দুজন দুঃখী মানুষ টেবিলে মুখোমুখি বসে আছে,
ওদের সামনে দু কাপ ধূমায়িত চা,
একটি দুধ অন্যটি লাল।
দুজনেরই দুজনকে নিয়ে দারুণ কৌতূহল :
ওরা অনবরত কথা বলে যাচ্ছে,
কথাগুলো টেবিল ছাপিয়ে গড়িয়ে পড়ছে মেঝেয়,
কিছু বা চায়ের ধোঁয়ার সঙ্গে মিশে উড়ে যাচ্ছে
সিলিংয়ের দিকে।
এর মাঝেই কিছু কথা একে অপরকে
ছুঁয়ে যাচ্ছে, ব্যাকুল জড়াতে চাচ্ছে।
তারপর এক সময় কথা বলতে বলতেই
ওরা রেস্তোরাঁর সিঁড়ি বেয়ে
নিচে নেমে এল,
হাসিমুখে ফুটপাথে এসে দাঁড়াল।
ওরা অর্থাৎ দুটি দুঃখী মানুষ।
লোকটি মেয়েটিকে রিকশায় তুলে দিতেই
মেয়েটি মুখ বাড়িয়ে বলল, ‘আসি – ’
জবাবে লোকটিও হাত নাড়ল।
পরক্ষণেই লোকটার চারপাশে
ঝপাৎ সাঁঝের আঁধার নেমে এল,
মেয়েটিও তাকিয়ে দেখল বেলা ডুবুডুবু।
সূর্যটা তখন টিপ হয়ে মেয়েটির
কপালে নেমে এসেছে,
লোকটির মুখে কি তারই রক্তিমাভা?

Leave a Reply
You must be logged in to post a comment.