(কাজী বাহাউদ্দিন আহমেদ বখেদমতেষু)
ভাটিয়ালি থেকে কীভাবে যে মিশ্র-খাম্বাজের হাত ধ’রে
পুরিয়া-ধানেশ্রী-মুলতানি, দরবারি ও মালকোষ হ’য়ে
আরো উৎসে গেলে সংগীতের – সেও তো বিস্ময়।
গর্ব ছিল, যেহেতু আমার দেহে
ভাটিয়ালি আর পান-সুপারির দাগ
র’য়ে গ্যাছে, বোধহয় শুলুকটা পেয়ে যাব।
ধানসিঁড়ি, সুগন্ধা, কীর্তনখোলা
এদের স্বভাব-চরিত্রের হাল-হকিকত
আবুল হাসান, মুকুন্দদাস বা জীবনানন্দের মতো
আমিও কিছুটা বুঝি;
মীননাথ, বিজয়গুপ্তর মতো
গাঙ্গের আমিষগন্ধ কিছু-কিছু অনুভব করি Ñ
খাম্বাজের বিষণ্ন আলাপে টের পাই
সে তো আমি নই, অন্য কেউ, অন্য কোনো জন।
বিশাল বটের মতো ছায়াতরু হ’য়ে
চন্দ্রদ্বীপের বিষণ্ন ঘর-গেরস্থালি
চরের নতুন ঘরে নোনা পানি
সুপারি কাঠের ঘের-দেওয়া বৈঠকখানায়
মিলাদের সমবেত স্বর,
শাপলা-দোয়েলের রাজধানীতে ছুটে আসা –
শালিখের খয়েরি চরণের জন্য
গভীর মমতা-মাখা প্রেম,
মনে পড়ে অন্য কেউ, অন্য কোনোজন
শিক্ষা ও রুচির ক্ষেত্রে, ত্যাগে, শ্রমে
হ’য়ে ওঠে একান্ত আপন।
দোসরা অক্টোবর সবকিছু মুছে দিতে পারে?
এতোই সাহস?
ছাড়পত্র পেয়ে যায় নিষিদ্ধ বাতাস, ক্রোধ, প্রেম।
মুর্শিদীর আকুল আর্তির টানে, রয়ানীর কান্না-ভেজা গানে
মনে পড়ে কেবল তোমাকে ॥

Leave a Reply
You must be logged in to post a comment.