তুমি উড়ে যাও মেঘের রাজ্যে
তোমাকে যায় না ছোঁয়া
তোমার শরীর পাখির পালক খড়ের আগুন
অথবা শুভ্র ধোঁয়া।
তোমাকে পুষছি পঁচিশ বছর ঘরের বিড়াল
ফুলিয়ে রাখছ রোঁয়া
ছড়িয়ে ছিটিয়ে এঁটো কাঁটা খাও দুধের ভাণ্ডে
থাবাটি বাড়াও
চিতল কোরাল বোয়াল খেয়েছ
সস্তায় কিনে আনছি কখনো মেঘনা নদীর পোয়া
কাঁঠালের ভুতি খাও শুতি শুতি এখন চাইছ
পাকা কাঁঠালের কোয়া।
এঁচোড় খাচ্ছ খেয়ে নাও মুচি
যখন যা কিছু খেতে অভিরুচি
তুমি ঘন মেঘ নির্মল বায়ু শুচি
তুমি কাঁচা রোদ প্রবাহিত হও দেহের কালিমা ঘুচি ॥

Leave a Reply
You must be logged in to post a comment.