অনেকেই আমরা বলে থাকি, প্রতিটি ভাষার আলাদা আলাদা ক্ষেত্র আছে। তা আত্মপরিচয়ের বাহনও বটে। যারা ওই ভাষায় কথা বলে, তাদের। একমাত্র নয় অবশ্য। তবে গুরুত্বপূর্ণ সন্দেহ নেই। আর ভাষার বিস্তার তার আওতায় জনগণের ভেতর এমন এক ধরনের মিল এনে দেয়, বলা ভালো, আপনা থেকে তাকে নিয়ে তা তৈরি হয়, যে তাদের পরিচয়ে অন্যান্য তফাত থাকলেও – যেমন, সামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক – তাদের পারস্পরিক যোগাযোগে তারা কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এমনকী ওইসব দূরত্ব অতিক্রম করে সাংস্কৃতিক নৈকট্যের আবহ একটা তা রচনা করে।
ব্যতিক্রম যে নেই, তা নয়। স্বয়ং ইংরেজি ভাষাই এক প্রচণ্ড ব্যতিক্রম। গত দু-তিন শ বছরে ঔপনিবেশিক শাসন ইংরেজি ভাষাকেও পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বয়ে নিয়ে গেছে। অপেক্ষাকৃত দুর্বল ভাষাগোষ্ঠীর মানুষেরা ইংরেজের শাসনের সঙ্গে সঙ্গে ইংরেজি ভাষার শাসনকেও মেনে নিয়েছে। একসময়ে নিজেদের প্রাচীনতর ভাষা ভুলে গিয়ে ইংরেজিকেই মাতৃভাষা করে নিয়েছে। যেমন আফ্রিকায়। ফরাসি ভাষারও এই রকম উপনিবেশ আছে। কিন্তু এতে ওইসব বিভিন্ন দেশের সংস্কৃতি এক হয়ে যায় না। সবাই ইংরেজ বা ফরাসি হয় না। আপন আপন সংস্কৃতিকেই নতুন ভাষার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেষ্টা করে। শুরুতে বিষয়টা সহজ থাকে না। কিন্তু কয়েক প্রজন্ম পর তা স্বাভাবিক হয়ে যায়। আজকাল তো এর সঙ্গে বিশ্বায়নের প্রযুক্তি ইংরেজিকে এক আন্তর্জাতিক ভাষাই করে তুলেছে। স্বাভাবিক প্রক্রিয়ায় নয়, সচেতন প্রয়াসে মাথার ঘাম পায়ে ফেলে ভিনদেশী-ভিনভাষী মানুষ ইংরেজিনবিশ হয়ে তাতে বিদ্যার ও মেধার পরিচয় দিয়ে অনেকে জগৎজোড়া খ্যাতির বাজারে নাম কিনতে শুরু করেছেন। তাঁদের কথাও পৃথিবীর সবদেশের মানুষ শুনতে পাচ্ছে। এটা একভাবে ইংরেজি ভাষার বিশ্বজয়। এবং ভাষার ঐক্য এক ধরনের সাংস্কৃতিক সামান্যকরণের দিকেও ঠেলে। কিন্তু গভীরতর ফারাকগুলো থেকেই যায়। ভাষা সেখানে ওই ফারাকগুলো ফুটিয়ে তোলারও বাহন হয়। আমরা অবশ্য এখানে এই ব্যতিক্রমী, যদিও বর্তমান বাস্তবতায় খুবই প্রবল, ভাষা-প্রবাহের দিকে তাকাচ্ছি না। মানুষের সভ্যতার ও সংস্কৃতির বিকাশে এক-একটি ভৌগোলিক বৃত্তে অতীতের ধারাবাহিকতায় তার Ñ এই ভাষার Ñ আত্মপরিচয়ে হয়ে ওঠার বিষয়টিকেই আগে বোঝার চেষ্টা করছি। এটাও অবশ্য উপক্রমণিকা মাত্র। বলাবাহুল্য, বাংলাভাষাকে সামনে রেখেই আমাদের কথাবার্তা। অন্যভাষা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। বাংলাভাষার অধিকারটুকু মাতৃভাষা-সূত্রে পাওয়া। তাতে আর কোনো বিশিষ্টতার দাবি অন্যায্য ও অর্থহীন। বিষয়টি বুঝে উঠতে পারলে পরে মূল প্রসঙ্গে যাবার চেষ্টা করতে পারি।
যে-কোনো সময়ে পৃথিবীর দিকে তাকালে নানা ভাষার স্থিতিশীল এক মানচিত্র আমাদের চোখে পড়ে। মনে হতে পারে, এমনটিই যেন বরাবর চলে আসছে। বংশানুক্রমে একেক জায়গার মানুষ যেন এই রকম একেকভাবে অভ্যস্ত। প্রায় স্বতঃসিদ্ধের মতো এটা আমরা মেনে নিই। ভাবের আদান-প্রদানে, ক্রিয়ায়-প্রতিক্রিয়ায় এই বাস্তবতার আপাত স্থায়ী অচঞ্চল বিস্তার আমাদের মাথায় কাজ করে চলে। আমরা সেই অনুযায়ী সাড়া জাগাই, সাড়াও দিই। গোটা ব্যাপারটা যেন ঐতিহ্যসূত্রে পাওয়া। ইতিহাস তার নিয়ন্তা। কিন্তু সে-ইতিহাস কতকটা প্রকৃতি ও পরিবেশতাড়িত; কতকটা-বা লোকযান-বাহিত। আকস্মিক বড় বড় ঘটনাক্রমও সেখানে তাদের ছাপ রাখে। ব্যক্তির খেয়ালখুশি সবটাই প্রায় তল পড়ে যায়, যদিও ব্যক্তিপ্রতিভা কখনো কখনো ভাষার মূলধারায় তার অবদান রাখে Ñ বিরোধিতা করে নয়, স্রোতের গতিপথ ধরে এগিয়ে গিয়ে। এই স্রোত সমাজপ্রবাহের, তা সতত সঞ্চারিত। যদিও সবসময়ে যে তা প্রত্যক্ষ অথবা প্রবল, এমন নাও হতে পারে। এবং কখনো কখনো লাভ-ক্ষতির হিসাবে ক্ষতির পরিমাণ যে-পরিণামে বাড়ে, এমন উদাহরণও আমরা পাই। ভাষার গতিপথে তা ঢুকে পড়ে। জমাট বাঁধে। আকারও পায়। জঞ্জালের মতো সঙ্গে সঙ্গে চলে। ভাষার চেহারা বদলে দেয়, অথবা তাকে সংকুচিত করে। সমকালীন ভাবনায় অবশ্য তা-ই মান্যতা পায়, এমনকী অভিনব বলে বাহবাও তার জোটে। কিন্তু শেষমেশ ভাষার স্রোত স্তিমিত হয়ে আসে। তা খণ্ডখণ্ডভাবে ছড়ায়, ছোট-বড় জলাশয়ে মনোরম হলেও আটকে থাকে, অথবা শাখা-প্রশাখায় অগ্রসর হয়ে একসময়ে শুকিয়ে যায়। সব নদী সাগরের আহ্বান শোনে না। মরীচিকার মায়াও কাউকে কাউকে টানে।
আরো একটা সম্ভাবনার কথাও এই সূত্রে চলে আসে। কোনো গতিশীল ভাষাই শুদ্ধতার বড়াই করে না। নানাপথে নানাদিক থেকে তার আহরণ। তবে আহরণ মানে আত্মবিস্মৃতি নয়, আপন কাণ্ডে স্থির থেকে ডালপালায় খাদ্যসঞ্চয়। তার দ্যুতি ছড়ায় গোটা শরীরেই। আদি ও অকৃত্রিম থাকার অর্থ, ভাষার ক্ষেত্রে, এক জায়গায় স্থির থাকা অথবা ঘুরপাক খাওয়া। ঐশ্বর্য যত বিপুলই হোক, তার কোনো শ্রীবৃদ্ধি ঘটে না। সমাজের প্রতিফলন যদি ওই রকমটিই হয়, তবে অনুমান করতে হয় সেখানেও কোনো অগ্রগতি ঘটে না। আর সমাজের রূপান্তর যদি অপ্রতিরোধ্য হয়ে পড়ে, তবে ভাষা তার সঙ্গে তাল মেলাতে না পারলে তার মরণদশা ঘটে। তাকে নিয়ে বড়াই করে কারও জাত্যভিমান হয়তো চরিতার্থ হয়, শিল্প-সাহিত্যের শুদ্ধতায় প্রত্যাবর্তনে কেউ হয়তো শিহরিত হন, কিন্তু ভাষার সৃষ্টিশীল দক্ষতা হারিয়ে যেতে বসে। পন্থা-প্রকরণের, অথবা ভাষার আদিম সৌন্দর্যে প্রত্যাবর্তনের কারিকুরি বন্ধ্যাত্বের প্রসাধনের মতো ঝুলে থাকে। সংযোজন বা সম্প্রসারণ কিছু ঘটে না।
দুই প্রান্তেই, অতএব, বিপত্তির আশঙ্কা। সচল ও সক্ষম ভাষা তাদের ঠেলে এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়াতেই তার সার্থকতা। মৃত মাধুরীর বিলাসিতা, অথবা দাঁড়কাকের ময়ূরপুচ্ছ ধারণ, কোনোটিই তাকে সমৃদ্ধ করে না। যদিও অতীত-মাধুর্যের অস্বীকার তাকে ক্ষুণ্ন করে, ময়ূরপুচ্ছে বিমুখতাও তার কূপমণ্ডূকতা বাড়ায়। উভয় সংকট এড়িয়ে অথবা বলা চলে, উভয়কে সমন্বিত করে Ñ কোনো ভাষা যদি শক্তসামর্থ্য হয়ে উঠতে থাকে, তবে তাকে নিয়ে যে-সমাজ, সেই সমাজ সম্পর্কেও আমরা আশান্বিত হয়ে উঠতে পারি। ভাষা ব্যক্তির আত্মপ্রকাশের অবলম্বন অবশ্যই, কিন্তু ভাষার সমৃদ্ধি নির্ভর করে তাকে কেন্দ্র করে যে-সমাজ গড়ে ওঠে, তার কর্মকাণ্ডে উৎকর্ষ ও বৈচিত্র্যের ওপর। শিল্প ও সংস্কৃতি এই দ্বান্দ্বিক বাস্তবতায় সুষমার ও সামঞ্জস্যের এক অন্বেষণ। শুদ্ধতায় প্রস্থানে গৌরব থাকতে পারে, কিন্তু তা প্রাণশক্তিহীন। বিচিত্র হতে রং-বেরঙের পোশাক গায়ে চাপানো যায়, বেলোয়ারি আওয়াজে বহু মন-মাতানো ধ্বনির উন্মাদনা জাগানো যায়, এমনকী বিস্তারকে সংকুচিত করে দেখা-শোনা-জানার জগৎকে ক্ষুদ্র আঞ্চলিক সীমায় বন্দি করে বাইরের সবার কাছে এক ধরনের নৃতাত্ত্বিক বিভিন্নতার প্রদর্শনীও ভাষার মায়ায় আকর্ষণীয় করে তোলা যায়, কিন্তু এ-সবই মোহিনী আড়াল। ভাষার আপনত্বকে তা প্রতিনিধিস্থানীয় করে ফুটিয়ে তোলে না, টক-ঝাল-মিষ্টির অর্ধপরিচিত বা অপরিচিতি স্বাদ কিছু হাজির করে শুধু। আমরা সেসবে মুগ্ধ হতে পারি, কিন্তু অনুপ্রাণিত হই না; ভাষার পরিচয়ে সম্প্রসারিতও না। জীবনের নিবিষ্ট কথকতাও সংকীর্ণতার বৃত্ত ভেঙে বাংলাভাষী সব মানুষের কাছে পৌঁছোয়, এমনটি নিশ্চিত হয় না। তারা সবই আশপাশের দু®প্রাপ্য প্রদর্শনীর মতো জাদুঘরের বস্তু হয়ে কৌতূহলী জনগণের সামনে চমকপ্রদ নিদর্শন হিসেবে টিকে থাকার যোগ্যতা দেখাতে পারে, কিন্তু গণপ্রবাহে ভাষার প্রাথমিক দায়িত্ব যে পারস্পরিক যোগাযোগ ও অনুভবের অন্বয়-স্থাপন, তাকে বিস্তৃততর ও গভীরতর করায় সফল হয় সামান্যই। নতুন মাত্রা যদি কোথাও তাৎপর্য পায়, তবে তা ভাষার ওই সময়ের ব্যবহারিক কাঠামো মেনে নিয়েই, তাকে প্রত্যাখ্যান করে নয়। নতুনত্বের পথ খোলা থাকে অবশ্যই। তা শব্দ-যোজনায় ও প্রকাশ-ভঙ্গিমায়। এদের ছাপিয়ে অন্যকিছু হতে বা করতে চাইলে ভাষা তার নিজস্বতা হারিয়ে ফেলে, অথবা নিজেকে সংকুচিত করতে করতে প্রায় অকার্যকর বা অনর্থক হয়ে পড়ে। দুটো সম্ভাবনাই একটি ভাষার জন্যে দুই বিপরীত মেরু থেকে সমান বিপজ্জনক। ভাষার কারবারিরা জেনে অথবা না জেনে কখনো কখনো এদের ফাঁদে পা দেন। কারও কারও মেধাবী শিল্পকর্ম বৈশিষ্ট্যে উজ্জ্বল হলেও ওই দুই প্রান্তের কোনো একটিতে একক আনুগত্য-উদ্ধারের, অথবা উৎকর্ষের কোনো পথ দেখায় না।
