হেগেল ও হেগেলের পূর্ববর্তী দার্শনিকদের
চিন্তাধারায় আধিবিদ্যক বিমূর্ত ধারণার প্রাধান্য দেখে মনে হয়, দর্শন মানেই হলো তত্ত্বজিজ্ঞাসা Ñ এ-বিশ্বজগতের উৎপত্তি ও সৃষ্টি সম্পর্কে এক-একটি মতবাদ দেওয়া বা সত্তা ও পরমসত্তা প্রভৃতির স্বরূপ ব্যাখ্যাদান ছাড়া দর্শনের বুঝি আর কোনো কাজ নেই। প্রচলিত দর্শনের এ-দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বৈপ্লবিক পরিবর্তন ও নতুন দার্শনিক দৃষ্টিভঙ্গির অবতারণা করেন হেগেলের মৃত্যুর পর সমকালীন দার্শনিকরা। উদাহরণস্বরূপ, বিশ্লেষণী দার্শনিকরা অধিবিদ্যার ভাষার অর্থপূর্ণতা নিয়ে প্রশ্ন তোলেন; অনেকে অধিবিদ্যাকে দর্শন থেকে বাদ দিতে চাইলেন; আবার কেউ কেউ সুস্পষ্টভাবে না বলতে পারলে নিশ্চুপ থাকতে পরামর্শ দিলেন এবং অধিবিদ্যার ভাষার সংস্কার ও সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। ফয়েরবাখের দ্বারা প্রভাবিত হয়ে কার্ল মার্কস হেগেলের ভাববাদবিরোধী দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবর্তন করেন এবং দর্শনের কাজ জগৎ তথা সমাজের পরিবর্তন করা, জগতের ব্যাখ্যা দেওয়া নয় বলে মন্তব্য করেন। আর অস্তিত্ববাদীরা দৃষ্টি দেন ব্যক্তিমানুষের বাস্তব অস্তিত্বের প্রশ্নে এবং এ গুরুত্বপূর্ণ বিষয়টি অবহেলিত হওয়ার কারণে প্রচলিত দার্শনিকদের কঠোর সমালোচনা করেন।
ব্যক্তিমানুষের অস্তিত্ব-বিষয়ক সমকালীন এ দার্শনিক ধারাটির জন্ম ডেনমার্কে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে দার্শনিক সোরেন কিয়ের্কেগার্দের হাতে। কিন্তু বস্তুতপক্ষে বিংশ শতাব্দীতেই দ্বিতীয় মহাযুদ্ধের পর এ-দর্শনের বিকাশ ও প্রসার ঘটে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বিশেষ আলোড়ন সৃষ্টি করে। এর মূলে রয়েছে জ্যাঁ-পল সার্তের বৈপ্লবিক চিন্তাধারা। অস্তিত্ববাদী দার্শনিকদের মধ্যে সার্তের নাম এত বেশি পরিচিত এবং তাঁর প্রভাব এত ব্যাপক যে, আজকের অস্তিত্ববাদ বলতে অনেকেই তাঁর নাস্তিক্যবাদী অস্তিত্ববাদকে বুঝে থাকেন।
সার্তের অস্তিত্ববাদের মূল সুরটি হলো নাস্তিকতা। খ্রিষ্টানধর্মের বিরোধিতা করে এবং ‘ঈশ্বর Ñ মৃত’ এ বিখ্যাত উক্তিটির মধ্য দিয়ে অস্তিত্ববাদী-দর্শনে নাস্তিক্যবাদী ধারণার গোড়াপত্তন করেন নীট্শে। সার্তের নাস্তিকতার ধারণা কিন্তু নীট্সের ধারণার চেয়ে অনেক বেশি বলিষ্ঠ ও তীব্রতার সঙ্গে উপস্থাপিত। ‘ঈশ্বর মৃত’ বললে মনে হয় ঈশ্বর যেন কোনো-এক সময়ে জীবিত ছিল। কিন্তু সার্তের কাছে ঈশ্বর কোনোকালেই জীবিত বা অস্তিত্বশীল ছিল না। সার্ত শুধু যে ঈশ্বরের ধারণাকে অসম্ভব ও বিরোধপূর্ণ বলেছেন তা নয়; ঈশ্বরের যদি অস্তিত্ব থেকেও থাকে, তাহলেও সে-ঈশ্বর মানুষের স্বাধীনতার কাছে দুর্বল ও অপ্রয়োজনীয় বলেও তিনি উল্লেখ করেছেন।
