রবীন্দ্রসাহিত্যের এক ঘনিষ্ঠ পাঠক সম্প্রতি প্রশ্ন তুলেছেন, ‘স্ত্রীর পত্রে’ মেজোবউ মৃণাল কতটা বিদ্রোহী? (আহমদ রফিক, ‘প্রসঙ্গ নারী অধিকার : মেজবৌ মৃণাল কতটা বিদ্রোহী’, ইউপিএল সাহিত্য সংগ্রহ ২০০২, পৃ ৫২-৫৬)। খাটো করার জন্যে নয় – না মৃণালকে, না রবীন্দ্রনাথকে। আমরা জানি, এদেশে রবীন্দ্রচর্চার একনিষ্ঠ ঋত্বিক আহমদ রফিক। সংকটে-দুর্যোগে যখন রবীন্দ্রনাথের শরণ নিই, তখন আহমদ রফিকেরও ডাক পড়ে। তিনি বোঝাতে পারেন, কোথায় কতদূর আমরা সহযাত্রী, আর কোনদিকে কীভাবে আমাদের পথচলা। কাজেই, প্রশ্নটি যখন তাঁর, তখন তাঁকে হেলাফেলা করা চলে না। আবার শিরোধার্য করে তথাস্তু বলতেও মন পুরো সায় দেয় না। তাই আরেকবার খুঁটিয়ে দেখা। রবীন্দ্রনাথের গল্প পড়ায় এটা কোনো সমস্যা নয় বরং বারবার পড়ার উস্কানি পেলে সেটি সৌভাগ্য বলেই মানি। কত যে ইশারা-ইঙ্গিত নানাদিক থেকে নানাভাবে ছড়ানো-ছিটানো, সবটা একসঙ্গে চোখে পড়ে না। তেমন প্রশ্নের মুখোমুখি হলে নতুন করে আবার পড়ার তাগিদ বোধ করি। পড়ার পর গল্পটার রূপ-রসও কখনো কখনো বদলে যায়। সবটার হয়তো না। কিন্তু উদ্দেশ্যের গোপন খেলা কিছু কিছু আর গোপন থাকে না। অন্তত সেইরকমই মনে হয়। আবিষ্কারের এই আনন্দ আমাকে বিশেষ তৃপ্তি দেয়। রবীন্দ্রনাথের বেলায় অধিকাংশ সময়ে বিস্ময় আরমুগ্ধতাও। বোধহয় সব সেরা লেখার বেলাতেই এমন হয়। ‘কত যে তুমি মনোহর মনই তাহা জানে।’ – না, মনও তা জানে না। মনোহরণের সব নাগাল একবারে সে পায় না। বারবার ভাব বদলায় যে, অথবা রূপ, এবং রং! একই কথা কতদিক থেকে কতভাবে যে নিজেকে প্রকাশ করে। একাধিক মাত্রা ফুটে ওঠে। আমরা সেগুলো নিয়ে ভাবতে পারি। অথবা পারি স্তব্ধ হয়ে বসে থাকতে। আহমদ রফিকের কাছে আমি কৃতজ্ঞ, তিনি প্রশ্নটি তোলায় ‘স্ত্রীর পত্র’ গল্পটি আমার আরেকবার পড়া হলো। এই সঙ্গে বলে রাখি, আমার স্মৃতিশক্তি খুব দুর্বল। আরেকবার পড়া মানে প্রকৃতপক্ষে নতুন করে পড়াই।
তবে গল্প নিয়ে কথা বলতে গেলে সাধারণভাবে তার সীমা-চৌহদ্দির কথাও মাথায় রাখতে হয়। লেখকের চৈতন্যশাসিত ভাবনার স্বাধীনতা গল্প স্বয়ং খর্ব করে। সে-গল্প লেখকের মাথা থেকে যদি বের হয়, তবু। যে-কোনো গদ্য-লেখার পাত্র-পাত্রীকেই স্থান ও কালের গণ্ডি মানতে হয়। গল্পে বা উপন্যাসেও তার ব্যতিক্রম ঘটে না। লেখক ইচ্ছা করলেও তাঁর সৃষ্ট কোনো চরিত্রকে তাঁর মনমতো জায়গায় পৌঁছে দিতে পারেন না, যদি-না স্থান ও কাল- চিহ্নিত বাস্তবতায় তার সায় থাকে। এই সীমাবদ্ধতা মেনে নিয়েই লেখকের গল্প-উপন্যাসের পাত্র-পাত্রীদের নিয়ে এগিয়ে যাওয়া, তাদের তাঁর পরিকল্পিত কোনো লক্ষ্যের অভিসারী করা। ঘটনা চূড়ান্ত লক্ষ্যের সঙ্গে মিলতে পারে, না-ও পারে। লেখক বড়জোর লক্ষ্যটা চিনিয়ে দিতে পারেন। এর বেশি এগোবার অধিকার তাঁর থাকে না। তাঁর শিল্পমাধ্যমটিই তাঁকে নিরস্ত করে। যেচে সে আগে থেকে নিজের জায়গা-জমিতে গ্যাঁট হয়ে বসে থাকে। লেখকের ইচ্ছা-অনিচ্ছাকে তার পায়েই অঞ্জলি দিতে হয়। এমনকী ভাবের ঐক্যও তাঁর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঘটনার পাত্র-পাত্রীরা নিজেদের মতো চলতে চায়। বাস্তবতার যে-পরিমণ্ডলে তাদের সজীবতা-চলাফেরা, সেই পরিমণ্ডল তাদের অনিবার্যভাবে নানাদিক থেকে নানাভাবে নিয়ন্ত্রণ করে। তাদের সামলাতে সামলাতে গলদ্ঘর্ম হতে হয় লেখককে। পরিণতির তৃপ্তি বা অতৃপ্তি, কোনোটিই তাঁর কাছে পূর্ব-নির্ধারিত নয়। স্বয়ং যদি তিনি হন কবি, তবে এই অনিশ্চয়তার পীড়া তিনি শুধু হাড়ে হাড়ে নয়, মগজের কোনায় কোনায় টের পান। তাঁর অতৃপ্তির কথা গোপন করেন না। একটি চিঠিতে রবীন্দ্রনাথ নিজেই কবুল করেছেন, ‘একটা কবিতা লিখে ফেললে যেমন আনন্দ হয়, হাজার গদ্য লিখলেও তেমন হয় না কেন তাই ভাবছি। কবিতায় মনের ভাব বেশ একটা সম্পূর্ণতা লাভ করে; বেশ যেন হাতে করে তুলে নেবার মতো। আর, গদ্য যেন এক বস্তা আলগা জিনিস – একটি জায়গা ধরলে সমস্তটি অমনি স্বচ্ছন্দে উঠে আসে না : একেবারে একটা বোঝা-বিশেষ। রোজ যদি একটি করে কবিতা লিখে শেষ করতে পারি তাহলে জীবনটা বেশ একরকম আনন্দে কেটে যায়।’ (ছিন্নপত্র, ১৬ জ্যৈষ্ঠ ১৮৯২)।
হয়তো এটা তাঁর কোনো বিশেষ মুহূর্তের চিন্তা। অন্য অবস্থায় ভিন্ন পরিস্থিতির সামনে আরেকরকমও ভাবতে পারেন। জটিল বাস্তব পরিস্থিতি ঘাড়ে ধরে তাঁকে দিয়ে গদ্যচর্চা করিয়ে নিতে পারে; এবং তাতেও ফুটে উঠতে পারে কোনো অমর বাণী, উৎসারিত হতে পারে জাগ্রত চেতনার তাৎপর্যময় জীবনবোধ (যেমন, সভ্যতার সংকটে)। কিন্তু এই উপলব্ধিটি শুধুই আলস্যের খেয়াল বলে উড়িয়ে দেবার নয়। একটা ভাব, শুধু ভাবের স্বয়ংসম্পূর্ণতা নিয়েই, কবিতায় আলো ছড়াতে পারে। অন্য কোনো অবলম্বনের প্রয়োজন পড়ে না। সমাজ-সংসার মিছে না হলেও তাদের ছাড়িয়েই সে দাঁড়াবার অধিকার রাখে। এবং সেখানে কবিই একমাত্র নিয়ন্তা। গদ্যের বেলায় তেমনটি হবার উপায় নেই। চারপাশের বাস্তবতা ও গদ্যে বর্ণিত পরিবেশের বাস্তবতা – তার ওপর সওয়ার হয়। প্রাপ্য মূল্যে তাকে তুষ্ট করে তবেই রচনা এগোয়। লেখকের স্বাধীনতা সেই পরিমাণে সীমিত। অবশ্য স্বেচ্ছাচার অন্য জিনিস। জীবনের এবং শিল্পেরও – দায়বোধ তা বরদাস্ত করে না। জীবনেরই ইচ্ছা-অনিচ্ছার কথা, পছন্দ-অপছন্দের কথা তারস্বরে চেঁচিয়ে বললেও না।
‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে’ – বাক্যবাণীর এই উচ্চারণখণ্ডেই কবির ভাব নিজেই নিজেকে বিস্তৃত করে একটা পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়। কোনো বিশেষ ঘটনা নয়, জাগতিক বাস্তবতার সমগ্রতা থেকে এই ভাব ছিনিয়ে নেওয়া। কবিকে এখানে অন্য কোনো বাধা আটকায় না। যে পড়ে বা শোনে, সে-ও আপন চেতনায় ওই ভাবের বিস্তারে একাত্ম হয়। ‘সর্বজনের মনের মাঝে’ উপলব্ধির ঐক্য যে একটা রচিত হতে থাকে, তা মিলে যায় কবিতার সঙ্গে তাল মিলিয়েই, যদিও পেছনের ব্যক্তি-অভিজ্ঞতার বাস্তব ছবি হতে পারে একেক জনের একেক রকম। ‘বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নিজ্বালা/ জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।’ – এই প্রার্থনায় যখন কবিতা শেষ হয়, তখন উপলব্ধির পূর্ণতা স্থান-কালের সব গণ্ডিকে অতিক্রম করে। ‘আত্মহোমের বহ্নিজ্বালা’র সম্ভাব্যতাকে প্রত্যেকে নিজের নিজের মতো করে অনুভব করি, কিন্তু তার আবেদন লক্ষ্যভ্রষ্ট হয় না- একই থাকে।‘মুক্তি-আশে’ তা চরিতার্থ হয়। বিনতি অথবা বিদ্রোহ, ক্রোধ অথবা বৈরাগ্য, ওই ‘বহ্নিজ্বালা’য় মিশে যায়। আমরা তাদের নিয়ে আলাদা আলাদা প্রশ্ন করি না, অবশ্য চেতনায় এক প্রেরণাশিখা জ্বলে ওঠে ঠিকই। কবি যদি এতে তৃপ্ত হন, তবে তা অমূলক মনে হয় না।
কিন্তু গল্পে ‘বহ্নিজ্বালা’ তার ক্ষেত্রটিকেও চিনিয়ে দেবার দাবি জানায়। সেই ক্ষেত্রে স্থান-কাল পাত্র-পাত্রী সবারই সুনির্দিষ্ট ভূমিকা। বাছাই করার কাজটা লেখকের। ‘বহ্নিজ্বালা’র আঁচটা ঠিকমতো ফুটলো কিনা, সেটি দেখবারও। কাহিনী তাঁর মূল্যবান অবলম্বন। এবং সে-কারণে ওই কাহিনীর বিশ্বাসযোগ্যতার দিকেও তাঁর নজর রাখতে হয়। বিশ্বাসযোগ্যতা তাঁর তৈরি নয়, সমাজবাস্তবতার তৈরি। এমনকী রূপকথা হলেও। কারণ স্বপ্ন-কল্পনাগুলো সমাজেরই। এই সমাজ গল্পের পাত্র-পাত্রীদের যতদূর যেতে দেয়, লেখক তা অতিক্রম করতে পারেন না। তার ভেতরেই, এবং তারই ভেতরে তাঁর বলার কথাটা সারতে হয়। বাস্তবতা বহুরূপী ও বহুমাত্রিক হলে আরো মুশকিল। রবীন্দ্রনাথ যাকে বলেছেন এক বস্তা আল্গা জিনিস, কার্যত তা তাই। তাদের জোড়া লাগানো এবং পরিকল্পিত লক্ষ্যের অভিমুখী করা এক মল্লযুদ্ধই বটে। এবং তা ওই বেঁধে দেওয়া চৌহদ্দির ভেতরেই। কে বিদ্রোহী বা কে বিদ্রোহী নয়, সে-প্রসঙ্গটি প্রাথমিক নয়। সম্ভাবনার বহু-বিকল্পের মানচিত্র থেকে বাস্তবতার প্রত্যাশিত ভাবটি ফুটলো কিনা, সেইটিই আগে দেখবার। অন্তত সাহিত্য যখন ইশতাহার নয়, তখন বিষয়ী ভাবনাকে বিষয়ের ভেতরে এভাবেই আটকে পড়তে হয়। চূড়ান্ত বিচারে কাহিনীর নয়, অনুভবের কতটা ধরা পড়লো, সেইটিই বেশি মূল্য পায়। কাহিনী থেকে তৃপ্তি বা অতৃপ্তি, অথবা তৃপ্তি-অতৃপ্তির সংমিশ্রণ, সেটি গুরুত্বহীন নয় অবশ্যই, তবে অগ্রাধিকার তার নয়, তা পরের ব্যাপার।
লেখকেরও নিজস্ব চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি থাকে। এসব আকাশ থেকে পড়ে না, বস্তুবিচ্ছিন্নভাবে আপন মনে বানানোও যায় না। অন্তরের কণ্ঠস্বর ধ্বনিচিত্রবর্ণময় চলমান বাস্তবতার দ্বন্দ্বে-মিলনে মাখামাখি ঘটনাপুঞ্জের নির্যাস আত্মস্থ করে। কে কতটা কীভাবে করছেন, সেটি নির্ভর করে ক্রিয়ায়-প্রতিক্রিয়ায় তাঁর মনোগঠনের ধরনের ওপর। তবে একবার তা গড়ে উঠলে কবিতায় তার প্রকাশ ঘটাতে তিনি যে-স্বাধীনতা নিতে পারেন, যে-অনন্যনির্ভরতায় তার স্বতঃস্ফূর্ত অবয়ব নির্মাণ করতে পারেন, গদ্য-সাহিত্যে তা পারেন না। প্রত্যক্ষের সীমা তাঁকে মানতেই হয়। ঘটনা-পরম্পরার পরিচালনা তিনি এড়াতে পারেন না। এড়াতে গেলেই বরং বিভ্রাট ঘটে। কথাসাহিত্য স্বধর্মচ্যুত হয়। জীবনমুখী হলেও শিল্পীর স্বাধীনতা শিল্পের স্বয়ং-শাসনের নির্দেশ অমান্য করে সার্থক হতে পারে না, জীবনের অনুভূত ভাবনার, অথবা সত্য আকাক্সক্ষার ছবিও তার বিশ্বাসযোগ্যতা হারায়।
অবশ্য কল্পনাপ্রতিভা অবান্তর নয়, বক্তব্যেরও মূল্য আছে। বিশেষ করে রবীন্দ্রনাথের ছোটগল্পে। বাস্তবের স্পর্শটুকু থাকে। কোথাও হয়তো শুধুই স্পর্শ নয়, গভীর আলিঙ্গনও। তার ওপরেই কল্পনা বা ভাবনা-প্রতিমা আকার নেয়। পূর্ণতাও পায়। ‘এক বস্তা আল্গা জিনিস’ আর মনে হয় না। কিছুটা তৃপ্তি নিয়েই তাঁকে বলতে শুনি, ‘এক-এক সময় মনে হয়, আমি ছোটো ছোটো গল্প অনেক লিখতে পারি এবং মন্দ লিখতে পারিনে – লেখবার সময় সুখও পাওয়া যায়।’ এও জানান, ‘আমরা নিজেকেও অংশ-অংশ করে জানি – কল্পনা দিয়ে পুরিয়ে নিয়ে একটা স্বরচিত গল্পের নায়ক করে নিই মাত্র’ (ছিন্নপত্র)। গল্প কিন্তু শুধুই গল্প থাকে না। সব মিলিয়ে সে একটা কিছু বলতে চায়। ওই বলার কথাটা লেখক আমাদের ব্যাখ্যা করে শোনান না, বরং ব্যাখ্যা যথাসম্ভব গুটিয়ে রাখেন। গল্পই তার সমগ্রতায় যা বলার তা ফুটিয়ে তোলে। এবং সেখানেই তার সার্থকতা। লেখকেরও। ঘণ্টা বাজিয়ে বা মাথায় হাতুড়ি পিটিয়ে ঘোষণা দিয়ে বক্তব্যের জানান দিতে হলে, – তা প্রতিবাদের বা বিদ্রোহেরও হতে পারে, – গল্পের শিল্পসত্তা হারিয়ে যায়। সেই অনুপাতে তার ব্যর্থতা। বক্তব্যের সারবস্তুও মাঠে মারা যায়। কারো মনে কোনো আলোড়ন তোলে না। কোনো সৃষ্ট চরিত্রের হুংকার বা চমকপ্রদ কাণ্ড-কারখানাও না।