পরিসংখ্যান শাস্ত্রে প্রাথমিক পাঠ থেকে কিঞ্চিৎ প্রাসঙ্গিক ধারণা বিষয়টি বোঝায় হয়তো কিছুটা সহায় হতে পারে। আমরা নরমাল ডিস্ট্রিবিউশনের কথা শুরুর দিকেই জেনে যাই। এও খেয়াল করি, অধিকাংশ বাস্তব প্রপঞ্চের বেলাতেই নরমাল ডিস্ট্রিবিউশন খেটে যায়। সাধারণভাবে এইটুকু বুঝি, কোনোকিছু সম্পর্কে সম্যক ধারণা পেতে হলে তার বৈশিষ্ট্যের চেহারা কীভাবে ফুটে উঠে সব মিলিয়ে নানা বিচ্যুতি নিয়েও একটা গ্রহণযোগ্য আকার পায়, তা দেখা খুবই জরুরি হয়ে দাঁড়ায়। অধিকাংশ এই রকম বিষয় স্থানে, অথবা কালে, কিংবা একই সঙ্গে স্থানে ও কালে বিস্তৃত, যদিও বিবেচনার সময় তাদের সীমারেখাগুলোও আমরা চিনে নিই। ফলে বিষয়-বৈশিষ্ট্য ঘটনার পৌনঃপুনিকতায়, কমবেশি এইভাবে, একটা সংখ্যানির্ভর আকার পেয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে লক্ষ করি, মাঝখানে প্রধান বৈশিষ্ট্যকে ঘিরে বিষয়টি দানা বাঁধে। সেইখানে ঘটনাপুঞ্জের ভিড়। ভিড় জমালেও ওই এক জায়গাতেই তারা স্থির থাকে না। চারপাশে ছড়িয়েও যায়। এবং ছড়াতে ছড়াতে সবদিকে প্রায় একইভাবে কমতে কমতে শূন্যের দিকে অগ্রসর হয়। শূন্য অবশ্য বিষয়ের মানে নয়, তার পৌনঃপুনিকতার সংখ্যায়। এইভাবে যে একেকটা জিনিস আকার পায়, একেই বলি নরমাল ডিস্ট্রিবিউশন। আমরা অবশ্য এখানে সাধারণভাবে মোটা দাগে বিষয়টি বোঝার চেষ্টা করি।
তবে সব নরমাল ডিস্ট্রিবিউশনের চেহারা একরকম হলেও আকারে তারা ছোট-বড় হয়। কোনোটা সংখ্যায় বিরাট, কোনোটা-বা তুলনায় ছোট। আরো যা গুরুত্ব পায়, তা হলো, সমাজ-বাস্তবতায় তারকোনোটির গায়েই চিরকালের তকমা এঁটে দেওয়া সম্ভব নয়। কারণ যে-পরিবেশে মানুষের বসবাস তা ক্রমাগত বদলায়। বাইরে থেকে বদলায়। বদলায় ভেতর থেকেও। মানুষের ইতিহাস এইসব পালাবদলের পথ ধরে চলে এবং চলতে চলতে এক-একটি ভাষাকেও গতিশীল করে। গতিশীল হয়ে সে যেমন বড় হতে পারে, তেমনি আবার ছোট ছোট টুকরোতে ভেঙেও পড়তে পারে। অথবা এমনও সম্ভব, অন্য কোনো ভাষা তাকে গ্রাস করে ফেলে। তবে এর কোনোটিই ভাষা নিজে থেকে করে না। করে মানুষ Ñ যারা ওইসব ভাষায় কথা বলে, যারা নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-মীমাংসায়, অথবা আরো অনেক মানুষের সঙ্গে যোগাযোগের কল্পিত পছন্দের বা বাস্তব সুবিধার প্রত্যাশায় আপন আপন ভাষার রূপান্তর ঘটায়। এটিও একদিনে ঘটে না। হয়তো ব্যক্তির সচেতন উদ্যোগের ফলেও ঘটে না। ঘটে সমবেত জনসমষ্টির জীবনের গতিশীল ক্রিয়া-প্রতিক্রিয়ার ধারাবাহিকতার পথ বেয়ে। ব্যক্তি তাকে মেধাবী-প্রয়াসে বাড়তি বেগ এনে দিতে পারে অবশ্য, অথবা কৌতূহল জাগানো বিচ্যুতিও। তবে যা বিশেষ করে বলবার, তা হলো, ভাষার সার্বিক চেহারা, অস্তিত্ব টিকে থাকলে, আবার নরমাল ডিস্ট্রিবিউশনেই প্রতিফলিত হয়। আকার বড় হলে দুই প্রান্ত দূরে সরে যায়, ছোট হয়ে এলে প্রান্তদ্বয় কেন্দ্রভূমির কাছাকাছি চলে আসে। সেই অনুযায়ী সমষ্টির আয়তনে তারতম্য ঘটে, শিখরচূড়া উঁচুতে ওঠে, অথবা সংখ্যা কমে যাওয়ায় নিচে নামে।
হাজার বছরের পারস্পরিক যোগাযোগে এ অঞ্চলের মানুষ বাংলাভাষার যে-ভৌগোলিক নিবেশন রচনা করে, তার একদিকে শ্রীহট্ট-ত্রিপুরা-চট্টগ্রাম, অন্যদিকে গৌড় বা মালদহ-বীরভূম-বর্ধমান। উত্তরে দার্জিলিং থেকে দক্ষিণে বঙ্গোপসাগর ছুঁয়ে বরিশাল-খুলনা-সুন্দরবন। সবটাই বঙ্গভাষী, কিন্তু আঞ্চলিকতার টানও ভেতর থেকে ফুটে ওঠে অথবা হয়ে ওঠে, সর্বত্র। জীবনযাপনের ক্ষুদ্রতর-বৃত্তসব দল বাঁধে। গায়ে গায়ে লেগে থেকেও গুচ্ছে গুচ্ছে ভাগ হয়ে ছড়ায়। কাজকর্মের-অঙ্গভঙ্গির ভাবপ্রকাশে মুখের কথাতেও তার ছাপ পড়ে। মনে হতে পারে, কথা বলার আলাদা-আলাদা রীতি, আলাদা-আলাদা ঢং, কিন্তু মূলত এক। অন্তর্লীন ধারাবাহিকতায় সবাই একে অন্যের ঐক্য অনুভব করে, ভাবের আদান-প্রদানে আঞ্চলিকতা অতিক্রম করে পরস্পরের বোধগম্য সাধারণ একটি মান তারা ব্যবহার করে। ওই মানও যুগ-যুগান্তের ঐতিহাসিক প্রক্রিয়ায় ভেতর থেকে আকার পেয়ে যায়। তার সর্বজনগ্রাহ্যতা স্বতঃসিদ্ধের মতো মনে হয়। এইখানেই ভাষা ব্যাপকতর পরিমণ্ডলে চতুঃসীমায় লীন হয়ে নরমাল ডিস্ট্রিবিউশনের মানবপ্রকৃতিশাসিত একটা উদাহরণ হিসেবে হাজির হয়। কেন্দ্রভূমিতে সবার বোধগম্য ও সবার কাছে সমভাবে প্রয়োগসাধ্য একটি ভাষারীতি। প্রান্তীয় অথবা নানা আঞ্চলিক রীতির সঙ্গে তফাতের উল্লেখযোগ্য নিদর্শন থাকলেও তাকে মেনে নিতে কারও অসুবিধা হয় না। এই ভাষাভাষী সবার সঙ্গে সহজতম যোগাযোগ-মাধ্যম হিসেবে তার প্রকাশ ঘটে। বাংলাভাষার এবং বাঙালিত্বের মেরুদণ্ডের মতো তা কাজ করে। ভাষার বিবর্তন ঘটে তাকে ঘিরে। অন্তত সেই রকমই ঘটে এসেছে, হাজার বছর ধরে। ‘রাজ্য ভাঙা-গড়া’ এবং ‘জীবনমৃত্যুর ওঠা-পড়া’ তাতে প্রাসঙ্গিক উপাদান যোগ করে হয়তো, কিন্তু তার কাঠামোকে বিচলিত করে না। বাংলাভাষার সাংস্কৃতিক-বিস্তারে অবাধ ভৌগোলিক সীমা এইভাবে অব্যাহত গড়ে ওঠে। পরিবর্তন, পরিবর্ধন বা পরিবর্জন, তাও ওই কাঠামোর স্থিতিশীলতাকে মেনে নিয়ে যে-নিবেশন-প্রক্রিয়া জনসংখ্যার ক্রমবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চালু থাকে, তারই পরিণামফল।
ভাষার এই স্থিতিশীল চলমানতার বাস্তবতাকে দুদিক থেকে বিপর্যস্ত করা সম্ভব। এক, সাধারণ পরিচয়ের মূল মানদণ্ডটিকে অস্বীকার করে সেখান থেকে সরে এসে কোনো কোনো আঞ্চলিক বিন্দুকে অবলম্বন হিসেবে ধরে ভাষাকে নতুন করে ঢেলে সাজাবার উদ্যোগ যদি বলবতী হয়; এবং দুই, ভাষার সহজ-স্বাভাবিক প্রবহমানতাকে অস্বীকার করে তাকে যদি কোনো এক পৌরাণিক শুদ্ধতায় অবিচল রাখার সক্রিয় প্রয়াস গুরুত্ব পায়। প্রথমটি বোঝানো যায়, যদি আমরা বাংলাভাষার প্রচলিত ধারাকে, যে-কোনো সামাজিক বা সাংস্কৃতিক কারণেই হোক, আর মানতে রাজি না থাকি। শ্রীহট্ট, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মালদহ বা বীরভূম Ñ প্রত্যেকে দাবি করতে পারে তার অঞ্চলের মুখের ভাষাই প্রমিত ভাষা। সেই অনুযায়ী আপন আপন বাক্যরীতির শুধু প্রদর্শনী খোলা নয়, তা ফেরি করার প্রতিযোগিতায়ও মুদ্রিত অক্ষরের আসরে জাঁকিয়ে বসতে পারে। এ শুধু শব্দ-ব্যবহারে হেরফের নয়, কর্তা-কর্ম-ক্রিয়াপদের প্রায়োগিক রূপেও ঘটে যায় বহুবিধ ব্যবধান। ফলে বাংলাভাষার হাজার বছরে গড়ে ওঠা ঐক্য বিনষ্টির মুখে পড়ার আশঙ্কা জোরদার হবার সম্ভাবনা দেখা দেওয়া বিচিত্র নয়। ভাষার নরমাল ডিস্ট্রিবিউশনের যে-চেহারায় আমরা অভ্যস্ত এবং যাতে আমাদের অনায়াস অধিকার, তা কিন্তু তাহলে আর নিরুপদ্রব থাকে না। ধসে পড়ার মতো অবস্থাও তৈরি হতে পারে। বিভিন্ন অঞ্চলভিত্তিক ভাষার একেকটা নিবেশন যদি সেভাবে দানা বাঁধে, তবে তারাও প্রত্যেকে নরমাল ডিস্ট্রিবিউশনই হবে, যদিও তুলনায় বামনাকার এবং সাংস্কৃতিক বলয়ে অভিনবত্ব ও চটকদারিত্ব যাই দেখাক, দুর্বল ও অপরিণত। অঞ্চলের সীমা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে হতে যদি কোনো গ্রামীণ পরিচয়ে আটকে যায়, তবে ওই নরমাল ডিস্ট্রিবিউশনের অস্তিত্বও আর থাকে না। সমতলীয় ও সমজাতীয় সরলরেখায় প্রায় ভূমি-সংলগ্নতায় তা নেমে আসে। দিগন্তের আহ্বান তার কানে আর পৌঁছয় না। জীবন-বৈচিত্র্যেরও না। ভাষার এই সংকীর্ণায়ন তাকে সিলেটি, চিটাগাঙি, কিশোরগঞ্জি, বরিশালি বা বিষ্ণুপুরি করে তুলতে পারে, কিন্তু বাংলাভাষার বৃহৎ প্রেক্ষাপট অবলুপ্ত হয়। আবহমান বাঙালি-চেতনাও আর অবশিষ্ট থাকে না। এমন উদ্যোগে অভিনবত্ব থাকে। কখনো কখনো মুনশিয়ানাও। আপাতদৃষ্টে তা বাংলার জীবন ও মাটির কাছাকাছি এবং অকৃত্রিমতার দাবিদার। কিন্তু চূড়ান্ত বিচারে বাংলার বিস্তারকে তা খণ্ডন করে। তার নরমাল ডিস্ট্রিবিউশনের স্বতঃসিদ্ধতাকে আর টিকিয়ে রাখা যায় না। এটি অবাস্তব নয়। এমন উদ্যোগ ইদানীং যথেষ্টই প্রবল। পরীক্ষা-নিরীক্ষা বা বৈচিত্র্যের ঝোঁক থাকতেই পারে। কিন্তু সচেতন দুরভিসন্ধিও দুর্নিরীক্ষ্য নয়, তবে বিষয়টি স্পর্শকাতর। এবং এটি এখানে আমার প্রধান বিবেচ্য নয়, তাই বিস্তারিত ব্যাখ্যায় আর যেতে চাই না।
