স্বীকারোক্তি

অনুবাদ : হাসান ফেরদৌস

ঈশ্বর, তুমি তো জানো

আমি ভালোবাসি স্ট্রবেরির মিষ্টি আচার

ভালোবাসি নারীর কৃষ্ণ মদিরতা

আরো ভালোবাসি হিমশীতল ভোদ্কা,

জলপাই তেলে মাখা হেরিং মাছ

গরম মশলা ও লবঙ্গের ঘ্রাণ।

তাহলে এ কেমন যুগাবতার আমি?

তোমার দূত পাঠালে কেন আমারই কাছে?

অনেকেই তো স্বীকৃত অবতার, আস্থাভাজন তারা মানবের

আমার প্রতি আস্থা রাখে এমন আহাম্মক কই?

কে না দেখেছে

কেমন অনায়াসে পানপাত্র নিঃশেষ করি আমি

ঝাঁপিয়ে পড়ি খাদ্যভাণ্ডে

লোভী চোখে দেখি পরিচারিকার নগ্ন গ্রীবা।

অসম্পূর্ণ আমি, সচেতন নিজের সে-অপূর্ণতার।

প্রকর্ষের আকাক্সক্ষী আমি

অনায়াসে তাই চিনে ফেলি যা কিছু মহৎ।

যদিও পুরোপুরি অলোকদ্রষ্টা নই

তবু ঠিকই জানি কী ছিল অবশিষ্ট

আমার মতো ক্ষুদ্রজনার জন্যে :

ছিল আশার ক্ষণিক উৎসব,

ছিল সদম্ভের সমাবেশ,

কুঁজো, টুটাফাটাদের দৌড়-প্রতিযোগিতাআর ছিল সাহিত্য।