একদিন ফিরিয়ে দেবে, বলে
বেশ কিছু ভালোবাসা ধার নিয়েছিলে,
ভালোবাসার তো সুদ-আসল নেই! তা হলে
অপেক্ষা করছো কেন?
ভাবছো খুব তাড়াতাড়ি মরে যাবো আমি!
এখন আমি জানলায় তাকাই না,
বাইরে বসন্ত এসে বসে থাকুক, নীলাকাশ নিয়ে কূজনবাজনা
বাজাক না পাখি! ওই কাকলিভাষা বুঝতাম এককালে
এখন বুঝি না, আসলে কোনো ঐহিকে এখন আমি কানই দিই না!
ভালোবাসা ধার দিতেও পারি না!
জানি, অনেকেই আমাকে এখন আর মনে রাখছে না,
আমার মানচিত্র থেকে যে-সব মহার্ঘ্য নদী, কিশলয়
দূরে সরে গেছে, কবিতার অর্ধনীরব সাদা পাতা
অকারণ বৃদ্ধ জাগরণে তোমাকে ফিরিয়ে আর আনবে না খাতাতে!
যে-হাত ছন্দ হতো অ-লৌকিক দিনান্ত সম্পাতে
সে এখন ভালো করে কলম ধরতেই পারে না!
আঙুলে আঙুলে জেগে উঠেছে আজ প্রতনের প্রাচীন বেদনা,
ওই বেদনাই কি অন্তরদেহলী থেকে বাইরে এসেছে?
যে-সব উৎসব এতদিন তোমাদের ধার দিয়েছিলামতারা সব শব হয়ে গেছে!

Leave a Reply
You must be logged in to post a comment.