অবশ্য একটা কথা একটু স্পষ্ট করা প্রয়োজন। ভাষায় আঞ্চলিকতার প্রবেশ নিষেধ, এমনটি আমার বক্তব্য নয়। বরং আঞ্চলিক শব্দ-সম্ভারে সার্বিকভাবে ভাষা সমৃদ্ধই হয়। জীবনঘনিষ্ঠতার জোর যদি তাতে থাকে, তবে তার প্রয়োগে ভাষা অনেক জীবন্ত হয়ে ওঠে। এর উজ্জ্বল উদাহরণ তারাশঙ্কর, হাসান আজিজুল হক বা তসলিমা নাসরিনের রচনা। কিন্তু লক্ষণীয়, তার প্রকাশ সংলাপে অথবা স্বগতভাষণে কিংবা আত্মগত চিন্তায়। আঞ্চলিক, এমনকী অন্ত্যজ বা অশালীন শব্দও যে-কোনো বাক্যে যুতসই হলে অবলীলায় ঢুকে পড়তে পারে। আপত্তি সেখানে নয়। বরং তাতে উৎসাহ জোগানই সংগত। যে-কেউ অক্সফোর্ড-ইংরেজি অভিধানের নতুন নতুন সংস্করণের দিকে নজর দিলেই দেখতে পাবেন, আগের কত অচ্ছুৎশব্দ, কত বিদেশী শব্দ সেখানে অপ্রতিবাদে জায়গা করে নিয়েছে। বাংলাভাষার বেলাতেও তেমনটিই বাঞ্ছনীয়। কিন্তু প্রশ্ন দেখা দেয়, যদি প্রমিত বাংলার বাক্যগঠন-প্রক্রিয়াই বিকৃত ও বিধ্বস্ত হতে বসে। এবং তা করা হতে থাকে মুখের ভাষার অকৃত্রিমতা বজায় রাখার অজুহাতে। বলার অপেক্ষা রাখে না, বহুর ভাষা, একক অভিধা পেলে, সংজ্ঞার্থেই কৃত্রিম। যোগাযোগে বিস্তারসাধ্যতা এবং জটিলতর ও গভীরতর চিন্তার বা চিন্তাবলয়ের প্রয়োগ-সম্ভাব্যতা তার সক্ষমতার পরিচয় তুলে ধরে। অনেক কিছুই তার কথায় ও চিন্তায় ক্রমান্বয় রূপান্তরের ফল। কৃত্রিমতাও তার উপাদান। কিন্তু ভাষা বহুবিস্তৃত অঞ্চলজুড়ে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠলে ওই কৃত্রিমতা ঘুচে যায়। তার সক্ষমতার বিচার হয় আমাদের ভাবনাচিন্তার কতটা ও কতদূর তা ওই ভাষাভাষী সবার কাছে প্রকাশ করতে পারে, তাই দিয়ে। এ থেকে এমন ধারণা অবশ্য করা উচিত নয় যে, ওই কাঠামো কোনো পরিবর্তনই সহ্য করে না। পরিবর্তন ঘটে ঠিকই, তবে মুহুর্মুহু তোপ দেগে নয়। ঘটে ধীরলয়ে জনগণের জীবনের সঙ্গে তাল মিলিয়ে। অন্তর্লীন কাঠামোয় যদিও তেমন বদল হয় না। হাজার বছরের বাংলার ধারাবাহিক চেহারার গতিশীল বৈশিষ্ট্যের দিকে তাকালেই এটা ধরা পড়ে। ধরা পড়ে পুরনো। ইংরেজির সঙ্গে আধুনিক ইংরেজির তুলনা করলেও। অনেক বেশি মানুষের ভাষা হলে তা অনেক বেশি সহজ ও সচল হবার দিকে ঝোঁকে। তাতে ‘বহু ব্যবহারে’ ভাষা ধ্বস্ত বা দুর্বল হয় না, বরং দুর্বলতা কাটায় Ñ এককোণে একটেরে হয়ে অচলতার দুর্বলতা। শিল্প-সাধনাও ওই ব্যবহারের পথ ধরে Ñ কেন্দ্রিকতায় তার ব্যাপকতর গ্রহণযোগ্যতার দিকে নজর রেখে। বিদ্যাসাগর-বঙ্কিম-রবীন্দ্রনাথের গদ্যসাহিত্যের দিকে তাকালে বিষয়টি বোঝা সহজ হয়। মাল-মসলা-ভাবনাখণ্ড যেখান থেকেই আসুক, যতদূর থেকেই প্রেরণা জোগাক, সাধারণভাবে ভাষার ভৌগোলিক-সাংস্কৃতিক সীমায় সব পাঠকের বোধগম্যতার, অথবা বোধগম্যতার বিস্তারের কথা তাঁদের মাথায় রাখতেই হয়। মেধার পরিচয় ব্যবহৃত শব্দেরই নতুন নতুন ব্যঞ্জনায়। আলাদা আলাদা অঞ্চলের কথামালা তাতে বাদ পড়ে না, তবে কোনো আঞ্চলিক কথ্যরীতি আর সবাইকে এবং আর সবকিছুকে উপেক্ষা করে প্রধান হয়ে ওঠে না। এও আমরা লক্ষ করি, আজ যাঁরা সাহিত্যের ভাষা-কাঠামোয় বিকৃতি এনে অঞ্চল-মোহ-রচনায় ব্যস্ত, তাঁরাও যখন বৃহত্তর পাঠক-সমাজের সঙ্গে সরাসরি কথা বলতে চান, তখন শুধু অভ্যাসবশে নয়, উদ্দেশ্যের তাগিদেও, প্রচলিত প্রমিত বাংলার আশ্রয়কেই সহজ বিশ্বাসে আঁকড়ে থাকেন। জীবনে জীবনযোগের প্রক্রিয়া ভঙ্গিসর্বস্ব না হয়ে ঘটে চলে এবং প্রসারিত হয় এইভাবে। ভাষা তার বাহনই হয়। আঞ্চলিক অথবা সাম্প্রদায়িক সীমায় বন্দি থেকে পথরোধ করে দাঁড়ায় না। অনেকেরই জানা, উনিশ-বিশ শতকে বাংলার প্রসার ঠেকাতে যে নানারকম প্রচার-প্রতিরোধ-আন্দোলন হয় তার প্রকাশ ঘটে বিশুদ্ধ ও সুবিন্যস্ত বাংলাভাষাতেই। এতে ভাষা ক্ষতিগ্রস্ত হয় না, বরং তাতে বৈচিত্র্য আসে। তা সমৃদ্ধও হয়। শিল্পের বা এমনকী প্রত্যক্ষ জীবনমুখিনতার নামে আঞ্চলিকতার মায়ায় আটকা পড়লেই তার সমূহ সর্বনাশ।
অন্যপ্রান্তের আতিশয্যও নির্বীর্য। কোনো জীবনদায়িনী শক্তি তার নেই। প্রাচীনতর নির্মাণকলা ভাষার প্রকৃত অথবা কল্পিত ঐশ্বর্যের এক মোহজাল রচনা করতে পারে। কেউ কেউ তাকে আদর্শ বলে তাতে বুঁদ হয়ে থাকতে পারেন। অপরূপ সৌন্দর্যের টানও থাকতে পারে তার। এসব নিয়ে আমাদের মুগ্ধতার কথা বলতে পারি অবশ্যই। কিন্তু সে-মুগ্ধতা কোনো বিরল প্রজাতির উড়ন্ত পাখি দেখার মুগ্ধতা। দৈনন্দিন জীবনযাপনে ও প্রাত্যহিক আচরণে ভাষায় তাকে ফুটিয়ে তুলি সামান্যই। হয়তো ভুলেও যাই। ভাষার এই প্রকাশকে প্রতিনিধিস্থানীয় করে তুলতে চাইলে অথবা তাতে, এই পর্যন্ত আর না, বলে থেমে যেতে চাইলে তার গৌরব বাড়ে ঠিকই, কিন্তু ভাষা মরতে বসে। তার প্রবহমানতা রুদ্ধ হয়। প্রান্তীয় কারুকাজ পূর্ণতার দাবি জানায়। ভাষার স্বভাবসিদ্ধ নরমাল ডিস্ট্রিবিউশন ভেঙে খান-খান হয়ে পড়ে। একই পুষ্করিণীতে বারবার আমরা মুখ দেখি। প্রবাহের আহ্বান তাতে থাকে না। পুষ্করিণীও শুকিয়ে যায়। নিবেশনের একপ্রান্তের শুকনো লেজে আমরা জড়িয়ে থাকি। বাকি সব উবে যায়। জীবনের নানাবিধ কর্মকাণ্ডও গতি হারায়। অতীতে অনেক ভাষার বেলাতে এমন ঘটেছে। এই উপমহাদেশেও ঘটেছে। সংস্কৃত-র দিকে তাকালেই অনেকটা বোঝা যায়। কিন্তু জীবন যেহেতু থেমে থাকে না, তাই ভাষার নতুন নতুন নিবেশনে আমরা বাঁধা পড়ি।
কথাগুলো মনে এলো কমলকুমার মজুমদারের লেখা নিয়ে
ভাবতে বসে। বাংলা সাহিত্য-শিল্পের এক প্রবল পুরুষ তিনি।
অনুরাগীর সংখ্যাও কম নয়। তাঁকে নিয়েই আমাদের এই
আলোচনা, কিন্তু গৌরচন্দ্রিকা মাত্রাতিরিক্ত জায়গা কেড়ে নিল।
এবার তাঁর দিকে দৃষ্টি দিই। ভারসাম্যহীনতার অভিযোগ মাথায় নিয়েই।
দুই
কমলকুমার মজুমদারের মনোযোগী পাঠককুলের অজানা নয়, ১৯১৪ সালে তাঁর জন্ম, মৃত্যু ১৯৭৯-তে। এক ধরনের রহস্যময়তায় তিনি ঘিরে রেখেছেন তাঁর লেখকসত্তাকে। ভাবখানা এমন, ‘আমাকে পাছে সহজে বোঝ, তাইতো এত লীলার ছল’- এই লীলা তাঁকে সাধারণের থেকে আলাদা করে, অনেককে কাছেও টানে। স্বাতন্ত্র্যের একটা মোহ আছে। পথচারীরা ফিরে তাকায়। সঙ্গী করার কথা অবশ্য কজনই ভাবে। তাতে স্বাতন্ত্র্যের মহিমা ক্ষুণ্ন হয় না, যদিও তা দাঁড়িয়ে থাকে একই জায়গায়। শিল্পসাধনায় বিশেষ করে ভাষাশিল্পে Ñ এ এক দুরূহ সমস্যারই সৃষ্টি করে। জলের তোড়ে খড়কুটোর মতো ভেসে যাওয়া তার লক্ষ্য নয়, আবার স্রোতের পেছনে পড়ে থেকে পাঁকে ডুবে হারিয়ে যাবে, এও তার কাম্য নয়। ‘আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি মোর পুঁথিখানি কৌতূহলভরে’ – ওই শতবর্ষ পরে যেমন তা থাকতে চায়, তেমনি চায় কৌতূহলটাও সে-সময়ে একইভাবে ধরে রাখতে। বর্তমানও মিছে নয়। বরং বর্তমানের প্রতিষ্ঠাতে মনের সাধ পুরো হয় না বলেই ভবিষ্যতের দিকে চাওয়া। নশ্বরতায় অমরত্বের স্বপ্ন দেখা। ভাষা কিন্তু এক জায়গায় থেমে থাকে না। এগোয়। গণপ্রবাহই তাকে ঠেলে নিয়ে যায়। এবং এই গণপ্রবাহের ওপর প্রতি মুহূর্তে নানাদিক থেকে অসংখ্য অভিঘাত। কর্মের, ভাবনারও। কিছু সচেতন উদ্যোগের, কিছু-বা প্রতিক্রিয়ার। অবচেতনেও হানা দেয় তারা। ব্যক্তির যেমন, সমষ্টিরও তেমনি। ভাষা এই সবকিছু বহন করে। আবার আপন সত্তাটিও যোগাযোগের সহজ ধারায় অক্ষুণ্ন রাখে। ভাষায় শিল্প-রচনায় এর সবটাই মাথায় রাখতে হয়। অথবা বলা চলে শিল্পই সেই তাগিদ সৃষ্টি করে। লেখক সচেতনভাবে কোনো একটি দিক অবহেলা করলে ভাষার সৃষ্টিশীল প্রবাহ তাকে মূল্য দেয় না। তার অন্তর্নিহিত নান্দনিকতার ধারা তাকে পরিত্যাগ করে। বর্তমান-ভবিষ্যৎ, কোনোখানেই পায়ের তলায় জায়গা-জমির বিস্তার ঘটে না।
