॥ ১২ ॥

চুঁচড়ো থেকে মেমারি এমন কিছু দূর নয়, তবু যেতে সময় লাগলো অনেকক্ষণ। মাঝে মাঝেই থামতে হলো।

পুলিশের কর্তারা যে-পথ দিয়ে যায়, সে-পথের প্রত্যেক থানা আগে থেকেই খবর পেয়ে যায়। বড় রাস্তার মোড়ে মোড়ে অফিসাররা দাঁড়িয়ে থাকে। তারা স্যালিউট করে তো বটেই, গাড়ি থামিয়ে কাছাকাছি থানায় একবার পায়ের ধুলো দেবার জন্য অনুরোধ জানায়।

প্রত্যাখ্যান করতে করতেও অন্তত দুটো থানায় যেতেই হলো। প্রত্যেক জায়গাতেই এলাহি খাবার-দাবারের ব্যবস্থা। আমরা ভালো করে ব্রেকফাস্ট সেরে এসেছি, ক্ষুধার্ত অবস্থায় যেসব খাদ্য খুব লোভনীয় মনে হয়, ভরা-পেটে সেইসব খাদ্যই দেখলে গা গুলিয়ে ওঠে। খুব পেড়াপিড়িতে শুধু চায়ে চুমুক দিতে হলো দু’ জায়গাতেই।

চলন্ত গাড়িতে আমি রশিদকে জিজ্ঞেস করলাম, প্রত্যেক থানাতেই দেখছি পুলিশরা তোমাকে খাতির করার জন্য ব্যস্ত। এটাও কি ওদের ডিউটির মধ্যে পড়ে? রশিদ বললো, পুলিশের সার্ভিস অনেকটা মিলিটারিরই মতন। সিনিয়ার অফিসারদের সবসময়ে সম্মান জানাতে হয়। দেখোনি, লাচ্চুদার সঙ্গে অন্যসময় যতই আড্ডা মারি, অফিসে প্রথম দেখা হলে আমাকেও পা-ঠুকে স্যালুট মারতে হয়।

আর এত খাওয়া-দাওয়ার ব্যবস্থা?

ওগুলো নিয়মের মধ্যে পড়ে না।

ওইসব খাবারের খরচ কে দেয়?

এসব জিজ্ঞেস করতে নেই! আমি কক্ষনো কিছু খাই না!

তোমাকে এত খাতির করার কারণ কি ওরা প্রমোশন কিংবা ট্রান্সফারের ব্যাপারে তোমার কাছ থেকে সাহায্য পাবে আশা করে?

তা আশা করে নিশ্চয়ই। আশা করতে দোষ কী? আমি অবশ্য ওসব নিয়ে মাথা ঘামাই না। আমার জুনিয়র অফিসাররাই যা করবার করে।

শক্তি একমনে সিগারেট টানছিল, এবার বললো, বৈঁচি থানায় গোবিন্দ বলে যে এস আইটাকে দেখলাম, ওর ডিমোশান করে দাও। সাসপেন্ডও করে দিতে পারো।

রশিদ বললো, সে আবার কী করলো? ওকে তুমি চিনতে আগে থেকে?

শক্তি বললো, না, চিনি না। কিন্তু ওর গোঁফটা দেখলে? এত সরু যে প্রায় দেখাই যায় না। অথচ গোঁফ আছে। এই টাইপের লোকেরা দুশ্চরিত্র হয়।

রশিদ হেসে বললো, তাই নাকি? কিন্তু সব পুলিশের চরিত্র সংশোধন করা তো সম্ভব নয়!

শক্তি বললো, পুলিশ দুশ্চরিত্র হলে তাকে ঘুসখোরও হতে হয়। ব্যাটা নিশ্চিত ঘুস খায়!

রশিদ বললো, দু’একটা ঘুসখোরও সার্ভিসে রাখা দরকার। ফেমাস ইকোনমিস্ট গুনার মিরডাল বলেছেন, আমাদের মতন গরিব দেশগুলোতে কিছু কিছুু করাপশান থাকাও দরকার। সব চেপে দিলে কোনো কাজই হবে না! দেখবে, যারা ঘুস-টুস নেয়, তারা কাজের ব্যাপারে বেশ চটপটে হয়। তাছাড়া ও-বেচারা কতই বা ঘুস নিতে পারে!

