একুশের রাজনৈতিক-সাংস্কৃতিক চরিত্র

ভাষা-আন্দোলন প্রসঙ্গে মনে রাখা দরকার যে, রাষ্ট্রভাষা বাংলার দাবি নিয়ে বিক্ষোভ ও আন্দোলন যথাক্রমে সাতচল্লিশের শেষ ও আটচল্লিশের প্রথম দিকে শুরু হলেও এর পরিণত রূপ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে সংঘটিত আন্দোলনে প্রকাশ পেয়েছিল। ভাষা-আন্দোলনের ইতিহাস-বিচারে একুশের আন্দোলন তাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়ে থাকে এবং তা যুক্তিসংগত কারণেই।

পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার দাবি নিয়ে সূচিত হলেও ভাষা-আন্দোলনের সঙ্গে পূর্ববঙ্গের বাংলাভাষী জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক-সামাজিক স্বার্থও জড়িত ছিল। ছিল ভাষিক সংস্কৃতিচর্চার জন্য বাধাবন্ধনহীন পরিবেশের প্রয়োজন। এসব বিষয় তখন বিভিন্নজনের লেখায়, আলোচনায়, বক্তৃতায় ও বিবৃতিতে নানাভাবে প্রকাশ পেয়েছে। পেয়েছে বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলার ব্যবহারিক ও রাজনৈতিক গুরুত্বের পরিপ্রেক্ষিতে, যেমন পাকিস্তান-প্রতিষ্ঠার পর তেমনি তার আগেও।

ভাষা-আন্দোলনের চরিত্র বুঝতে ভাষাবিষয়ক ঐতিহাসিক প্রেক্ষাপটও তাই বুঝে নেওয়া দরকার। কারণ কোনো আন্দোলনই হঠাৎ আকাশ থেকে নেমে আসে না। রাজনৈতিক, আর্থ-সামাজিক প্রেক্ষাপট আন্দোলনের পরিস্থিতি তৈরি করে। যেমন দেখা গেছে পাকিস্তান আন্দোলনের ক্ষেত্রে। অবিভক্ত বঙ্গে দুই প্রধান সম্প্রদায়ের অসম আর্থ-সামাজিক বিকাশ ও পারস্পরিক বৈষম্যের পরিপ্রেক্ষিতে পিছিয়ে-পড়া মুসলমান সম্প্রদায়ের আত্মপ্রতিষ্ঠার আকাক্সক্ষা স্বতন্ত্রভুবন পাকিস্তানের পক্ষে প্রেরণা জুগিয়েছিল। ধর্মীয় দ্বিজাতিতত্ত্বের প্রচার ছিল এর কৌশলগত দিক। অবাঙালি মুসলমানের সঙ্গে ধর্মীয় ঐক্য সত্ত্বেও নিজস্ব ভাষিক বৈশিষ্ট্য, জাতিত্ব ও সংস্কৃতির টানে সৃষ্ট স্বাতন্ত্র্যবোধও বাঙালি মুসলমানের জীবনে ছিল বাস্তব সত্য।

তা না হলে শিক্ষিতশ্রেণিসহ বাঙালি মুসলমান জনমানসে পাকিস্তান যে-স্বপ্ন, যে-আবেগ, যে-মোহ সৃষ্টি করেছিল, সে-পরিপ্রেক্ষিতে শুধু সদ্যছাপা এনভেলাপ, মনিঅর্ডার ফর্ম ইত্যাদিতে বাংলা না-থাকা কিংবা গণপরিষদের ব্যবহারযোগ্য ভাষা হিসেবে বাংলার দাবি নাকচ হয়ে যাবার কারণে বিক্ষোভ ও আন্দোলন দেখা দেওয়ার কথা নয়। পাকিস্তানকে ঘিরে জনমনে তখনো যথেষ্ট আশা-আকাক্সক্ষা বিরাজ করেছে।

কিন্তু ভাষাবিষয়ক পূর্বোক্ত প্রেক্ষাপটের প্রভাব এবং পাকিস্তানি শাসকশ্রেণির বাংলাবিরোধী ভূমিকা ওই আশা-আকাক্সক্ষা ও প্রত্যাশায় চিড় ধরতে সাহায্য করেছিল। মাতৃভাষার অধিকার-প্রতিষ্ঠার দাবিতে সংঘটিত বিক্ষোভ ও আন্দোলন শুরুতে শিক্ষিতশ্রেণির সন্তানদের অর্থাৎ ছাত্রযুবাদের মধ্যেই দেখা দেয়। সঙ্গে কিছুসংখ্যক সরকারি কর্মচারী এবং লেখক, শিক্ষক ও বুদ্ধিজীবীর সমর্থনও উপস্থিত ছিল। এরাই, বিশেষ করে রাজনীতি-সচেতন ছাত্রযুবকরাই, এক পর্যায়ে আন্দোলনের সলতেয় আগুন ধরায়। ক্রমে সে-আগুন ঢাকা থেকে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে।

