চোখে দেখা

কথাটা এমন, কাউকে বলা যায় না, এমনকী নিজেকেও না। তবুও মাঝে মাঝে চিন্তার ঢেউ তার সরল বিশ্বাসের নির্মল জলস্রোতকে একটা পঙ্কিল পাঁকে আবর্তিত করে ঘোলাটে করে তুলছে।

 যে-ঘোলাজলে সন্দেহের বিষাক্ত সরীসৃপগুলো কিলবিল করে ফিরছে, ফণা তুলছে তাকে দংশন করবার জন্য!

হাজেরা! হাজেরা তুই? তুই হাজেরা এমন কাম করলি? পানিত হাত দিলি হাত ভেজে, আগুনি দিলি পোড়ে, ছুরির বাড়ি মারলি ফিনকি দিয়ে রক্ত ছোটে, সবই সত্যি। সত্যি না খালি আমার চোখের দেখা? চোখের দেখা মিথ্যে হলি কি আগুনি হাত দিলি হাত পুড়তো না? পুড়তো, এমন অনেক পোড়ার জ্বলুনিই তো চোখে দেখা যায় না। কিন্তু আগুনির মতোই তা পোড়ায়ে মারে। সেটা হচ্ছে সন্দেহের আগুন, বিশ্বেস না করার আগুন, ধোঁকার আগুন।

ধোঁকার আগুনি পুড়ে মরলাম গো!

এই আগুনি পুড়ে একটা ঘর ছাই হয়া গেলিও এক বালতি পানি নিয়ে কেউ ছুটে আসপি নে। এ আগুনির যে রং নাই। আগুনির ধুঁয়ো নাই, শিখে নাই, কোনো শব্দ নাই।তোমরা দেখো নাই, ঘরে আগুন লাগলি কেমন গুমগুম ফটফট আওয়াজ হয়। সে-আওয়াজ সবাই শুনতি পায়।

কিন্তু এ আগুনির শব্দ কেউ শুনতি পায় না। খালি শুনতি পায় হারেস আলী। জানের ভিতর কেমন গুমগুম ফটফট আওয়াজ হয়। ভিতরটা জ্বলে যায়। ঢকঢক করে দুই-তিন গ্লাস পানি খালিও জান ঠান্ডা হয় না।

গঞ্জের হাট থেকে সেদিন মেলা রাত করে বাড়ি ফিরছিল হারেস আলী। বাড়িতে শুধু একা একা হাজেরা, মনে পড়তেই হারেস আলীর জানের মধ্যে কেমন করে উঠল।

দ্রুত পা চালিয়ে ফিরছিল হারেস আলী। আবছা আঁধারের মাঝে মুখ থুবড়ে পড়েছিল হারেসের ছায়া। ভাঙাচাঁদ পেছনে, হারেসের ছায়া সামনে, হামাগুড়ি দিয়ে তারই পায়ে পায়ে ছুটে চলছিল। ছায়াটা যখন করিম মুনশির ভিটের ওপর শব্দ করে আছড়ে পড়ল, করিম মুনশির ভাঙা গলায় কাঁসার আওয়াজ উঠল, ‘কেডা যায় গো?’

‘আমি হারেস আলী।’

‘এত রাতি কন থেন আলে?’

‘গঞ্জের হাট থেন ফিরতি রাত হয়া গেল।’

‘ঘরে হাজেরা একা না? তাড়াতাড়ি যাও! গেঁদা মিয়া ছাওয়াল, ভয়টয় খাতি পারি।’

বুড়ো হাবড়া করিম মুনশি দুই দুইটে খ্যাতার উমের মধ্যে তৃতীয় পক্ষের বউ কুলসুমের গরম নরম শরীরটা লেপটে ধরে শুয়েছিল।

কুলসুম খ্যাঁকখ্যাঁক করে উঠল, ‘উম, হুম হুম, খ্যাতাটা টানে সরায়ে দিলেন তো! এত রাতে কেডা যায় না যায় আপনার কী?’

কুলসুম হারেস আলীর গলা চেনে। এই হারেস আলীই সেদিন মোড়লের বাড়িতে কুলসুমের নামে মিথ্যে সাক্ষী দিছিলো।

করিম মুনশির মনটা ছিল দরাজ Ñ তা না হলি তখুনই কুলসুমের তালাক হয়া যা’তো Ñ সালিশ এখনও মেটে নাই। সামনের হপ্তায় আবার সালিশ বসপি।

কুলসুমের নামে অপবাদ, Ñ মুনশিবাড়ির ছোকরা জোয়ান কামলা ক্যাঁতারুর সঙ্গে কুলসুমের আশনাই। হাতে-নাতে ধরা পড়ার সাক্ষী Ñ প্রধান সাক্ষী হারেস আলী।

 সেদিন এমনি রাত করে হারেস আলী বাড়ি ফিরছিল।

করিম মুনশির বাড়ির পিছনে গোয়াল ঘর। তার পাশ দিয়ে সরু পায়ে-হাঁটার পথ। গোয়াল ঘরের উপর এক ঝাড় বাঁশ হুমড়ি খেয়ে পড়েছে। তারই নিচে অন্ধকারে দুটি ছায়ামূর্তি লেপটে ছিল।

একজন ক্যাঁতারু আরেকজন ছায়া নয়, স্পষ্ট ছবি, হারেস আলীর নিজের দেখা ছবি Ñ একটা নগ্ন উদ্ধত যৌবন, হাজেরার মতোই সুপুষ্ট বুক Ñ ক্যাঁতারুর দৃঢ় মুষ্টির ভিতর থরথর করে কাঁপছে!

হাজেরা নয় তো?

দূর, দূর, কী বিশ্রী চিন্তা!

কুলসুম, ষাট বছরের বুড়ো করিম মুনশির অতি পেয়ারের সতীসাধ্বী স্ত্রী, উনিশ বছরের কুলসুম বিবি আর অবাধ্য অশান্ত যৌবন বাইশ বছরের শক্ত-সমর্থ জোয়ান পুরুষ ক্যাঁতারুর ছায়া মিলেমিশে একাকার!

দৃশ্যটা আদিম! চিরন্তন!

দেখে ফেলার অপরাধ যেন তারই, এমনি একটা ভাব নিয়ে ধরা পড়বার ভয়ে হারেস আলী নিজেই পালিয়ে এসেছিল সেদিন দ্রুত পায়ে।

 দেখাটা সত্যি বলেই তার সাক্ষীটা মিথ্যে নয়!

 সেদিন থেকে কাউকে বিশ্বাস করতে পারছে না হারেস আলী, হাজেরাকেও না। কুলসুমের বয়েসিই হাজেরা, কুলসুমের চাইতেও নিটোল আর নিভাঁজ। হারেস আলীর পঁচিশ বছরের দুরন্ত যৌবনের ছায়ায় হাজেরা তৃপ্ত সার্থক। তবুও দৃশ্যটা একটা প্রচণ্ড ভূমিকম্পের মতো হারেস আলীর বিশ্বাসের কঠিন ভিতকে প্রবলভাবে নাড়া দিয়ে গেল!

 সেই দেখার পর থেকে হারেস আলী সব দেখাতেই সন্দিগ্ধ। দ্রুত পা চালিয়ে দিল হারেস আলী।

ঐকতান ভেসে আসছে Ñ জোনাকি, শেয়াল, ব্যাঙের দল যে-শব্দতরঙ্গের সৃষ্টি করছে তারই সম্মিলিত সুরব্যঞ্জনা। কোথায় যেন সাপে ব্যাঙ ধরেছে!

সবটাই জৈবিক ক্ষুধা Ñ ক্ষুধা!

খিদে পেলেই খেতে হবে Ñ তা যেমন খাদ্যই হোক না কেন।

তার নিজের বাড়িটাই নিজের কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। এরই একটা ঘরে হাজেরা তার প্রতীক্ষায় ব্যাকুল দৃষ্টি মেলে চেয়ে আছে।

দাওয়ার ওপর উঠেই জোরে গলা খাঁকারি দিল হারেস আলী, ‘হাজেরা, দরজা খোল!’

কোন সাড়াশব্দ নেই।

বেড়ার ফুটো দিয়ে ভিতরে দৃষ্টি প্রসারিত করল হারেস আলী।

হারিকেনের স্বল্প আলোয় সে দেখল, পিছনের ঝাঁপ ঠেলে একটা ছায়ামূর্তি ছিটকে বেরিয়ে গেল সেখান থেকে!

হাজেরা আলুথালু ভাবটা একটু ঠিক করে নিল Ñ তারপর হারিকেন হাতে নিয়ে সামনের ঝাঁপটা খুলতে খুলতে বলল, ‘দাঁড়াও, খুলছি।’

হারেস আলীর কণ্ঠ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো Ñ একটা আর্তনাদের মতো শোনাল সেটা!

‘শিগগির ঝাঁপ খোল্ হারামজাদি মাগী, তোরে আমি খুন করে ফেলাব!’

নিজের কণ্ঠস্বরে নিজেই চমকে উঠল হারেস আলী।

আরো একটা ভূমিকম্প!

আগেরটার চাইতেও প্রচণ্ডভাবে বিস্ফারিত!

হারেস আলীর পাঁচ বছরের গড়া পৃথিবীটাকে ভেঙেচুরে দুমড়ে দিয়ে গেল!…

প্রতারণা! অবিশ্বাস! একটা ধূম্রজালের আবর্ত সৃষ্টি হলো সেই ধ্বংসস্তূপের ওপর।

কিন্তু অবিশ্বাস্যভাবে নিজেকে সামলে নিল হারেস আলী।

হাজেরা ঝাঁপ খুলেই বলল, ‘কি অমন চিল্লাচ্ছেন কেন? মাঝরাতে বাড়ি ফিরে গলা ফাটালি লোকে কবি কী?’

হারেস আলী বলল, ‘গলা ফাটালাম আবার কনে?’

হাজেরা ক্ষুব্ধ কণ্ঠে বলল, ‘আপনি আমারে গাল দিলেন?’

হারেস আলী নিজেকে সংবরণ করে বলল, ‘না না গালেলাম কনে? গঞ্জে তেমন কিছু উপায় হলো না, তাই মন-মেজাজ খারাপ। বড্ড খিদে পায়ছে Ñ দ্যাও ভাত দ্যাও।’

হারেস আলী কথার মোড় ঘুরিয়ে আসল ব্যাপারটা জানবার জন্য জিজ্ঞাসা করল, ‘আমার কাছে কেউ আইছিল নাকি? বড় ভাই আইছিলেন?’

হাজেরা মাথা নেড়ে বলল, ‘না, কেউ আসে নাই।’হারেসের চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোল! বিমূঢ় বিস্ময়ে সে হতবাক হয়ে গেল! এতবড় একটা মিথ্যা হাজেরা তাকে বলতে পারল? তার সঙ্গে এতবড় প্রতারণা? বিয়ের পর থেকে আজ পর্যন্ত হাজেরার সমস্ত ব্যবহারটাই হারেস আলীর কাছে মস্তবড় একটা প্রহসন বলে মনে হলো।

খাটার শাক আর আলুভর্তা দিয়ে ভাত মাখতে মাখতে সে জিজ্ঞাসা করল Ñ ‘বড় ভাইজান এর মধ্যে কোনোদিন আসছিলেন?’

হাজেরা মাথা নেড়ে জবাব দিল, ‘না’।

মোড়ল বাড়িতে আবার সালিশ বসল কুলসুম আর করিম মুনশির কাইজ্যা নিয়ে। প্রধান সাক্ষী হারেস আলী।

হারেসের সাক্ষীতেই তাদের তালাক হয়ে গেল।

কালু, পাঁচু, বছির Ñ গাঁয়ের মাতবররা সবাই করিম মুনশির গায়ে থুথু ফেলল।

‘বুড়ার বিয়ে করার নুচ যায় না? তিন কাল যায়ে এক কাল আছে ছুঁড়ি বিয়ে করার তাল? বউ সামলাতি পারিস নে তো বিয়ে করতি যাস ক্যান?’ বলে সবাই হো হো করে হেসে উঠল। সেই হাসি যেন হারেস আলীর গায়েও আগুন ধরিয়ে দিল!

তার ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাকেও কি গাঁয়ের লোকের সামনে এমনি উপহাসের পাত্র হতে হবে?

না, না, কাউকে সে বলবে না এ-কথা। পাছে তার কথাও ফাঁস হয়ে যায় এই ভয়েই তো হাজেরাকে সামনা-সামনি কিছু বলার মতো সাহস নাই তার।

গাঁয়ের সালিশে করিম মুনশিকে সবাই বাধ্য করল কুলসুমকে তালাক দিতে।

তালাক হবার পর কুলসুম আর ক্যাঁতারুর নিকে হবে – এ-ই সাব্যস্ত হলো।

অতি বাস্তব একটি সিদ্ধান্ত।

হারেস আলীর সাক্ষীতেই করিম মুনশির সংসারে এতবড় একটা বিপর্যয় ঘটে গেল!

কুলসুমের এই গোপন অভিসারের ব্যাপারটায় বুড়ো করিম মুনশি সমাজে তার মান, সম্ভ্রম ও প্রতিপত্তির খাতিরে একটা নির্বিরোধ আপোসের সিদ্ধান্তে এসে পৌঁছেছিল। অন্যায় পাপাচারকে মেনে নিয়ে বিবেকের বিরোধকে রক্তচক্ষু দেখিয়ে বৃহত্তর ব্যক্তিস্বার্থের মানদণ্ডে বিচার করলে একের পাশে শূন্য যোগের মতো সবাই মুনাফা পাচ্ছিল। করিম মুনশি, কুলসুম, ক্যাঁতারু Ñ যার যার নিজস্ব প্রয়োজনমাফিক সেই লভ্যাংশের ভাগবাটোয়ারা হচ্ছিল Ñ সবাই নির্বিরোধভাবে সংঘাতহীন স্বার্থপূর্তিতে ছিল উল্লসিত! পুলকিত!

বিপর্যয় ঘটাল হারেস আলীর চোখে দেখা সত্য সাক্ষী।

হারেসের দেখা সত্যিটাই করিম মুনশির সংসারের নিঃশঙ্ক শান্তিটাকে মিথ্যে করে দিল! এবং সেদিনকার মতোই পরম সত্যভাবে হাজেরার এই মিথ্যে অভিনয়টাকে উন্মোচনের প্রয়াসে হারেস আলী এক রুদ্ধশ্বাস প্রতীক্ষায় দিন কাটাতে লাগল।

হাজেরার অকুণ্ঠ বিশ্বস্ততায় যেদিন হারেস আলী সন্দিগ্ধ হয়ে উঠল সেদিন বিস্ফোরণ-আতঙ্কিত এক অগ্নিগিরির মতোই ক্ষণে ক্ষণে শিহরিত হয়ে উঠল সে! ভিতরের এক চরম প্রত্যাঘাতের লাভাস্রোতকে ধৈর্য ও সহিষ্ণুতার কঠিন পাথর চাপা দিয়ে অবরুদ্ধ করতে চাইল, কিন্তু এক নৈর্ব্যক্তিক ক্ষুব্ধতায় সে ক্ষিপ্ত হয়ে উঠল!

হাজেরা উপলব্ধি করল, কেমন যেন উদ্ভ্রান্তের মতো নিষ্পলক নেত্রে মাঝে মাঝে হারেস আলী তাকিয়ে থাকে তার দিকে। হাজেরা কিছু বললে কথার বড় একটা জবাব দেয় না সে।

হারেস আলীর নিজের কোনো জমি-জায়গা, হাল-বলদ কিছুই নাই। বাড়ি বাড়ি কামলা খেটে বেড়ায় সে। গঞ্জের হাটেও মাঝে মাঝে মোট বয়।

 যেদিন কাজ পায় না সেদিন হয়তো খাওয়াও জোটে না তাদের!

হাজেরার একটা মাত্র শাড়ি শতচ্ছিন্ন। মাথার এতদিনের মেঘবরণ কেশ তার আজ অবিশ্বাস্যভাবে তৈলহীন ও রুক্ষ।

হারেস আলী ভাবে, পেটে খেতে পায় না বলেই হয়তো হাজেরা এমনি অবিশ্বস্তভাবে ক্ষুধার্ত। একদিন এক সানকি ভাতে দুটো কাঁচা মরিচ ভেঙে আর এক খাবলা নুন ছিটিয়ে হারেস আলীর সামনে ঠেলে দিল হাজেরা। বলল, ‘তুমি রাতদিন কি যেন চিন্তে করো আজকাল, আমার সঙ্গে ভালো করে কথাও কও না, তাতে আমি কিছু মনে নেই নে। কিন্তু ভাবতি ভাবতি তুমি যে হাড্ডিসার হয়া গেলে তাই আমার চিন্তে হয়।’

হারেস আলী ভাতের এক দলা পাকিয়ে মুখে গুঁজে দিয়ে নিষ্পলক নেত্রে চেয়ে রইল হাজেরার দিকে। চোখটা তার যেন একটা অট্টহাসিতে নেচে উঠল Ñ আমার জন্যে তোর চিন্তে হয়? পরপুরুষের সামনে গা উদ্লা করার সময়ও কি আমার কথা চিন্তে হয়? বিয়ের রাত থেন সেদিন পর্যন্ত মোহিনীর সাপ খেলায়, ভালোবাসার লীলে খেলায় নাচতাম আমি। কিন্তু একি হলো? হাজেরা! তুই হাজেরা এমন কাম করলি? না, না, তুই হাজেরা না, তুই কুলসুম। কিন্তু, কিন্তু আমি তো করিম মুনশির মতো বুড়ো হাবড়া না Ñ এখনও আমার হাড়ে হাড়ে রক্তে রক্তে আগুন জ্বলে।

কিন্তু খালি রক্তের ত্যাজেই হয় না। বৌকে খাতি পরতি দেওয়া চাই Ñ শখ-আহ্লাদের জিনিস দেওয়া চাই। অকর্মা স্বামীর বৌ অবিশ্বাসী তো হবিই।

হাজেরা হারেস আলীকে নিরুত্তর দেখে বলে, ‘অত কী ভাবতিছো? সারা দিনরাত অত ভাইবো না। আল্লা আমাদের একদিন সুদিন দিবিই। সবুর করো – আমার আশা আছে, তোমার একদিন নিজির জমি হবি, হাল-বলদ হবি। নিজের জমি নিজি চাষ করবা, মেহনতের ফসল ফলাবা।’

হাজেরার কথা শুনবার সব প্রয়োজন বোধহয় ফুরিয়েছে হারেস আলীর। সানকির ভাতে হড়হড় করে পানি ঢেলে দিয়ে উঠে পড়ে সে।

‘কি অম্বা পাগলের মতো উঠে পড়লা যে? আমার মাথা খাও Ñ ভাত চাড্ডে খায়া যাও।’

এমনি কথা অনেক শুনেছে হারেস আলী। ভালোবাসার কথা, দরদের কথা, আকুতি ভরা কণ্ঠে হাজেরার মতো মেয়েরা হারেস আলীর মতো অক্ষম পুরুষদের যুগ যুগ ধরে এমনি কত কথা শুনিয়েছে, সব কথাই তাদের প্রচ্ছন্ন উপহাসের কথা!

