যে-কোনো জীবনযাপনেই এমন দু-একজন থাকা ভাল যারা ঠিক জীবনের ভিতরে থাকে না, আবার পুরোপুরি বাইরেও যায় না। এমন মানুষজন পরে দরকারে লাগতে পারে। আমার মামাবাড়ি নাটোরে এমন একজন ছিল – ভবতারিণী। ভব-র কোনো বাড়িঘর ছিল কী না, সে-সব জানাবোঝার বয়স তখন আমার নয়। তবে, ভব তো ছিল সব বাড়িরই ভিতরের মানুষ। হয়তো মামাবাড়ি গিয়েছি। হঠাৎ এক সকালে তার কোল-আঁচলে উপচনো শিউলি নিয়ে বুনো সুবাস ছড়াতে-ছড়াতে মামাবাড়ির ছোট্ট সদর-দরজা দিয়ে শুকনো খটখটে ঝকঝকে উঠোনে পা দিয়ে আমাকে দেখল বারান্দার এক কোণে। একটু সময় নিত ভব, চিনতে, তার মনের তখনকার ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে আনতে। তারপরই ধ্বনিহীন হাসিতে মুখটা ভরিয়ে তুলে বলত, ‘তাই তো বলি, আজ সকাল হতে-না-হতেই শিউলিগুলি যেন ঝেঁপে এল, শিউলির যেন আর শেষ নেই, রাধাঙিনার কদমগাছ থেকেও শিউলি ঝরছে গো। তখনই আমার মন গাইছিল – নিশ্চয়ই আমার প্রাণ এসেছে, তার সারাটা আগমন আর থাকন তো আমাকেই সুবাসে ভরে রাখতে হবে। নিলেম তাই, দু-এক মুঠো আঁচলে। এসে দেখি প্রাণ আমার দু-পা বাড়িয়ে আমারই জন্য দাঁড়িয়ে। পোড়াকপাল আমার ঠাকুর, তোমাকে পথের কত কষ্টই না দিলাম।’
এতসব কথা দাঁড়িয়ে-দাঁড়িয়ে বলে ভব উঠোনেই হেঁটেদাওয়ায় দাঁড়াত, বারান্দার নীচে, আর তার দু হাত ভরে শিউলি তুলে-তুলে আমাকে ঘিরে ফুলের গন্ধের আর শাদা ও কমলা রঙের ঘের তৈরি করে তুলত।
‘তুমি কি নাথ দাঁড়িয়েছিলে আমার জন্য? দেখো কাণ্ড! তোমার ভব তো আর পণ্ডিতবাড়ির মেয়ে নয়। সে কী করে জানবে প্রভু! জেনে যখন গেছি – তখন আমার আর দেরি হবে না,’ বলে ভব কিছু ফুল নিজের মাথার ওপর হাত তুলে ছড়িয়ে দিতে-দিতে পাক খেত। সেটা যে নাচেরই এক ভঙ্গি – বুঝতে আমার একটা জীবন কেটে গিয়েছে।
দিদিমা রান্নাঘরের বারান্দায় এসে বলত, ‘তে-এ ভাল, ভব, উঠোনে আর বারান্দাময় যে শিউলি ছড়ালি, এখনই তো দুনিয়ার শুঁয়োপোকায় ঘর ভরে যাবে -।’
ভব বলত, ‘পণ্ডিতবৌমা, সারা জীবন পণ্ডিতের গিন্নি হয়ে কাটালে কিন্তু তোমার হস্বিদিঘগি জ্ঞান হলো না। মা, ফুলে ততক্ষণ পোকা, যতক্ষণ ঠাকুরের ছোঁয়া নেই। ঠাকুরছোঁয়া ফুলে পোকা আসবে কী গো! কথাটা বলতে তোমার মুখে আটকাল না একবার!’
যখন আমার বয়স মাত্রই ছ-সাত কিংবা সাত-আট, তখন ভবর এই সব কথায়, ‘ঠাকুর’-‘প্রাণ’-‘নাথ’-‘প্রভু’ এই সব ডাকে আর লতাপাতা ফুলফল দিয়ে আমাকে সাজানোয় আমি ভয় পেতাম। বাড়ির কেউই ভবকে গ্রাহ্য করছে না দেখে কাঁদতে পারতাম না তবে মনে-মনে কান্না এসে যেত। কখনো-কখনো জানলা দিয়ে ভবকে আসতে দেখলে লুকিয়ে পড়তাম। মামাবাড়িতে লুকনোর জায়গা ছিল না। তবে ঘরে ঢুকে পড়লেই হত। ভব তো আর বারান্দায় উঠত না।
যখন বয়স দশ-বার, তখন,
ভব-র এই সব ডাক আর কথা বেশ ভাল লাগত। নিজেকে ছোট ভগবান ভাবতে, ভাল আর লাগবে না কেন। কিন্তু নিজের ভগবত্তায় নিজের বিশ্বাস খুব গভীর ছিল না বলে, সন্দেহ হত, ভব নিশ্চয়ই সকলকেই তার ঠাকুর সাজায়, আমার কদর খুব কিছু আলাদা নয়। যুক্তিও তো ছিল সন্দেহেরই পক্ষে। আমি তো মামাবাড়ি আসতাম অনেক বছর, দু-চার-পাঁচ বছর পরপর। তা হলে, আমি ছাড়াও ঠাকুরের জোগাড় না থাকলে ভবর চলবে কী করে? ভবকে বলেওছি সে-কথা।
‘তোমার তো ঘরে-ঘরে ঠাকুর, ভবতারিণী। আমি যখন থাকি না, তখন তোমার কি ঠাকুর না-জোটালে চলে? তা হলে, আমাকে আর ঠাকুর করার দরকার কী তোমার?’
কথাটা শুনে ভব কেমন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। ঠিক চোখে চোখ রেখে না, বরং আমার মুখে দৃষ্টি বুলিয়ে-বুলিয়ে।
‘কথাটা কি সত্যি বললে ঠাকুর?’
‘কোন কথা? মিথ্যে বলব কেন?’
‘এই-যে বললে কথাটা! তুমি কি আমাকে হিংসে কর?’
‘এর ভিতর হিংসে দেখলে কোথায়? তোমার তো এক ঠাকুরে চলে না।’
‘চলে না গো প্রাণ, চলে না। আমার তো দিনে ঠাকুর চাই, রাতে ঠাকুর চাই, ঘুমে চাই, জাগরণে চাই, স্বপনে চাই, ভ্রমণে চাই। কিন্তু সে-কথা তুমি কী করে জানলে, প্রাণ? তুমি তো ভবতারিণী নও, তুমি তো ঠাকুর। এক হিংসে হলে সব জানা যায়। তোমার কি হিংসে হয়েছে গো? কোনোদিন বেটাইমে চেয়ে আমাকে পাওনি?’
