নির্বাসিতের কথা

My Invented Country:

A Memoir

Isabel Allende

Herper Collins Publishers

New Delhi, 2003

Rs. 295

ইসাবেল আলেন্দে তাঁর ঘটনাবহুল নির্বাসিত জীবনে অসংখ্য উপন্যাস লিখেছেন, ভ্রমণকাহিনীও আছে, কিন্তু স্মৃতিচারণমূলক লেখা এর আগে লেখেননি একটিও। মাই ইনভেন্টেড কান্ট্রি – শিরোনাম দেখে চমকে উঠতে হয়, হঠাৎ নামটা পড়ে হৃদয়ে ধাক্কা লাগে, মনে প্রশ্ন জাগে, নিজের দেশকে আবার পুনরাবিষ্কারের প্রয়োজন কেন? আসলে ইসাবেল ১৯৭৩-এর সেপ্টেম্বরে চিলিতে সামরিক অভ্যুত্থানের পর দেশত্যাগ করে নির্বাসনে চলে যান। নির্বাসনে কেটেছে তাঁর জীবনের শ্রেষ্ঠসময়, যৌবনের দিনগুলো; এবং এখন তিনি প্রৌঢ়, নাতি-নাতনি নিয়ে আমেরিকার উত্তর-ক্যারোলিনা শহরে সুখে দিনযাপন করেন। কিন্তু দেশ ছায়ার মতো তাঁর অবচেতনে গেঁথে থাকে, তাঁকে স্মৃতিকাতর করে, তাঁকে বিচ্ছিন্নতা বা ধষরবহধঃরড়হ-এর বেদনায় দীর্ণ করে, উদ্বাস্তু মন কখনো নস্টালজিক হয়, পেছনের স্মৃতিময় দিনগুলো কুরে কুরে খায়।

বইটি স্প্যানিশ ভাষায় লেখা। ইংরেজিতে অনুবাদ করেছেন মার্গারেট সায়েরস্ পেভেন। নিঃসন্দেহে স্বতঃস্ফূর্ত অনুবাদ বলে মনে হয়, কেননা বইটি শুরু থেকে শেষ পর্যন্ত অবলীলাক্রমে টেনে নিয়ে যায়। কোথাও হোঁচট খেতে হয় না। কোথাও ধারাবাহিকতা, কিংবা ভাষাশৈলী প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। স্প্যানিশ ভাষা ভালো জানে এরকম শিল্পসহযাত্রী বন্ধুদের সঙ্গে আলাপ করে জেনেছি, অনুবাদে কোনো ফাঁক ও ফাঁকি নেই, যা আমাদের দেশের বেশকিছু অনূদিত গ্রন্থে অহরহ হয়ে থাকে। আমরা অনেকেই ইংরেজি-বাংলা দুটো ভাষা ভালো না-জেনেও অসীম সাহসে বড়ো বড়ো কালজয়ী উপন্যাসে হাত দিই, অধিকাংশ সময়ে বাণিজ্যিক কারণ কাজ করে, অনভিজ্ঞ প্রকাশকদের অর্থলিপ্সাও কারণ হতে পারে।

যাই হোক, বলছিলাম ইসাবেলের কথা, তাঁর স্মৃতিচারণমূলক গ্রন্থের কথা। লাতিন আমেরিকার সাহিত্যের অন্যএক প্রবলপুরুষ ১৯৮২ সালে নোবেলপ্রাপ্ত ঔপন্যাসিক মার্কেসের সঙ্গে ইসাবেলের লেখার ভিন্নতা সহজেই বিদগ্ধ পাঠকের চোখে পড়বে। মার্কেস তাঁর স্মৃতিকথায় সাহিত্যালাপ, সাহিত্যের আড্ডা, পত্রপত্রিকার অফিসের কার্যক্রম, পত্রিকাপ্রকাশে তাঁর ভূমিকা, তাঁর উপন্যাস লেখার পটভূমি, ইত্যাকার বিষয়গুলো এনেছেন। ইসাবেল তা করেননি। মাই ইনভেন্টেড কান্ট্রিতে তিনি দেশকে খুঁজেছেন, দেশের সংস্কৃতিকে তুলে ধরেছেন। সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অবস্থান কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজেছেন, বিশ্লেষণ করেছেন বিভিন্ন ঘটনা-পরম্পরা। যেমন ১১ই সেপ্টেম্বরের টুইন টাওয়ারের ঘটনার সঙ্গে তাঁর হারিয়ে যাওয়া দেশ চিলিতে ১৯৭৩ সালের সেপ্টেম্বর মাসের একইদিনে সংঘটিত সামরিক অভ্যুত্থানের তুলনা করতে গিয়ে লিখেছেন : ‘ঠিক একই দিনে একই সপ্তাহে, একই মাসে, ঠিক এইরকম সকালবেলা আমার দেশে গণতন্ত্রের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ সংঘটিত হয়। সেই রকম অট্টালিকা ভেঙে পড়ছে, কালো ধোঁয়া উড়ছে, অগ্নিশিখা লকলক করছে, সর্বত্র ভয় আর বিভীষিকা – দুটোই এক প্রেক্ষাপট।’ (ভূমিকা, পৃ ১২)

