গৌরাঙ্গী কামানীর গল্প ‘Waxing the Thing’ নারী শরীর, সমাজ ও আত্মপরিচয়ের রাজনীতি

সমসাময়িক নারীবাদী সাহিত্য নারীর শরীর, মানসিক জগৎ ও সামাজিক কাঠামোর মধ্যে বিদ্যমান সূক্ষ্ম ক্ষমতাসম্পর্ককে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। গৌরাঙ্গী কামানীর ‘Waxing the Thing’ গল্প সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। গল্পটি আপাতদৃষ্টিতে এক নারীর দৈনন্দিন সৌন্দর্যচর্চার বর্ণনা – ওয়াক্সিং – নিয়ে হলেও এর অন্তর্লোক গড়ে উঠেছে নারীর শরীর, সমাজের দৃষ্টিভঙ্গি, আত্মপরিচয় ও প্রতিরোধের জটিল প্রশ্নকে ঘিরে। এই প্রবন্ধে আলোচনার মূল ফোকাস থাকবে শরীরের রাজনীতি, দৃষ্টির কাঠামো (male gaze), ব্যথার প্রতীকী অর্থ ও আত্মজাগরণের প্রক্রিয়ার ওপর। প্রবন্ধটি দেখাবে কীভাবে গৌরাঙ্গী কামানী এক সাধারণ
সৌন্দর্য-আচারকে ব্যবহার করে নারীর অভ্যন্তরীণ সংগ্রাম ও আত্মপ্রতিষ্ঠার প্রতীকী রূপক নির্মাণ করেছেন।

গৌরাঙ্গী কামানীর লেখা গল্পের মূল ইংরেজি শিরোনাম ‘Waxing the Thing’, যা দক্ষিণ এশীয় নারীর শরীর, শ্রম এবং সামাজিক দৃষ্টির জটিল সম্পর্ককে এক অনন্য বয়ানে উপস্থাপন করেছে। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৯৩ সালে সান ফ্রান্সিসকো থেকে প্রকাশিত Our Feet Walk the Sky : Women of the South Asian Diaspora সংকলনে, যা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারীদের সাহিত্যিক ও রাজনৈতিক অভিব্যক্তির অন্যতম প্রভাবশালী দলিল। গল্পটি এক তরুণ গ্রামীণ ভারতীয় মেয়ের কণ্ঠে বলা, যিনি বোম্বের এক সৌন্দর্যচর্চা কেন্দ্রে কাজ করেন এবং ওয়াক্সিং বা মোমকামাইয়ের কাজের মধ্য দিয়ে শহুরে নারীর শরীরের রাজনীতির সাক্ষী হন। এই গল্পটি মূলত নারীর শরীর, সামাজিক শ্রেণি, যৌনতা, শ্রম ও দৃষ্টির সংযোগস্থলে দাঁড়িয়ে এক তীব্র প্রশ্ন তোলে : নারীর শরীরের মালিকানা আসলে কার? নারী নিজেই কি তার শরীরের ওপর নিয়ন্ত্রণ রাখে, নাকি সেই শরীরকে নিয়ন্ত্রণ করে সমাজ, পিতৃতন্ত্র ও অর্থনৈতিক প্রয়োজন?

গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু হলো শরীর ও শ্রমের সংযোগ। নায়িকা অন্য নারীদের শরীরকে পরিষ্কার রাখার জন্য শ্রম দেয়, অথচ নিজের দেহ-পরিচয় নিয়ে দ্বিধাগ্রস্ত। তিনি বলেন – ‘আমি মহিলাদের চামড়া গরম মোমের আবরণে ঢেকে দিই, তারপর তারা কিছু বুঝে ওঠার আগেই চটজলদি একটা কাপড় দিয়ে ওগুলো তুলে ফেলি।’