ভব দুই হাতে তালি দিয়ে বলে উঠত, ‘তোমার যদি আমাকে নিয়ে হিংসে জন্মে থাকে গো মনে, তাহলে তো ভবর হয়েই গেল। তোমার নিজের সারা গায়ে কত আবাগীর গায়ের গন্ধ লুকনো, তোমার শ্বাসে-নিশ্বাসে কত দুখিনীর সুখের আশা বইছে, তুমি তোমার নিজের আর কতটুকু, সবই তো তোমার চোরাই মাল। আর তুমি কী না হিংসে করলে ভবকে Ñ আমাকে তো খোলা দরজায় হাটের মধ্যে নিজেকে বিকবার জন্য দাঁড়াতে হয় রোজ? কে নিবি গো কিনে আমায়? কে নিবি গো কিনে? প্রভু, সেই আমাকেও হিংসে? ‘কেন তোর আমাকে ছাড়াও চলে?’ হ্যাঁ চলে প্রভু, চলে। ভবকে তো দিন চালাতে হয়, তাই চলে। তোমার হিংসে যদি জাগিয়েইছি প্রভু, তবে আর ফিরো না, আর ফিরো না।’
ভব যে-সময় ধরে এই কথাগুলি বলে যেত আমি কোথাও সরে পড়তাম। এখন তো ও কথা বলেই যাবে, থামবে না, আমার দাঁড়িয়ে থাকা আর না-থাকায় ওর কিছু এসে যাবে না। আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম, সেদিকে তাকিয়েই ও কথা বলে যাবে, যেন আমি ওখানে দাঁড়িয়েই আছি। তারপর হঠাৎ একসময় ঘুম থেকে জেগে উঠবার মত, জেগে উঠে চোখ মেলে এত বেলা ঘুমিয়ে ছিল বুঝে, যেন তার ঘুম আর জাগার কোনো আলাদা কিছু মানে কারো কাছেই নেই, তারও কাছে নেই, এমন ভঙ্গিতে সে হেঁটে চলে যাবে পাড় থেকে যেমন ঢেউ আরো অতলের দিকে ভেসে যায়।
আমার কোন বয়সে ক-বার ভবর সঙ্গে দেখা হয়েছে আর তখন ভব কী বলেছে, তার কোনো নথিপত্র তো আমি বানাচ্ছি না। যতবার দেখা হয়েছে ততবার ভব ঐ সব কথাই বলত – ঐ ঠাকুর, প্রাণ, আমি, তুমি, তুমি আমার সামনে দিয়ে এমন করে চলে যেও না যেন তুমি স্বপ্ন, স্বপ্নে বড় অবহেলা লাগে, প্রাণ, দিনের শেষে সে যে কী লজ্জা, কী লজ্জা, আমি রাজবাড়িতে কেন গিয়েছিলাম সে-কথা ভুলে কী চেয়ে এলাম গো, আমার লাজও গেল সাজও গেল, কেন যে এমন উলটো হল – কোথায় যে তুমি ডাকলে, তাতেই সব কথা ভেসে গেল, কীসের যে এত আয়োজন, আমার বুক যে এমন করে ভাঙছ, তাতে কি গঙ্গা নামবে?
এই কথাগুলি, ভবর এই কথাগুলি, লিখতে-লিখতে যে একটু অবাকও ঠেকছে না – তা নয়। হ্যাঁ। ভবতারিণীর কথার সুরটা ঠিকই মনে আছে, দেখছি, কিন্তু তার কথাগুলি অবিকল যেন তারই মত করে বলা হয়ে যাচ্ছে কী করে। কথার এই সুরটা যে ভবরই সেটার আর আমি ছাড়া সাক্ষী কে? কথাগুলিও যে ভবরই, তারই-বা আমি ছাড়া সাক্ষী কে? অথচ আমি এক সাক্ষ্যে বলছি – হ্যাঁ, ভব এমন করেই কথা বলত, আর-এক সাক্ষ্যে বলছি – ভবর কথাগুলি অবিকল আমার মনে থেকে যাওয়া কি সম্ভব? বানাচ্ছি না তো!
তবে, বানাতেই যদি যাব, ভব-র কথা বানাতে যাব কেন? ভব-র সঙ্গে আমার দেখা হয়েছে বার তিনেক নাটোর যাওয়ার সুবাদে তিন দফায় কয়েকদিন। সে-কথার কোনো বাঁধন ছিল না। ভব-র জীবনে – সংসারে কোনো বাঁধন ছিল না, আমার তো এতই কম বয়স যে কোনো বাঁধনই গেড়ে বসে না। এমন সব ঝুরঝুরে কথা কেন মনে পড়ল? শেষ যে-বার নাটোর গিয়েছিলাম, তখন দেশভাগ হয়েছে কিন্তু পাশপোর্ট হয় নি। তখন চারদিকের খবর যেন বাতাসে ওড়া ছাইয়ের মত উড়ে-উড়ে আসত। আমরা জানতামই না, দাদু-দিদিমা নাটোর ছেড়ে চলে গেছেন। আমরা পৌঁছে দেখি – মামাবাড়ির মত ছড়ানো বাড়ি কেমন ভেঙেচুরে গুটিয়ে আছে। বৃন্দাবনবাড়ি যেমন ছিল তেমনি ভাঙা। তার পরে কাঠগোলাপের গাছগুলি কাঠগোলাপেরই আছে, ইটের পাঁজার ওপর জমে থাকা শ্যাওলার রঙে মিশে যে কালচে জঙ্গলে সাপ থাকত সে জঙ্গল তেমনই আছে, যাকে আমরা চৌকি বলতাম সেই বিশাল গড়খাই তেমনি টলটলাচ্ছে। তার পারে যাদের কাজ সব সময়ই লাগে তাদের ছোটখাটো বাড়িঘর, তারপরে টোলবাড়ির পাকঘর – ছাত্ররা ঐখানে রান্না করত, তারপর টোলবাড়ি – ছোট ঘর, বড় ঘর – মাটির। তারও পরে আমাদের থাকার বাড়ি – উঠোন, রান্নাঘর, একটা বারান্দা, দুটো বড় ঘর আর চৌকির জলের অনেকটা ভিতরে এগিয়ে যাওয়া বাঁশের সাঁকো।
কেউ নেই কোথাও – শুধু যে কিছু আওয়াজ আসত, সেগুলো আছে। ঐ বৃন্দাবনবাড়ির বাঁধানো উঠোন শেষ হয়ে যেখানে জঙ্গল শুরু সেখানে একটা আঁধারঝরা আমগাছ ছিল – এত ছড়ানো যে বৃষ্টি মাটিতে পড়ত না। সেটা থেকে সারা বছরই নানারকম আম বা খিটকেলে কুল বা ঝুরিঝুরি বা গাবফল সারাদিনরাত মাটিতে ঝরত আর আওয়াজ তুলত নানারকম। আমগাছই যদি, তা হলে তো সেটা থেকে আমই ঝরবে – এক-আমগাছ থেকে এত কিছু ঝরে কী করে? সেটা আমার জানা ছিল বিশ্বনাথ মামার কাছ থেকে। ‘আরে, সব আমগাছ কি একই আমগাছ রে? ওটা তো আমগাছই না শুধু। ওটা একটা গোটা জঙ্গল – ওপর দিকে উঠে গেছে। ওর গায়ে-গায়ে আরো কত-কত গাছ গজিয়েছে, সে-সব গাছের চারা হয়েছে, কত লতা কত লতার সঙ্গে জড়িয়ে কত ডাল বেয়ে কদ্দূর গেছে, কত পাখি আছে, পাখির ডিম আছে, ডিম থেকে বেরনো পাখিগুলির প্রথম পাখসাট আছে, একটু-আধটু ওড়াউড়ি আছে। ও কি গাছ নাকী রে? ওকে বলে মহাদ্রুম, যে-গাছ নিজেই একটা জঙ্গল হয়ে আকাশের খানিকটা ছেয়ে ফেলে।’
