রূপদর্শী শিল্পী রফিক আহমেদ

বাংলার প্রাচীন লোকায়ত জীবনের যে-ছবি আমরা পাই নানা লেখায় ও গবেষণায়, তাতে সমৃদ্ধ বাংলার ছবিই বেশি বেশি আঁকা হয়েছে। ‘পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু’ এমন সমৃদ্ধ প্রাচীন বাংলার বর্ণনা আমরা শুনে আসছি শৈশব থেকে। এমন সমৃদ্ধ বাংলার স্বপ্নপূরণের জন্যে লড়তে দেখেছি বাঙালিকে, যুদ্ধ করতে দেখেছি সাহসী স্বপ্নবান কিশোর-যুবক, প্রৌঢ়দের। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই ঋদ্ধ বাংলার স্বপ্ন এখনো পূরণ হলো না। মুক্তিযুদ্ধের পর এই চৌত্রিশ বছরে আমাদের ওপর দিয়ে বয়ে গেছে অনেক প্রাকৃতিক ও রাজনৈতিক ঝড়-ঝঞ্ঝা, অহিংস-অসাম্প্রদায়িক আবহমানকালের বাংলাকে কালিমালিপ্ত করার অপপ্রয়াসও চলেছে, তবু বাঙালির স্বপ্ন নিঃশেষ হয়ে যায়নি। আমরা অবিরাম বুনে চলেছি সমৃদ্ধ এক বাংলার স্বপ্ন।

এই প্রত্যয় আমরা পাই শিল্পী রফিক আহমেদের চিত্রকলায়। আশৈশব স্বাপ্নিক তিনি। সাতক্ষীরায় সমৃদ্ধ এক বাঙালি মুসলিম পরিবারে তাঁর জন্ম। বাড়িতে লাইব্রেরি ছিল, ডাকযোগে কলকাতা থেকে আসত নানা পত্রপত্রিকা। বইপুস্তক পত্রপত্রিকার ছবি দেখতে দেখতে তা আঁকার সাধ জাগত। কপি করতে করতে ছবি-আঁকায় তাঁর হাতেখড়ি। ষাটের দশকের শেষার্ধে ভর্তি হলেন ঢাকার তৎকালীন চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে। তিনি আঁকার ধরন হিসেবে মানসিক নৈকট্যে দীক্ষা নিলেন প্রাচ্যরীতির চিত্রকলায়।

সমৃদ্ধ গ্রামীণ পারিবারিক জীবনধারায় অভ্যস্ত শিল্পীর মানসপটে যে শান্তি ও সম্প্রীতির চিত্র আঁকা হয়েছিল শৈশবে – সেই চেতনায় চালিত তিনি এখনো এই পরিণত বয়সে এসেও। প্রকৃতির নিবিড়তায় সুখী-সুন্দর জীবনযাপনের বিষয়কে চিত্রে অনুবাদ করেছেন শিল্পী রফিক আহমেদ।

শিল্পীর প্রথম একক চিত্রপ্রদর্শনী সম্প্রতি ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের ডিজাইন আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো। দশদিনব্যাপী এ-প্রদর্শনীর উদ্বোধন হয় ৮ এপ্রিল ২০০৫, শুক্রবার বিকেলে। প্রদর্শনী চলেছে ১৭ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনীতে শিল্পীর বিভিন্নসময়ের শতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হয়। জলরং, টেম্পেরা ও তেলরঙে এঁকেছেন বেশির ভাগ চিত্রকর্ম। চারটি ড্রাইপয়েন্ট ছাপাইও এতে প্রদর্শিত হয়।

শিল্পী রফিক আহমেদের চিত্রকলায় আমরা নানা গল্পের সন্ধান পাই। এ-গল্পের চরিত্র কখনো রাখালরূপী কৃষ্ণ ও তাঁর প্রেমাস্পদ রাধা। আবার জেলে-জেলেনি, কৃষক-কৃষানিসহ সাধারণ মাঠের মানুষও তাঁর চিত্রকলার চরিত্র। সব ছবিতেই একটি সুখী আবহ এবং যার যে পেশা, যার যে কাজ, সব কাজেই যেন আনন্দের আভাস। অর্থাৎ সবার অবস্থান নিয়ে সকলেই যেন সুখী জীবনযাপনের প্রতীক হয়ে উঠেছে। উপমহাদেশের বাউল সম্রাট লালন শাহ্কে নিয়েও শিল্পী একাধিক ছবি এঁকেছেন। দুটি ছবিতে দুবয়সী লালন, একজন তরুণ চঞ্চল, অন্যজন পরিণতবয়সে সৌম্যরূপে প্রতিভাত। তরুণ লালনের চিত্রে গল্পের একটু বর্ণনাও আছে – ‘ভাঁড়ারা গ্রামের পথে পথে একদা এক কিশোর বাঁশি-হাতে ঘুরে বেড়াত, সে-ই পরবর্তীকালের লালন।’ আবার পরিণতবয়সের ‘লালন’-চিত্রের উপরিভাগে লালনের মরমিয়া গানের কথা বিধৃত করেছেন শিল্পী।

চিত্রকলায় গল্পের সন্ধান আমরা পাই শিল্পাচার্য জয়নুল, কামরুল, সুলতানের ছবিতে। সমসাময়িক শিল্পীদের মধ্যে আবদুস শাকুরের কাজে আমরা এমন লোকায়ত জীবনের গল্পগাথার দেখা পাই। শাকুর প্রাঞ্জল ভঙ্গিতে বর্ণনা করেছেন ময়মনসিংহ গীতিকার কথা ও সংশ্লিষ্ট চারিত্র্য। তুলে এনেছেন মহুয়া, মলুয়া ও নদের চাঁদদের। রফিকও সেই গল্প তুলে ধরেন। তাঁর গল্পের চরিত্র নমিত, প্রেমময়।