চরম অক্ষম হারেস আলী! করিম মুনশির চেয়েও অক্ষম! করিম মুনশি তো কুলসুমকে পেটভরে খেতে দিত, গয়না, শাড়ি-কাপড়ে ভরিয়ে রেখেছিল তাকে। তবুও কুলসুম হলো স্বৈরিণী।

 যে-আবিষ্কারের চরম প্রতীক্ষায় এতোদিন বাকহীন ছিল হারেস আলী, সেই মুহূর্তটি কঠিন নগ্নতায় ধরা দিল হারেস আলীর সামনে।

 সেদিনও মেলা রাত করে বাড়ি ফিরছিল সে। অন্ধকারে মুখ থুবড়ে পড়া নিস্তব্ধতায় নির্জন Ñ তার নিজেরই বাড়িটাতে সে শিকারি বেড়ালের মতো নিঃশব্দ পদচারণায় হামাগুড়ি দিয়ে ঢুকেছিল। তেমনি শানিত দৃষ্টি প্রসারিত করেছিল সে বেড়ার ফুটো দিয়ে, অস্বাভাবিক অন্ধকারে একটি ছায়ামূর্তি কি যেন গুঁজে দিল হাজেরার হাতে।

হাজেরা হেসে হেসে টাকাগুলো তার শাড়ির খুঁটে বাঁধল।

শতছিন্ন শাড়িতে এমনিতেই সে অবারিত। হারেস আলীর মনে হলো, প্রয়োজনের তাগিদে হাজেরা এখন মোহনীয়ভাবে উদ্ঘাটিত! বিনা দ্বিধায় সে হাত পেতে নিল তার পারিশ্রমিক পুরুষটির কাছ থেকে।

হারেস আলী ধরা পড়বার ভয়ে চোরের মতো পালিয়ে এলো সেখান থেকে।

নিজেকে লুকিয়ে ফেলল বাইরের নিকষ অন্ধকারের মাঝে…

 বেলা দুপুরনাগাদ যখন সে টলতে টলতে বাড়িতে ফিরল Ñ হাজেরা আতঙ্কিত হলো, কিন্তু কিছুই বলল না। তাকে মাচাংয়ের ওপর পাটিতে শুইয়ে দিল।

হাজেরা ভাবল আজকেও সারারাত ধরে তাড়ি-ভাং খেয়ে নেশা করে ফিরেছে সে।

হারেস আলী জড়িত কণ্ঠে বলল, তার জ্বর হয়েছে, এখন সে ঘুমুবে, হাজেরা যেন তাকে বিরক্ত না করে।

হাজেরা সরে গেল সেখান থেকে।

পাশাপাশি দুটো ঘর। মাঝে দরমার বেড়া। কিছুদিন থেকে হারেস আলী এই পাশের ঘরে একা রাত কাটাতো Ñ হাজেরার স্পর্শ থেকে বাঁচবার জন্যেই বোধহয়।

গঞ্জের হাটে কালু ফকির সাপ-খোপের তেল বিক্রি করে বেড়ায়। বাঁচবার ধন্বন্তরি, আর মরবার অমোঘ বিষ তার ঝুলিতে সবসময়েই থাকে। এমন একটা বিষ আস্তে আস্তে মানুষকে নির্জীব করে ফেলে। ধীরে ধীরে সে অন্তিম মুহূর্তের দিকে

এগিয়ে যায়।

মাচাংয়ের উপর খ্যাতা মুড়ি দিয়ে নিঃসাড় শুয়ে থাকে হারেস আলী। মাতালের মতো অনুভূতি ছাড়িয়ে দৃষ্টি এখন তার স্বচ্ছ।

উঠানে একফালি অস্বাভাবিক উজ্জ্বল আলো এসে পড়েছে মাচাং ঝিঙে গাছের উপর। ঝিঙে গাছের হলদে ফুল সূর্যের আলোয় দুলছে।

প্রজাপতিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে তার ওপর।

হারেসের মনে হলো Ñ আলো, ঝিঙে গাছ, ফুল আর ওই প্রজাপতিগুলো একটা পরম স্বার্থের চক্রে আবর্তিত। তারা কেউই জানে না প্রকৃতির কাছে তারা অবিশ্বাস্যভাবে প্রতারিত। আর এই প্রতারক প্রকৃতির কাছে চরমভাবে লাঞ্ছিত ও পরাজিত হারেস আলী, তার শেষ মুহূর্ত প্রত্যাসন্ন!

