বারো
খোকন এলো দুটো বাজার পাঁচ মিনিট আগে।
লালুবাবু জয়িতা আর ওয়াদুদ খান তখন দোতলার রেস্টুরেন্টে। চারজন মানুষের রাউন্ডশেফ টেবিলের একপাশে লালুবাবু জয়িতা আরেক পাশে ওয়াদুদ খান। খাওয়া দাওয়া শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে। তারপর কফির অর্ডার দেওয়া হয়েছিল। এইমাত্র কফি এসেছে। লালুবাবু এবং ওয়াদুদ খান দুজনেই কফিতে চুমুক দিয়েছেন। জয়িতা চা-কফি একটু ঠান্ডা করে খায়। সে তখনও তার মগে চুমুক দেয়নি।
খোকনকে দেখে ওয়াদুদ খান বললেন, তুমি এত দেরি করলা ক্যান?
খোকন সব সময়ই এক ধরনের উচ্ছলতার মধ্যে থাকে। আনন্দ যেন সারাক্ষণই ঘিরে রাখে তাকে। এখনও রেখেছে। ওয়াদুদ খানের কথায় সামান্য বিরক্তির রেশ আছে। খোকন সেটা পাত্তাই দিল না। বলল, ঢাকা শহরে আইজ কাইল টাইম মেনটেইন করা যায় না। জামে পড়ছিলাম। এর লেইগা পঁচিশ মিনিট লেট।
যেন জ্যামে পড়ে লেট করে আসাটাও একটা আনন্দের ব্যাপার!
লালুবাবু বললেন, দাঁড়াইয়া রইলা ক্যা খোকন? বসো।
ওয়াদুদ খানের পাশের চেয়ারে বসল খোকন।
কফিতে চুমুক দিয়ে ওয়াদুদ খান বললেন, আমরা যে এইখানে বইসা আছি, জানলা কেমনে?
খোকন হাসল। হোটেলে ঢুইকা পয়লা গেছি দাদার রুমে। গিয়া দেখি রুম লক করা। ভাবলাম তয় আপনেরা তিনজন দিদির রুমে বইসা আড্ডা মারতাছেন। গেছি দিদির রুমে। গিয়া দেখি ওই রুমও লক করা। তখন বোজলাম আপনেরা খাইতে গেছেন। এই হোটেলে দুইটা রেস্টুরেন্ট। একটা দোতালায় আরেকটা এগারো তালায়। পয়লা দোতালায়ই আইলাম।
এই প্রথম কফিতে চুমুক দিল জয়িতা। খোকন খেয়াল করল চুমুকটা বেশ সাবধানে দিয়েছে সে। নিশ্চয় ঠোঁট পুড়ে যাওয়ার ভয়। কিছু একটা বলতে চাইলো খোকন, তার আগেই জয়িতা তাকাল তার দিকে। কাল না তুমি আমাকে নাম ধরে ডাকলে, আর আজ দেখছি দিদি দিদি করছ? তোমার কী হয়েছে গো?
খোকন হাসল। কিচ্ছু হয় নাই। লালুদা আর তুমি হইলা নানা নাতীন। নানারে দাদা ডাকলে নাতীনরে দিদি ডাকন যায়। রিস্তা ঠিক থাকে।
বুঝলুম।
কী বুজলা?
তুমি খুবই আনন্দে আছ।
আনন্দে আমি সব সমায়ই থাকি।
কিন্তু তোমার তো এখনও খাওয়া হয়নি। খিদে পেটে এত আনন্দে থাকছ কী করে গো? আগে খেয়ে নাও তারপর আনন্দ করো।
জয়িতার কথায় মুগ্ধ হলো খোকন। আমার যে খাওয়া হয় নাই তুমি সেইটা বুজলা কেমনে?