এই বর্ণনায় একদিকে আছে তার পেশার মেকানিক্যাল রুটিন, অন্যদিকে আছে শরীরের সঙ্গে ক্রমশ তৈরি হওয়া এক অদ্ভুত দূরত্ব। তার শ্রমই শহুরে নারীদের ‘পরিষ্কার’ ও ‘সুন্দর’ শরীর তৈরির পেছনের অদৃশ্য হাত। কিন্তু সমাজ এই শ্রমজীবী নারীকে দেখে না – তার উপস্থিতি শুধু অন্য নারীর শরীরকে নিখুঁত করার কাজে। এভাবে কামানী দেখান, কীভাবে শহুরে পিতৃতন্ত্র ও ভোগবাদী সংস্কৃতি ‘লজ্জা’ ও ‘সৌন্দর্য’ – দুইয়েরই নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে। নায়িকার মা, যিনি গ্রামে থাকেন, শরীরকে আড়াল করে রাখেন কাপড়ে, অথচ শহুরে নারীরা তাদের শরীরকে নিখুঁত করার জন্য অন্য নারীর শ্রম ব্যবহার করেন। এই বৈপরীত্যের মধ্যেই গল্পের গভীর সামাজিক মন্তব্য নিহিত।

গল্পের মিসেস ইউসুফ, মিসেস দাস্তুর বা মিসেস ডি’সুজার মতো চরিত্রগুলো কেবল ‘গ্রাহক নয়, বরং এক প্রকার সামাজিক শ্রেণির প্রতীক’ – যারা নারীর শরীরকে নিয়ন্ত্রণ ও ‘নিখুঁত’ করার সংস্কৃতিকে টিকিয়ে রাখে। মোমকামাই তাদের জন্য ‘পরিচ্ছন্নতা’ বা ‘যৌবনের পুনরুদ্ধার’, অথচ এই প্রক্রিয়ার নৈতিকতা বা বাস্তবতা নিয়ে তাঁরা ভাবেন না। নারীর শরীরের ওপর এই নিয়ন্ত্রণ পিতৃতন্ত্রের যৌন-রাজনীতিরই সম্প্রসারণ। যেমন মিসেস ডি’সুজার গল্পে দেখা যায়, তাঁর স্বামী তাঁর সঙ্গে সহবাস করতে অস্বীকার করেন কারণ তাঁর ‘ওখানকার চুল’ নাকি রুক্ষ। ফলে স্ত্রীকে বাধ্য করা হয় নিজের শরীরকে ‘পুরুষের উপযোগী’ করে তুলতে। কামানী এখানে তীব্র ব্যঙ্গের মাধ্যমে দেখিয়েছেন – নারীর শরীর কেবল নিজের নয়, বরং পুরুষতান্ত্রিক চাহিদা ও সামাজিক মানদণ্ডের সম্পূর্ণ অধীন।

গল্পে শহুরে উচ্চবিত্ত নারীরা সৌন্দর্যের জন্য যে অর্থ ব্যয় করেন, তা নায়িকার জীবনের বাস্তবতার সঙ্গে তীব্র বৈপরীত্য সৃষ্টি করে। গল্পের মূল চরিত্রকে বলতে দেখা যায় – ‘আমি হলাম গিয়ে একটি সাধারণ গ্রামের মেয়ে … যদি তারা আমার সেলুনের চেয়ে বেশি টাকা দেয়, তার ওপর আবার আসা-যাওয়ার ট্যাক্সি ভাড়া দেয়, তাহলে এই কাজ না করার কী আছে?’

এই বক্তব্যের ভেতরে রয়েছে শ্রমজীবী নারীর আর্থিক নির্ভরতা ও আত্মসম্মানের জটিল সম্পর্ক। সে কাজ করে অর্থের জন্য, কিন্তু ধীরে ধীরে এই কাজের মাধ্যমে সমাজে নারীর শরীরের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পর্কে নতুন সচেতনতা লাভ করে। গল্পের নায়িকার এই অভিজ্ঞতা শহর-গ্রামের, শ্রমজীবী-উচ্চবিত্ত এবং ব্যবহারিত-ব্যবহারকারীর দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। গল্পের শেষভাগে নায়িকা যখন নিজের শরীরে মোমকামাই করে, সেটি কেবল এক পেশাগত অনুশীলন নয় – এটি এক আত্মদৃষ্টি ও আত্মপরিচয়ের মুহূর্ত। মূল চরিত্র বলে – ‘আমি শুধু মাঝে মধ্যে একবার আমারটা কামাই করি … আমাকে আয়নার সামনে বসতে হয়। কে ভেবেছিল যে আমি কখনো আমার নিজেরটার দিকে তাকাবো!’

