নবীন চারুশিল্পীদের প্রতিভা কিংবা শিল্পে তাদের আত্মনিবেদন, শিল্পে তাদের কতোটুকু অর্জন, তা শিল্প-সমঝদারদের সামনে উপস্থাপনের প্রধান উপায় হলো প্রদর্শনীর আয়োজন। একক প্রদর্শনী করলে এই বোঝাপড়াটা ভালো হয়, কিন্তু তা ব্যয়বহুলও বটে। আবার চিত্রশালার দেয়াল ভরার মতো অনেকগুলো কাজ একবারে উপস্থাপন করার ঝক্কিও তো কম নয়। আর তাই নবীন কতক সমবয়সী শিল্পী মিলিত হয়ে প্রদর্শনীর আয়োজন তুলনামূলক সহজ হওয়ায় প্রথম দিকে নবীনেরা এই সহজ পথেই অগ্রসর হন। তারুণ্যের ঐক্যশক্তিতে বলীয়ান হওয়ায় সাহস বাড়ে, নিজের চিত্রভাষা নির্মাণের ইচ্ছা জোরদার হয়।
এমনই এক ঐক্য গড়েছেন প্রায় সমসাময়িক তিন শিল্পী – অনাদী কুমার বৈরাগী, রফিকুল ইসলাম চৌধুরী ও সমীর মজুমদার। ত্রিভুজে আত্মার সন্ধান বা ‘সার্চিং সৌল ইন ট্রায়াঙ্গল’ শিরোনামে তাঁদের একটি যৌথ চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হলো সম্প্রতি গুলশানের সাজু আর্টস অ্যান্ড ক্রাফট্সে। গত ২১ থেকে ৩১ মে ২০০৫ পর্যন্ত এ-প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে শিল্পীত্রয়ীর সাম্প্রতিক উল্লেখযোগ্য চিত্রকর্মগুলো প্রদর্শিত হয়েছে।
শিল্পী অনাদী কুমার বৈরাগী তাঁর চিত্রপটকে বহুবর্ণিলতায় সাজিয়ে স্বতঃস্ফূর্ত কিছু ভঙ্গুর রেখায় কিছু উপাদান ফুটিয়ে তোলেন। ফলে তাঁর ছবি মূর্ত ও বিমূর্তের মাঝামাঝি অবস্থানে থাকে। চিত্রপটে মিষ্টি উজ্জ্বল মনোলোভা বর্ণের আলিম্পন, এক বর্ণের অভ্যন্তরে অন্য বর্ণের চকিত প্রবেশ স্বপ্নাতুর এক পরিবেশ সৃজন করে। এই স্বপ্নের আবেশ ও বর্ণপ্রেমের ঘোর শিল্পী কাটিয়ে তোলেন সরু মোটা নানা রেখার প্রয়োগে। এই রেখায় তিনি আঁকেন সন্ন্যাসীর ত্রিশূল অবয়ব, কাপড় মেলে দেওয়ার তার, প্লাস্টিকের ক্লিপ প্রভৃতি।
নিরেট পাথরে ফুল ফোটানোর জনশ্রুতি বা কিংবদন্তিকে রূপ দিয়েছেন অনাদী তাঁর ‘সৃজন-১’ শীর্ষক চিত্রকর্মে। উপরে ঝুলন্ত গামছা, নীলাভ কালচে প্রেক্ষাপট অপার্থিব এক শূন্যতাবোধ তৈরি করেছে। সেই শূন্যতা আরো নাটকীয় হয়ে উঠেছে পাথর-বুকে সাদা ফুল, পাতা ও কলির অঙ্কন-উপস্থাপনায়। শিল্পী অনাদী কুমার বৈরাগীর চিত্রকর্ম, তাঁর চিত্র-বিন্যাস, ড্রয়িং-উপাদান এক বোহেমীয় জীবনের প্রতিচ্ছবি। বৈরাগ্য-সাধনের নানা উপাদান ও রূপ নিয়ে অনাদীর ছবির ভাষায় নতুনত্ব আছে। কাগজে অ্যাক্রিলিক রঙে এঁকেছেন। বর্ণলেপনে জলরং ও তেলরং প্রয়োগের উভয় কৌশল অবলম্বন করায় এক ধরনের বর্ণদ্বন্দ্ব চিত্রকর্মগুলোকে দৃষ্টিনন্দন করেছে।
সুলতান-ঘরানায় রেখাঙ্কন করেন শিল্পী সমীর মজুমদার। জন্ম নড়াইলে। তাঁর মধ্যে সুলতানের প্রভাব পড়া বিচিত্র নয়। কিংবা বলা যায়, এ-প্রভাব শুধু সুলতানের নয়, আমাদের লোকচিত্রীদের সাহসী ও স্বচ্ছন্দ রেখাচিত্রের ঐতিহ্য থেকে পাওয়া। অবশ্য সুলতানের শ্রমজীবী মানুষের শরীর-কাঠামোর শক্তির প্রকাশ কিছুটা সমীরের রেখাচিত্রেও দৃশ্যমান। তিনি এসব ড্রয়িং করেছেন কালি ও তুলিতে।