ওমা, বুঝবো না! তোমার মুখ দেখে বিলক্ষণ বোঝা যাচ্ছে। মুখটা শুকিয়ে আমসি হয়ে গেচে। যতই হৈহৈ করে কথা বলছ না কেন তোমার যে বেজায় খিদে পেয়েচে এ অন্ধেও দেখতে পাবে।
না অন্ধে দেখতে পাইবো না। তোমার পাশে বসা চক্ষুআলা দুইজন মানুষই তো দেখতে পায় নাই। আসল কথাটা অন্য।
কী সেটা?
মাইয়া মানুষরে মানুষে কয় মায়ের জাত। ক্যান কয় জানো?
কেন বলো তো? মেয়েরা সন্তান জন্ম দেয় বলে?
সেইটা তো আছেই। আরও অনেক কারণ আছে। মা ছাড়া সন্তানের দুঃখ কষ্ট কেউ বোজে না।
লালুবাবু বললেন, তয় কি জয়িতারে তুমি মা ডাকবানি?
ওয়াদুদ খান এবং জয়িতা শব্দ করে হেসে উঠল। খোকনও হাসল। না সেইটা ডাকুম না। জয়িতা হইল আমার বইন। দেখলেন না অরে আমি দিদি ডাকতাছি। তয় মায় যেমুন সন্তানের মুখ দেইখা তার কষ্ট বোজে, বইনেও তেমুন বোজে ভাইয়ের কষ্ট। আমার খিদার কষ্টটা আমার বইনে বোজছে।
ওয়াদুদ খান বললেন, অহন লেকচার থুইয়া কী খাইবা সেইটা কও। অর্ডার দেই।
আপনেরা যা খাইছেন তাই খামু।
আমরা খাইছি সাদা ভাত পাবদা মাছ ভেজিটেবিল আর ডাইল।
তয় সেইটার অর্ডারই দেন।
তুমি চাইলে বিরানিও খাইতে পার।
না ভাতই খামু।
ওয়েটার ডেকে খাবারের অর্ডার দিলেন ওয়াদুদ খান। পাবদা মাছ পাওয়া গেল না। শেষ হয়ে গেছে। এখন আছে শুধু রুই পাঙাস আর কই। শুনে খোকন বলল, তয় কই মাছই খাই।
ওয়েটার চলে যাওয়ার পর লালুবাবুর দিকে তাকাল খোকন। খবর কী দাদা?
কফিতে চুমুক দিয়ে লালুবাবু বললেন, আর বইলো না। ভালো একটা ছ্যাঁকা খাইছি।
জয়িতা বলল, বুড়োর উচিত শাস্তি হয়েছে। একা একা বেরিয়েছিল ঢাকা শহর দেখতে…
জয়িতার কথা শেষ হওয়ার আগেই খোকন বলল, তারপর ছিনতাইকারীর পাল্লায় পড়ছিল।
জয়িতা অবাক হলো। সে কী! তুমি ওসব জানলে কী করে?
ওদুদদা ফোনে বলছে।
কখন বলল?
এই তো কিছুক্ষণ আগে।
লালুবাবুর দিকে তাকাল খোকন। তয় আমরাও দাদা বাংলাদেশের পোলা। ছিনতাইকারী মিনতাইকারী আমরা পাত্তা দেই না। অরা উলটা আমগ পাত্তা দেয়।
কও কী?
হ। ওদুদদার মুখে কথাটা শুইনা মেজাজ বহুত খারাপ হইছে আমার। আমি সেগুনবাগিচা গেছিলাম।
কেন?
ওই ছিনতাইকারীগ বিচড়াইয়া বাইর করনের লেইগা।
জয়িতা চোখ বড় করে বলল, কী বলছ খোকনদা?
হ ঠিকই কইতাছি। সেগুনবাগিচায় গিয়া ওই ছিনতাইকারীগ আমি ঠিকই বাইর করছি। ঠিকই ধরছি অগো।
খোকনের কথা শুনে লালুবাবু এবং জয়িতা এত অবাক হলো, কথা তো বলতেই পারল না, কফিতে চুমুক দিতে পর্যন্ত ভুলে গেল। শুধু ওয়াদুদ খান মিটিমিটি হাসছেন আর মাথা নিচু করে কফিতে চুমুক দিচ্ছেন।
খোকন বলল, খালি ধরিই নাই, দাদার ঘড়ি টেকা বেবাক আদায় করছি।
অবাক বিস্ময়ে খোকনের মুখের দিকে তাকিয়ে লালুবাবু কোনও রকমে বললেন, কী কইতাছো খোকন? এইটা কি সম্ভব?
