এবারের কলকাতার বইমেলায় হাঁটছি, হঠাৎ একজন প্রৌঢ়া সামনে এসে দাঁড়ালেন, ‘কিরে, চিনতে পারছিস?’

অবাক হয়ে তাঁর মুখের দিকে তাকালাম। বয়স ষাটের কাছাকাছি, চুলে রুপোলি ছাপ, লম্বা শরীর এখনো টানটান। পরনে হালকা নীল শাড়ি। চোখে চশমা, চোখদুটো বেশ ক্লান্ত।

‘জানতাম পারবি না। চল্লিশ বছর আগে শেষবার দেখা হয়েছিল।’

‘কোথাও ভুল হচ্ছে না তো?’ বিনীত ভঙ্গিতে বললাম।

‘একদম না। গত তিরিশ বছর ধরে তোর ছবি দেখে আসছি কাগজে, বইয়ের মলাটে। একটু একটু করে মোটা হলি, চশমা নিলি, জুলপি পাকলো তোর। ভুল হবে কেন সমরেশ?’ ব্যাগটা কাঁধবদল করলেন তিনি।

আর ওই ভঙ্গিটাই গভীর অন্ধকার থেকে টেনে নিয়ে এলো আমায়। বেশ জোরের সঙ্গে বলে উঠলাম, ‘পৃথা!’

‘যাক। চিনতে পারলি।’

‘একটা অটোগ্রাফ দেবেন?’ তাকিয়ে দেখি অল্পবয়সী ছেলেমেয়েরা এরমধ্যে ঘিরে ফেলেছে আমাকে। ওদের খাতায় সই না করে উপায় নেই। অনেকগুলো সইয়ের পর বললাম, ‘ভাই, এই ভদ্রমহিলার সঙ্গে আমার আজ দেখা হয়েছে চল্লিশ বছর বাদে। একটু কথা বলতে চাই!’

বছর ষোলোর এক কিশোরী ফস করে বলে ফেলল, ‘মাধবীলতা!’

শোনামাত্র পৃথা হো হো করে হেসে উঠল। যেন এমন মজার কথা সে কখনো শোনেনি। একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, ‘হাসছ?’

‘বাঃ। হাসির কথা কেউ বললে হাসব না? তোমার মাধবীলতা হলো হীরে বসানো সোনার ফুল। জীবনে ওই মেয়েকে কেউ খুঁজে পাবে না, মন পেতে চায়। ওই যাকে রবীন্দ্রনাথ বলেছেন, সত্যি?, তবু কি সত্যি নয়। যাক গে, সেলিব্রিটি হওয়ার কী জ্বালা! সবসময় এরকম ভিড় ভালো লাগে?’ পৃথা জিজ্ঞাসা করল।

‘কোনোসময়েই ভালো লাগে না।’

‘মিথ্যে কথা। ধর, এই মেলায় সবাই অন্য লেখকদের সই নিতে পেছনে ছুটছে। তোমাকে কেউচিনছে না, তোমার ঈর্ষা হবে না?’

‘বোধহয় হবে, জানি না। ছেড়ে দাও এসব কথা। কোথায় আছ তুমি? নিশ্চয়ই কলকাতায় নেই, থাকলে কোনো না কোনো মেলায় তোমার দেখা পেতাম।’

‘প্রথম দশ বছর ছিলাম না। গত তিরিশ বছর দিব্যি কলকাতায় আছি। মেলাতে এই প্রথমবার এসেছি। লোকে খুব বই কেনে! কী ভালো!’ চারপাশ ঘুরে তাকাল পৃথা।

‘চলো, কোথাও বসি। যা ভিড়, কোথাও বসার জায়গা পাবে না। চলো, গিল্ড অফিসের দোতলার লাউঞ্জে বসা যাক।’

আপত্তি করল না পৃথা। সিঁড়ি ভেঙে ওপরে উঠে এসে দেখলাম বেশ জম্পেশ আড্ডা চলছে বিভিন্ন সোফায়। আমরা বারান্দার চেয়ারে বসলাম।