অস্তিত্ববাদে আস্তিক্যবাদী ধারাটি শুরু হয় কিয়ের্কেগার্দকে দিয়ে। কিয়ের্কেগার্দের অস্তিত্ববাদী চিন্তাধারা সম্পূর্ণভাবে খ্রিষ্টানধর্মীয় মতবাদের ওপর প্রতিষ্ঠিত। কিয়ের্কেগার্দ মানুষের স্বরূপ, অস্তিত্ব, স্বাধীনতা, নির্বাচন প্রভৃতি সবকিছুই খ্রিষ্টানধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেছেন, উপলব্ধি করেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। তাঁর দর্শনকে খ্রিষ্টানধর্ম থেকে বিচ্ছিন্ন করার উপায় নেই।
অন্যদিকে সার্তের সব অস্তিত্ববাদী চিন্তাধারাই তাঁর নাস্তিকতার ধারণা থেকে উদ্ভূত। কিয়ের্কেগার্দের মতে, অস্তিত্বশীল হওয়ার অর্থই হলো একজন আদর্শ খ্রিষ্টান হওয়া যা ঈশ্বর কর্তৃক পূর্ব থেকেই প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত। প্রত্যেক মানুষকেই তাই ঈশ্বর কর্তৃক নির্ধারিত সেই সারসত্তা (বংবহপব) অনুযায়ী একজন আদর্শ খ্রিষ্টান হিসেবে জীবন-যাপন করতে হবে। এছাড়া অন্য কোনো জীবন অস্তিত্ব নয়। সার্তের নাস্তিক্যবাদী অস্তিত্ববাদ এ ধারণার ঠিক বিপরীত। সার্ত ঈশ্বর বা অন্য কোনো অতিজাগতিক শক্তির দ্বারা নিয়ন্ত্রিত বা নির্ধারিত মানুষের সারসত্তায় বিশ্বাসী নন। তাঁর মূল বক্তব্য হলো : যেহেতু ঈশ্বরের কোনো অস্তিত্ব নেই, তাই মানুষের অস্তিত্ব তার সারসত্তার পূর্বগামী। মানুষ প্রথমে এ-পৃথিবীতে আসে অর্থাৎ জন্মগ্রহণ করে, পরিবেশের সম্মুখীন হয়, তারপর নিজেকে সংজ্ঞায়িত করে। মানুষকে সার্বিকভাবে সংজ্ঞায়িত করা যায় না, কারণ ঈশ্বর না থাকার কারণে মানুষ সার্বিক কোনো সারসত্তা নিয়ে জন্মগ্রহণ করে না। প্রত্যেক মানুষই তাই তার নিজের স্বভাবকে, সারসত্তাকে নিজেই তৈরি করে। মানুষ প্রথমে থাকে শূন্য (হড়ঃযরহম) অর্থাৎ সারসত্তাবিহীন এবং পৃথিবীতে আগমনের পর যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে কিছুতে পরিণত করছে, ততক্ষণ পর্যন্ত সে শূন্যই থাকে। প্রত্যেক মানুষই তার নিজস্ব পরিকল্পনা, ইচ্ছা, স্বাধীনতা ও কর্মের মাধ্যমে নিজের সারসত্তাকে তৈরি করে। তাই, সার্তের মতে, ‘মানুষ নিজেকে যেভাবে তৈরি করে, তাছাড়া সে আর কিছুই নয়।’