আগুন ধরানোর পেছনে মতাদর্শগত প্রেরণা কাজ করলেও সেখানে বিষয়টির রাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থের শ্রেণিগত গুরুত্বই ছিল প্রধান, এবং ছাত্র-যুবসমাজের সচেতন অংশের কাছে সে-তাৎপর্য অস্পষ্ট ছিল না। সাধারণভাবে শ্রেণিগত স্বার্থই অন্যসব ভেদাভেদ সাময়িক চাপা দিতে পেরেছিল। তাই ভাষার মতো সর্বজনীন বিষয়ের টানে রাজনৈতিক মতভেদ ভুলে বিভিন্ন মতাদর্শের ছাত্রযুবা আন্দোলনে শরিক হতে পেরেছে। বিভিন্ন রাজনৈতিক চিন্তার বুদ্ধিজীবীর পক্ষেও একই কারণে আন্দোলনে সমর্থন জানানো সম্ভব হয়েছে। এর ফলে ভাষা-আন্দোলন সর্বজনীন চরিত্র অর্জন করেছে ঠিকই, কিন্তু এখানেই বিভিন্নমতের টানাপোড়েনে আন্দোলনে দুর্বলতাও দেখা দিয়েছে। দিয়েছে তমদ্দুন মজলিস বা ইসলামি ভ্রাতৃসংঘ থেকে জাতীয়তাবাদী মধ্যপন্থি ও বামপন্থি ছাত্রযুবাদের পরস্পরবিরোধী মতাদর্শ নিয়ে একমঞ্চে দাঁড়ানোর কারণে।

অন্যদিকে পাকিস্তানে ক্ষমতাসীন মুসলিম লীগদলীয় বাঙালি শাসকশ্রেণি তাদের ব্যক্তিস্বার্থ ও দলীয়স্বার্থের টানে রাষ্ট্রভাষা বাংলার রাজনৈতিক-অর্থনৈতিক গুরুত্ব বুঝতে চেষ্টা করেনি। জনসাধারণের স্বার্থ দূরে থাক, শিক্ষিত বাঙালি মধ্যশ্রেণির অর্থনৈতিক স্বার্থের দিকেও তারা ফিরে তাকাননি। চিন্তা ও দৃষ্টিভঙ্গির রক্ষণশীলতার কারণে ভাষা ও জাতিসত্তার রাজনৈতিক গুরুত্ব বুঝে নেওয়ার মতো দূরদর্শিতা তাদের ছিল না।

তারা বুঝতে চাননি যে, মাতৃভাষার বদলে অন্য একটি অপরিচিত ভাষা জাতীয় জীবনে, রাষ্ট্রিক জীবনে একমাত্র নিয়ন্ত্রক হয়ে উঠলে জনগণের আর্থ-সামাজিক উন্নতি প্রতি ক্ষেত্রে ব্যাহত হতে বাধ্য। আরবি বর্ণমালার সঙ্গে পরিচয় থাকা সত্ত্বেও উর্দু যে বাঙালি জনগোষ্ঠীর শিক্ষিত, অশিক্ষিত সবার কাছেই অপরিচিত ভাষা, এ সহজ সত্যের দিকে শাসক রাজনীতিকরা ইচ্ছা করেই চোখ বন্ধ করে রেখেছিলেন। বুঝতে চাননি যে, শিক্ষা, চাকরি থেকে জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে উর্দুর মতো অচেনা ভাষায় দক্ষতা-অর্জনের প্রতিযোগিতায় বাংলাভাষী মানুষ উর্দুভাষীদের তুলনায় পিছিয়ে পড়বে। তাছাড়া একই কারণে দুই ভিন্ন ভাষাভাষীর মধ্যে অর্থনৈতিক স্বার্থের প্রতিযোগিতা বিজাতীয় ভিন্নতাবোধেরও জন্ম দেবে, যা রাষ্ট্রিক সংহতির অনুকূল নয়, রাষ্ট্রের জন্য কল্যাণকরও নয়।

