দিনযাপনের দায়
রফিকুর রশীদ
মীরা প্রকাশন
ঢাকা, ২০০৩
৬০ টাকা
ফেরার ঘর নেই
দীলতাজ রহমান
দিব্যপ্রকাশ
ঢাকা, ২০০৪
৮৫ টাকা
স্বপ্নে দুঃস্বপ্ন
শাকিলা হোসেন
নারীকেন্দ্র
ঢাকা, ২০০৪
৮০ টাকা
বাংলা ছোটগল্প কি মারা যাবে? Ñ আখতারুজ্জামান ইলিয়াস এমন ধরনের আশংকা ব্যক্ত করেছিলেন একবার। অবশ্য সেইসঙ্গে তিনি ভরসার কথাও বলেছিলেন। ছোটগল্প নিয়ে এমনতর আশংকা শুধু ইলিয়াসই করেছিলেন, এমনটি ভাবা ভুল হবে। প্রবীণ ছোটগল্পকাররা তো বটেই, তরুণ গল্পলেখকরাও এই শিল্পমাধ্যমটি নিয়ে কখনো-কখনো অনিশ্চয়তা বোধ করেন। প্রকাশকদের ছোটগল্পের বইপ্রকাশে অনীহা, এমনকী পত্র-পত্রিকা Ñ বিশেষ করে দৈনিক পত্রিকার সাহিত্য-সম্পাদকদের মধ্যেও ছোটগল্প (একটু ভিন্নধারার) প্রকাশের ক্ষেত্রে এক ধরনের ‘অস্বস্তি’ লক্ষ করা যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় যেমন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পেরেছিলেন, ‘বর্তমান মুহূর্তে ছোটগল্প কোনো মৃতসাম্রাজ্যের ধ্বংসাবশেষ নয়, গাঁইতির মুখে উঠে-আসা ফসিলও নয় Ñ বরং পূর্ণ যৌবনে যেন সঞ্জীবিত।’ আজকের দিনে একজন ছোটগল্পকার তেমন প্রত্যয় প্রকাশ করতে পারবেন কিনা সন্দেহ। তবে এটিও ঠিক যে, ছোটগল্পের ধারা এতকিছুর পরেও বেগবান না-হলেও মোটামুটি প্রবহমান Ñ এই ব্যাপারটি বোঝার জন্য জোর করে আশাবাদী হবার প্রয়োজন পড়ে না। যে-তিনখানি ছোটগল্পের সংকলন হাতে নিয়ে বসেছি, সেগুলো পাঠশেষে পূর্বোক্ত মর্মনিহিত সিদ্ধান্ত থেকে সরে আসবার কোনো কারণ দেখছি না।
রফিকুর রশীদ দৈনিক পত্রিকার সাহিত্য-পাতার মাধ্যমে মোটামুটি পরিচিত নাম। সংবাদ, ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকার সাহিত্যের পাতায় তাঁর গল্প পাঠ করবার সুযোগ আমাদের হয়েছে। তবে এক মলাটের ভেতর সেগুলো একত্রে পাঠের সুযোগ আমার জন্যে এই প্রথম। দিনযাপনের দায় নিয়ে তাঁর ছোটগল্পের শিল্পিত আভাস লক্ষ করবার মতো। এই গ্রন্থে মোট এগারোটি গল্প জায়গা পেয়েছে। গল্পগুলো হচ্ছে যথাক্রমে Ñ ‘দিনযাপনের দায়’, ‘অন্যপ্রস্তুতি’, ‘জন্মান্তর’, ‘স্বপ্নহীন পদযাত্রা’, ‘ধূলিঝড়ের ঘরসংসার’, ‘ধূলিধূসর’, ‘এই গ্রহ অন্য জগৎ’, ‘দূরের পাখি’, ‘ফেরা’, ‘নায়ক’ এবং ‘মাতৃছায়া’। প্রায় প্রত্যেকটি গল্পের পটভূমি গ্রাম বা আধাশহর (বাংলাদেশের ড্রয়িংরুম ঢাকা নয়!)