রনজিৎ: মূর্ত-বিমূর্তের সম্মিলন

শিল্পী রনজিৎ দাসের বয়স আটচল্লিশ বছর । এর মধ্যেই তিনি পনেরোটি একক চিত্র-প্রদর্শনীর আয়োজন করেছেন । সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় চিত্রশালা শিল্পাঙ্গনে তাঁর একক চিত্র-প্রদর্শনী শেষ হয়েছে। এই শিল্পীর সৃষ্ট ছবির ভাষা, বিষয়, গঠন, শৈলী, রং-লেপন, বুনন, পরিসর-সজ্জা – সবকিছুই নতুন এক অভিজ্ঞতার সন্ধান দেয়। বাংলাদেশের শিল্পজগৎ বর্তমান সময়ে বেশ পরিপূর্ণ এক স্বয়ম্ভু এবং পৃথক পরিচয়ে সমৃদ্ধ। এদেশের ঋদ্ধ চিত্রশিল্প তার নিজস্ব পরিচয় নিয়ে সবার মাঝে দাঁড়িয়ে আছে। এই পরিচয় অর্জিত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন শিল্পীর নিরন্তর শিল্পচর্চার মাধ্যমে। সাম্প্রতিককালে বোধকরি সব শিল্প-মাধ্যমের মধ্যে শিল্পকলাচর্চা এবং শিল্পপ্রদর্শনী সবচেয়ে বেশি সচল ও প্রবল। এতে প্রমাণিত হয়, আগের তুলনায় বর্তমান সময়ে সমাজ ও জনগণ অবশ্যই শিল্প-সমঝদার জনগণ গভীরভাবে এই চিত্রশিল্পের প্রতি দিন দিন আগ্রহান্বিত হয়ে পড়ছেন, যা সব দিক দিয়ে এতকিছু নেতির ভেতরেও একটি ইতিবাচক বিষয় । দেখা যায় যে, মাসের প্রতি সপ্তাহেই কারো না কারো শিল্পপ্রদর্শনী শহরের বিভিন্ন চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে এবং শিল্প-সমাহর্তারা তা সংগ্রহও করছেন।

