আমরা ঘুমাবো না

আমরা যারা প্রাণ দিয়েছি

রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়

এইতো সেদিন, একুশে ফেব্রুয়ারি।

আমরাও তোমাদের মতো ছিলাম বেঁচে,

ভোরের আলোর স্পর্শ পেয়েছি

দেখেছি সূর্যাস্তের রক্তরাগ

ভালোবেসেছি, ভালোবাসা পেয়েছি।

আজ আমরা শুয়ে আছি

আজিমপুরের মাটি ঢাকা কবরে।

শত্রুর সাথে আমাদের যে লড়াই

এখনো শেষ হয়নি।

তাই তোমরা চালিয়ে যাও।

আমাদের বাহুর শক্তি ফুরিয়ে গেছে

তোমাদের প’রে দিয়ে যাই

হাতের মশাল,

অর্জন করো একে উঁচু করে রাখার কৃতিত্ব।

এই নির্ভরতার মর্যাদা

যদি না রাখো,

আমরা যারা শহীদ হলাম

আমরা ঘুমাবো না

আমরা ঘুমাবো না।

যখন কৃষ্ণচূড়ায়

ভরে যাবে রমনার মাঠ,

তখনো নয়, তখনো নয়

যখন শিমুল পলাশে

লাল হয়ে যাবে আট-ই ফাল্গুন,

তখনো নয়, তখনো নয়।