। যাদেরকে গল্পকার চিত্রিত করেছেন তারা হচ্ছে, গ্রামবাংলার স্বল্পশিক্ষিত বা শিক্ষাবঞ্চিত নারীসমাজ। যে-নারী সমাজের যাবতীয় সংস্কার, বন্ধন মেনে নিয়েও সামান্য স্বস্তিতে থাকতে পারে না। পদে-পদে পুরুষের হাতে নিগৃহিত, লাঞ্ছিত ও বঞ্চিত তারা। মুখ বুজে পুরুষের যাবতীয় অত্যাচার এরা সহ্য করে যায়। কিন্তু প্রতিদিনের জীবন-যাপনের মধ্য দিয়ে, নানা সংঘর্ষের মধ্য দিয়ে, এরা সচেতন হয়ে উঠতে থাকে। নিজেদের অধিকার-বিষয়ে সচেতন হয়। এই চরিত্রগুলো পুরুষের মুখোমুখি দাঁড়াবার প্রেরণার শিক্ষা পায় নিজস্ব জীবনবোধ থেকে। প্রায় প্রতিটি গল্পেই দেখি এইসব অসহায় নারী ‘যাপিত জীবনের দুঃখ, গ্লানি, শঠতা, কুটিলতা Ñ সবকিছুকে অতিক্রম করে মাথা তুলে দাঁড়াতে চায় মানবিক প্রত্যয়ে।’ কখনো-কখনো তাদের প্রতিবাদের সঙ্গী হয় এই সমাজেরই কিছু পুরুষ। তারাবানু, ময়না, কমলাবানু, আলতাফনেরা শেষ পর্যন্ত মাথা তুলে ঘুরে দাঁড়ায় বলেই জীবনের অবারিত সম্ভাবনার দ্বার একেবারে রুদ্ধ হয়ে যায় না; বরং সম্ভাবনা আরো ব্যাপকতা পায় যখন নজু ঘরামিকে তার নাতনির জীবনের জন্য গ্রামের চেয়ারম্যান টাকা দেবার প্রস্তাব দেয়। নজু ভয়ংকর শব্দে চিৎকার করে বলে ওঠে Ñ
চিয়ারম্যানের বিটা চিয়ারম্যান, তোর ট্যাকায় আমি পেচ্ছাব করি। আমি ঐ ট্যাকার ওপর হাগি। মুতি… সে থরথর করে কাঁপতে থাকে। চেয়ারম্যানের বিটা চেয়ারম্যান নয়, তখন তার মনে মনে স্ফুরিত হয় Ñ শুয়োরের বাচ্চা শুয়োর। (দিনযাপনের দায়)
‘স্বপ্নহীন পদযাত্রা’ গল্পে দেখি, কমলাবানুর ভাই তার স্ত্রীকে হত্যা করলে সে ভাইয়ের বিপক্ষে চলে যায়। কেননা, লেখকের বর্ণনায়, ‘কমলাবানু আল্গোছে … মুহূর্তে স্থির করে ফেলে কোন পক্ষে দাঁড়াবে সে, ভাইয়ের নাকি ভাবীর পক্ষে। ভাবীর পক্ষে মানে তো নিজেরই পক্ষে দাঁড়ানো।’ আর নিজের পক্ষে দাঁড়াতে চায় বলেই গল্পের চরিত্রগুলোকে দম দেওয়া পুতুল নয়, বরং মানবিক বোধসম্পন্ন জীবন্ত মানুষ হিসেবে দেখতে পাই আমরা। এখানেই লেখকের মূল কৃতিত্ব। তাঁর এই কৃতিত্বের কথা উল্লেখ করে খ্যাতিমান লেখক হাসান আজিজুল হক জানান, ‘রফিকুর রশীদের গল্প আমাকে স্পর্শ করে। কখনো কখনো রীতিমতো নাড়া দেয়। …প্রচলিত চেনা রীতির মধ্যে থেকেই তিনি গল্প লিখেছেন। আমাদের জীবনের যেটুকু যেভাবে তিনি দেখতে পেয়েছেন সেটুকুই খুব সবলভাবে তুলে ধরেছেন। তাঁর গল্পগুলো শুধুমাত্র এ-কারণেই একটা স্বাভাবিক জোর পেয়েছে Ñ যা চেনা জীবনকে চিনিয়ে দেবে একদিকে, অন্যদিকে যা চিনি না তা একেবারে চোখের সামনে এনে দেবে।’ আর এসব ক্ষেত্রে লেখকের অন্যতম সহায় হচ্ছে তাঁর সরল কিন্তু সজীব ভাষাভঙ্গি, যা কিনা রফিকুর রশীদের গল্পের কাঠামোকে ঋজু রেখেছে।
গল্পের কাঠামোর যে-ঋজুতার কথা আমরা বলতে চেয়েছি সেইটি দীলতাজ রহমানের ‘ফেরার ঘর নেই’ শীর্ষক গল্প-সংকলনেও দেখতে পাওয়া যায়। এই সংকলনে গল্প রয়েছে মোট নয়টি Ñ ‘মন্ত্রিত ঝড়’, ‘রঙধূসর পৃথিবী’, ‘ঘুম রাতের নক্ষত্র’, ‘আরূঢ় সূর্য’, ‘রেবতী’, ‘ফেরার ঘর নেই’, ‘আত্মার স্বরলিপি’, ‘ভাঙনের স্বরে ও সুরে’ এবং ‘মোহন আঁধারে’। এখানেও জীবনের সাধারণ মুহূর্তগুলোকে নানাভাবে শিল্পিত ব্যঞ্জনায় উপস্থিত করা হয়েছে। আবেদের স্ত্রী, হাজেরা, কিংবা জলি রহমান, রুবিনা Ñ এরা যে-শ্রেণিরই প্রতিনিধিত্ব করুক না কেন মানবীয় গুণাবলির উত্তাপে মুখর। আবার এরই মধ্যে আধুনিক মানুষের ‘আত্মার স্বরলিপি’ পাঠ করে এক বুক হতাশা ছাড়া অন্যকিছুই অনুভব করা যায় না।
সে-কারণেই গল্পের চরিত্রের ভাবনাগুলো এইভাবে জমাট বাঁধতে থাকে Ñ ‘নিজের সন্তানের সঙ্গে তর্কে যেতে সাহস পাই না। পরাজিতকে সম্ভ্রম করা যায় না। অথচ ওটুকু শূন্যে এসে ঠেকলে আজীবন করুণা বয়ে বেড়াতে হবে। তাই সব বিবাদ-বিসংবাদ এড়িয়ে চলাই শ্রেয় মনে হয়। আজকালকার ছেলেমেয়েরা বড় বেশি আগে হাত-পা ঝাড়া দিয়ে উঠে পর হয়ে যায়। নাহলে ছেলের ঘুম আসবে না, তা মা জানবে না? একটি বড়ি তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ঘুম না আসার কথাটি তাই তার কারো কাছে বলার প্রয়োজন নেই। অথচ একটি পিঁপড়ের কামড়ের যন্ত্রণা নিয়েও আমরা মায়ের স্পর্শে নিরাময় হতে ছুটেছি।’ এই যে দ্বন্দ্ব, তা যেন চিরদিনের। প্রতিটি যুগেই একাল আর সেকালের এই বিরোধ নানাভাবে দেখা দেয়। শুরু হয় এক প্রজন্মের সঙ্গে অন্য প্রজন্মের মানসিক দূরত্ব। আর এভাবেই গল্পকার দীলতাজ রহমান মানবিক সম্পর্ক ব্যাখ্যার বিষয়ে সচেতন থেকেছেন। আরেকটি বিষয় এখানে বলা দরকার, তা হচ্ছে, দীলতাজ রহমান