তাঁর গল্পসমগ্রের ভূমিকায় সুনীল গঙ্গোপাধ্যায় জানাচ্ছেন, ‘বেশ কিছুকাল তিনি ছিলেন লেখকদের লেখক, মূলত তরুণ লেখকরাই ছিল তাঁর রচনার মনোযোগী পাঠক, বিশেষত নবীন কবিকুল ছিল তাঁর বিশেষ অনুরাগী। আস্তে আস্তে উৎসাহী পাঠকরা তাঁর প্রতি আকৃষ্ট হয়। বাংলাভাষার অন্য সমস্ত লেখকের চেয়ে তিনি আলাদা। কখনো জনপ্রিয়তার তোয়াক্কা করেননি, আবার জনপ্রিয়তা না পেয়ে অভিমানী, বিদ্রোহীও হননি, তাঁর নীরব অহঙ্কারের জের পাঠকদের স্পর্শ করেছিল। তিনি মনোরঞ্জনের জন্য লেখেন না, কিছু সৃষ্টি করার জন্য লেখেন,প্রতিটি রচনার মধ্যে রয়েছে জীবনবোধের গভীরতা, অথচ কোনো উচৈঃস্বরের বক্তব্য নেই। Ñ’
এই বার্তায় সত্য আছে নিশ্চয়, তবে মিশেলও যে কিছু নেই, তা নয়। জনপ্রিয়তার তোয়াক্কা হয়তো তিনি করেননি, কিন্তু বিশিষ্টতার অভিমানও নীরবে বহন করেননি। বরং এই বিশিষ্টতার মোহ তাঁকে কাবু করেছে বলেই মনে হয়। তাতে টংয়ে বসা দাদাঠাকুরের গৌরব তাঁর জুটেছে। কিন্তু শিল্পসিদ্ধির জন্যে তা অপরিহার্য ছিল, অথবা শিল্পসাধনায় তাঁর অভিযানই একমাত্র যথার্থ Ñ এমন অভিমত নির্দ্বিধায় মেনে নেওয়া শক্ত। তাঁর মতো বিরল প্রতিভা আপন ক্ষমতার প্রতি সুবিচার করেছেন কিনা, এ প্রশ্নও থেকেই যায়। খুব স্পষ্ট করেই তিনি জানান, ‘Ñ প্রতিদিন এক এক শব্দ বহুল ব্যবহারে ধ্বস্ত হয়, সেই সেই শব্দকে বাঁচাইতে আমাদের পবিত্র উচ্চশ্রেণিগত বংশধারা ও মর্যাদা অনুযায়ী Ñ চেষ্টা করিব Ñ আমরা যাহারা লিখি বলিয়া অভিমান করি তাহাদের কর্তব্য – অনেক বিদেশী লোকেতে বলে ‘এটাক’ ভাষাকে যে-আক্রমণ করে সেই তাহাকে বাঁচায়।’ (গল্প কবিতা, পূজা সংখ্যা ১৯৭৮) তাঁর নির্দেশে অমোঘতা আমাদের নিশ্চিত বিদ্ধ করে। কিন্তু নির্দেশ নির্দেশই। বৈষ্ণব বিনয় নয়, বরং ওল্ড টেস্টামেন্টে আনুগত্যের দাবিই এখানে প্রধান। একে ‘জনপ্রিয়তার তোয়াক্কা করেননি’ বললে সবটুকু বলা হয় না। প্রকৃতপক্ষে তোয়াক্কা না করাটাই দৃষ্টি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিপরীত দিক থেকে জনপ্রিয়তার আবেদন একটা তৈরি হয়। এটা অনুচিত বা অনাকাক্সিক্ষত নয়, কিন্তু কৌশল তো বটে। কমলকুমার পাঠককে ভয় দেখিয়ে তাকে আকৃষ্টই করেন। এমনকী উলটো ধারণার বৃত্তও রচনা করেন। যেমন, এখানে বলেছেন, ‘Ñ আমাদের পবিত্র উচ্চশ্রেণিগত বংশধারা ও মর্যাদা অনুযায়ী Ñ ’ সাধারণ প্রতিক্রিয়া হতে পারে, তিনি বুঝি মানুষের ভেতরে উঁচু-নিচু ভেদাভেদ টানছেন। প্রাচীন প্রথায় যেমন শাস্ত্রপাঠে অনেকের নিষেধ ছিল তিনি যেন তারই ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু আমার মনে হয়েছে, তিনি বলতে চাইছেন শিল্প-সাধনার কথা, জাতপাতের কথা আদৌ নয়। ভাষার সাধনায় যত ওপরে ওঠা, তত পবিত্রতা অর্জন করা, তত প্রস্থান নির্জনতায়। এর সঙ্গে সামাজিক ভেদাভেদের কোনো সম্পর্ক নেই। কিন্তু কমলকুমার ইচ্ছাকৃতভাবে এই বিরোধীভাস রচনা করেন। যেন স্বেচ্ছাকৃত ভাষার মায়াজাল ছিন্ন করতে পারলে তবেই উদ্ধার। আমরা এ প্রসঙ্গে পরে আবার ফিরে আসব।
আমরা আরো জানতে পারি, কলকাতার বনেদি পরিবারে তাঁর জন্ম। খাঁটি কলকাতার ভাষায় তিনি কথা বলতেন। ‘কিন্তু তাঁর গদ্য, বিশেষত উপন্যাসের গদ্য প্রবহমান বাংলাভাষার চেয়ে একেবারে পৃথক, বাক্যগঠনরীতি একেবারেই প্রথাসিদ্ধ নয়, যতিচিহ্নের ব্যবহার তাঁর নিজস্ব, কমা অজস্র, পূর্ণচ্ছেদের ব্যাপারে অতি কৃপণ, কখনো কখনো পাতার পর পাতায় পরিচ্ছেদ ভাগ নেই, মনে হয় অসমাপিকা ক্রিয়ায় একটিই বাক্য চলেছে। কমলকুমারের মতো দুঃসাহসী লেখক আমরা বাংলাভাষায় আর দেখিনি, তিনি নিজস্ব ভাষা সৃষ্টি করে নিয়েছেন। রবীন্দ্রনাথ সবুজপত্রের আমল থেকে সাধু বাংলা একেবারে পরিত্যাগ করেন, চলতি ভাষা গ্রহণ করার পর আর ফিরে যাননি। কমলকুমার চলতি ভাষায় বেশ কয়েকটি গল্প লেখার পর সাধু বাংলা গ্রহণ করতে দ্বিধা করেননি, সাধু ক্রিয়াপদ এবং অপ্রচলিত শব্দ ব্যবহার করেছেন বহুল পরিমাণে, কিন্তু তা সত্ত্বেও তাঁর ভাষা আধুনিক Ñ’ (ঐ, ভূমিকা) দেখতে পাই, খাঁটি কলকাতার ভাষায়, যা প্রমিত ভাষারই এক সর্বজনমান্য শিষ্ট রূপ, তিনি কথা বলতেন। অথচ এই কথ্যভাষার ভেতরের শক্তিতে তিনি আস্থা রাখেননি। শিল্পসাধনায় তাকে প্রত্যাখ্যানই করেছেন। আপন মেধার দীপ্তিতে ভাষাকে তিনি নির্মাণের খেলায় মেতেছেন, যেন ভাষাও সবটুকু তাঁর হাতের মুঠোয় ভাস্কর্যের উপকরণ। আমরা চমৎকৃত হই। কখনো কখনো কীর্তির অসাধারণত্বে হতবাক হয়ে যাই, কিন্তু ধন্দ থেকেই যায়। উৎস তার ওই নির্মিত ভাষার নিজস্ব ক্রিয়াশীলতার ভেতরেই। তাঁর সামগ্রিক উদ্যম ক্যানিয়ুটের সমুদ্র-শাসনের মতো হাস্যকর, না কী জাহাজের জ্বলন্ত পাটাতনে ক্যাসাব্লাঙ্কার নিশ্চিত মৃত্যুকে উপেক্ষা করার বীরত্বের মতো গৌরবময়, এ প্রশ্নের সদুত্তর ঠিক মেলে না। তবে প্রশ্নটা যে থেকে যায়, এবং আমার অনুমান, তা বারবার উঠতেই থাকবে, তাতে বোঝা যায় কমলকুমার সাহসের সঙ্গে নিজেকে জাহির করে বিফল হননি। একটা চূড়ান্ত অবস্থানে তিনি দাঁড়াতে চেয়েছেন। ভাষার স্বাভাবিক স্রোতকে তা অস্বীকার করে, কিন্তু ভাষার সীমাকে অতিক্রম করে না এবং ওই দাঁড়াতে চাওয়াতে যে অহংকার, তা শিল্পীরই অহংকার। ওটুকু না থাকলে তিনি ভাসমান শ্যাওলামাত্র।
তিনি যে মূলত লিট্ল ম্যাগাজিনের লেখক ছিলেন, এও যেন এক ধরনের প্রথাবিরোধিতা। নিয়মিত পত্রপত্রিকাও তাঁর লেখা ছেপেছে। এটা তাদের জন্যেই বিশেষ এক অর্জন, তাঁর জন্যে নয়। বহুল প্রকাশিত, অথবা বহুল পরিচিত কাগজে লেখা ছাপাতেও তিনি তাঁর স্বকীয়তা একবিন্দু বিসর্জন দেননি, যখন প্রথাবিরোধিতাতেই তাঁর খ্যাতি, তখনো না। সাধ্য থাকলে লিট্ল ম্যাগাজিন লেখায় স্বাধীনতাকে, এমনকী স্বেচ্ছাচারিতাকেও প্রশ্রয় দেয়। কমলকুমারের জন্য তা সর্বতোভাবে উপযুক্ত ছিল। বোধহয় এ কারণেই তাঁর শিল্প-প্রতিভা তাতে স্ফূর্তি পেয়েছে। তিনি অনন্যমনা হয়ে তাতে লিখেছেন Ñ আপনার শিল্পীসত্তাকে লেখার মাধ্যমটি ব্যবহার করে প্রকাশ করেছেন। কোনো বাণিজ্যিক স্বার্থ Ñ নিজের, অথবা প্রকাশকের Ñ আমল দেননি। অবশ্য তাঁকে নিয়ে ঔৎসুক্য তাতে কমেনি, বরং বেড়েছে। অনেক লুপ্ত লিট্ল ম্যাগাজিন এখনো যে আমরা স্মরণ করি, তার একটা কারণ, তারা কমলকুমারের লেখা ছেপেছে। তাছাড়া আরো গুটিকয় লিট্ল ম্যাগাজিন ছিল, বা আছে, আভিজাত্যে যারা সাধারণ পত্রপত্রিকার অনেক ওপরে। (যেমন, এক্ষণ) লিট্ল ম্যাগাজিন হলেও লিট্লম্যানদের পাত্তা পাওয়া সে-সবে দুঃসাধ্য। কমলকুমারের লেখা ছাপা হলে তাদের শখ মিটেছে, বোধহয় কমলকুমারেরও। তবে এ থেকে এমন কোনো সিদ্ধান্তে আমরা আসতে পারি না যে, লিট্ল ম্যাগাজিনই সাহিত্যের সুতিকাগার। সাহিত্যের সার্বিক পরিবেশে আরো অনেক কিছু দেখার আছে। দেখার আছে লেখক-পাঠক সম্পর্কে বিস্তারের পরিধি এবং তার নানামাত্রাও লিট্ল ম্যাগাজিন তার ভেতরেই গজায়, বাড়ে, আবার উবে যায়। তারও একটা নিবেশন-চিত্র আমরা আঁকতে পারি। অবশ্য সময়ের ছাপ তার ওপরও পড়ে Ñ একেক সময় একেক রকম। তার নিজেকে নিয়ে, চারপাশকে নিয়েও। এবং সেখানে প্রতিভার ও প্রতিভাহীনতার সমাবেশ, দুই-ই থাকে। প্রতিভার ছাপ স্থায়ী হলে লিট্ল ম্যাগাজিনও দৃষ্টি আকর্ষণ করে, যেমন করে কমলকুমার মজুমদারকে নিয়ে। এ কথা অবশ্য সব মাধ্যমের বেলাতেই সত্য।