আমি বললাম, আমাদের রশিদ খান ঘুসও নেয় না, মন দিয়ে কাজও করে না!

রশিদ বললো, অ্যাই, অ্যাই, আমি অতবড় ডাকাত দলটা ধরলাম!

শক্তি বললো, কেন ধরতে গেলি? ব্যাংকের টাকা গেছে, তাতে সরকারের কী আসে যায়? কত গরিব লোক যে রোজ ঠকছে কতভাবে এক্সপ্লয়টেড হচ্ছে, সে-সম্পর্কে তোরা কিছু করতে পারিস?

রশিদ বললো, ম্যাকসিম গোর্কি বলেছেন, পুলিশ হচ্ছে বড়লোকদের দারোয়ান। গরিব মানুষদের সমস্যা নিয়ে আমাদের মাথা ঘামালে চলে না। গরিবরা যদি বড়লোকদের আক্রমণ করতে আসে, তখন আমরা তাদের ধরে পেটাই। গুলি করে মেরেও ফেলি!

শক্তি একটা দোকানের কাছে গাড়ি থামিয়ে সিগারেট কিনলো।

আমি রশিদকে জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো গোপনে কোথাও যেতে পারো না? সঙ্গে গার্ড থাকবে, সব থানায় খবর চলে যাবে?

রশিদ বললো, হোল পশ্চিম বাংলার মধ্যে একমাত্র আমিই কখনো গার্ড না নিয়ে, পুলিশের গাড়িও না নিয়ে ইচ্ছেমতন ঘুরে বেড়াই। সেবারে ট্রেনে করে শান্তিনিকেতন গিয়েছিলাম না?

মেমারি পৌঁছোতে দুপুর আড়াইটে হয়ে গেল।

এবারে আমরা স্বেচ্ছায় গেলাম থানায়। প্রাথমিক খোঁজ-খবর তো স্থানীয় পুলিশই দিতে পারবে!

এ থানার ওসির নাম মনোজ পাণ্ডে। খাঁটি বাঙালি নয়, কিন্তু বাংলা বলে স্বাভাবিক, সাবলীলভাবে। এর বেশ মোটা গোঁফ, সাধারণত যাকে বলে শেয়ালের ল্যাজের মতন। তার দু’জন সহকারীর নাম পিটার গোমেজ আর শাহনওয়াজ খান। একেবারে আদর্শ সেকুলার সহাবস্থান!

রশিদ আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললো, আমার দুই বন্ধু, এঁরা লেখক। নাম শুনেছেন তো?

মনোজ পাণ্ডে বললো, হ্যাঁ, হ্যাঁ, স্যার। অবশ্যই নাম শুনেছি। ফেমাস।

অর্থাৎ নাম শোনেনি। গলার আওয়াজ শুনলেই বোঝা যায়। অন্য দু’জনও আমাদের সম্পর্কে বিশেষ আগ্রহ দেখালো না।

তিনজনই প্রথম থেকে দাঁড়িয়ে আছে। রশিদ বললো, বসুন, বসুন!

মনোজ পাণ্ডে বসলো, অন্য দু’জন একইভাবে দাঁড়িয়ে রইলো তটস্থভাবে।

প্রাথমিক দু’চারটি কথার পর রশিদ জিজ্ঞেস করলো, হিউম্যান রাইটস কমিশনের একটা রিপোর্ট বেরিয়েছে, দেখেছেন? তাতে বলা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে যারা মেয়েদের ধরে এনে বিক্রি করে কিংবা বেশ্যাবৃত্তিতে কাজে লাগায়, তাদের একটা বড় সেন্টার এই মেমারি।

মনোজ পাণ্ডে বললো, হ্যাঁ স্যার, দেখেছি। দুটো জায়গা আমরা রেডও করেছি।

কারুকেই পাননি। তাই তো?