তিনি এই গ্রন্থটি লিখেছেন সানফ্রান্সিসকো বে-র তীরে বসে। তাঁর বর্তমান বাসস্থান উত্তর-ক্যালিফোর্নিয়ায় নয়। তিনি কেন এই স্মৃতিকথা লিখলেন, সে-সম্পর্কে দীর্ঘ সাত পৃষ্ঠার একটি চমৎকার ভূমিকায় তা বলেছেন। তিনি লিখেছেন, ‘স্মৃতিকাতরতা বা ঘড়ংঃধষমরধ এক ধরনের বিষণ্নতা, এক ধরনের আবেগ।’ তিনি যতই পেছনের দিকে ফিরে তাকাতে ভালোবাসেন না কেন, তিনি সামনের দিনগুলোর কথাও তাঁর ভাবনায় স্থান দিয়েছেন। তিনি পেছনের কলঙ্কময় ঘটনা থেকে যে-শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেন, তা তাঁকে বেঁচে থাকার রসদ জোগায়।

তাঁর ছেলেবেলার কথা এভাবে বলেন, ‘আমার ক্ষেত্রে, আমার অসুখী শৈশব আমার ভেতর অনেক বেদনা ও জটিলতার সৃষ্টি করেছিল, যার তালিকা আজও আমি তৈরি করতে পারিনি। এবং সৌভাগ্য এই যে, সেইসব আঁচড় আমার হৃদয়ে চিরস্থায়ী দাগ কাটতে পারেনি।’ ইসাবেল

এ-প্রসঙ্গে একজন আফ্রো-আমেরিকান লেখিকার দোহাই দিয়ে বলেছেন, ‘সেই লেখিকাটি তাঁর নিজ পরিবারে আগন্তুক ছিল, তাঁর নিজের শহরে ছিল অচেনা একজন’, এরকম ধারণা ও অভিজ্ঞতা প্রায় প্রতিটি লেখকের সম্ভবত রয়েছে – তাঁরা তাঁর শহর ত্যাগ করে চলে যাক বা থাকুক।

আসলে এই স্মৃতিচারণে ইসাবেল খুব নৈর্ব্যক্তিকভাবে নিজেকে মেলে ধরেছেন, কোনোরকম পক্ষপাত করেননি, কোনোরকম ভাবালুতার আশ্রয় নেননি। তিনি লিখেছেন : ‘I never fit anywhere: not into my family, my social class or religion…’

প্রশ্ন জাগে, কেন তিনি কোথাও মানিয়ে নিতে পারেননি? এটা কি এক ধরনের উদ্বাস্তু মনোভাব, নাকি প্রজ্ঞার এমন একটা স্তর, দর্শনের এমন একটা বলয়, যখন মানুষ খুব স্বাভাবিকভাবেই জনগণ থেকে আলাদা ও খুব একা হয়ে যায়। প্রসঙ্গত আমরা আলবেয়ার কামুর The Exile অথবা The Fall উপন্যাসদুটোর কথা মনে করতে পারি। সেই উপন্যাসদুটোতেই আমরা দেখি নায়ক বিচ্ছিন্নতাবোধ বা alienation -এ আক্রান্ত হয়ে অস্থির বা পরিব্রাজকের মতো এক অভিজ্ঞতার ভেতর থেকে অন্যএক অভিজ্ঞতার ভেতর উপনীত হচ্ছেন। কোথাও তিনি স্থির হতে পারছেন না, কোথাও তিনি স্থির হয়ে দাঁড়াতে পারছেন না, এক রহস্যময় অস্থিরতা ও অবিশ্বাস তাকে তাড়া করে ফিরছে। তিনি অনিশ্চয়তায় দীর্ণ-বিদীর্ণ হচ্ছেন। যেমনটি আমরা দেখি ইসাবেলের ক্ষেত্রে, যখন তিনি বলেন, ‘কোনোকিছুকেই আমি আঁকড়ে ধরতে পারি না – না পরিবার, না সমাজ, না ধর্মবিশ্বাস।’

