স্বপ্নকথা

স্বপ্ন তো সামান্যই –

জ্যোৎস্নাধোয়া টলমলে নদী : ঢেউয়ের শৈল্পিকচিত্র

পালতোলা নৌকার বহর থাকবে দিগন্ত অবধি

আর নাইওর ফেরায় গল্প বোনের বা আত্মজার

ভাটি থেকে ক্রমশ উজানে মাঝির কণ্ঠে থাকবে

আমাদের স্মৃতিসত্তা মর্মছেঁড়া ভাটিয়ালি গান।

অথচ কোথাও আজ গান নেই

আত্মহননের মতো সর্বনাশা বালুচরে

আটকে গিয়ে নাইওরের নাও, মরুর উত্থানে মরা নদী

দিগন্ত অবধি কোন ভাটিয়ালি নেই নৌকা নেই – ধুধু বালি

স্বপ্নগুলো কোথায় এখন? শুধু ধারণায় স্বপ্ন বেঁচে থাকে!

মরানদী, ছায়াহীন জনপদে প্রবল খরায়

দুঃখীনদী গানহীন। দুঃসময় বৈঠা মারে

স্মৃতি ও বাস্তবে। কিসের স্বপ্নের কথা বলি আর তবে?