আগেই পালিয়েছে। কোনো ট্রেসও রেখে যায়নি।

কাগজে রিপোর্ট বেরুবার পর আপনারা রেড করেছেন। তখন ওরা

======= ১০৪ ==========

বোধহয়। এই জমিদাররা চোখ ধাঁধানো বড় বড় বাড়ি বানাতো। তারা বোধহয় ভাবতো, তাদের বংশধররা অনন্তকাল ধরে সেই বাড়ি ভোগ করবে! কোথায় কী! জমিদারিই হাওয়া হয়ে যাবার পর এত বড় বাড়ি রক্ষণাবেক্ষণেরও সাধ্য ছিল না উত্তরাধিকারীদের। এরকম কত রাজবাড়ি এখন ধ্বংস¯তূপ হয়ে পড়ে আছে।

এখানে সামনের দিকে মোটামুটি অক্ষত কয়েকটি ঘরে থাকে এক বৃদ্ধ দম্পতি। তাদের একমাত্র নাতি থাকে কানাডায়, মেম বিয়ে করেছে। তারা আর আসবে না। এই বুড়ো-বুড়ি গত হলে এ বংশে বাতি দেবার আর কেউ থাকবে না।

রশিদের বডিগার্ড একটা বড় গাছের ডাল জোগাড় করে ঝোপঝাড়ের ওপর পেটাতে লাগলো। এখানে সাপ-টাপ থাকার খুবই সম্ভাবনা। এগোতে হলো সাবধানে।

শক্তি গজগজ করে বলতে লাগলো, সুনীলের যত উদ্ভট বাতিক। এখন কেউ নেই, তবু সে জায়গা দেখার কী আছে? পেটে ছুঁচো ডন মারছে, এরপর আমরা কোনো ধাবায় গিয়ে খাবো, বিয়ার টিয়ার, সুনীল সে পয়সা দেবে!

আমি শাহনওয়াজকে জিজ্ঞেস করলাম, আপনারা তো রেড করেছিলেন, সেটা কোথায়? এই ভাঙা বাড়িতে?

ইয়েস স্যার।

এখানকার খোঁজ পেলেন কী করে?

আমাদের কিছু কিছু সোর্স থাকে। তারা খবর আনে।

রশিদ ঝাঁঝালো গলায় বললো, তারা আগে খবর দিতে পারেনি? সবাই চলে যাবার পর খবর দেয়? একটা কথা জিজ্ঞেস করবো? ঠিক ঠিক উত্তর দেবেন?

জী স্যার। নিশ্চয়ই স্যার।

আপনাদের সোর্স খবর দেবার পর সঙ্গে সঙ্গে এসেছিলেন, না দু’একদিন দেরি করেছিলেন?

তখন গোয়ালাদের পাড়ায় একটি গরুকে মেরে ফেলায় খুব গন্ডগোল হচ্ছিল, আমরা তাতে খুব ব্যস্ত ছিলাম। তাই একদিন দেরি হয়েছে।

তার মধ্যে মেয়েগুলোকে নিয়ে হারামজাদারা পালিয়েছে। একটা গরুর জন্য অনেকগুলো মেয়ে উদ্ধার হলো না।

এবার শাহনওয়াজ মুখ তুলে খুব শান্তভাবে বললো, শুধু গরু নয়, স্যার। একজন মানুষও মারা গেছে। সে-হাঙ্গামা ছড়ালে আরো মানুষ মরতে পারতো!

আমি বললাম, মেয়েদের প্রাণের দামই সবচেয়ে কম।

এক জায়গায় দু’তিনজন লোক ঝুড়ি ভর্তি করে এই ভাঙা বাড়ির ইট নিয়ে যাচ্ছে। এককালের রাজবাড়ির ইটে একালের কয়েকটি গরিব লোকের কাঁচা বাড়ি যদি একটু পাকা হয়, তাহলে ভালোই তো!

অনেক বড় বড় গাছও তো রয়েছে, এগুলোও কি কেটে নিয়ে যাবে? আমরা শহরের লোকেরা আজকাল গাছ-কাটা বিষয়ে খুবই স্পর্শকাতর। গ্রামের মানুষ নিজেদের বেঁচে থাকার কথাই বেশি ভাবে।

একটা ভেঙে-পড়া দেওয়ালের ওপর দিয়ে উঠে আমাদের ভেতরে ঢুকতে হলো।

তারপর ঝোপঝাড় সরিয়ে আমরা যেখানে পৌঁছোলাম, সেটা বোধহয় ছিল ঠাকুর-দালান। বড় খালের কয়েকটা এখনো টিকে আছে। ভেতরটা বেশ পরিচ্ছন্ন।

মাঝখানটায় দাঁড়িয়ে শাহনওয়াজ বললো, এইখানেই রাখা হয়েছিল সতেরোটি মেয়েকে।

শক্তি ফস করে জিজ্ঞেস করলো, আপনারা তো কারুর দেখা পাননি। তবে কী করে জানলেন যে সতেরো জন? গুনলেন কী করে?

