রেখা নিজে এবং রেখায় অঙ্কিত চিত্র এমনিতেই বেশ গোলমেলে ব্যাপার। জ্যামিতির সূত্র-অনুযায়ী রেখা বলে কোনোকিছুর অস্তিত্বই সম্ভব নয়। বাস্তব বিশ্বেও আসলে কোথাও কোনো রেখা নেই, আমাদের চতুর্পার্শ্বে যখন আমরা দৃষ্টিপাত করি তখন কোনো আকৃতিরই বহির্রেখা (আউটলাইন) বলে কিছু দেখি না, অথচ আঁকবার বেলায় এই কাল্পনিক রেখাকে অবলম্বন করেই হয় আমাদের শিল্পসাধনার যাত্রারম্ভ। এমনকী ছোট্ট শিশুটি যখন আঁকতে বসে তখন সেও বস্তুর চারপাশে কল্পনা করে নেয় রেখার বাঁধন। এ এক রহস্য বটে। এহেন রহস্যময় রেখাশিল্পীর তুলিতে যখন কালিতে ভর করে সাদা কাগজে জেঁকে বসে তখন ঘটে যায় অঘটন। সাদা কাগজটিতে আর নিরালম্ব শূন্যতা থাকে না, ওর মধ্যে সৃষ্টি হয় অবয়ব – দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক, ঘনত্ব ও দূরত্ব, পরিপ্রেক্ষিত, ছন্দ, ভারসাম্য, অনুপাত, ঐক্যবোধ, আরো কত কী। ওই কয়েকটি আঁচড়মাত্র, তা-ই মিলে রেখাচিত্র, ওর মধ্যেই ওস্তাদ শিল্পী ফলাতে পারেন সৃজনশীলতার কত কারিকুরি।
কামরুল হাসান তেমনই একজন, যিনি তাঁর রেখাশিল্পের মধ্য দিয়েই নিজের সৃজনক্ষমতার অন্যতম পরিচয় রেখে গেছেন। এমন শিল্পী আমাদের দেশে খুব বেশি রয়েছেন, এটি বলা যাবে না। তাই এ শিল্পীর রেখাচিত্রমালার বিশিষ্টতা অনুধাবনের একটি উদ্যম নেহায়েত অপপ্রয়াস হবে না আশা করা যায়। আর সে-উদ্যোগের যথার্থ সূচনা হতে পারে নিজের রেখাশিল্প-বিষয়ে শিল্পীর নিজের ভাষ্য দিয়েই :
‘আমি স্কেচ করি, সেই পঞ্চাশ বছর আগে যখন কলকাতার আর্টস্কুলে প্রবেশ করেছিলাম, সেই যে বগলে স্কেচবুক নিয়ে পথেপ্রান্তরে বিচরণ করা আরম্ভ করলাম তা আজও আমার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।…’‘কতোরকমভাবে, কতোরকম কাগজে, কতোরকম মাপের কাগজে যে স্কেচ করে চলেছি, জানি না। হাতের কাছে কলম, পেনসিল, প্যাস্টেল যাই-ই পাই না কেন, আমার হাত চলে।…’
‘ছেঁড়া-ভাঙা রেখা নিয়ে আমার স্কেচ আজকাল আর জন্ম নেয় না। সরুমোটা রেখা দিয়ে সবসময় কিছু বলতে চায়। কিছু বক্তব্য রাখতে চায়।…’
‘আমার পরিমণ্ডল এবং পরিবেশের তাবৎ বিষয়বস্তুর মধ্যে আবার কখন যে কোনটা আমার মনের দুয়ারে টুকটুক করে টোকা মারে তাও কি ছাই বলতে পারি। কখনো অতি জটিল আবার কখনো অতি জটিল বিষয়কে সহজ স্কেচের টানে প্রকাশ করি, তাও আমার হাতের কলম বা তুলি বলতে পারবে।…’
‘একি বলে বা লিখে প্রকাশ করা যায়! আমার এ আঁকিবুকির কখনোই কোনো পূর্বপরিকল্পনা থাকে না, আবার থাকলেও কলম বা তুলি চালাতে আরম্ভ করলে কখন যে কোন দিকে মোড় নেবে তাই কি আমি জানি?… এ যেমন দুরূহ তেমনি আনন্দদায়ক, তারচেয়েও বেশি উত্তেজক।…’
‘সকলেই আমার তুলিতে, কালিতে এবং কলমের সামনে এসে পথ রোধ করে দাঁড়ায়। বলে, আমাকে তোমার মধ্য দিয়ে প্রকাশ করো, আমিও নিরুপায় হয়ে তাদের নির্দেশমতো চলি।’
(সৈয়দ আজিজুল হক রচিত কামরুল হাসান : জীবন ও কর্মগ্রন্থ থেকে উদ্ধৃত, পৃ ২০৪-২০৬)
নিজের রেখাশিল্প সম্পর্কে শিল্পী কামরুল হাসানের এসব উক্তি অনেকটা রবীন্দ্রনাথের মতো শোনায় না কি? আমরা সকলেই জানি যে, ডুড্লিং বা আঁকিবুকির মাধ্যমে চিত্রশিল্পের জগতে রবীন্দ্রনাথের যাত্রারম্ভ এবং নিজের প্রাথমিক পর্যায়ের প্রচেষ্টাগুলো সম্পর্কে অনেকটা এ ধরনেরই উক্তি করেছেন তিনি। কামরুল হাসান ঠিক ডুড্লিং বলতে যা বোঝায় তা না করলেও তাঁর রেখাশিল্পের এক ধরনের স্বতঃস্ফূর্ত উৎসারণ-প্রক্রিয়ার কথা বলেছেন, যা অনেকাংশেই রবীন্দ্রনাথের বক্তব্যের মতোই শোনায়। দুজনের উদ্দেশ্য ও গন্তব্য ঠিক এক নয়, তবে দুশিল্পীর উক্তির মধ্য দিয়ে রেখার স্বতঃউৎসারণ-প্রক্রিয়া এবং তার মাধ্যমে শিল্পীর অন্তঃস্থিত অবচেতন মানসের কোনো খবরের নাগালপ্রাপ্তির সম্ভাবনা কি দেখা দেয়?