এবার ‘স্ত্রীর পত্র’ গল্পে মেজোবউ মৃণালের দিকে আমরা ফিরে তাকাই। তবে তাকাবার আগে তার প্রেক্ষাপটটাও একঝলক দেখে নিই। গল্পে এক জায়গায় প্লেগের পাড়ায় ইঁদুর মারা, দামোদরের বন্যায় ছোটা, আবার রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়ার আশংকা, এসবের কথা আছে। তাতে বোঝা যায়, ঘটনা প্রায় একশ বছর আগের। ওই একশ বছর আগের হিন্দু বাঙালি ঘরের সংসারযাত্রার ছকের ভেতরে সে মেজোবউ। ওই ছক আগে থেকে তৈরি। রবীন্দ্রনাথ সেইখানে তাকে স্থাপন করেন। অনর্থক নয়। চারদিকের বাধা-বিপত্তি অনুভবের তীব্রতা বাড়ায়। তাছাড়া দেওয়ালগুলো তুলে নিয়ে প্রথমেই মৃণালকে মুক্ত বিহঙ্গের মতো স্বাধীনতা দিলে সে উৎকেন্দ্রিক হয়ে পড়ে। তার আচরণও বিশ্বাসযোগ্যতা হারায়। সে যতদূর যায় – যেতে পারে – অন্তত নিজের আত্মমর্যাদাবোধ বজায় রেখে পরিপার্শ্বকে প্রত্যাখ্যান করেও তার ভেতরের অন্যায় ও নিষ্ঠুরতা যতটা চিনিয়ে দেয় তা অবশ্যই তার অন্তর্গত প্রেরণায়, যে-প্রেরণা তার আপন অস্তিত্ব নিয়ে লেখকের কাছে আবিষ্কৃত হয় এবং তারই পরিণাম তিনি ফুটিয়ে তোলেন এই ‘স্ত্রীর পত্রে’। এর চেয়ে আরো অগ্রসর হবার পরিবেশ তখন তৈরি ছিল না। আজও কি আছে? হয়তো বদলেছে অনেকটা। অন্যায় ও নিষ্ঠুরতাও তাদের ভোল পালটেছে, কিন্তু উবে যায়নি। প্রাসঙ্গিকতাও হারায়নি। যদিও আজকের কোনো-এক মৃণালের সামনে বিকল্পের সন্ধান হয়তো তখনকার চেয়ে বিস্তৃততর হয়েছে, কিন্তু বিদ্রোহের চূড়ান্ত ফল তাকে কোন মুক্তিতে নিয়ে যায়, তার দিকনির্দেশনা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি। বন্ধনমুক্তি স্বয়ং যে তত্ত্বভূমি দাবি করে, বাস্তবের প্রেক্ষাপটে তা ফুটিয়ে তোলা মুশকিলই। কবিতায় অবশ্য পূর্ণ ভাবনার, শুধু ভাবনা-বলয়েই আদর্শ প্রকাশ সম্ভব। রবীন্দ্রনাথেও। তবে এ-প্রসঙ্গ পরে।
আপাতত এটুকু আবার জানিয়ে রাখি, স্থান-কালে নির্ধারিত সমাজবাস্তবতার সীমারেখা কথাসাহিত্য ছাড়িয়ে যেতে পারে না। উন্নততর বা কল্যাণকর হলেও অন্যতর সম্ভাবনার ছবি আঁকা যায় না। আজকের সৌদি আরবে মহিলা রাজনীতিকের কল্পনা অবশ্যই আমরা করতে পারি। কিন্তু তা বাস্তবসম্মত হবে না। কোনো গদ্যসাহিত্যে তাই তাকে জায়গা ছেড়ে দেওয়া যায় না। একশ বছর আগের বাংলায় কলকাতার সাতাশ নম্বর মাখন বড়ালের গলির মেজোবউ মৃণালকে বোঝার বেলাতেও এই কথাটা মনে রাখা জরুরি।
‘স্ত্রীর পত্র’ আক্ষরিক অর্থে স্বামীর কাছে লেখা মৃণালের চিঠি। একমাত্র। কারণ, আগে প্রয়োজন পড়েনি। শুরুতেই সে জানায়, ‘আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি – মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি; চিঠি লেখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি।’ আর শেষ করে এই বলে, – ‘তোমাদের চরণতলাশ্রয়ছিন্ন – মৃণাল।’ ‘চরণতলাশ্রয়ছিন্ন’ – কথাটা তাৎপর্যপূর্ণ। তা মৃণালের স্বেচ্ছানির্বাচিত মুক্তির ইঙ্গিত। প্রতিষ্ঠিত ধ্যান-ধারণার শেকলে বাঁধা সম্পন্ন ঘরের রূপসী গুণবতী মেজোবউয়ের অনিন্দ্য ভূমিকা সে যে তার নারীত্বের অপমানের গ্লানিতে পুড়ে পুড়ে শক্ত হয়ে প্রত্যাখ্যান করে, এ-কথাটা বোঝাবার জন্যে তার এই একটি শব্দবাণই যথেষ্ট। বিদ্রোহের ধ্বজা উড়ল কি উড়ল না, সে-প্রশ্ন আর আসে না।
গল্পের ছত্রে ছত্রে ওই গ্লানির ছিটা আমাদের গায়ে এসে বিঁধে। আমরা কতটা তাতে সচকিত হই, তা নির্ভর করে আমাদের ওপর। গণ্ডারের চামড়ায় অভ্যস্ত থেকে হুল ফোটার যন্ত্রণা যদি না বুঝি, তবে দায় হুল ফোটাবার ক্ষমতার নয়, তা আমাদের চামড়ার স্থূলতার। অনুকম্পাহীন অসার চিত্ত পুরু চামড়াকে আরো শক্ত করে চলে। বিদ্রোহ করতে হলে সে-দায়িত্ব যে আমাদের, – মৃণালের নয়, মৃণাল তার যন্ত্রণা আমাদের মনে সঞ্চারিত করতে পারে শুধু – এ-কথাটা বেমালুম ভুলে থাকি, অথবা গোটা বিষয়টিকেই তাচ্ছিল্যের সঙ্গে দূরে ঠেলি। জোর-জবরদস্তিতে কত যে পৌরুষ – নারীপুরুষ-নির্বিশেষে, কারণ ওই পৌরুষটিই সমাজ-সংসারে সবার কাছে পরম কাক্সিক্ষত – তারই প্রদর্শনীকে জীবনে অগ্রাধিকার দিই। তাতে মত্ত থাকাতেই নৈতিক মূল্যবোধের পরাকাষ্ঠা খুঁজি। অথবা সংবেদনশীলতার কিছু অবশিষ্ট থাকলে, কিংবা গল্প পড়ে তার ছিটেফোঁটা একটু-আধটু মনে জাগলে দায় চাপাই লেখকের ঘাড়ে – কেন তিনি মৃণালকে আরেক ধাপ এগোতে দিলেন না, কেন সে স্বয়ং বিদ্রোহটাকে প্রকট করে তুলল না; – যেন তেমন করলেই বিষয়টি মিটে যেত, আমাদের বিবেকেরওপরিতৃপ্তি ঘটতো। অবশ্য এটাও নিশ্চিত করে বলা যায় না। কারণ, এখানে অপ্রাসঙ্গিক হলেও মনে রাখি, তসলিমা নাসরিনের মতো প্রতিবাদী লেখক এই দেশ থেকেই নির্বাসিতা। সমগ্র বাংলাভাষী অঞ্চলেই অনেকের কাছে তিনি অবাঞ্ছিতা।
মৃণাল অজ পাড়াগাঁয়ের মেয়ে। বাঙাল। অসামান্য সুন্দরী, সেইসঙ্গে অসাধারণ বুদ্ধিমতী। তার সৌন্দর্য শহরে শ্বশুরবাড়ির লোকজনের, বিশেষ করে শাশুড়ির, মনের খেদ মেটায়। যেন সওদা করে আনা ঘরে ভরে রাখার দামি জিনিস। জিনিসই। কারণ ঘরের বউয়ের এ-সৌন্দর্য কোনো কাজে আসে না। নিত্যদিনের কাজের চাকায় তার কদর নেই, শুধু বড় বউয়ের রূপের অভাব মেটানোয় পরিবারের অহংকার সাময়িক তৃপ্তি পায়। চিঠিতে মৃণাল লেখে, ‘কিন্তু, আমার রূপের দরকার কী ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোন সেকেলে পণ্ডিত গঙ্গামৃত্তিকা দিয়ে গড়তেন, তাহলে ওর আদর থাকত; কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন, তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই।’ – ‘ধর্মের সংসারে’ কথাটার ভেতর যে-শ্লেষ লুকিয়ে আছে, তা বোধহয় আমাদের অনেকের মাথাতেই আসে না। মৃণালের বিদ্রোহকে তাই কড়াপাকে কোনো তৈরি বস্তুর মতো নাটকীয় সংঘাতে কঠিন আকারে দেখতে চাই। অথচ তার প্রত্যাখ্যান যে আরো অনেক গভীরে, আরো অনেক তীব্র, এবং সেইসঙ্গে সম্পূর্ণ, তা অনুভব করি এই ধরনের সব মন্তব্যে, যা ‘স্ত্রীর পত্রে’ প্রথম থেকে শেষ পর্যন্ত পদে পদে আমাদের ধাক্কা দেয়। জেগে-ওঠা, না-ওঠা – সে অবশ্য আমাদের ব্যাপার।
