বিমূর্ত আলোয় চিরচেনা জগৎ

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের সাম্প্রতিক প্রদর্শনী ফখরুজ্জামানের। সুদূর লন্ডনে বসবাসকারী একজন শিল্পীর। ঢাকার চারুকলা ইনস্টিটিউটে কিছুদিন শিল্পের পাঠ গ্রহণ করেই চলে গেছেন ইংল্যান্ডে, সেখানেই থিতু। প্রচলিতভাবে যা ঘটে, অর্থাৎ অনেকে প্রবাসে যায়, জীবন-জীবিকার চাপে অথবা মুদ্রা কামানোর নেশায় সহসাই হয়ে যায় লক্ষ্যচ্যুত, জামানের ভাগ্যে সেটি ঘটেনি। দাঁতে দাঁত চেপে লেগে-থাকা এবং কঠোর অনুশীলনের মধ্য দিয়ে তিনি তাঁর অভীষ্টে পৌঁছতে পেরেছেন। অর্থাৎ নিজেকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যা বিলেতের মতো জায়গায় অত্যন্ত কঠিন।

দুই

প্রদর্শনী-কক্ষে ঢুকেই জামানের ছবিগুলো যখন চোখে পড়ে, সহসাই এক ধরনের স্বস্তি এনে দেয় অন্তরে। ছবিগুলো মূলত বিমূর্ত ঘরানার। অধিকাংশই ‘কালার কম্পোজিশন’। তবে অনেক শিল্পী বলেন, চিত্রে বিমূর্ত বলে কিছু নেই। অর্থাৎ যে রং-রেখার সমন্বয়ে ক্যানভাস ভরিয়ে তুলি, তা অবশ্যই এক অবয়ব তৈরি করে। সে-অবয়বই সত্য, সে-অবয়বই মূর্ত। আমাদের চারিদিকের মূর্তমান জগৎই আমাদের মাঝে বিমূর্ততা এনে দেয়। আমরা যখন আকাশ দেখি, তা কী অর্থ বহন করে? তা তো এক মহাশূন্যতা, পক্ষান্তরে এক মহাবিমূর্ততা। যখন পাহাড় কিংবা ঘন অরণ্যের মধ্যে বিচরণ করি, পক্ষান্তরে আমরা এক বিমূর্ততার মধ্যেই বিচরণ করি। সুতরাং আমরা বলতে পারি, আমাদের চেতনার জগতে যেমন বাস করে হাসি-আনন্দ, দুঃখ-বেদনা, ভালোবাসার নানা রং, তেমনই আকাশ, পাহাড়, নদীর মতো নানা অবয়ব। এ-সবই ধরা দেয় শিল্পে, আর ভরে ওঠে ক্যানভাস।

তিন

প্রকৃতিই বিমূর্ততার প্রধানতম উৎস। ক্যান্ডিনেস্কির হাত ধরে যে-বিমূর্ত চিত্রের যাত্রা শুরু হয়েছিল, তা কিন্তু একটি জায়গায় থেমে থাকেনি। নানা পথে, নানা ধারায় প্রবাহিত হয়ে বিমূর্ত শিল্প আজ একটি চিত্রভাষারূপে প্রতিষ্ঠিত। এই সময়ে এসে প্রত্যেক শিল্পীই বিমূর্ততার একটি নিজস্ব পথ তৈরি করতে সচেষ্ট হন। জামানের ছবিতেও সেই রকম একটি পরিশীলিত নিজস্ব ছাপ লক্ষণীয়। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে তেলরং ও ছাপচিত্র। তেলরঙের কাজের সংখ্যাই বেশি। তেলরং মাধ্যমের ছবিগুলোতে রঙের পরিমিত ব্যবহার লক্ষণীয়। রঙের ব্যবহার উচ্চকিত নয়। নীল ও বাদামি রঙের প্রভাব সবগুলো ক্যানভাস জুড়েই ছড়িয়ে আছে। যদিও জামানের অধিকাংশ ছবিই শিরোনামহীন। তবুও এই ছবিগুলোর সামনে দাঁড়ালে প্রকৃতির নিসর্গই আমাদের চোখে ভেসে ওঠে। রংগুলো যেন প্রকৃতি থেকেই উৎসারিত। সুনীল আকাশ, বাদামি ধরিত্রী, হলুদাভ নিসর্গ – সবই যেন ল্যান্ডস্কেপিক ইমেজেরই একটি অন্য মাত্রা। ক্যানভাস জুড়ে বিস্তৃত আঙিনা, বিশাল স্পেস ছেড়ে-দেওয়া চোখে এক ধরনের স্বস্তি এনে দেয়।

জামান অর্থহীনভাবে তুলি চালিয়ে শুধু শুধু ক্যানভাস ভরিয়ে তুলতে চাননি। এক ধরনের অর্থবহ কম্পোজিশন গড়ে তোলার দিকেই তাঁর ঝোঁক বেশি। বিশাল একরঙা জমিনের ওপর অল্পকিছু জায়গা জুড়েই শুধু রঙের নানা পলস্তারা তৈরি করেছেন। কোথাও কোথাও শিশুতোষ আঁকিবুকির মতো একটু এঁকে-দেওয়া নিঃসন্দেহে ভিন্নমাত্রা যোগ করেছে। ‘Untitled-1’ ও ‘Untitled-7’ ছবিদুটিতে এ-ধরনের লক্ষণ স্পষ্ট।