তবে কমলকুমারের যে-ভাষারীতি নিয়ে খ্যাতি আজ কিংবদন্তিতুল্য, শুরুতে কিন্তু তা অমনটি ছিল না। সাধারণ কথ্যরীতিতেই ছিলেন স্বচ্ছন্দ। এবং এই স্বাচ্ছন্দ্যের পেছনে রবীন্দ্রনাথ-প্রমথ চৌধুরীর নিবিষ্ট পাঠের প্রভাব অস্পষ্ট নয়। সব রবীন্দ্রনাথ অবশ্য নয়, শেষের কবিতার, এবং শেষদিকের কিছু গল্পনির্ভর কবিতার রবীন্দ্রনাথ। লক্ষ করলে দেখা যাবে, এমন প্রভাব তখন পড়েছে সাহিত্যিক হতে ইচ্ছুক আরো অনেকের ওপরেও। গত শতকের তিরিশ-চল্লিশের দশকের পত্রপত্রিকা ঘাঁটলে অনেক গদ্য-লেখায় এমনটি চোখে পড়বে। অনেক পরে আবি®কৃত জীবনানন্দের গল্প-সাহিত্যের ভাষারীতিতেও, ভাবনায় বা শব্দ-ব্যবহারে নয়, তা লক্ষণীয়। সেখানে আলাদা করে যদি কেউ কমলকুমারকে শনাক্ত না করে থাকেন, তবে তাতে অবাক হবার কিছু নেই। তাঁর ‘লালজুতো’, ‘মধু’, ‘প্রিনসেস’ ‘প্রেম’ – এইসব গল্প তাঁকে সে-সময় বিশিষ্ট করে না, যদিও এখন যদি কেউ খুঁটিয়ে পড়েন, তবে সে-সবে কমলকুমারের ভাষারীতির না হোক, ভাবনাবলয়ের অর্ধস্ফুট একটা (একমাত্র নয়) ছক ভেসে উঠতে দেখবেন।
বিশ শতকের মাঝামাঝি এসে তিনি তাঁর আপন ভুবন রচনা করতে শুরু করেন। শুরুই; কারণ ক্যানভাসের পুরোটা তখনো চোখের বাইরে। চেতনারও কি? এটা অন্তত বলা যায়, ভাষায় তাঁর ‘খেলার প্রতিভা’ তখনো খাপ খুলে পুরোপুরি বের হয়নি। তিনিও হয়তো জায়গা-জমির মাপজোকে ব্যস্ত। কোথা থেকে কতদূরে বা কত উঁচুতে লাফ দিলে বাহাদুরিটা বাহাদুরি থাকবে এবং হাততালিও মিলবে, এসব বিষয় মাথায় তখনো তাঁর না-ও এসে থাকতে পারে। কেউ তাঁকে দেখছে কিনা, এ নিয়েও বোধহয় উদাসীনই ছিলেন। শুধু এটুকু বলা যায়, তাঁর নিজস্ব প্রতিভার ছটা যেন আর গোপন থাকতে চাইছে না। কারও চোখে পড়ুক বা না পড়ুক, তিনি প্রকাশিত হচ্ছেন।
‘জল’ গল্পটি তাঁর প্রথম ছাপা হয় বাংলা ১৩৫৫ সনে, ১৯৪৮ খ্রিষ্টাব্দের শেষাশেষি। সাহিত্যপত্র নামে এক লিট্ল ম্যাগাজিনে। আজ আমরা বুঝি, কী অসাধারণ এ গল্প। যে-কোনো ভাষাই এমন গল্প নিয়ে গর্ব করতে পারে। কিন্তু তখন তা নিয়ে তাঁর চেনা গণ্ডির বাইরে কেউ উচ্চবাচ্য করেননি। বোধহয় তারা খেয়ালও করেননি। এই গল্পেই দেখি, সচেতন কারিকুরির দাগ তাঁর ভাষায় পড়তে শুরু করেছে। এক জায়গায় পড়ি : ‘এখন ওপাশে জয় না, এ পাশে জয়নার অন্তঃপাতী বেলটিক্রী, উত্তরে বাণীবাদ মধ্যে এই দশ হাজার বিদ্যের লাট। ধান কাটা হয়েছে, এইখানেই ফজল ছিল না, সে শূন্যে আশ্রয় চেয়েছিল, পেয়েছিল যখন। ওতপ্রোতভাবে তার চোখ যেমন ঝলসে উঠেছিল, তার পাদুটো মাটিতে গেড়ে গিয়েছিলই। সে হয় কানাই, সে না হয় ফজল, তার নাম কানাই তবু তবু ফজল থতমত খেয়ে গিয়েছিল ঠিকই। সন্নিকটে একটা লণ্ঠন নড়তে নড়তে চলেছে নিরীহ। ইস্ ফজল এবার এখনও তখন জ্ঞান হারায়নি Ñ তখন তার হাতের দা এপাশের অন্ধকারে চকচকে Ñ নন্দর দা অন্যপক্ষে; সে বিড়বিড় করে বললে Ñ ‘আল্লারে… আল্লারে…।’
এটুকুর মধ্যেই কমলকুমারীয় বৈশিষ্ট্য, অবশ্যই তাঁর সুচিন্তিত প্রয়োগে, ঘুরেফিরে মাথা তোলে। ‘Ñ এইখানেই ফজল ছিল না, সে শূন্যে আশ্রয় চেয়েছিল, পেয়েছিল যখন’ Ñ আপাতসরল বাক্যাংশটিতে ‘ফজল ছিল না’ আর ‘পেয়েছিল যখন’ Ñ এর বৈপরীত্যে যে সুতীব্র বিস্তারের সৃষ্টি হয়, অসহায়তায় তা শব্দের সীমা অতিক্রম করে ভাবনার আকাশ ছেয়ে ফেলে। আবার আগে না দিয়ে পরে ‘পেয়েছিল যখন’ বসিয়ে ব্যঞ্জনায় যে-রহস্যময়তা তিনি আনেন তাকে উপেক্ষা করা সহজ হয় না। ‘সে হয় কানাই, সে না হয় ফজল’, এখানে কমলকুমারের নিজস্ব ছাপ অবিমোচ্য। ‘হয়’ ক্রিয়াপদ আর কেউ কি সাহস করে এভাবে বাংলায় ব্যবহার করতেন?
অথচ ওই একটি পদেই বাক্যটি অন্তর্নিহিত বিপন্নতায় ফজলের
বাস্তবতাকে পরিপূর্ণরূপে দেয়। তারপর ‘তবু’ শব্দের দ্বিত্ব ব্যবহার তার বাইরের ঘাবড়ে যাওয়াটাও ফুটিয়ে তোলে। যখন ‘সন্নিকটে একটা লণ্ঠন নড়তে নড়তে চলেছে নিরীহ, তখন আমাদের দেখার আর কিছু বাকি থাকে না Ñ শুধু চোখ দিয়ে নয়, মন দিয়েও।’ ‘নিরীহ’ শব্দ ওই মন কেড়ে নেয়। ফজলের ‘এবার এখনও তখন জ্ঞান’ না হারানোয় অবশ্য আমরা কমলকুমারের আগামী যাত্রার ইঙ্গিত পাই। ‘এখন আর তখনে’র বৈপরীত্যকে তিনি মুহূর্তের চলমানতায় বাঁধেন। এই চলমানতার পেছনে ছোটায় তাঁকে পরে নেশাগ্রস্ত মনে হয়। তাতে ভারি আর অন্ত্যজ শব্দ হুড়মুড়িয়ে একসঙ্গে চলে, অথচ ভেতরের স্পন্দমানতা বেচাল হয় না।
আমরা জানি, তাঁর প্রথম প্রকাশিত বই, অন্তর্জলী যাত্রা Ñ একটি উপন্যাস। বাংলা সন ১৩৬৯-এ ছাপা। বলা চলে, অদ্বিতীয়। নতুন নতুন চমক দিয়ে কমলকুমার এগিয়েছেন, উপন্যাসও আরো কটি লিখেছেন, কিন্তু অন্তর্জলী যাত্রা একক মহিমায় অবিনশ্বর। শিল্পে জীবনের, এবং সেই সূত্রে প্রবহমান বাস্তবতার, কালনির্ভর উপস্থাপনে কালোত্তীর্ণ সারাৎসার ভাষার সৃজনশীল-নির্মাণে তিনি অমর্ত্য আলোকে উদ্ভাসিত করে তুলেছেন। মহৎ বাংলা উপন্যাসের কোনো সংক্ষিপ্ত তালিকা থেকেই একে আমরা বাদ দিতে পারি না, যদিও সর্বাংশে এ দলছুট। ভাষার ঐতিহ্যকে স্বীকার করেও ভাষার শিল্পসাধনায় পথ তাঁর একান্ত নিজের। সমকালের স্থূল হস্তাবলেপন সযত্নে তিনি এড়িয়ে চলেন।
অন্তর্জলী যাত্রা নিয়ে আরো কিছু বলার আগে সে-সময়ের ছোটগল্পের কোনো কোনোটির দিকে আর একবার ফিরে তাকাই। একটু পরে, প্রায় একই সময়ে তাঁর ছোটগল্পের সংকলন নিম-অন্নপূর্ণা ছেপে বেরোয়। পরে ছাপা হলেও, মনে হয়, এরা অন্তর্জলী যাত্রার আগের লেখা। ক্রিয়াপদের ব্যবহারে কথ্যরীতির চল বিঘ্নিত হয়নি। অন্তর্জলী যাত্রায় অবশ্য ক্রিয়াপদের প্রাচীন রূপকাঠামোয় তিনি আশ্রয় নেন এবং পরবর্তী সময়ে সেখান থেকে আর সরে আসেননি।
সাহিত্যের লক্ষ্য যদি হয় চেতনালোকে তারায় তারায় দীপ্ত শিখার অগ্নিজ্বালা, তবে নিম-অন্নপূর্ণার সিদ্ধি যে প্রশ্নাতীত, এ কথা স্বীকার করবেন যে কোনো সচেতন পাঠকই। মনে আছে, ‘নিম-অন্নপূর্ণা’ গল্পটি যখন প্রথম পড়ি, তখন তার অভিঘাতে একরকম নিস্তব্ধ বসে ছিলাম কদিন। অভিজ্ঞতায় এই নান্দনিক বিচ্ছুরণ, এবং সেই সঙ্গে বাস্তবতার গভীরতম তল-অবলোকন আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। ভাষায় তিনি নিজেকে চিনিয়ে দিতে শুরু করেছিলেন। তার চেয়ে বড় কথা, অন্তত আমার কাছে, চৈতন্যে যে-ভাবের অনুরণন তিনি জাগাতে চেয়েছিলেন বলে আমার ধারণা, তা তিনি সরাসরি করেছিলেন।
কোনো অহেতুক অলংকরণের তাঁর প্রয়োজন করেনি। গোপন সাধনার মতো প্রত্যক্ষের আড়ালে প্রকৃতকে তিনি লুকিয়ে রাখেননি। তাঁর গল্পের মুখোমুখি হওয়া যে-কোনো পাঠকের জন্যেই ছিল, অন্যত্র তিনি যেমন বলেছেন, ঈশ্বর-দর্শনের মতো একটা ব্যাপার। আট-ঘাট বেঁধে ভাষার দুর্গমতায় তিনি কাউকে আহ্বান করেননি। আমরা, সাধারণ পাঠকেরাও উৎসাহিত বোধ করেছি। গল্প-পড়ার আনন্দ আমাদের জীবনকেও ঋদ্ধ করেছে। তাঁর ‘মতিলাল পাদরী’, ‘তাহাদের কথা’, ‘তেইশ’ গল্পগুলো অসহায় মানুষের করুণ রঙিন বাস্তবতা আমাদের সামনে মেলে ধরে। জাগতিক কোনো স্বার্থবুদ্ধি, অথবা কোনো ভেদবিচার এতটুকু ছায়া ফেলেনি। আমরা শুদ্ধ সাহিত্যের এবং শুদ্ধ মানবতার সামনে প্রণত হয়েছি। ‘মল্লিকাবাহার’ গল্পটি অভাবনীয়ই বটে। অনেকে কমলকুমারের সাহসের প্রশংসাও করেন। গল্পের শেষ কটি পঙ্ক্তি এইরকম : মল্লিকা শোভনাকে বিশেষ অপটুতার সঙ্গে গভীরভাবে চুম্বন করলে। শোভনা জিজ্ঞাসা করলে, ‘আগে কাউকে কখন এমনভাবে…’
‘হ্যাঁ… আচ্ছা আপনি?