কী সেই স্বতঃস্ফূর্ত অনুপ্রেরণা, যা শিল্পীকে তাড়িত করে, চালিত করে এক ক্ষান্তিহীন সৃজনক্রিয়ায়, এমনকী শারীরিক অক্ষমতাকেও অতিক্রম করে, আসন্ন মৃত্যুর ভ্রƒকুটিকেও উপেক্ষা করতে পারে Ñ যেমনটি ঘটেছে কামরুল হাসানের বেলায়? এ কি শুধু সৃজনের আর্তি, কেবলই চারপাশের প্রকাশোন্মুখ রূপ সকলের নাছোড় আবদারের প্রতিরূপ? নাকি এক সচেতন সৃষ্টিশীল মানসের নিরন্তর অনুসন্ধান ও পরিপার্শ্বের প্রতি প্রতিক্রিয়ার তাৎক্ষণিক বিখণ্ডিত রূপ? একজন শিল্পীর মূল্যায়নে কোনো কোনো সময় মূল সৃষ্টিকর্মের চেয়েও গুরুত্বপূর্ণ বিবেচিত হতে পারে ওই শিল্পীর কৃত খসড়া বা যাকে আমরা বলছি রেখাশিল্প। ওইখানেই বিধৃত থাকতে পারে শিল্পীর মনোজগতের গোপন কন্দরের প্রকৃত ছবি, তাঁর কঠোর অনুশীলন ও দীর্ঘ নিরীক্ষার রক্তক্ষরিত ছাপ। থাকতে পারে তাঁর সমকাল তাঁকে কীভাবে আলোড়িত-আন্দোলিত করেছে তার প্রামাণিক দলিল, যা হয়তো অনেক সময় মূল সৃষ্টিকর্মে থাকে অস্ফুট বা মৃদু আভাসিত। মূল সৃষ্টিকর্মে শিল্পী থাকেন অনেক বেশি সচেতন, নিজের ওপর আরোপ করেন এক ধরনের আত্মনিয়ন্ত্রণ। আর এসব খসড়া আঁকিবুকিতে তাঁর মনের অর্গল থাকে বন্ধনমুক্ত, সচেতন-অবচেতনে তার আসা-যাওয়া চলে অবাধে। তাই একজন শিল্পীকে তার রক্তমাংসের স্বরূপে, তার সম্পূর্ণ অবয়বে অনুধাবন করতে চাইলে যদি তাঁর এরকম খসড়া সৃষ্টির ভাণ্ডারের খবর মেলে তবে সেটিই হতে পারে সে-প্রচেষ্টার সবচেয়ে মূল্যবান উপাদান। ইতিহাস লিখন ও মূল্যায়নের এ ভিন্নতর দৃষ্টিভঙ্গি কামরুল হাসানের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে, যেখানে অধিক জরুরি হয়ে উঠতে পারে তাঁর রেখাশিল্পের বিপুল সম্ভার এবং সেসবের পুনর্পঠন।
দুই
শিল্পকলার ইতিহাসে রেখাশিল্পের মাধ্যমে সৃজনশীলতার সর্বাধিক গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশের উদাহরণ বিরল নয়। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ ইতালীয় রেনেসাঁসের ভুবনবিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি। লিওনার্দোর স্বকৃত পরিপূর্ণ সমাপ্ত চিত্রের সংখ্যা সম্ভবত দশের বেশি নয়, কিন্তু তাঁর শত শত রেখাচিত্র এই শিল্পীর অসামান্য সৃজনপ্রতিভা, কারিগরি দক্ষতা, পর্যবেক্ষণ-ক্ষমতা, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, জ্ঞানস্পৃহা প্রভৃতিকে আমাদের বিস্মিত দৃষ্টির সম্মুখে যেভাবে উপস্থিত করে তাঁর গুটিকয় চিত্র নিশ্চয় তা করার সামর্থ্য রাখে না। এটি সম্ভব হয়েছিল লিওনার্দোর বর্তমানে সুপরিচিত ‘নোটবই’টি আবিষ্কৃত হওয়ার ফলে, যেটি তিনি লিখেছিলেন সম্পূর্ণ উলটোভাবে, আয়নায় ধরে এটি সোজাভাবে পড়া যায়। এই নোটবইয়ে লিওনার্দো তাঁর যাবতীয় অনুসন্ধিৎসার লিখিত ও অঙ্কিত বিবরণ রেখে গেছেন Ñ জলের প্রবাহের বৈশিষ্ট্য থেকে আসন্ন ঝড়ের মেঘপুঞ্জের রূপ, অতিদূর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কামানের পরিকল্পনা থেকে আকাশযানের প্রায়-বাস্তব