মহানগরী ঢাকার অন্যতম নাগরিক বাহন রিকশা। খাঁটি বাংলায় ত্রিচক্রযান অর্থাৎ তিন চাকার মানবশ্রমচালিত বাহন। ঢাকার সব রাস্তায় এখন রিকশা চলে না, চলতে দেওয়া হয় না। তবুও অপ্রধান সড়কে বা গলিপথে রিকশা এখনো ঢাকার নিম্নমধ্যবিত্তের প্রধান যান।
এই অযান্ত্রিক মানবিক শ্রমপ্রধান যান চলছে বাংলাদেশের সর্বত্র। দেশের শ্রমঘন জনপদে, অধিক মানুষের আবাসস্থল বা কর্মক্ষেত্রে একেবারে হাতের কাছের বাহন এই ত্রিচক্রযান। রবীন্দ্রনাথের ওই গানের কথাটিও – ‘না চাহিলে যারে পাওয়া যায়’ যেন এক্ষেত্রে প্রযোজ্য। ঢাকায় রিকশা চলছে ষাট বছর ধরে। অর্থাৎ এদেশে রিকশার ইতিহাস মাত্র ছয় দশকের।
পপুলার আর্টের সঙ্গে লোকশিল্পের একটি সংযোগ আছে বরাবরই। রিকশা পপুলার আর্টের প্রধান বাহন এদেশে। রিকশার আপাদমস্তক সুসজ্জিত থাকে নানা নকশা ও চিত্রে। যেন রিকশা এক ভ্রাম্যমাণ জনরুচির চিত্রকলার প্রতিনিধি বাহন। এই বাহনে আঁকা থাকে গ্রামীণ জনপদ, লোকালয়, ল্যান্ডস্কেপ, সিটিস্কেপ, চলচ্চিত্রের নায়ক-নায়িকার মুখাবয়ব, রং-বৈচিত্র্যের পেখমমেলা ময়ূর, ব্যাঘ্র-শাবক ও সিংহ- শাবকের ছবি। রিয়ালিজমের সঙ্গে সুররিয়ালিজমের নৈকট্য ঘটে রিকশা-পেইন্টিংয়ে।
রিকশা-পেইন্টারদের কাজ নিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে বছর তিনেক আগে একটি বিশেষ প্রদর্শনী আয়োজিত হয়েছিল। ওই অবহেলিত লোকশিল্পীদের পাদপ্রদীপের আলোয় তুলে আনার ওটাই ছিল প্রথম উদ্যোগ। সম্প্রতি বৃত্ত আর্ট ট্রাস্ট আয়োজন করেছিল রিকশা-পেইন্টার ও সমকালীন চিত্রশিল্পীদের একটি সহাবস্থান ওয়ার্কশপের। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় ১ থেকে ৯ এপ্রিল ২০০৫ পর্যন্ত। পরে ১১ থেকে ১৯ এপ্রিল ওই ওয়ার্কশপে অঙ্কিত চিত্রকর্মের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপ ও প্রদর্শনীতে অংশগ্রহণকারী রিকশা-পেইন্টাররা হলেন আলী নূর, সৈয়দ আহমেদ হোসেন, এস. এম. শামসু, মো. সেলিম বিকি, মো. বাহরাম, ডি. সি. দাস, তপন দাস, রুমা, নাসিমা নূর, রফিকুল ইসলাম রফিক। আর অংশগ্রহণকারী সমকালীন শিল্পীরা হলেন তরুণ ঘোষ, নিসার হোসেন, আতিয়া ইসলাম অ্যানি, শিশির ভট্টাচার্য, জাকিয়া খান চন্দনা, সুশান্ত কুমার অধিকারী, সুলেখা চৌধুরী, মাহবুবুর রহমান, সালাউদ্দিন খান শ্রাবণ, তৈয়বা বেগম লিপি। আমন্ত্রিত শিল্পী ছিলেন ব্রুনো রাহফ।
