আসাদ, আরেকবার

তখনও সকালটা ফোটেনি। আমার শহরতলির মাঠে প্রত্যেকদিনের মতো ছজন কিশোর জার্সি পরে জুডো খেলতে নেমেছে। ওদের আমি ব্রাহ্মমুহূর্তের চৌকিদার বলে ডাকি, আর ওরা এতে দারুণ খুশি হয়। ওরা যখন আত্মরক্ষার ছলযুদ্ধে নামে মাঠটা পার্কে রূপান্তরিত হয়ে যায়, পার্কটা অ্যারিনায়। ব্রাহ্মমুহূর্তের জন্য ধার্য সময়সীমা যে বড়জোর আটচল্লিশ মিনিট, সেটা ওরা ভালো করেই জানে। বস্তুত ওই পর্বাঙ্গটুকুর মধ্যেই নিজেদের কলাকৌশল দেখিয়ে তারপর কোথায় যে চলে যায় কেউ জানে না। কাকে দ্যাখায় ওরা ওদের কসরৎ? গাছপালা বলতে কয়েকটা নারকেল গাছই ওদের এই রণাঙ্গনের একমাত্র সম্বল। সেই গাছগুলোই দ্যাখে, ঝালর দিয়ে করতালি বাজায়।

রোজকার মতো আজও আমি ব্যালকনি থেকে লুকিয়ে-লুকিয়ে ওদের যুদ্ধ-যুদ্ধ খেলা দেখি। আমার এই গ্যালারিটার নাম রেখেছি অলিন্দ, প্রণবেন্দুর কবিপত্রের নামে। অলিন্দটা ভারি সংক্ষিপ্ত বলে একবার প্রণবেন্দু সেখানে ঢুকে গিয়ে আর বেরিয়ে আসতে পারেনি। আমরা আমাদের যাবতীয় শারীরিকতা প্রয়োগ করে শেষ পর্যন্ত তাকে পুনরুদ্ধার করার পর প্রণবেন্দু আর আমাদের পাড়ার দিকে পা বাড়ায়নি।

আজ হঠাৎ কী হলো জানি না, সতেরো মিনিটের মুখেই খেলা থামিয়ে ওরা আমার দরজায় কড়া নাড়ল। ওদের সর্দার নবায়ণ, দস্তুরমতো ভালো কবিতা লেখে। মাত্রাবৃত্তে ওর হাত অসাধারণ। নবায়ণই সকলের মুখপাত্র হয়ে আমায় জিগ্গেস করল : পরশু হলদিয়ায় বিশ্ব বাংলা কবিতার উৎসব শুরু হবে।আপনি যাচ্ছেন তো?

– হ্যাঁ, নেমন্তন্ন পেয়েছি। তবে যাওয়া হবে কিনা বুঝতে পারছি না।

– সে কী কথা! ‘বিশ্ব’ বলতেই আপনি এদিকে-ওদিকে ছুটে যান, আর ঘরের কাছে মেদিনীপুরে সারা জগতের বাঙালি কবিরা কবিতা পড়তে আসবেন, আপনি সেখানে যোগ দিতে যাবেন না? না, না, সেটা হতেই পারে না।

– যাবো না আমি বলিনি। ওই সময় আমার একটা সেমিনার আছে কিনা। তাছাড়া (আমি ঢোক গিলে বলি) সমস্ত কবিই আসছেন, সেটা কী করে জানব! আলোক সরকার আসছেন? প্রণবেন্দু? সুভাষ ঘোষাল আর অঞ্জন সেন? অঞ্জন তো হলদিয়াতেই বদলি হয়েছে। আর ঈশ্বর ত্রিপাঠী? তিনি তো বাঁকুড়াতেই থাকেন। এঁদের সবাইকেই ওখানে ডাকা হয়েছে তো?

– নির্বাচনী কমিটির কাছে ওঁদের নামগুলি আমি পৌঁছে দেবো, কথা দিচ্ছি। এবার কিন্তু আমি একজনের নাম করছি। শুনলে আপনি না গিয়েই পারবেন না।

– কার কথা বলছ?

