একটি উদ্ধৃতি দিয়ে শুরু করা যেতে পারে এই আলোচনা। কয়েক বছর আগে একটি লেখার জন্য কিছু কথাবার্তা হয়েছিল শিল্পী সোমনাথ হোরের সঙ্গে। শান্তিনিকেতনে তখন তিনি লাল বাঁধের কাছে এক আদিবাসী-অধ্যুষিত পল্লিতে নিজের বাড়িতে থাকেন। পূর্বপল্লিতে আসেননি তখনো। সেখানেই এক গ্রীষ্মের বিকেলে নেওয়া হয়েছিল তাঁর সাক্ষাৎকার। অনেক কথার মধ্যে তাঁর সেদিনের একটি কথা চিরস্মরণীয় হয়ে থেকেছে এই লেখকের মনে। বলেছিলেন তিনি, ‘আমার সমস্ত কাজের একটাই কথা – একটা লোকও কেন না খেয়ে থাকবে, আর অন্যদিকে কেন এত অপচয় হবে। এটাই আমার কথা। এর মধ্যে আমি অন্য কিছুই আনছি না। মার্কস্ইজমেরও তা-ই কথা।’ আজকের বাস্তবতা, রাজনীতি, বিশ্বায়ন, প্রযুক্তি, স্বদেশ-বিদেশ, জাতীয়তা-আন্তর্জাতিকতা – এসব কিছুকে বুঝতে এই একটি কথাই আমাদের নানাভাবে সাহায্য করতে পারে। প্রকৃতপক্ষে আজকের পৃথিবীর গভীরতম সংকট এটিই।
বিশ্বায়ন কথাটি নতুন কিছু নয়। বিশ্বায়ন মানুষের চৈতন্যেরই অবিচ্ছেদ্য অঙ্গ। মানুষ মানুষ হয়ে-ওঠে নিজেকে ছাড়িয়ে বৃহত্তর বিশ্বের সঙ্গে সংযোগের মধ্য দিয়েই। রবীন্দ্রনাথের একটি গানের দুটি লাইন মনে আসে : ‘আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,/ বুকের মধ্যে বিশ্বলোকের পাবি সাড়া।’ মানবেতর প্রাণীদের বিশ্বায়নের প্রয়োজন হয় না। কেননা তাদের চেতনা থাকলেও চৈতন্য নেই। কাকে বলে এই বিশ্বায়ন? সেটি জানি আমরা সকলেই। মানুষ মানুষ হয়ে-ওঠার পর থেকেই পরস্পরের মধ্যে চলছে বিনিময়। ব্যক্তির সঙ্গে ব্যক্তির। গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীর। এক সমাজের সঙ্গে অন্য সমাজের। এক দেশের সঙ্গে অন্য দেশের। বিনিময় চলছে চিন্তাভাবনায়, ব্যবসা-বাণিজ্যে, অর্থনীতিতে, বিজ্ঞান-প্রযুক্তি ও সংস্কৃতিতে। আজকে পাশ্চাত্যের যে-বিজ্ঞান, তারও বিবর্তনের উৎসের দিকে গেলে দেখা যায়, প্রাচ্য থেকে উদ্ভূত জ্ঞানের সংযোগ রয়েছে সেখানেও। গণিতে ‘শূন্য’-এর ধারণা ভারতবর্ষেই প্রথম আবিষ্কৃত হয়েছিল। এ-কথা অজানা নয় কারুর। বীজগণিতের বিকাশেও রয়েছে আরবদের অবদান।
গণিতের এরকম অনেক প্রত্যয় ক্রমান্বয়ে কীভাবে রূপান্তরিত হয়েছে, তার একটি সুন্দর দৃষ্টান্তের উল্লেখ করা যায়। নিউইয়র্ক থেকে প্রকাশিত (১৯৯০) হাওয়ার্ড ইভ্সের অ্যান ইনট্রোডাকশন টু দ্য হিসট্রি অব ম্যাথমেটিক্স গ্রন্থের অনুসরণে অমর্ত্য সেন তাঁর এক বক্তৃতায় (‘আওয়ার কালচার দেয়ার কালচার’) বলেছিলেন এর কথা। ত্রিকোণমিতিতেব্যবহৃত ‘ংরহব’ কথাটি পাশ্চাত্য গণিতেরই অঙ্গ বলে পরিচিত। এর উৎসে গেলে দেখা যায়, এই প্রত্যয়ের আবিষ্কর্তা খ্রিষ্টীয় পঞ্চম শতকের ভারতীয় গণিতবিজ্ঞানী বা ঋষি আর্যভট্ট। তিনি এর নাম দিয়েছিলেন ‘জ্যা-অর্ধ’। পরে এটিকে বলা হতো শুধু ‘জ্যা’। এই ‘জ্যা’ (Jya) আরবে গিয়ে রূপান্তরিত হয়েছিল ‘জিব’ (Jiba)-তে। আরবীয় উচ্চারণের অভ্যাসে রয়েছে স্বরবর্ণ বর্জন। তখন তাঁদের কাছে শব্দটি হলো ‘জব’ (Jb)। পরবর্তী লেখকরা এই অর্থহীন শব্দটিকে পালটে করেছিলেন ‘জয়িব’ (Jaib)। ‘জয়িবে’র অর্থ ছোট উপসাগর বা খাড়ি (ইংরেজিতে Cove or Bay)। ল্যাটিনে এর প্রতিশব্দ Sinus। ১১৫০ সালে ক্রিমোনার ঘেরার্ডো (Gherardo of Cremona) আরবীয় ভাষা থেকে Jaib -কে রূপান্তরিত করলেন ‘Sinus’-এ। ‘Sinus’ থেকেই এসেছে বর্তমান ‘Sine’ কথাটি। আজ অনেকেই ‘ঝরহব’ কথাটিকে সম্পূর্ণ পাশ্চাত্য প্রত্যয় বলে জানেন। কিন্তু এর আদি উৎস ভারত। তারপর আরব হয়ে কথাটি ইউরোপে গেছে।
এই হলো একটি দৃষ্টান্ত। এ থেকে বোঝা যায়, মানুষের জ্ঞানের ইতিহাসে, চিন্তার ও সংস্কৃতির বিবর্তনে নিছক প্রাচ্য-পাশ্চাত্য বলে কিছু নেই। ব্যবহারিক জীবনেও তাই। আমরা রান্নায় যে-লঙ্কা ব্যবহার করি, সেটি পর্তুগিজরা প্রথম এদেশে এনেছিল। তাই বলে লঙ্কাকে আমরা আজ আর অভারতীয় ভাবি না। এটি আমাদের খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। তেমনি ললিতকলাতেও। পৃথিবীর এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের বিনিময় চলতেই থাকে। সভ্যতা যত এগিয়েছে, বিজ্ঞান ও প্রযুক্তির যত উন্নতি ঘটেছে, এই পারস্পরিক বিনিময় তত বেড়েছে। বিশ্বায়ন তত ব্যাপক হয়েছে।
কিন্তু যে-বিশ্বায়ন এখানে আমাদের আলোচ্য, যে-বিশ্বায়ন নিয়ে আজ বিশ্বজুড়ে তোলপাড় চলছে, সেই ‘বিশ্বায়নে’র কিছু গুণগত পার্থক্য আছে, পূর্বোক্ত সাধারণ প্রবাহের ‘বিশ্বায়ন’ থেকে। না, এই দুটো ‘বিশ্বায়ন’ এক নয়। প্রথম যে ‘বিশ্বায়নে’র কথা বলা হলো, তাকে যদি বলি ‘স্বাভাবিক বা সদর্থক বিশ্বায়ন’, তাহলে আজকের বহু-আলোচিত ‘বিশ্বায়ন’কে বলতে পারি তারই এক বিকৃত রূপ বা এককথায় ‘বিকৃত বিশ্বায়ন’। পাশ্চাত্যের উপনিবেশবাদেরই রূপান্তর এই বিশ্বায়ন। উত্তর-ঔপনিবেশিক ঔপনিবেশিকতার এক কদর্যতম হাতিয়ার।
কোথায় শুরু এই বিশ্বায়নের? এর উত্তরে পৌঁছানোর আগে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করতে পারি, ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীগতভাবে মানুষের অগ্রগতির মূল সূত্রটি কী? ‘অধিকাংশ মানুষ স্বার্থ দ্বারাই চালিত হয়’। এই একটি সূত্র ব্রিটিশ দার্শনিক অ্যাডাম স্মিথের তত্ত্বের ভেতর থেকে পাওয়া যায় বলে অনেকে মনে করেন। যদিও অ্যাডাম স্মিথ ঠিক এভাবে কথাটি বলেননি। তবু উপযোগবাদ থেকে যে-ধনতন্ত্রবাদী অর্থনীতি ও সমাজব্যবস্থার বিকাশ, তার মূলে আছে মানুষের আত্মস্বার্থের তত্ত্ব। শুধু মানুষ কেন, যে-কোনো প্রাণীরই বেঁচে থাকার যে-আকুল জৈবিক আগ্রহ, তা-ই অনেক সময় তাকে চালিত করে আত্মস্বার্থের দিকে। ‘Survival of the fittest’ – এই আত্মস্বার্থ রক্ষারই জৈবিক সংগ্রাম। আজকের যে বাজার-অর্থনীতি, তা তো ধনতন্ত্র বিকাশেরই একটি ফল। এর ভিত্তিতেও রয়েছে এই আত্মস্বার্থ।