জলপাইগুড়ি থেকে এই আমি, একেবারেই মফস্বলের ছেলে, কলকাতায় পড়তে এসেছিলাম যখন, তখন সুচিত্রা-উত্তমের কয়েকটা ছবি দেখা ছিল। কলকাতার সুন্দরী মেয়ে মানেই রোমান্টিক নায়িকা, এইরকম একটা ভাবনা লালন করতে খুব ভালো লাগত। কলেজে প্রথম যে-মেয়েটির সঙ্গে আমার পরিচয় হলো সে পৃথা। একদিনেই বুঝে গেলাম ওর মধ্যে রোমান্টিকতার ‘র’ নেই, কিন্তু ওর মতো মেয়ে আমি জলপাইগুড়ি শহরে দেখিনি। ইংরেজি পড়ত ও। প্রথমদিনেই জিজ্ঞাসা করেছিল, ‘এই তোরা কি খুব বড়লোক?’

‘না তো। কেন?’

‘তাহলে বাংলা পড়তে এখানে এলি কেন? ওখানেই তো কলেজ ছিল। বাংলা পড়ে স্কুল মাস্টারি ছাড়া কোনো কাজ পাবি না। জানিস না?’

এরকম চাঁচাছোলা ভাষায় সমবয়সী কোনো সুন্দরী কথা বলতে পারে, তা আমার জানা ছিল না। আমার পিতৃদেবের বক্তব্যই ওর মুখে।

যাই হোক, পৃথাই একমাত্র মেয়ে যে আমাদের সঙ্গে বসন্ত কেবিনে আড্ডা মারে, অকারণে রাস্তায় হাঁটে। লিটল ম্যাগাজিন বের করার সময় ও প্রুফ দেখার দায়িত্ব নিল। কতদিন হাঁটতে হাঁটতে ওদের তালতলার বাড়িতে গিয়েছি। ওর মা চা খাইয়েছেন। ততদিনে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, সুন্দরী মেয়ের সঙ্গে পরিচয় হলেই প্রেমে পড়া ছাড়াও বন্ধুত্ব করা যায়। আমরা গোটা পাঁচেক ছেলে আর পৃথা একসঙ্গে আড্ডা মারলেও কেউ ওকে প্রেম নিবেদন করিনি, ওর দিক দিয়েও দুর্বলতা দেখা যায়নি। বরং চারপাশের ছেলেমেয়েরা যখন প্রেমে পড়ছে এবং প্রেম ভাঙছে তখন আমরা চাইতাম আমাদের বন্ধুত্ব অটুট থাকুক।

গ্রাজুয়েশনের পর এম এ-তে ভর্তি হয়েছি, পৃথা এলো মুখ গম্ভীর করে। পৃথার ঠাকুরদার দুবার হার্ট অ্যাটাক্ হয়ে গিয়েছে। তিনি বায়না ধরেছেন নাতনির বিয়ে দেখে যাবেন। গতরাতে মা তাকে জিজ্ঞাসা করেছেন, তেমন কোনো ছেলে ওর জীবনে এসে গেছে কিনা। উত্তরে না শুনে ব্যস্ত হয়েছেন আত্মীয়দের ফোন করতে।

‘তুই কী করবি?’

‘অসম্ভব। নাত-জামাইয়ের মুখ দেখার শখ আমি মেটাতে

পারব না।’

কিন্তু পৃথার ইচ্ছেকে সম্মান দেখাবার কোনো উৎসাহ ওর বাবা-মায়ের ছিল না। তাঁরা সুপাত্রের সন্ধান পেয়েছেন। তরুণ আই এ এস অফিসার। দারুণ ভবিষ্যৎ। এক বিকেলে পৃথা আমার সামনে ঠোঁট কামড়ে বসেছিল।

বললাম, ‘আচ্ছা, এক কাজ করলে হয় না, বিয়েটা হোক, তারপর তুই যেমন আছিস তেমন থেকে এম এ পাশ করার পর বরের কাছে গিয়ে থাকিস।’

বন্ধুরাও বলল, ‘ঠিক কথা। ছেলেটা যদি ভালো হয় -।’

‘তোরা কেউ বুঝবি না।’ মাথা নাড়ল পৃথা।

আমরা চুপ করে রইলাম। পৃথাই কথা বলল, ‘বাসরঘরের কথা নাহয় ছেড়ে দিলাম, লোকজন থাকবে। ফুলশয্যায় কী হয় তোরা জানিস না?’