– আসাদ চৌধুরী? কী, এখনও না যাবার জন্য ধনুকভাঙা পণ করে বসে আছেন?

ঘড়িতে তখন ছটা বেজে দশ। চা খেতে-খেতে আসাদের সঙ্গে আমার ভ্রাতৃত্বের ইতিবৃত্ত ওদের জানাই। আসাদ একদিন হুট করে কোলোন শহরের এক বেতারকেন্দ্রে কাজ নিয়ে চলে গিয়েছিল। নিপুণ সাংবাদিক বলে চুটিয়ে কাজটা করেছে। কিন্তু ওর আসল উদ্দেশ্য ছিল হাইনে আর ব্রেশ্টের কবিতা বাংলা ভাষায় তরজমা করবে। অর্থাৎ জার্মান ভাষাটা সেজন্য রপ্ত করে নেবে বলেই জার্মানি চলে গিয়েছিল।

আমার বাগ্মিতা প্রতিহত করে নীলোৎপল বলে উঠল, ‘কেন, জার্মানে না গেলে বুঝি বাংলায় কিছু অনুবাদ করা যায় না? ব্রেখ্ট তো সারা জগতের কবি!’

– কথাটা জার্মান নয়, জার্মানি। ভাষাটা হচ্ছে জার্মান, দেশটা হলো জার্মানি। তাছাড়া তুমি যাঁর কথা বললে, তাঁর নামের আসল উচ্চারণ ব্রেশ্ট।

অপমানে পাণ্ডুর হয়ে গেল নীলোৎপলের মুখ। পরদার আড়াল থেকে আশাবরী সেটা লক্ষ করেই নিমকি আর সন্দেশ-সহযোগে তাকে অতিরিক্ত আপ্যায়ন করতে শুরু করে দিল। সেই সুযোগে পুনর্ণব উদ্যমে আমি আসাদের সঙ্গে আমার চিরায়ত আত্মীয়তা জাহির করতে থাকি। ওদের কাছে পুরনো দিনের ছবিটা বিশদ করবার অছিলায় দুয়েকটি অনুপুঙ্খের কাছে বারেবারে ফিরে আসি। যেমন, প্রথম-প্রথম টাই পরে স্টুডিয়োর মধ্যে ওর নিখুঁত কোরিওগ্রাফি। আর সাংস্কৃতিক-প্রসঙ্গে ইন্টারভিয়্যু নেওয়ার সময় স্মিত উদ্বেগে আসাদের সেই মাইক্রোফোন সঠিক দূরত্বে স্থাপন করা। যখন কোলোন থেকে হাইডেলবার্গে দূরভাষের মাধ্যমে আমার শ্রুতি-সাক্ষাৎকার নিত, তখনও মনশ্চক্ষে তার সেই সপ্রতিভতার আদলটা ঠাহর করতে পারতাম বলে একটিও বাড়তি কথা বলতে পারতাম না। এই হচ্ছে প্রথম পর্বে আসাদের চেহারাছবি। সংযত, সুন্দর, প্রত্যাশামদির।

এর মধ্যে একরকম না বলে-কয়েই দেশে চলে গিয়েছিল আসাদ। বেশ কয়েকবছর পর দক্ষিণ-এশীয় কী-একটা সম্মেলনের তাগিদে হাইডেলবার্গে এসে উপস্থিত। সঙ্গে একজন স্থানীয় ভক্ত। তার ভক্তিতে কোনো খাদ ছিল না, মুশকিল শুধু এই যে, জীবনেও সে আসাদের একটিও কবিতা পড়েনি। এ যাত্রায় তার অন্যতম লক্ষ্য ছিল নজরুলকে নিয়ে মা’র স্বগত সংলাপ ধরে রাখা। মা ছিলেন নজরুলের ছাত্রী, এই খবরটা খুব সম্ভব জাকারিয়ার কাছ থেকে পেয়েছে।

আশাবরী আসাদের থালায় ভাত বেড়ে দিচ্ছে, আর আসাদ খেতে-খেতেই মাকে নতুন-নতুন প্রশ্নে উস্কে দিচ্ছে, সেই দৃশ্যটা ভূস্বর্গ কাশ্মিরের চেয়েও অনেক বেশি নয়নাভিরাম লেগেছিল আমাদের। ‘আচ্ছা মাসিমা, আপনাকে নজরুল যখন ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি’ গানটা প্রথম শুনিয়েছিলেন তখন কি ‘শান্ত’ বলেছিলেন, নাকি ‘শ্রান্ত’? নজরুলের গলাটা সেদিন কি অবসন্ন ছিল একটু?’ মায়ের উত্তরটা আদায় করার জন্যে মাইক্রোফোনটা এগিয়ে দিতে গিয়ে সেই যন্ত্রের রন্ধ্রময় মুখে ভাতে-ঝোলে মাখামাখির আন্তরিকতা এজন্মে কোনোদিন ভুলতে পারব না। শাড়ির আঁচল জলে ভিজিয়ে নিয়ে মা সেই উচ্চৈঃশ্রবা যন্ত্রটাকে আচিয়ে দিতে-দিতে বললেন : ‘গানটা সদ্যই লিখেছিলেন তো। অথবা বলা যেতে পারে গুনগুনিয়ে গাইতে-গাইতেই লিখছিলেন। গায়কীর দিকে কবির ততটা মন ছিল না।’

এতক্ষণে নীলোৎপল মুখ খুলল : ‘তাহলে কি বলা যায়, আসাদ ভাই তখন আস্তে-আস্তে আগেকার নাগরিকতা থেকে ইচ্ছে করেই সরে আসছেন?’ আমি দুষ্টুমি করেই আমার অবলোকনে ঈষৎ অ্যাকাডেমিকতা এনে তাকে বোঝাই : ‘আসলে কী জানো? আমরা, যারা বাংলাভাষা নিয়ে চর্চা করি, বা চর্চার চেষ্টা করি, তারা প্রায় সকলেই rururban, অর্থাৎ অর্ধগ্রামীণ-অর্ধনাগরিক। তার মানে এই যে নগরায়ণের ভালো-মন্দ অল্পবিস্তর আয়ত্ত করে নিলেও আমরা গ্রামবাংলার নাগরিক।’ এইবারে নবায়ণ ফোঁড়ন কাটল : ‘গ্রামবাংলার নাগরিক? আবার আপনি সন্ধ্যাভাষায় কথা বলছেন?’

নবায়ণের সৌজন্যেই রাস্তার মানচিত্রটা পেয়ে গিয়েছিলাম। সে বলেছিল : ‘একটা গাড়ি করে কোলাঘাট অব্দি গেলেই পথটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। মনে আছে তো রবীন্দ্রনাথের সেই ‘রূপনারাণের কূলে জেগে উঠিলাম?’ ওই নদীর সাঁকোতেই অনেক শুভার্থী গাইড Ñ নাকি ভল্যান্টিয়ার Ñ আপনি পেয়ে যাবেন। গাড়িতে তাদের দুয়েকজন উঠে পড়ে আপনাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। আর ওদের সাহায্য যদি না নিতেই হয় তাহলে ন্যাশনাল হাইওয়ে ৪১ ধরে সোজাসুজি মেচেদার দিকে যেতে থাকবেন। পথে পড়বে মেচেদা, আপনি একটুও ঘাবড়াবেন না। দেখতে-দেখতে এসে পড়বে তমলুক, মহিষাদল। তেরোপোখিয়ার মোড় পেরিয়ে গেলেই দেখতে পাবেন ন্যাশনাল হাইওয়ে ৪১ আপনাকে ধরে ফেলেছে। তার হাত ধরে অচিরেই হলদিয়ার উৎসবভবনে আপনি পৌঁছে যাবেন।’

অকূল আশাবাদে ভর করে পল্লব চৌধুরীকে ফোন করি। পল্লবের একটা টাটা সুমো আছে। গোটা পশ্চিমবঙ্গে যাঁরা সফর করতে চান তাদের সহায় পল্লব। কিন্তু সমস্যা হচ্ছে একটাই। তাকে নিয়ে কোথাও গেলেই সারা রাস্তা সে স্বরচিত কবিতাশোনায়। সেই কবিতা শুনলে আর অমিয় চক্রবর্তী কিংবা জীবনানন্দের কবিতা দ্বিতীয়বার পড়বার সাধ ঘুচে যাবে। তবু সে যাই হোক, বাহন ছাড়া কীভাবে অতদূরে যাবো! পল্লব এক কথাতেই রাজি। শেষ মুহূর্তে দেখি সে একটা ঢাউস সুটকেস নিয়ে এসেছে। ‘সে কী, পল্লব, মাত্র একদিনের জন্য পাড়ি দিতে গিয়ে রাজ্যির জামাকাপড় নিয়ে চললে’ এই জিজ্ঞাসার প্রত্যুত্তরে ঘাড় চুলকোতে চুলকোতে সে বলল, ‘ওর মধ্যে আছে আমার সবগুলো পাণ্ডুলিপি। যেতে যেতে এক-একবার যখন বিরতি নেব, কবিতাগুলি পড়ে শোনাব আপনাদের।’

দ্বিতীয় হুগলি সেতু পেরিয়েই পল্লব বলল : ‘বৌদি, ব্রেকফাস্টের সময় হয়েছে।’ আশাবরী তৎক্ষণাৎ ওর ঝাঁপির ভিতর থেকে দ্বিতীয় প্রাতরাশের টুকিটাকি বের করে পরিবেশনে মেতে উঠল। নিঃশব্দেই পল্লব সবকিছু সেবন করে চলেছিল, কিন্তু গলায় কফি পড়তেই চাঙ্গা হয়ে উঠে শোনাতে থাকল তার চয়নিকা। আমার একটি বদভ্যাস আছে : কারো প্রতিটি কবিতাকেই তৎক্ষণাৎ প্রশংসা করা। পল্লব কিন্তু তাতে পর্যুদস্ত হলো না, কেন আমার ভালো লাগছে তার সোপানপরম্পরা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইল।

সবেমাত্র উলুবেড়িয়া উত্তীর্ণ হওয়া গেছে। যদুবেড়িয়ায় পৌঁছে দেখি রাস্তাঘাট ভঙ্গুর হতে শুরু করেছে। যাকে বলে এবড়ো-খেবড়ো। আমরা সাত-সকালে রওনা হয়েছিলাম। এখন পৌনে দশটা। কে যেন বলেছিল ঘণ্টা দুয়েকের মধ্যেই আমরা হলদিয়ায় নোঙর করব। কাছে-দূরে সেই প্রতিশ্রুতির সম্ভাব্যতা নির্ণয় করতে পারলাম না। খুঁড়িয়ে-খুঁড়িয়ে চলল গাড়ি, থেমে-থেমে, আর সেইসব ব্রেক বা ক্ষণভঙ্গের ফাঁকতালে চলতে থাকল পল্লবের কবিতাপাঠ। আমাদের অতিসতর্ক বিলম্বিত লয়ের পরোয়া না করে উলটোদিকের বাস আর লরিগুলো বুনো মহিষের মতো ছুটে আসছে। এখানে রাস্তা বলতে শুধু খোয়া আর পাথর, হয়তো যন্ত্রসভ্যতার অস্তিত্ব প্রতিপন্ন করার জন্যে এখানে-ওখানে বেশকিছু লোহাও তার মধ্যে মিশেল দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য এত মজবুত প্রস্তুতি সত্ত্বেও বুকের ভিতরটা কেন জানি উথাল-পাথাল করতে থাকল এইভাবে মহিষাদলে পৌঁছুবার মুখেই দেখি কলকাতামুখী তিনটে লরির সঙ্গে টক্কর খেয়ে সপরিবার একটা টেম্পো কাৎ হয়ে কালভার্টে সিঁধিয়ে গেল। নেমে গিয়ে বুঝতে পারি, রাখে কৃষ্ণ মারে কে? খুব-একটা প্রাথমিক পরিচর্যারও দরকার হলো না। নিরীহ গৃহকর্তা, গ্রামের মাস্টারমশাই, আমাদের কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করতেই একটি লরির ড্রাইভার নেমে এসে আমাদের যে-ভাষায় গঞ্জনা দিতে থাকল তাকে বোধহয় পদব্রজবুলি বললেই সংগত হবে।

এমতাবস্থায় স্বযাচিত একটি হোমগার্ড এসে আমাদের উদ্ধার করল। এত নান্দনিক রক্ষণাবেক্ষক বাপু জীবনেও দেখিনি। তার মাথায় তালপাতার টোকা, হাতে একটা কাশফুল। আমাদের আশ্বস্ত করে সে বললে : ‘মহাশয়গণ, আপনারা ভুল রাস্তায় চলে এসেছেন। গাড়ি ফিরিয়ে নিয়ে যান তমলুকে। সেখানে প্রত্যেকটা পাথরে হলদিয়ার পথনির্দেশ আঁকা আছে।’

একেই বোধহয় ব্রেক জার্নি বলে। এখন দুপুর একটা। একটু পরেই সমারোহ করে হলদিয়ার কবিসম্মেলন শুরু হয়ে যাবে যে। তবু কেন জানি না, ভারি সময়হীন আর অনুদ্বেগ লাগতে থাকল। গাড়ির ঝাঁকুনি খেয়ে স্পন্ডিলাইটিসের উপক্রম হলে কী হবে, নিজেকে শরৎমেঘের মতো হালকা লাগল। ঘটনাভূমি থেকে নিজেকে বিবিক্ত করে নেওয়ার পর দু-দিকের জলগহ্বর আর ডোবার মধ্যে প্রোথিত এক-একটা জগদ্দল ট্রাক দেখতে পেয়েও কেঁপে উঠলাম না। দুর্ঘটনার জন্যে তৈরি হয়েই বোধহয় এসব কালচক্রযানের সারথিরা দূর দূর দেশ থেকে জীবিকার নির্বন্ধে বেরিয়ে পড়েছিল। তারা সবাই বেঁচে নেই। তবে যে দু-চারজন বেঁচে আছে নিশ্চয়ই অপ্রস্তুত ছুটির মৌতাতে কালাতিপাত করছে, কাছেপিঠেই, কোনো শুঁড়িখানা কিংবা চায়ের দোকানে। আর তাদের পরিত্যক্ত, মৃত গাড়িগুলোর দশা দেখেও তাদের সমবেদনা জ্ঞাপনের কোনো প্রশ্নই ওঠে না, কেননা তাদের প্রকাশ্য অবয়বের আনাচে-কানাচে মজে আছে কতোরকমের পাখি। এরা সবাই আজ অভূতপূর্ব এক শারদোৎসবের শরিক। মনের আনন্দ প্রকাশ করার জন্য ওরা রবীন্দ্রসংগীত গাইতে জানে না, এই যা।

হলদিয়ায় যখন পৌঁছে গেছি, কবিসম্মেলন আরম্ভ হতে আর বাকি নেই। পল্লব স্বভাবতই কিছুটা ঝিমিয়ে আছে। প্রথমদিকে স্মৃতি থেকে কবিতা শোনাবার পর আমাকেই তার সুটকেস থেকে বের করে এনে এনে তার কবিতাসমগ্র আবৃত্তি করে শোনাতে হয়েছিল। এখন আকাক্সক্ষা আর নিবৃত্তির মধ্যে মীমাংসিত তার হাতে স্টিয়ারিং লেগে আছে। হলদি নদীর সামনে তাকে একটু গাড়ি থামাতে বলি।