কিয়ের্কেগার্দ একজন যথার্থ অস্তিত্বশীল ব্যক্তি বলতে বুঝিয়েছেন একজন আদর্শ খ্রিষ্টানকে। কিন্তু সার্তের ব্যক্তিমানুষ এক অস্থির, অনির্দিষ্ট ও অনিত্য চেতনসত্তা (চড়ঁৎ-ংড়র) যার স্বরূপ বা স্বভাবকে বিশেষ কোনো গুণ বা বৈশিষ্ট্যের দ্বারা নির্ধারণ করা সম্ভব নয়। সার্তের মতে, মানুষের স্বভাব হলো ‘সে যা সে তা নয়, এবং সে যা নয়, সে ঠিক তাই।’ উদাহরণস্বরূপ, একটা অচেতনসত্তা (বহ-ংড়র) যেমন টেবিল হলো এটি যা এটি ঠিক তাই Ñ এর বেশিও নয়, এর কমও নয়। একটা টেবিল ইচ্ছে করলে একটা চেয়ার বা অন্য কিছুতে পরিণত হতে পারে না। কিন্তু একজন শিক্ষক বা একজন সাংবাদিক টেবিলের মতো সীমিত নয় কখনো Ñ তার রয়েছে সামনে উন্মুক্ত ভবিষ্যৎ ও অফুরন্ত সম্ভাবনা Ñ প্রতিনিয়ত সে চিন্তায় ও কল্পনায় নিজের বাইরে চলে যাচ্ছে, পরিকল্পনা করছে এবং তাঁর বর্তমান অবস্থাকে অতিক্রম করে অন্য এক অবস্থায় পরিণত হওয়ার সম্ভাবনা তার মধ্যে সবসময়ই রয়েছে।
চেতনসত্তা হিসেবে অস্থির, অস্থিতিশীল ও অনির্দিষ্ট স্বভাবের জন্য সার্ত মানুষকে অপূর্ণ বলে অভিহিত করেছেন। তাঁর এ অপূর্ণতা হলো, সে যা সে তা নয় Ñ এটা এক ধরনের অভাব। সার্তের মতে, মানুষ এ অভাব বা অপূর্ণতা থেকে মুক্তি পেতে চায়; তার চঞ্চল, পরিবর্তনশীল স্বভাবকে স্থির ও স্থিতিশীল করতে চায়। এটা করা সম্ভব একমাত্র যদি সে বস্তু বা আঁ-সোঁয়ার মতো অচেতন হতে পারে। কিন্তু মানুষ অচেতন হতে চায় না, তার চেতনা ও স্বাধীনতাকে সে হারাতে চায় না। সে আসলে যা হতে চায় তা হলো, এক অসম্ভব সত্তায় পরিণত হওয়া : সে লাভ করতে চায় বস্তুর পূর্ণতা; কিন্তু চেতনাকে হারিয়ে নয় Ñ অর্থাৎ সে হতে চায় একই সঙ্গে পুর-সোঁয়া-আঁ-সোঁয়া, চেতন-অচেতন। সার্ত এ চেতন ও অচেতনের মিলন বা সমন্বয়কে বলেছেন ঈশ্বর, কিন্তু এ-মিলন বিরোধপূর্ণ ও অসম্ভব। ঈশ্বরের ধারণাও তাই অসম্ভব। তাই মানুষের পূর্ণতালাভ সম্ভব হয় না কখনো। সেজন্যেই সার্ত মনে করেন, ‘মানুষ হচ্ছে অকেজো একটি ভাবাবেগ মাত্র।’
আস্তিক্যবাদী দার্শনিক হিসেবে স্বাধীনতা সম্পর্কে কিয়ের্কেগার্দের ধারণা নিয়ন্ত্রিত ও সীমিত। কিয়ের্কেগার্দের মতে, স্বাধীন হওয়ার অর্থই হলো নিঃশর্তভাবে ও সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা, অর্থাৎ একজন আদর্শ খ্রিষ্টান হওয়া। অন্যদিকে সার্তের মতে, মানুষের স্বাধীনতা সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত ও উন্মুক্ত। সার্ত মনে করেন, মানুষ হওয়া আর স্বাধীন হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষ স্বাধীন না হয়ে পারে না Ñ স্বাধীন হতে সে বাধ্য। স্বাধীন না হতে চাওয়াটাও এক ধরনের স্বাধীনতা। আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত নির্বাচন করতে হচ্ছে, সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের পক্ষে নির্বাচন না করে থাকা সম্ভব নয় Ñ নির্বাচন না করাটাও এক ধরনের নির্বাচন। নির্বাচন করার এ-কাজটি এমন একটি কাজ, যা