ছোটগল্পের প্রচলিত কাঠামোকে ঠিক সেভাবে মান্য করেননি। তিনি সচেতনভাবেই শিল্প-কুশলতার প্রতি মনোযোগী থেকেছেন। আর সেই কারণেই ফর্ম গল্পের শিল্প-কুশলতায় ব্যবহৃত হয়েছে। দীলতাজ রহমান তথাকথিত ফর্মের দাসত্ব করেননি। এটি বিশেষভাবে জোর দিয়ে বলা যায়। বলা যেতে পারে, ‘পুরুষ দ্বারা নারীর নিগৃহীত হওয়ার ঘটনা এই গ্রন্থ দগদগে নয়, যা কোনো লেখককে
সহজেই একশ্রেণির পাঠকের অনুকম্পা ও জনপ্রিয়তা পাইয়ে দিতে পারে ‘নারীবাদী’ বিশেষণে।
মানুষের স্বাভাবিক প্রবণতা ও সম্পর্ক নিরীক্ষা করে গল্পগুলোতে সৃষ্টি করা হয়েছে বাঁধন ছেড়ার অপরিজ্ঞাত টান।’ আর সেই টানের পটভূমিতে আঁকা এই গ্রন্থে ব্যক্তিমানুষের বিচ্ছিন্নতাবোধ প্রকটভাবে প্রকাশিত হলেও ভিন্ন
একটি মাত্রা পেয়েছে, যা কিনা গল্পকারের শিল্প-স্বাতন্ত্র্যের পরিচায়ক। গল্পকারের গদ্যভঙ্গিও সেই স্বাতন্ত্র্যের স্বাক্ষর বহন করে Ñ ‘ফেরার ঘর নাই বাবা! ফেরানোর মানুষও নাই! ঘর থাকলি, ফেরানোর মানুষ থাকলি, তয় না ফিরার কতা ওটে!’ কথাগুলো বলতে জরিনার কণ্ঠ থেকে কোনো উদ্বেগ ঝরে না। বেদনাও নয়। ঘরে শুধু না ফেরার দৃঢ়তা, মনের ভেতর গতরাত থেকে কেমন এক ভার জমে আছে, বিড়বিড় করে একাই বলতে থাকে Ñ সব জাইনাই যদি গেলি, তয় ক্যান বিয়া করতে চাইলি? ক্যান গেন্না করলিনা? এই জীবনডা কি এইটুকু কারো কাছে পাইত পারতো না, যা নিয়া মনের ঘরে একলা থাকন যায়?’ (ফেরার ঘর নেই)। একটি গল্পে ‘কাহিনী, চরিত্রায়ণ ও বাগ্বিভূতি’র যে-প্রত্যাশা থাকে পাঠকের মনে, সেটা পূরণের আপ্রাণ চেষ্টা দেখা যায় গল্পকার দীলতাজ রহমানের এই গ্রন্থে। সে-কারণেই কৈফিয়ত জানাবার ভঙ্গিতে বলছেন :
কিছুটা জীবন-বিমুখতা জীবনের গল্পকেই প্রসারিত করে। তবে আমি জীবন-বিমুখ নই! আমূল জীবনটি অঞ্জলিতে তুলে নিজেরই বেদিমূলে অর্ঘ্য দিতে ইচ্ছে করে। মনে হয় সরস্বতী-বীণাপাণি তো আমারই কল্পিত এবং নির্মিত। অদৃষ্ট বিধাতাকে বিম্বিত করতে চাই নিজেকেই কর্ষণ করে। কিন্তু কখনো মনে হয় ফলভাগী এ-প্রয়াস শুধু নিজেরই ছবি ঝেড়েমুছে কাগুজে ফুলে সাজানোর আত্মপ্রসাদ নয় তো? তবে এ-আত্মপ্রসাদ হলেও আত্মশ্লাঘার থেকে বহুদূরের।
আর পাঠক হিসেবে এইখানেই গল্পকারের আত্মপ্রত্যয়ের ওপর ভরসা রাখা যায়। এর মূল্যও কিন্তু কোনো অংশে কম নয়!
