প্রসাধন
সমরজিৎ রায় চৌধুরী বাংলাদেশের সমকালীন চিত্রকলায় এক ব্যতিক্রমী চিত্রকর। তাঁর আবেগ ও অনুভূতি খুবই সংবেদনশীল। তাঁর সৃষ্টিতে এই অনুভবের স্পষ্ট ছাপ ধরা পড়ে গ্রামবাংলার জীবন ও নৈসর্গিক দৃশ্য-অঙ্কনে। তাঁর শিল্পিত চেতনায় লগ্ন হয়ে আছে গ্রামকে গভীরভাবে ভালোবাসার অনুষঙ্গ। সেজন্যে গ্রামের মানুষের সরল জীবন, তাদের আশা-আকাক্সক্ষা, পুকুরের জলে স্নানরতা নারী বা তাদের আলাপন, গ্রামীণ নারীর প্রসাধন, তাঁর চিত্রে বারংবার এসেছে। এই চিত্রগুচ্ছে তিনি যেন গ্রামবাংলার জয়গান গেয়েছেন। এইসঙ্গে কখনো শৈশবের স্মৃতিও তাঁর চিত্রের প্রিয় বিষয় হয়ে উঠেছে।
মোজাইকের ছকের আদলে তিনি তাঁর অনুভূত দৃশ্যসমূহকে বিভাজন করেন, আবার কখনো ঘনত্ববাদী জ্যামিতিক বিন্যাসে রচিত হয় তাঁর দৃশ্যপট।
সমরজিৎ রায় চৌধুরী চিত্রকলায় গ্রামের চিত্রকল্পের প্রসঙ্গ, অলংকরণ ও রেখা এবং আকৃতির শক্ত বুনট সর্বত্র ছড়িয়ে দিয়ে রং, আকার এবং পরিসরের ঐক্য নির্মাণ করেন। এই অলংকরণের মধ্যে তিনি কখনো বাংলাদেশের লোকশিল্পের কোনো মোটিফকেও ব্যবহার করেন আধুনিক শৈলীতে। মোটিফের আধুনিক আত্তীকরণে তাঁর ছবির অন্তর্নিহিত সৌন্দর্য আরো দৃষ্টিনন্দন হয়ে ওঠে।
তিনি বাস্তবধর্মী ও বিমূর্ত দু-ধরনের কাজেই দক্ষ ও পারদর্শী। এই দু-ধরনের কাজেই তাঁর শৈল্পিকচেতনা দেশ-আত্মাকে ঘিরে আবর্তিত হয়েছে।
‘প্রসাধন’ সমরজিৎ রায় চৌধুরী অঙ্কন করেন ১৯৭২ সালে। প্যাস্টেলে অঙ্কিত ছবিটি শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর নিজের সংগ্রহে রয়েছে।
শিল্পীর জন্ম ১৯৩৭ সালে কুমিল্লায়।

Leave a Reply
You must be logged in to post a comment.