নকশা। লিওনার্দোর সৃষ্টিকর্ম ও ভাবনাভাণ্ডারের খবর নিয়ে সিগমন্ড ফ্রয়েড রচনা করেন শিল্পীর মনোজগতের বিশ্লেষণমূলক তাঁর সুবিখ্যাত গ্রন্থ লিওনার্দো দ্য ভিঞ্চি অ্যান্ড অ্যা মেমোরি অব হিজ চাইল্ডহুড। লিওনার্দো ছাড়াও রেনেসাঁস শিল্পী মিকেল অ্যাঞ্জেলো ও রাফায়েলের রেখাচিত্রসমূহ তাঁদের প্রকৃত প্রতিভা-অনুধাবনে অন্যতম সহায়ক উপাদান। রেমব্রান্ট, রুবেন্স, দেলাক্রোয়া, দেগা, ভ্যানগগ, গগ্যাঁকে আমরা অনেকখানিই বুঝতে পারি তাঁদের খসড়া রেখাচিত্রগুলোর মধ্য দিয়ে। আধুনিককালে এর প্রকৃষ্ট উদাহরণ পাবলো পিকাসো। বলা যেতে পারে, পিকাসোর মতো এত বিচিত্রভাবে রেখাঙ্কনের সকল সম্ভাবনা ও নির্যাসকে নিষিক্ত করে বোধহয় আর কোনো শিল্পী সৃজনপ্রতিভার এমন বিপুল স্বাক্ষর রাখতে সমর্থ হননি। পিকাসোর রেখাচিত্রমালা, হোক সে-আঁকা পেনসিলে, কিংবা কলমে, কাঠকয়লায়, তুলি-কালিতে, প্যাস্টেলে অথবা রূপায়িত ছাপাই মাধ্যমে Ñ যেন ছবির ভাষায় শিল্পীর দিনযাপনের, মনোজগতের ভাবনাপ্রবাহের মূর্তমান চলচ্ছবি। পিকাসো ছাড়াও নাম করা যায় মাতিস, পল ক্লি এবং আরো কারও কারও Ñ যাঁদের রেখাশিল্প তাঁদের শিল্পীসত্তার এক অন্যতম দিক।
আমাদের এ অঞ্চলেও আমরা একসময় কোনো কোনো শিল্পীর হাতে বাক্সময় রেখাচিত্রের সম্ভার পেয়েছি। এঁদের অন্যতম নিঃসন্দেহে রবীন্দ্রনাথ। চিত্রকলায় নিজের স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠিত করতে রবীন্দ্রনাথের সহায়ক হয়েছিল তাঁর দীর্ঘ রেখাঙ্কনের চর্চা, নেহায়েতই নিজস্ব এক বিরচন-পদ্ধতিতে যে-রেখা হয়ে উঠেছিল ব্যঞ্জনাময় ও প্রকাশক্ষম। সবচেয়ে বড় কথা, রবীন্দ্রমানসের একটি সম্পূর্ণ অগোচর জগতের নিহিত বার্তা বয়ে আনে এ রেখাচিত্রমালা, যা প্রায় অনাভাসিত তাঁর মূল রচনাবলিতে, কাব্যে-গানে-গদ্যে। একমাত্র শেষ জীবনের রচনাসমূহে তাঁর চিত্রশিল্পের সমান্তরাল ভাবনার কিছু প্রকাশ মেলে। আধুনিক ভারতশিল্পের সূচনালগ্নে রবীন্দ্রনাথের সমসাময়িক বেঙ্গল স্কুলের ফরমুলাবদ্ধ শৈলীর কারণেই হয়তো, অবনীন্দ্রনাথ ছাড়া আর কারও হাতে উল্লেখ করার মতো রেখাশিল্প দেখা যায়নি। যামিনী রায়ের লোকশৈলীআশ্রিত রেখাচিত্র পরিশীলিত ও ছন্দোবদ্ধ, কিন্তু তাতে তাঁর অনুপ্রেরণাস্থল কালিঘাট বা পটচিত্রের প্রাণশক্তি কোথায়? শান্তিনিকেতনের কলাভবনেই বরং রবীন্দ্রনাথের উৎসাহে নন্দলাল ও তাঁর শিষ্যদের মধ্যে প্রকৃতি-অনুশীলন ও রকমারি অকিঞ্চিৎকর বস্তুর স্কেচ বা রেখাঙ্কনের একটি ধারা গড়ে ওঠে, যার প্রকৃষ্ট ফসল বিনোদবিহারী ও রামকিঙ্কর। নন্দলাল অবনীন্দ্রনাথের প্রধানতম শিষ্য হলেও আজকের দিনে তিনি বেঙ্গল স্কুল ঘরানার পৌরাণিক চিত্রাবলির চেয়েও স্মর্তব্য হবেন কলাভবনে প্রকৃতির সান্নিধ্যে নৈমিত্তিক জীবনের রূপকার হিসেবে যেখানে তাঁর রেখাচিত্রসমূহের ভূমিকা হবে অধিক গুরুত্বপূর্ণ। বিনোদবিহারী ও রামকিঙ্কর যথাক্রমে প্রধানত চিত্রী ও ভাস্কর, তবে তাঁদের রেখাশিল্পও স্বকীয় বৈশিষ্ট্যে গুরুত্বপূর্ণ। এমন নয় যে, রেখাঙ্কনের অভ্যাস অন্যত্র ছিল না, কলকাতা আর্টস্কুলেও স্কেচবুকে জীবন থেকে স্টাডি করার একটি জোরদার নিয়ম চালু ছিল, হয়তো এখনো আছে এবং এর আদলে প্রতিষ্ঠিত আমাদের দেশীয় শিল্পশিক্ষালয়গুলোতেও এ ব্যবস্থা কমবেশি প্রচলিত রয়েছে। তবে এটি নেহায়েত অ্যাকাডেমিকচর্চার বেশি কিছু হয়ে উঠতে না পারার কারণে এসব শিক্ষানবিশী উদাহরণ থেকে ব্যতিক্রমী তেমন কিছু উঠে আসেনি।
এখানে কামরুল হাসানের পূর্বসূরি ও শিক্ষক জয়নুল আবেদিনের প্রসঙ্গ আসতেই পারে, যিনি প্রধানত তাঁর রেখাচিত্রমালার মাধ্যমেই অর্জন করেছেন প্রভূত খ্যাতি ও মর্যাদা, তবে এই নিবন্ধের সীমিত পরিসরে এটি হয়তো সম্ভবপর নয়, নয় প্রাসঙ্গিকও। জয়নুল আবেদিনের রেখাশিল্প হতে পারে একটি ভিন্ন নিবন্ধের বিষয়, সেটি তোলা থাক পৃথক কোনো আয়োজনের অপেক্ষায়। আপাতত ফিরে যাওয়া যাক আমাদের মূল আলোচ্যে, কামরুল হাসানের রেখাচিত্র কেন আমাদের মনোযোগ আকর্ষণের দাবি রাখে সে-প্রসঙ্গে।
তিন
কামরুল হাসান (১৯২১-১৯৮৮) বাংলাদেশের শিল্পাঙ্গনে সুবিদিত নাম। বস্তুতপক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিনের পরই আমাদের শিল্পকলা-জগতে সবচেয়ে খ্যাতিমান শিল্পী কামরুল হাসান। তাঁর পরিচিতি আরো ব্যাপকতা পেয়েছে সাংস্কৃতিক-সামাজিক-রাজনৈতিক প্রায় সকল কর্মকাণ্ডে তাঁর সক্রিয় সম্পৃক্ততার কারণে। জীবনের প্রথম পর্যায়ে গুরু সদয় দত্ত প্রতিষ্ঠিত ব্রতচারী আন্দোলনের সদস্য, মুকুল ফৌজের সর্বাধিনায়ক, পুরস্কারজয়ী শরীরচর্চাবিদ ইত্যাদি পরিচয় শিল্পকলার বলয়ের বাইরেও তাঁর একটি অনুরাগীশ্রেণি-সৃষ্টিতে সহায়তা করেছে। পরবর্তী সময়ে জীবনধারণের তাগিদেও তিনি শিল্পকলার শিক্ষক, জাতীয় নকশাকেন্দ্রের পরিচালক, ‘রূপায়ণ’ নামে নিজস্ব শাড়ি-বিপণন কেন্দ্রের প্রতিষ্ঠাতা, প্রচ্ছদশিল্পী, কার্টুন আঁকিয়ে প্রভৃতি বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে এবং রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে জনজীবনের সঙ্গে অনেক ঘনিষ্ঠভাবে জড়িত হয়েছেন। এক্ষেত্রে তিনি অন্য যে-কোনো চিত্রশিল্পীর চেয়ে অগ্রগামী অবস্থানে রয়েছেন। এই অগ্রগামিতাই কামরুল হাসানের অনন্যতা, তাঁর বিশিষ্টতা এবং তাঁর রেখাশিল্পের পর্যালোচনায়ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
তবে সকল পরিচয় ছাপিয়ে কামরুল হাসান প্রথমত অবশ্যই চিত্রশিল্পী। তেলরং-জলরঙে আঁকা তাঁর বিস্তর ছবি সাধারণ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে – ‘উঁকি’, ‘নাইওর’, ‘তিনকন্যা’, ‘বাউল’, আরো অনেক নাম আমাদের সুবিদিত। প্রচুর এঁকেছেন তিনি Ñ তেলরং-জলরং ছাড়াও গোয়াশ, টেম্পারা, ছাপাইকৌশলের বিভিন্ন মাধ্যমে। কিছু ভাস্কর্যও করেছিলেন। তবে এসবের চেয়ে অনেক বেশি, অবিরাম অবিশ্রান্ত এঁকেছেন স্কেচ বা রেখাচিত্র Ñ পেনসিল, কলমে, কাঠকয়লায়, তুলিতে, প্যাস্টেলে, ছোট-বড় কাগজে, কার্ডে, বোর্ডে, সিগারেটের প্যাকেটে Ñ যখন হাতের কাছে যা পেয়েছেন তাতে। রেখায় আঁকা এসব স্কেচ বা খসড়া শিল্পীরা সাধারণত করে থাকেন মূল শিল্পকর্মের পরিকল্পনা বা ধারণা-নির্মাণের প্রয়োজনে। তবে কখনো কখনো কোনো কোনো শিল্পীর ক্ষেত্রে রেখায় ধরা এসব তাৎক্ষণিক সৃষ্টিই হয়ে ওঠে অধিক গুরুত্ববহ, তাৎপর্যপূর্ণ, এমনকী অধিকতরসৃজনশীল। কামরুল হাসানের বেলায়ও হয়তো আমরা এমন একটি তাৎপর্যের কথা ভাবতে পারি।
চিত্রকর কামরুল হাসান যেমন, তেমনই রেখাশিল্পী কামরুল হাসানও একটি পর্যায় থেকে পরবর্তী পর্যায়ে উত্তীর্ণ হয়েছেন ধীরে, নিজেকে ক্রমাগত প্রস্তুত করে, অভীষ্ট সম্পর্কে স্থির-নিশ্চয় হয়ে। তাঁর চিত্রকর্মে এটি হয়তো তেমন স্পষ্টভাবে প্রতীয়মান নয়। বরং রেখায় গড়া খসড়াচিত্রে বিবর্তনের চিহ্নগুলো শনাক্ত করা সহজতর। এমন
মন্তব্য কি করা চলে, কামরুল হাসানের সামগ্রিক জীবনাচারে ও কর্মকাণ্ডে যে-রাজনৈতিক-সামাজিক অঙ্গীকার সুস্পষ্টভাবে প্রতিভাত তাঁর তেলরং-জলরঙের চিত্রাবলিতে তার প্রকাশ তেমন জোরালো নয়? তাঁর রেখাচিত্রমালায়, বিশেষ করে অন্তিমপর্বের কাজে, প্রতীকে-রূপকে-ব্যঙ্গে-পরিহাসে-ভর্ৎসনায় সমকালের আর্তি সুতীব্র ব্যঞ্জনায় যেভাবে সমুপস্থিত চিত্রে তার সমান্তরাল উদাহরণ তত সহজলভ্য নয়?
যামিনী রায়ের সাফল্যের অত্যুচ্চপর্বেই কামরুল হাসানের যাত্রারম্ভ। প্রথম পর্যায়ে কামরুল হাসান য়ুরোপীয় অ্যাকাডেমিক ও নব্য-বঙ্গীয় ধারার প্রভাববলয়ে কাজ করেছেন Ñ ‘প্রতিবেশী’, ‘উঁকি’ এ ধারার উল্লেখযোগ্য উদাহরণ। ব্রতচারী-আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা, যামিনী রায়ের চিত্রকলার প্রতি অনুরাগ তাঁকে লোককলার প্রতি আকৃষ্ট করে তোলে। যেখানে যামিনী রায়ের পটভূমি ছিল লোকশিল্প ঐতিহ্যে সমৃদ্ধ গ্রামজীবনের অভিজ্ঞতা, সেখানে কামরুল হাসান জন্মেছেন ও বেড়ে উঠেছেন কলকাতার নাগরিক পরিবেশে। দুজনই কলকাতা আর্টস্কুলের পশ্চিমা বাস্তবতার বাতাবরণে প্রশিক্ষিত হয়েও অনুপ্রেরণা ও শৈলীর খোঁজ করেছেন স্বদেশী লোককলার অভ্যন্তরে। যামিনী রায় তা পেয়ে যান সহজেই, তাঁর জন্মস্থান বীরভূম বাঁকুড়ার পুতুলের ডৌলে, মৃৎফলকের বিন্যাসে। পরবর্তীকালে বাংলা ও বিহারের পুতুল ও খেলনা, কালিঘাট পট ও ওড়িষি পটচিত্র তাঁকে নানাভাবে অনুপ্রাণিত করে। স্বাভাবিকভাবেই যামিনী রায়ের সম্যক প্রভাব স্বীকার করেই কামরুল হাসানের যাত্রাশুরু। প্রথম পর্বে যামিনী রায় ছাড়াও লোককারুশিল্পীর তৈরি মাটির পুতুলের গড়ন, কালিঘাট পট তাঁকে বিশেষভাবে প্রভাবিত করেছে। পঞ্চাশের দশকের শুরু থেকে তাঁর ছবিতে নারীদেহ পুতুলের মতো ভরাট, গ্রীবা অতিরঞ্জিতভাবে দীর্ঘ, চোখ-নাক লৌকিক আদলে রীতিবদ্ধ এবং পটজুড়ে নকশাধর্মী দ্বিমাত্রিকতা স্থান পেতে শুরু করে। ‘তিনকন্যা’, ‘গুণটানা’ এ রীতির কাজ। এ সময় তাঁর বিষয়বস্তু প্রধানত মা ও শিশু, বিভিন্ন ভঙ্গিমায় নারী, একক-দ্বৈত বা ত্রয়ী নারীমুখ, পরিবার, নিত্যদিনের গৃহস্থকর্ম, পশুপাখির সাহচর্যে মানুষ ইত্যাদি। একটি সুখী, পরিতৃপ্ত, আদর্শ গ্রামীণ রূপকল্পনা যা চিরায়ত বাংলার এক স্বপ্নিল চিত্র উপস্থাপিত করে Ñ তাঁর এ সময়ের চিত্রকলার মূলভাব। ষাটের দশক থেকে কামরুল হাসানের সৃষ্টিকর্ম পরিমাণে ও বৈচিত্র্যে বৃদ্ধি পেতে থাকে। বাংলার লোকশিল্পের সরাসরি অনুসরণ ও যামিনী রায়ের প্রভাব কাটিয়ে উঠে এ সময় তিনি বিভিন্ন নিরীক্ষায় রত হন Ñ দেশজ উপাদানের সঙ্গে মিলিত করলেন পিকাসো-মাতিস প্রমুখের রেখাচিত্রের সংক্ষিপ্ত নিশ্চিতি, অতিরঞ্জন ও রূপান্তরণ। সত্তরের দশক থেকে ক্রমশ এসে যুক্ত হতে লাগল রঙ্গ-তামাশা, ফ্যান্টাসি ইত্যাদি। বিষয়বস্তুর দিক থেকেও কামরুল হাসান ক্রমশ পরিত্যাগ করছিলেন প্রথাবদ্ধ আদর্শ গ্রামীণ দৃশ্যপটকে, হয়ে উঠছিলেন অনেক বেশি সমসাময়িক, সমাজসচেতন ও উচ্চকণ্ঠ। স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন পর্যায়ে স্বপ্নভঙ্গ ও হতাশা তাঁর সৃজনকর্মে নানান প্রতীকে রূপায়িত হয়েছে Ñ ঘুরে ঘুরে এসেছে পেঁচা, শেয়াল, কঙ্কালের ব্যবহার। কমনীয় ও সুখপ্রদ বিষয়ের চেয়ে কর্কশ ও ভয়াল বিষয়ে তাঁর পক্ষপাত বাড়তে থাকে। ‘চন্দ্রালোকে হতভাগ্য ঘোড়া’, ‘ইমেজ’, ‘শেয়াল’, ‘গণহত্যার পরে’ প্রভৃতি চিত্রে এর উদাহরণ দেখা যেতে পারে।
তবু এমন পর্যবেক্ষণ হয়তো অমূলক হবে না যে, অত্যন্ত সংবেদনশীল ও তীক্ষèধী সচেতন ও সার্বক্ষণিক সক্রিয়তা সত্ত্বেও রেখাশিল্পের তুলনায় চিত্রকলায় তিনি কমই সক্ষম হয়েছেন আলঙ্কারিক সুষমার সীমা-অতিক্রমী, দ্বিমাত্রিক চিত্রতলের নকশাদারী ব্যঞ্জনা ভেদকারী শিল্পসৃষ্টিতে, যা গভীর উপলব্ধির জগতে উত্তরণ ঘটায় এবং স্মৃতিতে দীর্ঘস্থায়ী অনুরণন জাগায়। ফলে বিপুলপ্রজ শিল্পী হওয়া সত্ত্বেও তাঁর এমন চিত্রের উল্লেখ করা কমই সম্ভব, যা স্থায়ীভাবে গেঁথে থাকে অনুভবে। স্বাধীনতা-পরবর্তী স্বপ্নভঙ্গ ও বিপুল হতাশা তাঁকে দিয়ে সৃষ্টি করিয়েছে কিছু ভয়াল তীক্ষè চিত্র-উদাহরণ, হয়তো এসবের মধ্যে নিহিত ছিল ভবিষ্যতের অমিত সম্ভাবনার বীজ। এটি দুর্ভাগ্যজনক যে, মৃত্যু এসে যবনিকা টেনে দেয় সে-সম্ভাবনার উপর।
চার
বলা যেতে পারে, কামরুল হাসানের রেখাচিত্র মোটামুটি তাঁর চিত্রভাবনার সমান্তরালেই বিকশিত হয়েছে। তবে, যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, রেখাশিল্পে তাঁর শক্তিময়তা ও বৈচিত্র্যের নিদর্শন পাওয়া যাবে অনেক বেশি পরিমাণে। বস্তুতপক্ষে তাঁর সৃজনশীলতা সবচেয়ে স্ফূর্তি পেয়েছে তাঁর রেখাচিত্রে। রেখার বৈশিষ্ট্যে যেমন পটচিত্র ও লক্ষ্মীর সরার আদল পাওয়া যাবে, তেমনই নৈকট্য পাওয়া যাবেমাতিস কিংবা পিকাসোর। ছোটবড় শত শত রেখাচিত্রে কামরুল হাসান বাংলার জনজীবন ও ঘটনাপ্রবাহের একটি রোজনামচা যেন লিপিবদ্ধ করেছেন। স্বতঃস্ফূর্ত খেলাচ্ছলে আঁকা এসব রেখাঙ্কনে এক দেশজ কিন্তু স্বকীয় বৈশিষ্ট্য ও প্রাণময়তা অনুভব করা যায়। পঞ্চাশের দশকে তাঁর রেখাচিত্র তাঁর চিত্রের মতোই নারীর ভরাট শরীরের রূপকেই প্রধানত অবলম্বন করেছে Ñ সুখী, পরিতৃপ্ত জায়া-জননী-ঘরনি রূপিণী নারী। এছাড়া জেলে, কৃষক, বাউল ইত্যাকার বাঙালির চিরায়ত প্রতীকী চরিত্র। এখানে রেখায় লোকশৈলীর প্রভাব পড়তে শুরু করেছে, তবে নব্য-বঙ্গীয় ধারার লীলায়িত প্রবহমানতাও লক্ষণীয়। ষাটের দশক কামরুল হাসানের সৃজনশীলতার ব্যাপ্তিপর্ব বলা যায়। এ সময় বিভিন্ন মাধ্যমে যেমন তিনি এঁকেছেন চিত্র, তেমনই কাঠখোদাই, লিনোকাট ও অন্যান্য ছাপাই মাধ্যমে করেছেন ছাপচিত্র। অবিশ্রাম রেখাঙ্কনেরও যেন জোয়ার আসে এ সময়। ষাটের দশকের বিস্ফোরণোন্মুখ রাজনৈতিক প্রেক্ষাপট তাঁকে অন্য যে-কোনো শিল্পীর চেয়ে অধিক আলোড়িত করে এবং তাঁর চিত্রভাবনায়ও নিয়ে আসে ব্যাপক পরিবর্তন। ক্রমশই তাঁর রেখা হয়ে উঠতে থাকে তীক্ষè ও পরিমিত, প্রথমদিকের লীলায়িত ভাব কেটে গিয়ে রেখা ক্রমশ হয়েছে সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ ও বক্তব্যবাহী। লোকশিল্পের শৈলীর ধাঁচ থেকে বেরিয়ে নানা নিরীক্ষায় নিজস্ব এক সংশ্লেষিত রূপ ক্রমশ অবয়ব পেতে শুরু করে। বিষয়বস্তুতে আসে ব্যাপক পরিবর্তন, কল্পজগৎ ছেড়ে সমকালের রূঢ় বাস্তবের প্রতিচ্ছবি দেখা দিতে শুরু করে। সরাসরি কথনের পরিবর্তে প্রতীকী রূপায়ণের ঝোঁক দেখা দেয়। এখানে এটি উল্লেখ করা চলে যে, কামরুল হাসান পুস্তকের প্রচ্ছদ, অলংকরণ, কার্টুন ইত্যাকার কর্মকাণ্ডের মাধ্যমে রেখাঙ্কনের অন্যতর ক্ষেত্রেও অবদান রেখেছেন, যার আলোচনাও এই সীমিত পরিসরে সম্ভব নয়। উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে কামরুল হাসান অক্ষরবৃক্ষ, ব্রতচারী কর্মকাণ্ডের পুনরুজ্জীবন, ‘পটুয়া’ পদবি-ধারণ প্রভৃতি কার্যক্রম গ্রহণ করে গণঅভ্যুত্থানে সামনের সারিতে অংশগ্রহণ করেন, যেটি চূড়ান্ত রূপ পায় মুক্তিযুদ্ধে তাঁর আঁকা পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’র ব্যাপক জনপ্রিয়তায়।
স্বাধীনতা-পরবর্তীকালের বিভিন্ন ঘাত-প্রতিঘাতে কামরুল হাসানের রেখাশিল্প সবচেয়ে বাক্সময় রূপ পরিগ্রহ করে। অতিরঞ্জন, প্রতীকায়ন, ফ্যান্টাসি, কৌতুক, পরিহাস, ধিক্কার সব যেন মিশ্রিত হয়ে এক স্বতঃস্ফূর্ত নিজস্ব ভাষায় রচনা করেছে সমকালের আলেখ্য। প্রতীক-নির্বাচনে তিনি শরণ নিয়েছেন বাংলার চিরায়ত লোকগল্পগাথার সব চরিত্রের-শেয়াল, পেঁচা, হাতি, কুমির, পাখি, ঘোড়া, মাছ, গরু, সাপ, শকুন ইত্যাদি। কখনো কখনো অতিরঞ্জন ছাপিয়ে কিম্ভুত অবয়বে পৌঁছে যায় কোনো কোনো প্রাণী Ñ স্তনধারী পাখি বা দুপায়ে দণ্ডায়মান ঘোড়ার ফ্যান্টাসি যেন অবয়বহীন অসম্ভব এক কালের রূপকল্প। সমকালের আর্তি ও সংক্ষোভকে প্রবলভাবে প্রকাশমান করার জন্য রেখাঙ্কনের সকল সম্ভাবনাকে যেন শিল্পী নিংড়ে ব্যবহার করেছেন। সূক্ষ্ম লীলায়িত রেখা থেকে সংক্ষিপ্ত ক্যালিগ্রাফিক রেখা, তুলির মোটা পোঁচের রেখা, ফুটকিফাটকার ভঙ্গুর রেখা Ñ নানাভাবে তিনি প্রকাশ করেছেন রেখার বাক্সময়তাকে। কামরুল হাসানের অধিকাংশ চিত্রকর্মও কী আসলে মূলত রেখারই মুখাপেক্ষী নয়?
নিরপেক্ষ সমতল পটে রেখার সামান্য সুদক্ষ আঁচড় সাদা-বনাম-কালো, অবয়ব-বনাম-শূন্যতা, ধনাত্মক-বনাম-ঋণাত্মক অনুভূতিসমূহের পালটাপালটি সংঘাতে যে-তীব্র বোধের উদ্বোধন ঘটাতে পারে কামরুল হাসান তা সঠিক বুঝেছিলেন। তাঁর তীক্ষè-তীব্র রেখার আঁচড় তাই কখনো লতিয়ে ওঠে ছন্দে, কখনো দুমড়ে-মুচড়ে পাক খেয়ে ফণা তুলে দাঁড়ায়, আবার কখনো হঠাৎ থমকে গিয়ে অবয়বের ডৌল ভেঙে দিয়ে দর্শককে অস্বস্তিতে রেখে দিয়ে যায়, কখনো-বা শুভ্র শূন্য পরিসরের বিপরীতে যেন তেড়ে আসে পুঞ্জিত কালোর জান্তব মুখব্যাদান। আমাদের এই চরম অবক্ষয় ও সর্বনাশা বিপর্যয়ের তমসঘন কালে কামরুল হাসান যেন এক ঘোর-লাগা সাধকের মতো লিখে চলেন সেই ভাঙনের ইতিহাস, বেদনায়-ক্রোধে-ক্ষোভে মাখামাখি তুলিতে-কালিতে রক্তের আখরে। তাঁর নিরন্তর অনুসন্ধান, ক্ষান্তিহীন নিরীক্ষা ও পরিপার্শ্বের প্রতি প্রতিক্রিয়াসকলের নির্যাস এসে মিলেছে তাঁর শেষ জীবনের রেখাচিত্রমালায়, খেরোখাতার দিনপঞ্জিতে Ñ রেখা ও লেখার যুগলবন্দিতে।
ক্রমাগত সংশ্লেষণের মাধ্যমেই তিনি এগিয়েছেন, তাঁর অগণন বিপুল রেখাচিত্রের সম্ভার তাঁর ক্লান্তিহীন নিরীক্ষারই রোজনামচা যেন। বস্তুত এসব রেখাচিত্রের মধ্যেই তাঁর সম্মুখবর্তী সম্ভাবনার একটি দিকনির্দেশনাও দৃষ্ট হয়। তাঁর শেষ জীবনের রেখাঙ্কন সংশ্লেষণ, অতিরঞ্জন, রূপান্তরণ ও কল্পনার ব্যবহারে এক নতুন মাত্রা অর্জন করতে যাচ্ছিল মনে হয়। লোকচিত্রকলার দার্ঢ্য ও প্রাণবন্ত বলশালিতাকে যেন স্পর্শ করতে সক্ষম হচ্ছিল তাঁর সর্বশেষ পর্বের রেখাচিত্রগুলো, তাঁর জীবনব্যাপী শিল্পযাত্রার নির্যাস যেন স্বকীয় ভাস্করতায় প্রকাশমান হতে শুরু করেছিল। সেই সময়, মৃত্যু এসে যবনিকা টেনে দিল সকল প্রয়াসের ওপর। তা না হলে হয়তো আমরা কামরুল হাসানের হাত দিয়েই পেতে পারতাম রেখার সংকেতে রচিত অধিকতর অনির্বচনীয় সৃষ্টির সম্ভার। এতখানি বাক্যব্যয়ের পরও রেখার অন্তঃশীল রহস্য যেমন উন্মোচন সম্ভব হয়নি, মহৎ শিল্পের যে-দ্ব্যর্থবোধকতা ও সংগুপ্ত প্রহেলিকাময় দুর্জ্ঞেয়তা তারও হয়তো কিনারা করা যায়নি। কামরুল হাসানের রেখাচিত্রের মতো মৌলিক শিল্পরূপ বাক্যের বিশ্লেষণে হয়তো কখনোই তার রহস্যের ঘেরাটোপ ছেড়ে পরিপূর্ণ উন্মোচিত হবে না। তাঁর সৃষ্টিকর্মকে অধিকতর অবলোকনের মাধ্যমেই একমাত্র সেটি অর্জিত হওয়া সম্ভব।

Leave a Reply
You must be logged in to post a comment.