`Any attempt to describe works of art in words is bound to be essentially unsuccessful’
– Sidney Painter
প্রাতিষ্ঠানিক শিল্পশিক্ষা গ্রহণের শেষপর্বে সঞ্জীব দত্ত সম্ভাবনাময় নবীনশিল্পী হিসেবে চিহ্নিত হয়েছিলেন, বিগত দুই দশকে জাতীয় ও এশীয় দ্বি-বার্ষিক চিত্রপ্রদর্শনীসহ নানা যৌথ প্রদর্শনীতে প্রায় নিয়মিতই তিনি অংশ নিয়েছেন; অথচ তাঁর প্রথম একক চিত্রপ্রদর্শনী আয়োজিত হলো এই সেদিন – ২১ থেকে ২৮ এপ্রিল, চট্টগ্রামের শিল্পকলা একাডেমীতে।
প্রদর্শিত ছবির সংখ্যা ছাব্বিশ। অধিকাংশই তৈলচিত্র, কয়েকটি ছবির মাধ্যম অ্যাক্রিলিক। সবকটি ছবিই গত দেড়-দুই বছরে আঁকা – অর্থাৎ একেবারেই সাম্প্রতিককালের কাজ।
সবচেয়ে পুরনো ছবিটি ২০০৩ সালের। প্রদর্শনীতে সে-বছরের ওই একটিই কাজ – ‘ফ্লোটিং ম্যান অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রিম’। চিত্রপটে আরো নানা অনুষঙ্গের মধ্যে দীঘলদেহী এক পরী অন্ধকার ভূগর্ভে নিমজ্জমান। সমাজের সর্বগ্রাসী অবক্ষয়, অবলম্বনহারা অনিকেত মানুষ, তার স্বপ্নভঙ্গ – এই বিষয়ভাবনা ও অঙ্কনশৈলী, সব মিলিয়ে ছবিটি শিল্পীর এ-প্রদর্শনীতে স্থান-না-পাওয়া কিন্তু অন্যত্র প্রদর্শিত অব্যবহিত আগের পর্বের চিত্রগুচ্ছের শেষ প্রতিনিধি; আবার এ-ছবির সঙ্গে তাঁর সাম্প্রতিকতম সিরিজ-ছবি ‘ম্যান অ্যান্ড দ্য ড্রাগনফ্লাই’য়ের দূরান্বয়ী সাযুজ্যও দুর্লক্ষ্য নয়।
শেষোক্ত চিত্রগুচ্ছের প্রসঙ্গে যাওয়ার আগে প্রদর্শনীর অন্যান্য ছবির দিকে চোখ ফেরানো যাক। ‘দ্য প্রিন্স এক্সপোজ্ড্’ ও ‘দ্য প্রিন্সেস এক্সপোজ্ডে’ সঞ্জীব দত্ত পুরুষ ও নারীর মুখচ্ছবিতে কপট বন্ধুত্বের ভানকে উদ্ঘাটিত করতে চেয়েছেন। তাঁর আত্মপ্রতিকৃতি দুটি হয়ে উঠেছে অন্তর্মুখী, অবলম্বনহীন, আর্ত-ব্যক্তিমানুষের অসহায়ত্বের বাঙ্ময় চিত্রভাষ্য – ‘বিরূপ বিশ্বে মানুষ নিয়ত একাকী’।
সন্ধ্যার আকাশে, নির্জন প্রান্তরে পড়ে-থাকা ধ্বংসস্তূপের ওপরে নীড়সন্ধানী পরিশ্রান্ত শালিকের রূপকে নিরাশ্রয় গৃহীরই গল্প। অন্য এক ছবিতে তরুণীর করতল-ধৃত পাখির পেছনেই চোখে পড়ে আবছা একটি পুরুষের আদল। হ্যাঁ, নিঃসঙ্গতাই, তবে তার সঙ্গে যুক্ত হয়েছে প্রেমহীনতা বা বিরহের আবহ।
‘দ্য কাপ্ল্ উইদ অল দ্য লাভ অব দ্য ওয়ার্ল্ড’ ছবিটি সম্ভবত জীবনানন্দের ‘সন্ধ্যা হয় – চারিদিকে’ কবিতাটির ‘পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;/ …পৃথিবীর সব প্রেম আমাদের দুজনের মনে;’ – এই পঙ্ক্তিগুলো দ্বারা প্রত্যক্ষভাবে অনুপ্রাণিত। ‘ডাস্কি কাপ্ল্’ ছবির যুগল অনেক ঘনিষ্ঠ; দুজনের শরীর ও নৈসর্গিক অনুষঙ্গ মিলে চিত্রপটের বেশ বড় অংশ জুড়ে একটি ধনুকাকৃতি খিলানের আদল তৈরি হয়েছে – যা হয়তো সম্পর্কের নিবিড় বন্ধনের ইঙ্গিতবহ।
দুটি ছবিতে শিল্পী সোহিনী ও নন্দ কল্যাণ রাগ শ্রবণকালীন নিজস্ব অনুভূতিমালাকে বাদনকালীন নানা অনুষঙ্গ, স্বরলিপির সাংকেতিক চিহ্ন ও মানব-অবয়বের একত্র-সন্নিবেশের মাধ্যমে চিত্ররূপময় করে তুলতে চেয়েছেন। রূপবন্ধে সরলীকরণ এসেছে, খানিকটা বিমূর্ততার ছোঁয়াও লেগেছে, কিন্তু সাদৃশ্যধর্মিতাকে শিল্পী পুরোপুরি বর্জন করেননি। প্রসঙ্গত উল্লেখ্য, সঞ্জীব দত্ত দীর্ঘদিন গুরুর কাছে নিয়মিত তালিম নিয়ে সেতার বাদন শিখেছেন।