সেই মহাদ্রুম থেকে পায়েস ঝরে পড়লেও আমাদের খাওয়া বারণ ছিল। ঐ মহাদ্রুমের গোড়া ঘিরেই তো ইটের পাঁজার শ্যাওলার ঢিবিগুলো চৌকির জলের ঢেউয়ের মত হয়ে আছে আর সেই ঢেউয়ের গুহাগুলোতেই বৃন্দাবনবাড়ির সাপগুলো থাকে। সেই সাপগুলো ঐ আমগাছ বেয়ে-বেয়ে ঘোরে আর ঐ ফলগুলি খায়। তাদের এঁটো বা কামড়ানো ফলগুলো মাটিতে ঝরে পড়ে। মানে, মাটিতে যা কিছু পড়ে তার ভিতর ঐ সাপের এঁটো ফলগুলোও তো থাকে। ঐ গাছের তলা থেকে কুড়িয়ে কিছু খেলে আর রক্ষে নেই। গাছ থেকে ঝরে পড়া কিছু লুফে খেলেও তো সাপের বিষই খাওয়া হবে।
এই নিষেধের মধ্যে কোনো বানানো গল্প ছিল না Ñ সবই তো চোখের সামনে। চৌকির জল, শ্যাওলার ঢেউ, আমগাছের তলার অন্ধকার, সাপখোপ – সবই তো দেখা যায়, বানানোর দরকারটা কী?
সেই, যেবার আমার শেষ যাওয়া নাটোরে, ’৫০-সালের মুখে, দেশভাগ হয়েছে, পাশপোর্ট হয় নি, দাদু-দিদিমা নাটোর ছেড়ে চলে গেছেন আমরা জানিই না, ঐ মহাদ্রুম বা বিষ-আমগাছ পেরিয়ে টোলবাড়ির শুরুতেই নানা খোপে ভাগ করা মামাবাড়ির সেই বিস্তার হুমড়ি খেয়ে পড়তে শুরু করেছে Ñ ঐ, যারা সব সময়ের কাজের লোক তাদের দু-একঘর ছিল ওখানে, তারাই এসে আমাদের সামনে দাঁড়িয়ে চুপ করে ছিল, আর তখন আমরা ঐ বিষ-আমগাছ থেকে ফল পড়ার, ডাল পড়ার, পাতা পড়ার, নানারকম ছন্দহীন আওয়াজ শুনতে শুরু করি। দেশ ভাগ হওয়ার আগে যে-আওয়াজগুলি ছিল, দেশ ভাগ হওয়ার পরও সেই আওয়াজগুলি শুনছিলাম, তখনো পাশপোর্ট হয় নি। হ্যাঁ, জলপিপি পাখিগুলি একসঙ্গে ঝাপটা মেরে যে উড়ল, জয়কালী বাড়ির উত্তরদিকের জল থেকে, সে-আওয়াজটা পর্যন্ত উঠে এল, আর সব সময়ের কাজের লোক বলেই এখানে এই জঙ্গলের ধারে যাদের থাকতে দেয়া হত, তাদের যে-দু-চারঘর তখনো ছেড়ে যায় নি তারাই কেউ-কেউ চেনা আওয়াজ তুলল, ‘আরে, আমার পহেলা তো একখান কাঠ ফেলু দিবুন। ঘর সাফা করি রাখা যাই। খাড়ুন, খাড়ুন।’
আমরা যদি একটা পোস্টকার্ড লিখে জানিয়ে রাখতাম, তা হলে তো ঘরদোর পরিষ্কার করে রাখতে পারত। একটু দাঁড়ান, দাঁড়ান একটু।
নাটোরের বাড়িতে তো কোনোদিনই আমি লোকজন বেশি দেখি নি। রাজবাড়ির ঐ পুরো জায়গাটিতেও লোকজন বিশেষ ছিল না। সেই জলস্থলজঙ্গল প্রাসাদমন্দিরের ব্যাপ্তি আর শূন্যতা Ñ নাটোর বরাবরই সেই কারণেই আমার একার ও নিজের। কখনো-সখনো দাদুর সঙ্গে টমটমে চড়ে শহরে গেছি, নারদ নদী পেরিয়ে, সরকারি অফিসটফিসও দেখেছি, সেখানেও লোকজন খুব বেশি কিছু দেখি নি। সেবার, বৃন্দাবনবাড়ি পেরিয়ে এসে সেই শূন্যতায় আমি খুব ধাক্কা খেয়েছিলাম বলে মনে তো পড়ে না। কিন্তু টোলবাড়ি, বসতবাড়ি, পাটাতন করা বাঁশের সাঁকোর জলের অনেকটা ভিতর পর্যন্ত দীর্ঘতার ওপর এমনই এক ধ্বংস ছড়িয়ে ছিল যেমন ধ্বংস প্রান্তরের, মাঝখানে অনেক-অনেক দূরত্ব ছড়ানো গুটিকয়েক গাছের কোনোটির নীচে, মানুষের জ্বালানো আগুনের পোড়া ঘাসে থাকে। অনেক বৃষ্টিতেও ঘোচে না। সে আগুনের দাগে কোনো স্মৃতি জাগে না, ভয় এসে যায়। মানুষ এ জায়গা ছেড়ে গেছে – এই ভয়।
এই, এখন যখন সেই পঞ্চাশ বছর পেরনো ঘটনাটা আবার দেখা যাচ্ছে, তখন তো এমনই ঘটছে যেন এই এখনই সেই ধ্বংসছায়া দেখা গেল। যারা ওখানে ছিল, তারা কিছুক্ষণের মধ্যেই টোলবাড়ির একটা ঘরে ব্যবস্থা করে ফেলেছে। এ-ঘরটা আমি আগে কখনো দেখি নি। একটু লম্বাটে, একদিকের মাটির দেয়াল জুড়ে কাঠের তাকভর্তি বই। আর-একদিকের মাটির দেয়ালে লাগানো একটা চৌকির ওপর বিছানা পাতা। একটা জানলাও আছে – উত্তর দিকের দেয়ালে। তাতে বৃন্দাবনবাড়ির দিকের গুলঞ্চ বন আর জংলার কিছুটাদেখা যায়। মামাবাড়ির কোনো ঘর থেকে এ দৃশ্যটা আমার দেখা নেই।
স্নান করতে বসতবাড়ির ঘাটের দিকে হাঁটা দিতেই ওরা একজন বলল, ‘ও-ঘাটে তো নামু যাবানে না। কলের তলায় বসেন, আমি চাকা ঘুরাই। সেই বড় চাকাওয়ালা কলটা। নাটোরে এসে চৌকির জল দেখব অথচ জলে নামব না?
