কৃষ্ণগোপালের ভবিষ্যৎ’ ক্লাসিকের মর্যাদা পাওয়ার দাবি রাখে। নিঃসন্দেহে এমন শক্তিশালী গল্প বহুদিন আমাদের চোখে পড়েনি। গণ্ডগ্রামের দাসপাড়া থেকে এই গল্প কী করে যেন দেশকালের সীমা ছাড়িয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে বিস্তার লাভ করে। হরিকিশোরের মতো চরিত্রের ম্যাটামরফসিস ঘটে যায় পাঠকের অলক্ষে। একসময়ে সে হয়ে-ওঠে তৃতীয় দুনিয়ার নিপীড়িত মানুষের প্রতিনিধি, যে নিজের সমাজের ক্ষুদ্র কাঠামোর মধ্যে নিপীড়নের চেহারা দেখতে দেখতে প্রশ্ন তোলে এই বিশ্বব্যবস্থা সম্পর্কে। অবশ্য তা সচেতনভাবে নয় এবং নিপীড়িত হবার সেই বোধ সেই তীব্রতাও হরিকিশোরের মধ্যে আদৌ গড়েই ওঠে না। হরিকিশোরের গল্পের শুরু হয় এক অন্যরকম স্বপ্নের মধ্য দিয়ে। বংশ-পরম্পরায় কালো গাত্রবর্ণের অধিকারী দাসপরিবারে যখন জন্ম হয় ফর্সা পুত্রসন্তান গৌরগোপালের, গৌরগোপালকে সামনে রেখে হরিকিশোর মুছে ফেলতে চেয়েছিল অতীত বঞ্চনার কালো অধ্যায়টুকু। বের হয়ে আসতে চাইছিল আত্মপরিচয়ের সংকট থেকে। ছেলেকে শিক্ষিত করে তুলে পৌঁছে দিতে চেয়েছিল সমাজের উঁচুস্তরে তাদের কাতারে, যাদের সামনে দাঁড়ালে তার মাথা নিচু হয়ে আসে লজ্জায় এবং বংশ-পরম্পরায় বহন করা দাসসুলভ মনোভাবের কারণে। কিন্তু জীবনে কোনোদিন দ্বিতীয় না-হওয়া গৌরগোপালের ক্ষেত্রে ঠিক উলটোটিই ঘটে। জাতিসংঘে চাকরি নিয়ে আমেরিকায় প্রবাসী হয়েও সে অতীতজিজ্ঞাসা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না। সাদাদের, উঁচুদের কাতারে থেকেও বঞ্চনার ক্ষতটা ঠিকই অনুভব করে সে। বিয়েও করে এক কৃষ্ণাঙ্গ নারীকে আর তাদের যে-সন্তান হয় তার নাম রাখে গায়ের বর্ণের সঙ্গে মিলিয়ে কৃষ্ণগোপাল। এই গল্পটি পড়তে পড়তে পাঠকের মনে পড়ে যাবে নিকোলাস গিয়েনের সেই কবিতাটির কথা, যেখানে তিনি প্রশ্ন করেছেন, কী তাঁর নাম? নিকোলাস গিয়েন সত্যি কি তাঁর নিজের নাম? তাঁর নাম কী হতে পারত দহমি কিংবা আফ্রিকার কোনো কালো মানুষের নামে। কে তাঁর পূর্বপুরুষ তিনি কি পৌত্র, প্রপৌত্র কোন ক্রীতদাসের? কুবার গিয়েনের এই আত্মানুসন্ধান অভিবাসী গৌরগোপালের মধ্যেও যেন আমরা দেখতে পাই। আর এই আত্মানুসন্ধান জন্ম দেয় চলমান বৈষম্যমূলক কর্তৃত্বপরায়ণ বিশ্বব্যবস্থার প্রতি এক স্পষ্ট প্রত্যাখ্যান, যা শেষ পর্যন্ত তৃতীয় দুনিয়ার মানুষের মুক্তির আকাক্সক্ষা সামনে নিয়ে আসে। হতাশ হরিকিশোর ছেলের এই পরিবর্তনকে কিছুতেই মেনে নিতে পারে না, কারণ সাধারণ ধোপা হয়েও নিজের ছেলেকে সামনে রেখে সে স্বপ্ন দেখেছিল বিশ্বজয়ের। আর তাই মৃত্যুশয্যায় তার মুখ থেকে শোনা যায় অদ্ভুত এক প্রশ্ন। কোনো কালো মানুষ কি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে?