জামানের ছাপচিত্রগুলো আবার ভিন্ন চরিত্র বহন করে। কোলাগ্রাফ মাধ্যমে করা ছাপচিত্রগুলো বিভিন্ন ‘টেকনিক্যাল অ্যাডভানটেজ’ গ্রহণ করে তাতে কম্পোজিশন ও রঙের একটি ভিন্নতা এনেছে। ছাপচিত্রের চিরন্তন রীতি-অনুযায়ী কালোর প্রভাব অনেক বেশি। ছাপচিত্রের ভাষাকে পরিস্ফুট করার জন্যে কালোই যেন প্রধান মাধ্যম। তেলরঙে আঁকা ছবিগুলোর কম্পোজিশন যেমন অনেক গোছানো, ছাপচিত্রগুলো ঠিক তেমন নয়। বরং অনেক বেশি স্বতঃস্ফূর্ত, তাৎক্ষণিকভাবে ঘটে-যাওয়া ইমেজের প্রাবল্য অনুভূত হয়। ‘Untitled’ শিরোনামে আঁকা হলুদাভ জমিনের ওপর গাঢ় সবুজের ইমেজের ছবিটি নিঃসন্দেহে দৃষ্টিনন্দনীয়।

//////////////////////

চার

শিল্পী ফখরুজ্জামান বয়সে নবীন। শিল্পের ক্ষেত্রে বয়স বোধহয় তেমন কোনো বিষয় নয়। জামান বয়সে নবীন হলেও চিন্তা-চেতনার গভীরতার দিক থেকে যথেষ্ট পরিপক্ব। তাঁর ক্যানভাসগুলোর সামনে দাঁড়ালে এক ধরনের গভীর অনুশীলন ও প্রজ্ঞার চিহ্ন চোখে ভেসে ওঠে। শিল্পী অনেক কর্মমুখর সময় অতিক্রম করেন। জামান তাঁর পরিশীলিত ক্যানভাসগুলো আমার সামনে হাজির করেছেন, যা দর্শকচিত্তে যথেষ্ট নাড়া দিয়েছে।

আমাদের দেশের ছবিও বিমূর্ত-প্রধান। অনেক শিল্পীই এ-ধরনের চর্চা করে থাকেন, যার ফলে জামানের ছবি একটি সেতু তৈরি করেছে দেশ ও বিদেশের মধ্যে। প্রবাসে অবস্থান করলেও তাঁর ছবি খুব বেশিমাত্রায় দূরের মনে হয় না। কারণ যে-ইমেজগুলো ছবিতে স্পষ্ট, তা আমাদের অনেক চিরচেনা, অনেক কাছের। প্রবাসে অবস্থানকালে প্রত্যেক শিল্পীই তাঁর নিজ-ভূমিকে বেশিমাত্রায় স্মরণ করেন। যেন হয়ে যায় প্রতিমুহূর্তের সঙ্গী। মার্ক শাগালের ছবিগুলো যেমন, তাঁর ফেলে-আসা গ্রাম দ্বারা আচ্ছন্ন, বারবার ফিরে এসেছে তাঁর শৈশব, কৈশোর আর নস্টালজিয়ায় ভরা অতীত স্মৃতি। প্রবাসী শরণার্থী শিল্পীদের কাজে সবসময়ে একটি তীব্রতা অনুভূত হয়। কী চিত্রকলায়, কী উপন্যাসে, কী কবিতায়। কাব্যে যেমন দেখা যায় জোরালো শব্দের ব্যবহার, ছবিতেও তেমনি তীব্র রঙের প্রয়োগ, অন্তর থেকেই চলে আসে নানা ইমেজ, নানা তীব্রতা। জামানের ছবিও ভিন্ন কোনো বিষয় নয়। তাঁর ক্যানভাসগুলোতেও দেখা যায় গাঢ় রঙের তীব্রতা। তীব্র নীল ও লালচে কালোর জমিনের ওপর নানা অনুষঙ্গ এনে ছবিতে তাঁর নিজস্ব চিত্রভাষা তৈরির প্রচেষ্টা দেখা যায়। ক্যানভাসের কিছু কিছু জায়গায় কিছুটা খোদাই করে শিশুতোষ আঁকিবুকি নস্টালজিয়ায় বুঁদ হয়ে থাকা শৈশবের কথাই মনে করিয়ে দেয়। মেঠো রাস্তায় একটি কাঠি দিয়ে নানা আঁকিবুকিতে বর্ণিল হয়ে উঠত আমাদের শৈশব। সেই ইমেজগুলো উঠে এসেছে জামানের ছবিতে, যা আমাদেরকে একটি ভিন্ন আনন্দ দিয়েছে।

পাঁচ

শিল্পী ফখরুজ্জামানকে আমরা প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে ইতোমধ্যে আখ্যায়িত করেছি। এই সময়ের মধ্যে তিনি অনেকগুলো দলীয় প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং আয়োজন করেছেন কয়েকটি এককের। নানামুখী শিল্পবিষয়ক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন তিনি। লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটিতে রেসিডেন্সি প্রোগ্রামে অংশ নিয়েছেন। লন্ডন গিল্ডহল বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন বি এফ এ। পুরস্কৃত হয়েছেন উইনসর নিউটন মিলেনিয়াম পেইন্টিং প্রতিযোগিতায়। দেশে-বিদেশে নানা প্রদর্শনীতে অংশগ্রহণ করে অর্জন করেছেন নানা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাই টেনে নিয়ে যাবে তাঁকে সামনের দিকে, পরিপূর্ণ শিল্পী হওয়ার পথে।

বেঙ্গল শিল্পালয়-আয়োজিত এই প্রদর্শনী নিঃসন্দেহে জামানের একটি উজ্জ্বল প্রদর্শনী। যদি এ-ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকে, তবে আমরা নিশ্চিত বলতে পারি, তাঁর জন্য অপেক্ষা করছে সোনালি ভবিষ্যৎ।