ওই ব্যাপারটা সম্পর্কে আমাদের ধোঁয়া ধোঁয়া ধারণা ছিল।

পৃথা বলল, ‘চিনি না জানি না, মনের কোনো সম্পর্ক তৈরি হয়নি, এমন একটা লোক আমাকে জামাকাপড় খুলিয়ে -! অসম্ভব। ভাবতেই ঘিনঘিন করছে শরীর।’

দৃশ্যটা কল্পনা করে আমরাও শিহরিত হলাম। একটাই রাস্তা, ওই ভদ্রলোককে বলা যেতে পারে, ওসব ব্যাপার এম এ পাশ করার আগে করা চলবে না। কিন্তু ভদ্রলোক যদি না শোনেন?

পৃথা বলেছিল, ‘কোনো পুরুষ যদি মনে করে বিয়ে হলো মেয়েদের শরীর ভোগ করার আইনসংগত অধিকার তাহলে আমি সেটা কিছুতেই মানতে পারছি না।’

আফশোস গলায় নিয়ে বলেছিলাম, ‘ইস, তুই যদি কোনো ছেলের প্রেমে পড়তিস, বা কেউ যদি তোর প্রেমে পড়ত -!’

পৃথা ফোঁস করে উঠেছিল, ‘তাহলে কী এমন পার্থক্য হতো। একেবারে অচেনা অজানা পুরুষের বদলে পরিচিত একজন, এইটুকু।’

সেটা উনিশশো চৌষট্টি সাল। সে-সময় মেয়েরা অভিভাবকের ছাতার তলায় হেঁটে বিশ্ববিদ্যালয়ে এম এ পড়তে আসত। তার একটু আগে অধ্যাপকের পেছন পেছন ক্লাসে যেত কমনরুম থেকে বেরিয়ে। সন্ধের পর ট্রামবাসে অভিভাবকহীন অবস্থায় কোনো মেয়েকে দেখা যেত না। নারীবাদী আন্দোলনের কথা কেউ শোনেনি। কিন্তু পূর্ব পাকিস্তান থেকে এসে জীবনযুদ্ধে নাস্তানাবুদ হয়েও হার না-মানতে চাওয়া মেয়েরা তখন পা রেখেছেন দিনের বেলায় কলকাতার রাস্তায়। সেইসময় তালতলার একটা একান্নবর্তী পরিবারের মেয়ে উধাও হয়ে গিয়েছিল বাড়ি থেকে। ওর বাড়ির লোক বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের কাছে খোঁজখবর করেছিলেন। শেষে পুলিশও এসেছিল। পৃথা আমাদের জানিয়ে যায়নি, ফলে ওর বাড়ির লোকের সাহায্যে আসিনি আমরা। কেন সে জানিয়ে গেল না, এই নিয়ে আলোচনা করতাম কিছুকাল, শেষতক সেই আলোচনাও থামল। ধুলো জমতে জমতে ওর স্মৃতি চলে গিয়েছিল মনের আড়ালে।

