পাতারা কখনো, দেখো, একাকী ঝরে না ।
যখন কৌশলগত সব কথা, সব লেখা, সব বেঁচে থাকা
এমনকি তখনো
ঝরে যাওয়া দলবদ্ধ কাজ ।
সমুদ্রতীরের গাছ, বনাঞ্চলে, গলাজলে ডুবে থাকা মন
সকলেই সংঘবদ্ধভাবে নষ্ট হয়;
নিঃশব্দে পা ফেলে হাঁটা, মানুষ হয়েও
দলবেঁধে মরে যাওয়া পাতার ওপর, তত, সহজ হয় না
টের পাও গাছদের বোধ হলো শব্দহীন ঘাস ।
টের পাও এইসব ভাবনায় রাত হয়ে যায়; টের পাও
শব্দহীন ঘাসগুলি মনে মনে পার হয়ে এসে
নিজেকেও কিরকম নিঃশব্দ মনে হয়।
টের পাও পিছনে তাকালে
আজ তুমি শ্বাস হয়ে যাবে।
তবুও তাকাও ফিরে । যেন তুমি জানো ।
যেন তুমি ব্যক্তিগতভাবে জানো
তোমার কৌশল নেই, আজো তুমি শুধু এক পাতার মানুষ ।
এখনো তোমার মনে বৃষ্টি আর নতুন আকাশ
রাস্তার অস্পষ্ট মোড় থেকে, কষ্টে, গোপনে তাকায়
জেগে থাকা মূল্যহীন এই স্পষ্ট বোধে
একটি অস্পষ্ট দিন শেষ হয়ে গেলে
তেমন গভীর কোনো অর্থ নেই একথা জেনেও
তোমার দু’পাশে এসে বসে কিছু ছিন্ন কালভার্ট।

Leave a Reply
You must be logged in to post a comment.