‘খোয়াবনামার লোকজীবন ও লোকচেতনা’ প্রসঙ্গে
কালি ও কলমের দ্বিতীয় বর্ষ, তৃতীয় সংখ্যায় (বৈশাখ ১৪১২) স্বনামধন্য সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাসের আলোকে প্রকাশিত প্রাবন্ধিক, লেখক, গবেষক, ফোকলোরপ্রেমী শ্রদ্ধেয় আনোয়ার হাসানের ‘খোয়াবনামার লোকজীবন ও লোকচেতনা’ প্রবন্ধটি পড়ে পাঠকের চিঠি অংশে আমার এ-প্রতিক্রিয়া লেখার ভাবনা জোগায়। প্রাবন্ধিক আনোয়ার হাসানকে ধন্যবাদ তাঁর এমন একটি প্রবন্ধ উপস্থাপনের জন্যে।
নিশ্চিতভাবে বলা যায়, আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা লোকজীবন-সম্পৃক্ত তথ্য ফোকলোরিক উপাদানে ভরপুর একটি ঐতিহাসিক উপন্যাস। এখানে একাধারে যেমন একটি অঞ্চলের ঐতিহ্যিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট পাওয়া যায়, তেমনি লোকজীবন-নির্ভর সমাজভাবনার প্রতিচ্ছবিও স্পষ্ট। প্রাবন্ধিক স্পষ্টতই লোকজীবনভিত্তিক ফোকলোরের নানা অনুষঙ্গ প্রারম্ভেই উল্লেখ করেছেন। এছাড়া তিনি সাধারণভাবে ফোকলোরের একটি পরিচয়ও তাঁর প্রবন্ধে তুলে এনেছেন। তিনি মূলত ‘মিথ’কে উপজীব্য করে যে খোয়াবনামা রচিত হয়েছে তার আলোকেই সেটি বিশ্লেষণ করেছেন।
তবে লোকজীবন ও লোকচেতনার সঙ্গে সম্পৃক্ত লোকমনস্তত্ত্বের বিষয়টি মৌলিক ভাষারীতির আদলে এখানে আনতে পারতেন। এছাড়া প্রাবন্ধিক খুব তীক্ষ-ভাবেই খোয়াবনামা পর্যবেক্ষণ করে লোকজীবন ও এর চেতনা-সম্পৃক্ত বিষয়াদি সংযুক্ত করেছেন। সামগ্রিকভাবে প্রাবন্ধিকের এই লেখাটি খোয়াবনামার একটি তাত্ত্বিক ব্যাখ্যেয় অংশ। তথ্য-নির্দেশ (যা প্রবন্ধ-পাঠকদের জানার গভীরতাকে আরো বৃদ্ধি করবে) উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ একটি প্রবন্ধ বলা যায়। প্রাবন্ধিককে আরো একবার ধন্যবাদ জানাই বেশ বড় একটি উপন্যাসের এমন তাৎপর্যপূর্ণ বিশ্লেষণাত্মক লেখা উপস্থাপনের জন্যে। লোকসমাজের জীবন ও জীবন-সংগ্রামকে তুলে আনতে গিয়ে লেখক উপন্যাসে ফোকলোরের এমন কোনো উপাদান নেই যে, তা ব্যবহার করেননি। এ-প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত মতামত নিচে উল্লেখ করলাম।
১. আধুনিককালের প্রায় অধিকাংশ সাহিত্যের সব শাখাতেই বিভিন্ন আঙ্গিকে লোক-গালমন্দের ব্যাপারটি বিশেষভাবে পরিলক্ষিত হয়। উদাহরণের উল্লেখ করলে এর পরিধি বৃদ্ধি পাবে। তাই সামান্য কিছু দৃষ্টান্ত দিয়েই শেষ করা প্রয়োজন। এ-প্রসঙ্গে আমরা ঔপন্যাসিক আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা থেকে কিছু অংশ তুলে আনতে পারি। তাঁর খোয়াবনামার অংশে পাওয়া যায় :