‘আমায় তুমি বলো, আমি তোমার কে? বলো?
‘আচ্ছা তুমি?’
‘না,’ দৃঢ়কণ্ঠে শোভনা বললে। বোধহয় মিথ্যা। হেসে বললে, ‘আমি তোমার স্বামী তুমি Ñ’
‘বউ।’
শুনে শোভনা আবেগে চুম্বন করলে। শোভনার মুখসৃত লালা মল্লিকার গালে লাগল।
জনান্তিকে বলি, গল্পটি যদি কোনো মহিলার লেখা হতো, তবে আমাদের পৌরুষদীপ্ত পাঠককুল তাঁকে সীমালঙ্ঘনের অমার্জনীয় অপরাধে নিশ্চিত দোষী সাব্যস্ত করতেন। নাকে-মুখে চুনকালি মাখিয়ে লেখককে ঝেঁঁটিয়ে বিদায় করতে পারলেই বুঝি তাদের শান্তি হতো। ক বছর আগে চলচ্চিত্রের মাধ্যমে অনুরূপ প্রসঙ্গ আনায় দীপা মেহ্তা বা শাবানা আজমিকে যে হেনস্তা পোহাতে হয়েছিল, তা আমাদের মনেআছে। অথচ কমলকুমারের এই অসামান্য গল্পটির সংস্কার-বিরোধিতায় তাঁরা মুগ্ধ হন। ‘মল্লিকাবাহার’ তার প্রাপ্য তারিফ ঠিকই পায়। আমরাও কমলকুমারের জয়গান গাই। এবং তা সবদিক থেকেই যথার্থ।
অনেকে বলে থাকেন, অন্তর্জলী যাত্রা বা নিম-অন্নপূর্ণা ছেপে বেরোবার সময় পাঠক-সমাদর প্রায় কিছুই পায়নি। অজ্ঞাত-অখ্যাতর দলেই তিনি পড়েছিলেন। কথাটা সবটুকু সত্য নয়। আমরা লক্ষ করি, বাংলাভাষার সেরা সাহিত্যবোদ্ধার অনেকের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন শুরু থেকেই। চতুরঙ্গ, পরিচয়, কৃত্তিবাস, দেশ এই রকম সব পত্রিকাতেই তাঁর লেখা নিয়ে গুঞ্জন উঠেছে। তর্ক-বিতর্কের মধ্যমণি হয়ে থেকেছেন তিনি। সবার থেকে তিনি যে অন্যরকম, এই কথাটা প্রবাদতুল্য হয়ে উঠেছে। এসব স্বীকৃতি না পাবার লক্ষণ নয়। তিনিও মনে হয় নিজেকে আড়াল করার খেলায় এক ধরনের আমোদই পেতেন। সেটা যদি পরে প্রায় বাতিকে দাঁড়িয়ে গিয়ে থাকে, তবে তার শুরু এইখানেই। বইয়ের বাজারে বাণিজ্যিক হালচালের ব্যাপারটা ভিন্ন, তা পেশাদারি কুশলতা দাবি করে। কমলকুমারের তাতে বিন্দুমাত্র আকর্ষণ ছিল না। শিল্প-শুদ্ধতায় জীবনের অনিবার্য আকুতি মেশাতেই তিনি ব্যস্ত থেকেছেন। অন্তর্জলী যাত্রায় প্রথম থেকে শেষ পর্যন্ত তারই নিবিষ্ট প্রকাশ এবং সেখানে মানব-মানবীর সংস্কারশাসিত আচরণ অতিক্রম করে তাদের মৌলসত্তার উন্মোচনেই তাঁর আগ্রহ। এই আগ্রহের পরিচয় গোপন থাকেনি। কী অন্তর্জলী যাত্রায়, কী নিম-অন্নপূর্ণায়। সুধীজনদের অবাক বিস্ময়ও তিনি উপভোগ করেছেন। তাই স্বীকৃতি তাঁর যথাসময়ে মেলেনি, এটা একটা কথার কথা। এই রকম বলার ভেতরেও একটা প্রচ্ছন্ন গতানুগতিকতা কাজ করে।
তারপরও প্রশ্ন থাকে, কেন তিনি প্রস্থান করেন কথ্যরীতি থেকে সাধুরীতিতে? কেন অন্তর্জলী যাত্রার উজান যাত্রা তাঁকে আরো উজানে ঠেলে? নিম-অন্নপূর্ণায় তাঁর স্ব-মহিমায় প্রতিষ্ঠা তো কোনোভাবে কোথাও বাধা পায়নি। তাঁর লক্ষ্য-বিচ্যুতি ঘটেছে, এমনও কেউ অভিযোগ করেনি। বর-তপস্যায় তিনি সিদ্ধ হয়েছেন, এই কথাটিই বারবার মনে হয়েছে সবার। তবু তিনি মানস-সরোবরের একক তীর্থযাত্রী। তা সবার সঙ্গে মেলায় না, সবার থেকে আলাদা করে। জানতে পাই, কোনো সদুত্তর তাঁর কাছ থেকেও আসেনি। চলতি বাংলায় কথার ঐশ্বর্য হারায়, এমনটি কখনো কখনো বলেছেন বলে শুনি। তবে ‘নিম-অন্নপূর্ণা’, ‘জল’ বা মতিলাল পাদরী-র গল্পই এমন বক্তব্য খণ্ডন করে। তিনি হয়তো ভাষার শিল্পে আত্মপরিচয়ে বিশিষ্ট হতে চাইছিলেন। বিশিষ্টতার মোহ তাঁকে দুর্গম পথে পেছন দিকে টানে। ক্ষুরস্য ধারা নিশিতা দুরত্যয়া দুর্গম্ পথস্তৎ কবয়ো বদন্তি Ñ তিনিও কি তাই ভাবছিলেন?
তবে একটা অনুমান এখানে খাড়া করা বোধহয় অনর্থক হবে না। সে-সময়ে বাংলা কথাসাহিত্যের জগতে যাঁরা দিকপাল বলে পরিচিত যেমন, তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন মিত্র, এমনকী সমরেশ বসু Ñ তাঁদের বৃত্তে থেকে যে বেশিদূর এগুনো যাবে না, একথাটি তাঁর মনের ভেতরে কাজ করে থাকবে। বিষয়ে ও প্রকরণে তাই তিনি সম্পূর্ণ বিপরীত মেরুতে গিয়ে দাঁড়ালেন। জোর দিলেন ভাষারীতির ওপরে, যেখানে বিষয়-মাহাত্ম্যই তখন সাহিত্যিক বিতর্কে জায়গা দখল করে রেখেছিল বেশি। প্রাচীনতার সাজ-পোশাকে তিনি নিজেকে সাজালেন। তাতে চোখে পড়লো সবার সহজেই। তবে প্রতিষ্ঠা জুটলো তাঁর ব্যক্তিগত প্রতিভার জোরেই। সাজ-পোশাক শুধু বাইরের অবলম্বন, লাবণ্য ভেতরের জিনিস। সাজ-পোশাকেও ছড়ায়। না ছড়ালে সব আয়োজন অর্থহীন। তা কমলকুমারের বেলাতেও। এবং চৈতন্যে জাগ্রত বাস্তবতার প্রাণশক্তি কিছু-না-কিছু না মিশলে লাবণ্য ফোটে না। এই বাস্তবতার এমন কোনো কোনো স্থির বিন্দু তিনি তুলে আনতে চাইলেন, যা দেশ-কাল নিরপেক্ষ। ভাষার উৎসমুখী আড়ম্বর সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না, বরং কোথাও কোথাও পরিবেশ-রচনায় সহায়ক হয়। ধাক্কা দিয়ে পাঠকের চটকাও ভেঙে ফেলা যায়। সেটাও যে তাঁর উদ্দেশ্য ছিল না, এমনটি নিশ্চিত করে বলা যায় না। হয়তো তিনি তাতে মজাও পেয়েছেন। যদিও, মানতেই হয়, পাঠকেরা সব জায়গায় সমানভাবে মজেননি। এমনকী প্রতিহতও হয়েছেন তাঁর ব্যাসকূট রচনায়। শক্ত খোলস ভেঙে ভেতরে শাঁসটুকু বের করে আনার চেষ্টায় হাল ছেড়ে দিয়েছেন কেউ কেউ, লেখকের ইচ্ছাকৃত ভাষার হেয়ালিপনা তাঁদের বিরক্তও করেছে।
একটি উদাহরণ দিই। অন্তর্জলী যাত্রা পেরিয়ে তাঁর অধিকাংশ রচনার শুরুতেই পাই প্রাচীনগন্ধী স্বস্তিবাচন, যেমন, ‘মাধবায় নমঃ, তারা ব্রহ্মময়ী মাগো; জয় রামকৃষ্ণ। ঠাকুর, আমি বেশ বুঝিতে পারি তুমি ইহাদের পরিত্যাগ করিয়াছ; যাহাদের কথা আমি বলিব। ঠাকুর আপনি এই করুন, যেন আমার বিবৃতির মধ্যে কোথাও শ্লেষ-তামাশা না থাকে; আমি সত্যই, এই প্রসঙ্গে বিশেষ মরণাপন্ন গোঙানি শুনিতে পাইয়াছি; এখানে ভগবান নাই, পতঙ্গ নাই, জলকাদা কিছু নাই, শুধুমাত্র শুষ্কতা; তবে গ্রাহ্য করিবার এই আছে যে, এখনও নিশ্বাস বহিতেছে, এখনও জন্মমৃত্যু আছে।’ (খেলার আরম্ভ, এক্ষণ, শারদীয় ১৩৮৫) এটা কোনো আকস্মিক খেয়ালের ব্যাপার নয়। সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট। এবং প্রায় প্রতিটি গল্পের শুরুতেই এই রকম। উনিশ শতকেও বাংলা কাব্যের পাঠারম্ভে মঙ্গলাচরণের যে-রীতির চল ছিল, মাইকেল মধুসূদনেও আছে, এ যেন তারই প্রতিধ্বনি; এবং ইচ্ছাকৃতভাবে প্রচলিত-অর্থে দেব-দেবী-ঠাকুর-মহাপুরুষের প্রতি আহ্বান। যদিও তারপরেই ধ্বনিত জাগতিক বিপন্নতার অনুভব প্রবলভাবে কালোত্তীর্ণ, এবং সে-কারণে আধুনিকও বটে, তবু ওই সেকেলে প্রথায় আনুগত্যের সরব দেখনদারিতে আমাদের অনেকের মনেই বিরূপতা জমে। গতানুগতিক হিন্দুয়ানির প্রদর্শনীও মনে করেন কেউ কেউ। এতে যে স্ব-বিরোধিতার সৃষ্টি হয় Ñ ভনিতার সঙ্গে বিষয়ের Ñ তাতে ভ্যাবাচ্যাকা খেয়ে যান বহু পাঠকই। কমলকুমারের উদ্দেশ্যের ও উপলব্ধির সমন্বয়-সাধনা তল পড়ে যায়।
তবে বিষয়টিতে আরো একটু মনোযোগী হলে আমাদের ধন্দ কিন্তু কাটে। মাধবায় নমঃ কোনো প্রথাশাসিত দেব-বন্দনা নয়। মাধব শব্দের এক অর্থ মধুসম্বন্ধীয়। কমলকুমার এই মধুর বা মাধুর্যের উপাসক। গল্পে তা ফুটিয়ে তোলা তাঁর যে অন্যতম অভীষ্ট, এই কথাটির দিকেই তাঁর ইঙ্গিত। এটা যে অনুমানমাত্র নয়, তা বুঝতে অসুবিধা হয় না, যদি তাঁর একেবারে প্রথমদিকের ‘মধু’ গল্পটি পড়ি। তখনকার কায়দায় সোজাসাপটা গল্প। মেয়েটির নাম কলাবতী। মধু বেচে। গল্পে উত্তমপুরুষের বর্ণনায় নায়ক সম্মোহিতের মতো ওই মেয়েটির বাসায় এসেছে। আমরা পড়ি : ‘Ñ হোগলার চালের একটুখানি কেটে জানলা হয়েছে, সেই অবকাশ দিয়ে দেখা যায় শর্বরীময় শূন্যতা। প্রকাশ হয়ে পড়েছে Ñ মেঘব্যথিত তিমিরলজ্জিত তারাভরা খানিক আকাশ। শ্রবণের পথে অনন্ত গানের ধ্বনি Ñ মনে এলো অনন্ত চেতনা।
বললে Ñ সত্যি তুমি জানো না কেন এসেছো?