রিপ্রেজেন্টেশনাল শিল্পভাষায় নয়, তিনি নানা নকশায় বিভাজিত জমিনে মানুষ ও প্রকৃতিকে উপস্থাপন করেন। নতুন এক শিল্পভাষা তৈরির জন্যই তাঁর এই প্রয়াস। নিজের এই প্রকাশরীতি সম্পর্কে তাঁর অনুধাবন – প্রাচ্যরীতির কলাকৌশল থেকে বের হয়ে নকশাকে আঁকড়ে ধরে তিনি অগ্রসর হয়েছেন প্রথার বাইরে। প্রাচ্যরীতির শ্রেষ্ঠ শিল্পী আবদুর রহমান চুঘতাই। তাঁকে অতিক্রম করা এই রীতির কোনো শিল্পীর জন্যই আয়াসসাধ্য নয়। তাই শিল্পী রফিক আহমেদ তাঁর শিল্পভাষাকে অন্যরকম স্বকীয় ধারায় প্রবাহিত করার চেষ্টা করে যাচ্ছেন। রোমান্টিক মেজাজের এই শিল্পীর কাজে আমরা বুদ্ধিবাদিতার বদলে মনোগ্রাহিতার প্রাধান্য লক্ষ করি। ছবি তাঁর দ্বিমাত্রিক, তবে স্পেসকে তিনি নানা জ্যামিতিতে কেটে ভাগ করে যে-চিত্রগত জমিন রচনা করেন তা কাছে-দূরের পরিপ্রেক্ষিতের মায়া তৈরি করে।

ছবির টেকনিকের চেয়ে ছবির বিষয় দর্শকদের অধিক মাত্রায় আকর্ষণ করে। নারী ও নিসর্গকে তিনি একসূত্রে গেঁথেছেন ছবির জমিনে। নারীর অবয়বে যেন নিসর্গের শাশ্বত রূপ বিদ্যমান। ছবির স্পেস সর্বদাই রঙিন ও অলংকারপ্রধান। বাংলাদেশের লোকশিল্পে নারীর যে-আদর্শরূপের বর্ণনা দেওয়া আছে তার সঙ্গে শিল্পীর কাজের বেশ সাদৃশ্য লক্ষ করা যায়।

শিল্পী রফিক আহমেদ ভারতের বরোদা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ঢাকা ও বরোদার দুই ঘরানার শিল্পবৈশিষ্ট্যের সন্ধান স্বভাবতই তাঁর চিত্রকলায় বিদ্যমান। ঐতিহ্যবাহী মিনিয়েচার কাজের প্রভাব লক্ষ করা যায় তাঁর কাজে। মিনিয়েচার শিল্পশৈলী দিয়ে তিনি এদেশের সাধারণ প্রাণবান মানুষের ছবি এঁকেছেন। প্রেমাতুর পরিবেশে সুখী-সুন্দর জীবনকে তুলে ধরে আমাদের স্বপ্নবিদ্ধ করেছেন তিনি। তাঁর রূপাঞ্জলি দর্শকদের আকৃষ্ট করে। স্বপ্ন দেখায় সমৃদ্ধ এক ভবিতব্যের।

ছবির নামকরণের ভেতরেও শিল্পীর স্বপ্ন প্রবিষ্ট হয়েছে। যেমন টেম্পেরা মাধ্যমে আঁকা ‘জেলের স্বপ্ন’ চিত্রে আমরা দেখতে পাই স্বপ্নবান এক জেলের অবয়ব, যার চোখে-মুখে উজ্জ্বল আগামীর স্বপ্ন। তার এই স্বপ্নের বাহন মাছ। যেন সেই গল্প – ‘ধরিব মৎস্য, খাইব সুখে…’। ‘রাখাল যুবকের গল্পে’ও এক প্রেমময় স্বপ্ন উপস্থাপিত। দুপুরের রোদ্দুরে আলস-শায়িত রাখালের দিবাস্বপ্নের মধ্যেই যেন উপস্থিত তার দয়িতা।

‘জেলে ও তার প্রেমাস্পদ’ চিত্রের জ্যামিতিক বিভাজনের ডানপাশে জেলে ও তার প্রেমিকার ত্রিভঙ্গ শরীর। পাশে নৌকো, নৌকোর উপর উড়ছে আমাদের জাতীয় পতাকা, যা ব্যক্তিপ্রেম ছাপিয়ে দেশপ্রেমের প্রতীক। এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় শিল্পাচার্য জয়নুলের আঁকা সাঁওতাল তরুণ-তরুণীর চিত্রকর্মের কথা।

মুক্তিযুদ্ধ নিয়েও এঁকেছেন রফিক আহমেদ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র-যুবক-কৃষক, মেহনতী সকলশ্রেণির মানুষের সম্মিলিত বিজয়-মিছিল এঁকেছেন। এঁকেছেন মুক্তিযোদ্ধা নারী ও পুরুষের ছবি। আমাদের দেশের গৌরবাকীর্ণ সময়কে মমতার সঙ্গে তুলে ধরেছেন শিল্পী। তাঁর সব ছবিতেই রয়েছে যত্নের ছাপ। যেন নিজ-ছবির প্রেমে নিজেই এক মুগ্ধ দর্শক। তাঁর এই রূপমুগ্ধতা দর্শকদের মধ্যেও অনুরণন তোলে।

প্রাচ্য ঘরানার শিল্পী হিসেবে রফিক আহমেদের এক বিশেষ অবস্থান গড়তে এ-প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি।