ও’ হেনরির গল্প থেকে বেরিয়ে এই ঢাকায়

ছেলেটা বেরিয়ে এসেছিল ও’ হেনরির গল্প থেকে। না বেরিয়ে এসে তার উপায় ছিল না। কারণ শৈত্যপ্রবাহ বইছিল শহরজুড়ে, একটু একটু বৃষ্টি। আর একটু আগে, বিশ্ববিদ্যালয়ের যে-হলে তার বন্ধুর সঙ্গে সে সরু বেডে ডাবলিং করে অবৈধভাবে থাকত, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। বন্ধুটি অসহায়ভাবে তাকিয়ে ছিল, যখন বের করে দেওয়ার ঘটনা ঘটে। হলে প্রায়ই বই চুরি যাচ্ছিল, শেষে শুরু হলো লুঙ্গি চুরি, তখন সব বৈধ ছাত্রের নজর পড়ল এই অবৈধ বাসিন্দার দিকে। চুরির অপবাদ খুব ভালো অপবাদ নয়, তবুও সে এই অপবাদটি ঘাড়ে বয়ে নিয়ে হলে পড়ে থাকতে প্রস্তুত ছিল। এই নিরাত্মীয় ঢাকা শহরে তার থাকবার আর কোনো জায়গা নাই। কাজেই তার ভাবনা ছিল, সত্যের জয় হবেই। সে যে চোর নয়, হলের ছাত্ররা একদিন স্বীকার করবেই। কিন্তু সত্যের জয় সুদূরপরাহত, তাকে হলের ছেলেরা পাঁজাকোলে করে দোতলার বারান্দা থেকে নিচের ডাস্টবিনে ছুড়ে মারলে সে নিজেকে অপমানিত বলেই মনে করেছিল এবং এই হলে আর নয় বলে বেরিয়ে এসেছিল। ডাস্টবিনের ময়লাগুলো স্থিতিস্থাপক ছিল, ফলে তার হাত-পা ভাঙেনি, পাংচার যা হবার, তা প্রেস্টিজ। সে ওপরের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। দেখতে পেয়েছিল তার আশ্রয়দাতা বন্ধুর মুখ। সেই মুখে অসহায়ত্বের ছাপ। কেন সে নিজেকে এত অসহায় ভাবছে! বন্ধুর কথা ভেবে তার করুণা হয়েছিল। সে বেরিয়ে এসেছিল হল থেকে। আজ রাতটা সে কোথায় কাটাবে, ভেবে পাচ্ছিল না। সে হেঁটে হেঁটে চলে গিয়েছিল বাংলা মোটরের কাছে বিশ্বসাহিত্য কেন্দ্রে। ওখানে লাইব্রেরিতে বসে সে বই পড়ার ভান করছিল। আসল উদ্দেশ্য সময় কাটানো। এই সন্ধ্যায় তার যাবার কোনো জায়গা নাই। সে ও’ হেনরির একটা বই বের করল এবং গল্পগুলো পড়তে লাগল। একটা গল্পে এসে তার মন সঙ্গী খুঁজে পেল। গল্পের নায়ক তারই মতো অসহায়। তারও থাকবার কোনো জায়গা নাই। পকেটে পয়সা নাই। খাদ্য নাই যে, জঠরের আগুন নেভাবে।

 ছেলেটার খিদা বোধ হলো। এখন সে খাবে কোথায়। হলের ক্যান্টিনে সে বাকি খায়। মাত্র গত পরশু ক্যান্টিনে সে ৩০০ টাকা শোধ করেছে। এখন ডাইনিংওয়ালা তার কাছে পায় মাত্র ২০০ টাকা। ওই ৩০০ টাকা পরিশোধের বদৌলতে তার আরো ৭ দিন বাকি পাবার কথা। এই অবস্থায় হলত্যাগে তাকে বাধ্য করাটা কি ছেলেদের উচিত হয়েছে।

কেন্দ্রের লাইব্রেরি বন্ধ হয়ে যাবে এখনই। তাকে উঠতে হলো। সে আবার নেমে এলো পথে। খিদাটা খুবই চাগাড় দিচ্ছে। তার এই খাদ্যসমস্যা আর আশ্রয়-সমস্যার সমাধান কী হতে পারে। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। উত্তুরে হাওয়া। ছেলেটার হাড়ের ভেতরটা পর্যন্ত কেঁপে ওঠে।

তাহলে আজ রাতে আমি কোথায় থাকছি। সে নিজেকে প্রশ্ন করে, কিন্তু উত্তর মেলে না। তখনই তার মনে হয় যে, সে ও’ হেনরির গল্পের চরিত্র হয়ে উঠতে পারে। আজকের রাতটা হাজতবাস করা যায়। সেখান থেকে জেলে গেলে, ইস, মাস তিনেকের জেল যদি তার হতো! তাহলে অন্ন-বস্ত্র আর বাসস্থানের সমস্যা তিন মাসের জন্যে তার হয়ে যায়।

কিন্তু সে ধরা পড়তে পারে কীভাবে। চুরির অপবাদ তার ভালো লাগে না। কারণ সে জীবনেও চুরি করেনি। চুরি কীভাবে করতে হয় তার জানা নাই। পকেট মারা! কেমন করে করতে হয়! আর পকেটমারদের কেউ জেলে দেয় না, বরং গণপিটুনি দিয়ে ছাতু বানিয়ে দেয়। সে শুনেছে ৫৪ ধারা বলতে একটা জিনিস আছে। সন্দেহজনক ঘোরাফেরা। এই কারণে পুলিশ ধরতে পারে। বাংলা মোটর মোড়েই কতগুলো পুলিশ ডিউটি দিচ্ছে। সে পুলিশের সামনে একবার রাস্তায় এ-মোড় আরেকবার ও-মোড় পর্যন্ত হাঁটতে লাগল। পুলিশগুলো তাকে দেখেও দেখছে না। তারা সবাই ওভারকোট পরে আছে কানমাথা ঢেকে। তা ভায়ারা তোমরা তো ভালোই আছো। বৃষ্টি আর কুয়াশা আর লাইটপোস্টের ম্লান আলোয় ভিজছো, কিন্তু কিছুই টের পাচ্ছ না। আমার অবস্থাটা কী ভাবো। আমার তো পরনে অত সুন্দর গরম কাপড় নাই। আমার সোয়েটারটা পুরোনো আর স্যান্ডেলের পেরেকটা খুবই যন্ত্রণাকর। তার ওপর আমার সাথে আছে একটা ট্রাভেল ব্যাগ। যেটা, তার বন্ধুটা, তার ডাস্টবিন-ল্যান্ডিংয়ের পর, দয়া করে ডাস্টবিনের ওপরেই ছুড়ে মেরেছিল। ব্যাগটা কাঁধে নিয়ে এই শীতার্ত রাতে সে পুলিশের নাকের ডগা দিয়ে সন্দেহজনকভাবেই তো ঘুরছে। আর কীভাবে সে সন্দেহ সৃষ্টি করতে পারে। নাকি সে ও’ হেনরির গল্পের মতো বিপণি বিতানের কাচের দরজায় ঢিল ছুড়ে মারবে। সেটা মনে হয় ঠিক হবে না। সে জেলে যেতে চায়, তাই বলে দোকান মালিকের ক্ষতি করবে কেন? বরং পুলিশকেই সে ঢিল মারছে না কেন? সে সত্যি রাস্তার ধার থেকে ইটের টুকরা কুড়িয়ে নেয় আর পুলিশগুলোর দিকে ঢিল মারে। ঢিল পুলিশের গায়ে লাগে না। আশেপাশেও পড়ে না। সে আরেকটা ঢিল ছোড়ে। এটা পুলিশদের কাছাকাছি গিয়ে পড়ে। পুলিশগুলোও যেন ও’ হেনরির গল্পের পুলিশ। কে ঢিল ছুড়ছে, এদিক-ওদিক খোঁজে। তার মতো একটা ছেলে, হাতে একটা সন্দেহজনক ব্যাগ, তার আগাগোড়া পুরোটাই সন্দেহজনক, তাকে দেখছে না। তাকে ধরছে না। তাকে ধরছে না কেন?

সেই এগিয়ে যায়। বলে, ভাই আমিই ঢিল মারছি। আমারে ধরেন।

পুলিশগুলো নিজেদের মধ্যে কী একটা গল্প করছিল, আবার সেই গল্পেই মত্ত হয়।

পুলিশকে ঢিল মেরেও সে গ্রেপ্তার বরণ করতে পারল না। তাহলে সে গ্রেপ্তার হবে কেমন করে। হ্যাঁ। একটা উপায় আছে। যে-কোনো একটি রেস্টুরেন্টে ঢুকে পেট ভরে খেয়ে সে বলতে পারে, তার কাছে টাকা নাই। ঠিক। এটাই হতে পারে সর্বোত্তম।

 সে হাঁটতে হাঁটতে চলে যায় মগবাজার। একটা বড় রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। ভেতরে টিউবলাইট জ্বলজ্বল করছে। সারি সারি টেবিলে লোকজন করছে গমগম। বাহ। কী খাওয়াটাই না ওরা খাচ্ছে। খাবার দেখে তার পেটের ভেতরটা উথলে ওঠে। মনে হচ্ছে পুরো নাড়িভুঁড়ি বেরিয়ে আসবে গলা দিয়ে। এতটা খিদা পেয়েছে তার। ও তাই তো। আজ দুপুরে তো সে কিছু খায়নি।

সে দ্রুত ঢুকে পড়ে হোটেলের ভেতরে। একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়ে। বেয়ারা এসে তার টেবিল পরিষ্কার করে দেয়। আরেকজন এসে জানতে চায়, কী খাইবেন। সে আশেপাশে তাকায়। কে কী খাচ্ছে! দেখতে পায়, তার এক টেবিলে পরের খদ্দেররা খাচ্ছে বিরিয়ানি।

সেও বলে বিরিয়ানি।

কাচ্চি?

কাচ্চি।

কাচ্চি আসে। সে খেতে থাকে। ড্রিংক্স লাগব, বেয়ারা বলে। ড্রিংক্স নেবে। আরো দশ টাকা। না থাকুক। পানিতেই হবে। বিনা পয়সায় খাওয়া বলেই সে যা খুশি তাই অর্ডার দিতে পারে না। রেস্টুরেন্ট মালিকের অতোটা ক্ষতি করা তার পক্ষে অসম্ভব।

আসলে তো সে ছেলে খারাপ না। জীবনে কারও গালে একটা চড় সে মেরেছে বলে তার মনে পড়ে না। হ্যাঁ, মনে পড়েছে। খুব ছোটবেলায়, যখন সে ক্লাস থ্রিতে পড়ে, সেবার সে ফুটবল-মাঠে মারামারি করেছিল। এটাই বোধহয় তার জীবনের শেষ মারামারি। এরপর সে আর কোনো গোলযোগের ভেতরে যায়নি।

কিন্তু তার একটা চাকরি হয় না কেন। ইন্টারমেডিয়েট ফেইল করেছে সে তিনবার। এটা কি কোনো যোগ্যতাই নয়?

কাচ্চিটা বেশ ভালো হয়েছে। খাসির মাংসটায় অবশ্য হাড্ডি বেশি। মাংস কম। সে কি সবার সামনে হাড্ডি চিবিয়ে খাবে।

কেন নয়? একটু পরে তো তাকে ধরে পুলিশেই দেবে ওরা, তাহলে আর মান-সম্মানের ভয় করে কী লাভ!

সে হাড্ডি চিবোয়। যেন অমৃত। আহ।

খাওয়া শেষ।

বেয়ারা বিল দিয়ে যায় পিরিচে ভাজা ধনের ওপরে। সে ধনেটা খায়। তারপর বিল নিয়ে ওঠে।

কাউন্টারে যায়। ম্যানেজারকে বলে, শোনেন, আমার পকেটে টাকা নাই। আপনি পুলিশে খবর দেন।

ম্যানেজার বলে, পরে দিয়েন ভাইজান।

পরে দেওয়ার মতো অবস্থাও আমার নাই। আমি পরেও দিব না।

ঠিক আছে দিয়েন না। দোয়া রাইখেন।

ব্যাপার কী! তাকে এরা সমীহ করছে কেন? তাহলে কি তার জেলে যাওয়া হবে না।

কী করা যায়? কী করা যায়? এখন পেটে খাবার পড়েছে। চিন্তা কাজ করতে শুরু করার কথা।

একটা উপায় হলো একটা পাঁচতারা হোটেলে গিয়ে কাচ ভাঙা। সে এই কাজটা করতে চায়নি। কারণ সে কারও ক্ষতি করতে চায় না। কিন্তু কী আর করা।

শেষে তাই করে সে। ঢাকার একটি বিখ্যাত পাঁচতারা হোটেলের সামনে যায় সে। ব্যাগ কাঁধে। তারপর হঠাৎই দৌড়ে গিয়ে সে লাফিয়ে ওঠে কাচের দরজা বরাবর। কাচ ভাঙে না।

সিকিউরিটি গার্ড দৌড়ে আসে। ততক্ষণে সে প্রপাতধরণীতল।

কেমনে পড়লেন? সমব্যথী জুটে যায় কিছু। যেন সে যে কাচের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছে, এই অপরাধটা কাচের বা দেয়ালের বা হোটেলের।

না, তারা তাকে পুলিশে দেয় না।

তাহলে সে কী করবে। এ জীবনে তার বুঝি আর গ্রেপ্তার হওয়া হলো না।

হোটেল থেকে বেরিয়ে সে যায় একটা ডাস্টবিনে। ডাস্টবিনে নাকি নানা ধরনের জিনিস পাওয়া যায়। এক-আধটা ককটেল বোমা কি তার কপালে জুটবে না।

সে ডাস্টবিনের ময়লা ঘাঁটে।

আর বৃষ্টি আর কুয়াশা। তার হাত-পা কুঁকড়ে আসে। আর সোডিয়াম বাতির হলুদ আলো।

না, সে ককটেল পায় না। কিন্তু একটা জর্দার কৌটা পায়। এটাকেই সে বোমা বলে চালাবে।

এটা নিয়েই সে ঢুকে পড়বে কোথাও। কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায়। সেই জায়গাটা কী হতে পারে। এয়ারপোর্টে গেলে ভালো হতো। কিন্তু এতরাতে এই বৃষ্টিতে সে এয়ারপোর্ট যাবেই-বা কী করে।

না, সে যাবেই।

হাঁটতে থাকে সে এয়ারপোর্ট অভিমুখে। শেষ পর্যন্ত যেতে হয় না। তার আগেই একটা গাড়ি এসে থামে তার পাশে। তাকে জিজ্ঞেস করে, কই যাস।

এয়ারপোর্ট।

কেন?

বোমা মারতে।

কস কী?

উঠ।

তাকে তারা গাড়িতে তোলে।

এই গল্প এখানেই শেষ।

কিন্তু এই গল্পের জন্যে বরাদ্দ জায়গা এখনো ভরে নাই।

কাজেই একটা অপ্রাসঙ্গিক খবর। গতকাল ঢাকায় একজন ভয়ঙ্কর সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য-অনুযায়ী তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্যে যাবার পথে আগে থেকে ওঁৎ-পেতে রাখা সন্ত্রাসীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শুরু হয় গুলি-পালটা গুলি। ক্রসফায়ারের মধ্যে পড়ে সে মারা যায়।

 ছেলেটা আবার ঢুকে যায়     বইয়ের পাতায়। ও’ হেনরির গল্পের ভেতরে। কারণ ঢাকায় প্রচণ্ড শীত আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।