কিন্তু সত্যি কি চলে গিয়েছিল? যখন কোনো বিয়েবাড়িতে গিয়েছি, শুনেছি পূর্ব পরিচয়বিহীন দুই নরনারী আত্মীয়দের ব্যবস্থাপনায় বিয়ে করছে, তখনই মনে হয়েছে পৃথা যেটা মানতে পারেনি এরা সেটা কী করে পারছে? আমার এক বন্ধু বিয়ের পর চারমাস চুটিয়ে স্ত্রীর সঙ্গে প্রেম করার পর প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিল। ব্যক্তিজীবনে আমি যাকে বিয়ে করেছি তার সঙ্গে পূর্বপরিচয় ছিল। আমরাও সময় নিয়েছি পরস্পরের কাছে পৌঁছাতে। কিন্তু নিরানব্বই ভাগ মানুষ ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। কোনো নববিবাহিতার মনে কি হচ্ছে, স্বামী আইনের অধিকার পেয়ে যা ইচ্ছে তাই করতে পারে?কুড়ি বছর ঘর করেছেন, তিনটি সন্তানের জননী হয়েছেন, এমন নারীর একটা চিঠি পেয়েছিলাম, ‘বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমি একটি বারের জন্যেও যৌনসুখ পাইনি। ফুলশয্যার রাত্রে আমি কিছু বোঝার আগেই আক্রান্ত হই। যন্ত্রণায় কুঁকড়ে উঠি। বুঝেছিলাম ওর নাম সহবাস করা। কিন্তু সেটা যে এত ভয়ংকর তা কেউ আমায় বলে দেয়নি। ইচ্ছে হলেই স্বামী সক্রিয় হতেন এবং তার প্রয়োজন মিটে গেলেই খেলাটা শেষ হতো। আমি যে একজন মানুষ, আমার চাহিদা মেটানো তাঁর কর্তব্য, এটা কখনো তাঁর মাথায় আসেনি। ছেলেমেয়েরা এলো। এখন কালেভদ্রে তিনি উৎসাহী হন। আমার ইচ্ছেগুলো মরে গেছে। মাঝে মাঝে ভাবি, তিনটে সন্তানের মা হওয়া সত্ত্বেও আমি কুমারী হয়েই আছি। কারণ একটিবারের জন্যে আমার যৌনতৃপ্তি হয়নি। ওকে দেখলেই মনে ঘেন্না আসে, কিন্তু কী করব! আমাকে তো ওর ওপর অর্থনৈতিকনির্ভর হয়েই থাকতে হবে।’

শরীর এবং মন; সম্পর্কের ইট এবং সিমেন্ট। দুটোর একটা না-থাকলেই বাড়ি পড়বে হুড়মুড়িয়ে। স্বামী বা স্ত্রীর মন কোনো কারণে বিরূপ হলো। কেউ একজন অপমানিত বোধ করল। কথা বন্ধ হলো। অল্পবয়সে সেই মনকে আবার স্বস্থানে ফিরিয়ে আনতে আদর-সোহাগ একটা ভূমিকা নিতেই পারে। বছর পনেরো বাদে হলে একই ছাদের তলায় থেকেও দূরত্ব বাড়ে। তখন শরীর স্পর্শ করতেই বিরক্ত কণ্ঠ উচ্চারণ করে, ‘আঃ, সরে শোও, বিরক্ত করো না।’ শরীরে যতই শক্তি থাক না কেন অবশ হয়ে যেতে দেরি হয় না। তখন জীবন-ট্রেনের দুটো লাইন। পাশাপাশি ছুটে চলা, কখনো মিলন হয় না। শুধু সংসার, ছেলেমেয়েদের সমস্যার সময়ে একটু সহযোগিতা করা। বাইরের মানুষ যার কথা আদৌ জানতে পারে না।

তৃতীয় পুরুষ বা নারীর আগমন যে-সমস্যা তৈরি করে স্বামী-স্ত্রীর জীবনে, তা নিয়ে মতভেদ নেই। আবার উলটোটাও হয়। স্বামীর ব্যাপারে যে-নারী নিরাসক্ত, থাকতে হয় বলেই একসঙ্গে থাকা, নতুন নারীর আগমনের খবর পেয়ে সে ঈর্ষায় জ্বলেপুড়ে মরে না। বরং স্বামীকে জানিয়ে দেয়, তার ব্যাপারে আর খবরদারি করা চলবে না এবং ডিভোর্সের কথা ভুলে যেতে হবে। এই প্রথম স্বামীকে যন্ত্রণায় দগ্ধ হতে দেখে সে সুখের স্বাদ পায়।