মৃণাল জানায়, ‘আমার যে রূপ আছে, সে কথা ভুলতে তোমার বেশিদিন লাগেনি। কিন্তু আমার যে বুদ্ধি আছে, সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ঐ বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্নার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। …যাকে বাধা মেনে চলতে হবে, সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কী করব বলো। তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন, সে আমি এখন ফিরিয়ে দিই কাকে। তোমরা আমাকে মেয়ে-জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা। অতএব সে আমি ক্ষমা করলুম।’ গল্পটিতে প্রকৃতপক্ষে বুদ্ধির ঝলকেই মৃণালকে আমরা দেখি। সে-ঝলক ফন্দিফিকিরে বাজিমাত করার কোনো চালাকি নয়। তার ব্যক্তিসত্তার নির্মাল্যের ঔজ্জ্বল্যকেই তা চিনিয়ে দেয়। সে যে সুন্দরী, এটা তার ব্যক্তিমায়া-রচনায় কাজ করে সত্য। কিন্তু তারই বিপরীতে তার বুদ্ধির প্রভাকেই আমরা দেখি। গল্পটির বিশেষত্বও সেইখানেই। গড়পড়তা বাঙালি ঘরের মেজোবউ যে শুধুই মৃণাল হয়ে ওঠে, সে ওই বুদ্ধির শুভ্রতার জোরেই। পায়ে তার কাঁটা ফুটেছে। হৃদয় রক্তাক্ত হয়েছে – সে-ও তার চৈতন্যে আপন বুদ্ধির নিষ্কলুষ প্রকাশের কারণেই।
আপাতদৃষ্টে ঘরের মেজোবউয়ের কোনো অভিযোগ থাকার কথা নয়। আর পাঁচটা সচ্ছল বাঙালি পরিবারে সে-সময়ে যেমন চাকর-চাকরানি থাকত, তার পরিবারেও তেমন ছিল। তার হাতখরচের টাকার আলাদা বন্দোবস্ত ছিল, কলকাতার আপিসে স্বামীর যথাযোগ্য দায়িত্বপূর্ণ কাজ ছিল, এবং স্বভাব-চরিত্রে তার কোনো খুঁত ছিল না, বাড়িতেও এখানে-ওখানে ঈর্ষার বীজ একটু-আধটু উড়লেও প্রচলিত বন্দোবস্তের রীতি-নীতির ভেতরে মেজোবউয়ের কোনো অনাদর ছিল না। ‘তবু প্রাণ কেন কাঁদে’ -? তবু অপমানের জ্বালা কেন বুকে বাসা বাঁধে? ‘স্ত্রীর পত্র’ এইখানেই বিশিষ্ট। মেজোবউয়ের ব্যক্তিগত অভিজ্ঞতার কাহিনী – ব্যক্তিগতই, কোনো সাধারণ বার্তা একে বলা যাবে না, অবশ্যই এ অনন্য – আবেদনে আর ব্যক্তিগত থাকে না। তা পরিবারে নারীর জায়গাটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। সেখানে মর্যাদার বা সম্মানের বিন্দুমাত্র স্থান নেই। ভদ্রসমাজে সেইটিই চল। এ-নিয়ে কোনো প্রশ্ন তোলাই যেন অস্বাভাবিক। মেয়েরাও একেই মেনে নেয়। কারণ, এতেই নিরাপত্তা। এবং নিজেদের ভেতরে আধিপত্যের প্রতিযোগিতাও সুযোগ-সুবিধা খোঁজে এইখানে। সন্দেহ নেই, একশ বছর আগের এই ছক আজ আর সেভাবে নেই। কিন্তু মানুষের মনের ধরন কতটুকু বদলেছে? সে কি পুরনো আমলের স্মৃতিকেই আঁকড়ে ধরে থাকে না – আবার বলি স্ত্রীপুরুষ-নির্বিশেষে? ‘স্ত্রীর পত্র’ তাই এখনো প্রাসঙ্গিক। বোধহয় আগের চেয়েও বেশি। আজকের বাস্তবতাতেও তার জ্বালা আমরা অনুভব করি পলে পলে। এবং অনুভব করি, মনে হয়, আগের চেয়ে অনেকজন বেশি। শুধু সংখ্যায় নয়, অনুপাতেও কেবল মেয়েরা নয়, ছেলেরাও। যদিও পুরুষতন্ত্রের চাহিদাগুলো – শুধু চাহিদা নয়, দাবি ও দখলদারিত্ব এখনো প্রবল। এবং এ-নিয়ে কোনো প্রশ্ন উঠলে আত্মরক্ষার হিংস্রতায় আরো নির্মম। চিঠিতে মৃণাল একজায়গায় বলছে, ‘- আমাকে খুশি না করলেও চলে আর তোমাদের খুশি না করলেই নয়, এই সুবুদ্ধিটা আজ পর্যন্ত আমার ঘটে এল না।’ বাংলাদেশের আজকের সমাজও কি ওই সুবুদ্ধিটাই দাবি করছে না? মৃণাল তাকেপাত্তা দেয়নি। যখন সে বাড়ির মেজোবউ, তখনো না। এটি বিদ্রোহ, কী বিদ্রোহ না, এ-প্রশ্ন তার মনে হয়তো জাগে না; কিন্তু এ সর্বাংশে মানবিক, এবং মানবিক বলেই তার বুদ্ধিদীপ্ত অনুভূতির ছটা একশ বছর পরেও আলো ছড়ায়। আমরা তার ঘরকন্নাতেও প্রতিবাদের স্থায়ী রূপ দেখি। তা নারীত্বকে অবহেলা করে না; তাকে পূর্ণতা দেয়।
মৃণাল-কাহিনী পরিণতি পায় বিন্দুকে ঘিরে। বিন্দু তার বড় জায়ের ছোট বোন। অনাথা এবং কুরূপা। সবার অনাদরের, এমনকী নির্যাতনের পাত্রী। অবাঞ্ছিতা এই কন্যাটি আশ্রয় পায় মেজোবউয়ের ঘরে। তাতে অনর্থ ঘটে অনেক। কিন্তু অবিচল থাকে মেজোবউ। তার আপন কন্যাসন্তান মারা যায় আঁতুড়ঘরের অবহেলায়। স্বামীকে সে মনে করিয়ে দেয় – ‘মনে আছে, ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুরঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল।’ কিন্তু ওইরকমই ছিল স্বাভাবিক। মেয়েদের বাঁচা-মরা কোনোটাই ধর্তব্যের নয়। তাদের সুখ-দুঃখ নিয়ে মাথা ঘামানোর প্রশ্ন তাই নিরর্থক। মৃণাল এখানে যেন সব মেয়ের হয়ে জানায়, – ‘সদরে তোমাদের একটুখানি বাগান আছে। ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই। আর, অন্দরটা যেন পশমের কাজের উলটো পিঠ; সেদিকে কোনো লজ্জা নেই, শ্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মত প্রবেশ করে, উঠোনের আবর্জনা নড়তে চায় না, দেয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। -’ এই অন্দরমহলেই মেয়েদের বাস। তাদেরও যে পছন্দ-অপছন্দ আছে, ভালো-মন্দ বিবেচনা আছে, সুখ-দুঃখ আছে, এগুলো যেন কোনো ভাবনার বিষয়ই নয়। সমাজের বিধি-বিধান এরকমই – আনুগত্যে মেয়েরাও তার বাইরে নয়। মৃণাল লেখে, ‘যেমন করেই রাখ, দুঃখ যে আছে, এ কথা মনে করবার কথাও কোনোদিন মনে আসেনি। আঁতুড়ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়াল, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কীই বা যে মরণকে ভয় করতে হবে।’ আরো লেখে, এবং তার ব্যঞ্জনায় ঝাঁঝ এত নরম অথচ গভীর যে, আমরা কিছুতেই তাকে উপড়ে ফেলতে পারি না, চেতনায় তা এঁটে বসে থাকে আর অপরাধবোধে আমাদের মাথা নুয়ে আসে, – ‘বাঙালির মেয়ে তো কথায় কথায় মরতে যায়। কিন্তু এমন মরায় বাহাদুরিটা কী। মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে ওটা এতই সহজ।’ অন্দরমহলের ঘেরাটোপের ভেতরে এই মেজোবউকে বিন্দুই প্রথম চেনায় তার স্বরূপ। বাঙালি ঘরের বউয়ের যে-রূপের দিকে কেউ ফিরেও তাকায় না – তাকাবার প্রয়োজন মনে করে না – তা-ই চোখে পড়ে বিন্দুর, ভালোবাসার স্বাদ তাতে মিশেছে বলেই তা হয়ে ওঠে আরো সুন্দর। মনে রাখি, রূপের প্রকাশ সবার একরকম নয়, মেধাও যেমন একেক জনের একেক রকম। কারণ খোঁজার চেষ্টা এখানে করি না। তবে রূপের বৈশিষ্ট্যও যে ব্যক্তিত্বের বিকাশে সহায় হয়, এই সহজ সত্যকে নানা তত্ত্বের যুক্তিজাল দিয়েও ঢেকে রাখতে পারি না। অবশ্য একা একা নয়। রূপ মুক্তি পায় অন্যের দেখায়। তাতে ব্যক্তিত্বের সার্থকতাও তার সমস্তটা নিয়ে – মেধার বিচ্ছুরণও তার অংশ – ফুটে ওঠে। যেমন এখানে ঘটেছে বিন্দুর অনুভবে সাড়া দিয়ে জেগে-ওঠা মেজোবউয়ের ব্যক্তিসত্তায়। ‘স্ত্রীর পত্রে’ প্রাসঙ্গিক জায়গায় পড়ি, – ‘আমার যে রূপ ছিল সে-কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি – এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না। বলত, ‘দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি।’ -’ সন্দেহ নেই, এই দেখা ভালোবাসার চোখ দিয়ে দেখা। কিন্তু তা রূপকেই দেখে; এবং রূপের অপরূপত্ব খোঁজে। ‘মর্ত্য-কাছে স্বর্গ যা চায়’ সেই মাধুরীর খোঁজ। রূপেরও বন্ধনমোচন ঘটে। সুন্দরের নান্দনিক বিভা আপনাকে অতিক্রম করে। এই বোধ জাগে সংসারের চরকিপাকে বাঁধা মেজোবউয়ের মনেও। অকপট অহংকারে স্বামীকে সে জানায়, – ‘বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। এক একবার তার উপর রাগ হতো, সে-কথা স্বীকার করি, কিন্তু তার এই ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলুম যা আমি জীবনে আর কোনোদিন দেখিনি। সেই আমার মুক্ত স্বরূপ। -’ ‘স্ত্রীর পত্রে’ মৃণালের এই মুক্ত স্বরূপই ধাপে ধাপে উন্মোচিত হয়; এইটিই তার বিষয়। বিদ্রোহ থাকা, অথবা যথেষ্ট না-থাকা অনুষঙ্গ মাত্র। এবং মর্মান্তিক বিয়োগান্ত ঘটনার অভিঘাতে তা বিদীর্ণ।
বালিকা বিন্দু একসময়ে বিবাহযোগ্যা হয়ে ওঠে। আশ্রিতা মেয়ে। বাড়ির কর্তারা তাকে বিদায় করতে পারলেই বাঁচে। বিয়ে হলো বটে বিন্দুর। কিন্তু বর পাগল। বিন্দু মৃণালের কাছে পালিয়ে এসে বাঁচতে চেয়েছিল। মৃণাল লিখছে, ‘ঘৃণায় রাগে আমার সকল শরীর জ্বলতে লাগল। আমি বললুম, ‘এমন ফাঁকির বিয়ে বিয়েই নয়। বিন্দু, তুই যেমন ছিলি তেমনি আমার কাছে থাক। দেখি তোকে কে নিয়ে যেতে পারে।’ কিন্তু বাড়ির পুরুষেরা শোনে না। এই নিয়ে বচসা। মৃণালকে ঝামেলার হাত থেকে রেহাই দিতে শেষমেষ বিন্দুই শ্বশুরবাড়ির লোকদের হাতে ধরা দেয়। যেন বলির পাঁঠা। ব্যর্থ হয় মৃণালের আত্মমর্যাদার লড়াই। চিঠিতে তার ঘৃণা আর আক্ষেপ সে ছুড়ে দেয় এই বলে – ‘কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে সতীসাধ্বীর সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগছিল; জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচবোধ হয়নি, সেই জন্যই মানবজন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ, তোমাদের মাথা হেঁট হয়নি। বিন্দুর জন্যে আমার বুক ফেটে গেল কিন্তু তোমাদের জন্যে আমার লজ্জার সীমা ছিল না। আমি তো পাড়াগেঁয়ে মেয়ে, তার উপরে তোমাদের ঘরে পড়েছি, ভগবান কোন ফাঁক দিয়ে আমার মধ্যে এমন বুদ্ধি দিলেন। তোমাদের এইসব ধর্মের কথা আমি যে কিছুতেই সইতে পারলুম না।’
বিন্দু বাঁচে না। মেজোবউকে সে আর কষ্ট দিতে চায় না। তাই দ্বিতীয়বার পালিয়ে তার খুড়তুতো ভাইদের কাছে গিয়ে উদ্ধার পেতে চেয়েছিল। তারাও তাকে দূর দূর করে শুধু তাড়িয়েই দেয় না, সাংসারিক মর্যাদারক্ষায় তার শ্বশুরবাড়ির খাঁচায় আবার তাকে মনের সমস্ত ঝাল ঝেড়ে পুরে রেখে আসে। অসহায়-নিরুপায় বিন্দু সেখানেই একদিন কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে।
মৃণাল চেয়েছিল পুরীতে তীর্থে যাবার অছিলায় সে বাড়ি থেকে বের হবে। স্বদেশি-করা কলেজে-পড়া ছোটভাই শরৎকে দিয়ে যে-কোনোভাবে হোক, বিন্দুকে পাগল স্বামীর খপ্পর থেকে আরেকবার পালাবার ব্যবস্থা করে তার সঙ্গে পুরী যাবার গাড়িতে তুলিয়ে নেবে। আর সে তাকে ছাড়বে না। কিন্তু শরৎ বিন্দু-উদ্ধার-অভিযানে বেরিয়ে ফিরে এসে জানায় তার মৃত্যুসংবাদ।