…পশ্চিম তীর ভাঙতে শুরু করলে চেরাগ আলী হুঙ্কার ছাড়লো, ‘শালী নদী আসুক, মাদারিপাড়ার দিকে আসুক। তখন শালীক দেখা যাবি’। (পৃ ৩০)
আলোচ্য এ-লাইনে সাধারণ মানুষের আক্ষেপ থেকে মানুষের বদলে অনেক সময় ক্ষতি করে এমন জিনিসের প্রতিও (নদীকেই) যে গালাগালির রীতি প্রচলিত আছে তার নমুনা পাওয়া যায়। এখানে বগুড়া অঞ্চলের লোকভাষার একটি রূপভেদ লক্ষ করা যায়। এ-উপন্যাসের পরতে পরতে লোকভাষার আঞ্চলিক বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বগুড়া অঞ্চলের লোকভাষার একটি ভাষিক রূপ এখানে লোকজীবনের ছোঁয়ায় সজীব হয়েছে। গোটা উপন্যাসেই লোকজীবনের সমস্ত অনুষঙ্গ-বিষয় এমন বিমূর্তভাবে ফুটে উঠেছে যে, তা প্রায়শই আমাদের অবাক করে দেয়। উপন্যাসের ৩১ পৃষ্ঠায় পাই : ‘অদ্যাফলা ছুঁড়ি’, ‘ফকিরের বেটি’ কিংবা ‘ফকিরের লাতনি’ প্রভৃতি উদ্দেশ্যমূলক গালাগাল। উপন্যাসের ৩২ পৃষ্ঠায় পাই :
সিথানে পাকুড়গাছ মুনসির বসতি।
তলায় গজায় মাছ অতি হিংস্রমতি।
‘এটিকার বিল দেখ্যা তুমি এই শোলোক নতুন বান্দিছো।’
২. এছাড়া, খোয়াবনামার ৩৪ পৃষ্ঠায় উল্লেখ পাই ‘শালী’ নামক গালাগালির ব্যাপক প্রচলন।
আলোচ্য উপন্যাসের বিভিন্ন স্থানে ‘মাগি’
শব্দের ব্যাপকতা অতিমাত্রায় পরিলক্ষিত হয়। এছাড়া উপন্যাসের বিভিন্ন স্থানে আরো উল্লেখযোগ্যসংখ্যক গালমন্দ পাওয়া যায়।
৩. এরকম আরো নানা মন্দকথার ব্যাপার এ-উপন্যাসে মাঝে মাঝেই পরিলক্ষিত হয়। এছাড়াও আলোচ্য উপন্যাসে বেশকিছু নতুন আঙ্গিকের শ্লোকের প্রচলন লক্ষ করা যায়। যেমন :
‘নিন্দে জীব বিচরয় স্বপনে স্বপনে।
খোয়াব দেখার মুর্দা নিজ প্রিয়জনে।’ (পৃ ২৭০)
এছাড়া এখানে বগুড়া অঞ্চলের লোকভাষার ব্যাপক সমাহার লক্ষ করা যায়। যেমন : ৩১৩ পৃষ্ঠায় পাওয়া যায় : ‘ক্যাংকা কর্যা’ …। ‘বেটিটাক চোখের দেখাও দেখবার পারলাম না’ …ইত্যাদি ইত্যাদি। এছাড়া ওই গ্রন্থের ২৫৫ পৃষ্ঠায় একটি ভাষণের উল্লেখ পাওয়া যায়।
পরিশেষে প্রাবন্ধিকের সঙ্গে আমিও সুর মিলিয়ে বলতে চাই, ইলিয়াসের শক্তিশালী নির্মাণকৌশলের জন্যে এ-উপন্যাস আমাদের কাছে বিশ্বস্ত হয়ে ওঠে। আবারও সাধুবাদ জানাই প্রাবন্ধিককে তাঁর এমন একটি লেখা উপহার দেওয়ার জন্যে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি পত্রিকাটির সম্মানিত প্রকাশক, সম্পাদক ও অন্যদের।
মুহাম্মদ সুলতান মাহমুদ
ঘোড়ামারা, রাজশাহী
নবীনের অন্বেষা!
বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের সর্বাগ্রগণ্য সাহিত্যপত্রিকা বলতে নিঃসন্দেহে কালি ও কলমকেই বোঝায়। শুদ্ধসাহিত্যের প্রায় সবগুলো মাধ্যমের পদচারণায় পত্রিকাটি পাঠকহৃদয়ের অন্তস্তলে আসন করে নিয়েছে। সংস্কৃতি ও শিল্প একটি জাতিকে হয়তো অর্থনৈতিক দিক থেকে উচ্চাসনে অধিষ্ঠিত করতে নাও পারে, কিন্তু সাহিত্য সে-জাতিকে বিশ্বদরবারে অধিষ্ঠিত করাতে পারে সম্মান ও মর্যাদায়। কালি ও কলম সে-পথেই এগুচ্ছে।
এদেশের সাহিত্য, সংস্কৃতি ও শিল্পের পরিপূর্ণ স্বাদ-আস্বাদনে সচেষ্ট সাহিত্যপ্রেমী ও জ্ঞানতপস্বীরা নিঃসন্দেহে আশ্রয় নিচ্ছেন কালি ও কলমের কাছে। তাঁদের সেই আগ্রহের প্রতিদানও দিয়ে যাচ্ছেন এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই। পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টদের উঁচুমানের চিন্তাভাবনা, নতুনত্বে প্রয়াস ও ভাষাশৈলীর সন্ধানের মাধ্যমে পাঠকহৃদয়কে জয় করতে সমর্থ হয়েছে। তাঁদের সুদূরপ্রসারী চিন্তাভাবনা ও দিকনির্দেশনা পত্রিকার প্রচ্ছদ থেকে শুরু করে শেষঅব্দি লক্ষণীয়। পত্রিকার প্রতিটি বিষয়ই নিঃন্দেহে হৃদয়জাগানিয়া।
কালি ও কলমে একটি বিষয় অত্যন্ত চোখে পড়ার মতো, সেটি হলো, এ-পত্রিকায় নতুনদের লেখা খুবই কম দেখা যায়। কালেভদ্রে হয়তো দু-একজনের অত্যন্ত মানসম্পন্ন লেখা চোখে পড়ে। অনেক অপরিচিত ও নবীন লেখক রয়েছে, যারা তাদের লেখা গল্প, কবিতা, প্রবন্ধ বা অন্যান্য লেখা নিয়ে হতাশায় ভুগছে। অত্যন্ত মানসম্পন্ন হওয়া সত্ত্বেও লেখাগুলো প্রকাশিত না-হওয়ায় তারা হারিয়ে ফেলছে উদ্যম, নষ্ট হচ্ছে আগ্রহ। সুপ্রতিষ্ঠিত লেখকদের লেখার মান নিয়ে সন্দেহের অবকাশ নেই। তাঁরা তাঁদের লেখার মাধ্যমে সাহিত্যকে আলোকিত করেছেন। তাই বলে নবীনদের মস্তিষ্কপ্রসূত সুচিন্তিত লেখাগুলো অবহেলার নয়, অনেকের লেখার মান গুণী লেখকদের মতোই মানসম্পন্ন। অনেকেই রয়েছে, যারা অত্যন্ত প্রতিভাবান, কিন্তু তাদের সেসব প্রচেষ্টা সঠিক দিকনির্দেশনা, পথপ্রদর্শকের অভাব ও অবমূল্যায়নের ফলে অঙ্কুরেই বিনষ্ট হচ্ছে। হতাশায় জর্জরিত হয়ে তারা হারিয়ে ফেলে সব কর্মোদ্দীপনা।
আধুনিক চিন্তাধারা ও সৃষ্টিশীল লেখা অনেক সময়ে একটি জাতির জন্যে সুফল বয়ে আনে। প্রবীণদের পাশাপাশি দেশের নবীনেরাও এক্ষেত্রে অবদান রাখতে পারে। একটি সাহিত্যপত্রিকার মাধ্যমে যদি একজনও নবীন লেখক সাহিত্যাঙ্গনে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে তা হবে সেই সাহিত্যপত্রিকাটির সার্থকতা। আমাদের দেশে খুব কমসংখ্যক নবীন লেখক রয়েছে, যারা প্রাথমিক পর্যায় থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেয়ে থাকে। প্রবীণ ও যশস্বী লেখকদের পাশাপাশি নবীনদের সুযোগ দিয়ে তাদের মেধার বিকাশের পথকে প্রশস্ত করা উচিত। রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ না হোক – আজকের নবীনের মাঝেই হয়তো লুকিয়ে আছে আগামীর কোনো শামসুর রাহমান, আহমেদ ছফা কিংবা কোনো হুমায়ূন আহমেদ, ইমদাদুল হক মিলন। এক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করতে পারে কালি ও কলম। নবীনদের আরো বেশি সুযোগ দিয়ে সকল হতাশাকে অবদমিত করে তাদের মধ্যে প্রেরণা সঞ্চার ও উৎসাহ সৃষ্টি করাও হোক এ-পত্রিকার অন্যতম লক্ষ।
বর্তমানে এদেশের শিল্প ও সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্যে কালি ও কলমের কাছে প্রত্যাশাও বেশি। সুস্থ সাহিত্যচর্চায় ও সাহিত্যবিকাশে কালি ও কলমের অবদান অনস্বীকার্য বলে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ, প্রবীণদের সঙ্গে নবীনদের মেলবন্ধনে এদেশের সাহিত্যাঙ্গনকে বিকশিত করে বাংলা সাহিত্যকে দেশের পাশাপাশি বহির্বিশ্বেও বিকশিত করে তুলুন।
রফিকুল ইসলাম
কায়েৎটুলী, ঢাকা
প্রসঙ্গ : ‘নীলার কথা’
কালি ও কলম বাংলাদেশের সাহিত্যাঙ্গনে বর্তমানে সম্ভ্রান্ত একটি নাম। বাস্তবসম্মত নিরীক্ষাধর্মী লেখা এ-পত্রিকাটিকে দিনদিন আকর্ষণীয় করে তুলেছে।
কালি ও কলমের মার্চ ২০০৫-এর সংখ্যায় মুহম্মদ জাফর ইকবালের সুনামির ওপর তথ্য-উপাত্তমূলক লেখাটি আমাকে আকৃষ্ট করেছে। এ-লেখায় তিনি সুনামির ব্যাপকতা সম্পর্কে অত্যন্ত সুন্দর, সাবলীল ও সহজবোধ্য করে নানারকম অজানা বিষয়াবলি অনুপুঙ্খভাবে তুলে ধরেছেন। আমি তাঁর লেখা পড়ার জন্য প্রতি সংখ্যায়ই আগ্রহভরে অপেক্ষা করি।
একই সংখ্যায় ‘নীলার কথা’ নামে স্মৃতিচারণমূলক লেখায় নীলুফার ইয়াসমীনের না-জানা কিছু মূল্যবান কথা নাজমা ইয়াসমীনের লেখায় মূর্ত হয়ে উঠেছে। নীলা অর্থাৎ নীলুফার ইয়াসমীন অসম্ভব উঁচুমাপের একজন সংগীতশিল্পীই শুধু ছিলেন না, নজরুলের শ্যামাসংগীত এবং কীর্তনকেও শ্রোতাদের কাছে উপস্থাপনেও যে তাঁর জুড়ি মেলা ছিল ভার – সেটি ছিল অনেকেরই অজানা। ওই স্মৃতিচারণে তাঁর গুণমুগ্ধ স্বামী আতাউর রহমানের কাছ থেকে মূল্যবান অনেক তথ্য জানা যায়। যেমন তিনি বলেছেন – ওঁর বাইরের শান্তশ্রীর সঙ্গে মিলিয়ে সংগীতের কারণেই ও নিজের মনমেজাজের প্রশান্তিও বজায় রাখত বহু প্রতিকূলতা সত্ত্বেও। এটিই একজন শিল্পীর সত্যিকারের পরিচয়। তিনি নীল আকাশের মতো নীলাভ অন্তরটিকে গানের নীলিমায় সর্বদা আলোকিত করে রাখতেন। তাঁর আত্মায় শান্তি বর্ষিত হোক।
পরিশেষে কালি ও কলমের ব্যাপক প্রচার ও প্রসার কামনা করছি।
তমাল চক্রবর্তী
কবরখানা, ময়মনসিংহ।

Leave a Reply
You must be logged in to post a comment.