আমাদের সোর্স ওই নাম্বারটাই বলেছে।

রশিদ বললো, আর-একটা সত্যি কথা জিজ্ঞেস করবো? ঠিক উত্তর দেবেন? ওরা কি আপনাকে ইনডিভিজুয়ালি টাকা দিত, না গোটা থানাকে থোক টাকা ধরে দিত?

ওরা মানে কারা? কেন টাকা দেবে?

ন্যাকামি করবেন না! ন্যাকামি করবেন না! এর মধ্যে টাকার খেলা আছে। আমি বুঝি না? আপনারা ইচ্ছে করে একদিন দেরি করেছেন, যাতে ওরা পালাতে পারে। তারপর একটা লোক-দেখানো সার্চ করেছেন!

আমি বললাম, শুধু তো একবার নয়। হিউম্যান রাইটস কমিশনের রিপোর্টে আছে, এখানে ব্যাচ বাই ব্যাচ মেয়েদের রাখা হতো। বেশ কিছুদিন ধরে। এক ব্যাচ চলে যায়, আর-এক ব্যাচ আসে। কমিশনের লোকেরা এই খবর জোগাড় করেছে। আর লোকাল থানা সে-খবর রাখতো না? এটা বিশ্বাস করা যায়?

শাহনওয়াজ এবার তেড়িয়াভাবে জোর গলায় বললো, স্যার, আমি টাকার কথা কিছু জানি না। আমি বড়বাবুর কাছ থেকে যখন অর্ডার পেয়েছি, তারপর সার্চ করতে এসেছি।

রশিদ জিজ্ঞেস করলো, আপনার ক’টি ছেলেমেয়ে?

চার মেয়ে, এক ছেলে।

মেয়েদের বিয়ের জন্য অনেক টাকা লাগবে। জমিয়েছেন? নিজস্ব জমি-জমা আছে কিছু?

না স্যার। বাপ-দাদার আমলের একটা বসতবাড়ি আছে, এখানে নয়, মুর্শিদাবাদের সালার থানার আন্ডারে।

শাহনওয়াজ সাহেব, আমাকে ভয় পাবার কিছু নেই। আমি আজ অফিশিয়াল ভিজিটে আসিনি। তবে, কমিশনের এই রিপোর্টের ভিত্তিতে গভর্নমেন্ট কিছু অ্যাকশান নেবেই। ভিজিলেন্সের লোকজন এসে আপনাদের জেরা করবে। ক্যাশ টাকা এখানে যা আছে, লুকিয়ে ফেলুন। বোকার মতন বাড়িতে পাঠিয়ে দেবেন না। সরাতে হবে অন্য জায়গায়।

স্যার। আমি টাকা-পয়সার কিছু জানি না।

বারবার ওই কথা বলে আমার মাথা গরম করে দেবেন না। আমার এই যে বন্ধুটি, শক্তি চট্টোপাধ্যায়, ইনি মানুষের মুখ দেখেই বলে দিতে পারেন, কে ঘুস নেয়, আর কে নেয় না। শক্তি, একে তোমার কী মনে হচ্ছে? এর তো গোঁফ কামানো।

শক্তি বললো, ওর বুক পকেটে সিগারেটের প্যাকেটটা দেখেছো? ফাইভ ফাইভ ফাইভ। সরকারি চাকরি করে অত দামি সিগারেট খাওয়া যায়? তুই তো খাস শস্তার ফিলটার উইল্স। শাহনওয়াজ সাহেব, আপনি ড্রিংক করেন?

নো স্যার। আই নেভার।

তাহলে নিশ্চয়ই মাসে অন্তত হাজার পঞ্চাশেক জমে যায়। তাই না?

শাহনওয়াজ এবার চ্যালেঞ্জের সুরে বললো, আপনারা আমার নামে ফল্স অ্যালিগেশান দিচ্ছেন!