আধ্যাত্মিক প্রশ্নের মতো শোনালো, বললাম Ñ আমার জানা উচিত ছিল… ক্ষমা করো।
ছিঃ বারবার ও কথা বলো না। অনতিপরে বললে, Ñ কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি এই ভেবে যে, তোমার পৃথিবী ছেড়ে, আত্মীয় ছেড়ে, সকল কিছু ছেড়ে হঠাৎ এমনি একটি নিভৃত কোণে মন পড়লো কেমন করে? এটা নিতান্ত স্বাভাবিক কলাবতী তোমার সবকিছু বড় ভাল লেগেছে… হয়তো যা খুঁজছি তা পেয়েছি Ñ
কি খুঁজে পেলে?
সুন্দরকে।
কি সৌন্দর্য তুমি এর থেকে পেলে?
সবচেয়ে যা সুন্দর যা ছিল আমার স্বপনে, আমি যাকে অনুভব করেছি হৃদয়ে, রক্তে, ইন্দ্রিয়ের সঙ্গীতে… আমি আনন্দ পেয়েছি…
পাগল।
হতে পারি যদি তোমার জীবন পাই। আমি মানুষ আমি সম্পূর্ণ হবো।
তুমি নেহাৎ শিশু Ñ
হয়তো Ñ কিন্তু তুমি আমায় ঠেকিয়ে রাখছো? আমি আদর্শ চাই,
ঊর্ধ্বতম আমার চাই Ñ
সত্যি তুমি পাগল… বলে মা যেমন সস্নেহে শিশুর মাথায় হাত বুলিয়ে দেন, ভগবান যেমন পাপীকে তেমনি করে ও আমার মাথায় হাত বুলোতে বুলোতে শুধালে Ñ তুমি আমায় ভালবাসো…’
গল্পটি নিতান্তই সাধারণ। কমলকুমারের বিশিষ্টতার ছাপ তেমন কিছু এতে নেই। তবে তাঁকে চিনিয়ে দেওয়ায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ Ñ হয়তো শিল্প স্বয়ং তখনো তাঁর হাতে আড়াল-রচনার দক্ষ বাহন হয়ে ওঠেনি বলেই। তিনি যে মধুর পুজারি, যা প্রায় অধরা, অথচ যার পেছনে তাঁর ছোটা, এই কথাটির স্পষ্ট উচ্চারণই আমাদের কানে এসে বাজে। আমরা খুব-একটা নড়ে-চড়ে বসি না। কারণ, এমন আবেগ অনেকের প্রাথমিক রচনাতেই মেলে। কিন্তু ওই যে মধুর উপাসনা, এটা কমলকুমারের আজীবন থেকে যায়। নিষ্ঠায় অভাব ঘটে না, বরং মনোযোগ বাড়ে। শুরুতে সেই কথাটিরই ইশারা। কোনো প্রচলিত দেবতার বন্দনায় নিয়মমাফিক নামতাপাঠ নয়।
তারা ব্রহ্মময়ী মাগো – এ ডাকে পাই প্রকৃতির অনন্ত মায়ায় নিতান্ত আত্মসমর্পণ। অনিত্যের পটভূমিকায় ফুটে ওঠে ক্ষণিক নিত্যের আভাস। তাকে চেনা-জানা এবং রূপময় করে তোলা শিল্পীর কাজ। প্রকৃতির, এই দ্বান্দ্বিক নয়, অনিবার্য বৈপরীত্যের মোহময় উদ্ভাসের সামনে অনাসক্তির সাধনায় অথবা উপলব্ধির কারুণ্যের গভীরতায় উঠে আসে তারাব্রহ্মময়ী নাম। তাঁর ‘গোলাপসুন্দরী’-তে এই ইশারার হাতছানি স্পষ্টতর : Ñ ‘বিলাস আশ্চর্য হয় যে, সমস্ত ঘর ভরিয়া ক্রন্দনধ্বনি ঝঙ্কার দিয়া উঠিতে লাগিল। হয়তো তাহার এ ধারণা হয় যে, গোলাপসুন্দরী কাঁদিতেছেন আর যে সেই ঝঙ্কার অন্ধকারকে আরও নিবিড় গূঢ়তর করিতেছে, যেখানে দাঁড়াইয়া শুধুমাত্র ‘জগৎজননী মা ব্রহ্মময়ী’ বলিয়া খেদোক্তি করা বিধেয়।’
মিলিয়ে পড়ি এর সঙ্গে তাঁর অন্তর্জলী যাত্রা। শেষ কটি বাক্য : ‘একটিমাত্র চোখ, হেম্লকে প্রতিবিম্বিত চক্ষুসদৃশ, তাঁহার দিকেই, মিলন-অভিলাষিণী নববধূর দিকে চাহিয়াছিল, যে-চক্ষু কাঠের, কারণ নৌকাগাত্রে অঙ্কিত, তাহা সিন্দুর অঙ্কিত এবং ক্রমাগত জলোচ্ছ্বাসে তাহা সিক্ত, অশ্রুপাতক্ষম, ফলে কোথাও এখনও মায়া রহিয়া গেল।’
‘অশ্রুপাতক্ষম’ কাষ্ঠখণ্ড এবং ‘মায়া রহিয়া গেল’, দুই-এ মিলে তারাব্রহ্মময়ীর নিষ্করুণ, অথচ করুণাঘন লীলাময়তার ক্ষণিক চলচ্চিত্র রচনা করে।
অন্তর্জলী যাত্রার প্রস্তাবনায় তিনি বলেন, ‘এই গ্রন্থের ভাববিগ্রহ রামকৃষ্ণের, …জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। এই উক্তির মধ্যে যাঁহার কণ্ঠস্বর ধ্বনিত, যাঁহার স্মরণ-মননে নব্যবাঙলা সৃষ্ট, যিনি মানুষকে, প্রাকৃতজনকে, আপনার জাগ্রত অবস্থার খানিক অভয় দিয়া বলিয়াছিলেন Ñ ‘মানুষ কি কম খাঁ!’
এই গল্প সেই গল্প, ঈশ্বর দর্শন যাত্রার গল্প।’
পরে ‘জয় রামকৃষ্ণ’ বলে তাঁর গল্প শুরু করার যৌক্তিক ভূমি এখানে যেন কিছুটা ধরা পড়ে। অন্তর্জলী যাত্রা যাঁরা পড়েছেন, তাঁরাই জানেন চণ্ডাল বৈজুনাথ, আর প্রস্তুয়মান ‘ব্রতী’ কন্যা যশোবতীকে ঘিরে এর কাহিনী। জীবনের একরোখা তীব্র প্রাকৃত তাগিদ তাদের মুহূর্তের জন্য একীভূত করে। একেই কমলকুমার বলেন ‘ঈশ্বর যাত্রার গল্প’! এবং তাঁর প্রেরণা শ্রীরামকৃষ্ণ। আমরা ভুলি না নটী বিনোদিনী তাঁর করুণা-ধন্যা। ভুলি না, যত মত তত পথ তাঁরই বাঁদি-আচণ্ডাল সব মানুষেই তাঁর ঈশ্বরের লীলাদর্শন। কমলকুমারের ‘জয় রামকৃষ্ণ’ Ñ হাঁক সেইদিকেরই ইঙ্গিত দেয়। তাঁর গল্পের আদিম পার্থিব প্রেক্ষাপটও পূর্ণতা পায়। অথচ প্রথমেই তিনি পাঠকের মন বিগড়ে দেন এইরকম বুক্নি ঝেড়ে, Ñ সম্পূর্ণ উলটো পথে বুঝি-বা তাকে তাড়িত করে। বিভ্রান্তির জাল কেটে ঈশ্বরদর্শন, এই কথাটিই বোধহয় তিনি বোঝাতে চান। তবে তাঁর সাহিত্যের ঈশ্বর অবশ্যই প্রথাশাসিত ঈশ্বর নন; বরং সম্পূর্ণত প্রথামুক্ত, সম্পূর্ণত দেশকাল সীমারহিত। মজা এই, অনেক পাঠক নিরস্ত হন শুরুতেই। আর এগোতে চান না। প্রথার মোড়কে প্রথাবিরোধিতা তাঁদের চোখে পড়ে না। কমলকুমারকে প্রাচীনগন্ধী বলে শুধু নয়, প্রাচীনপন্থি বলেও তাঁরা পরিত্যাগ করেন। ‘কথা ইসারা বটে’ ভগবান রামকৃষ্ণ বলিয়াছেন Ñ তাঁর এই প্রবন্ধ কোন কাজে আসে না, সাহিত্যে ঈশ্বরদর্শন তিনি সম্ভবত গুটিকয়েকের জন্যে নির্দেশ করেন। তিনি অবশ্য বলেন, ‘পাঠক আমার প্রণাম গ্রহণ করুন’। (অন্তর্জলী যাত্রার প্রস্তাবনা) নিশ্চয় এ পাঠক সব পাঠক নয়। তাদের অসতর্কতায় বা অজ্ঞতায় তাঁর উন্নাসিক নিস্পৃহতা বরং অনেকের বিরক্তি ঘটায়। তাঁর শিল্পসৃষ্টির একাগ্রতায় অবশ্য মুগ্ধ হন সবাই।
কিন্তু অন্তর্জলী যাত্রার মতো অত্যুজ্জ্বল কীর্তির আকাশচুম্বী শিখরভূমিতে যথেচ্ছ বিচরণ খুব কম লেখকেরই আয়ত্তে কুলোয়। কমলকুমারও তার ব্যতিক্রম নন। তাঁর বিরল যাত্রায় সেখানে ঈশ্বরদর্শন আমাদের ঘটে অবশ্যই। কিন্তু তা বিদ্যুৎচমকের মতো আকাশে মিলায়। অন্তর্জলী যাত্রার সার্থকতার পুনরাবৃত্তি তিনি আর ঘটাতে পারেননি। না উপন্যাসে, না পরবর্তী কোনো ছোটগল্পে। (নিম-অন্নপূর্ণা-পর্বের গল্প আগের রচনা। স্বাদও ভিন্নতর)। কিন্তু তিনি থেমেও থাকেননি। বোধহয় তাঁর রচনার সংখ্যা পরবর্তী পর্যায়েই বেশি। এই যাত্রা বাংলা গদ্যে তাঁর স্বয়ং-সৃষ্টরূপের আত্মমগ্নতায় বুঝি বা কিঞ্চিৎ বিভ্রান্ত। ‘ঈশ্বরদর্শনে’র অভিলাষ সেই অনুপাতে অন্তরালে। তবে এই সঙ্গে যোগ হয় আরো একটা বিষয়। আগেও যে তা ছিল না, এমন নয়। কিন্তু এখন তাঁকে তা ঘোরের মতো পেয়ে বসে। বিষয়টি প্রবহমান চেতনার সওয়ার হওয়া। অন্তর্জলী যাত্রায় আমরা দেখেছি, ঘটনার প্রবহমানতাকে তিনি চেতনার স্থির বিন্দুতে স্থাপনের তপস্যায় মগ্ন। অবশ্য এ তপস্যাও এক মল্লভূমিই Ñ ভাষার সঙ্গে চিন্তার ও চিন্তার সঙ্গে ঘটনাপ্রবাহের। এখন ঘটনাপ্রবাহ তল পড়ে যায়। ভূমিকা তার চৈতন্যপ্রবাহের সঙ্গে। তাল রাখা-সূক্ষ্ম সুতোর মতো Ñ আছে কি নাই, বোঝা যায় না। যদিও তার প্রসঙ্গটিকে লেখক হাতছাড়া করেন কদাচিৎ। ভাষার চলচ্চিত্র তাঁর সঙ্গে সঙ্গে যায় Ñ এক অর্থে অগস্ত্য যাত্রা। কারণ তার মূলধারার সৃষ্টিময়তায় Ñ অথবা কমলকুমারের ধারণায় তার অসার ধিঙ্গিপনায় Ñ সে আর ফিরে আসে না।
চেতনাপ্রবাহের কথকতায় কমলকুমার, মনে হয়, একক বৈশিষ্ট্যে উজ্জ্বল ফরাসি ঔপন্যাসিক মার্শেল প্রুস্তকে আদর্শ মানেন। তাঁর অতি ব্যতিক্রমী ভাষাশৈলী Ñ একটুকরো ভাবনাচিত্রের অংশ থেকে অন্য চিত্রের খণ্ডাংশে অবিরল যাতায়াতের স্বতঃস্ফূর্ত স্বাভাবিকতাকে বাক্যের মুক্তবিন্যাসের সম্প্রসারিত পরিসরে চেতনার অনুসারী করে পরের দিকের রচনাধারায় ছড়িয়ে দেওয়া Ñ এটা প্রুস্ত-তাড়িত হওয়া অসম্ভব নয়। Andreas Mayor -এর আক্ষরিক ইংরেজি অনুবাদে (Chatto & Windus, 1970) প্রুস্তের Time Regained -এর শুরুটাএই রকম : All day long, in that slightly too countrified house which seemed no more than a place for a rest between walks or during storm, one of those