ভাষা, জাতি, রাষ্ট্র ইত্যাদি নিয়ে তত্ত্বকথার গভীরে না গিয়েও উর্দু রাষ্ট্রভাষা ঘিরে সম্ভাব্য পরিস্থিতি যে পূর্ববঙ্গের বাঙালি মুসলমানের জন্য বিভাগপূর্ব কালের মতোই হয়ে দাঁড়াবে, সে-কথা অনেকেরই বুঝতে কষ্ট হয়নি। হয়তো-বা কষ্ট হয়েছে সমধর্মীদের বৈরী আচরণ লক্ষ করে। স্বপ্নের ভুবন পাকিস্তানে এ ধরনের ঘটনা তাদের হিসাবে ছিল না। লেখক, শিক্ষক, সাংবাদিকদের ছোটখাট অংশ এ বিষয়ে সচেতন হলেও তাদের অনেকে ভিন্ন ধারণাই পোষণ করেছেন। কিন্তু ছাত্র-যুবসমাজের সংখ্যাগরিষ্ঠ অংশ সমস্যার তাৎপর্য ঠিকই বুঝতে পেরেছিল। অন্তত তাদের অনেকের সঙ্গে কথা বলে তেমনই মনে হয়েছে। হয়তো এ ভাষিক চেতনা ও রাজনৈতিক উপলব্ধির কারণে এরা লড়াকু মনোভাব নিয়ে আন্দোলনে নেমেছিল।

এমনকী জীবনের সর্বোচ্চ মূল্যের বিনিময়েও এরা ভাষা-আন্দোলন সফল করে তুলে ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে। ওই সদিচ্ছা ও আন্তরিকতাই তাদের সাফল্য এনে দিয়েছিল। এমনকী তাদের পরবর্তী প্রজন্ম ভাষা-আন্দোলনের ধারাবাহিক সুফল ঘরে তুলেছে, আধিপত্যবাদী সমরশক্তির বিরুদ্ধে লড়াইয়ে, অনেক রক্ত অনেক আত্মদানের বিনিময়ে। ভাষা থেকে ভূখণ্ড ইতিহাসের সত্য হয়ে ওঠেছে।

একুশের ভাষা-আন্দোলনে তরুণ প্রজন্মের তৎপরতার পাশাপাশি একথাও সত্য যে, তখন জনস্তরে শিক্ষা ও রাজনৈতিক চেতনার অভাবে সাধারণ মানুষ, বিশেষ করে তৃণমূল স্তরের মানুষ একুশের রাজনৈতিক তাৎপর্য যতটা বুঝেছে তারচেয়ে অনেক বেশি বুঝেছে বিষয়টিকে তাদের শিক্ষার্থী সন্তানদের সমস্যা হিসেবে। ছোটখাট শহর ও গ্রামাঞ্চলের মানুষজনের প্রতিক্রিয়া ও সমর্থনের চরিত্র দেখে তা-ই মনে হয়। ভাষা-আন্দোলন যে তাদের অর্থনৈতিক সমস্যার সঙ্গেও জড়িত – একথা বুঝে নিতে তাদের বেশ খানিক সময় লেগেছে। পরোক্ষ প্রতিক্রিয়া তাদের আন্দোলনে শামিল হতে বা লড়াইয়ের প্রতি সমর্থন জানাতে উদ্বুদ্ধ করেছে।

অথচ ভাষা-আন্দোলন বাঙালি মধ্যশ্রেণি, শিক্ষিতশ্রেণির আর্থ-সামাজিক প্রতিষ্ঠার লড়াই হওয়া সত্ত্বেও এতে জনস্বার্থের উপস্থিতিও ছিল সত্য। আন্দোলনের নেতৃত্বে সমাজতান্ত্রিক মতাদর্শগত প্রভাবের কারণে এটা সম্ভব হয়েছিল। শিক্ষিত জনগোষ্ঠীর শ্রেণিস্বার্থের পাশাপাশি জনস্বার্থের প্রতিফলন ঘটেছে ‘জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা প্রচলনের’ বহু-উচ্চারিত শ্লোগানে। রাজনৈতিক দিক থেকে এ দাবির গুরুত্ব ছিল সর্বজনীন স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। আর আশ্চর্য যে, পাকিস্তানি আমল পার হয়ে জাতীয়তাবাদী স্বশাসনের দীর্ঘ সময়েও এ দাবি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। শ্রেণিস্বার্থ একেই বলে!জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা-প্রচলনের মূল কথা ছিল অফিস-আদালতে বাংলা-প্রচলনের পাশাপাশি উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষায় মাতৃভাষা বাংলার ব্যবহার নিশ্চিত করা। এ ব্যবস্থা অবশ্যই সংখ্যাগরিষ্ঠ জনশ্রেণির আর্থ-সামাজিক স্বার্থের সহায়ক হওয়ার কথা। কারণ শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার ব্যবহার ব্যাপক হারে জনশিক্ষার প্রসারই নয়, জনস্তরে উচ্চশিক্ষা-বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতেও সাহায্য করে। এর সুফল মেলে জনশ্রেণির অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে, সামাজিক অবস্থানের ক্ষেত্রে।

