তরুণদের সাহিত্যচর্চাকে উৎসাহ প্রদান ও গতিশীল করার লক্ষ্যে মাসিক সাহিত্যপত্র কালি ও কলম ২০০৮ সাল থেকে প্রতিবছর প্রদান করে আসছে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’। এই পুরস্কার বাংলাদেশে তরুণদের জন্য প্রবর্তিত সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। পুরস্কারটির অর্থমূল্য দুই লক্ষ টাকা।
সাহিত্যের পাঁচটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সাল পর্যন্ত ৬৭ জন তরুণ কবি ও লেখক এই পুরস্কারে ভূষিত হয়েছেন। যাঁদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে শুধু তাঁরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হন। ২০২১ সাল পর্যন্ত এর অর্থমূল্য ছিল এক লক্ষ টাকা। ২০২২ সাল থেকে সেটা বাড়িয়ে দুই লক্ষ টাকা করা হয়।
সূচনা থেকেই তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রাণিত করে আসছে। বই জমা দেওয়ার পর স্বনামখ্যাত বিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যবেক্ষণ-পর্যালোচনার ভিত্তিতে শ্রেষ্ঠ গ্রন্থসমূহ নির্বাচিত হয়।
সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের জন্য সিটি ব্যাংক-নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর জন্য বই আহ্বান করা হচ্ছে।
যেসব বিভাগে পুরস্কারের বই জমা দেওয়া যাবে –
কবিতা
কথাসাহিত্য
প্রবন্ধ, গবেষণা ও নাটক
মুক্তিযুদ্ধ ও বিপ্লব
শিশু-কিশোর সাহিত্য
বই জমা দেওয়ার নিয়মাবলি –
১. ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে প্রকাশিত মৌলিক গ্রন্থসমূহের প্রথম সংস্করণ।
২. লেখক ১৮ থেকে ৪০ বছর বয়সী (গ্রন্থ প্রকাশকালে অনূর্ধ্ব ৪০ বছর) এবং বাংলাদেশের নাগরিক।
৩. বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও অংশগ্রহণ করতে পারবেন।
৪. বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা সমমানের সনদের প্রতিলিপি (ফটোকপি) বইয়ের সঙ্গে পাঠাতে হবে।
৫. বইয়ের সঙ্গে লেখককে একটি ঘোষণাপত্র দিতে হবে যেখানে উল্লেখ থাকবে ‘বইটি বাংলাদেশি লেখকের মৌলিক সাহিত্যকর্ম, লেখকের বয়স নির্ধারিত বয়ঃক্রমের মধ্যে এবং বইটি এই পুরস্কারের জন্য প্রেরণ করা হলো’।
জ্ঞাতব্য
১. বই জমা দেওয়ার পর যে কোনো পর্যায়ে অথবা পুরস্কার প্রদানের পর যদি অবগত হওয়া যায় যে, জমাদানকৃত কোনো বই অন্য কোনো বইয়ের হুবহু অনুকরণ অথবা আংশিক অনুসরণে রচিত অথবা বইটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে সম্পূর্ণ বা আংশিকভাবে তৈরি বা রচিত, তাহলে বইটি বাছাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার এবং পুরস্কার প্রত্যাহারের অধিকার কালি ও কলম কর্তৃপক্ষ এবং বিচারকমণ্ডলীর সংরক্ষিত থাকবে।
২. পুরস্কারের যে-কোনো পর্যায়ে বাছাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তির রচিত গ্রন্থ পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
৩. এর আগে এই পুরস্কারপ্রাপ্ত কেউ পুরস্কারের জন্য বই জমা দিতে পারবেন না।
বই জমা দিতে অবশ্যই অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে এখানে ক্লিক করুন। নিবন্ধন সম্পন্ন করে কালি ও কলম দফতরে (কালি ও কলম, বেঙ্গল শিল্পালয়, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমণ্ডি, ঢাকা ১২০৯) পাঁচ কপি বই ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। ডাকযোগে বই পাঠালে খামের ওপর অবশ্যই ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২৫’ লিখতে হবে। সপ্তাহের যে-কোনো দিন দুপুর ১২টা থেকে রাত ৮টার মধ্যে কালি ও কলম দফতরে সরাসরি বই জমা দেওয়া যাবে। বই জমা দেয়ার শেষ সময় ২১ মে ২০২৬।
* চূড়ান্ত বাছাইশেষে একটি উপযুক্ত অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের বিষয়ে বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই হবে চূড়ান্ত।


Leave a Reply
You must be logged in to post a comment.