শক্তি বললো, না, না, এসব এমনি কথার কথা। আমরা অ্যালিগেশান দেবার কে? আমরা বাইরের লোক। রশিদও এসব ঝুট ঝামেলায় জড়াতে চায় না। সব থানাতেই তো ওইসব ব্যাপার চলে Ñকী সুনীল, আর তো কিছু দেখার নেই। এবার যাই?

আমি বললাম, দেখো, এখানে ইট দিয়ে উনুন বানানো হয়েছিল। দেয়ালে কালির দাগ। এখানে রান্না হতো। পাশে একটা ছোট ঘর, এখানে এখনো কিছু প্লাস্টিকের থালাবাসন পড়ে আছে।

শক্তি মাটি থেকে একটা কিছু কুড়িয়ে নিয়ে বললো, ভাঙা কাচের চুড়ি।

আমি বললাম, ওরকম চিহ্ন আরো আছে। ছেঁড়া ব্লাউজ, একটা পেতলের দুল। ওই ছোট ঘরটায় আমি আরেকটা জিনিস পেয়েছি। সেই জন্যই আমার এখানে আসা সার্থক!

কী জিনিস?

একটা চিঠি। দলা পাকানো অবস্থায় এককোণে পড়ে ছিল। কোনো একটি মেয়ের লেখা।

শক্তি বললো, কই দেখি। চিঠিটা কাকে লিখেছে?

ভগবানকে। হাতের লেখা দেখলে একেবারে অশিক্ষিত বলা যায় না। সেভেন-এইট পর্যন্ত পড়েছে নিশ্চয়ই।

মেয়েটির মুখ কল্পনা করতে গিয়ে আমার চোখের সামনে ভেসে আসে আনোয়ারার মুখ। তবে, এ বোধহয় আনোয়ারার চেয়ে বয়েসে ছোট।

বাবা কিংবা মাকে চিঠি লেখেনি এই নাম না জানা মেয়েটি। সরাসরি লিখেছে ওর ভগবানকে। বারবার একই কথা, হে ভগবান, আমি এ জন্মে কী দোষ করেছি? যদি দোষ করে থাকি, তুমি নিজে আমাকে শাস্তি দাও! এরা আমাকে রোজ রোজ…

পেন্সিলের লেখা, কিছুটা অস্পষ্ট মাঝে মাঝে।

রশিদ বললো, চিঠিটা রেখে দাও, পরে কাজে লাগতে পারে।

শক্তি বললো, চলো চলো Ñ

বাইরে এসে দেখি, সেখানে দাঁড়িয়ে আছে সেই হেড ক্লার্ক, অর্থাৎ কবি রামপ্রসাদ দাস।

সে বললো, স্যার, বটগাছটা একবার দেখতে যাবেন না?

শক্তি বললো, ধ্যাৎ! বলেছি না, বটগাছ ফটগাছ দেখার সময় আমাদের নেই!

আমি তাকে জিজ্ঞেস করলাম। শুধু একটা বটগাছ? নাকি আরও কিছু দেখার আছে সেখানে? মন্দির-টন্দির থাকলে আমরা ইন্টারেস্টেড নই!

সে বললো, না মন্দির না। বেশিক্ষণ লাগবে না। এই তো কাছেই।

হেঁটেই গেলাম সেখানে।

একটা খালের ধারে একটা বিশাল ডালপালা ছড়ানো বটগাছ। অনেক গ্রামেই এরকম থাকে। তলায় শ্মশান।

আমরা বোটানিক্যাল গার্ডেনের বটগাছ দেখেছি। এটা তো তার চেয়ে পুরনো নয়। তেমন কিছু দর্শনীয় মনে হলো না।

কবি বললো, স্যার, ওপরে দেখুন, একেবারে ডান দিকে, ডগার কাছে!

শক্তি বললো, আরে, ওখানে একটা লোক বসে আছে। আগে ভেবেছিলাম গোদা বাঁদর।

কবি বললো, না, মানুষ, ও এই গাছেই থাকে। ওর নাম ভবাই মণ্ডল।

রশিদ জিজ্ঞেস করলো, কতদিন ধরে এই গাছের ডগায় আছে?