সত্য বলতে কী, একুশের আন্দোলনে অন্তর্ভুক্ত সর্বজনীন স্বার্থের মাতৃভাষার ব্যবহার-বিষয়ক দাবিটি শিক্ষিত বিত্তবান বা এলিটশ্রেণির জন্য বড় একটা অপরিহার্য ছিল না। ইংরেজ-শাসনের দীর্ঘস্থায়ী সামাজিক-সাংস্কৃতিক প্রভাবের ফলে এবং বর্তমান উন্নত বিশ্বে ইংরেজি ভাষার বিশেষ অবস্থানের কারণে বিত্তবান এলিটশ্রেণির শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যম কোনো সমস্যা সৃষ্টি করে না। বরং কিন্ডারগার্টেন ও ইংরেজি মাধ্যমের বিস্তর শিক্ষায়তন গড়ে-ওঠা এবং বিত্তবান পরিবারের সন্তানদের ব্যাপক হারে ওই দুর্মূল্য শিক্ষাগ্রহণের ফলে ওইসব শিক্ষার্থীর কাছে বিদেশী মাধ্যম ও স্বদেশী মাধ্যম তুল্যমূল্য হয়ে ওঠে। তারা স্বদেশী তথা মাতৃভাষার মাধ্যম একপাশে রেখে বিদেশী মাধ্যমে ভর করে তরতর করে এগিয়ে যেতে চেয়েছে এবং গেছেও।

যত সমস্যা বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের। একে তো দুর্মূল্য ইংরেজি মাধ্যমের শিক্ষাগ্রহণ সাধারণ ছাত্রদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, অন্যদিকে উচ্চশিক্ষা-বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষার মাধ্যম ইংরেজি। শিক্ষার উচ্চস্তরে গিয়ে বাংলা মাধ্যমের ছাত্র স্বভাবতই ইংরেজি মাধ্যমের ছাত্রদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। শিক্ষার ক্ষেত্রে বাংলা মাধ্যমের আংশিক প্রয়োগ, যেমন উচ্চ মাধ্যমিক, ছাত্রদের জন্য সমস্যা বরং বাড়িয়েছে। এসব অসংগতি নিয়ে যথেষ্ট লেখালেখি হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে বরাবর নীরব থাকাই সংগত মনে করেছেন। ভাষিক জাতিরাষ্ট্র-প্রতিষ্ঠার পর জাতীয়তাবাদী সরকারের শাসনামলেও এসব সমস্যার দিকে নজর দেওয়া হয়নি। একুশের এ গুরুত্বপূর্ণ রাজনৈতিক-অর্থনৈতিক দাবিটি জনস্বার্থমুখী হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত পুরোপুরি  বাস্তবায়িত হয়নি।

এর সঙ্গে আরো একটি সংশ্লিষ্ট বিষয় হলো ভাষিক জাতিচেতনা ও ভাষিক সংস্কৃতির বিকাশ, যা একটি জাতি ও জাতিরাষ্ট্রের সুষ্ঠু ও বলিষ্ঠ ভিত তৈরির গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচিত। মাতৃভাষায় শিক্ষার মাধ্যমে ভূমিসংলগ্ন মানুষের রাজনৈতিক-সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটানো যে অপেক্ষাকৃত সহজ, তা নিয়ে তর্কের অবকাশ নেই। আর জনস্তরে ওই বিকাশ যে একটি জাতি ও জাতিরাষ্ট্রের মানবিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠার পক্ষে অপরিহার্য, সে-কথাও তো অস্বীকার করা চলে না। তা সত্ত্বেও আমাদের শাসকশ্রেণি এ বিষয়ে সচেতন হননি।

