এ তো নৃত্য নয়: আরাধনা; কুচিপুরী
নৃত্যের বৈশিষ্ট্য এই – সর্বদা ধ্রুপদ;
নৈপুণ্যে মজেছে মন । বিজয়লক্ষ্মীর
নৃত্যে ধরা দেয় আনন্দ-আনন্দ শুধু!
নৃত্য আরাধনা, ধর্মনিরপেক্ষশিল্প –
সেই শিল্পে দীক্ষিত যেজন তার জন্যে
কুচিপুরী জীবন্ত মরাল!
শিল্পের সৌরভময়
মরালের গ্রীবা! – এমন লাবণ্যময়
নৃত্যের সৌন্দর্য আমি উপভোগ করি
বিরিশিরি নামে গ্রামে – নিঃসঙ্গি, একাকী!
লক্ষ্মণগণ্ডির মধ্যে তিনি নেচে যান
চৌধুরী বিজয়লক্ষ্মী একাগ্র নিষ্ঠায়;
শরীর কতোটা সূক্ষ্ম শিল্পে সমন্বিত
হতে পারে, হয় কুচিপুরী নৃত্য জানে –
যখন সে শিল্পী চৌধুরী বিজয়লক্ষ্মী।
অলোকসামান্যা নারী শিল্পে সমর্পিত –
ভাবতে পারি না আমি কতোদূর যেতে
পারে দেহ – রোদের ডানায় ভর করে
নেমে আসে যেন ভোর সকালের আলো

Leave a Reply
You must be logged in to post a comment.