‘বিসিজ্ড্’ ও ‘ইফ ইট ওয়্যার লাইক দিস’ – এ দুটি ছবিতে পরীর প্রত্যাবর্তন ঘটেছে। তবে এখানে পরী আমাদের আশা-আকাক্সক্ষা-স্বপ্নের প্রতীক নয় কেবল, শিল্পী এখন তাকে দেখতে চাইছেন সরাসরি ত্রাতার ভূমিকায়। জঙ্গি মৌলবাদী অপশক্তির উত্থান, সাংস্কৃতিক-রাজনৈতিক উৎসব-অনুষ্ঠানে একের- পর-এক বোমাহামলায় এত এত প্রাণহানি – এই প্রতিকারহীন পরিস্থিতিতে দেশব্রতী মানুষের সম্মিলিত শুভবোধই হয়তো পারে পরিত্রাণের পথ বাতলে দিতে। এই শুভবোধেরই মূর্তরূপ এ দুই ছবির পরী। যথোপযোগী চিত্রভাষার আধারে উপস্থাপিত না হওয়ায় এ দুটি ছবি ইলাস্ট্রেশনধর্মিতা থেকে পুরোপুরি উত্তীর্ণ হতে পারেনি।
এ-প্রদর্শনীর কয়েকটি রসোত্তীর্ণ ছবি ‘ম্যান অ্যান্ড দ্য ড্রাগনফ্লাই’ সিরিজের অন্তর্ভুক্ত। এই চিত্রগুচ্ছে মোট ছবি এগারোটি। শিল্পী প্রথমদিকে ছোট ক্যানভাসে কাজ করেছেন, ক্রমেই তাঁকে আরো বড় পরিসরে যেতে হয়েছে, সেইসঙ্গে বর্ণচয়ন হয়েছে সজীবতর, বর্ণলেপনেও এসেছে স্বতঃস্ফূর্তি।
গুটির ভেতর থেকে বেরিয়ে আসছে ফড়িং, মূক বিস্ময়ে প্রকৃতির দিকে তাকিয়ে আছে, ঘাসে ঘাসে উড়ে উড়ে দুদণ্ড জিরিয়ে নেবার জন্য ছোট্ট একটি ঠাঁই খুঁজছে – এরকমই নানা দৃশ্যকল্পে প্রকৃতির আঙিনায় শিল্পীর নবজন্মলাভের আকাক্সক্ষাকে শনাক্ত করা যায় (‘যে-জীবন ফড়িঙের, দোয়েলের – মানুষের সঙ্গে তার হয় নাকো দেখা’); সেইসঙ্গে কোনো নির্দিষ্ট বিন্দুতে থিতু না হয়ে তাঁর নিরন্তর অন্বেষণকেও – কী জীবনচর্যায়, কী শিল্পচর্চায় – নির্ভুল পড়ে নেয়া যায়। এ-সিরিজের ছবিতে ফড়িঙের পুঞ্জাক্ষি আছে ঠিকই, কিন্তু মুখাবয়ব মানুষেরই মতো, শরীরের আদলেও নানা চকিত সাদৃশ্য আর লুকানো থাকে না। দু-তিনটি ছবিতে পরীও এসেছে। কখনো ঘাস-লতাপাতার অনুষঙ্গে উদ্ভিদের মতোই নিরাবরণ, সতেজ; আর কখনো-বা মানুষেরই মতো দাউ দাউ পুড়ে যাচ্ছে এই বৈরী সময়ের আগুনে। আবার ১০ সংখ্যক ছবিতে বিস্তীর্ণ জলরাশির উপরে ঘাসের ডগায় বসে থাকা ফড়িংটির হয়তো চোখেও পড়ে না, ঝিনুকের তৈরি একটি পরী অন্তিম শয়ানে শুয়ে আছে পানির অল্প নিচেই। এ-ছবির চিত্রপটে গাঢ় সবুজের ঘোর, কিংবা ৮ সংখ্যক ছবিতে আদিগন্ত নীলের আশ্চর্য প্রশান্তি, জলরাশিতে সমস্ত ভূ-ভাগ তলিয়ে যাওয়ার পর ছোট্ট একটি ঘাসের ডগায় উড়ে এসে বসা ফড়িঙের ডানার ঘন শিহরণ – সঞ্জীব দত্তের এ-প্রদর্শনীতে না গেলে কখনোই দেখা হতো না।
চিত্রপটে স্থান-বিভাজন, রেখা-আকার-আকৃতি নিয়ে শিল্পীর নানা পরীক্ষা-নিরীক্ষা – সামগ্রিকভাবে তাঁর ছবির আঙ্গিক নিয়ে পৃথক আলোচনার অবকাশ রয়ে গেছে।
স্মৃতি, স্বপ্ন ও অভিজ্ঞতা – এই তিনের সংশ্লেষে গড়ে ওঠা সঞ্জীব দত্তের যে-ছবির জগৎ, তার মধ্য থেকে নির্বাচিত সাম্প্রতিক ছবি নিয়ে আয়োজিত এই মনোজ্ঞ প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ‘দ্য পয়েন্ট অব ডিপার্চার’। এই প্রথম একক প্রদর্শনীটি শিল্পীর অক্লান্ত ও নিরন্তর শিল্প-অন্বেষার ‘সূচনাবিন্দু’ তো বটেই।

Leave a Reply
You must be logged in to post a comment.