তাহলে কি অবশেষ বিচারে এমন সত্যই মেনে নিতে হবে যে, আমদের শাসকগণ দলমতের ভিন্নতা সত্ত্বেও তাদের শ্রেণিস্বার্থের টানেই ভাষাবিষয়ক জনস্বার্থের দাবি-বাস্তবায়নে কোনো উদ্যোগ নেননি? শ্রেণিস্বার্থের প্রসঙ্গ এলেই আমাদের শিক্ষিতশ্রেণির অনেকে সেখানে বিশেষ রাজনৈতিক তত্ত্বের অযৌক্তিক কচকচি দেখতে পান, তা নিয়ে অভিযোগও করে থাকেন। কিন্তু যৌক্তিক হোক কিংবা অযৌক্তিক হোক একুশের ওই দাবি বাস্তবায়িত না হওয়ার কারণটা তো ভেবে দেখার মতো। এবং এ বিষয়ে প্রশ্ন তোলাও অসংগত নয় যে, দীর্ঘ সময়ের স্বশাসনেও কেন একটি নির্দোষ জাতীয় দাবি হালে পানি পায়নি।

এজন্যেই রাজনৈতিক-অঙ্গনের কারো কারো বিশ্বাস, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে স্বচ্ছ ঘোষণা সত্ত্বেও বাঙালির জাতীয় জীবনে সর্বজনীন ভিত্তিতে বাংলাভাষার ব্যবহার নিশ্চিত করার জন্য দরকার আরেকটি ভাষা-আন্দোলন। অবশ্য সম্পূর্ণ ভিন্ন মাত্রায় ও ভিন্ন আঙ্গিকে। একমাত্র আন্দোলনের পথেই একুশের রাজনৈতিক চরিত্রের অপূর্ণতা পূরণ করা সম্ভব। সম্ভব শ্রেণিস্বার্থের জনবিরোধী সংকীর্ণতার অবসান ঘটানো।

একুশের রাজনৈতিক চরিত্র-বিচার প্রসঙ্গে কখনো কখনো ভাষিক ও জাতীয় ‘শোভিনিজমে’র কথা বলা হয়ে থাকে। বাংলাভাষা ও বাঙালিত্বের আধিপত্যবাদিতা নিয়ে অভিযোগ ওঠে। কিন্তু একুশের আন্দোলন অর্থাৎ এর চরিত্রধর্ম সম্পর্কে একটি তথ্য মনে রাখা দরকার যে, সে-সময় গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার প্রকাশ ঘটিয়ে বাংলার পাশাপাশি পাকিস্তানের অন্যান্য প্রদেশবাসীর মাতৃভাষা অর্থাৎ সিন্ধি, বালুচি, পশতু ও পাঞ্জাবির মতো অনুন্নত ভাষাকেও রাষ্ট্রভাষার মর্যাদাদানের আহ্বান জানানো হয়। জানানো হয় যেমন প্রগতিবাদী রাজনৈতিকদলের তরফ থেকে তেমনি একুশের সাংগঠনিক পক্ষ থেকে। কিন্তু পশ্চিম পাকিস্তানের প্রদেশগুলো থেকে এ বিষয়ে বড়ো একটা সাড়া পাওয়া যায়নি। তারা পরোক্ষে উর্দুকেই সমর্থন করেছেন, যদিও উর্দু সেখানকার কোনো প্রদেশবাসীর মাতৃভাষা নয়।

তবে একথাও সত্য যে, পাকিস্তানের প্রাদেশিক ভাষা ও জাতিসত্তা সম্পর্কে আমাদের পক্ষ থেকে উদার গণতান্ত্রিক চেতনার প্রকাশ ঘটানো হয়েছিল, পূর্ববঙ্গের আদিবাসী অর্থাৎ দেশের ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষা সম্পর্কে তা দেখা যায়নি। চাকমা, গারো, সাঁওতাল, মারমা, লারমা ইত্যাদি ক্ষুদ্র জাতিসত্তার মাতৃভাষার স্বীকৃতি ও বিকাশের বিষয় একুশের দাবিনামায় উঠে আসেনি। তাদের ভাষিক আকাক্সক্ষার প্রকাশ একুশের চালচিত্রে জায়গা করে নিতে পারেনি। আপাতবিচারে গৌণ মনে হলেও এর রাজনৈতিক তাৎপর্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর প্রমাণ মেলে যখন স্বাধীন বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার রাজনৈতিক-সাংস্কৃতিক অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে গভীর সমস্যা দেখা দেয়।