আসলে বিবাহিত নারীপুরুষের মধ্যে যে-সম্পর্ক, তার চেহারা দ্রুত বদলে যাচ্ছে। পঞ্চাশ বছর আগে, যখন বাঙালির সংসার একান্নবর্তী ছিল তখন বাড়ির ভাগ ছিল দুটো, বারমহল, অন্দরমহল। বাড়ির মেয়েদের সব সমস্যার দেখাশোনা করতেন প্রবীণা পিস্শাশুড়ি অথবা শাশুড়ি। ছেলেদের ব্যাপারে শেষকথা বলতেন গৃহকর্তা। স্বামী-স্ত্রীর ব্যক্তিগত জীবন ছিল কয়েক ঘণ্টার। রাত্রে খাওয়ার পাট চুকিয়ে স্ত্রী স্বামীর কাছে যেতেন, গিয়ে ঘরের আলো নেভাতেন। আবার ভোর হতেই বেরিয়ে আসতেন সংসারের কাজে। এইভাবেই তাঁদের সন্তান আসত। মনের মিল বা অমিলের প্রশ্নই উঠত না। যা কিছু কথাবার্তা তা বলতে হতো বাড়ির মেয়েদের কাছে। এমনকি সন্তানদের বড় করার দায়িত্বও বয়স্কারা নিয়ে নিতেন। মনের জটিলতা তৈরি হওয়ার কোনো সুযোগই পেত না সেইসময়। স্বামীর কাঁধে তেমন দায়িত্ব যেমন ছিল না তেমনি মাথার ওপরে যেসব বয়স্করা আছেন তাঁদের অসম্মান করার কথা তাঁরা ভাবতেও পারতেন না। ফলে বাধ্য হতেন শৃঙ্খলা মেনে চলতে, যা অনেক সমস্যা থেকে মুক্ত হতে সাহায্য করত।

একান্নবর্তী পরিবার ভাঙল। স্বামী-স্ত্রী চব্বিশ ঘণ্টা পরস্পরের কাছে এলেন। আর তার ফলে পরস্পরের ত্রুটিগুলো ক্রমশ বড় হয়ে উঠল তাঁদের চোখে। মেনে অথবা মানিয়ে চলতে চলতে একসময়ে বিস্ফোরণ ঘটত। মাথার ওপর কেউ নেই যাঁর ভয়ে নিজেকে গুটিয়ে রাখতে হবে, সম্পর্ক তখন ঝড়ো বাতাসে পাক খাচ্ছে, বেশির ভাগ ক্ষেত্রে সেটার গোড়া ছেঁড়ার সাহস দুজনের কারও নেই।

নারীপুরুষের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পণ্ডিতরা তুলনা দেন খুব পাতলা কাচের সঙ্গে – যা অটুট রাখতে যত্ন নিতে হয়। কিন্তু এখন নব্যমানসিকতায় এই ভাবনাটাও বদলেছে। সম্পর্ক টিকছে না, বনাবনি হচ্ছে না, এই সম্পর্ক ছিন্ন করাই সংগত। আবার কারও সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করে ভালো থাকার চেষ্টা করতে দোষ কী? একটাই তো জীবন। মৃত সম্পর্কের শব বহন করে কাটানোর কি কোনো মানে আছে?

পৃথা জিজ্ঞাসা করল, ‘আমাকে নিয়ে কখনো কিছু লিখেছিস?’

মাথা নাড়লাম, ‘না।’

‘ভাগ্যিস। নইলে কি ভুলভাল লিখতিস!’

‘কোথায় আছিস এখন?’

‘বার্লিনে।’

‘বার্লিনে! কবে গিয়েছিস?’

‘সেই বাড়ি থেকে পালিয়ে। তোর খেয়াল নেই, তখন কলকাতার অনেকেই জার্মানিতে চলে গিয়েছিল। ভিসা পেতে অসুবিধে হতো না।’

‘কী করছিস ওখানে?’