অ্যাকাডেমিক শিক্ষিত শিল্পীদের সঙ্গে বংশ-পরম্পরায় স্বশিক্ষিত শিল্পীদের এই মিলনমেলা আমাদের শিল্পাঙ্গনে সাম্প্রতিক কৌতূহলোদ্দীপক ঘটনা। দুটি ধারার এই শিল্পসমন্বয়ে লাভবান হয়েছেন অ্যাকাডেমিক শিল্পীরাই। তবে জাতশিল্পীরাও কিছুটা জাতে উঠলেন এই আয়োজনের মাধ্যমে।
রিকশা-পেইন্টিং জনরুচির প্রতিনিধিত্বকারী পপুলার আর্ট। এই পপুলার আর্টের সঙ্গে অভিজাত আর্টের ছিল দুস্তর ব্যবধান। উত্তর-আধুনিকতার বোধ ও আদর্শ এই ব্যবধানের দেয়াল ভেঙে দিয়েছে। পশ্চিমে অনেক আগেই শুরু হয়েছে শিল্পকে আভিজাত্যের খোলস থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া। সুখের কথা, আমাদের এখানেও সে-পালে হাওয়া লেগেছে। বৃত্তের ওয়ার্কশপ তারই প্রামাণ্য।
দশজন রিকশাশিল্পী আর সমসংখ্যক সমকালীন চিত্রকর এই কর্মশালায় অংশ নিয়েছেন। বয়স ও প্রজন্মের তারতম্যও আছে তাঁদের। তবে চিন্তা-চেতনার ঐক্য সম্ভবত তাঁদেরকে যূথবদ্ধ করতে অনুপ্রাণিত করেছে। অ্যাকাডেমিক শিল্পীদের মধ্যে যাঁরা নিজের সময়ের নেতিবাচক অবস্থাকে প্রত্যক্ষ করে পীড়িত হন, তাকে চিত্রপটের জমিনে তুলে আনতে তৎপর হন, তাঁদের পক্ষেই সম্ভব রিকশাচিত্রীদের সঙ্গে সহাবস্থান, অভিজ্ঞতার পারস্পরিক বিনিময়।ঢাকা মহানগরের রাজপথে একটি নতুন রিকশা নামবে, তার অভিষেক বাহারি হতেই হবে। আমাদের ট্রাক-বাসের শরীরও এমন বাহারি হতো, এখনো কিছু কিছু হয়। আর বাহারি হতো নৌকা বা লঞ্চ নামক জলযান। তবে রিকশার বাহার অপ্রতিদ্বন্দ্বী।
যানবাহনের গায়ে ছবি আঁকা হয় অনেক দেশেই। ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ট্রাকের গায়ে ছবি থাকে। ম্যানিলার ত্রিচক্রযান ‘জিপনি’, সেন্ট লুসিয়ার বাস, ইন্দোনেশিয়ার ‘বিকাক’ – এসব যানের গায়ে আঁকা ছবি এসব পরিবহনকে মানুষের কাছে আকর্ষণীয় করে। ইদানীং ঢাকার রাস্তায় চলাচলকারী নানা রুটের সিটিং বাসের গায়ে যুক্ত হয়েছে বহুরঙা বিজ্ঞাপন-বাণিজ্য। রাজপথে বেড়ে গেছে রঙের শোভা। প্রযুক্তির উন্নতি জাতশিল্পীর হাতের জাদুকে হার মানাচ্ছে। একটু একটু করে অনিশ্চিত হয়ে পড়ছে রিকশাশিল্পীদের জীবন। পপুলার আর্টকে অভিজাত আর্টের কাতারে শামিল করে যদি ঐতিহ্যকে রক্ষা করা যায়, তাতে মন্দ কী?