জ্বলন্ত সূর্যটা আস্তে আস্তে নিভে আসছে তার দৃষ্টির সামনে…

দরজার বেড়ার ওপাশে ফিসফিস করে কারা যেন কথা কয়ে উঠল। হারেস আলী স্পষ্ট শুনতে পেল, পুরুষকণ্ঠে চাপাস্বরে বলছে Ñ ‘হারেস আলী ঘুমায়ছে নাকি?’

হাজেরা উত্তর দিল, ‘হ্যাঁ, সারারাত তাড়ি-ভাং খায়া আসে এখন ঘুমাতি নেগেছে।’

পুরুষকণ্ঠ বলে উঠল, ‘হারেস আর তোমারে আমিই বিয়ে দিছি। আমারে সে বড়ভাই বুলে ডাকে, তুমিও ডাক। তাই তোমাদের ভালোর জন্যি আমি এতদিন হারেসকে না বুলে তোমার কথামতো কাজ করলাম। কিন্তু পুরুষ মানষির মতিগতি কিছু কওয়া যায় না। অভাবীর ঝোঁকে পইড়ে কিছু অকাম করে বসতি পারে। তুমি আজই টাকাগুলান তার হাতে দিয়ে সত্যি কথা কবা। আমি কয়েকদিন পরে আসে ওর সঙ্গে দেখা করব!’

হাজেরা আবেগজড়িত কণ্ঠে বলল, ‘আমি বড় কষ্ট করে লুকিয়ে চুরিয়ে খ্যাতা সেলাই করে, হাঁস-মুরগির ডিম, কচুটা, ওলটা বেচে এই টাকাগুলান জমায়ছি খালি আজকের দিনির আশায় Ñ এই টাকাগুলান ওর হাতে দিয়ে কবো, এই টাকা দিয়ে হাল-বলদ আর কিছু জমি কিনে নিজেই চাষবাস করবা। এই অভাবীর সংসারে ও টের পালি কি এ টাকাগুলোন জমতি দিত? আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আমার দেওয়া জিনিসগুলান গঞ্জের হাটে বেচে ফেরার পথে রাত-বিরিতি লুকিয়ে চুরিয়ে টাকাগুলোন আমার হাতে দেছেন। আমি আর উনি আপনার কাছে চিরদিন কেনা গোলাম হয়া থাকলাম। আপনি আমাদের খালি বড়ভাই না, আপনি আমাদের বাপের মতোন, আজকের দিনি আপনার পায়ে হাত দিয়ে আমি সালাম করব।’

আর শুনতে পাচ্ছে না হারেস আলী। তার চারদিকে কেমন যেন সব অন্ধকার হয়ে আসছে।…

এতদিন যত কথা গুমরে ফিরছিল তার অন্তরে, সব কথাগুলো নিঃশেষে উজাড় করে হাজেরাকে বলবার জন্য ব্যাকুল হয়ে উঠল সে – পুঞ্জীভূত কথার লাভাস্রোত অগ্নিগিরি বিস্ফারিত করে বাইরে আসবার প্রচেষ্টায় সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল তার, কিন্তু সে-বিস্ফোরণ এক পরম বাকহীন নিঃশব্দতায় স্তব্ধ হয়ে গেল!…

গলা দিয়ে তার এতটুকু শব্দ বেরুল না!

তার নিদ্রাজড়িত চিন্তায় একটি প্রশ্নই ধ্বনিত হলো বারবার, চোখের সব দেখাই কি সত্যি? এবং তাই সে ভাবল, এখন সে তৃপ্তিতে মরতে পারছে!