একুশের আন্দোলনে জাতীয়তার চেতনা কতটা পরিস্ফুট, তা নিয়ে ভিন্নমত লক্ষ করা যায়। কিন্তু একুশের গুণগত চরিত্রের বিশদ বিশ্লেষণে ঠিকই এর চরিত্রে ও উপাদানে, এর রাজনৈতিক-সাংস্কৃতিক প্রকাশে ও উত্তরপ্রভাবে ভাষিক জাতীয়তার চেতনা লক্ষ করা যায়। এ চেতনার টানেই আন্দোলনের দুবছরের মধ্যে অনুষ্ঠিত প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী চেতনার একুশ দফার বিজয় সম্ভব হয়, সম্ভব হয় সম্প্রদায়বাদী মুসলিম লীগ সরকারের পতন ঘটানো। পরিস্ফুট হয় একুশ দফার সাংস্কৃতিক অঙ্গের জনপ্রিয়তা, একাধিক সাংস্কৃতিক সম্মেলনের অনুষ্ঠানে তার প্রকাশ ঘটে। একুশে ফেব্রুয়ারি যে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে তা তো আসলে একুশের সাংস্কৃতিক বিজয়।

ভাষা-আন্দোলন, বিশেষত একুশের আন্দোলন একাধারে রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলন হিসেবে পরিচিত। এর সাংস্কৃতিক চরিত্র রাজনৈতিক চরিত্রের তুলনায় কোনো অংশে গৌণ নয়। একুশের সাংস্কৃতিক-উত্তর প্রভাব বিচার করলেও তা স্পষ্ট হয়ে ওঠে। একুশে ফেব্রুয়ারির শহীদ দিবস পালন যেমন নানাদিক থেকে রাজনৈতিক তাৎপর্যে মূল্যবান তেমনি মূল্যবান একই উপলক্ষে সাহিত্য-সংস্কৃতির চর্চা। জাতীয়তাবাদী সর্বজনীন চেতনার প্রতীক বাংলা নববর্ষের উৎসব-অনুষ্ঠান, এর নির্বিঘ্ন উদ্যাপনের পরিবেশও অনেকাংশে একুশের দান।

তাছাড়া একুশের তাৎক্ষণিক ও ধারাবাহিক উদ্যাপন আধুনিক চেতনার যে-সাহিত্যসৃষ্টি সম্ভব করে তুলেছে, তা ‘একুশে সাহিত্য’ হিসেবে পরিচিত। এর প্রতিবাদী ও প্রগতিবাদী চরিত্রের সুপ্রভাব যেমন সাহিত্যের অঙ্গনে তেমনি সমাজেও পরিস্ফুট। আমাদের সাহিত্যে এ প্রভাব দূরপ্রসারী, যেমন আধুনিকতার চরিত্রপত্তনে তেমনি প্রগতিচেতনার চর্চায়। একসময়ে এর প্রভাব দেখা গেছে আমাদের জাতীয় জীবনে বভোলিয়ানার চর্চায়। সংস্কৃতিচর্চার গুণমান যদি জাতীয় চেতনার প্রতিফলন, এমনকী পার্শ্বচিত্র হিসেবেও গণ্য হয় তাহলে বলা চলে যে, আমাদের জাতীয় চেতনার ইতিবাচক মূল্যবোধ অনেকাংশে একুশের সাংস্কৃতিক চেতনার দান। বাহান্ন থেকে চুয়ান্ন, সাতান্ন ও পরবর্তী সময়ে অনুষ্ঠিত সংস্কৃতি-সম্মেলনগুলো তার প্রমাণ। এসব সম্মেলনে জাতীয় চেতনার গণতান্ত্রিক ও প্রগতিবাদী চরিত্র সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। প্রেরণা তৈরি করেছে এর ভবিষ্যৎ ধারাবাহিকতার। আমাদের সাহিত্য-সংস্কৃতির চর্চা যে গুণমানে রাজনীতিচর্চার চেয়ে এগিয়ে আছে তার পেছনে রয়েছে একুশের সাংস্কৃতিক প্রভাব। এভাবেই একুশের রাজনৈতিক-সাংস্কৃতিক চরিত্র আমাদের চোখে প্রতিফলিত, যা বিশদ আলোচনার বিষয়।