১৯৩১ সালে সতেরো বছরের একজন মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রনীতি ও অর্থনীতি বিভাগে ভর্তি হন। এক বছর পরীক্ষা না দেওয়ার ফলে তিনি ১৯৩৬ সালে এম. এ. পাশ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই ওই বিভাগে লেকচারার পদে নিযুক্ত হন। বিভাগটি ১৯৩৭ সালে দুই ভাগে ভাগ হয় – রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতি, দুটি স্বতন্ত্র বিভাগ হয় এবং শিক্ষকেরা নিজেদের ইচ্ছামতো একটি বা অন্য বিভাগে নিযুক্ত হন। অধ্যাপক আবদুর রাজ্জাক সেই যে ১৯৩১ সালে বিশ্ববিদ্যালয়ে আসেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, ১৯৯৯ সালের ২৮ নভেম্বর পর্যন্ত, সেখানেই বিচরণ করেন। ১৯৭৪ সালে নিয়মমতো তিনি অবসরে যান, কিন্তু পরের বছরেই নবসৃষ্ট জাতীয় অধ্যাপক পদে নিযুক্ত হয়ে বাকি জীবন কাটিয়ে দেন। স্যার ১৯৩৬ সালে লেকচারার পদে যোগ দেন এবং ১৯৭৪ সালে প্রকৃতপক্ষে সেই পদ থেকেই অবসর নেন।
১৯৬৫ সালের দিকে যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে পাঁচ বছর কাজ করেছিলেন, তাঁরা সবাই সিনিয়র লেকচারার নামে নতুন সৃষ্ট পদে উন্নীত হন, সেই পদটি পরে পরিচিত হয় অ্যাসিস্টান্ট প্রফেসর বলে, রাজ্জাক স্যার অ্যাসিস্টান্ট প্রফেসরই ছিলেন।
স্যারের রচনা তেমন কিছুই নেই। তাঁর পিএইচ. ডি.র অভিসন্দর্ভও তিনি কখনো সম্পূর্ণ করেননি। তবে তাঁর ব্যক্তিগত গ্রন্থাগার বিশাল এবং সেখানে দু®প্রাপ্য বইও প্রচুর, প্রায় সব বিষয়ের বই মজুদ। পঠিত গ্রন্থ সম্বন্ধে স্যারের নোটসমূহ অন্তহীন।
রাজ্জাক স্যার ভালো দাবা খেলতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার এবং শিক্ষকের স্বাধীনতা সম্বন্ধে সবিশেষ সচেতন ছিলেন। তিনি ছিলেন আইনের শাসনের পূজারী। এই ব্যাপারে তিনি দুই দুই বার বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আদালতে যান। তাঁর রাজনৈতিক ভূমিকাও ছিল। যৌবনে তিনি পাকিস্তান নামে একটি সাপ্তাহিক সম্পাদনা করেন। ১৯৫৫ সালে তিনি যুক্তফ্রন্ট দলের সাংবিধানিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানে পরিকল্পনা বোর্ড প্রতিষ্ঠা হলে তিনি তার সদস্য হন এবং সামরিক শাসন এই প্রতিষ্ঠানকে গুটিয়ে ফেলা পর্যন্ত তাতে কাজ করেন। তিনি খুবই ভোজনরসিক ছিলেন এবং রান্নায় ও আপ্যায়নে তাঁর জুড়ি পাওয়া মুশকিল ছিল। তিনি ছিলেন শিল্পকর্ম, বিশেষ করে চিত্রশিল্পের বোদ্ধা।
সবকিছু ছাপিয়ে তাঁর প্রকৃত পরিচয় হলো জ্ঞানের অন্বেষণে ও জ্ঞানের বিকাশে, জ্ঞানাহরণ ও গবেষণায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি সারাটি জীবন কাটান। বস্তুতই তিনি ছিলেন জ্ঞানের পূজারী ও শিক্ষক। তাঁর পড়াশোনার পরিধি ছিল ব্যাপক ও বিস্তৃত। গবেষণাকর্মে দিকনির্দেশনা দিতে তিনি ছিলেন সবিশেষ পারঙ্গম। আলাপচারিতায় তিনি শুধু পারদর্শী ছিলেন না, ছিলেন অনবদ্য। ক্লাসে অথবা বিশেষ সমাবেশে তাঁর বক্তৃতাও এক ধরনের আলাপচারিতায় পরিণত হতো। শিক্ষকের সরলতা ও আড়ম্বরহীন জীবন ছিল তাঁর ট্রেডমার্ক। পরোপকার যেন ছিল তাঁর ধর্ম। শুধু তাঁর পছন্দের লোকের ভালোর জন্য তিনি সচেষ্ট ছিলেন না, অন্যরাও সে-রকম সাহায্য, সহায়তা বা পৃষ্ঠপোষকতা তাঁর কাছ থেকে পেত।
