কপোতাক্ষপাড়ে গিয়ে

কপোতাক্ষপাড়ে গিয়ে শীতের রোদ্দুর গায়ে মাখি। তারপর ফিরে আসি কাঠবাদাম গাছের নিচে। মিষ্টি বউদি এসে কৌতূহলী দৃষ্টি নিয়ে আমাকে দেখেন। যেন আমি কোনোদিন একা একা কপোতাক্ষপাড়ে আসতে পারি না। যেন আমি রাজনারায়ণ দত্ত আর জাহ্ণবী দেবীর নামটা শুনিনি। যেন আমি মাইকেল মধুসূদন দত্তের টানে কখনো আসিনি সাগরদাঁড়িতে। যেন আমি কলকাতা আর ফ্রান্সের ভার্সাই নগরীতে গিয়ে খোঁজ নিইনি মধুসূদন, রেবেকা ম্যাক্টিভিস, হেনরিয়েটার প্রণয়কথন। যেন আমি কোনোদিন পড়িনি মধুকবির কপোতাক্ষ নদ কবিতাটি। যেন আমি কোনোদিন পড়িনি আত্মবিলাপ, বউ কথা কও, বটবৃক্ষ কবিতার ভেতর-বাহির।

আমার আদুরে মিষ্টি বউদি মধুমেলাজুড়ে উচ্ছ্বাস ছড়ায়। আমাকে আগলে রাখে অহর্নিশি। থেকে থেকে মনে হয় মিষ্টি বউদি আমার হেনরিয়েটা।