বসতবাড়ির ঘাটের সামনে দাঁড়িয়ে উঁচু থেকে দেখি – মাটির ধাপগুলো বেশ মোটা ঘাসে ঢেকে গেছে, নজর না করলে বোঝাই যায় না ধাপ আছে। ঐটুকু দেখতে না-দেখতেই ঘাট আমাকে চিনাল দিল। ঐ তো দুটো, নাকী, তিনটে ধাপের পর গড়ানটা গিয়ে পড়েছে, সাঁকোর মুখে। সাঁকোর সবটা চোখে পড়ছে না – এ-সাঁকোর আবার কায়দা ছিল। খাড়া কাঠি গেড়ে গেড়ে মাছধরার ফাঁদ যেমন পাড় থেকে জলের ভিতর নিয়ে আবার পাড়ের দিকে ঘুরিয়ে আনা হয়, এই ঘাটের সাঁকোটাও তেমনি খানিকটা এগিয়ে বাঁয়ে একটু ঘুরে গেছে। এখন নানারকম কোম্পানির বিজ্ঞাপনে ই, ঈ, উ, ঊ, ট, ঠ, এই সব অক্ষরের ঐ নানা ধাঁচে বাঁকা টিকিুটুকু লোগো হিশেবে ব্যবহার করা হয়।
একটা ঘাট বেয়ে মানুষজন ওঠানামা না করলে ঘাটটাকে যেমন পড়ো ভাঙা লাগে এ-ঘাটটাও ততটুকুই ধসে গেছে, বুঝে, সাবধানেই, মাটির ধাপ দিয়ে নামি। একটা চেনা ভয় ছিল – একটু খেয়াল করে না নামলে মাটির সেই গড়ানে গড়িয়ে একেবারে জলে পড়তে হবে। আর মাটির ধাপ দুটো না তিনটে সেটা মনে ছিল না।
সাঁকোর মুখে এসে অতটা লম্বা বাঁকের সাঁকোটাকে অতটা খটখটে শুকনো দেখে খাঁ খাঁ করে উঠল চৌকির চেনাজল, কালজল, গুলঞ্চের গন্ধভাসা জল। মাটির একটা খোলা চাড়িতে যে জল পেরতে হত, সে-জল নিষিদ্ধ ও অনাব্য হয়ে গেল।
ছড়ানো ওপারে দু-এক জায়গার জলে মানুষের শরীরের আলোড়ন দেখে একটু ভরসা নিয়ে আবার যখন সেই সাঁকোর দিকে তাকাই, তখন, অত শুকনো পাটাতনে পা ফেলতে ভয় হল – কোথাও খোঁটা বাঁশ পচে গিয়ে থাকতে পারে, কোথাও আড়বাঁশ ঘুণে ফাঁপা করে দিয়ে থাকতে পারে, কোথাও বাঁশের পাটি ঢিলে হয়ে গিয়ে থাকতে পারে। সাঁকোটা যেন একটু বেশি লম্বা – রোজকার কাজে যাতে মাঝচৌকির পরিষ্কার জল নিয়ে আসা যায়, স্নানের সময় যেন মাঝজলে নেমে সাঁতারে ভেসে যাওয়া যায়, কাপড়চোপড় কেচে যাতে সাঁকোতেই মেলে দেয়া যায়। মানুষের ঘরসংসারের প্রতিদিনের অজস্র সব দরকার থেকে যা কিছু তৈরি হতেই থাকে, হতেই থাকে Ñ সে বারান্দার দুই খুঁটির মাঝখানে বাঁধা দড়িই হোক, আর ঘরের পায়রারা যাতে খাওয়ার সময় ধান না ছিটোয় সেজন্যে উঠোনে একটা ছোট নিকনো গর্তই হোক, আর চার-পাঁচ তলার রান্নাঘরে রাতদুপুরে পাইপ বেয়ে আরশোলা উঠে-আসা ঠেকানোর খুব সূক্ষ্ম জালির নালীঢাকনাই হোক – মানুষের ব্যবহার চলে গেলে বা মানুষজনের প্রতিদিন আর প্রতিদিনই না ঘটলে – সেই সব কিছুই উদ্ভট ও অসঙ্গত ঠেকে – এই এমন বাঁশের সাঁকোর দৈর্ঘ্যও।
এতটা সময় ঘাটে দাঁড়িয়ে ফেরা যায় না, আর সাঁকোটা ভাঙলে বড়জোর জলে পড়ে যাব। আমি জলে নামতেই তো যাচ্ছি। জলটাকে আর অচেনা লাগছে না।
টোলবাড়ির যে-ঘরে আমরা ছিলাম, তার পাঁজা-পাঁজা বইপত্র সেদিন বিকেলেই ঘাঁটতে শুরু করেছিলাম। এত ধুলো উড়তে লাগল যে ঘর থেকে বেরিয়ে আসতে হল। দেখতে-দেখতে আলো কমে এল। বৃন্দাবনবাড়ির আমগাছের পাতা আর আলাদা করা যাচ্ছিল না, জমাট হয়ে যাচ্ছিল। এদিককার চৌকির ওপারে রাজবাড়ির হাতিশাল ঘোড়াশালগুলোও আবছা লাগতে লাগল। তবু গাছ-গাছালির ফাঁক দিয়ে ছোট তরফের শাদা প্রাসাদ যেন ধীরে-ধীরে আকাশের গায়ে লেপ্টে যেতে লাগল। ওদের কাউকে জিজ্ঞাসা করা হয় নি – হাতিঘোড়াগুলি কি আছে, সেই কানকাটা লক্ষ্মী? রান্নার একটা ঝামেলা ছিল। ওরা তো সব পুরনো লোক। পণ্ডিতবাড়ির নাতিকে নিজের হাতে রান্না করে দেয়ার পাপ তারা করবে