কিন্তু মানুষ শুধু জৈবিকভাবেই বাঁচে না, চৈতন্যের উন্মীলনের মধ্য দিয়েও বাঁচে। সেজন্যই তাঁর প্রজ্ঞা, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-ললিতকলা এসবেরও দরকার হয়। একটা পর্যায়ে মানুষ উপলব্ধি করেছে যে, শুধু আত্মস্বার্থের সংঘাতের ভেতর দিয়ে যে-বাঁচা, তাতে এই সভ্যতার সামগ্রিক বিকাশ সম্ভব নয়। বরং এই সংঘাত কালক্রমে এই সভ্যতাকেই ধ্বংস করবে। পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরা তাই চেয়েছেন যে, এই আত্মস্বার্থের সঙ্গে আত্মত্যাগ ও পরার্থপরতারও একটি সমন্বয় দরকার। তাঁরা এ-ও ভেবেছেন যে, সমগ্র মানব-সমাজের বিকাশের শ্রেষ্ঠ পথ হলো পারস্পরিক ঐক্যসূত্রের মধ্য দিয়ে এগিয়ে চলা। সংঘাতে নয়, প্রেমে উজ্জীবিত হওয়া। এখানেই মানুষের মনুষ্যত্বের সার্থকতা। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুলো এই উজ্জীবনের দিকেই উদ্বুদ্ধ করেছে মানুষকে। কার্ল মার্কস, রবীন্দ্রনাথ বা মহাত্মা গান্ধির চিন্তারও মূল কথা এটিই। আজকের শিল্পী যখন বলেন যে, একটি মানুষও কেন না খেয়ে থাকবে, আর একদিকে কেন এত অপচয় হবে, তখন এই উজ্জীবনের কথাই থাকে তাঁর মনেও। এই হলো সদর্থক বিশ্বায়নের একটি প্রকাশ। এছাড়া সভ্যতার কোনো মুক্তি নেই।
যদি বলা যায়, এই ভাবনাই ছিল অষ্টাদশ শতকে পাশ্চাত্যের এনলাইটেনমেন্ট বা আলোকদীপ্তির মূল উৎস, তাহলে কি খুব ভুল হবে? জৈবিক আবেগ নয়, যুক্তিই হবে মানুষের সমস্ত ভাবনা বা কর্মপ্রচেষ্টার মূল ভিত্তি বা চালিকাশক্তি। ভলতেয়ার (১৬৯৪-১৭৭৮), রুশো (১৭১২-১৭৭৮), ইমানুয়েল কান্ট (১৭২৪-১৮০৪) প্রমুখ মনীষী ও দার্শনিকের চিন্তা থেকে জেগে উঠেছিল যে-নতুন পৃথিবীর স্বপ্ন, তার ভিত্তি ছিল যুক্তিবাদ, মানবতাবাদ ও আশাবাদ। পাশ্চাত্যে আধুনিকতা এই মহৎ বোধ থেকে তার যাত্রা শুরু করেছিল। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চেতনা জেগেছিল ফরাসি বিপ্লব থেকে। কিন্তু এই উজ্জীবনের ভাবনা বেশিদূর অগ্রসর হতে পারেনি। যে-সম্ভাবনা নিয়ে শুরু হয়েছিল আধুনিকতা, মানুষের ক্ষুদ্র স্বার্থবোধ তাকে ধ্বংস করেছে। এই সম্ভাবনাকে করে তুলেছে অবাস্তব বা ইউটোপিয়া।
আলোকদীপ্তির জ্ঞান পরিণতি পেয়েছিল শিল্পবিপ্লবে। শিল্পবিপ্লব প্রযুক্তিকে প্রসারিত করেছিল। সঞ্চিত হয়েছে পুঁজি। আরো পুঁজির অন্বেষণে ইউরোপের অভিযাত্রী দল বেরিয়ে পড়েছে পুবের দিকে। জয় করেছে এশিয়া-আফ্রিকার একের পর এক দেশ। আলোকদীপ্তি বা আধুনিকতা এবার পরিণতি পেল ঔপনিবেশিকতায়। জেগে উঠল আরেক ধরনের বিশ্বায়ন। শোষণের বিশ্বায়ন। এই শোষণ যে কী ভয়ংকর, উপনিবেশের মানুষ তা মর্মে মর্মে জানে। ভাবুন, সপ্তদশ থেকে ঊনবিংশ শতকে আমেরিকা ও ইউরোপ আফ্রিকা থেকে পাচার করে নিয়ে এসেছিল অন্ততপক্ষে ১ কোটি ২০ লাখ ক্রীতদাস। তাদের অনেকে দীর্ঘ সমুদ্রযাত্রার পথেই মরেছে। এ-ও তো বিশ্বায়নের এক ভয়াল রূপ। (সূত্র : অমিয় কুমার বাগচী। ‘বৈষয়িক বিশ্বায়নের রূপরেখা’। বিশ^ায়ন – ভাবনা দুর্ভাবনা, প্রথম খণ্ড, ন্যাশনাল বুক এজেন্সি।) ব্রিটিশরা মনে করে এবং আমাদের মধ্যেও অনেকে ভাবেন এরকম যে, ব্রিটিশ ঔপনিবেশিকতা ভারতবর্ষকে অন্ধকার থেকে আলোয় তুলে এনেছিল। সেই আলোর উলটোপিঠে তাকালে কী দেখি? একটিমাত্র দৃষ্টান্ত দেওয়া যায়। ঊনবিংশ শতকে ব্রিটিশ সাম্রাজ্য ভারতবর্ষের ওপর মুক্ত বাণিজ্য-নীতি আরোপ করেছিল। এর ফলে ধ্বংস হয়েছিল ভারতের সমস্ত নিজস্ব উৎপাদন-পদ্ধতিগুলো। বিপর্যস্ত হয়েছিল কৃষিব্যবস্থাও। পঞ্চাশ বছরের মধ্যে বিংশ শতকের গোড়ায় ভারত পরিণত হয়েছিল পৃথিবীর দরিদ্রতম দেশে (সূত্র : দীপক বসু, ফ্রি ট্রেড: স্টেটসম্যান, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ২০০৩)।
ঔপনিবেশিক বিশ্বায়নের এই হলো দু-একটি দৃষ্টান্ত।
দুই
উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়ন বা আজকের বিশ্বায়ন প্রসঙ্গে আমরা একটু পরে আসছি। এর আগে এই তথাকথিত ঔপনিবেশিক বিশ্বায়ন আমাদের ললিতকলায় কী প্রতিক্রিয়া এনেছিল সেদিকে একটু তাকিয়ে নিই। একটি কথা স্পষ্ট করে বলে নেওয়া দরকার এখানে। অনেকে বলেন, বিশ্বায়ন একটি সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক প্রক্রিয়া, এর সঙ্গে ললিতকলার প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। আমাদের ধারণায় এটি একেবারে ভুল তত্ত্ব। ললিতকলা যেমন সমাজবাস্তবতার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত, তেমনি বিশ্বায়নের সঙ্গেও। উত্তর-আধুনিকতা উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়নের বিরুদ্ধেই একটি প্রতিক্রিয়া। উত্তর-আধুনিক দৃশ্যকলাও তাই। আমাদের দেশেও এর ব্যতিক্রম ঘটেনি। বরং ১৯৯০-এর দশকে আমাদের দৃশ্যকলার যে-বিস্তার, তা প্রধানত এই বিশ্বায়নের প্রতিক্রিয়াতেই গড়ে উঠেছে।
দ্বিতীয় আরেকটি প্রসঙ্গও এখানে পরিষ্কার করে নিতে চাই, সেটা হলো, জাতীয়তা ও আন্তর্জাতিকতার সম্পর্ক। বিশেষত শিল্পকলায়। বিশ্বায়নের প্রধানতম শর্তই হলো জাতীয়তার সীমাকে প্রসারিত করা। জাতীয়তাকে আন্তর্জাতিকতায় অভিষিক্ত করা। জাতীয়তা যে একটি অত্যন্ত সংকীর্ণ অভিধা, এর বহু পরিচয় আমরা আধুনিকতার বিভিন্ন পর্বে পেয়েছি। দুটি বিশ্বযুদ্ধে এর ধ্বংসাত্মক দিক দেখা গেছে অনেক। তবু আজও কি আমরা জাতিগত ভৌগোলিক গণ্ডিকে মুছে ফেলতে পারি? সমস্ত দেশের সীমান্ত তুলে দিয়ে বিশ্বকে একাকার করে ফেলতে পারি? এরকম কোনো প্রস্তাব যদি আনা হয়, সেটি কি মানবে ইউরোপ, আমেরিকা – যারা আজকের বিশ্বায়নের প্রধান প্রবক্তা? অর্থনীতিকে যত মুক্ত করার কথা বলছে তারা, তাদের ইমিগ্রেশন-আইন হয়ে উঠছে তত কঠোর। এ-এক অদ্ভুত বৈপরীত্য! তাহলে স্বদেশকে লুপ্ত করার সময় এখনো আসেনি! অদূর ভবিষ্যতে কখনো আসবে কিনা, জানা নেই। যদিও এটাই একান্ত কাম্য আমাদের। জাতীয়তার সমাপ্তি ঘটুক। বিশ্বের সমস্ত মানুষ এক হোক। পৃথিবী শোষণমুক্ত হোক। অমর্ত্য সেন বিশ্বায়নের প্রধান একজন সমর্থক। তাঁকেও বলতে হয়, ‘সমসাময়িক বিশ্বে জাতিগত পরিচয় ও নাগরিকত্বের গুরুত্ব অস্বীকার করা সম্ভব নয়।’ (‘মানব পরিচয়ে যুক্তির ভূমিকা’। বিশ্বায়ন : ভাবনা দুর্ভাবনা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪৪৪)।
সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে জাতিগত পরিচয়ের গুরুত্ব যদি অস্বীকার করা না যায়, ললিতকলার ক্ষেত্রেই-বা একে সম্পূর্ণ অবলুপ্ত করা যায় কী করে? ললিতকলা তো মানবিক চৈতন্যেরই একটি প্রকাশ। চৈতন্য তো সত্তার শিকড়ের সঙ্গে যুক্ত। আর সত্তা গড়ে ওঠে যৌথ নিশ্চেতনার যে ক্রিয়া-প্রতিক্রিয়ায়, তাতে ঐতিহ্যের একটি ভূমিকা থাকে। কিন্তু ঐতিহ্য কখনোই নিশ্চল নয়। ঐতিহ্যের মধ্যে গোষ্ঠীর বা জাতির নানা বৈশিষ্ট্যের যেমন প্রতিফলন থাকে, তেমনি থাকে আবিশ্ব উত্তরাধিকারের সারাৎসারও। কাজেই সত্তার মধ্যে স্বয়ংক্রিয়ভাবেই ঘটে স্বদেশ ও বিশ্বের এক পরোক্ষ সমন্বয়। পরম্পরার ভেতরেই বিশ্বায়নের আভাস আসে এভাবে। এক সমন্বয় বা আত্তীকরণের প্রক্রিয়া চলে। কাজেই শিল্পের স্বদেশচেতনা কোনো সরল জাতীয়তা নয়। স্বদেশচেতনা বিশ্বায়িত না হলে শিল্পের নান্দনিক মুক্তি ঘটে না। স্বদেশচেতনার এই বিশ্বায়নের ভেতর দিয়েই একজন শিল্পীকে গড়ে তুলতে হয় তাঁর শিল্পের আত্মপরিচয়।
ঔপনিবেশিক পর্বে আমাদের দৃশ্যকলায় এই আত্মপরিচয়ের অন্বেষণই প্রাধান্য পেয়েছিল। ঔপনিবেশিকতা বিশ্বায়নের নামে যেভাবে লুপ্ত করতে চাইছিল জাতিগত সত্তাকে, এ-অন্বেষণ ছিল তারই বিরুদ্ধে প্রতিবাদ। এই প্রতিবাদ প্রথম মূর্ত হয়েছিল অবনীন্দ্রনাথের ছবিতে। অবনীন্দ্রনাথ থেকে শুরু হয়েছিল এই যে-স্বদেশচেতনার শিল্পরূপের সন্ধান, পরবর্তী পর্বে তা নানা শাখা-প্রশাখায় পল্লবিত হয়েছে। এর ভেতর অনেক সীমাবদ্ধতা ছিল – এ-কথা সকলেরই জানা। কিন্তু আমাদের আধুনিকতার ইতিহাসে এর গুরুত্ব এখানেই যে, নিজস্ব আত্মপরিচয়ে ঋদ্ধ একটি ‘রূপ’ বা ফর্ম গড়ে তোলার চেষ্টা হয়েছিল। আধুনিকতার পরবর্তী বিবর্তনকে তা শিকড়সম্পৃক্ত করতে পেরেছে। বিশ্বায়ন আত্মপরিচয়ের ভিত্তি পেয়েছে। কিন্তু আজকে উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে আমাদের আধুনিকতার এই ভিত্তিগত অর্জনকে উপযুক্ত মর্যাদা দেওয়া হয় না। বরং নানাভাবে অবনমিত করা হয়। ২০০০ সালে দিল্লির তুলিকা থেকে বেরিয়েছে গীতা কাপুরের বই হোয়েন ওয়াজ মডার্নিজম। ভারতের চিত্রকলার আধুনিকতার সেই বিস্তৃত আলোচনায় অবনীন্দ্রনাথের কোনো মূল্যায়ন নেই। চার শতাধিক পৃষ্ঠার বইতে মাত্র তিনবার উল্লিখিত হয়েছে অবনীন্দ্রনাথের নাম এবং সেটিও খুবই গৌণ উল্লেখ। এরকম দৃষ্টান্ত আরো অনেক আছে।
অনেকে বলে থাকেন, এই যে স্বদেশচেতনার শিল্পধারা, এটি শিল্পতাত্ত্বিক বা ঐতিহাসিকদেরই একটি তত্ত্বগত নির্মাণ। শিল্পীরা কখনো স্বদেশচেতনার কথা বলেননি। কিন্তু শিল্পীরাও যে উদ্বুদ্ধ হয়েছেন এই স্বদেশচেতনার ভাবধারায়, তাঁদের কাজে রয়েছে এর প্রমাণ। তাঁরা যে বলেছেনও কখনো কখনো, সেটি খুঁজতে খুব বেশি গবেষণার দরকার হয় না। আমরা সে-রকম উক্তির কয়েকটিমাত্র দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করব। তাতে এ-ও দেখব, কেমন করে দেশগত-ভাবনাকে ছুঁয়েই তাঁরা চলে যাচ্ছেন বিশ্বগত বোধে। বিশ্বায়ন কেমন করে ছুঁয়ে থাকছে জাতীয়তাকে।
ঘরোয়ার স্মৃতিচারণায় অবনীন্দ্রনাথ বলেছেন, ‘…কিন্তু এই যে স্বদেশী যুগে ভাবতে শিখেছিলুম, দেশের জন্য নিজস্ব কিছু দিতে হবে, সেই ভাবটিই ফুটে বের হলো আমার ছবির জগতে।… ছবি দেশীমতে ভাবতে হবে, দেশীমতে দেখতে হবে। রবি বর্মাও তো দেশীমতে ছবি এঁকেছিলেন, কিন্তু বিদেশীভাব কাটাতে পারেননি, সীতা দাঁড়িয়ে আছে ভিনাসের ভঙ্গিতে। সেইখানে হলো আমার পালা। বিলিতি পোরট্রেট আঁকতুম, ছেড়েছুড়ে দিয়ে পট পটুয়া জোগাড় করলুম।… তারপর দেশীমতে দেশী ছবি আঁকতে শুরু করলুম।’ (অবনীন্দ্র রচনাবলী-১, পৃষ্ঠা ৭৪)। ঘরোয়া প্রকাশিত হয়েছিল ১৯৪১-এ। এর অনেক আগে ১৯২১-এ বাগেশ্বীর বক্তৃতায় ‘শিল্পে অনধিকার’ প্রবন্ধে দেখিয়েছেন তিনি, ট্র্যাডিশনের অন্ধ-অনুকরণ কেমন করে হয়ে ওঠে ‘অতি ভয়ানক, অতি পুরাতন চোরাবালি’। বলছেন, ‘এর মধ্যে একটা চমৎকার, চকচকে সাধুভাষায় যাকে বলে, লোস্ট্র পড়ে আছে, তার নাম ট্র্যাডিশন বা প্রথা। অনন্তকাল সঞ্চিত ধনের মতো এর মোহ, একে অতিক্রম করে যাবার কৌশল জানা হলে তবে শিল্পলোকের হাওয়া এসে মনের পাল ভরে তোলে, ডোববার আর ভয় থাকে না।’ এই দুটি উদ্ধৃতির আলোয় যদি অবনীন্দ্রনাথের সারা জীবনের কাজকে দেখি, তাহলে বোঝা যায়, কোন প্রত্যয় থেকে তাঁর ছবিতে ঘটছিল স্বদেশ ও বিশ্বের সমন্বয়।
নন্দলাল বসু ১৯৫৪ সালের ৩০ মার্চ কানাই সামন্তকে এক চিঠিতে লিখছেন, ‘হ্যাঁ আমার ছবিতে একটা লড়াই করার ও challenge -এর ভাব কোথাও ২ প্রকাশ পেয়েছে, যা গুরু অবনবাবুর ছবিতে নাই।… গুরু অবনবাবুও মাঝে ২ আমার ছবিতে আঙ্গিকের এ উগ্রতা দেখে চিন্তিত হয়েছেন। এর কারণ আমার nationalism -এর ভাব। ভারত-শিল্পের গৌরব সাব্যস্ত করতে হবে, আর আমরাও করণকৌশলে দক্ষ – জাপান চিনের চেয়ে হীন নই তা প্রমাণ করতে হবে। অবশ্য পাশ্চাত্য শিল্পীদের কাজ দেখে পরে মুগ্ধ হয়েছি কিন্তু পূর্বে তাহাদের গৌরবে বোধ করার অবকাশ পাইনি।’ এরপরের বাক্যেই তিনি যা বলছেন, যেটা বিশেষভাবে প্রণিধানযোগ্য। বলেছেন : ‘G challenge দিবার আর প্রবৃত্তি নাই, challenge -এর ভাব একটু থাকলে রসের দিক দিয়ে ঠকতে হয় এখন বুঝেছি।’- এ-ই হলো জাতীয়তাকে মেনেও তাকে বিশ্বায়িত করার দৃষ্টান্ত।
এক রেডিও-সাক্ষাৎকারে কবি বিষ্ণু দে-কে বলেছিলেন যামিনী রায় : ‘…আমার কাছে সবচেয়ে বড় ইতিহাস মনে হয় যে-জাতির সভ্যতার সময়ের যুগের সমস্ত কিছু এই ছবি আঁকার মধ্য দিয়েই প্রকাশ হয়ে পড়ে – আর তারপর যে-ছবি সে কিছুতেই গোপন করতে পারবে নি – সে খারাপ হোক – আমার কাছে খারাপ ছবি ভালো ছবি এই প্রশ্নই নাই – তার গড়নটা, ছবির যে-গড়নটার মধ্যেই গোটা জাতটার পরিচয়, গোটা সভ্যতার পরিচয়, ইতিহাসের পরিচয়, এছাড়া…।’ আত্মপরিচয়ের সন্ধানকেই গুরুত্ব দিয়েছেন যামিনী রায়। কিন্তু তাঁর লৌকিকের মধ্যে পাশ্চাত্যও তো আত্তীকৃত হয়েছে।
বিনোদবিহারী মুখোপাধ্যায় ‘ভারতীয় চিত্রকলার নতুন উন্মেষ’ নামে তাঁর এক প্রবন্ধে অবনীন্দ্রনাথ ও তাঁর পরম্পরার ছবি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন, ‘নূতন আদর্শে’র মূল কথা ছিল ভারতীয়ত্ব অর্থাৎ ভারতীয় চিন্তা ও ভাবের প্রকাশ। সংক্ষেপে বিলেতি ঘধঃরড়হধষরংস-এর বিরুদ্ধে ভারতীয় ভাব ও চিন্তাকে ছবির বিষয়বস্তুরূপে গ্রহণ করার চেষ্টাই ভারতীয় শিল্পসংস্কৃতির আদর্শ মনে করা হতো,’ (চিত্রকথা, পৃষ্ঠা ৩৫৩)। বিনোদবিহারী অবশ্য অবনীন্দ্র-পরম্পরার প্রতিক্রিয়ামূলক চিত্রশৈলীকে সমর্থন করেননি, এর দুর্বলতাকে বিশ্লেষণ করেছেন। দেখিয়েছেন, সংকীর্ণ জাতীয়তা নয়, জাতীয়তার সঙ্গে বিশ্বগত বোধের সমন্বয়ই শিল্পমুক্তির শর্ত। তাঁর নিজের ছবিতে এটিই তিনি করে দেখিয়েছেন। প্রকৃতপক্ষে বিনোদবিহারীর ছবিতে যে-বিশ্বায়ন, সেটি কিন্তু প্রাচ্যচেতনার ভিত্তিতেই গড়ে উঠেছে।
ঔপনিবেশিক পর্বে ঔপনিবেশিকতার বিরুদ্ধেই ছিল শিল্পীদের সংগ্রাম। জাতীয়তা তখন কাজ করেছে আত্মপরিচয়-অর্জনের এক হাতিয়ার হিসেবে। কিন্তু এই জাতীয়তা দেশের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল না। প্রাচ্যবোধের সংজ্ঞা ও স্বরূপ-অন্বেষণ করেছেন শিল্পীরা। সেই ভিত্তিতে পাশ্চাত্যও আত্তীকৃত হয়েছে। হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গি এক সময় সংকীর্ণতায় আবদ্ধ করেছিল এই আন্দোলনকে, এ-কথা ঠিকই। তাকে অনেক সময় অতিক্রমও করতে পেরেছেন শিল্পীরা। মুসলিম সংস্কৃতি তথা মোগল চিত্রশৈলীকে সফলভাবে ব্যবহার করেছেন অবনীন্দ্রনাথ। চীন, জাপান ইত্যাদি দূরপ্রাচ্যের ভাবধারাকেও আত্মস্থ করেছেন অবনীন্দ্রনাথ, নন্দলাল ও বিনোদবিহারী। রবীন্দ্রনাথের আদর্শে স্বদেশ ও বিশ্বের সমন্বয় ঘটেছে এই পরম্পরার পরিণত পর্বে। নন্দলাল ও বিনোদবিহারীর ছবি, রামকিঙ্করের ভাস্কর্য এর উজ্জ্বল দৃষ্টান্ত।
উত্তর-ঔপনিবেশিক পর্বে ক্রমান্বয়ে ঔপনিবেশিকতার চরিত্র পালটেছে। পাশ্চাত্যের ধনী ও সমৃদ্ধ জাতিগুলোর শোষণের অবসান হয়নি। আত্ম ও পরের বিভাজন মুছে যায়নি। কাজেই রাজনীতি, অর্থনীতি ও ক্ষমতার স্তরবিন্যাসের নানা বিভাজনে বিভাজিত এই বিশ্বে মানুষে মানুষে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, দেশে দেশে, জাতিতে জাতিতে সামগ্রিক কোনো ঐক্য এখনো সুদূর-পরাহত। এই বিভাজনকে লুপ্ত করার প্রয়াস যখনই হয়েছে, নানা প্রতিক্রিয়াশীল শক্তি সেটিকে ধ্বংস করেছে। মার্কসবাদী সাম্যবাদের পরীক্ষা-নিরীক্ষার ইদানীংকার পিছিয়ে-পড়া এর একটি প্রমাণ। তেমনি গান্ধিবাদী সাম্যচিন্তাকেও আজ আমরা অপ্রাসঙ্গিক অতিকথায় পরিণত করতে পেরেছি। এই পরিস্থিতিতে জাতিগত বিভাজনকে অস্বীকার করতে চাইলেই তার অবসান ঘটবে না। সেই আদর্শের দিকে যেতে হবে পৃথিবীকে। কিন্তু এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। ফলে আজ বিশ্বায়নের প্রেক্ষাপটেও আমরা জাতীয়তাকে অপ্রাসঙ্গিক মনে করতে পারি না। আত্মপরিচয়ের ভিত্তির ওপরই আমাদের শিল্পে বিশ্বায়নকে প্রসারিত করতে হয়েছে। ১৯৬০-এর দশকে প্রতিষ্ঠাপ্রাপ্ত শিল্পীদের হাতে এই সমন্বয়চেতনা এক বলিষ্ঠ পাদপীঠ সন্ধান করেছে।
তিন
১৯৪৭-এ ভারত স্বাধীন হয়েছে। বিংশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে সারা পৃথিবীতেই প্রত্যক্ষ ঔপনিবেশিকতার অবসান হতে শুরু করল। আরম্ভ হলো ঔপনিবেশিকতার এক নতুন পর্যায়। যাকে বলা যেতে পারে উত্তর-ঔপনিবেশিক ঔপনিবেশিকতা। এর নিয়ন্তা শুধু যে প্রথম বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর সরকার, তা নয়। তার চেয়েও বেশি, সেখানকার ধনিকশ্রেণি, যাঁরা সেখানকার বা সমগ্র বিশ্বের পুঁজির নিয়ন্ত্রক। এদের সঠিকভাবে শনাক্ত করা কঠিন। ঔপনিবেশিক শোষণে শোষককে চিহ্নিত করা যায়। তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যায়। কিন্তু উত্তর-ঔপনিবেশিক শোষণের কোনো নির্দিষ্ট কেন্দ্র নেই। কোনো কর্তা নেই। আবার ক্রমান্বয়ে এই পুঁজি বা মূলধনের কেন্দ্রগুলো শুধু ইউরোপ-আমেরিকার দেশগুলোর মধ্যে বা আই এম এফ, বিশ্বব্যাংকে সীমাবদ্ধ থাকেনি, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই বিমূর্ত পুঁজির যে আবিশ্ব-বাজারের সন্ধান, সেটিই আজকের বিশ্বায়ন।
১৯৪৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছিল দুটি অর্থনৈতিক সংস্থা। একটি ‘ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড’, সংক্ষেপে আই এম এফ। দ্বিতীয়টি, ‘ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট’, যেটি এখন ‘ওয়ার্ল্ড ব্যাংক’ নামে পরিচিত। এই বিশ্বায়নের প্রথম পদক্ষেপ ছিল এই দুটি সংস্থা। এর মধ্য দিয়েই পুঁজির সম্প্রসারণ শুরু হয়েছিল। প্রথমে মিত্রশক্তির মধ্যে। পরে তাদের সহযোগী ও সমর্থক দেশগুলোর মধ্যে। তবে এই বিশ্বায়নের সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত করা যায় ১৯৭৩ সালটিকে। দুটি ঘটনা ঘটেছিল সেই বছর। ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, আবুধাবি ইত্যাদি পেট্রল রপ্তানিকারী দেশ (‘ওপেক’ কান্ট্রিজ) পেট্রলের দাম তিনগুণ বাড়িয়ে দিয়েছিল। এ থেকে যে বিপুল পরিমাণ টাকা এসেছিল তাদের হাতে, তা তারা আমেরিকার বিভিন্ন ব্যাংকে সঞ্চিত বা লগ্নি করেছিল। ব্যাংকগুলো সেই অর্থ বিনিয়োগের জন্য বিশ্বব্যাপী বাজার খুঁজছিল। দ্বিতীয় ঘটনাটি হলো, ফাটকার তত্ত্বের আবিষ্কার। এতে করে মহাজনি মূলধনের বিনিয়োগের পথ অনেক সুগম হলো। রোনাল্ড ম্যাকিনন ও এডওয়ার্ড শ নামে দুই অর্থনীতিবিদআলাদাভাবে দুটি বই লিখেছিলেন এ-বিষয়ে। এছাড়া আরো তিনজন অর্থনীতিবিদ ফিসার ব্ল্যাক, মায়বন স্কোলস এবং রবার্ট মার্টন, তাঁরাও এ-বিষয়ে নতুন তত্ত্ব হাজির করেন। এর বিশদে যাওয়ার প্রয়োজন নেই এখানে। তবে এখান থেকেই উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়ন ব্যাপ্তি পেতে শুরু করে।
এই সময়েই পাশ্চাত্যের ধনী দেশগুলোতে মূলধনের সঞ্চয় অভূতপূর্বভাবে বেড়ে যায়। কিন্তু তাঁদের দেশের ভেতরে বৈষয়িক উন্নতির ফলে শ্রম আর তত সুলভ নেই। ফলে নিজের দেশে বিনিয়োগ থেকে মুনাফার পরিমাণ অনেক কমে গেল। তখন বিনিয়োগের জন্য তাঁরা দেশের বাইরে বাজারের সন্ধান করল। বিনিয়োগের বাজারকে যে নিয়ন্ত্রণমুক্ত করে সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ, এটিই আজকের বিশ্বায়ন। ১৯৭০-এর দশক থেকেই তথ্য-প্রযুক্তির দ্রুত উন্নতি হতে শুরু করল। তথ্য-প্রযুুক্তির বিকাশ বিশ্বায়নকে আরো ব্যাপক ও ত্বরান্বিত করল। এখন একই সঙ্গে মূলধন ও তথ্য-প্রযুক্তির নিয়ন্ত্রণ যাদের হাতে, তারা বাজারেরও নিয়ন্তা।
যতদিন দ্বিতীয় বিশ্বের, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব ছিল, ততদিন প্রথম বিশ্বের প্রতিযোগিতা ছিল তাদের সঙ্গে। পুঁজির বা বিশ্বায়নের অবাধ বিস্তারে কিছু বাধা ছিল। সোভিয়েত ভেঙে যাওয়ার পর এখন আর প্রথম বিশ্বের পুঁজির বিস্তারে কোনো প্রতিরোধ নেই। আজ অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এই বিশ্বায়নের মিছিলে শামিল না হলে কোনো দেশেরই মুক্তি নেই। তার অর্থনীতি বদ্ধজলায় পরিণত হবে। আজকের পৃথিবীতে স্বনির্ভর হয়ে বাঁচা কঠিন। তাই আজকে প্রগতিশীলদের সংগ্রাম হচ্ছে, বিশ্বায়নের ভালোটুকুকে গ্রহণ করে খারাপটুকুকে বর্জন করা। কিন্তু সেটিও খুব সহজ কাজ নয়।
এই বিশ্বায়নের সমস্যাটি কোথায়? বিশ্বায়ন চাইছে, বৈদেশিক বাণিজ্যের ওপর, পুঁজির গমনাগমনের ওপর রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এর ফল কী দাঁড়াচ্ছে? বিদেশের বৃহৎ পুঁজি দেশের ছোট ছোট পুঁজিকে গ্রাস করছে। দেশের ভেতরের ছোট ছোট উদ্যোগগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বড় পুঁজির চোখ-ঝলসানো আলোয় দেশের একটি অংশের চাকচিক্য বাড়ছে। শহরগুলো ঝকমক করছে। দেশের উচ্চবিত্ত সুবিধাভোগী শ্রেণি এর কিছু সুবিধা ভোগ করছে। কিন্তু দেশের নিম্নবিত্ত প্রান্তবর্তী-অংশ ক্রমশই অন্ধকারে বিলীন হচ্ছে। নতুন কর্মসংস্থানের সুযোগ থাকছে না। বেকারত্ব বাড়ছে। বাড়ছে দারিদ্র্য। শিক্ষা-স্বাস্থ্যের মতো জনকল্যাণমূলক পরিসেবাগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ফলে দেশের প্রান্তবর্তী-অংশ চরম সংকটের মধ্যে তলিয়ে যাচ্ছে।
স্বাধীনতার পর থেকে আমাদের দেশের সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে একটা ভারসাম্য ছিল। সরকারি উদ্যোগগুলো তেমন সফল হতে পারেনি কেন? এর কারণ হিসেবে কি বলা যায় মানুষের স্বার্থবুদ্ধির প্রাধান্য? সরকারি উদ্যোগের নিয়ন্তারা কর্মপ্রচেষ্টার সঙ্গে নিজেদের স্বার্থকে মেলাতে পারেনি। এই ব্যর্থতা যে-সংকট নিয়ে এলো, ১৯৯০-এর দশকে এসে মনে হলো, তা নিরসনের একমাত্র পথ, বিদেশী পুঁজিকে অবাধে দেশের মধ্যে প্রবেশ করতে দেওয়া। কিন্তু গত প্রায় পনেরো বছরে পুঁজির এই অবাধ মুক্তি নিম্নবর্গের উন্নয়নে কি কোনো কাজে এসেছে? আজ আমাদের দেশ দুটি ভাগে বিভাজিত। একটি আলোকিত ইন্ডিয়া। অন্যটি তমসাবৃত ভারত।
সমস্যাটি কোথায়? অমিয় কুমার বাগচী তাঁর এক লেখায় এই বিশ্বায়নকে বলেছেন ‘বাজারি মৌলবাদ’। তাঁর কথায়, ‘বস্তুত এই বাজারকেন্দ্রিক মৌলবাদীদের মুক্তবাজার প্রকৃত মুক্তবাণিজ্যের বিকট ভ্যাংচানি মাত্র।’ (বিশ্বায়ন : ভাবনা দুর্ভাবনা, প্রথম খণ্ড, পৃষ্ঠা ১৩)। যে প্রথম বিশ্ব আজ তৃতীয় বিশ্বকে বলছে, বাজারের ওপর থেকে নিয়ন্ত্রণ তুলে নিতে, তারা কিন্তু তাদের উন্নয়নপর্বে এই নিয়ন্ত্রণ বজায় রেখেই কাজ করেছে। এ-প্রসঙ্গে নোয়াম চমস্কির একটি কথা স্মরণীয় : ‘যে রেগান যুদ্ধোত্তর বিশ্বে ‘মুক্ত বাজার’-এর মুখ্য প্রবক্তারূপে পরিচিত তিনিই আবার ১৯৩০ থেকে আজ পর্যন্ত বিচার করলে মার্কিন দেশে সংরক্ষণবাদের সবচেয়ে উর্বর পর্বেরও রূপকার। অবশ্যই এতে স্ববিরোধিতার কিছু নেই। এই লেখার নিয়মটাই হচ্ছে অন্যদের ক্ষেত্রে অবাধ বাণিজ্যের বিধান আর নিজের ক্ষেত্রে যতক্ষণ না বাজারের ওপর নিরঙ্কুশ অধিকার কায়েম করতে পারি, ততক্ষণ-অব্দি ‘বাণিজ্য শৃঙ্খলা’ বিশ্বায়ন : ভাবনা দুর্ভাবনা, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৪০২)। এই নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেই বিশ্বায়নের সুফল পেয়েছে চীন, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়ার মতো পূর্ব-এশিয়ার কিছু দেশ। আর নিয়ন্ত্রণের অভাবেই ধ্বংস হয়ে গেছে ল্যাটিন আমেরিকার ব্রাজিল, চিলি, আর্জেন্টিনার মতো দেশের অর্থনীতি।
এই নিয়ন্ত্রণের অভাবেই বিশ্বায়নের কোনো সুফল আমাদের দেশে এখনো অর্জিত হয়নি। ‘বাজারি মৌলবাদে’র সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ‘ধর্মীয় মৌলবাদ’। এই মৌলবাদের আগুনে বাবরি মসজিদ ধ্বংস হয়, গোধরায় ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। প্রতিক্রিয়ায় গুজরাটে সরকারি মদদে চলে দাঙ্গা। কাশ্মিরে আগুন জ্বলতেই থাকে। প্রান্তবর্তী সংস্কৃতিগুলো ক্রমান্বয়ে লুপ্ত হয়ে যাচ্ছে। সাংস্কৃতিক বহুত্ববাদ বিনষ্ট হচ্ছে। দলিত ও আদিবাসী শ্রেণি তাদের স্বভূমি থেকে উৎখাত হয়ে যাচ্ছে। আর মানুষ না খেতে পেয়ে মরছে। এই পরিপ্রেক্ষিতেই একজন বিবেকবান শিল্পীর কণ্ঠে ধ্বনিত হয় এই খেদ : ‘কেন একজন মানুষও না খেয়ে থাকবে, আর একদিকে কেন এত অপচয় হবে’। এ-ই হলো আমাদের আজকের বিশ্বায়নের বাস্তব। এই বাস্তবকে হৃদয়ঙ্গম না করলে আজকের দৃশ্যকলাকেও সম্পূর্ণ বোঝা যায় না।
চার
আমরা তিন ধরনের বিশ্বায়নের কথা বললাম। স্বাভাবিক বিশ্বায়ন, ঔপনিবেশিক বিশ্বায়ন এবং উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়ন বা বিকৃত বিশ্বায়ন। আমাদের দৃশ্যকলার আধুনিকতায় এই তিন ধরনের বিশ্বায়নেরই টানাপোড়েন বা ক্রিয়া-প্রতিক্রিয়া চলেছে।