‘স্ত্রীর পত্রে’ পড়ি, ‘দেশসুদ্ধ লোক চটে উঠল। বলতে লাগল, ‘মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশান হয়েছে।’ তোমরা বললে ‘এ সমস্ত নাটক করা’। তা হবে। কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির উপর দিয়েই হয় কেন, আর বাঙালি বীরপুরুষদের কোঁচার উপর দিয়ে হয় না কেন, সেটাও তো ভেবে দেখা উচিত।’ একশ বছর পরেও এই ভেবে-দেখার ব্যাপারটা কি একইরকম প্রকট নয়? কিন্তু আমরা কি এদিকে যথেষ্ট নজর দিই? মৃণাল তো এই প্রশ্নটা আমাদের মুখের ওপর ছুড়ে দিয়েছে। কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গ যদি তাতে না হয়, তবে দোষটা মৃণালের নয়। বিদ্রোহের বিলাসিতায় আমরা যারা ডুবে থাকি, হয়তো কেউ কেউ ডুবে ডুবে জল খাই, অথবা বীরবিক্রমে এখনো বিদ্রোহটা না-জায়েজ বলে হুংকার ছাড়ি, আমাদেরই নিজেদের ভেতরের চেহারাটা একবার ভালো করে তাকিয়ে দেখা দরকার। শব্দের তূণ থেকে আপনচৈতন্যে শানিত তার সাধ্যের ভেতর সবকটি জুতসই বাণই মৃণাল প্রয়োগ করেছে। গল্পের সীমা তার সীমাও বটে। মানুষ হলে এতেই আমাদের নিদ্রাভঙ্গ হওয়া উচিত। মৃণালের সময়ে যেমন, এখনো তেমনি।
আশু প্রয়োজন তীর্থে আসার মৃণালের আর থাকল না। তবু সে আসে। জানায় – ‘আমি তীর্থে এসেছি। বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল।’ এবং তারপরেই ‘তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাইনে’ – শান্তভাবে এ-কথাটি উচ্চারণ করে তার দ্বিধাহীন সুস্পষ্ট ঘোষণা, – ‘আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়েমানুষের পরিচয়টা যে কী তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই।’
গল্প এখানে শেষ হতে পারত, সন্দেহ নেই। কারণ এরপরে আর ‘গল্প’ নেই। আর মৃণালের সংসারকে লাথি মারার উত্তেজনাটাও জমজমাট। সংস্কারবাদী বা প্রগতিবাদী, যেভাবেই কাউকে দেখি না কেন, তিনি সন্তুষ্ট হতেন। সন্তুষ্টই থাকতেন। ভবিষ্যতের অনির্দিষ্টতার বা অনিশ্চয়তার দায় আপন আপন আদর্শ ও বুদ্ধি-বিবেচনা-অনুযায়ী কল্পনায় ছকে নিতেন। মৃণালকেও সেখানে মনে মনে টেনে নিয়ে যেতেন। কিন্তু রবীন্দ্রনাথ তা করেননি। ব্যাপকতর অর্থে মুক্তিকে চিহ্নিত করেছেন, সে-মুক্তি অবশ্য বিশেষ বিশেষ সম্ভাবনাকে নাকচ করে না। তাদের প্রত্যেককেই আত্মস্থ করে; যদিও, আগেই বলেছি, কথাসাহিত্যের বাস্তবের সীমা অতিক্রম করে না। অতিক্রম করা তার স্বধর্ম নয়।
মৃণাল লেখে, ‘তোমাদের গলিকে আর আমি ভয় করিনে। আমার সামনে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি, আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যাঁর চোখে ভালো লেগেছে,
সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজোবউ।’
যে-মেয়ে লুকিয়ে লুকিয়ে কবিতা লিখত, তার জন্যে এ-ভাষা বেমানান নয়। তবু ভাবালুতার অভিযোগ যদি কেউ তোলেন, তবে তাকে খারিজ করে দেওয়া সহজ হয় না। গুরুত্বের সঙ্গেই তারমোকাবিলা করতে হয়। কিন্তু এখানে রক্তমাংসের শরীরে অন্য কোনো মানুষের অবয়ব অথবা দলবদ্ধ মানুষ নিয়ে প্রত্যক্ষের প্রতিলিপি রচনা করতে গেলেই স্থানে ও কালের বিরতিহীনতায় সীমা ও স্ববিরোধে মৃণালের মুক্তির যে-উপলব্ধি, তা ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত। শুধু মৃণালেই নয়, পাঠকের চেতনায় সঞ্চারিত বোধেও। রবীন্দ্রনাথকে তাই হাঁটতে হয়েছে অনুভবের খোলা রাস্তায়। এছাড়া উপায় ছিল না। অনুমান করি, প্রতিভাধর অন্য কেউ চেষ্টা করলেও অন্য পথে হেঁটে কোনো সার্থকতায় পৌঁছুতে পারতেন না। ‘এইবার মরেছে মেজোবউ’ – এর ইঙ্গিত আমাদের কাছে দুর্বোধ্য থাকে না। মেজোবউয়ের পালা যে চিরতরে শেষ, আর সামনে যে, সে পূর্ণ প্রস্ফুটিত মৃণাল, এই কথাটিরই দ্ব্যর্থহীন উচ্চারণ মেজোবউয়ের মৃত্যুবার্তা-ঘোষণায়। এতে কোনো ভাববাদী ধোঁয়াশা নেই।
মৃণাল শেষ পর্যন্ত ভক্তিবাদের পথে উদ্ধার খুঁজে তার ব্যক্তিত্বকে খাটো করেছে, এই অভিযোগ জোরদার হয় তার চিঠির উপান্তে এসে। আমরা পড়ি – ‘তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি – ভয় নেই অমন পুরোনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাঈও তো আমারই মতো মেয়েমানুষ ছিল – তার শিকলও তো কম ভারি ছিল না, তাকে তো বাঁচবার জন্যে মরতে হয়নি।’ মীরাবাঈ তার গানে বলেছিল, ‘ছাড়ুক বাপ, ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল, প্রভু – তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব। আমি বাঁচলুম। -’
কিন্তু এদেশে ভক্তিবাদের ইতিহাস তো বিদ্রোহেরই ইতিহাস। চৈতন্যদেবের ভাব-বিপ্লবে সমাজে যে উথাল-পাথাল তাতে আমরা মানবমুক্তির দিশা পাই। অনুপ্রাণিত হই কবীর-দাদু-নানকে। (কবীরের অনুবাদ রবীন্দ্রনাথও করেছিলেন।) আজকের বাস্তবতাতেও যখনই তাঁদের স্মরণ করি, তখনই একটা সম্পর্ক গড়ে তুলি তাঁদের জীবনচর্চা ও বাণীর সঙ্গে আমাদের কল্পিত ও কাক্সিক্ষত মানবসাম্যের আদর্শের। তাহলে তাঁদেরই সমসাময়িক মীরাবাঈয়ের উল্লেখে সমস্যাটা কী? সে কি তিনি নারী বলে? পুরুষের অধিকারের চিরাচরিত ধারণাকে তিনি অস্বীকার করেছেন বলে? অনেকেরই জানা, তবু এখানে প্রাসঙ্গিক হতে পারে, তাই তাঁর জীবনের একটি ঘটনার কথা আবার বলি, – কট্টর অদ্বৈতবাদী এক সন্ন্যাসী নারীমুখ দর্শন করেন না, পাছে তাঁর ব্রহ্ম-সাধনায় ব্যাঘাত হয়। মীরা তাঁর সঙ্গে কথা বলতে চান। অদ্বৈত সন্ন্যাসী সপাটে প্রত্যাখ্যান করেন। মীরা সবিনয়ে বলেন, এ-বিশ্বে তো সবই প্রকৃতি, সবেতেই নারীত্বের প্রকাশ। আলাদা করে পুরুষ কে? অদ্বৈতবাদী সন্ন্যাসীর চৈতন্যোদয় হয়। মীরাকে তিনি প্রণাম করেন। বিষয়টির দার্শনিক তাৎপর্য এখানে আলোচনার সুযোগ নেই। তবে মৃণালের মীরার শরণ নেবার আকুতিটা আমাদের কাছে সহজবোধ্য