প্রভাষক আবদুর রাজ্জাক ১৯৪৫ সালে বিলেত যান উচ্চশিক্ষার্থে। লন্ডন স্কুল অব ইকনমিক্সে তিনি অধ্যাপক হ্যারল্ড লাস্কির অধীনে পিএইচ. ডি. গবেষণা শুরু করেন। তাঁর গবেষণার বিষয় হয় চড়ষরঃরপধষ চধৎঃরবং রহ ওহফরধ। অধ্যাপক লাস্কি ছিলেন শ্রমিকদলের রাজনীতিবিদ। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন ভক্ত এবং পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন তাঁর ঘনিষ্ঠজন। তিনি মনে করতেন যে, ভারতের রাজনীতিতে ছিল একটিই দল, ভারতীয় জাতীয় কংগ্রেস। মুসলিম লীগ আসলে কোনো দলই ছিল না, সেটি ছিল ব্রিটিশের ঔপনিবেশিক কৌশলের ফসল Ñ প্রজাদের বিভক্ত করতে পারলে ঔপনিবেশিক শাসন সহজেই বহাল রাখা যায়। গবেষক রাজ্জাক স্যার ভারতীয় রাজনৈতিক সাহিত্য এবং রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানের বিবর্তন বিশ্লেষণ করে অনেক পরিশ্রম করে অধ্যাপক লাস্কিকে তাঁর অভিসন্দর্ভের বিষয়টি গ্রহণযোগ্য বিবেচনা করতে সম্মত করেন। রাজ্জাক স্যার মুসলিম লীগের উন্মেষ ও কার্যক্রমকে গুরুত্বপূর্ণ মনে করতেন। মুসলিম লীগ-নেতা মোহাম্মদ আলী জিন্নাহ সম্বন্ধে তাঁর মূল্যায়ন ছিল অত্যন্ত উঁচুমানের। ভারতীয় স্বাধীনতা-আন্দোলনে তাঁর ভূমিকাকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিনিশ্চায়ক মনে করতেন। জ্ঞান-সাধনা ছিল রাজ্জাক স্যারের সহজাত প্রবৃত্তি। তাঁর গবেষণা ও অনুসন্ধান রাজনৈতিক দলের উন্মেষ ও কার্যক্রম এবং আনুষঙ্গিক রাজনৈতিক বিকাশ ও প্রক্রিয়া সম্বন্ধে তাঁকে বিশ্বের নানা অলিগলিতে নিয়ে যায় এবং তাঁকে বিশেষভাবে ইতিহাস-সচেতন করে তোলে। যে-কোনো বিষয় আলোচনায় আসলেই তিনি ইতিহাস-আলোচনায় মনোনিবেশ করতেন। যে-কোনো বিষয়ের শানে-নজুল নিয়ে এইরকম আগ্রহ আমি খুব কমই দেখেছি।
অবশেষে ১৯৫০ সালের মে মাসে তিনি একটি অভিসন্দর্ভের খসড়া তৈরি করতে সমর্থ হন। তাঁর গবেষণার বিষয় সম্বন্ধে তিনি নিজে বলেন যে, রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিকদলের ইতিহাস নয়, বরং যে-প্রক্রিয়ায় ভারতে ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারই বিশ্লেষণ। রাজনৈতিক বিকাশে চিন্তাভাবনা ও আদর্শ যেমন প্রতিপত্তিশালী, তেমনি গুরুত্বপূর্ণ হলো সাংগঠনিক উদ্যোগ এবং বাস্তব কার্যক্রম। তাঁর মতে, শুধুমাত্র স্বরাজের জন্যে আন্দোলন ভারতে রাজনৈতিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করে। ইতিবাচক কোনো কার্যক্রমে নজর দেবার অবকাশ ভারতের রাজনৈতিক দলগুলো পায়নি। ব্রিটিশ শাসনের অবসানই ছিল রাজনৈতিক কর্মকাণ্ডের একমাত্র লক্ষ্য। সার্বিক রাজনৈতিক আন্দোলন শুধুমাত্র এই দাবিকে ঘিরেই পরিচালিত হয়। অন্য বিবেচনায় ব্রিটিশ সরকার রাজনৈতিক