অদ্ভুতুড়ে সব বিষয়-আশয় রিকশাচিত্রীদের কাজে। বিজ্ঞানভিত্তিক পরিপ্রেক্ষিতের বদলে ধারণাভিত্তিক পরিপ্রেক্ষিতে তাঁরা শহর আর গ্রামকে একসূত্রে গাঁথেন। তাজমহল, টেমস নদীর উপর লন্ডন ব্রিজ, যমুনা সেতু, আমাদের সংসদ ভবন, নায়ক-নায়িকার প্রসাধনচর্চিত মুখাবয়ব, আরণ্যক বাঘ, সিংহ, শিয়াল, হরিণ, জলজ কুমির নিয়ে তাঁরা আঁকেন বিস্ময়কর ভয়াল সব ছবি। তাঁরা আঁকেন উষ্ণ চড়া রঙে। লাল, নীল, গোলাপি, হলুদ, সবুজের প্রাধান্য তাতে।
দুই জাতের শিল্পীদের সম্মিলনে বর্ণ ও বিষয় খুব বেশি পরিবর্তিত হয়নি। সম্ভবত অ্যাকাডেমিক শিল্পীরা কিংবা বৃত্ত রিকশাচিত্রের সেই বৃত্তকে বড়বেশি ভাঙচুর করতে চাননি। রিকশাচিত্রের স্বাভাবিক প্রবণতাকে ক্ষুণ্ন না করেই তার বিষয় ও চিত্রভাষার অভ্যন্তর থেকে সমকালীন অভিজাত শিল্পের উপাদান খুঁজতে প্রয়াসী হয়েছেন আধুনিক শিল্পীরা।
শিল্পী তরুণ ঘোষ বসেছেন রিকশাশিল্পী এস. এম. শামসুর সঙ্গে। বতিচেল্লির ‘ভেনাস’ ভেসে উঠেছে অনাদিকালের বাংলার নদীতে, যেখানে জেলেরা জাল ফেলে মাছ ধরছে। ভেনাসের মুখ হিন্দু কিংবদন্তির দেবী লক্ষ্মীর মতো। তরুণ ঘোষ আমাদের লোকচারিত্র্য বেহুলা-লখিন্দর ও অন্যান্য লোকবিষয় নিয়ে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা করে অভিজ্ঞ হয়েও এখানে রিকশাচিত্রীর প্রভাববলয় থেকে সম্ভবত নিজেকে বের করার প্রয়াস পাননি, বিষয়বস্তু ও তার করণকৌশলের প্রতি বিশ্বস্ত থাকার জন্য।
শিল্পী শিশির ভট্টাচার্য ছবি এঁকেছেন ডি. সি. দাসের সঙ্গে। ডি.সি. দাস এঁকেছেন গ্রাম ও শহরের সমন্বিত ফ্যান্টাসি রূপ। ওই ছবির দুটি জায়গায় তুলি চালিয়েছেন শিশির। পুরোভাগের জমিনে ডি. সি. দাসের সাহেবি কেতায় চেয়ারে আরাম করে বসার প্রতিকৃতি এবং অন্য স্পেসে অলংকারবহুল রিকশা স্থাপন করেছেন। শহর, দরদালান, ফ্লাইওভার, নিচে ধাবমান ট্রেন – এরই মাঝে ডি. সি. দাসের আয়েশি রাজকীয় ভঙ্গির বসে-থাকা আমাদের মনে করিয়ে দেয় এই কল্পিত নগর ডি. সি. দাসের সৃজন। শিশিরের এই পরিহাসপ্রিয়তার সঙ্গে ডি. সি. দাসের অঙ্কনকৌশল একটি ভিন্ন চিত্রভাষার আবির্ভাব চিহ্নিত করে। রিকশাচিত্রকরের স্বপ্নের সঙ্গে তাকে একসূত্রে গেঁথে দিলেন শিশির নায়কোচিত মর্যাদায়।
তৈয়বা বেগম লিপি নিজেই নিজের ছবির নায়িকা। কখনো মৎস্যকন্যা হয়েছেন, কখনো হয়েছেন রঙিন ডানামেলা ময়ূর। জাকিয়া খান আরো বেশি সুররিয়ালিস্ট। চন্দনার সহশিল্পী আহমেদের অস্তিত্ব এখানে গৌণ মনে হয়েছে। খোলা জানালা দিয়ে দৃশ্যমান বিশাল আকাশে দুই দেবদূত উড়ে যাচ্ছে। যেন জানালাও উড়ছে।
মাহবুবুর রহমানও আত্মপ্রতিকৃতি দিয়ে স্বকীয়তার বুনন ঘটিয়েছেন তাঁর চিত্রে। স্বশরীরে জেগে উঠেছেন সমুদ্রের জলে। তাঁর মাথায় ও নাভিমূলে জলজ লতাপাতা, দু-পা পদ্মফুলে রাখা। বুক-পেটে লম্বালম্বি কাটা দাগ ও সেলাই, যেন ময়নাতদন্তের শরীর। যেন পুনর্জন্ম হয়েছে নতুন আরেক চিত্রভাষার সন্ধানে। তবে রিকশাচিত্রের থেকে মাহবুবের বয়ান আলাদা মনে হয়েছে। তাঁর সঙ্গে কাজ করেছেন রিকশাচিত্রী শামসু।