অন্যদিকে, গল্পকার শাকিলা হোসেন তাঁর স্বপ্নে দুঃস্বপ্ন গল্প-সংকলনে দুই বিপরীত বস্তুকে মেলাতে চেয়েছেন। সে-কারণেই তাঁর গল্পে স্বপ্ন যেমন রয়েছে তেমনি রয়েছে দুঃস্বপ্ন; সেখানে আনন্দের কথা যেমন আছে ঠিক তেমনি আছে দুঃখের কথা, বেদনার কথা; আলোর প্রসঙ্গ যেমন রয়েছে তেমনি রয়েছে অন্ধকারের তীব্র হাতছানি। এই যে বৈপরীত্য Ñ এর মধ্য দিয়ে গল্পকার কার সন্ধান করতে চেয়েছেন? চেয়েছেন জীবনকে বিভিন্নভাবে ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে। কেননা, স্বপ্ন-দুঃস্বপ্ন; আনন্দ-বেদনা; আশা-হতাশা; আলো-অন্ধকার এইসব মিলিয়েই তো জীবনের প্রবহমান ধারা। সেই প্রবহমানতার নানা রূপ আমরা দেখতে পাই এই গ্রন্থের ১২টি গল্পেই। গল্পগুলো হচ্ছে Ñ ‘একটি ট্রেনের যাত্রী’, ‘প্রীতু ও প্রমোদ সরকারের মৃত্যু’, ‘অর্ধেক উপন্যাসের পরে’, ‘সাদাপরী’, ‘বঁধু কোন আলো’, ‘বেগুনি রঙের ফুল’, ‘দংশন’, ‘আমার রাধা আমার শ্যাম’, ‘একা’, ‘অন্ধকার এবং আলোয় দাঁড়িয়ে’, ‘কাঠকয়লা’ এবং ‘স্বপ্নে দুঃস্বপ্ন’। জীবনের রূঢ়তা, কর্কশ বাস্তবতা এইসব গল্পের পরতে পরতে দেখা যায়, আবার সেইসঙ্গে কল্পনার এক আনন্দময় জগৎ-নির্মাণেও গল্পকারের কুশলতা লক্ষ করবার মতো। এছাড়া গল্পগুলো পাঠ করে মনে হয়েছে শাকিলা হোসেন গদ্যের রূঢ়তার পাশাপাশি কাব্যের পেলবতাও তাঁর গল্পের শরীরে মেলাতে চেয়েছেন। ফলে, গল্পের ভাষাভঙ্গির স্বাদুতা গল্পের কলাকৌশলকে নানাভাবে প্রভাবিত করেছে। তবে এতে করে গল্পের মূল কাঠামো কিন্তু অক্ষুণ্ন থেকেছে। এই কথা ‘একটি ট্রেনের যাত্রী’র ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি, তেমনি পারি ‘স্বপ্নে দুঃস্বপ্ন’ গল্পের ক্ষেত্রেও। গল্পের মূল কাঠামোকে নষ্ট না করে কলাকুশলতার এই দক্ষতা গল্পকারের দক্ষতার সক্ষমতাকেই পাঠকের কাছে উপস্থাপিত করে। বাস্তব ও কল্পনার মিশেলে প্রতিটি গল্পই একটি অনবদ্য মাত্রা লাভ করেছে। একটি গল্প থেকে সামান্য অংশ তুলে দিচ্ছি Ñ
ট্রেন যত এগোচ্ছে বুঝতে পারছি প্রকৃতির চারদিক যেন জনশূন্য হয়ে যাচ্ছে। সবুজের মুগ্ধতা ফুরিয়ে যাচ্ছে। একটু পরেই হয়তো হলুদ ডালপালা আর শুকনো পাতায় পাতায় আগুন লাগবে। অনুভব করছি, আমার শরীর পাথর হয়ে যাচ্ছে। দেখলাম ট্রেন নিরুদ্দেশপুর স্টেশনে থেমেছে। শুনতে পেলাম একটা বিরাট দীর্ঘপথ অনন্ত সীমানার ইশারায় যেন আমায় ডাকছে। অথচ কেউ কোনো দিকে নেই। মানব-মানবী, ফুল-পাখি, শব্দ-গান কিচ্ছু নেই। সমস্ত পথকে শুধু আকাশ ঘিরে রেখেছে। পশ্চিম দিকে সূর্য ডুবছে। রঙের আকাশে সূর্যের নরম রোদের আদর আমার শরীর ভেদ করে অন্তর ছুঁয়ে গেল। ঈশ্বর শিল্পীকে প্রণাম করলাম চমৎকার এ-দৃশ্য রচনার জন্য। নেমে গেলাম ট্রেন থেকে; পা রাখলাম নিরুদ্দেশপুর গ্রামের স্টেশনে …। (একটি ট্রেনের যাত্রী)।
আবার জীবনের বাস্তবতা, অন্ধকার গলি, মুখোশ-পরা মানুষ Ñ এইসব দিকেও গল্পকারের দৃষ্টি সুতীক্ষè। সে-কারণেই, বেসরকারি সাহায্য-সংস্থার এক্জিকিউটিভ ডিরেক্টর প্রমোদ সরকারের মুখোশ-পরা রূপটিও রাতের নির্জনতায় খসে
পড়ে সদ্য কাজে যোগদান করা
প্রীতুর সামনে এসে। যে-প্রীতু কাজে যোগদান করেই নতুন অভিজ্ঞতার তৃষ্ণায় উন্মুখ হয়ে থাকে; সেই প্রীতুই দেখতে পায় মানুষের জঘন্য লোভ, কদর্যতা। তার আনন্দের জগৎ ভেঙে যায় এক নিমিষেই। লেখকের বর্ণনায় Ñ
ঘন ঘন নিশ্বাস পড়ে প্রমোদ সরকারের। এগিয়ে আসে প্রীতুর সামনে। একেবারে ওর শরীর ঘেঁষে দাঁড়ায়। প্রীতু দেখে অস্বাভাবিক গতিতে আর উচ্চতায় ওর বুক ওঠা-নামা করছে। চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে। প্রীতুর মনে হয় নিশ্চয়ই কোন ফাঁকে সে মদ গিলেছে। নেশাগ্রস্ত লাল টকটকে চোখের দিকে সতর্ক দৃষ্টি নিয়ে চেয়ে থাকে প্রীতু। আর তখনই হাত দুটো উঠে আসে প্রীতুর গলায়। ভীষণ জোরে চাপ লাগে প্রীতুর। চিৎকার করতে পারে না। (প্রীতু এবং প্রমোদ সরকারের মৃত্যু)
এভাবেই জীবনের ভাঙা-গড়া, আলো-অন্ধকারকে চিত্রিত করেছেন গল্পকার শাকিলা হোসেন। গল্পকারের প্রত্যেকটি গল্পের কাঠামো যেমন মসৃণ, তেমনি চমৎকার তাঁর ভাষাভঙ্গি। এই দুইয়ের জোরে অনেকদূর এগিয়ে যাবার ক্ষমতা রয়েছে শাকিলা হোসেনের। তাঁর কাছে পাঠক হিসেবে আমাদের প্রত্যাশাও অনেক বেশি। গল্পগুলোর মধ্য দিয়েই তো গল্পকারের কথা বর্ণিল হয়ে ওঠে; সেক্ষেত্রে শাকিলা হোসেন তাঁর ‘বই নিয়ে কথা’র বাহুল্য বর্জন করতেই পারতেন। শিল্পীর সংযমবোধ শুধু তাঁর রচনা-কর্মকেই নয়, অনেক ক্ষেত্রে ব্যক্তিগত মাত্রা-চেতনাকেও পাঠকের সামনে উপস্থিত করে। কর্কশ শোনালেও পাঠকের প্রত্যাশা থেকেই কথাগুলো বলা।

Leave a Reply
You must be logged in to post a comment.