কবি বললো, তা প্রায় মাস চারেক হবে। ওর নামে খুনের চার্জ আছে।

রশিদ এবার শাহনওয়াজের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এই লোকটা একটা মার্ডারার?

শাহনওয়াজ ঘাড় নাড়লো।

খুন করেছে কাকে? ওকে অ্যারেস্ট করেননি কেন?

ওখান থেকে ওকে কী করে অ্যারেস্ট করবো? কেউ অত ওপরে উঠতে চায় না।

ওপরে না উঠেও গুলি করে ওকে ভয় দেখানো তো যায়! একটা লোক গাছে উঠে বসে থাকবে বলে তাকে গ্রেফতার করা যাবে না? রাবিশ!

স্যার, ও গুলিকে ভয় পায় না। ওকে গুলি করে মেরে ফেলা যায়। কিন্তু ওকে কেন মারবো? ও তো কোনো দোষ করেনি!

দোষ করেনি, তবে যে বললেন, ওর নামে মার্ডার চার্জ আছে।

জী স্যার, খুন করেছে ঠিকই। কিন্তু সব খুনই কি দোষের? ও লোকটা ইটভাটায় কাজ করতো। খুব গরিব। ওর বউ মরে গেছে। ছিল একটা এগারো বছরের মেয়ে। একদিন তিনটে লোক ওর চোখের সামনে থেকে মেয়েটাকে ধরে নিয়ে যায়, ওর মাথায় ডাণ্ডা মেরে অজ্ঞান করে ফেলে যায়। মেয়েটাকে ধানক্ষেতে নিয়ে গিয়ে রেপ করে তিনজনে, তারপর গলাটিপে শেষ করে। এর কয়েকদিন পর হাটের মধ্যে সেই তিনজনের একজনকে চিনতে পারে ভবাই মণ্ডল। একটা দোকান থেকে মাছ কাটা বটি তুলে নিয়ে সোজা গিয়ে গলা কেটে দেয় লোকটার। বহুলোক তা দেখেছে। তারপর থেকেই ও গাছের ডগায় উঠে বসে আছে।

কিন্তু ওখানে একজন লোক কতদিন থাকতে পারে? খিদে-তেষ্টার ব্যাপার আছে না?

হয়তো কখনো কখনো নামে মাঝ রাত্তিরে। আমরা জানি না। কেউ নাকি ওকে খাবার দিয়ে যায়।

এখানে সর্বক্ষণের একজন পুলিশ পোস্টিং করলেই তো ওকে ধরা যেতে পারে।

ধরলেই তো ওর নামে কেস দিতে হবে। পুলিশ কাস্টডিতে দিনের পর দিন পচবে। তারপর বিচার হবে। আইন-অনুযায়ী ওর শাস্তি হবেই। কিন্তু ও কি সত্যিই অপরাধী? ওর মেয়েকে রেপ করে খুন করেছে, তাদের একজনকে মেরে ফেলা কি অপরাধ? আইন কি তা বোঝে? আমরা ওকে ধরতে চাই না।

কবিটি বললো, গাছের ওপর যে-কটা দিন ও থাকতে চায়, থাক না। কেন শুধু শুধু ওকে জেলে পচতে হবে? এখানে আইনই তো অপরাধী। ও বেশ মনের আনন্দেই আছে। মাঝে মাঝে ওর গান শুনতে পাই!

শক্তি বললো, রাত্তির বেলা চুপি চুপি গাছ থেকে নেমে অন্য কোথাও পালালেই তো পারে।

শাহনওয়াজ বললো, পালালে কোথাও না কোথাও ধরা পড়ার চান্স থাকে। আমাদেরও দায়িত্ব এসে যায় ওকে ধরার। তার চেয়ে ও গাছেই থাকুক। আমি অন্তত তাই চাই।

ভবাই মণ্ডল খুব গরিব ছিল, সে নিশ্চয়ই থানার লোকদের টাকা পয়সা দিয়ে হাত করেনি। মনে হয়, থানা থেকেই ওর খাবারের ব্যবস্থা করা হয়। আমি শাহনওয়াজের কাঁধে হাত রাখলাম। লোকটি ঘুসখোর        হতে পারে, কিন্তু এর চরিত্রে একটা নরম মানবিক দিকও আছে! (ক্রমশ)