আতিয়া ইসলাম অ্যানি সমাজমনস্ক এক শিল্পী। ট্রাকের গায়ে ছবি এঁকে গ্রামীণ বিবাহ ও যৌতুক-প্রথাকে তুলে ধরেছেন। কালো ছাতায় বুদ্ধিদীপ্ত ইমেজচক্র গড়েছেন। তাঁর কাজে হাত লাগিয়েছেন আলী নূর ও তপন দাস।
উপাদান প্রয়োগে বৈচিত্র্য ছিল সুলেখা চৌধুরীর কাজে। সাধারণ রাবার স্যান্ডেলে নানা ইমেজের ছবি এঁকে তার নামকরণ করেছেন ‘হাঁটার আনন্দ’। সুলেখা জাতীয় সংসদ ভবনের সামনে বক ও বাঘের সেই বিখ্যাত কৃতঘ্নতার গল্পের ছবি (বাঘের গলায় বিঁধে-যাওয়া হাড় বের করার গল্প) এঁকেছেন। আমাদের সংসদের ভেতরেও এই প্রতীকের বাস্তব ফ্যান্টাসি ঘটনা অনবরত ঘটে। আবার রিকশার চাকাকে টিন দিয়ে ঘিরে টার্গেট বোর্ড বানিয়েছেন সুলেখা। তাঁর সঙ্গে কাজ করেছেন রিকশা-পেইন্টার নাসিমা। টিনের স্পেসে ঘর কেটে নানা ইমেজ এঁকেছেন তাঁরা। এই ইমেজগুলো যেন মানুষের টার্গেট।
রিকশাচিত্রী সেলিম বিকির সঙ্গে শিল্পী সুশান্ত কুমার অধিকারী সুনীল জলরাশিতে ভেসে বেড়ানো মৎস্যকন্যা এঁকেছেন। রিকশাচিত্রীর স্বকীয়তা এখানে বিঘ্নিত হয়নি। আবার তরুণ শিল্পী সালাউদ্দিন খান শ্রাবণ অলংকারবহুল রিকশাচিত্রের ধারণাকে তেমন গ্রহণ না-করে জোর দিয়েছেন স্কেচ ও টেক্সচারে। এতে গৌণ হয়ে গেছে সহচিত্রী আহমেদের ভূমিকা।
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক বংশ-পরম্পরার শিল্পীদের সমন্বিত শিল্প কর্মশালার মাধ্যমে সৃষ্টি হয়েছে নতুন মাত্রার শিল্পকর্ম। কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের মতে – পারস্পরিক আদান-প্রদান ছাড়াও একে-অন্যের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার আনন্দটাই ছিল প্রধান। একে-অন্যের শিল্পকরণ-কৌশল ও দক্ষতা সম্পর্কে জানার সুযোগ, চিন্তার প্রতিক্রিয়া ও পারস্পরিক জীবনযাপনের সঙ্গে পরিচিতি অর্জনে আবিষ্কৃত হয়েছে দুধারার শিল্পীমানস।
মিরপুরের রিকশাশিল্পী সামাদ, দয়াগঞ্জের রফিক উচ্ছ্বসিত বৃত্তের এই কর্মশালায় অংশ নিয়ে। প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত চারুশিল্পীদের সঙ্গে কাজ করে তাঁরা নিজেদের সম্মানের জায়গাটা এবার উপলব্ধি করলেন। আবার চারুশিল্পীরাও পপুলার আর্টের সঙ্গে গাঁটছড়া বেঁধে জনরুচিকে যেমন উপলব্ধি করলেন, তেমনি পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে নিজেদের কল্পনাশক্তিকে আরো প্রবল করতে সমর্থ হলেন। এই কর্মশালায় মুফতে লাভ প্রাতিষ্ঠানিক অভিজাত শিল্পীদেরই। তাঁরা বলতেই পারেন – ‘গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়।’ ধন্যবাদ বৃত্ত আর্ট ট্রাস্টকে, বৃত্তের বাইরে থেকে বারবার বৃত্তে ফিরে আসায়।

Leave a Reply
You must be logged in to post a comment.