‘ইংরেজি পড়াই।’

‘এখানে -!’

‘নেই। ঠাকুরদা, বাবা, মা সবাই চলে গিয়েছে। আমি কাল ফিরে যাচ্ছি।’

‘কী করলি এতগুলো বছর?’

‘খুব ভালো থাকলাম। মজায় থাকলাম।’

‘বিয়ে করেছিস?’

‘হ্যাঁ। একটু বেশি বয়সে। আমার তখন চল্লিশ। ওর সঙ্গে আলাপ হয়েছিল হাসপাতালে। অ্যাকসিডেন্টে ডান পা কুঁচকি থেকে উড়ে গিয়েছিল। ডিভোর্সি, ছেলেমেয়ে নেই। তারপর যা হয়। আচ্ছা, রবীন্দ্রনাথের শেষের কবিতায় লাবণ্যের গাড়ির সঙ্গে অমিতের গাড়ির যখন ধাক্কা লাগল, তখন অমিত যদি আহত হতো, যদি ওর একটা পা বাদ দিতে হতো, তাহলে কি ওই কথার ফুলঝুরি ফোটাতে পারত? তুই তো লিখিস। বল্ না!’

হেসে ফেললাম, ‘এটা নিয়ে কখনো ভাবিনি।’

‘আমি ভেবেছি। ওরা যদি দুজনের কাছে আসত তাহলে নিশ্চয়ই লাবণ্য বিয়ে করতে চাইলে অমিত না বলত না।’

‘তোরা কেমন আছিস?’

‘বললাম তো, খুব মজায় আছি। এখানে আসার পর রোজ রাত্রে ও আমায় ফোন করে। ও তো হাঁটতে পারে না। আমি না থাকলে একজন মহিলা আসে।’

‘ঝগড়া হয় না।’

‘দূর। আমরা পরস্পরের ওপর এত নির্ভর করি যে, ঝগড়ার কথা ভাবতেই পারি না।’ ব্যাগ থেকে একটা কার্ড বের করে আমাকে দিল পৃথা, ‘ফ্র্যাঙ্কফুর্টে বইমেলা হয়। একবার চলে আয়, আমাদের কাছে থাকবি।’ পৃথা উঠে দাঁড়াল।

আমরা নেমে এলাম মেলায়।

‘সমরেশ, কেমন আছ?’ মৃন্ময় সামনে এসে দাঁড়াল।

‘ভালো, তুমি?’

‘ভালো না। শিউলির সঙ্গে ডিভোর্স হয়ে গেছে মাস চারেক হলো।’

‘সেকি! এত বছর পরে?’

‘হ্যাঁ। কী করা যাবে। চলি।’ যাওয়ার আগে মৃন্ময় পৃথাকে আড়চোখে তাকিয়ে গেল। পৃথা জিজ্ঞাসা করল, ‘ও মৃন্ময় না?’

‘হ্যাঁ। একসময় তুই-তোকারি করত। এখন নামি অধ্যাপক।’

‘আমাকে চিনতে পারল না। আশ্চর্য! কীরকম বুড়ো হয়ে গিয়েছে। শিউলি, মানে, বিদ্যাসাগর কলেজ থেকে আসা সেই রোগা মেয়েটা?’

‘হ্যাঁ। তোর দেখছি সব মনে আছে।’

পৃথা হাসল। তারপর মাথা নেড়ে বইমেলার জন-অরণ্যে মিশে গেল। আবার কত বছরের জন্যে, তা কে বলতে পারে। আমি চোখ বন্ধ করলাম। করতেই রবীন্দ্রনাথের মুখ। বললেন, ‘অমিতের পা বাদ গেলে তো শেষের কবিতা লেখা হতো না! কিন্তু ভায়া, কোনটে বেশি জরুরি ছিল? শেষের কবিতা লেখা, না অমিত আর লাবণ্যের পরস্পরনির্ভর একটা সুন্দর সম্পর্কের কাহিনী? এই মেয়েটা যে ধন্দে ফেলে গেল আমাকে!’