সম্ভব। বাংলাদেশে সবই সম্ভব দাদা।
চুরি কিংবা ছিনতাই যাওয়া জিনিস আর নগদ টেকা যে ফিরত পাওয়া যায় এইটা তো আমি কোনওদিন শুনি নাই।
জয়িতা বলল, এতো আমাদের বলিউডের ফিল্মকেও হার মানাচ্ছে! ফিল্মেও এমন হয় না।
ওয়াদুদ খান হাসিমুখে বললেন, বাস্তব অনেক সময় সিনেমারে হার মানায়, বুজলা। খোকন, দেও, দাদার টেকাডা দেও।
খোকন তার মানিব্যাগ থেকে পাঁচশ টাকার দুটো নোট বের করে লালুবাবুর হাতে দিল। দেখেন তো দাদা, এই দুইডা নোট কী না!
টাকাটা হাতে ধরে হতভম্ব গলায় লালুবাবু বললেন, নোট দুইখান তো আমি আর মুখস্ত কইরা রাখি নাই। এই দুইটাই হইব।
তারপর পকেট থেকে একটা ঘড়ির বক্স বের করল খোকন। বক্স খুলে ঝকমকে নতুন একটা ঘড়ি বের করল। আর এই যে আপনের ঘড়ি।
ঘড়ি দেখে লালুবাবু এবং জয়িতা দুজনেই অবাক হলো। লালুবাবু কথা বলার আগেই জয়িতা বলল, আরে না না, এটা দাদুর ঘড়ি নয়। এটা নতুন ঘড়ি। দাদুর ঘড়িটা বেজায় পুরনো।
খোকন হাসল। সেইটা ছিনতাইকারীরা আমারে বলছে।
লালুবাবু কোনও রকমে বললেন, মানে?
মানি হইল আমি গিয়া অগো ধরনের আগেই আপনের ঘড়িটা অরা বেইচা ফালাইছে। আমার ডরে আপনের ঘড়ি বেচা টেকার লগে আরও টেকা ভইরা বাইতুল মোকারমের মার্কেট থিকা এই ঘড়ি কিন্না দিছে।আসলে আমি টেরাফিক জামে পড়ি নাই, এইসব কাম সারতে গিয়াই দেরিটা আমার হইছে। যেই পোলাপানগুলি এই কামডা করছে অরা আপনের কাছে আসতে চাইছিল দাদা।
কী জন্য?
মাপ চাইতে। আমি আনি নাই। কী দরকার কন? সব যখন মিটা গেছে আর কী লাভ ওইসব কইরা?
হ হ সেইটা ঠিকই আছে।
জয়িতা লালুবাবুর দিকে তাকাল। তবে আর কী গো বুড়ো, পুরনো ধেধধেরে ঘড়ি হারিয়ে তোমার তো দেখছি লাভই হলো। নতুন একখানা ঘড়ি পেলে। লাভের লাভ তো দেখি ষোলোআনাই হলো। এখন আর দেরি করছ কেন? পরে ফেল, নতুন ঘড়ি পরে ফেল।
ঘড়িটা বাঁ-হাতে পরতে পরতে লালুবাবু বললেন, আমি অবাক হইতাছি অন্য একখান কারণে।
ওয়াদুদ খান শেষ চুমুক দিলেন কফিতে। কী কারণে কন তো?
