প্রকাশকের পত্র

কালি ও কলম এখন দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। সানন্দে বলতে পারি, এই এক বছরে পত্রিকাটি কেবল অস্তিত্বরক্ষা করেনি, সর্বত্র বিপুল সাড়া জাগিয়েছে। সেজন্য এর পাঠক, লেখক, অঙ্কনশিল্পী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, কর্মী ও সম্পাদকমণ্ডলীর সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। পত্রিকাটি সুধীজনের প্রত্যাশা সম্পূর্ণ পূরণ করেছে কিনা জানতে চাইবো না। পাঠকেরা অনেকে পত্র লিখে    সন্তোষ প্রকাশ করেছেন, কেউ কেউ কিছু পরামর্শ দিয়েছেন, কেউ কেউ কিঞ্চিৎ দাবিও জানিয়েছেন। দাবির সবটা পূরণ করা যায়নি, গেলেও আরো দাবি থাকতো। কবির কাছ থেকে আমরা জেনেই গেছি যে, অন্তরে প্রবেশ করেও অন্তরতমের সকল তিয়াস মেটে না। আমরা নিজেদের কাজ করে যাবো। পাঠকের প্রত্যাশা থাকবে, মিটবে, বাড়বে। পালিত হবার পরও দায়িত্ব থেকে যাবে আমাদের।

তবে আশা করি, এই এক বছরে কালি ও কলম পত্রিকার একটি চরিত্র দাঁড়িয়ে গেছে। সাহিত্য এবং সেইসঙ্গে সংস্কৃতির অন্যান্য শাখা-বিষয়ক একটি মানসম্পন্ন পত্রিকা নিয়মিত প্রকাশ করা আমাদের লক্ষ্য। ভাবতে ভালো লাগছে, প্রথম বছরে সেই লক্ষ্যের দিকে আমরা অনেকখানি অগ্রসর হয়েছি।

সৃজনশীলতার অলৌকিক আনন্দ ছড়িয়ে দেওয়াই কালি ও কলমের মূল উদ্দেশ্য। সেই আনন্দের প্রকৃত উৎস লেখকেরা। তাঁদের সঙ্গে চিত্রকরদের সহযোগ। জোগান দেবার কাজটা কেবল আমাদের। লেখক ও চিত্রকরদের যে-সহায়তা আমরা পেয়েছি, তাতে আমাদের কাজ সহজ হয়েছে। সেই সহযোগিতা অব্যাহত থাকবে এবং রুচিমান ও মননশীল সাহিত্যপত্ররূপে কালি ও কলম সকলের সমাদর লাভ করবে, এই প্রত্যাশা আমাদের রইলো।

সকলকে আবার ধন্যবাদ।

আবুল খায়ের