প্রত্যেক মানুষকে নিজেকেই করতে হয়। নির্বাচনকারী যতই অন্যের উপদেশ ও পরামর্শ গ্রহণ করুক না কেন, অবশেষে নির্বাচন করার বা সিদ্ধান্ত গ্রহণ করার সম্পূর্ণ দায়িত্ব তার নিজের ওপর বর্তায়। নির্বাচন করার এ-দায়িত্বটুকু আমরা কারও ওপর এমনকী ঈশ্বরের ওপর চাপিয়ে দিতে পারি না। সেজন্যেই সার্ত মনে করেন, ঈশ্বর যদি অস্তিত্বশীল হয়েও থাকেন, সে-ঈশ্বর আমাদের কোনো কাজে আসে না।
স্বাধীনতা সম্পর্কে সার্তের সুস্পষ্ট ধারণা পাওয়া যায় ঞযব ঋষরবং (খবং গড়ঁপযবং) নামক একটি নাটকে। নাটকটি পৌরাণিক এক গ্রিক উপাখ্যানকে ভিত্তি করেই রচিত। উপাখ্যানটি সংক্ষেপে এরূপ : আরগসের রাজা আগামেমননকে হত্যা করার পর তার ভ্রাতা এজিস্টাস রানী ক্লাইটেমনেস্ট্রাকে বিয়ে করেন এবং অপরাধক্লিষ্টমনে রাজ্যশাসন করতে থাকেন। আগামেমননের ছেলে অরেস্টিস দীর্ঘ পনেরো বছর কোরিন্টে নির্বাসনের পর পিতৃহত্যার প্রতিশোধগ্রহণের উদ্দেশ্যে আরগসে আগমন করলে জিউস (ঈশ্বর) তাকে আরগস ছেড়ে চলে যেতে আদেশ দেন। অরেস্টিস সে-আদেশ প্রত্যাখ্যান করে : ‘আজ থেকে আমি আর কারও কথা শুনবো না, মানুষেরও না, ঈশ্বরেরও না।’
জিউস তখন এজিস্টাসকে অরেস্টিসের অভিসন্ধির কথা জানালেন এবং অরেস্টিসকে কারাগারে বন্দি করে রাখতে পরামর্শ দিলেন। এজিস্টাস তখন জানতে চাইলেন, ঈশ্বর হয়ে তিনি কেন অত বড় ট্র্যাজেডি বন্ধ করতে পারেন না। উত্তরে জিউসের মুখ থেকে একটি গোপন সত্য বেরিয়ে আসে : ‘দুঃখের ব্যাপার হলো মানুষ স্বাধীন … অরেস্টিস জানে যে, সে স্বাধীন … মানুষের মনে স্বাধীনতার চেতনা উন্মোচিত হলে ঈশ্বর তার কাছে দুর্বল।’
নাটকটির শেষ অঙ্কে দেখা যায়, অরেস্টিস জিউসের আদেশ সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে তার মা ও এজিস্টাসকে হত্যা করে। জিউস তখন অরেস্টিসকে তার পাপকর্মের জন্য অনুতপ্ত হতে বলেন এবং তার পরিবর্তে আরগসের সিংহাসনের লোভ দেখান। কিন্তু অরেস্টিস অস্বীকার করে : ‘আমি পাপী নই, এবং যে-কাজকে আমি পাপ বলে মনে করি না, সে-কাজের জন্য আমাকে অনুতপ্ত হতে বলার তোমার ক্ষমতা নেই।’
জিউস তখন দাবি করেন যে, তিনি জগতের সবকিছুরই স্রষ্টা এবং সমগ্র বিশ্ব তার সৃষ্ট নিয়মানুসারেই চলে। সুতরাং অরেস্টিসের উচিত এ-বিষয়ে সুবুদ্ধি হওয়া এবং তার আদেশ মেনে চলা। কিন্তু অরেস্টিস একটুও বিচলিত হয় না :
‘তোমার সমস্ত শক্তি আমাকে দোষী বলে প্রমাণ করতে অক্ষম। তুমি দেবতাদের রাজা, পাথর ও নক্ষত্রের রাজা, সমুদ্রের ঢেউয়ের রাজা হতে পার, কিন্তু মানুষের রাজা নও।’
জিউস তখন অরেস্টিসকে স্মরণ করিয়ে দেন : ‘ধৃষ্টতা তোমার! আমি তোমার রাজা নই? তাহলে তোমাকে সৃষ্টি করলো কে?’