বিকাশ, বিশেষ করে রাজনৈতিকদলের সংগঠনে, বিপত্তি সাধে। ১৯০৯ সালের মোর্লি-মিন্টো সংস্কারও কোনোমতেই ভারতে সংসদীয় শাসনব্যবস্থার বিকাশ আশা করেনি। তদুপরি ভোটাধিকার সীমিত করে এবং ভোট-প্রদানে ও প্রতিনিধি-নির্বাচনে গোষ্ঠী ও শ্রেণিকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলগঠনের জন্য কোনোমতেই ইতিবাচক পদক্ষেপ নেবার সুযোগ দেওয়া হয়নি। তাই রাজ্জাক স্যারের বিবেচনায় ব্রিটিশ ভারতে কোনো রাজনৈতিকদলের বিকাশ হয়নি, শুধু সম্ভাবনার ক্ষেত্র প্রস্তুত হয়। দুঃখের বিষয় যে, এইরকম একটি বিশ্লেষণ স্যার সম্পূর্ণ করতে বিরত থাকেন।
১৯৫০ সালের মার্চে অধ্যাপক লাস্কি ইহধাম ত্যাগ করেন। রাজ্জাক স্যারের জন্য ক্ষতিটি ছিল মারাত্মক ও ব্যক্তিগত। লাস্কির সঙ্গে তাঁর একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে, যার ভিত্তি ছিল জ্ঞানান্বেষণ ও গবেষণা। ব্রিটিশ-শাসনে ভারতীয় শাসনব্যবস্থায় যে-কেন্দ্রায়ন হয় এবং রাজনীতি যেভাবে প্রশাসনের কুক্ষিগত হয় সেখানে রাজনৈতিক বিকাশের সম্ভাবনা যে সীমিত ছিল, এই ধারণাটি তিনি লাস্কিকে ভালোভাবে প্রদান করেন। ভারতে রাজনৈতিক আন্দোলন যে পুরোপুরি ইংরেজিশিক্ষিত গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে জনগণের অংশগ্রহণ অবহেলা করে যায় সেদিকে তিনি সমাজবাদী চিন্তায় উদ্বুদ্ধ লাস্কির দৃষ্টিআকর্ষণে সক্ষম হন। এইভাবে ভাবের জগতে তাঁরা হয়ে যান খুবই ঘনিষ্ঠ ও নিকটাত্মীয়। ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিবেশই যে মুসলিম লীগের উদ্ভবে সহায়তা করে, সেই সত্যটি তিনি প্রতিষ্ঠা করতে সমর্থ হন। এতে সাম্প্রদায়িকতার চেয়ে বেশি অবদান ছিল অর্থনৈতিক ও সামাজিক অবহেলা এবং শিক্ষার আলো থেকে মুসলমানদের বঞ্চনা। অন্যদিকে কংগ্রেস এই বঞ্চনা ও অবহেলা কখনো অনুধাবন করতে না পারায় সেটি একটি সম্প্রদায়ের স্বার্থে নিবেদিত প্রতিষ্ঠানে পরিণত হয়। এই সম্প্রদায়টি ছিল পাশ্চাত্য শিক্ষায় আলোকিত ও অর্থনৈতিক অবস্থানে অগ্রসর হিন্দু সম্প্রদায়। অধ্যাপক হ্যারল্ড লাস্কি রাজ্জাক স্যারের এই তত্ত্বের সারবত্তা সম্বন্ধে ইতিবাচক ধারণায় উপনীত হন। স্যার বলতেন যে, তাঁর তত্ত্বের পক্ষে লাস্কির দৃষ্টি আকর্ষণ করতে তাঁর লাগে পাঁচ বছর। এত পরিশ্রমের পর নতুন করে আরেকজন অধ্যাপককে বোঝানোর ধৈর্য তাঁর ছিল না। তাই তাঁর কাজটি শেষ না করেই তিনি দেশে প্রত্যাবর্তন করেন। তবে ক্ষতি যা হয় তা ছিল যে, কাজটি তিনি কখনো সম্পূর্ণ করলেন না। তাঁর থিসিসের পাণ্ডুলিপিতে দেখা যায় যে, তিনি এই বিষয়ে কাজ করেছেন, নোট লিখেছেন, টীকার খোঁজ করেছেন, কিন্তু তা সম্পূর্ণ হয়নি। এই থিসিসে তত্ত্বকথা এবং ঘটনাপরম্পরা বিশ্লেষণ করে বিভিন্ন সিদ্ধান্তের ইঙ্গিতপ্রদান আমাকে খুবই আকর্ষণ করে।