না। আমার পক্ষে রান্না করা অসম্ভবই নয় শুধু জ্ঞানতত্ত্বেরও সমস্যা ছিল। তখনো আমি নিশ্চিতরকম জানতাম না – ভাত ইত্যাদি যা কিছু আমরা খাই সে সবই রান্না করতে হয়। আমাকে নিয়ে এসেছিল রমজান, তার বাবা লালচাঁদভাই থাকতেন আমাদের বাড়িতে। রমজান জলপাইগুড়িতে আমাদের সঙ্গেই থাকত। অনেকে ওকে নিয়ে ঠাট্টা করে বাবার জ্যেষ্ঠপুত্র বলত। রমজানকে আমরা নোন্তা বলে ডাকতাম। সেই নামের সুযোগে রমজান ব্রাহ্মণ হয়ে আমার ‘সেবা পাকাতে লাগল।
পরদিন সকাল থেকে আবার সেই বইপত্রের পাঁজার ভিতর ঢুকলাম। সারারাত সেই আমগাছ কত কিছু যে মাটিতে পড়ছিল নানা আওয়াজ করে-করে। এ আওয়াজ তো আমার চেনাই – শুনে মনে পড়ল। আগে তো সেই জঙ্গলের এত কাছে কখনো রাতে থাকি নি, বসতবাড়ি তো একটু দূরে। এ তো মনে হচ্ছিল – আমার গায়ের ওপরই পড়ছে। একটা পুরো জঙ্গল নিয়ে যে-আমগাছটা এমন ঝাঁকিয়ে আছে তাতে তো কত গাছ, কত পরগাছা, কত লতাপাতা, কত রকম পোকামাকড়, কত পাখপাখালি সাপখোপ। তাদের জীবনযাপনের আওয়াজ।
এক সকালে এটুকুই দেখা গেল – সবই সংস্কৃত বই। কিছু বই বেশ শক্তপোক্ত বাঁধানো, কিছু কাগজের মলাট। সবই নাগরী হরফে ছাপা, খুব মোটা-মোটা অক্ষরে। কোনো-কোনো বইয়ের কোনো-কোনো পাতার মার্জিনে খয়েরি কালিতে নাগরী হরফেই কিছু লেখা। একটা বইয়ের ভিতর শাদা কাগজে বেশ কয়েক পাতা লেখা। তখনো পর্যন্ত আমি বোধহয় হাতে লেখা নাগরী হরফ দেখি নি। ফলে এমন একটা ধারণা ছিল যে নাগরী হরফ খাড়া ও মোটা হয়। আমার দাদামশায়ের বাবার আমলের সেই রাজবাড়ির পরিত্যক্ত টোলে আমি প্রথম আবিষ্কার করি যে সংস্কৃত ইংরেজি-বাংলার মতই বেঁকিয়ে টানা লেখা যায় খুদে-খুদে অক্ষরে। সেই কয়েকপাতা জুড়ে লেখা একই খয়েরি কালিতে, মাঝে-মাঝে কেটে দেয়াও। ইংরেজি হরফ তো প্রায় জন্মের আগে চিনতে হয়েছিল। তখন আমি ক্লাস এইটেই পড়ি বোধ হয়। জলপাইগুড়িতে জেলা স্কুলে আরবী পড়ানো হত, মৌলবিস্যারও ছিলেন। আমাদের ক্লাসে ও স্কুলে অনেক ছাত্র ছিল মুসলমান। কিন্তু আমরা কখনো আরবী অক্ষর দেখি নি। ইংরেজি বাংলার বাইরে আমার প্রথম চাক্ষুষ অক্ষর – সংস্কৃত, সেই বর্জিত টোলবাড়িতে।
তারপরে তো বাকি বইপত্র ঘাঁটতে-ঘাঁটতে হলদে রঙের মোটা কাগজে ঐ খয়েরি কালিতেই ঐ বাঁকা হরফেই লেখা দু-দিকে কাঠের পাটা লাগানো ও দড়ি দিয়ে বাঁধা অনেক পুথি দেখলাম – একটা পুরো তাক জুড়ে। দড়িগুলো চেনা কিছুর নয় ও একটু রঙিন। পুথিও সেই আমার প্রথম দেখা – ঐ ১৯৫০ সালের মুখে, দেশ স্বাধীন ও ভাগ হয়ে যাওয়ার বছর দু-তিন পরে পূর্ব পাকিস্তানে নাটোরে আমার সংস্কৃত-পণ্ডিত মামাবাড়িতে, তখনো পাশপোর্ট চালু হয় নি বলে বেআইনি কমিউনিস্ট পার্টির বালককর্মী হওয়ার অপরাধে জলপাইগুড়ি শহর থেকে নির্বাসিত হয়ে। রাজবাড়ির পুরনো লোকজনের যে-কয়েকজন ওখানে ছিল, তারা সম্ভবত হিন্দুই ছিল – তাই বলে ব্রাহ্মণের ভাত রেঁধে দেয়ার অনধিকার তারা ছাড়ে নি। আবার,