এই মুহূর্তে কামানী এক গুরুত্বপূর্ণ প্রতীক ব্যবহার করেন – নারীর নিজের শরীরের দিকে তাকানো। পশ্চিমা নারীবাদী তত্ত্বে বা নারীর দৃষ্টির পুনরুদ্ধার একটি গুরুত্বপূর্ণ ধারণা; কামানী সেটিকেই স্থানীয় অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ করেছেন। এখানে ‘দেখা’ মানে কৌতূহল নয়, বরং আত্মস্বীকৃতি – একজন শ্রমজীবী নারী নিজের শরীরকেও

স্বীকৃতি দিতে শেখে। গল্পটির ভাষা সরল, প্রায় মুখের ভাষার মতো, কিন্তু তার মধ্যে আছে কৌতুক, শ্লেষ ও দারুণ সামাজিক ব্যঙ্গ। যেমন, সে বলে – ‘আমি মহিলাদের বলি, যেন তারা বেবি পাউডার দেয় … না হলে গন্ধে পাগল হয়ে যাবো।’

এই সরল ভাষা ও পর্যবেক্ষণের ভেতরে কামানী গভীর শ্রেণি ও লিঙ্গ সমালোচনা লুকিয়ে রেখেছেন। ভাষার সহজাত হাস্যরসই গল্পটিকে ভারী না করে, বরং তীক্ষè করে তুলেছে।

নারীবাদী তত্ত্ব অনুযায়ী, ‘Waxing the Thing’ গল্পটি একাধিক স্তরে প্রতিরোধের বয়ান। প্রথমত, এটি শরীর ও লজ্জার সামাজিক নির্মাণকে প্রশ্ন করে। দ্বিতীয়ত, এটি দেখায় যে নারীর শ্রম ও যৌনতা – দুটিই কীভাবে বাজার ও পুরুষতন্ত্রের নিয়ন্ত্রণে বন্দি। তৃতীয়ত, এটি নারী আত্মপরিচয়ের এক বিকল্প পথের ইঙ্গিত দেয় – যেখানে নারীর দেহ আর শুধু ভোগের বস্তু নয়, বরং তার নিজস্ব অভিজ্ঞতার কেন্দ্র। এই দৃষ্টিকোণ থেকে কামানীর গল্পটি দক্ষিণ এশীয় নারীবাদী সাহিত্যে এক গুরুত্বপূর্ণ সংযোজন। এটি শুধু ভারতীয় নারী নয়, বরং সমগ্র দক্ষিণ এশীয় নারীর সামাজিক বাস্তবতাকে প্রতিফলিত করে, যেখানে সৌন্দর্যচর্চা, বিবাহ, শ্রম, ও দারিদ্র্য একই জালে গাঁথা।

নারীর শরীরকে ঘিরে সমাজের নিয়ন্ত্রণ একটি ঐতিহাসিক সত্য। ফরাসি দার্শনিক মিশেল ফুকো তাঁর The History of Sexuality গ্রন্থে দেখিয়েছেন, শরীর সমাজের ক্ষমতানীতির একটি কেন্দ্রবিন্দু – যেখানে সামাজিক শৃঙ্খলা, ধর্ম, চিকিৎসাবিজ্ঞান ও সংস্কৃতি একযোগে প্রভাব বিস্তার করে। ‘Waxing the Thing’-এর নারী চরিত্র এই নিয়ন্ত্রণের প্রত্যক্ষ ভুক্তভোগী। সে নিজের শরীরকে ‘অপ্রস্তুত’ বা ‘অগ্রহণযোগ্য’ বলে মনে করে এবং সমাজের রুচিসিদ্ধ মানদণ্ডে নিজেকে খাপ খাওয়াতে ব্যথা সহ্য করে ওয়াক্সিং করে। এখানে ওয়াক্সিং কেবল একটি সৌন্দর্যচর্চা নয়; এটি সেই ক্ষমতানীতির প্রতিফলন, যা নারীকে নিজের স্বাভাবিক দেহ থেকে দূরে সরিয়ে দেয়। গল্পের কেন্দ্রীয় ঘটনা – ওয়াক্সিং – একটি দ্বৈত প্রতীকে পরিণত হয়েছে। একদিকে এটি আত্মনিয়ন্ত্রণ ও সামাজিক আনুগত্যের চিহ্ন; অন্যদিকে এটি নিজের শরীরের ওপর কর্তৃত্ব পুনর্দখলের প্রতীক। গৌরাঙ্গী কামানী অত্যন্ত সংযত ভঙ্গিতে নারী চরিত্রের শারীরিক ব্যথার বর্ণনা দিয়েছেন। প্রতিটি টান, প্রতিটি লোম ওঠার মুহূর্ত যেন সমাজের চাপ ও আত্মসমর্পণের প্রতিচ্ছবি। কিন্তু এই ব্যথার ভেতরেই নিহিত আছে এক ধরনের প্রতিরোধ – নারী জানে, এই যন্ত্রণা কেবল তারই, এবং তারই নিয়ন্ত্রণে।

