প্রচ্ছদ-পরিচিতি

কৃষ্ণসাগর

হাশেম খান বাংলাদেশের চিত্রকলার সৃজনধারায় এক সমাজমনস্ক চিত্রকর। তাঁর ক্যানভাসে ধরা আছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবন-অভিজ্ঞতার নানা রূপ। প্রকৃতি, পরিবেশ ও মানুষ তাঁর চিত্রের মুখ্য বিষয়। চাঁদপুরে শৈশবে বা কৈশোরে অবলোকন করেছিলেন নিরন্ন সাধারণ মানুষের জীবনযাত্রা। এই স্মৃতিকে নির্ভর করে বেশকিছু ছবি তিনি অঙ্কন করেছেন। পাখি ও কাক তাঁর প্রিয় বিষয়। এদের মধ্যে তিনি প্রত্যক্ষ করেছেন চলমান জীবনের প্রবাহকে। আর রিকশা-সিরিজে ধৃত হয়েছে সাধারণ মানুষের জীবন-সংগ্রাম। তাঁর শিল্প-অঙ্গীকার বহুস্তরবিশিষ্ট বলে বাঙালি জীবনের সংকটকে তিনি কখনো প্রতীকের আশ্রয়েও রূপায়িত করেছেন। মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রগুচ্ছেও তিনি বাঙালির অসম সাহস, শৌর্য ও বীরত্ব এবং ঐতিহাসিক পটভূমিকে মর্যাদার সঙ্গে উপস্থাপিত করেছেন।

গত তিন দশক ধরে তিনি প্রাথমিক শিক্ষার বইয়ের নকশা অঙ্কন করেছেন বলে তাঁর সৃষ্টির মধ্য দিয়েই শিশুর এক তৃতীয় নয়ন সৃষ্টি হয়। পাখি, ফুল, বৃক্ষ ও লতাপাতার যে-অবয়ব নির্মাণ করেছেন, তা শিশুর কল্পনার জগৎকে প্রসারিত করেছে Ñ এ-ব্যাপারে আজ আর সন্দেহ নেই।

আশির দশকের শেষ পর্যায়ে তিনি পূর্ব-ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ করেন। সে-সময়ে কৃষ্ণসাগর তাঁকে বিমোহিত করেছিল। প্যাস্টেল ও জলরঙে তিনি বেশকিছু ছবি অঙ্কন করেন। কৃষ্ণসাগরের উপকূলের পাখি প্রাধান্য বিস্তার করলেও তাঁর সৃষ্টিতে মানব-মানবীও উপেক্ষণীয় ছিল না। প্রচ্ছদের ছবিটি তারই একটি।