নোন্তা মুসলমান হয়েও বামুন সেজে রেঁধে দিচ্ছে – নোন্তার দুঃস্বপ্নেও মনে হয় নি এতে তার অধিকার নেই। তার সঙ্গে বাবা আমাকে পাঠিয়ে দিয়েছেন – একেবারে বিদেশে, স্বদেশের পুলিশের তাড়ায়। তাহলে তো আমাকে খাইয়ে বাঁচিয়ে রাখাটা নোন্তারই দায়িত্ব ও অধিকার। এর মধ্যে আমি নানা ধাঁচের সংস্কৃত অক্ষরের চেহারা চিনতে লাগলাম ভাষা না জেনে, পড়তে না পেরে, কোনো অর্থ তৈরি না করেও। ঠাকুরদাও তো এ-রকম করেই আমাকে ইংরেজি অক্ষর শিখিয়েছিলেন। টোলবাড়ি থেকে কিছু বাঁধানো বই ও কিছু পুথি আমি সঙ্গে নিয়ে ফিরেছিলাম, যখন জলপাইগুড়িতে ফিরে আসি। অনেক অনেক পরে পড়তে পারি – সে-সবই ছিল ‘রামায়ণ’-সম্পর্কিত। বাঁধানো বইগুলি ‘রামায়ণ’-এর কোনো-কোনো কাণ্ডের ওপর টীকা। পুথিগুলিও সে-রকমই। আমি তো না-বুঝে, না-চিনে কিছু বইপুথিমাত্র এনেছিলাম – তা হলে কি বাকি বইগুলিও ‘রামায়ণ’ সংক্রান্তই ছিল, না কী আমি যেগুলো এনেছিলাম, সেগুলোই দৈবত ‘রামায়ণ’ হয়ে গেল। পুথিগুলি পড়া কঠিন ছিল, যে-কোনো হাতের লেখাই যেমন ছাপানো হরফের তুলনায় পড়ে-ওঠা কঠিন। তবে লেখার কাগজগুলি ছিল মোটা, দুপাশে কাঠের পাটা বা মলাট থাকায় বেশ আঁটোসাঁটো করে বাঁধা, ছিঁড়েখুঁড়ে যায় নি বা মুছে যায় নি। সবই ঐ বাড়িতে তৈরি খয়েরি কালিতে লেখা। কিছু পুথিতে খাগের কলমের টান স্পষ্ট, এমনকী, কঞ্চির কলমের টানও। কোনো-কোনো জায়গায় দু-এক লাইনে অক্ষর ঢেবড়ে গেছে, তারপরই কলম বদলে নেয়া। আরো, আরো অনেক পরে, কোনো-কোনো পুথিতে অক্ষরের টান যে সোজা হয়ে গেছে, ঐ খয়েরি কালিতেই, আর অক্ষরের মাত্রার আড়াআড়ি টান মোটা থেকে সরু হওয়া যে খাটো হয়ে গেছে তা নজর করতে শিখি। তার মানে, তখন হ্যান্ডেল কলম ও ধাতুর খাটো চেরা নিব ব্যবহার শুরু হয়ে গেছে, তাতে খাগের কলমের চাইতে বেশিক্ষণ কালি লেগে থাকে আর খাগের কলমের মত আগা ভোঁতা হয়ে বা ভেঙে যায় না। তারও অনেক অনেক অনেক পরে ঐ পুথি থেকে বুঝতে শিখি যে কালি ঐ একই ছিল বলে, মানে একই পদ্ধতিতে বাড়িতে তৈরি করা হত, আর তাতে আঠা মেশানো থাকত, তাই হ্যান্ডেলের কলমের ধাতুর নিচের চেরা আগায় কালি জমে যেত, লেখা যেত না, তখন নতুন নিব পয়সা দিয়ে কিনতে হত। পয়সা খরচ করে নিব কেনা ছিল অকল্পনীয় বিলাসিতা – শ-সোয়াশ বছর আগে সবচেয়ে দুর্লভ ছিল নগদ পয়সা, একথা অন্য কারণে জেনে আমি ভেবে নিতে পেরেছিলাম যে নিশ্চয়ই নিবের কলম ছেড়ে আবার খাগের কলমে ফেরা হয়েছিল বটে কিন্তু নিবের সুবিধেটা তখন জানা হয়ে গেছে। কালির রং যে বদলাতে লাগল – তার ভিতর অনেকটা সময়ই গেছে – বাড়ির তৈরি কালিতে আঠা কমিয়ে-কমিয়ে বা বাজার থেকে কেনা কালির বড়ি গলিয়ে তুঁত আর আঠা মেশানোর অনুপাত ঠিক করতে-করতে – তেমন অনুমান এখন মাঝে-মাঝে করি, পুথিগুলি পাওয়ার ৫৪-বছর পর। তার জন্য বিশেষ কোনো বিদ্যা আয়ত্ত করতে হয় নি। কাজের সুবিধে করে দিলে টেকনোলজিকে ঠেকায় কে? এক ঠেকাতে পারে পয়সার অভাব। পুথি লেখার জন্য নিব নয় – পুথিলেখা বন্ধ হওয়ার আগে তো সে-কথা পাকা হয় নি। তার আগে নিবের মুখ থেকে জমাট আঠা গলাতে নিব জলে ডুবিয়ে রাখার বুদ্ধিটাও তো এসেছিল – কালির রং তখনো বদলাচ্ছিল। শেষে এতটাই বদলে গেল যে কেনা কালির বড়িতে আর আঠা বা তুঁত মেশানোই হত না। কালি পাতলা হয়ে আসে। খাগের কলম মুঠো পাকিয়ে ধরতে হত, হ্যান্ডেল-কলম ধরতে হত বুড়ো আঙুল ও আর এক, দুই, তিন আঙুলের এক নতুন ধরণের খোপ বানিয়ে। কালি পাতলা হয়ে আসে, বর্ণলেপন বদলে যায়, কলম-ধরা মুঠো খুলে যায়, আঙুলের নতুন খোপ তৈরি হয়, কালিতে আঠা না থাকায় কালি মুছে যায়, লেখা উবে যায়, কালিতে তুঁত না থাকায় পোকামাকড় কাগজ ফুটো করে দেয়, কাল বিজবিজে সব ফুটো।