houses in which all the sitting rooms look like arbors and, on the wallpapers of the bedrooms, have the roses from the garden, there the birds from the trees outside join you and keep you compaû, isolated from the world – for they were old
wallpapers on which every rose was so distinct that, had it been alive, you could have picked it, every bird you could have put in a cage and tamed, quite different from those grandiose bedroom decorations of today where, on a silver background all the apple trees of Normardy display their outlines in the Japanese style to hallucinate the house you spend in led – all day long I remained in my room which looked over the fine greenery of the park and the lilacs near its entrance, over the green leaves of the great trees by the edge of the lake, sparkling in the sun, and the forest of Moseglise. (p 1), এতে কমলকুমারের রচনাশৈলীর উৎসমুখ যেন আমরা দেখতে পাই। নমুনা হিসেবে তাঁর লেখা থেকে একটু পড়ি :
১. গ্রামাঞ্চল বলিতে ঐ বালকটি, যাহার ভ্রুতে সুতীক্ষè দাগ, তাহার চোখের পাতা বারংবার উঠানামা করিল Ñ ইহাতে বুঝায় চিমনির ধোঁয়া যাহা ক্রমে বিলীয়মান তাহা সে লক্ষ্য করিয়াছে; এবং তখন সে আঁকিতে আছে নদীতে নৌকা, গ্রাম, একটি কুঁড়ে কিছু গরু, সূর্য এখন আছে; ড্রইং শিক্ষক এংলো ইন্ডিয়ান বলিয়াছিল, ‘সংস্থান বেশ, নৌকাটা আরও কালচে কর।’ (লুপ্ত পূজাবিধি)
২. বহুদিন পূর্বে, সেদিন দোলযাত্রা, ইনফরমার রাজেনকে সে যখন ছোরা মারিয়া মারিবার পরিকল্পনা করে তখন এরূপ হয় নাই, তখন কার্যসাধনে ভীষণ বিষণ্ন হাস্য, উদ্রেক হয়… তখন পলায়মান ডাক্তারি গ্লাবস একস্থানে খুলিয়া পকেট হইতে আবির মাখে, দ্রুতপদে সচকিত নয়নে কেহ পশ্চাদ্ধাবন করিতেছে কিনা নির্ণয়ও তাহার দ্বারা হয়… একটি হুইসেলের শব্দ তদীয় কর্ণে পৌঁছায় নাই… কিন্তু ফকির চক্রবর্তী লেনে ঘুরিতেই পুলিশ… এমনকী পনেরোআনা ডাউন মাতালও ছুটিতেছে, বেশ্যারা আতঙ্কিত, বেশ্যাপাড়ার বাচ্চা ছেলেমেয়ের কেহ ফরমাস খাটিত, কেহ-বা খেলায় রত, একটি শিশুবয়সী যাহার মা ইদানীং রাস্তায় হটাইয়াছে, সে একটি কাগজের সাপ লইয়া খেলিতেছিল, উপস্থিত সেই শিমু থ, তাহার হস্তধৃত সর্প অদ্ভুতভাবে আন্দোলিত। (রু´িনীকুমার)
প্রুস্ত ঘরানার ছাপ এসবে চিনে নিতে ভুল হয় না।
টাইম রিগেইনডের আরেক জায়গায় দেখি, প্রুস্ত তাঁর শিল্পভাবনা স্পষ্টতর করছেন : ‘This work of the artist, the straggle to discern beneath matter, beneath
experience, beneath words, something that is different from them, is a process exactly inverse to that which, in those everyday lives which we live with our gaye averted from ourself, is at every moment being accomplished by vanity and passion and the intellect, and habbit too, when they smother our tree impressions, so as entirely to conceal from us, beneath a whole heap of verbal concepts and practical purposes which we falsely call life. In short, this art which is so complicated is infact the only living art, It alone expresses for
others and renders visible to ourselves that life
of ours which can not effectnally observe itself
and of which the observable manifestations need
to be translated and, often to be read backwards
and laboriously deciphered. Our vanity, our
passions, our spirit of imitation, our abstract
intelligence, our habits have long been at work, and it is the task of art to undo the work of theirs, making us travel back in the direction from which we have come to the depths where what has really existed lies unknown within us…Õ| (p 263)
কমলকুমারের এই ভাবনার প্রতিধ্বনিই প্রাধান্য পায়। তিনিও জানান, ‘Ñ কেন আমরা প্রবন্ধ-গল্প ইত্যাদি ঐতে ঐ দ্বারা নির্মাণ করি না, যে (আমরা একটি মানুষকে আনন্দ দিব, ইহাতে এক জঙ্গুলে সরলতার কথা আসে তবেই ইহার শরীর) কেন গল্প; আমাদের মন বলে, যে-গল্প এক মানুষ নিভৃতে পড়িবে, আর্টের সহিত নির্জনতার যোগ রহে, তাহারে আমরা এক নির্জনতাতে লইব; গদ্যে আমরা অত্যন্ত সরল, খুকু গদ্য ও সাহিত্য যাহা ইদানীং চলিত, তাহা বাঙলা নয়,… (গল্পকবিতা, পূজা সংখ্যা ১৩৭৮)।
সাহিত্য-নির্মাণে কমলকুমারের খুঁটি তখন কোথায় বাঁধা পড়ে তা এ থেকে বোধহয় কিছুটা অনুমান করা যায়। যে-মৌলিকতার দাবি নিয়ে তাঁর কীর্তি আমাদের স্তম্ভিত করে, তা আসলে তত মৌলিক নয়, এবং সে-কারণে স্বল্পপ্রাণ। ভাষায় ও সাহিত্যে কোনো সৃষ্টিশীল ধারা তা রচনা করে না, নতুন প্রাণের কল্লোলও যোগ করে না। বিপুল আত্মগরিমা নিয়ে সাহিত্যের যাত্রাপথে একপাশে পড়ে থাকে, যদিও তাঁর প্রবাদতুল্য ব্যক্তিস্বাতন্ত্র্য ও অতুলনীয় প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন তোলা নিতান্তই মূর্খতা। তবে ঈশ্বরগুপ্ত সম্বন্ধে বঙ্কিম যে বলেছিলেন, ‘বিরাট প্রতিভা ইয়ারকিতে ফুরাইল, তেমনি কমলকুমারের বিরল প্রতিভা ইয়ারকিতে নয়, ব্যতিক্রমী হবার ঝোঁকে ওপর চালাকিতে নিঃশেষ হয়।’ ধার করা আলোয় চেতনাপ্রবাহের আক্ষরিক পাঠ আমাদের সাহিত্যের প্রবাহে কোনো গতি আনে না। যদিও ভান তাঁর বাংলাভাষার প্রাচীনতর ঐতিহ্যের দিকে অভিযাত্রার, কারণ তাতে আদিম শুদ্ধতার ঘ্রাণ, Ñ আসলে তা এক কৃত্রিম নির্মাণ, এবং তার থোল-নলচে সবই বাইরে থেকে আমদানি।
তবু এভাবেও ভাষায় প্রাণের জোয়ার আসা সম্ভব, যদি কর্মের আয়োজনে ওই কৃত্রিমতা জীবনযাপনের ও জীবনধারণের কোনো অপরিহার্য প্রয়োজনের অংশ হয়ে যায়। ওই প্রয়োজনই ভাষাকে টানে। একক প্রতিভাও সমূহ চাহিদার অন্তর্গত সুর-তরঙ্গের শৃঙ্খলা খোঁজে। ওই সুর-তরঙ্গ বিন্দুবাসিনী নয়, গুহাহিত বাণীর ধ্বনি-প্রতিধ্বনিও নয়। দেশ ও কালের সীমান্ত থেকে সীমান্তে প্রসারিত জনসমষ্টির বেঁচে থাকার মরিয়া অভিযানে তা ক্রমাগত মেশে, তার মর্মার্থকে বয়ে চলে। নরমাল ডিস্ট্রিবিউশনের হয়তো কোনো নতুন ধাঁচের গতির আবেগ তা সঞ্চয় করে। কমলকুমারের শেষ পর্বের রচনায় কিন্তু এমনটি ঘটে না।
ভাষার সাধারণ মানকে অবহেলা করার আভিজাত্য কমলকুমার বরাবরই দেখিয়ে এসেছেন। তা কখনো কখনো অভাজনোচিতও বটে। নিট ফল দাঁড়ায় এই, ভাষা-নিবেশনে প্রান্তসীমায় দীপ্র অহংকারে তিনি মাথা তোলেন। তাঁর কণ্ঠস্বরের অনুরণনের রেশ অতি মৃদু কানে ভেসে আসে। কান তৈরি না থাকলে সেটুকুও শোনা যায় না। মহার্ঘ্য মহাপ্রাণের সুদূর আহ্বান জানিয়ে তা নিঃশেষ হয়। সময়ের দুরন্তগতিতে শক্তহাতে লাগাম টেনে তার পিঠে চড়ে বসতে পারাটাও ভাষার সাধনায় একটা মস্ত কাজ। সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন, শামসুর রাহমান, হাসান আজিজুল হক Ñ এঁদের প্রধান যত্ন এইদিকেই। ভাষা তাতে প্রাণবান হয়েছে। বিস্তার তার বেড়েছে। কমলকুমার এ পথে হাঁটেননি। অনিত্যকে অতিক্রম করতে চেয়েছেন। অসাধারণ সার্থকতা দেখিয়ে অসম্ভবকে প্রায় সম্ভব করে তোলার আভাসও তাঁর পূর্ণ ক্ষমতায় জাগিয়েছেন। কিন্তু ভাষার কালোয়াতি তাঁকে পেয়ে বসলো। মহান অনুকরণে স্বাতন্ত্র্যের মায়াসৃষ্টির চমকপ্রদ চাতুর্যেই তার সমাপ্তি ঘটলো।

Leave a Reply
You must be logged in to post a comment.