বিশ্বজিতের গল্পে মিথ্যা আশাবাদের ফুলঝুরি নেই। তবে কি তিনি যাপিত জীবনের তমসিকতার দিকটাকে তুলে ধরতেই বেশি আগ্রহী। অন্তত এই বইয়ের আটটি গল্প যেন পাঠকের ভেতর সে-ধারণাকেই বদ্ধমূল করে। জগদীশ গুপ্তের গল্প পড়ার পর যেমন একটা অস্বস্তির কাঁটা বিঁধে থাকে পাঠকের মনে, তেমন অনুভূতি নিয়েই শেষ করতে হয় তাঁর গল্প। তবে জগদীশ গুপ্তের সঙ্গে বিশ্বজিতের পার্থক্যও আছে একটা।
আর তা হলো, গল্পে বিশ্বজিতের নিজের মতামত ও আবেগের উপস্থিতি। এক্ষেত্রে গল্পের চরিত্রের মধ্যে জীবন সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি আরোপ করতেও দেখা যায় তাঁকে। যেমন দেখা যায় ‘সায়রাবানু সিনড্রম’ গল্পটিতে। বৃদ্ধ জেবল হোসেনের বাঁচার আকাক্সক্ষা নিয়ে গল্পটি গড়ে উঠেছে। হাসান আজিজুল হক যেমন তাঁর তৃষ্ণা গল্পে সৃষ্টি করেছেন বাসেদের মতো চরিত্রের, যার বেঁচে থাকার তীব্র ইচ্ছে প্রকাশ পায় শুধু খাওয়ার মধ্য দিয়ে। জেবল হোসেনও সে-রকম গোটা জীবন তাঁর চর্চিত ভদ্রলোকের ইমেজ ছেড়ে বেরিয়ে এসে বৃদ্ধ বয়েসে হয়ে ওঠেন লিবিডোপ্রবণ। যৌনতা বা কামুকতা এখানে জেবল হোসেনের বেঁচে থাকার আকাক্সক্ষা ছাড়া অন্য কিছু নয়। কিন্তু নিজের নিয়মে সমাজ কাউকে বাঁচতে বা বেড়ে উঠতে দেয় না। ব্যক্তিসত্তাকে বিসর্জন দিয়ে একজন বৃদ্ধকে একসময়ে হয়ে যেতে হয়, ইহলোক ছেড়ে পরলোকের দিকে এক পা বাড়িয়ে রাখা একজন মানুষকে। কিন্তু জেবল হোসেন ইহলোক ছাড়ার কথা ভাবতেই পারেননি। পারেননি বলেই মৃত্যুর খাদের সামনে দাঁড়িয়েও আবার ঘুরে দাঁড়াতে পারেন তিনি। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েও এমন একটা জায়গায় চলে যেতে চান যেখানে মানুষ অন্তত বেঁচে থাকে।
বিশ্বজিৎ স্পষ্ট ও লাগসইভাবে সামাজিক সংকটগুলো তুলে আনতে পারেন। সূক্ষ্মভাবে এঁকে যান ব্যক্তিমানুষের স্বভাবের বিভিন্ন তলের ছবি। কিন্তু অনেক সময় পাঠককে তা ব্যক্তির বাইরের চেহারাটা দেখায় শুধু। মানুষের অন্তর্জগতের গূঢ় বিবরণ তেমন একটা চোখে পড়ে না বিশ্বজিতের গল্পে। এটিই মনে হয় তাঁর গল্পের প্রধান দুর্বলতা, তাঁর প্রেমের গল্পগুলো সে-কারণে বৈশিষ্ট্যহীন। অনেকটাই টেলিভিশনে দেখা প্যাকেজ নাটকগুলোর মতোই ফেনানো, প্রাত্যহিকতার উপরিতলের কিছু ছবি ‘বৃক্ষশাখায় তীব্র ঝড়ের সংবাদ’ কিংবা ‘দ্বিতীয় বৃত্তের তৃতীয় জন’ গল্পদুটিতে বিশ্বজিৎ নতুন কোনো ভাবনা যোগ করতে পারেন না পাঠকের মনে। প্রেম, বিচ্ছেদ অথবা জীবন ও মৃত্যু-বিষয়ে লেখকের নিজস্ব মতামতের চাপে এই গল্পগুলো যেন খেই হারিয়ে ফেলেছে। হয়ে উঠেছে শক্তিমান লেখকের অপরিপক্ব গল্পের উদাহরণ।
বরং ‘আত্মজ ও একটি নীল মনিটর’ এবং ‘সম্ভ্রমহানির আগে ও পরে’র মতো গল্পে লেখক তাঁর নিজস্ব রোমান্টিকতার বাইরে গিয়ে এই ক্ষয়িষ্ণু সমাজে অবক্ষয়কে প্রধান করে তোলায় গল্পগুলো পাঠকের মনকে নাড়া দিতে সমর্থ হয়েছে। ‘আত্মজ ও একটি নীল মনিটর’ গল্পে একজন মায়ের চোখ দিয়ে সমাজের পচনটিকে প্রত্যক্ষ করে পাঠক। একজন মা তাঁর শিশুসন্তানের মধ্যে হঠাৎ আবিষ্কার করেন সমাজের আর আট-দশটা কামুক পুরুষকে। আকাশ- সংস্কৃতি এভাবেই ধ্বংস করে দেয় মা ও ছেলের পবিত্র সম্পর্ক। মায়ের পক্ষে এরচেয়ে যন্ত্রণাদায়ক আর কী হতে পারে, যখন প্রতিমুহূর্তে তিনি এই চিন্তা থেকে মুক্ত হতে পারেন না, নারীর দেহকে ঘিরে যে-লোভের জগৎ তৈরি হয়েছে, সে-অন্ধকার হেজে যাওয়া স্থানে পা রাখছে ধীরে ধীরে নিজেরই হৃৎপিণ্ডের অবিচ্ছেদ্য অংশ, তাঁর শিশুপুত্র।
বিশ্বজিৎ কবি ও গল্পকার। গল্প-লেখায় তিনি আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিচ্ছেন। এতগুলো ভালো গল্প নিয়ে প্রকাশিত হওয়া তাঁর এই সাম্প্রতিক বইটি সে-সাক্ষ্যই বহন করে। পাঠকের প্রত্যাশা বেড়েই গেল তাঁর কাছে। বিশ্বজিৎ আগামীতে নিয়মিতই এরকম লিখবেন – এমন ভবিষ্যদ্বাণীর জন্যে অন্তত জ্যোতিষী হতে হয় না।

Leave a Reply
You must be logged in to post a comment.