দেখি হলদি নদীটা এত বড়ো উৎসবের সংসর্গ সত্ত্বেও বৈরাগ্যের টানে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। তার জলরাশি বয়ে চলেছে, কিন্তু সেই আন্দোলিত সংঘটনের সঙ্গে সে তেমন যুক্ত নয় বলেই তার রহস্য দশগুণ বেড়ে গেছে। আশেপাশে কয়েকটা গাছ তার অতীন্দ্রিয়তার একটা স্বরলিপি নকল করতে গিয়ে আকাশের কাছে ধরা পড়ে গিয়ে অবৈধ পরীক্ষার্থীর মতো এদিকে-ওদিকে চাইছে। পাখিরা ফিরছে বাসায়, মানুষজনও, শুধু গাছ আর নদীর আচরণ প্রবাসীর মতো। তারা যেন বলতে চাইছে, মানুষের সকল আয়োজন, এমনকী কবিতাও তেমন কোনো জরুরি মূল্যবোধ নয়। সেই নদী, এবং তার দেখাদেখি পৃথিবীর অন্যান্য নদীও, দর্শক বা শ্রোতার উপস্থিতি বিস্মৃত হয়ে গিয়ে ক্রমশ মুক্ত, নিরাবৃত হয়ে চলেছে।

ঘোর থামলে বুঝতে পারি, চোখের উপর যা দেখলাম সেটা আসাদ চৌধুরীর ‘নদীও বিবস্ত্র হয়’ কবিতাটির আক্ষর এবং আন্তর অনুবাদ। সিটি সেন্টার থেকে দৃপ্ত কয়েকটি যুবক আমাদের খুঁজে পেয়েই কবিতা-উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে গেল। গিয়েই দেখি রফিক আজাদ ঈশ্বরের নিজস্ব দেবদূতের মতো সভার চারদিকে ছুটে ছুটে চলেছেন। আর তৃতীয় সারির এককোণে সুস্থির, মশগুল হয়ে বসে আছে আমাদের আসাদ। প্রথমে আমাদের দ্যাখেনি, একমনে বিশাল ঝুলি থেকে একে-একে নির্বাচন করে আনছে পানের বাটা, পান পাতা, চুন খয়ের, সুপুরি, এলাচ-দারচিনি আর একশো বিশ নম্বরের বাবা জর্দা। এক-একটা পান বানাচ্ছে আর স্বকপোলবিহ্বলতায় খেয়ে যাচ্ছে। মঞ্চে এক-একজন কবিতা পড়ছে, আর আসাদ গালভরা হাসি নিয়ে সদ্য আস্বাদিত কবিতার আপ্লুত অনুমোদন করে চলেছে। সঞ্চালিকা ভারি একটি চনমনে বালিকা, দূরদর্শনের অহংকার। এর মধ্যে কতোবার যে সে কবিতাপাঠের জন্য আসাদকে মঞ্চে আসবার জন্য মায়াবী আবেদন জানাল, কিন্তু সেদিকে তার ভ্রƒক্ষেপ নেই।

এইবার আমায় দেখতে পেয়েই আমার পাঞ্জাবিতে পানের পিক লাগিয়ে আমার দিকে আচমকা দুহাত বাড়িয়ে দিল আসাদ, অগ্রহায়ণে আমাদের এই জন্ম-জন্মান্তরের কৃষিকেন্দ্রিক সভ্যতার পার্বণে পানের বরজ যেমন শূন্যকে কাছে টেনে দীক্ষিত করতে চায়, অব্যক্ত ভালোবাসায় তাকে মাটির টানে অভিষিক্ত করতে উৎসুক হয়ে পড়ে, ঠিক তেমনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম, আসাদকে ‘নদীও বিবস্ত্র হয়’ কবিতাটি একবার সর্বসমক্ষে পড়ে শোনাতে বলব, আর তারপর সবার কাছে তার যোজন যোজন একটি মহাভাষ্য দাখিল করব। কিন্তু আমার মুখ থেকে একটিও কথা সরলো না।