নেতিবাচক লক্ষ্য কীভাবে রাজনৈতিক বিকাশে বাধ সাধে, তার পরিচয় শুধু ব্রিটিশ শাসনবিরোধী আন্দোলনের ইতিহাসেই পাওয়া যায় না, বাংলাদেশে রাজনৈতিক বিকাশের ইতিহাসেও তেমনি সমান্তরাল পরিক্রমা নজরে পড়ে। পশ্চিম পাকিস্তানের অন্যায়-অবিচারের অবসানের আন্দোলন সুষ্ঠু রাজনৈতিক বিকাশে বাধ সাধে। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক দলগঠনের প্রক্রিয়াটি ছিল বড় দুর্বল এবং সম্ভবত তারই প্রতিফলন রূপায়িত হয়েছে রাজনীতির বর্তমান দুর্বৃত্তায়নে।
রাজ্জাক স্যার বিস্তৃত ও ব্যাপক ঐতিহাসিক প্রেক্ষাপটে বিবেচনা করতে পারতেন বলেই সমসাময়িক দুর্যোগ বা অধঃপতন সম্বন্ধে তিনি উদাসীন বা নিস্পৃহ থাকতে পারতেন। কেউ কেউ তাঁকে এজন্য বৈরাগী বিবেচনা করতেন, আবার কেউ কেউ মনে করতেন যে, তিনি শুধু সমালোচনাই করেন, সমাধান বলতে পারেন না। দুটি ধারণাই ছিল তাঁর ক্ষেত্রে একেবারে অপ্রযোজ্য। জীবন নিয়ে আগ্রহ তাঁর কখনো কম ছিল না। জ্ঞান-আহরণে কখনো তিনি ক্ষান্ত দেননি। নিজের সামর্থ্যে যতটুকু করা যায় সেখানে তিনি কখনো অলস ছিলেন না, বরং এগিয়ে গিয়ে পরোপকারে রত থাকেন। কতিপয় মৌলিক বিষয়ে তাঁর আগ্রহ ও নিবেদন কোনোমতেই কোনো নিস্পৃহ ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। তিনি বলতেন যে, ইউরোপীয় রেনেসাঁসের অন্যতম শ্রেষ্ঠ অবদান ছিল বিভিন্ন মাতৃভাষার বিকাশ। মাতৃভাষাচর্চার দিকে তিনি সবসময়ে দৃষ্টি আকর্ষণ করতেন। তিনি মনে করতেন যে, সামরিক শাসন রাজনৈতিক ব্যর্থতা ও সামরিক উচ্চাভিলাষের দুষ্ট ফসল। সামরিক শাসনে জনগণের কোনো মঙ্গল হতে পারে বলে তিনি বিশ্বাস করতেন না এবং নিজস্ব স্টাইলে তিনি সবসময়ে তার বিরোধিতা করেন। পারিপার্শ্বিক সম্বন্ধে অনীহা থাকলে কেউ এমনি ধরনের আগ্রহ বজায় রাখতে পারত না।
আমার বিবেচনায় তিনি বিশ্বব্যবস্থা সম্বন্ধে একটি উদার দর্শনে বিশ্বাস করতেন। তিনি বোধহয় মনে করতেন যে, তামাম দুনিয়ার সমস্যা-সমাধানের দায় আমার স্কন্ধে ন্যস্ত নয়, কিন্তু পৃথিবীর গোলকধাঁধা সমাধানের একটি সূত্র আমি। আমি আমার দায়িত্বটি যথাযথ পালন করতে পারলেই মানবসভ্যতায় আমার নিবেদন হলো ফলপ্রসূ। এমনি সুন্দর দায়িত্ববোধ যদি বৃহত্তর জনগোষ্ঠীর থাকে তাহলেই তো সভ্যতা বর্তে যায়। মুশকিল হলো যে, আমাদের এলিট যাঁরা সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেন, তাঁরা এই দর্শনে বিশ্বাস করেন না। তাঁরা প্রত্যেকেই অতিমানব, সারাবিশ্বের মঙ্গল তাঁদের উপরই নির্ভরশীল। তাই তাঁরা একান্তভাবেই অপদার্থ এবং সমাজের অমঙ্গলই তাঁরা সাধন করেন। তাঁরা তাঁদের ব্যক্তিগত দায়িত্বও যেমন পালন করেন না, তেমনি সমাজের অনর্থ সাধন করেন। রাজ্জাক স্যার ছিলেন জ্ঞানান্বেষণের পুরোহিত। সেভাবেই তাঁকে স্মরণ করা উচিত। তাঁর ব্যক্তিগত গ্রন্থসংগ্রহ দিয়ে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। এই পরিকল্পনার বাস্তবায়ন হবে তাঁর প্রতি সর্বোত্তম শ্রদ্ধাঞ্জলি। এই গ্রন্থাগার একটি দিশারীর ভূমিকা পালন করতে পারে। আরো ব্যক্তিগত সংগ্রহ ক্রমে ক্রমে এমনি একটি গ্রন্থাগারকে আরো সমৃদ্ধ করতে পারে।

Leave a Reply
You must be logged in to post a comment.