লরা মলভের (Laura Mulvey) male gaze তত্ত্ব অনুযায়ী, সমাজে নারীকে দেখা হয় মূলত পুরুষের চোখ দিয়ে, অর্থাৎ নারীর অস্তিত্বই যেন পুরুষের দৃষ্টিকে তৃপ্ত করার উপকরণ। ‘Waxing the Thing’ গল্পে নারী চরিত্রের আত্মসমালোচনা ও উদ্বেগ এই দৃষ্টির ফল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ত্বক পরীক্ষা করে, প্রতিটি অসম্পূর্ণতাকে অনুভব করে যেন অজানা কেউ তাকিয়ে আছে। আয়নাটি এখানে সমাজের প্রতীক, যা তাকে শেখায় কীভাবে ‘দেখতে হবে’ এবং কেমন হলে সে ‘গ্রহণযোগ্য’ হবে।

গৌরাঙ্গী কামানীর গল্প বলার ভঙ্গি নরম অথচ ধারালো। তিনি দৈনন্দিন শব্দ ও সংক্ষিপ্ত বাক্য ব্যবহার করে নারীর অন্তর্জগৎ নির্মাণ করেছেন। ব্যথার বর্ণনায় কোনো অতিনাটকীয়তা নেই; বরং একধরনের শীতল বাস্তবতা আছে, যা পাঠককে অস্বস্তিকরভাবে চিন্তায় নিমজ্জিত করে। গল্পে এক ধরনের সূক্ষ্ম ব্যঙ্গ ও বিদ্যমান। নারী চরিত্র নিজের শরীরের যত্ন নিতে গিয়ে নিজের অযৌক্তিকতা টের পায়, আবার তা উপেক্ষাও করে। এই আত্মব্যঙ্গ আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিরোধ – যন্ত্রণার মধ্যেও নিজের সত্তাকে টিকিয়ে রাখার কৌশল। গল্পটির প্রাসঙ্গিকতা আরো গভীর হয় যদি আমরা তা সমসাময়িক ভোক্তা সমাজের প্রেক্ষাপটে দেখি। বর্তমান বিশ্বে সৌন্দর্যচর্চা একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে, যা মূলত নারীর শরীরকে পণ্য হিসেবে ব্যবহার করে। এই প্রেক্ষাপটে ‘Waxing the Thing’ এক ধরনের প্রতিবাদী পাঠ হয়ে ওঠে।

গল্পটি পাঠককে অস্বস্তিতে ফেলে। কারণ, এটি এমন এক অভিজ্ঞতার মুখোমুখি করে যা সমাজ সাধারণত আড়াল করে রাখে। নারীশরীর, লোম, ব্যথা, রক্ত – এসব বিষয় সাহিত্যে এখনো ‘নিষিদ্ধ’ বলে ধরা হয়। কিন্তু গৌরাঙ্গী কামানী সেই ট্যাবুকে ভাঙেন সংযমী অথচ দৃঢ় ভাষায়। গল্পের অন্তর্নিহিত বার্তা হলো আত্মজাগরণ। নারী চরিত্র বুঝতে শেখে যে, সে যা করছে, তা সমাজের তৈরি মানদণ্ডে নিজের অস্তিত্ব খাপ খাওয়ানোর প্রচেষ্টা। কিন্তু সেই উপলব্ধিই তাঁকে আত্মসমালোচনার পথে নিয়ে যায়। [Waxing the Thing’. In Our Feet Walk the Sky: Women of the South Asian Diaspora, edited by The Women of South Asian Descent Collective. San Francisco : Aunt Lute Books, 1993]