স্বাভাবিক বিশ্বায়নের কাজ শিল্পের ভেতরে ভেতরে সবসময়েই চলতে থাকে। ঔপনিবেশিক বিশ্বায়নের বিরুদ্ধে শ্রেষ্ঠ প্রতিক্রিয়া আমরা দেখেছি নব্য-ভারতীয় চিত্ররীতির বিকাশে। নব্য-ভারতীয় চিত্ররীতির মধ্যে ছিল শিল্পের স্বদেশ গড়ে তোলার একটি প্রয়াস। আজ এই ‘স্বদেশ’কে অনেকের সঙ্কীর্ণ অভিধা মনে হতে পারে। কিন্তু ললিতকলায় ঊনবিংশ শতকের মাঝামাঝি সময় থেকে ঔপনিবেশিকতার যে-আধিপত্য বেড়ে উঠছিল, তার বিরুদ্ধে এই অবরোধ ছাড়া আমাদের শিল্পের স্বতন্ত্র আত্মপরিচয় গড়ে তোলা দুরূহ হতো। পরবর্তীকালে শিল্পের এই স্বদেশের বিরুদ্ধে অনেক প্রতিক্রিয়া জেগেছে। এর সীমাবদ্ধতা ও সংকীর্ণতাকে অনেকে সঠিকভবেই চিহ্নিত করেছেন। তবু এ-কথা অস্বীকার করা যায় না যে, অবনীন্দ্রনাথ বা নন্দলাল শিল্পের স্বদেশের যে-ভিত্তি রচনা করেছিলেন, সেই ভিত্তির ওপরই প্রসারিত হয়েছিল ১৯৬০-এর দশক পর্যন্ত আমাদের শিল্পকলার আত্মপরিচয়ের সন্ধান। নব্য-ভারতীয় রীতিকে বলা যেতে পারে আমাদের আধুনিকতার প্রথম ধারা।
১৯১৫-১৬ সাল থেকেই আধুনিকতার এই প্রথম ধারার কিছু সংকীর্ণতা সম্পর্কে প্রশ্ন তুলছিলেন শিল্পীরা। সেটিকেও বলা যায়, বিশ্বায়ন-ভাবনার এক ধরনের সীমাবদ্ধতার বিরুদ্ধেই প্রশ্ন তোলা। রবীন্দ্রনাথ প্রথম সচেতন করছিলেন শিল্পীদের। তারপর তিনিই প্রথম পরীক্ষা-নিরীক্ষার দরজা খুলে দিলেন শান্তিনিকেতনে। বিশ্বভারতী গড়ে তুললেন। গড়ে তুললেন কলাভবন। বিশ্বভারতীর মূলমন্ত্র হলো : ‘যত্র বিশ্বং ভবত্যেকনীড়ম’। সমগ্র বিশ্ব নিয়ে সেখানে গড়ে উঠল একটি নীড়। স্বদেশের সঙ্গে বিশ্বের সমন্বয়ের এক নতুন প্রবাহ শুরু হলো সেখান থেকে। যার শ্রেষ্ঠ ফসল আমরা পেয়ে এসেছি নন্দলাল, বিনোদবিহারী, রামকিঙ্কর ও কে. জি সুব্রামনিয়নের ছবিতে বা রামকিঙ্করের ভাস্কর্যে। ১৯২৪-২৫-এর পর থেকে রবীন্দ্রনাথ তাঁর নিজের ছবিতে উন্মীলিত করলেন বিশ্বায়নের এক স্বতন্ত্র ভুবন।
নব্য-ভারতীয় ধারার বিরুদ্ধে আরেক ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন স্বতন্ত্রভাবে আরো চারজন শিল্পী। আমাদের আধুনিকতাকে তাঁরা সমৃদ্ধ করতে চাইছিলেন আরো দুটি ভিন্ন প্রবাহের আত্তীকরণে। একটি হলো পাশ্চাত্য আধুনিকতা, অন্যটি ভারতীয় লৌকিক। বিশ্বায়নের ভিন্নমাত্রার এক প্রসারণ আমরা দেখলাম এই চারজন শিল্পীর ছবিতে। তাঁরা হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর, সুনয়নী দেবী, যামিনী রায় ও অমৃতা শের গিল। এই ধারাকে আমরা বলতে পারি আধুনিকতার দ্বিতীয় ধারা।শিল্পের স্বদেশকে তথা বিশ্বায়নকে আরো প্রসারিত করতে চাইলেন ১৯৪০-এর দশকে প্রতিষ্ঠাপ্রাপ্ত শিল্পীরা। প্রথম বিশ্বের ঔপনিবেশিক শক্তিগুলো তখন নিজেদের ভেতর সংঘর্ষে লিপ্ত। সেই সংঘর্ষের ঢেউ এসে লাগছে তৃতীয় বিশ্বেও। বিপর্যস্ত হচ্ছে আমাদের দেশের সমাজ, অর্থনীতি ও জীবনপ্রবাহ। ঔপনিবেশিকতাবিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আধুনিকতার আত্মপরিচয় যতটা উন্মোচিত হয়েছিল এ-পর্যন্ত, তাতে তৃপ্ত হতে পারছিলেন না চল্লিশের শিল্পীরা। আরো বিশ্বব্যাপ্ত করতে চাইছিলেন তাঁরা একে। ভারতীয় ধ্রুপদী ও লৌকিক পরম্পরাকে তাঁরা মেলাতে চাইছিলেন ইউরোপীয় আধুনিকতা ও উচ্চ-আধুনিকতার সঙ্গে। এই সমন্বয়ের আঙ্গিকের ভেতর দিয়ে তাঁদের মূল প্রবণতা ছিল যুদ্ধ, মন্বন্তর, দারিদ্র্য ও সাম্প্রদায়িকতায় বিধ্বস্ত দেশীয় বাস্তবতার বিরুদ্ধেই প্রতিক্রিয়া ব্যক্ত করা। এজন্য চল্লিশের আধুনিকতাকে আমরা বলতে পারি ‘কালচেতনার আধুনিকতা’।
আঙ্গিককে তাঁরা বিশ্বব্যাপ্ত করতে চাইছিলেন। কিন্তু স্বদেশের সন্ধান কি অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছিল তাঁদের কাছে? পূর্বাঞ্চলে স্বদেশচেতনার যে-ভিত্তি ছিল, পশ্চিমাঞ্চলে তা ছিল না। সেখানে আধুনিকতা শুরু হয়েছিল ব্রিটিশ অ্যাকাডেমিক স্বাভাবিকতার বিবর্তনের মধ্য দিয়ে। তা সত্ত্বেও চল্লিশের দশকে সেখানকার অনেক শিল্পীই পরম্পরার অর্জনকে প্রাধান্য দিয়েছেন। মকবুল ফিদা হুসেনের ছবি এর শ্রেষ্ঠ দৃষ্টান্ত। স্বাধীনতার ঠিক পরেই দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হয়েছিল ভারতীয় পরম্পরাগত ভাস্কর্য ও চিত্রকলার একটি বড় প্রদর্শনী। ভারতীয় শিল্পপ্রজ্ঞার শ্রেষ্ঠ নিদর্শনগুলো সেখানে দেখে অনুপ্রাণিত হয়েছিলেন হুসেন। তাঁর নিজস্ব আঙ্গিক-নির্মাণে এই অভিজ্ঞতা গভীর প্রভাব বিস্তার করেছিল। পরে মধ্যভারত ও রাজস্থানের লৌকিককে আত্মস্থ করেছিলেন তিনি। হেব্বার, সুজা, রাজা, আরা, গাডে – পশ্চিমাঞ্চলের এসব শিল্পীর কাছে পাশ্চাত্য আধুনিকতাকে আত্তীকরণের প্রয়াস ছিল দৃঢ়। এর মধ্য দিয়েও দেশীয় আত্মপরিচয়কে নানাভাবে উন্মীলিত রাখতে চেয়েছেন অনেকেই। ভিন্নভাবে হলেও হেব্বার ও রাজার ছবি এর দৃষ্টান্ত।
পূর্বাঞ্চলে কালচেতনার আধুনিকতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত জয়নুল আবেদিন, চিত্তপ্রসাদ ও সোমনাথ হোরের ছবি। ঔপনিবেশিক শোষণের ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিকৃষ্ট পরিণতি ১৯৪৩-এর মন্বন্তরের প্রতিক্রিয়া তাঁদের সারা জীবন তাড়িত করেছে। ১৯৪৩-এই ‘ক্যালকাটা গ্রুপ’ গড়েছিলেন যাঁরা, সমাজবাস্তবতার বিরুদ্ধে প্রতিক্রিয়া তাঁদেরও চালিত করেছিল। পরিতোষ সেনের ছবি আজও এর পরিচয় বহন করছে। পাশ্চাত্য আধুনিকতা আত্তীকরণের মধ্যে একটি দেশীয় আইডেন্টিটির সন্ধান কিন্তু তাঁদের অনেকের কাজেই রয়ে গেছে। নীরদ মজুমদার, গোপাল ঘোষ, গোবর্ধন আশ, সুনীলমাধব সেন প্রমুখ শিল্পীর ছবি এর দৃষ্টান্ত। সংঘবদ্ধ শিল্প-আন্দোলন বা গ্রুপ অ্যাক্টিভিটি চল্লিশের দশকে বিশেষ গুরুত্ব পেয়েছিল এবং কালচেতনার প্রত্যয় থেকেই বিভিন্ন অঞ্চলে তা গড়ে উঠেছিল। ১৯৪৭-এ গড়ে-ওঠা ‘বম্বে প্রগ্রেসিভ গ্রুপ’কে চল্লিশের আধুনিকতার প্রধান প্রবক্তা বলে মনে করেন অনেকেই। ‘ক্যালকাটা গ্রুপে’র দৃষ্টান্তেই গড়ে উঠেছিল এই গ্রুপ। যদিও ‘ক্যালকাটা গ্রুপ’কে অনেকেই সেই গুরুত্ব দিতে চান না। কিন্তু পূর্বোক্ত শিল্পীদের অবদানের কথা মনে রাখলে এই গ্রুপের গুরুত্বকে অস্বীকার করা যায় না। ‘দিল্লি শিল্পী চক্র’, ‘মাদ্রাজ গ্রুপ’, ‘কাশ্মীর গ্রুপ’ ইত্যাদি বিভিন্ন যৌথ-আন্দোলন বিভিন্ন দিকে গড়ে উঠেছিল সেই সময়ে।