এখনো আমাকে সেই রামায়ণগুলি নতুন-নতুন করে সাজাতে হয়। যত স্পষ্ট, যত তেবড়ানো, যত বেঁকা, যত টানা, তত পুরনো। যত অস্পষ্ট, যত সোজা, যত খাড়া, যত কম টানা, যত মোছা, তত নতুন। যত নতুন তত পোকাকাটা, তত সিধে, তত অনুজ্জ্বল, কালির গভীরতা তত সমান। যত পুরনো তত ঝরঝরে, তত লতানো, তত উজ্জ্বল, কালির গভীরতাগুলি ততই ছবির মতন।
ভবতারিণী কি নাটোরে আছে, না, সে চলে গেছে – এ-কথা আমি জিগগেস করি নি। কিন্তু এখন ইচ্ছে হচ্ছে, যেন আমি জিগগেস করেছি। এখন আমি চাইছি – এই এখনটাকে তখনে নিয়ে গিয়ে, যে-ভাবে চাইছি সেই ভাবে তখন-থেকে-এখন এই সময়টাকে বদলে নিই। বদলে নিতে চাওয়ার ভিতর কি কোনো বর্জন আছে? যেমন হয়ে এসেছে এই সময়টা, সেটা বর্জন আর যেমন হলে ভাল লাগত তেমন একটা পুনর্নির্মাণ? না। শরীর মনের যে-জিদ থাকলে পুনর্নির্মাণ আর বর্জনের শাদাকালয়, জলেস্থলে, আলোঅন্ধকারে সময়কে ভাগ করে নেয়া যায়, সে-জিদ আসতে পারে এমন কোনো অপরাধ ঢাকতে, মৃত্যু ছাড়া যা ঢাকা যায় না। তেমন কোনো অপরাধের সামর্থ্য আমার কখনো ছিল না। বেঁচে-থাকাটুকুতে যে-সব ছোটখাটো দোষ কখনো-সখনো দরকারি মনে হয়, অথচ যা নিশ্চয়ই সুযোগ করে নেয়া ছাড়া আর-কিছু নয়, তার বেশি কিছু দোষ করার মুরদ আমার নেই। সেই সুযোগ-করে-নেয়া এতই তুচ্ছ অতিতুচ্ছ এক-একটা ঘটনা, যা ঘটনা পর্যন্ত নয়, নিজেকে চোখ-ঠারার মত Ñ যত ছোট করেই হোক Ñ একটা বিষয় পর্যন্ত নয়। মনে না পৌঁছুলে তো আর চোখ ঠারা যায় না। সে-সব দোষ মনের কাছাকাছিও পৌঁছয় নি। তাহলে এখন সে-কথা বলছি কেন। বলছি Ñ পাছে নিজেকে নির্দোষ দাবি করা হয়ে যায়। কোনো দোষ না করেও নিজেকে কি নির্দোষ ভাবা যায়?
এখন ভবতারিণীর ঐ আধা-পাগলামির কথাগুলি, বাড়ি থেকে নাটোরে চলে আসা, এসে দেখা যে দাদামশায়ের বাড়িটা ধসে যাচ্ছে, চৌকির অনেকটা ভিতর পর্যন্ত যাওয়া পাটাবাঁশের সাঁকো শুকিয়ে যাচ্ছে, বৃন্দাবনবাড়ির আমগাছ-জড়ানো জঙ্গলের মাথা থেকে সারারাত পোকামাকড় ও লতাপাতার জীবনযাপনের আওয়াজ মাটিতে পড়ছে নানারকম, ভেঙে-পড়া টোলবাড়ির ধুলোর ভিতর থেকে জেগে উঠছে – যা, প্রায় সারাজীবন ধরে আমাকে জানতে হবে, রামায়ণ, একই রামায়ণ, ছাপানো, বাঁধানো, হাতে লেখা, জানতে হবে – সেই সব রামায়ণ-লেখার কালির রং, অক্ষরের ছাঁচ আর কলমের মুঠো কেমন বদলে-বদলে গেল, আর, ভবতারিণী যা আমাকে বলেছিল কখনো-সখনো আমিও যেন তেমনই কিছু বলে ফেলতে চাই – না-বলে চেয়ে থাকা হল, কেন যে ভিখারির মত চেয়েছিই তোমার কাছ থেকে, আরো কী আমার চাই, আমি ভিখারি আর ভিক্ষাদাতার পরিচয়ের ভিতর চিরকাল গোলমাল করে এসেছি, আমার কাছে চাওয়া ভিক্ষাকে আমি ভেবে নিয়েছি কৌতুক, আত্মসম্মান রক্ষা করতে যেখানে সর্বস্ব দেয়ার কথা সেখানে আমি কণামাত্র দিয়েছি কী দিই নি, আর নিজেই জানি নি নিজেই আমি আমার আত্মার সম্মানমূল্য কপর্দকে ধার্য করেছি, আমার সেটুকু বিনিময়মূল্যও নেই অথচ বর্জন-পুনর্নির্মাণের মত এমন এক দিবসরজনীতুল্য বিভাজনের ভিতর ঢুকে পড়া ছাড়া আমার কোনো গতি নেই জেনেই তার একটা কাটাছাঁটা ছোটখাটো পকেটসাইজ হাতের তেলো সাইজ চলিষ্ণুতায় এই সব কিছু, এই স – ব কিছু, এই m – e – কি – Qy গাঁথা হয়ে যাক, গাঁথা হয়ে থাক এইটুকু আমি চাই। নিজের চাওয়াকে অর্জনহীন করে তুলতে আমি ‘এইটুকু’ বলেছি। যেন এই গ্রন্থন আর কতটুকু? যেন, আমার আর কতটুকু গ্রন্থন চাইবার ক্ষমতা আছে?