কী নিদারুণ সত্যভাষণ, এক অন্যরকম স্বীকারোক্তি। ১৯৯ পৃষ্ঠার এই গ্রন্থটি মোট ১৬টি অধ্যায়ে বিভক্ত, কিন্তু শিরোনামগুলো খুব চমকপ্রদ। যেমন – কয়েকটি শিরোনাম : Confused years of youth, This country in my head, Chile in my heart, The roots of nostalgia, Of vices and virtues, A sober and serious people, Praying to God.

সালভাদর আলেন্দের কাজিন ইসাবেল আলেন্দে তাঁর পরিবারের সদস্যদের কথা খুব সুচারুভাবে দু-একটি বাক্যের আঁচড়ে ব্যক্ত করেছেন। মার্কস্বাদ সম্পর্কেও তাঁর মতামত সরাসরি এভাবে বলেছেন, ‘মার্কস্বাদ একটি অর্থনৈতিক প্রকল্প হিসেবে আজ মৃত।’

চিলির বাসিন্দা সম্পর্কে বলেছেন, ‘চিলিয়ানরা কে? সে যেই হোক, আমি অন্তত পঞ্চাশ গজ দূর থেকে পৃথিবীর যেখানেই দেখি না কেন, একজন চিলিবাসীকে চিনতে পারব।’

ইসাবেলের প্রিয়কবি চিলির রাষ্ট্রপতি-কবি পাবলো নেরুদা। ১৯৭২ সালে নেরুদার একটি লেখা দিয়ে তিনি উৎসর্গপত্র সাজিয়েছেন এইভাবে : ‘হয়তো কোনো কারণে বা অন্যকোনো কারণে, আমি এক বিষণ্ন উদ্বাস্তু। কোনো-না-কোনোভাবে আমার এই দেশ আমার ভ্রমণসঙ্গী হয়, আমারও সঙ্গী হয়; যদিও দূরে, অনেক দূরে আমার দেশের সীমান্ত আমার ভেতর স্নিগ্ধতা ছড়ায়।’

হয়তো-বা এ-কথা ইসাবেলেরও, যিনি দেশকে তাঁর ১৯৯ পৃষ্ঠার গ্রন্থে উন্মোচন করতে চান। তাঁর শৈশবকে তিনি এঁকেছেন চমৎকার বর্ণনায়, কিন্তু যৌবনকে বিভ্রান্ত বলে আখ্যায়িত করেন, আর দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে শ্রদ্ধাভরে কৃতজ্ঞতা জানান।

চমৎকার এই গ্রন্থটিতে ইসাবেলের পরিবার ও বন্ধুস্বজনের স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে প্রবলভাবে প্রস্ফুটিত হয়েছে যৌবনের ইসাবেল, – এক তরতাজা প্রাণবন্ত তরুণী, সৃষ্টিশীলতার বেদনায় যে ছিন্নভিন্ন, যে বিদ্রোহী, যে আবেগপ্রবণ; যে নারীবাদী সেই তখন থেকে যখন ‘নারীবাদী আন্দোলন’ সম্পর্কে সম্যক ধারণা কারো ছিল না। অবিস্মরণীয় সব ঘটনাবলি, সালভাদর আলেন্দের নিহত হওয়া, স্বৈরাচারী পিনোশের সামরিক অভ্যুত্থান আমাদের চোখের সামনে ইসাবেলের অপরূপ বর্ণনায় উজ্জ্বল হয়ে ওঠে।

জীবনে কখনো কোনোদিন লেখক হবেন, এরকম কল্পনাও করেননি ইসাবেল। চিলির একমাত্র মহিলা জাতীয় কবি গ্যাব্রিয়েল মিস্ত্রালকে জানতেন, কিন্তু তিনি ছিলেন অনেকটা পুরুষালি স্বভাবের, তার সঙ্গে তাঁর তেমন একটা সখ্য গড়ে ওঠেনি। লেখাকে পেশা হিসেবে গ্রহণ করার আগ্রহ ও স্বপ্ন