উত্তরাঞ্চলে চল্লিশের চিত্রকলার বিস্তারে বাংলার বিশেষ প্রভাব ছিল। সারদাচরণ উকিল (১৮৯০- ১৯৪০) নব্য-ভারতীয় ধারার পরম্পরাকে নিয়ে গিয়েছিলেন ওখানে। তারপর ভবেশ চন্দ্র সান্যাল ও শৈলজ মুখোপাধ্যায়ের মধ্য দিয়ে তা প্রসারিত হয়।
কানওয়াল কৃষ্ণ, সতীশ গুজরাল, কৃষেণ খান্না, রামকুমার প্রমুখ শিল্পীর কাজে স্বদেশ-বিশ্বের সমন্বয়ের মধ্য দিয়ে কালচেতনারই বিভিন্ন প্রসারণ দেখি আমরা। দক্ষিণাঞ্চলেও চল্লিশের আধুনিকতা বিস্তার পেয়েছিল যেহেতু মাদ্রাজ আর্ট স্কুলে দেবীপ্রসাদ রায়চৌধুরীর শিক্ষকতার মধ্য দিয়ে, তাই স্বদেশচেতনার একটি প্রত্যয় সেখানকার উৎসমূলে থেকে গিয়েছিল। এছাড়া দক্ষিণাঞ্চলে আদিমতা-সম্পৃক্ত পরম্পরাগত এক লৌকিক প্রবাহ অমলিনভাবে প্রবাহিত ছিল। সেই ভিত্তির ওপরেই সেখানে আত্তীকৃত হয়েছে পাশ্চাত্য আধুনিকতা। ফলে সমন্বয়চেতনা প্রাধান্য পেয়েছে সেখানে। কে. সি. এস. পানিক্কর (১৯১১-১৯৭৭), জে. সুলতান আলি (১৯২০-১৯৯০) বা কে. শ্রীনিবাসুলুর ছবি এর দৃষ্টান্ত।
১৯৫০ ও ১৯৬০-এর দশকে আমাদের দেশে ঔপনিবেশিক বিশ্বায়নের আধিপত্য একটু কমে এসেছে। উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়ন তখনো তত প্রকট হয়নি। স্বাভাবিক বিশ্বায়নই তখন শিল্পীদের উদ্বুদ্ধ করেছে বেশি। চল্লিশের দশকের অভিজ্ঞতা থেকে আসা ইউরোপীয় আভাগার্দের প্রভাব তখন প্রসারিত হয়েছে আরো। প্রবহমান পরম্পরাকেও তখন আবার নতুনভাবে উপলব্ধি করছেন শিল্পীরা। এই দুইয়ের সমন্বয়ের মধ্য দিয়ে এই প্রজন্মের শিল্পীরা গড়ে তুলতে চেষ্টা করেছেন ভারতীয় আধুনিকতার এক নতুন আত্মপরিচয়। একে বলা যেতে পারে ‘প্রবহমান পরম্পরার সমন্বিত আধুনিকতা’। ১৯৫০ থেকে বরোদায় শুরু হয়েছিল শিল্পচর্চার এক নতুন ধারা। শান্তিনিকেতনের স্বদেশ ও বিশ্বের সমন্বয়ের আদর্শই নতুনতর মাত্রায় উন্মীলিত হয়েছিল এখানে। ইউরোপীয় আভাগার্দের প্রত্যক্ষ প্রভাবে চল্লিশের দশকের অনেক শিল্পীরই ঝোঁক ছিল আখ্যান-নিরপেক্ষতার দিকে। পঞ্চাশ ও ষাটের সমাজবাস্তবতা এর বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া জাগিয়েছিল। ন্যারেটিভ আবার গুরুত্ব পাচ্ছিল তাঁদের কাজে। বরোদার শিল্পীদের ছবি আখ্যানের মধ্য দিয়েই দেশীয় নিম্নবর্গীয় ও লৌকিক নানা পরম্পরাকে আধুনিকতার আঙ্গিকে অভিষিক্ত করেছে। তাঁদের প্রকাশের সাধারণ প্রবণতাকে বলা যায় ‘আখ্যানমূলক সাংস্কৃতিক সংকরতা’। এটিকেও আমরা আনতে পারি ‘প্রবহমান পরম্পরার সমন্বিত আধুনিকতা’র মধ্যেই।
বিংশ শতকের গোড়া থেকে বিস্তীর্ণ পরিক্রমার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ষাটের দশকে প্রতিষ্ঠাপ্রাপ্ত শিল্পীদের হাতেই ভারতীয় আধুনিকতার স্বতন্ত্র এক আত্মপরিচয়ে ভাস্বর হতে পেরেছে। তা দেশীয় বা পাশ্চাত্য কোনো আঙ্গিকেরই নির্দ্বন্দ্ব নির্মাণ থাকেনি। শিল্পী তাঁর অভিজ্ঞতার আলোয় এই দুই পরম্পরাকে মিলিয়ে গড়ে তুলেছেন দেশ-কাল-অন্বিত এক চিত্রভাষা। এই সমন্বয়চেতনার শ্রেষ্ঠ দৃষ্টান্ত আমরা দেখতে পাই পূর্বাঞ্চলের প্রকাশ কর্মকার, শ্যামল দত্ত রায়, গণেশ পাইন, যোগেন চৌধুরী, বিকাশ ভট্টাচার্য প্রমুখ শিল্পীর ছবিতে। পশ্চিমাঞ্চলের, বিশেষত বরোদার শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ভূপেন খক্কর, গুলাম মহম্মদ শেখ, জ্যোতি ভাট, নীলিমা শেখ প্রমুখ। এছাড়া বদ্রিনারায়ণ বা প্রভাকর বার্ভের মতো পশ্চিমাঞ্চলের আরো কয়েকজন শিল্পীরও বিশেষ অবদান আছে। উত্তরাঞ্চলের শিল্পীদের মধ্যে জগদীশ স্বমীনাথন (১৯২৮-১৯৯৪) ও অর্পিতা সিংহের অবদান অবিস্মরণীয়। স্বমীনাথন আদিম উপজাতীয় শিল্পকে যেভাবে আধুনিক বিমূর্ততায় উদ্বোধিত করেছেন, তা আত্মপরিচয়ের এক স্বতন্ত্রমাত্রায় অন্বিত হয়েছে। দক্ষিণাঞ্চলের শিল্পীদের মধ্যে পরম্পরার প্রভাব ষাটের দশকে এসেও সজীব থেকেছে। এম. রেডাপ্পা নাইডু (১৯৩২), কে. এম. আদিমূলম (১৯৩৮), কে. লক্ষ্মগৌড় (১৯৪০), এ. রামচন্দ্রন (১৯৩৫) প্রমুখ শিল্পীর ছবি এদিক থেকেই গুরুত্বপূর্ণ। স্বাভাবিক বিশ্বায়নের আলোকিত উদ্ভাস আমরা পাই পঞ্চাশ-ষাটের শিল্পীদের কাজে। স্বদেশের ভিত্তির ওপরই যে প্রকৃত বিশ্বায়ন ঘটতে পারে, তা প্রমাণ করেছেন উল্লিখিত শিল্পীর।
১৯৭০-এর দশকে আঙ্গিকের দিক থেকে ষাটের দশকের প্রবণতাই প্রসারিত হচ্ছিল। সমাজবাস্তবতা আরো কঠিন আকার ধারণ করেছিল এই সময়ে। ষাটের দশক পর্যন্ত সমস্ত ভাঙনের মধ্যেও কিছুটা আশার আলো ছিল। স্বপ্ন জেগে ছিল কিছু। সত্তরের দশকে সেই স্বপ্নের রেশ বিলীন হতে থাকে। তথাকথিত নক্শালবাড়ি-আন্দোলন এই স্বপ্নহীন দুর্মর বাস্তবতারই পরিণতি। তীব্র এক প্রতিবাদী-চেতনা সত্তরের শিল্পীদের প্রধান চালকশক্তি। পূর্বাঞ্চলে পার্থপ্রতিম দেব, কাঞ্চন দাশগুপ্ত, শুভাপ্রসন্ন, তপন ঘোষ; পশ্চিমাঞ্চলে প্রভাকর কোলটে, আলতাফ, নলিনী মালানী, সুধীর পটবর্ধন; উত্তরাঞ্চলে রামেশ্বর ব্রুটা, অনুপম সুদ, মাধবী পারেখ, যতীন দাস; দক্ষিণাঞ্চলে ইউসুফ আরাক্কাল, কে. টি. শিবপ্রসাদ, এস. জি. বাসুদেব, টি. বৈকুণ্ঠম প্রমুখ শিল্পীর ছবিতে সত্তরের মূল প্রবণতাগুলো লক্ষ করা যায়। এর মধ্যে মাধবী পারেখ ও বৈকুণ্ঠমের ছবি উল্লেখযোগ্য লৌকিকের তন্নিষ্ঠ আত্তীকরণের জন্য।