–

শিল্পী রনজিতের বিভিন্ন ছবির মূলে আছে নতুন করে দেখার প্রয়াস এবং শিল্পসজ্জার একটু অন্যরকমের বিন্যাস। এই জন্যে তিনি জ্যামিতির ধ্রুপদীনীতি অনুসরণ করেছেন। জ্যামিতির প্রাণ হচ্ছে প্রকৃতির মধ্যে বিরাজিত বিভিন্ন আকারের নির্যাস-অনুসন্ধান – আর তা হলো রেখা, বিন্দু বর্গাকার, আয়তাকার, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি। আমরা আমাদের দূরের ও কাছের পরিপার্শ্বে যাই দেখি না কেন, প্রাগুক্ত জ্যামিতিক আকারের মধ্যেই সীমাবদ্ধ। শিল্পী তাঁর ছবিতে সেইসব আকারকে ব্যবহার করে তার চিত্র নির্মাণ করেছেন, যেজন্যে ছবিগুলোর প্রতিটিই কঠিন নিয়মে আবদ্ধ এবং তা অবশ্যই ভেবেচিন্তে করা । তাই হয়তো তাঁর ছবির মধ্যে এক ধরনের কাঠিন্য খুঁজে পাওয়া যায়, যা ছবির পেলবতাকে বিঘ্ন করে এরকম মনে করা যায়। কিন্তু অন্যপক্ষে ছবির আধুনিক গঠনভঙ্গিসহ নতুন অনুষঙ্গ যে তিনি তৈরি করতে সাবলীলভাবে সক্ষম হয়েছেন, সেই কৃতিত্ব থেকে তাঁকে বঞ্চিত করার কারো কোনো অধিকার নেই। তাঁর প্রতিটি ছবিতে জ্যামিতির সুষম নীতি অনুস্থিত হয়েছে বলেই হয়তো বলা যেতে পারে যে, তিনিই একমাত্র আর্কিটেকটনিক শিল্পী, যিনি স্থাপত্যবিদ্যার সুসংহত রূপ, জ্যামিতিক শৈলী এবং চিন্তাশীল বোধ নিয়ে ছবি রচনা করেন। ছবিতে রং ও তার লেপন-পদ্ধতি খুব স্বতঃস্ফূর্ত ও সাবলীল। মানুষের অবয় নিয়েই তাঁর কেন্দ্রীয় ভাবনা, যেখানে মানুষের বিভিন্ন অভিব্যক্তি এবং এর ভেতরের রূপ ও রসকে তিনি খুঁজতে চেষ্টা করেছেন। এই জন্যে আলোকচিত্রসূলভ বাস্তব- মুখীনতা প্রায় প্রতিটি মনুষ্য- অবয়বে ব্যবহৃত হয়েছে। শিল্পীর নিপুণ শৈলী, ড্রয়িংয়ের পারদর্শিতাও ক্ষিপ্র, কিন্তু পরিমিত তুলি-চালনার গুণটি চোখে ভিন্নভাবে ধরা পড়ে। শুধু ড্রয়িং নয় এর সঙ্গে সরাসরি আলোকচিত্র কোলাজের নিয়মে কিছু কিছু ছবিতে ব্যবহার করে সেগুলোতে ভিন্ন মাত্রা আনার প্রয়াস নেওয়া হয়েছে। এছাড়াও উপজাতিভুক্ত বিভিন্ন প্রান্তিক মানুষের প্রতিকৃতি এবং তাদের নানান অভিব্যক্তি সেখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেমন তাঁর জীবনের সবুজ স্বপ্ন, কয়লা-কাহিনী, ক্রুশের সঙ্গে, খেয়ালি স্বপ্ন ইত্যাদি ছবি। তাঁর ছবির আরেক বৈশিষ্ট্য – কঠিন জ্যামিতিক অনুশাসনের মধ্যে পেলবতা আনার জন্যে বিভিন্ন মাপ, গতি ও রঙের টানা বা হিজিবিজি আঁকিউকি। এর সাহায্যে শিল্পী ছবিতে এক ধরনের গতি সৃষ্টি করতেও সক্ষম হয়েছেন। ছবির গঠনশৈলীতে তিনি আধুনিক দৃষ্টিভঙ্গির সাম্প্রতিক রীতি প্রয়োগ করেছেন, ফলে ছবিগুলো রঙের ব্যবহার, ইমপেস্টো, বিভিন্ন আকার- প্রকারের সাবলীল অনুষঙ্গ এবং বিভাজন-ক্রিয়া নিয়ে একটি বুদ্ধিদীপ্ত প্রকরণে প্রকাশিত হয়েছে। এইসবের মাঝ থেকে শিল্পী মানুষের মানবিক বিভিন্ন অভিব্যক্তি ও চিন্তার গতি-প্রকৃতি ধরার চেষ্টা করেছেন। আবার জীবনের পথিক, যুগল সত্তা, সূর্যের সঙ্গে কথোপকথন, গতির কেন্দ্র এইসব ছবি লম্বালম্বি এবং নতুনত্ব- প্রয়াসী হয়ে উঠেছে বিষয় ও বিভাজনে । গতানুগতিক গঠন শিল্পী ইচ্ছে করেই এবং চিন্তা করেই পরিহার করে শৈলী ও সজ্জাতে এই নতুন ভাবনার সঞ্চার করেছেন, ফলে ছবিগুলোর আকর্ষণ বৃদ্ধি পেয়েছে। এইসব ছবির সঙ্গে শিল্পী বিভিন্ন স্কেচের মাধ্যমে খুব দ্রুত কিছু ছবি পরিবেশন করেছেন এবং সেইসব ছবির প্রতিটিতেই একজন করে মনুষ্য-অবয়বী নারীর প্রতিকৃতি খুব মুনশিয়ানার সঙ্গে এঁকেছেন, যেমন দ্রুত রেখার চলাচল তেমন রঙের ক্ষিপ লেপন-ক্রিয়া। এসব ছবির নামকরণও করেছেন শিল্পী, যেমন, কোনো ছায়া, প্রলেপের ভাষা, একত্রিত হাতগুলো, পরিপার্শ্বের আঁধার কোণা, পরিসর ধারণ, তোমার থেকে দূরে ইত্যাদি। ছবিগুলো যেহেতু একই আঙ্গিকের সেই জন্যে মনে হয় প্রতিটির নাম পৃথক পৃথক না করে একটি-সিরিজ নামভূক্ত করলে শোভন হতো। শিল্পী মূর্ত ও বিমূর্তের মেলবন্ধন ঘটিয়েছেন, তিনি বলেছেন, তবে এই মিশ্ররীতি যা গুরুচণ্ডালী, আজকাল দেখা যায় অনেক শিল্পীই তাঁদের ছবিতে ব্যবহার করছেন এবং তার মধ্য দিয়ে নতুনত্ব আনার চেষ্টা করেছেন। রনজিৎ এর সঙ্গে আরেকটি উপাদান জুড়ে দিয়েছেন, সেটি হলো জ্যামিতির সুচারু অথচ বিধিবদ্ধ ব্যবহার। বাংলাদেশের চিত্রশিল্পে এখন যে-বিভিন্ন ধারা চলছে, শুধু বিমূর্ত, আধা-বিমূর্ত আবার তেমনি মূর্ত, আধা-মূর্ত এবং এই ধারাগুলোর মিশেল – শিল্পী সেই ধারারই অনুসারী, তবে রীতি, কৌশল-আঙ্গিক সাম্প্রতিক ও আধুনিক। শুধু লোকজ শিল্প, যা দেশের গ্রাম বাংলার প্রাণ-ঐতিহ্য, সেসব নিয়েই শিল্পীরা নিরন্তর কাজ করে যাচ্ছেন, আবার এর সঙ্গে আধুনিক বিন্যাসও কেউ কেউ জুড়ে চিত্র রচনা করছেন। বলা যায়, এক-একজন শিল্পী তাঁর নিজের মতো করে ছবি এঁকে যাচ্ছেন কারো দ্বারা সরাসরি প্রভাব- ব্যতিরেকে, নিজস্ব পরিচয়ের সৃষ্টি- লক্ষ্যে। দেখা যায়, রনজিৎ অধ্যাপক শিল্পী কে জি সুব্রামানিয়ামের সঙ্গে বা অধীনে উচ্চশিক্ষা নিয়েছেন ভারতের বরোদায় গিয়ে এবং তাঁর গুরুর একটু ছিটেফোঁটাযুক্ত প্রভাব ছবিতে কোনোভাবেই দেখা যায় না বরং নিজেই একটি শৈলীর সৃষ্টি করতে প্রয়াস পেয়েছেন এটি তাঁর বলিষ্ঠ স্বাধীন শিল্পীসত্তার পরিচয় দেয়। সামগ্রিকভাবে রনজিতের শিল্পকর্ম দেশের বহমান শিল্পধারারই অংশবিশেষ এবং বলা যায় তা খুব অপরিহার্য এবং নিঃসন্দেহে শিল্পীর বলিষ্ঠ। শিল্পকর্ম আমাদের আধুনিক চিত্রশিল্প-জগৎকে ঋদ্ধ করে তুলেছে।