আমার মত এই মানুষের এমন অন্ধতা বা মৃত্যুও নেই যার জন্য আলো বা প্রাণ প্রার্থনা করা যায়। আমি অপরাধ না করেও নিজেকে নিরপরাধ ভাবতে পারি না, দোষ স্বীকার না করেও নিজেকে নির্দোষ দাবি করতে পারি না।
আমি আবার, আবার, আবারও সত্য থেকে সরে আসছি। সে আত্ম-অপসরণে যদি মহাদেশতুল্য কোনো স্তরান্তর ঘটে যায়, তা হলেও আমি সত্যের মুখোমুখি হতে পারব না। যে-অনুতাপ বা আকাক্সক্ষা শুধু সত্যকে গোপন করতে বারবার ব্যবহৃত হয়ে আসছে, তাতে কি আর সর্বখর্বতাকে দাহন করার তাপ অবশিষ্ট থাকে? বর্জন-পুনর্নির্মাণের কোনো কর্মসূচি ছাড়াই আমি আমার এই তুচ্ছ বেঁচে-থাকাটাকে একটু অলঙ্কৃত করতে চাই – ঐ গ্রন্থনে, সেই তখন থেকে এই এখন পর্যন্ত একটি গ্রন্থনে। আমি তো জানি – রামায়ণ নতুন কালিতে, নতুন কলমে লেখা যায়। তাহলে আমার এই জীবনকেই-বা গেঁথে তোলা যাবে না কেন? যাবে না যে কেন, তার অনুমানটুকুও তো আমি স্বাধীন রাখতে চাই না। ভবতারিণী যে ‘প্রভু’, ‘নাথ’, ‘প্রাণ’, বলে ডেকে উঠত, ভবতারিণী যে বলে উঠতে পারত Ñ ‘প্রভু, মনে রেখো, এ-জন্মে তোমাকে আমার দু-চোখ মেলে দেখাও হয় নি, আঙুলটুকু দিয়ে ছোঁয়াও হয় নি, জন্মান্তরে দেখা হলে সেটুকু মনে রেখো, প্রিয়’ – সেই কোনো সম্ভাব্যতার বাস্তবকে আমি আর রক্ষা করতে চাই না। অথচ, বর্জনের সাহস নেই। আমি তাই এক গ্রন্থন চাই – যা মিথ্যা, কিন্তু যাকে অন্তত আমি সত্য বলে আমার জীবনটুকু চালিয়ে নিতে পারব। আমার বাঁচার বাইরে কোনো মহাকাল নেই, ইতিহাস নেই, যুক্তি নেই, নীতি নেই। অথচ নেই-যে, সেটুকুও স্বীকার করার মত স্পষ্টতা আমার নেই। অথচ আছে – যে, সেটুকুও অস্বীকার করার মত স্পষ্টতা আমার নেই।
সেদিন টোলবাড়িতে যারা আমাদের জায়গা করে দিয়েছিল, তাদের কাছে আমি জিগগেস করি নি ভবতারিণীর খবর। সেটা এমন কিছু দোষ নয়। আমার বয়স তখন বড়জোর তের-চৌদ্দ। কোথায় গেলে কার খোঁজ করতে হয়, তখনো সে-সব আমার জানা হয়ে ওঠে নি। আর আমি তো কোনোবারই ভবতারিণীর খোঁজ করি নি। সে এসে গেছে নিজের মনে, কথা বলে গেছে নিজের মনে। ভবতারিণী কখনোই আমার ওপর নির্ভরশীল ছিল না, ভবতারিণীর ওপর নির্ভরশীল হয়ে ওঠার কথাই তো আসে না আমার।
কিন্তু এখন আমার দরকার যে নাটোরে আমার সেই শেষ-যাওয়ায় বৃন্দাবনবাড়ির ঊর্ধ্বগতি আমগাছের জঙ্গলের ভিতর থেকে লতাপাতা পোকামাকড়ের জীবনযাপনের টুপ টাপ বা ঝনঝন বা গুরুগুরু পতনধ্বনির ভিতর যেন আমি ভবতারিণীকে ডেকে উঠেছিলাম আর ভবতারিণী সাড়া দিয়ে উঠেছিল, আকাশ-পাতাল জুড়ে সাড়া দিয়ে উঠেছিল, ‘প্র – ভু’।
নিজেই নিজের গুপ্তঘাতক হওয়ার বাধ্যতায় আমি কখনো এমন কোনো সম্পর্কে নিজেকে জড়াই নি যা শুধু আমারই বন্ধন। তেমন নিঃসম্পর্কতার ইতিহাসে এখন আমি যেখানে – সেখানে যেন নিজেরই কিছু সম্পর্ক দরকার, সে-সম্পর্কের জন্য আমার কিছু মূল্য দেয়া দরকার, সেই সম্পর্কের কিছু রক্তচিহ্ন আমার দেখানো দরকার, আমি এক বিরহের স্বত্ব চাই, কারণ, এখন আমাকে গাইতে না হলেও শুনতে হয় ‘চিরসখা হে, ছেড়ো না, মোরে ছেড়ো না।’ সেই তেমন এক চিরসখার কাছে আমার ধন, বল ও স্বামিত্ব পেতে হবে।
সে-ই যখন পালাচ্ছিলাম, জলপাইগুড়ি থেকে নাটোর, নাটোর থেকে বর্ধমান, বর্ধমান থেকে ঢাকা, ঢাকা থেকে ভাগীরথী বেয়ে, ভাগীরথী পেরিয়ে, তখন হয়তো ভবতারিণীও সকলের পায়ে-পায়ে ছুটছিল। না-জেনেই ছুটছিল যে সে ছোটা আসলে পলায়ন। ভবতারিণীর তো এমন কোনো গন্তব্য ছিল না, যেখানে তাকে পৌঁছুতেই হবে। তার তো এটাও জ্ঞাতব্য ছিল না যে-পথ দিয়ে সে ছুটছে, সে-পথ ভাগ হয়ে গেছে বটে কিন্তু তখনো পাশপোর্ট দরকার হয় না।
যেন, যেন, এই একটি কথাকে সাক্ষ্য করে তোলা আমার এই মুহূর্তের সবচেয়ে বড় দরকার যে মানুষের সেই দু-মুখো ছোটাছুটির ঘূর্ণি ভবতারিণীকে টেনে নিচ্ছে। যেখানে মানুষ, সেখানেই তো ভব। সেই যেমন সে কথা বলতে-বলতে চলে যেত হঠাৎ, একসময় চমকে ঘুম ভেঙে জেগে ওঠার মত, জেগে উঠে এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিল বুঝে অপরাধিনীর পা জড়িয়ে চলার মত, যেন তার ঘুমে ছিল এক অনুচিত মিলনের অবসাদ, যেন তার জাগরণেও ছিল এক অনুচিত অভিসারের গতি – পাড় থেকে ঢেউ যেমন জলে দাগ কেটে-কেটে আরো অতলের দিকে চলে যায়, ‘চলে না গো প্রাণ, চলে না, তোমাকে দিনে চাই প্রাণ, রাতে চাই, তোমাকে আমার সাঁঝবিহানে চাই, দুই প্রহরে চাই, তোমাকে আমার শয়নে চাই প্রাণ, ভ্রমণে চাই, তোমাকে আমার আসনে চাই প্রাণ, ব্যসনে চাই,
প্রা – ণ, তোমাকে আমার ক্ষণে চাই, অনন্তে চাই …’
হ্যাঁ। এখন আমার ভবিষ্য-বিনিয়োগের জন্য ভবতারিণীকেই দরকার। ভবতারিণী ছাড়া ‘প্রা – ণ’ ডাকটিকে কেউ বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে না। বিশ্বাসযোগ্য না হলে কোনো বিনিয়োগই বিনিয়োগ হয়ে উঠতে পারে না। বিনিয়োগের জন্য কিছুই নিষিদ্ধ নয় – ভবতারিণী নয়, স্মৃতি নয়, স্বর নয় …। সব, সব, সব কিছুই বিনিয়োগযোগ্য।

Leave a Reply
You must be logged in to post a comment.