অরেস্টিস : ‘কিন্তু তুমি ভুল করেছ, আমাকে স্বাধীন করে সৃষ্টি করা তোমার উচিত হয়নি।’
জিউস : ‘তোমাকে স্বাধীনতা দিয়েছি, আমাকে সেবা করার জন্যই।’
অরেস্টিস : ‘আমিই আমার স্বাধীনতা, সৃষ্ট হবার পর থেকেই আমি আর তোমার কেউ নই।’
উপরের কথোপকথন থেকে মনে হতে পারে যে, স্বাধীনতা বলতে সার্ত উগ্র ব্যক্তিকেন্দ্রিকতাকেই বুঝিয়েছেন, তা ঠিক নয়। স্বাধীনতা বলতে সার্ত কখনো ব্যক্তির স্বেচ্ছাচারিতা, নিজের পছন্দমতো যা ইচ্ছে তাই করাকে বোঝাননি। তাঁর স্বাধীনতার ধারণার সঙ্গে দায়িত্ববোধের প্রশ্নটি অবিচ্ছিন্নভাবে জড়িত। তাঁর মতে, স্বাধীন হওয়ার অর্থই হলো অঙ্গীকারবদ্ধ হওয়া এবং সমগ্র মানবজাতির দায়িত্ববোধ নিজের কাঁধে নেয়া। সার্ত বলেন, মানুষ যখন নির্বাচন করে, সে শুধু নিজের জন্য নির্বাচন করে না, নির্বাচন করে সবারই জন্য। এবং তার প্রত্যেকটি নির্বাচনের জন্য সে দায়ী থাকে শুধু নিজের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য। সার্ত দাবি করেন যে, মানুষ স্বভাবতই ভালো জিনিসকে নির্বাচন করে, কিন্তু কোনো জিনিসই ভালো নয় যদি না তা সবারই জন্য
ভালো হয়। এভাবে সার্ত তাঁর অস্তিত্ববাদকে মানবতাবাদে উন্নীত করার চেষ্টা করেন।
সার্ত প্রধানত একজন দার্শনিক হলেও বিশেষভাবে খ্যাতি অর্জন করেছিলেন একজন নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও সাহিত্য-সমালোচক হিসেবে। তবে তাঁর সমগ্র সাহিত্য-রচনায় তিনি তাঁর অস্তিত্ববাদী দর্শনের মূলভাবটিকেই বিভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সাহিত্যকে তিনি তাঁর দর্শনের এমন এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজে লাগিয়েছেন এবং তাঁর চিন্তাধারাকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন যে, দর্শনের সমগ্র ইতিহাসে অন্য আর কোনো দার্শনিক এত বেশি পাঠক ও শ্রোতার মন জয় করেছেন বলে মনে হয় না।
সার্ত লিখেছেন : ‘লেখকের কাজ হলো যা বলার তা সহজভাবে বলা। ভাষা যদি দুর্বল হয়, তাকে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের। সত্যপ্রকাশের জন্য আমাদের ভাষা অসম্পূর্ণ বলে যদি কেউ বিলাপ করেন, তাহলে বলতে হবে তিনি মিথ্যা প্রচারকাজ চালাচ্ছেন। আমি ভাবপ্রকাশের অসম্ভবতায় বিশ্বাস করি না। সার্তের এ-বক্তব্য মনে হয় তাঁর সাহিত্যের বেলায় প্রযোজ্য, দর্শনের ক্ষেত্রে নয়। তাঁর কয়েকটি প্রধান দার্শনিক গ্রন্থ, যেমন – Being and Nothingness, Critique of Dialectical Reason, The Transcendence of Ego প্রভৃতির ভাষা যেমন জটিল তেমনি দুর্বোধ্য এসব গ্রন্থে বর্ণিত তাঁর অস্তিত্ববাদী ধারণা। তাঁর দর্শনের ভাষা জটিল হওয়ার অন্যতম কারণ হলো তিনি এমন কতকগুলো নতুন ও অপরিচিত শব্দ ব্যবহার করেছেন যেগুলোর সঠিক অর্থ অনুধাবন করা কঠিন। তবে সাহিত্যরচনায় তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর সাহিত্যের ভাষা সহজ, স্বচ্ছ ও আকর্ষণীয়। তিনি যথার্থই উপলব্ধি করেছিলেন যে, দর্শনের চেয়ে সাহিত্যের আবেদন অনেক বেশি। তাঁর জটিল দার্শনিক গ্রন্থসমূহ সাধারণ মানুষের জন্য পাঠ করা ও বোঝা সহজ ছিল না কখনো। কিন্তু তাঁর রচিত নাটক ও উপন্যাস এবং এগুলোর ওপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে সার্ত তাঁর জটিল দার্শনিক ধারণাকে সহজতর ও বোধগম্য করতে সক্ষম হয়েছেন। সাহিত্যের মাধ্যমে এভাবে দার্শনিক মতামতকে গণমুখী ও জনপ্রিয় করার ক্ষেত্রে সার্তের এ এক বড় সার্থকতা।
সাহিত্যে সত্যপ্রকাশের জন্য কল্পনার একটা আবশ্যকীয় ভূমিকা আছে। কিন্তু সার্তের সাহিত্য-রচনা নিছক কল্পনার সৃষ্টি নয়। তিনি কখনো শুধু চিত্তবিনোদনের জন্য লেখেননি, বা অযথা গল্প বা চরিত্র সৃষ্টি করেননি। লক্ষ করলে দেখা যাবে, তাঁর নাটক ও উপন্যাসের এক-একটি কাল্পনিক চরিত্রকে তিনি জীবনের এমন এক-একটি মুহূর্ত বা সঙ্কটাবস্থার মুখোমুখি করেছেন, যা আমাদের অস্তিত্বমূলক, নৈতিক বা রাজনৈতিক জীবনেরই বাস্তব প্রতিচ্ছবি।
সার্ত মনে করেন, সমাজের প্রতি সাহিত্যের বিশেষ একটা কর্তব্য আছে। তিনি এমন সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেছিলেন, যে-সাহিত্য সমাজকে পরিবর্তন করতে এবং সমাজকে নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে পরিচালিত করতে অঙ্গীকারবদ্ধ। তাঁর মতে, ‘সাহিত্য হবে স্থায়ী বিপ্লবে সমাজের আত্ম-সচেতনতা, যা মানুষের আচার-আচরণকে প্রভাবিত করবে, তাদের কী করতে হবে তার নির্দেশ দেবে।’ সার্তের অস্তিত্ববাদী দর্শনের লক্ষ্য শুধু মানুষের অস্তিত্ব ও স্বাধীনতার স্বরূপ ব্যাখ্যা নয়, বরং ‘মানুষকে প্রভাবিত করার অভিপ্রায়, তাদের নিজেদের সম্পর্কে, নিজেদের অস্তিত্ব ও স্বাধীনতা সম্পর্কে সচেতন করে তোলার একটা প্রবল আকাক্সক্ষা।’
এবার ঞযব ঋষরবং নাটকে বর্ণিত ঘটনার তাৎপর্য ব্যাখ্যা করা যাক। নাটকটিতে সার্ত অরেস্টিসের মাধ্যমে যে-ঈশ্বরকে অস্বীকার করেছেন, সে-ঈশ্বর শুধু ধর্মীয় ঈশ্বর নয়, প্রতিক্রিয়াশীল শক্তিও বটে। নাটকটিকে একটি প্রতিরোধমূলক নাটক বলা যায়। এখানে এজিস্টাস হলো ফ্রান্সে জার্মানি দখলকারীর প্রতিরূপ আর ক্লাইটেমনেস্ট্রা শত্রুর সঙ্গে সহযোগীর প্রতীক। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফ্রান্সে জার্মানি দখলকারীর শক্তির বিরুদ্ধে একটা প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছিল, যে-বাহিনীর সদস্য ছিলেন জ্যাঁ-পল সার্ত নিজে। অরেস্টিস কর্তৃক এজিস্টাসকে ও তার বিশ্বাসঘাতক মায়ের হত্যার মাধ্যমে সার্ত আসলে সমর্থন জানিয়েছিলেন সেই প্রতিরোধ বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডকে, যারা একই সঙ্গে হত্যা করেছিল দখলকারী জার্মানদেরকে এবং তাদের সঙ্গে সহযোগী স্বদেশী ফরাসিদের।