তোমরা তো ভাই পুলিশের চেয়েও ক্ষমতাধর। যে-কাজ পুলিশ এড়িয়ে গেল সেইটা তোমরা কইরা ফালাইলা।
ওয়াদুদ খান কথা বললেন না, হাসলেন।
জয়িতা বলল, ভগবানকে অজস্র ধন্যবাদ যে আমাকে এবার বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল। নয়তো এরকম অভিজ্ঞতা সারাজীবনেও হতো না। কালনায় ফিরে গিয়ে এসব গল্প যখন করব, বন্ধুরা বেজায় অবাক হবে। বিশ্বাসই করবে না যে সত্যি সত্যি এমন ঘটনা ঘটতে পারে।
লালুবাবু গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় আরও অনেক ঘটনা এবার ঘটবে। সারাজীবন মনে রাখার মতো অনেক ঘটনা।
ওয়েটার এসময়ে খোকনের খাবার নিয়ে এলো। টেবিলে, খোকনের সামনে যখন খাবার নামিয়ে রাখছে, জয়িতা তখন তার কফির মগে শেষ চুমুক দিল।
গোলাপ শাহ মাজারের পাশ দিয়ে মাইক্রোবাস চলছে।
মাইক্রোবাসে লালুবাবু জয়িতা আর খোকন। এখন বেলা প্রায় তিনটা। মিনিট পাঁচ সাতেক আগে হোটেল থেকে বেরিয়ে ওয়াদুদ খান তাঁর গাড়ি নিয়ে চলে গেলেন এয়ারপোর্টে। নীপেশ তালুকদার আর তাঁর স্ত্রীকে রিসিভ করবেন। লালুবাবু জয়িতা খোকন চড়ল মাইক্রোবাসে। দুটো গাড়ি দুরাস্তায় চলে গেল।
খোকন বসেছে ড্রাইভারের পাশের সিটে। পেছনের সিটে লালুবাবু বসে আছেন এমন ভঙ্গিতে, যেন তিনি বসে নেই, তিনি আসলে শুয়ে আছেন। তাঁর পাশে জয়িতা যেন একটু জড়সড় হয়ে আছে। তবু ভারি স্নিগ্ধ সুন্দর লাগছে মেয়েটিকে।
জয়িতা পরেছে হালকা আকাশি রঙের জর্জেট। কালোর ওপর সুন্দর কাজ করা একটা শাল লম্বা করে ফেলে রেখেছে এক কাঁধে। বাংলাদেশের এই বয়সী মেয়েরা সাধারণত সালোয়ার কামিজ পরে, কিন্তু জয়িতা পরছে শাড়ি। কালনাতেও খোকন তাকে যতবার দেখেছে শাড়ি পরাই দেখেছে। কাল থেকেও শাড়ি পরাই দেখছে। মেয়েদের অন্যান্য পোশাকের চে’ জয়িতা বোধহয় শাড়িটাই বেশি পছন্দ করে। কিন্তু চোখের দৃষ্টিতে স্থিরতা নেই মেয়েটির। এই একদিকে তাকাচ্ছে, এই আরেক দিকে। সস্পূর্ণ অচেনা এক শহরকে যত দ্রুত সম্ভব দেখে নেওয়ার চেষ্টা করছে।
চেষ্টাটা লালুবাবুও করছেন। আধশোয়া অবস্থাতেও চঞ্চল চোখে চারদিক তাকাচ্ছেন। মাইক্রোবাসের জানালা থেকে দেখছেন বহুকালের পুরনো এক শহরের নতুন চেহারা। বেলা তিনটার দিকেও কীরকম গিজগিজ করছে লোক। রিকশা স্কুটার বাস ট্যাক্সি মিলিয়ে এলাহি কাণ্ড। ফুটপাথ দিয়েও হাঁটার জো নেই। দোকানপাট একাকার। রাস্তার প্রায় মাঝখানে মাজার। এই ভিড়ভাট্টা হৈচৈয়ের মধ্যেও মাজারভক্ত কিছু মানুষ বিনীত ভঙ্গিতে বসে আছে চারপাশে। টুপি পরা মাথা মাজারের টাইলস বসানো দেয়ালে ঠেকিয়ে, দুহাতে মোনাজাত তুলে বসে আছেন এক বৃদ্ধ।
লালুবাবু বললেন, ও খোকন, এইটা কোন জায়গা কও তো?