না-থাকলেও, বাস্তবে তাঁকে তথ্যসংক্রান্ত কাজে লেখালেখি নিয়ে নিয়োজিত থাকতে হয়েছে। কর্মজীবী, নারীবাদী, স্বাধীনচেতা হওয়া সত্ত্বেও, তিনি মূলত ঘরমুখো নিবেদিতপ্রাণ স্ত্রী ছিলেন। তিনি তাঁর জীবনস্মৃতির ‘কনফিউজ্ড ইয়ারস অব ইয়ুথ’ অধ্যায়ের ১২৩ পৃষ্ঠায় লিখেছেন, ‘আমাকে আসলে তিনটি চাকরি করতে হতো। প্রথমত ঘর-গেরস্থালি দেখাশোনা করা, দ্বিতীয়ত ছেলেমেয়েদের তত্ত্বাবধান করা, তৃতীয়ত আমার স্বামীর জন্য অপেক্ষা করা। অবশ্য অনেক দায়িত্বের ভেতর আরেকটি ছিল আমার বুড়ো দাদার সঙ্গে সন্ধ্যায় দেখা করতে যাওয়া। আমার স্বামীর জুতো কালি দিয়ে ঠিকঠাক করে রাখা ও কোনো কোনো সময়ে তার হাত-পায়ের নখ কেটে দেওয়াও ছিল আমার আরেকটি কাজ।’

‘দ্য ল্যান্ডস্কেপ অব চাইল্ডহুড’ অধ্যায়ে তিনি বিস্তৃত বলেছেন চিলির একটি পরিবারের সনাতন গল্পকথা, বাংলাদেশের একটি পরিবারের সঙ্গে সাজুয্য আছে ঠিক কোথায় যেন। তবুও এত বৈচিত্র্যময় শৈশব থাকা সত্ত্বেও, ইসাবেল লিখেছেন, ‘আমার শৈশব সুখের ছিল না।’

তাঁর প্রিয় গ্রন্থ ছিল টলস্টয়ের War and Peace, প্রিয় কবি পাবলো নেরুদা।

যদিও ‘মেমোয়ারর্স’ আখ্যা দিয়েছেন ইসাবেল, কিন্তু অধিকাংশ অধ্যায় জুড়ে নিজের কথা বলেছেন, নিজের বিশ্বাস-অবিশ্বাস, সংস্কার, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ – সবকিছু ডিটেল্সে এসেছে। কিন্তু কোথাও কোনো অতিশয়োক্তি নেই, কোনো অতিরঞ্জন নেই। সাধারণত এসব ক্ষেত্রে যা হয়, গল্প তৈরি করা হয় ইতিহাসকে বিকৃত করে, নতুন করে ইতিহাসের পিঠে ইতিহাস সংযোজন করা হয়, কিন্তু ইসাবেল তা করেননি। তিনি সত্যকে উদ্ঘাটিত করেছেন, সত্যকে বিনির্মাণ করেননি।

যারা চিলি এবং বৃহত্তর অর্থে লাতিন আমেরিকার ইতিহাসের ধারাবাহিকতা সম্পর্কে খোঁজ-খবর রাখেন, তাঁদের কাছে এই স্মৃতিচিত্র মূল্যবান এক সত্যদলিল বলে বিবেচিত হবে। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে যে-স্মৃতি যে-দেশ যে-সংস্কৃতি তাঁর হৃদয় থেকে উপড়ে ফেলা হয়েছিল, সেই নির্বাসিত স্মৃতিকে তিনি পুনরুদ্ধার করেছেন এই গ্রন্থে। তিনি কিছুই স্মরণ করতে পারেন না, কিছুই তাঁর মনে পড়ে না, পারিবারিক ছবিতে তিনি তাঁর মাকে স্পষ্ট চিনতে পারেন না, শুধু কুকুরটিকে চিনতে পারেন। সময় কী ভয়াবহ স্মৃতি-হন্তারক, বাস্তব কী নিদারুণ ঘাতক। তবুও ইসাবেল সবকিছু অবিকৃতভাবে স্মৃতির কবর খুঁড়েখুঁড়ে ঘটনার কঙ্কাল আবিষ্কার করেন। সেই কারণেই তাঁর এই আত্মজীবনীর নাম মাই ইনভেন্টেড কান্ট্রি – আমার উদ্ভাবিত দেশ, – আমার হারিয়ে-যাওয়া জন্মভূমি।