উরৎঃু ঐধহফং সার্তের দক্ষতার সঙ্গে রচিত রাজনীতিভিত্তিক নাটকগুলোর মধ্যে অন্যতম। এখানে রাজনীতিতে হত্যাকাণ্ড এবং কমিউনিজম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ব্যক্ত হয়েছে। হত্যাকাণ্ড-বিষয়ক রচিত তাঁর আরো একটি উল্লেখযোগ্য লেখা হলো ওহ ঞযব গবংং চিত্রনাট্য। এখানে শক্তিশালী পুঁজিবাদী রাষ্ট্র কীভাবে অন্যরাষ্ট্রে হস্তক্ষেপ করে তার একটি নিখুঁত চিত্র পাওয়া যায়। The Respectable Prostitute নাটকটিতে সার্ত আমেরিকার জীবনযাত্রার সমালোচনা করেছেন। তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা Condemned of Altona আলজিরিয়াতে ফ্রান্সের উপনিবেশবাদের বিরুদ্ধে একটি তীব্র প্রতিবাদ।
Lucifer and Lord সার্তের অন্যতম একটি শ্রেষ্ঠ রচনা, যেখানে তিনি ভালো-মন্দ সম্পর্কে চিরন্তন একটি নৈতিক সমস্যা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সার্ত মানুষের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে মনঃসমীক্ষণের কাজটিও করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। জীবনের চরম সংকটাবস্থায় মানুষের মনে কী গভীর মনস্তাপের সৃষ্টি হয়, তা তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাঁর বিভিন্ন রচনায়। ওহঃরসধপু (খব গঁৎ) নামক গল্প-সংকলনের একটি গল্পে সার্ত স্পেনের গৃহযুদ্ধের সময় ফায়ারিং স্কোয়াডে প্রাণদণ্ডের জন্য অপেক্ষমাণ স্প্যানিশ এক রিপাবলিকানের মৃত্যু-ভয় এমন বিচক্ষণতার সঙ্গে বর্ণনা করেছেন যে, তা পাঠককে রীতিমতো আতঙ্কিত করে তোলে।
এন্টোইন রুখেন্টিন নামে এক যুবকের জীবন নিয়ে রচিত সার্তের প্রথম উপন্যাস ঘধঁংবধ। রুখেন্টিন কোথাও অঙ্গীকারবদ্ধ নয়; তার পারিবারিক বা সামাজিক কোনো বন্ধন নেই, দায়িত্বও নেই, ইচ্ছেমতো সে শুধু ঘুরে বেড়ায় এবং যেখানে ইচ্ছে সেখানে বাস করে। এ-ধরনের জীবনকে অনেকে স্বাধীন বলতে পারে, কিন্তু সার্ত দেখাতে চেয়েছেন যে, রুখেন্টিন প্রকৃত অর্থে স্বাধীন নয়। এ-ধরনের জীবন আসলে স্বাধীনতা থেকে পালিয়ে বেড়ানো। স্বাধীনতার এ মূলভাবটি নিয়ে রচিত তিনখণ্ডের উপন্যাস Roads to Freedom (The Age of Reason, The Reprieve I Iron in the Soul) সার্তের এক অনন্য সৃষ্টি।
সার্ত একসময়ে মনে করতেন লেখার মাধ্যমে মানুষের মুক্তি সম্ভব। কিন্তু এ ধারণা যে কত ভ্রান্ত, তা উপলব্ধি করতে তার নাকি সময় লেগেছে পঞ্চাশ বছর। একসময় তিনি কলমকে মনে করতেন একটি তলোয়ার, কিন্তু পরে বুঝতে পেরেছেন যে, লেখকরা আসলে খুবই অসহায়। কিন্তু তা সত্ত্বেও তিনি লেখা থেকে, বই রচনা থেকে বিরত থাকেননি, কারণ তিনি মনে করতেন, এর একটা গুরুত্ব আছে। সার্তের মতে, লেখকরা লেখেন তাদের যুগের জন্য, ভবিষ্যৎ বংশধরদের জন্য নয়। কিন্তু সার্ত যে সাহিত্য-রচনা করেছেন তা বিশেষ কোনো যুগের নয়, তা সর্বকালের, সব যুগের, অনাগতকালের স্বাধীনতাকামী মানুষের জন্য।

Leave a Reply
You must be logged in to post a comment.