সামনের সিট থেকে মাথা ঘুরিয়ে লালুবাবুর দিকে তাকাল খোকন।
চিনতে পারতাছেন না দাদা?
না রে মিয়াভাই। একদম চিনতে পারতাছি না।
এইটা গুলিস্তান।
লালুবাবু সোজা হয়ে বসলেন। কও কী? এইটা গুলিস্তান! তয় যে বিয়ানবেলা আমি অন্যরকম দেখলাম!
বিয়ানে আপনে এইদিকে আইছিলেন নি?
হ। রিকশাআলা তো আমারে অন্য একখান গুলিস্তান দেখাইলো। আমি গুলিস্তান সিনেমা হলটা দেখতে চাইলাম। একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখাইয়া কইলো, ওইটা গুলিস্থান। হলটা বলে এখন আর নাই। যেখান দিয়া রিকশা চলছিল তার তলায় বলে একটা আন্ডারপাস হইছে। সেখানে বলে একটা মার্কেটও আছে।
খোকন তার হৈহৈ করা গলায় বলল, বুজছি বুজছি। আপনে আইছিলেন গুলিস্তানের সামনের দিকে। আর এইটা হইল গুলিস্তানের পিছন দিক। ওই যে দেখেন ওইটা হইল টেলিফোন অফিস। আর ইকটু পশ্চিমে গেলে নগর ভবন। নগর ভবন হইল পৌরসভা, মিনসিপালটি।
মিউনিসিপালিটি অফিসটা লক্ষ্মীবাজারে আছিল না?
হ আছিল। ওইখানে এখন একটা কলেজ হইছে। তয় আমগ নগর ভবনটা একখান দেখার মতো বিল্ডিং দাদা। দারুণ সোন্দর।
কিন্তু তুমি যে কইলা এইটা হইল গুলিস্তানের পিছন দিক। তয় এইদিকেই তো ফুলবাড়িয়া স্টেশানটা হওনের কথা।
হ এই দিকেই তো! আরেকটু গেলেই।
তয় যে রিকশাআলা কইলো ফুলবাড়িয়া স্টেশান বলে কিছু নাই।
মিছা কথা কইছে। ফুলবাড়িয়া বাস টার্মিনাল আছে। ইকটু সামনে গিয়া হাতের ডাইন দিকে পড়ব।
লালুবাবু নিভে গেলেন। ও বাস টার্মিনাল! তয় তো রিকশাআলা ঠিকই কইছে।
খোকন আবার মুখ ঘুরিয়ে লালুবাবুর দিকে তাকাল। তয় আপনে কোন ইস্টিশানের কথা কইছেন?
ফুলবাড়িয়ায় একটা রেলস্টেশান আছিল। ঢাকার মেইন রেলস্টেশান।
খোকন হাসল। হ তাই কন। আরে সেই স্টেশান তো আমগ জন্মের বহুত আগেই উইঠা গেছে। ওই যে, হাতের ডাইন দিকে চান, ওই যে বাসগুলি খাড়াইয়া রইছে, ওইটা হইল ফুলবাইড়া বাস টার্মিনাল।
লালুবাবু চোখ তুলে তাকালেন। হতাশ হলেন। কোথায় তাঁর প্রথম যৌবনের সেই ফুলবাড়িয়া স্টেশান আর কোথায় আজকের এই বাস টার্মিনাল। সেদিনের সেই টিনের সেড দেওয়া নির্জন ধরনের রেলস্টেশানের জায়গায় আজ দাঁড়িয়ে আছে দালানকোঠা দোকানপাট। এদিকে রাস্তা ওদিকে রাস্তা আর শুধু মানুষ। শুধু মানুষ। এতো মানুষের ভার শহরটা বইছে কী করে? লালুবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। (চলবে)

Leave a Reply
You must be logged in to post a comment.