সুপ্ত উচ্চারণ

‘ভালোবাসি’ বললেই শব্দটির আলো নিভে যায়

জীবন ও মৃত্যু এসে একসাথে আঁট হয়ে বসে

পুরনো কাগজ ওড়ে; ভাঁজে ভাঁজে লেখাজোকা আছে

অঘোষিত স্বীকারোক্তি। বন্ধ চোখে সব দৃশ্যমান

রাস্তার বিষণ্ন আলো ঝরে আছে অদূরের কাছে

আমার নামের পাশে দাঁড়িয়ে থাকে তোমার ছায়া

রাত্রির ক্ষয়িষ্ণু চোখ। জানলা খোলা। মন লিখে ‘মন’

চাঁদের আলোয় দেখি – অর্ধেক তুমি, অর্ধেক আমি

অসমাপ্ত চিত্র! কাকে কে দেখায় – বোধগম্য নয়

মরুময়তায় আমি ভিজি, তুমি লিপ্ত অন্ধতায়

তোমার বিদায়-হাসি মুগ্ধতার মৃত্যু ডেকে আনে,

প্রেম ও বিচ্ছেদ একবিন্দুতে মেলে, ব্যাসার্ধ আঁকে …

শুধু অনুভূত হয় অস্তিত্বের পরম পরতে –

মুগ্ধতার চিহ্ন – বাধ্যগত নয়, বিমূর্ত উড়াল …

কাঁচের গ্লাস। ঠোঁট ছুঁতেই চিড় ধরে স্বচ্ছতায়

আলোর ছায়ায় মেলে চিরন্তন নিত্যসত্যতা

যেখান সময়বৃত্ত নেই, আমরাই চিরবিদ্যমান

আর থাকে ভালোবাসা অপলক সুপ্ত উচ্চারণে