১৯৮০-র দশকে উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়নের প্রক্রিয়া অনেকটাই শুরু হয়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমাদের দেশে তখনো তার গভীর শিকড় বিস্তার করেনি। কিন্তু বাজার-অর্থনীতির ঢেউ অনেকটাই ভেতরে এসে পৌঁছেছে। তার কিছু কিছু অভিঘাত দৃশ্যকলার জগৎকেও আলোড়িত করছে। শিল্পে বিপণন-প্রক্রিয়া অনেক সংগঠিত হচ্ছে। আর্ট গ্যালারি খুলছে একের পর এক। ছবির দাম বাড়ছে ক্রমশ। ছবি হয়ে উঠছে বিপণনযোগ্য ও বিনিয়োগযোগ্য একটি পণ্য। ফলে যাঁরা ক্রেতা এবং যাঁদের মাধ্যমে ছবি বিক্রি হয়, তাঁদের রুচি ও চাহিদা ছবির মানকেও নিয়ন্ত্রণ করতে চাইছে। অধিকাংশ শিল্পী, যাঁদের ছবির যথেষ্ট চাহিদা তৈরি হয়েছে, তাঁরা আঙ্গিকের একটি বিশেষ ছাঁচ তৈরি করে ফেলছেন। আইডেন্টিটির একটি বিশেষ ধরন গড়ে উঠছে। এর বাইরে বেরোতে চাইছেন না বা পারছেন না অনেকেই। যে-খোলা আকাশ ছিল শিল্পীর সামনে, যে-আকাশের ব্যাপ্তিতে নন্দলাল, বিনোদবিহারী বা রামকিঙ্করের মতো শিল্পী সারা জীবন নানা পরীক্ষা-নিরীক্ষায় রূপের অনন্ত বিস্তারে মগ্ন থেকেছেন, রূপের সেই ব্যাপ্ত আকাশ আশির দশক থেকে রুদ্ধ হয়ে আসছিল অনেক শিল্পীর কাছেই। বাজার-অর্থনীতি তথা বিশ্বায়নের এই এক সীমাবদ্ধতা আশির পর ক্রমশই প্রকট হয়েছে।
অবশ্য ব্যতিক্রমও থেকেছেন। যেমন মীরা মুখোপাধ্যায় বা সোমনাথ হোরের মতো আরো কেউ কেউ। এতই গভীর তাঁদের জীবনবোধ ও দায়বোধ যে, বাজারের উদ্ধত আস্ফালনকে তাঁরা প্রতিহত করে যেতে পেরেছেন সারা জীবন। এর মধ্যে মীরা মুখোপাধ্যায়ের কাজ আরো স্মরণীয় এজন্য যে, দেশের শিকড় থেকেই তিনি তুলে এনেছিলেন আধুনিক ভাস্কর্যের আত্মপরিচয়। বিশ্বায়নের এক আলোকিত উন্মোচনে ব্যাপৃত থেকেছেন সারা জীবন।
১৯৯০-এর দশকে উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়ন ঝাঁপিয়ে পড়ল আমাদের দেশে। পাশ্চাত্যে ১৯৭০-এর দশক থেকে যখন ছড়াতে থেকেছে এই বিশ্বায়নের প্রবণতা, পাশাপাশি জেগেছে এক প্রতিরোধও। উত্তর-আধুনিকতা অগ্রসর-আধুনিকতার সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করেছে। ললিতকলাকে নিয়ে আসতে চেয়েছে প্রাতিষ্ঠানিকতার বাইরে। আধুনিকতার প্রচলিত ভাষাকে ভেঙে ফেলে গড়ে তুলতে চেয়েছে বিকল্প ভাষা, যে-ভাষা মূলত কনসেপ্ট বা প্রত্যয়ভিত্তিক। বিশ্বায়নের প্রতিবাদে জেগে-ওঠা এই উত্তর-আধুনিকতার কিছু কিছু আভাস আমরা আশির দশকের অনেক শিল্পীর কাজে দেখেছি। চিত্রভানু মজুমদার, আদিত্য বসাক, জয়শ্রী চক্রবর্তী, অতুল দোদিয়া, অপর্ণা কাউর, সি. ডগলাস প্রমুখ শিল্পী আধুনিকতার রূপরীতিকে যেমন প্রসারিত করেছেন, তেমনি এঁদের অনেকে বিশ্বায়নের ভ্রষ্টতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদও গড়ে তুলেছেন। আন্তর্জাতিক আঙ্গিকের প্রাধান্য সত্ত্বেও স্বদেশচেতনার নানা ছায়া-প্রচ্ছায়া এঁদের অনেকের কাজেই প্রতিফলিত হয়, মনোজ দত্ত বা জয়শ্রী বর্মণের মতো ততটা স্পষ্ট ও প্রত্যক্ষ না হলেও।
আশির শিল্পীদের প্রকাশে ষাটের উত্তরাধিকারের কিছু অবশেষ থেকে গিয়েছিল। ১৯৯০-এর দশকের তরুণ শিল্পীরা তাকে একেবারেই ঝেড়ে ফেলতে পেরেছেন। উত্তর-আধুনিকতার প্রত্যয়কে আত্মস্থ করে, বিশ্বায়নের বিরুদ্ধে প্রতিবাদই তাঁদের শিল্পচেতনার প্রধান অন্বিষ্ট। চিত্র-ভাস্কর্য মিলিয়ে করা ইন্স্টলেশন, বিভিন্ন ধরনের পারফরমেন্স, ভিডিও ইত্যাদি নানা আঙ্গিক নিয়ে তাঁরা পরীক্ষা-নিরীক্ষা করেন। এই সময়কে তাঁরা বিশ্লেষণ করতে চেষ্টা করেন। এর ভ্রষ্টতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হন। বাজার ও বিপণনের ছক থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেন। অনেক সময় তা তাঁদের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয় না। পাশ্চাত্যের পরিচিত রূপরীতির অনুকরণে ভারাক্রান্ত হয়। তবু অনেকেই এই সীমাবদ্ধতা অতিক্রম করে ঐতিহ্য ও অভিজ্ঞতার সংযোগে উত্তর-আধুনিকতাকে আত্মস্থ করে গড়ে তোলেন নিজস্ব আইডেন্টিটি বা আত্মপরিচয়।
এরকম অজস্র দৃষ্টান্ত আছে। মাত্র দুটির উল্লেখ করা যেতে পারে এখানে। কিছুদিন আগে বিড়লা অ্যাকাডেমিতে ‘দ্য আর্ট কানেকশন’ নামের প্রদর্শনীতে মুম্বাইয়ের সুনীল গাওড়ের একটি কাজের শিরোনাম ছিল ‘হোয়াট দ্যুসাঁ ফরগট’। একটি পাত্রে রাখা ছিল পাঁচটি ন্যাপথালিন। তলায় লেখা ছিল : ‘The puritan art fraternity refused to let his urinal qualify as a piece of art. Did the lack of sanitation provoke them?’ খুবই স্মার্ট কনসেপ্ট। কিন্তু নিছকই অভিমুখহীন চর্বিত-চর্বণ। আবার ওই প্রদর্শনীতেই দেখার সুযোগ হয়েছিল ঈলীনা বণিকের একটি ভিডিও। তাতে বাংলার নিসর্গ, শহরের জটিলতা, নিজের জীবন ও রবীন্দ্রনাথের গান মিলিয়ে তিনি আনতে পেরেছিলেন জীবনবোধের যে-বহুমুখী বিস্তার, তার সামনে দর্শককে স্তব্ধ হয়ে দাঁড়াতে হয় কিছুক্ষণ। বিশ্বায়নজনিত উত্তর-আধুনিকতাও যে দেশীয় শিকড়ের সঙ্গে যুক্ত হয়েই আজকের পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিকতা অর্জন করে, তার পরিচয় আমরা পেয়েছিলাম শাকিলার করা কিছু ইন্স্টলেশনে। এরকম দৃষ্টান্ত আরো অনেক রয়েছে। উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়ন নব্বইয়ের শিল্পীদের বহুব্যাপ্ত জীবনভাবনায় উদ্বুদ্ধ করেছে।
সবশেষে আমরা পৌঁছাতে পারি এরকম সিদ্ধান্তে :
উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়ন আমাদের দেশের একটি অংশে বিরাট অর্থনৈতিক ও প্রযুক্তিগত বিপ্লব এনেছে, কিন্তু প্রান্তবর্তী বিপুল অংশ থেকে গেছে এর আওতার বাইরে। বিশ্বায়ন এভাবে সারাদেশের সংহতিকে বিপন্ন করে তুলেছে। এই বিপুল অংশকে অভুক্ত রেখে বা অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত রেখে দেশের বা বিশ্বের সংকটের কোনো স্থায়ী সমাধান আসতে পারে না।
এই দ্বিধাবিভক্ত বিশ্বে জাতীয়তা নিরপেক্ষ আন্তর্জাতিকতা একটি অ্যাবসার্ডিটি। যতদিন ঔপনিবেশিক বিশ্বায়নের নামে পুঁজির শোষণ অব্যাহত থাকবে, ততদিন বিশ্বে সামগ্রিক ঐক্য আসবে না। জাতিগত আত্মপরিচয়কেও অস্বীকার করা যাবে না।
এই উত্তর-ঔপনিবেশিক বিশ্বায়ন আমাদের ললিতকলাকে ব্যাপকভাবে আক্রমণ করলেও আমাদের শিল্পকলায় এর বিরুদ্ধে একটি প্রতিবাদও সক্রিয় থাকছে। এই প্রতিবাদই আমাদের আধুনিকতার শক্তি। আমাদের তরুণ শিল্পীরা এই প্রতিবাদকেই প্রসারিত করতে চাইছেন দিগন্ত থেকে দিগন্তে।
২৭.১০.২০০৪

Leave a Reply
You must be logged in to post a comment.