চিত্রপটের উপরাংশ থেকে নিচ পর্যন্ত এক বা একাধিক মানব-মানবীর ফিগার পটের কেন্দ্রস্থলে স্থাপন করায় বিন্যাস শক্তিমান হয়ে ওঠে। ড্রয়িং রেখাগুলোর স্বচ্ছন্দ চলাচলে এমন এক স্বতঃস্ফূর্ততা আছে, যা কাব্যিক ছন্দের আবহ ছড়ায়। কিন্তু দেহগঠনের নির্ধারিত অনুপাত পেরিয়ে রেখা যদি সীমানা হারায় তবে গাঠনিক সৌন্দর্য হ্রাস পায়। সমীরের কোনো কোনো অঙ্কনে ফিগার অনুপাতে হাত-পা বড় করে ফেলার দুর্বলতা নজর এড়ায় না। তা সত্ত্বেও তাঁর রেখাচিত্র রসঘন আবহ সৃষ্টি করে। এমনই একটি শৈলীময় রসের সন্ধান দেয় তাঁর আঁকা ‘অবসর সময়ে’। একটি বেড়ার ঘরের আবহে এক পৃথুলা যৌবনা রমণীর ত্রিভঙ্গ দেহাবয়ব যেন বাংলা রমণীকুলের সৌন্দর্যকেই তুলে ধরে।
ট্র্যাডিশনাল রেখায় নানা অবয়বের কাঠামো রচনার প্রচলিত অঙ্কনরীতির কাজের পাশাপাশি সমীর মজুমদার জ্যামিতিক ফর্মের নানা বৈশিষ্ট্য নিয়ে অপেক্ষাকৃত চিকন রেখায় কিছু আধুনিক ড্রয়িংও করেছেন। এ যেন অনেকটা অতিপ্রাকৃত বা স্যুররিয়ালিস্ট ধাঁচের অঙ্কন। যেমন ‘উৎসব-১’ শীর্ষক ২৮ গুণিতক ৩৬ সেন্টিমিটার আকৃতির এক চিত্রপটে আঁকা ছবিতে একটি মাছের অবয়বের ভেতরে বাঁশি, ত্রিভুজ চাঁদের ফর্ম, জলের বুদ্বুদ প্রভৃতি এঁকেছেন। দু-ধরনের অঙ্কনরীতি যেন তাঁর স্বদেশী ঐতিহ্যের সঙ্গে অর্জিত পাশ্চাত্য পদ্ধতির শিক্ষার দ্বন্দ্বকে তুলে ধরে।
প্রদর্শনীতে স্থান পাওয়া একমাত্র ভাস্কর্যটিও সমীরের। মসৃণভাবে কাঠখোদাইকৃত এক শরীর-কাঠামো তিনি গড়েছেন পাশ্চাত্যরীতিতে। প্রাচ্য আর প্রতীচ্যের দ্বিধাকে সমীর সমন্বিত করতে পারলে তাঁর কাজ আরো পরিণত হতে পারে। উল্লেখ্য যে, সমীর মজুমদার বর্তমানে যশোর এস এম সুলতান আর্ট কলেজের প্রভাষক।
তিন শিল্পীর মধ্যে সবচেয়ে অনুজ রফিকুল ইসলাম চৌধুরী রনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের সম্মান চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। এ-প্রদর্শনীতে স্থানপ্রাপ্ত তাঁর চিত্রকর্ম তেলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে আঁকা।
অনেকটা সিটিস্কেপ ধরনের ছবি এঁকেছেন রনি। কংক্রিটের জঙ্গল তাঁর চিত্রপট জুড়ে। এ যেন পুরনো ঢাকার অট্টালিকার সারি। উজ্জ্বল ও বিবর্ণ রং একই সঙ্গে ব্যবহারে চিত্রপটে আলোছায়ার যে বিস্তার ঘটিয়েছে, তা অনেকটা নাটকীয়তা সৃষ্টি করে। বর্ণপ্রয়োগের স্বাচ্ছন্দ্য আর স্বতঃস্ফূর্ত তুলি-চালনা রনির চিত্রকর্মকে আকর্ষণ দিয়েছে।
‘আত্মার সন্ধানে’ শীর্ষক চিত্রকর্মে নগর-আবহের আলো-আঁধারিতে শ্বেত কপোতের উড়াল চিত্রিত করেছেন রনি। তেমনি ‘জীবনের শেষ অংশ’ চিত্রে নগর-অলিন্দে ত্রিকোণী লাল পতাকা যেন আধ্যাত্মবাদের প্রকাশ। বস্তুবাদী আবহে ভাববাদী দর্শনের চিন্তনপ্রক্রিয়ার সন্ধান পাই আমরা রনির ছবিতে।
তিন নবীন শিল্পীর প্রদর্শনীতে তাঁদের কাজ তিন রকমের। প্রদর্শনীর চিত্রকর্মসমূহের এই বিভিন্নতা এই অর্থে ইতিবাচক যে, আমাদের নবীনরা নানারকম নিরীক্ষায় ব্যস্ত আছেন। একেকজনের প্রকাশভঙ্গির এই ভিন্নরূপ হয়তো তাঁদের স্বকীয় অবস্থানকে একদা শক্তিশালী করবে। এই শুভকামনা আমার তাঁদের প্রতি।

Leave a Reply
You must be logged in to post a comment.