হয়। পূর্বাপর তার বিকাশের সঙ্গে সেখানে কোনো স্খলন বা অসংগতি আমার অন্তত চোখে পড়ে না। বিশ্বপথে বেরিয়ে পড়া মানে বিশ্বপ্রকৃতির সঙ্গে একাত্ম হতে চাওয়া। তার ভেতরে অন্তহীন ভালোবাসার উৎসটাকে খোঁজা – যে-ভালোবাসার স্বাদ বিন্দু মৃণালকে একটুখানি পাইয়ে ‘আত্মহোমের বহ্নিজ্বালা’য় পুড়তে পুড়তে নিষ্ক্রান্ত হয়েছে। পুরুষতন্ত্রের ভ্রƒকুটিকে পেছনে ফেলে আপন নারীত্বের স্বয়ংসম্পূর্ণতাকে মীরাবাঈ গানে গানে ফুটিয়ে তুলেছেন। মৃণালেরও এইরকম নিজেকে ফুটিয়ে তোলার সাধনার অশঙ্ক ঘোষণা। ‘বিঘ্নবিপদজয়ী মনোরথে’ কোন ‘মুক্তিপথে’ তার প্রকাশ ঘটবে, এ-গল্পে তা ফুটিয়ে তোলার অবকাশ নেই। গল্পের সীমানা রবীন্দ্রনাথ অতিক্রম করেন না। অতিক্রম করেন না প্রত্যক্ষের বাস্তবতার সীমাও। তেমন করলেই বরং ‘স্ত্রীর পত্র’ এক অপসৃষ্টির জগদ্দল পাথর মাথায় নিয়ে তার তলে চাপা পড়তো। তেমনটি হয়নি। এক অসাধারণ গল্পের মর্যাদা তার অম্লান থেকেছে। আজকের নারীবাদী চেতনাও তার চূড়ান্ত লক্ষ্য স্থির করায় তার দিকে বারবার ফিরে তাকাতে বাধ্য হচ্ছে। সে-অভিজ্ঞতা নিরানন্দ নয়। চেতনায় সমৃদ্ধিও প্রশ্নাতীত। ‘এই লেগে থাকাই ত বেঁচে থাকা। আমিও বাঁচব। আমি বাঁচলুম।’ – এই সংকল্প কোনো অতীন্দ্রিয়তার দিকে আমাদের ঠেলে না। ইহজাগতিকতার পথেই তার দায়বদ্ধ যাত্রা। সে-দায় ‘বিশ্ব-সাথে যোগে’র। গল্পে এ-কথা ইঙ্গিতেই সারতে হয়। কিন্তু মীরাবাঈকে আরোপিত মনে হয় না। কারণ সাংস্কৃতিক ঐতিহ্যে সাধারণ মানুষের কাছেও তাঁর নাম বিশেষ বার্তা নিয়ে আসে। সীতা-সাবিত্রীর বিপরীত-প্রান্তে দাঁড়িয়েও তা শ্রদ্ধা হারায় না। এবং তাঁর গানের আবেদন কালকে পরাস্ত করে।
‘স্ত্রীর পত্র’ গল্পের কথা উঠলেই অনেকে যে তুলনীয় কবিতায় ভাবের পূর্ণতার এবং কবির বলিষ্ঠতর ও সাহসিকতার উচ্চারণের দ্বিধাহীনতাকে মনে করিয়ে দেন, তা অপ্রাসঙ্গিক নয় ঠিকই, কিন্তু যথেষ্ট যৌক্তিক সংগতি তা দাবি করতে পারে, এ-কথা জোর দিয়ে বলা যায় না। আগেই বলেছি, কবিতায় কবির চৈতন্যের শাসনই একক নিয়ামক। কীভাবে কোন প্রেক্ষাপটে তা মূর্ত হবে, তা অবশ্য ভিন্ন বিষয়। একটা ঐতিহ্যের ধারা সে বহন করে। সে-ধারা তার ভাষার, – মূলত তাকে অবলম্বন করে চিন্তার ও অনুভবের অবয়ব-রচনার সৃষ্টি-ক্ষমতার। কিন্তু অবয়বের নির্মাণে কবিই সর্বেসর্বা। বাস্তব ঘটনারাশির অভিঘাত তাতে থাকতে পারে। কিন্তু তাদের বশ্যতা তাঁকে স্বীকার করতে হয় না। তাদের হাতে যদি তিনি ধরা দেন, তবে সেটিও তাঁর ইচ্ছাধীন। কবিতা তাই যতটা দেশ-কাল-নিরপেক্ষ হয়ে কবির আন্তর-সত্যকে ফুটিয়ে তুলতে পারে, গল্প তা পারে না। সে একই সঙ্গে গল্পের বাস্তবতারও অনুগত থাকতে বাধ্য হয়। অবশ্য কবি স্বয়ং যদি ওই বাস্তবতাকেই কবিতার বিষয় করেন, তবে সে ভিন্ন। তবে সেখানেও চিরকালীন কিছু না থাকলে তার কবিতা হয়ে-ওঠা বাধা পায়। ভাবের সঙ্গে ধ্বনিব্যঞ্জনা যুক্ত হয়ে চিরকালীনতার সুর আনে।
‘স্ত্রীর পত্র’ ছেপে বেরোবার বছর চারেক পরে আমরা পড়ি পলাতকায় ‘মুক্তি’ কবিতাতে সেই অমর বাণী – ‘আমি নারী, আমি মহীয়সী,/ আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্নাবীণায় নিদ্রাবিহীন শশী।/ আমি নইলে মিথ্যা হ’ত সন্ধ্যাতারা-ওঠা,/ মিথ্যা হ’ত কাননে ফুল-ফোটা।’ এই ঘোষণায় নারীভাবনার অন্তর্মূলে যে-এক চিরন্তনতার প্রকাশ ঘটেছে, তা একে উচ্চারণে উচ্চারণে ক্রমাগত সামনের দিকে টেনে নিয়ে চলেছে। সঞ্চয়িতার গ্রন্থ-পরিচয়ে বলা হয়েছে, ‘মুক্তি। সবুজপত্রের ১৩২৫ বৈশাখ সংখ্যায় প্রকাশিত। ১৩২১ শ্রাবণ সংখ্যায় প্রচারিত ‘স্ত্রীর পত্র’ গল্পের সহিত তুলনীয়’। তুলনীয় অবশ্যই। তবে নারীর সাহস ও সংকল্পের প্রকাশ ‘স্ত্রীর পত্রে’ই অনেক বেশি প্রবল। এই প্রকাশের পথ করে দেয় কিন্তু মীরাবাঈয়ের পুরুষের গড়া শাসন ভেঙে মীরাবাঈ হবার মুক্তি। তা মৃত্যুতে মুক্তি খোঁজে না, খোঁজে বিশ্বচরাচরেই, যদিও মৃত্যুতেও তার ভয় নেই। তবু কবিতায় ভাবসংহতিতে ‘মুক্তি’ কবিতার চরণকটি যেভাবে আমাদের চেতনায় অনুরণন জাগায়, ‘স্ত্রীর পত্র’ সেভাবে করে না। বরং আজকাল ভক্তিবাদের পথ ধরেছে বলে তার গঞ্জনা শুনতে হয়। কী মীরাবাঈয়ে, কী রবীন্দ্রনাথে, উপলব্ধির ব্যাপ্তি প্রকৃতি-শাসিত বিশ্বব্রহ্মাণ্ডের বিস্তারকে অতিক্রম করে না। আমরা নিজের নিজের মতো চিন্তাকাঠামোয় বাঁধা থেকে – সে কাঠামো সর্বাংশে ইহজাগতিক হলেও সীমিত, এবং অধিকাংশ ক্ষেত্রেই স্থান ও কালের ভাবনাবলয়ে খণ্ডিত – বিষয়টি বোঝার কোনো প্রয়োজন বোধ করি না। বিপত্তিটা ঘটে এইখানেই।
ভাবের পূর্ণতায় একটি কবিতা লিখে যে-তৃপ্তির কথা রবীন্দ্রনাথ বলেছিলেন তার স্বাদ ‘নারীকে আপন ভাগ্য জয় করিবার’ অধিকারের আকাক্সক্ষায়, অথবা তার অভাবে আক্ষেপ থেকে লেখা কবিতাতেও আমরা পাই। কিন্তু সে-তৃপ্তি যে সার্বিক অনুভবের, তাতে গল্পের পাত্র-পাত্রীর সুখ-দুঃখের দিনাতিপাত তার ছায়া ফেললেও ভাবের নৈর্ব্যক্তিকতা তাকে গ্রাস করে। এতে মৃণালের মতো কাউকে নিয়ে আমরা ভাবি না, আসলে কোনো ব্যক্তিকে নিয়েই নয়, অথচ তা সাড়া জাগায় ব্যক্তির ব্যক্তিতাতেই। কঠিন জীবনের বাস্তবতায় অখণ্ড ভাবের অনুভব হয়তো শুধুই ক্ষণিক, অথবা হয়তো কল্পনাতেই তা আদর্শ ছবি আঁকে, কিন্তু চেতনায় স্থায়ী হয়, এবং স্থায়ী হয় বলেই দাপটের সঙ্গে রাজত্ব করে। যাপিত জীবনে তার ছায়াপাত যদি না ঘটে, তবু। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন চেতনায় তার শুভবুদ্ধি, শ্রেয়োবোধ বা নান্দনিক সার্থকতার যদি কিছু ছাপ ভেতর থেকে ফুটে ওঠে, তবে সেইখানেই পড়ে কবিতার টান। সবার বেলাতেই যে একরকম, এমন কোনো কথা নেই। কবিতার স্বাধীনতা ও কবিতাপাঠের স্বাধীনতা দুটোই রক্ষিত হয় পরস্পরের সংযোগে। একে অন্যের সংস্পর্শে কবিতা প্রাণ পায় – এক নয়, অনেক; হতে পারে, ভাবের ঐক্যে অনেকে এক।
‘স্ত্রীর পত্রে’র আরো পরে লেখা মহুয়ার ‘সবলা’ কবিতায় (১৩৩৫) শুদ্ধ নারীহৃদয়ের একটি আকাক্সক্ষার কথা দুটো চরণে আজ প্রায় প্রবাদতুল্য : ‘যাব না বাসরকক্ষে বধূবেশে বাজায়ে কিঙ্কিনী- / আমারে প্রেমের বীর্যে করো অশঙ্কিনী’। সকলেই বলেন, রবীন্দ্রনাথের নারীবাদী চেতনা এখানে শিখরস্পর্শী। ‘স্ত্রীর পত্রে’র মৃণালের অচরিতার্থতার আক্ষেপকে অন্তরের সত্য দাবিতে রূপান্তরিত করে তাকে তা বহুদূর ছাড়িয়ে যায়। রবীন্দ্রনাথেরও নিজেকে নিজে বারবার ছাড়িয়ে যাবার একাধিক স্বীকারোক্তি পাই – কখনো কবিতায় – গানে (যেমন, ‘তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে’ ক্ষণে), কখনো-বা সরাসরি আলাপে (যেমন, ১৯৩৬-এর ফেব্রুয়ারির Forword-G, Ô- We are born again and again in this very life. When we come out of one period we are as if born again.’) নারীর ব্যক্তিস্বরূপকে আমরা প্রত্যেকে আমাদের মনের মতো করে এই আকাক্সক্ষার ঘোষণা থেকে কল্পনা করে নিই। কল্পনাও পূর্ণতা পায়। প্রত্যক্ষের বিশেষ বিশেষ নারীর চেহারাও তাতে ভেসে উঠতে পারে; কাউকে কাউকে অনুপ্রাণিতও করে। কিন্তু তারপরেও প্রশ্ন জাগে, কোন প্রেম? কার প্রেম? এই ‘প্রেমের বীর্য’ কি কোনো ব্যক্তির ওপর অধিকার প্রতিষ্ঠাতেই আপন কার্যকরতায় সার্থক, নাকি তা তাকে অতিক্রম করে বিশ্ব-বাস্তবতায় মেশে? কবিতাটি সবটুকু পড়লে দ্বিতীয়টিই প্রধান বলে মনে হয়, যদিও আমাদের খণ্ড চেতনায় গড়ে তোলা রূপকল্পনাকেও তা প্রত্যাখ্যান করে না। যখন পড়ি, ‘বীরহস্তে বরমাল্য লব একদিন,/ সে লগ্ন কি একান্তে বিলীন/ ক্ষীণদীপ্তি গোধূলিতে?’ – তখন ওই ‘বীরহস্ত’কে আমরা কেবল উপলব্ধিই করতে পারি, কল্পনাতেও তুল্য কোনো প্রতিমা-নির্মাণ বাস্তবের প্রেক্ষাপটে দুঃসাধ্য হয়ে পড়ে। যে-প্রশ্নের আর্তিতে গিয়ে কথাটি শেষ হয়, তাও এক প্রায় অপ্রাপনীয় স্বপ্ন-কল্পনার ইঙ্গিত দেয়, যদিও ওই স্বপ্ন-কল্পনার ভিত্তিভূমি এই বাস্তব পৃথিবীই, এবং কবিতার সার্বিকভাবের মণ্ডনক্রিয়া সেখানে বেমানান নয়। ‘মাথার গুণ্ঠন খুলি কব তারে মর্তে বা ত্রিদিবে/ একমাত্র তুমিই আমার।’ – এই বাণীর ‘দৃপ্ত কঠিনতা’র আগ্রাসী আকর্ষণে আমরা মজে যাই,
কিন্তু ওই ‘একমাত্র তুমি’ হওয়া যে-কোনো মর্ত্যমানুষের সাধ্যের সব সীমা অতিক্রম করে যায়। ‘মিলনের বিজয়ধ্বনি’র পশ্চাতে যে ‘তরঙ্গগর্জনোচ্ছ্বাস’ বা ঊর্ধ্বে ‘সমুদ্রপাখির পক্ষে’ যে-হুংকারের কল্পপ্রতিমা, তা এইরকম ইঙ্গিতই দেয়। অথচ আমাদের প্রত্যাশার
পাত্র পূর্ণ হয়! চৈতন্যের জগতে ইচ্ছার যে স্বপ্নমায়া রচনা, তার চরিতার্থতা যেন খুঁজে পাই। কবিতা অস্বাভাবিক মনে হয় না, অনর্থকও না। ‘ছুটিনি মোহন মরীচিকা পিছে-পিছে,/ ভুলাইনি মন সত্যেরে করি মিছে -’ (নির্ভয়), এ-কবিতাতেও তা বর্ণে বর্ণে যথার্থ, শুধু বাণীটি পুরুষের না হয়ে নারীর। এবং বারবার আবৃত্তি করে বা শুনে আমাদের আশ মেটে না।
কিন্তু এখানে যে-প্রশ্নটি প্রাসঙ্গিক, তা হলো, এই প্রার্থিত প্রেম-কল্পনা – যা শ্রেয় ভাবনার উচ্চারণও বটে – তা কি ‘স্ত্রীর পত্র’ গল্পের মীরাবাঈয়ের আদর্শের প্রতীকী শক্তিময়তাকে অতিক্রম করে? যে-পুরুষ বা নারীর কল্পনা কবিতাটিতে ফুটে ওঠে, তা কি মীরাবাঈয়ের প্রেমেরও আদর্শ স্বরূপ নয়? সমস্যা যেটি দাঁড়ায়, তা হলো, কবিতায় তাকে শুদ্ধ ভাবের পরিমণ্ডলেই পূর্ণতা দেওয়া যায়, গল্পে তা সম্ভব হয় না। ‘কণায় কণায় বেঁটে’ দেওয়া ‘অসীম ধন’ বাস্তবের পাত্র খোঁজে। সে-পাত্র চলমান সমাজ-সংসারের হয়ে-ওঠা জীবনচর্চার সঙ্গে আষ্টেপৃষ্ঠে বাঁধা। তাকে মেনে নিয়েই গল্পের দাঁড়াতে চাওয়া। তারপরেও ‘সবলা’র সরব অগ্রাভিযান মৃণালের উন্মোচিত স্বরূপকে খুব-একটা ছাড়িয়ে যায় না। সময়ের ব্যবধানে ভাষা আরো শক্তি সঞ্চয় করেছে, এটি অবশ্য স্বীকার করে নিতে হয়।
রবীন্দ্রনাথ বারবার নতুন হন, এ-কথা যেমন ঠিক, তেমনি ওই নতুনেরও একটি স্থিরবিন্দু আছে, এটিও সমান বিবেচনার দাবি রাখে। ‘ক্ষণকালের লীলার স্রোতে’ চিরকালের সত্যের আভাস তিনি খোঁজেন। ওই সত্য রূপ বদলালেও ভেতরে বদলায় না। সেইটিই তার স্থিরবিন্দু। অন্তত রবীন্দ্রনাথের কাছে। তাঁর সঙ্গে আমরা একমত হতে পারি, নাও পারি। কিন্তু তাঁর কাছে অগ্রাধিকার পায় সেইটিই। সাহিত্যের আনুগত্যও তার কাছেই। ‘ভুলাইনি মন সত্যেরে করি মিছে’ – এ শুধু কথার কথা নয়। তাঁর জীবনের আন্তর-উপলব্ধিকে কালের হুজুগে অস্বীকার তিনি করেন না। অপ্রিয় হবার ঝুঁকি যদি থাকে, তবু না। তাঁর সাহিত্যেও প্রতিফলন ঘটে তারই। ‘স্ত্রীর পত্রে’র মৃণাল তার বাইরে নয়। তার জীবনসত্যকে রবীন্দ্রনাথ পরে হয়তো আরো স্পষ্ট করার সুযোগ পেয়েছেন, কিন্তু তাকে এতটুকু বদলাননি। মৃণালের প্রাসঙ্গিকতা আজও তাতে কমেনি। তার বিদ্রোহ করা-না-করা আসল বিষয় নয়, তার সত্য হয়ে-ওঠাটাই আসল। সে-সত্য সাহিত্যের, এবং সাহিত্য তা পায় প্রকৃতিচালিত জীবন থেকে।

Leave a Reply
You must be logged in to post a comment.